Thursday, December 16, 2010

ইরানের পরমাণু ও পররাষ্ট্রনীতি বদলাবে না

ইরান বলেছে, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আকস্মিকভাবে পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকিকে বরখাস্ত করার ঘটনায় তাদের পরমাণু কর্মসূচি ও বৈদেশিক নীতির বিষয়ে কোনো পরিবর্তন ঘটবে না। গতকাল মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত তাঁর সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।
রামিন মেহমানপারাস্ত বলেন, ‘ইরানের বড় ধরনের আন্তর্জাতিক নীতির বিষয় উচ্চতর পর্যায়ে প্রণীত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় তা বাস্তবায়ন করে। কাজেই পররাষ্ট্র মন্ত্রীকে বরখাস্ত করার ঘটনায় আমাদের মৌলিক নীতির পরিবর্তন ঘটবে না।

ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইনের একটি ধারা অসাংবিধানিক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা খাত সংস্কার আইনের একটি ধারাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত সোমবার এই রায় দেওয়া হয়। এদিকে আয়করের ক্ষেত্রে বিদ্যমান ছাড়ের সুবিধার মেয়াদ বাড়ানোসংক্রান্ত প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে প্রথম পরীক্ষা পার হয়েছে।
সোমবার একজন কেন্দ্রীয় বিচারক রায়ে বলেন, সতর্ক পর্যালোচনা থেকে দেখা গেছে যে ‘পেশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ আইনের ১৫০১ নম্বর ধারাটি কংগ্রেসের ক্ষমতার সাংবিধানিক সীমা অতিক্রম করছে।
স্বাস্থ্যসেবা খাতসংক্রান্ত আইনের বিরুদ্ধে প্রথম একটি বড় আইনি ধাক্কা এই রায়। দীর্ঘ আলোচনা-সমালোচনা শেষে গত মার্চে বারাক ওবামার স্বাক্ষরের মাধ্যমে এ-সংক্রান্ত বিলটি আইনে পরিণত হয়। বেশির ভাগ বিশেষজ্ঞ বলছেন, স্বাস্থ্যসেবা খাতের সংস্কারসংক্রান্ত এ আইনের ভাগ্য শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে।
গত বছর মার্কিন কংগ্রেসে আইনটি পাস করানো নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা দেয়। তবে ওই সময় কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি পাস হয়। স্বাস্থ্যবিমার আওতার বাইরে থাকা কয়েক কোটি মার্কিন নাগরিকের স্বাস্থ্যসেবার বিষয়টি নিশ্চিত করতে এই আইন করার উদ্যোগ নেন ওবামা। রিপাবলিকানরা এখনো এই সংস্কার আইনের বিরোধিতা করছে। তারা ক্ষমতায় এলে আইনটি রদ করা হবে বলেও অঙ্গীকার করেছে।
এদিকে আয়কর ছাড়ের মেয়াদ বাড়ানোসংক্রান্ত বিলটি গত সোমবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রথা অনুযায়ী অনুষ্ঠিত পরীক্ষামূলক ভোটে অনুমোদন পেয়েছে। প্রেসিডেন্ট ওবামা ও রিপাবলিকান পার্টির সমঝোতার মধ্য দিয়ে বিলটি কংগ্রেসে তোলা হচ্ছে। বিলটির বিরোধিতা করছেন ওবামার দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা।
ওবামা ও রিপাবলিকানদের প্রস্তাব অনুযায়ী, ব্যক্তির বার্ষিক আয় দুই লাখ ডলারের বেশি এবং দম্পতিদের আয় আড়াই লাখ ডলারের বেশি হলে তারা আয়করের আওতায় আসবেন। এ সুবিধার মেয়াদ এ বছরই শেষ হওয়ার কথা।
সোমবার বিলটি ১০০ আসনের সিনেটে পরীক্ষামূলক ভোটাভুটিতে তোলা হলে এর পক্ষে ৬০টির বেশি ভোট পড়ে। বিলটি গতকাল মঙ্গলবার বা আজ বুধবার চূড়ান্ত ভোটাভুটির জন্য সিনেটে তোলার কথা। চলতি সপ্তাহের শেষ নাগাদ কংগ্রেসের দুই কক্ষেই বিলটি অনুমোদন পাবে বলে আশা করছেন বিশ্লেষকেরা।
এই বিলে আয়করের হার নিম্নমুখী রাখতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার ৮০০ কোটি ডলারের প্রণোদনা দেওয়া হবে। এ ব্যাপারে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ওবামা বলেন, এ মুহূর্তে অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের বেশি জোর দিতে হবে। বিলটি কংগ্রেসে অনুমোদন না পেলে আগামী ১ জানুয়ারি থেকে পরিবারপিছু করের পরিমাণ গড়ে তিন হাজার ডলার বেড়ে যাবে।

অনাস্থা ভোটে টিকে গেলেন বেরলুসকোনি

ইতালির পার্লামেন্টে অনাস্থা ভোটে অল্পের জন্য বেঁচে গেছেন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। গতকাল মঙ্গলবার পার্লামেন্টের উভয় কক্ষে অনুষ্ঠিত অনাস্থা ভোটে জয়লাভ করেন তিনি। ১৬ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে এবারই সবচেয়ে কঠিন সংকট উতরে গেলেন তিনি। পার্লামেন্টের অনাস্থা ভোট সামনে রেখে গতকাল রাজধানী রোমসহ বড় বড় শহরে হাজার হাজার মানুষ সরকার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল ও পটকা ছুড়ে মারে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে গতকালের ভোটাভুটিতে বেরলুসকোনির মধ্য ডানপন্থী সরকারের পক্ষে ১৬২ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১৩৫ ভোট। এই প্রাথমিক ভোটের পর বেরলুসকোনির পরিবার-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোম্পানি মিডিয়াসেটের শেয়ারগুলো হারানো অবস্থান ফিরে পায়। নেতিবাচক থেকে ইতিবাচক পর্যায়ে উন্নীত হয় কোম্পানির ব্যবসা। পরে নিম্নকক্ষে অনুষ্ঠিত ভোটে ৬৩০টি আসনের মধ্যে ৩১৪ জন আইনপ্রণেতা বেরলুসকোনির পক্ষে ভোট দেন। বিপক্ষে পড়ে ৩১১ ভোট।
বেরলুসকোনির বর্তমান সরকারের মেয়াদ ২০১৩ সাল পর্যন্ত হলেও বছরের শুরুতে জোটে ভাঙন ধরলে তিনি বেকায়দায় পড়েন। তাঁর দীর্ঘদিনের মিত্র পার্লামেন্টের স্পিকার জানফ্রাঙ্কো ফিনি ৪০ জন আইনপ্রণেতাসহ ক্ষমতাসীন জোট ত্যাগ করেন। এতে সরকারের টিকে থাকা নিয়ে সংকটের সৃষ্টি হয়। যার ফলে পার্লামেন্টে এই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটে হেরে গেলে বেরলুসকোনিকে পদত্যাগ করতে হতো। সে ক্ষেত্রে প্রেসিডেন্ট জর্জো নাপোলিতানো নতুন সরকারের নাম ঘোষণা করতেন। তা না হলে নতুন করে নির্বাচন হতো। সরকার পরিবর্তনের দাবিতে গতকাল রোমসহ বড় বড় শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। কেবল রোমেই প্রায় এক লাখ লোক বিক্ষোভ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে আগুন জ্বেলে বেরলুসকোনি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশ বিক্ষোভকারীদের থামাতে গেলে তাদেরদিকে বোতল ও পটকা ছুড়ে মারা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভে অংশ নেওয়া আন্দ্রিয়া নামের একজন স্কুলছাত্রী বলে, ‘বেরলুসকোনির ভুলের তালিকা করলে তা অনেক লম্বা হয়ে যাবে! তবে আসল কথাটি হচ্ছে, তিনি অর্থনৈতিক সংকট সামলে উঠতে পারছেন না।’সিলভিয়া নামের একজন শিক্ষক বলেন, বেরলুসকোনির আমলে তরুণ জনগোষ্ঠীর ভবিষ্যৎ বলে কিছু দেখছি না।

সামরিক বাহিনী ছেড়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাবে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সামরিক বাহিনী ছেড়ে যাওয়া ৫০ হাজার ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করবে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার জানানো হয়, ওই ব্যক্তিরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন।
শ্রীলঙ্কার সামরিক বাহিনীর মুখপাত্র উবাইয়া মেদাওয়ালা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে ওই ব্যক্তিরা সাধারণ ক্ষমার আওতায় আসতেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় এখন তাঁদের গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনা হচ্ছে।

সময় হলেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে: ইইউ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রস্তুত নই। সময় হলেই স্বীকৃতি দেওয়া হবে।’ গতকাল মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে তাঁরা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংকট নিরসনে দুই দেশের মধ্যে আলাপ-আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব ইরাকাত জানান, গতকাল প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তখন তিনি ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইইউর প্রতি আহ্বান জানান।
এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তালিকায় ব্রাজিল ও আর্জেন্টিনা যুক্ত হয়েছে। এর আগে শতাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে।
১৯৬৭ সালে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে নেয়। পরে ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলেও বসতি স্থাপনকে কেন্দ্র করে সংকট অব্যাহত থাকে।
গত সেপ্টেম্বর মাসে ইসরায়েল-ফিলিস্তিনের সংকট নিরসনের উদ্দেশ্যে শান্তি আলোচনা শুরু হয়। এর মাত্র কয়েক দিন পরই ইসরায়েল ফিলিস্তিনের জায়গায় বসতি স্থাপন শুরু করায় আলোচনা ভেস্তে যায়। ফিলিস্তিন জানায়, ইসরায়েল বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত সরাসরি কোনো শান্তি আলোচনা সম্ভব নয়।

অ্যাসাঞ্জ জামিন পেলেন

ব্রিটেনে গ্রেপ্তার হওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গতকাল মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। লন্ডনে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাওয়ার্ড রিডল অ্যাসাঞ্জের জামিন আবেদন মঞ্জুর করেন। তাঁর আইনজীবীরা সাংবাদিকদের এ কথা জানান। তবে তাঁর মুক্তি ৪৮ ঘণ্টা বিলম্ব হতে পারে। সুইডিশ আইনজীবীরা আদালতে জামিনের বিরুদ্ধে আপিল করবেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপিলের শুনানি হওয়ার কথা।গত মাসের শেষের দিকে আড়াই লাখ গোপন মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বে হইচই ফেলে দেয় উইকিলিকস ওয়েবসাইট। এরপর অ্যাসাঞ্জ ও উইকিলিকসের বিরুদ্ধে তত্পর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সুইডেনে করা যৌন নিপীড়নের মামলায় গত ৭ ডিসেম্বর লন্ডনে আত্মসমর্পণ করার পর ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা বলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরই তাঁকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। গতকাল মামলার শুনানির দিন ধার্য ছিল।
আদালত দুই লাখ ৪০ হাজার পাউন্ড জামানতের বিনিময়ে অ্যাসাঞ্জের জামিন মঞ্জুর করেন। আগামী ১১ জানুয়ারি আরেক দফা শুনানি না হওয়া পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন তিনি। শর্তানুযায়ী অ্যাসাঞ্জকে পাসপোর্ট জমা দিতে হবে এবং ইলেকট্রনিক ট্যাগ পরতে হবে।শুনানি শেষে অ্যাসাঞ্জের আইনজীবী জিওফ্রে রবার্টসন ও মার্ক স্টিফেনস বলেন, জামানতের অর্থ জোগাড় ও নিরাপত্তার সব আয়োজন করতে কিছুটা সময় লাগবে। রাত পর্যন্ত অ্যাসাঞ্জকে কারাগারে থাকতে হতে পারে। জামিনের বিরুদ্ধে আবেদন করবে কি না, জানানোর জন্য আদালত বাদীপক্ষকে গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। অনৈতিক বল-প্রয়োগের একটি ধারা, যৌন নিপীড়নের দুটি ধারা ও ধর্ষণের একটি ধারায় সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ এনেছে। অপরাধগুলো ২০১০ সালের আগস্টে ঘটেছে। তবে অ্যাসাঞ্জ সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, এসবই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।এদিকে অ্যাসাঞ্জের প্রায় ২০ জন সমর্থক গতকাল আদালতের সামনে জড়ো হয়ে অ্যাসাঞ্জের মুক্তির দাবি জানান। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যুদ্ধাপরাধের গোমর ফাঁস করা কোনো অপরাধ নয়’।

মার্কিন কূটনীতিক রিচার্ড হলব্রুক আর নেই

আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি এবং পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী কূটনীতিক রিচার্ড হলব্রুক আর নেই। গত শুক্রবার আকস্মিকভাবে হূদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের বহু নেতা শোক প্রকাশ করেছেন। 
রিচার্ড হলব্রুক
কর্মকর্তারা বলেছেন, গত শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করছিলেন হলব্রুক। বৈঠক চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর হূৎপিণ্ড থেকে দেহে রক্ত সঞ্চালনকারী প্রধান ধমনী ছিঁড়ে গেছে বলে নিশ্চিত হন। দুই দফা অস্ত্রোপচার করে তাঁরা ছিঁড়ে যাওয়া ধমনী জোড়া লাগানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন তাঁরা। গত সোমবার মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।রিচার্ড হলব্রুকের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, হলব্রুক ছিলেন মার্কিন পররাষ্ট্রনীতির জন্য ‘একজন সত্যিকারের ঝানু কূটনীতিক’, যিনি যুক্তরাষ্ট্রকে উত্তরোত্তর শক্তিশালী, নিরাপদ ও সম্মানিত করে গেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, হলব্রুকের মৃত্যুতে যুক্তরাষ্ট্র একজন প্রচণ্ড বিচক্ষণ ও নিবেদিতপ্রাণ কূটনীতিককে হারাল।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, তাঁর মৃত্যুতে পাকিস্তান একজন ‘বন্ধু’কে হারাল। তিনি বলেছেন, হলব্রুক এমন একজন বিচক্ষণ কূটনীতিক ছিলেন, যিনি খুব দ্রুত অন্যদের আস্থা অর্জন করতে পারতেন। হলব্রুক বসনিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বের অন্যান্য অস্থিতিশীল এলাকায় শান্তি স্থাপনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। ১৯৬২ সালে ভিয়েতনামে মার্কিন মিশনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে হলব্রুকের পেশাগত জীবনের শুরু হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি থেকে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত সব সরকারের আমলেই তিনি গুরুত্বপূর্ণ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত জোরালো ও কঠোর ভঙ্গিতে কথা বলতেন বলে তাঁকে অনেকেই ‘বুলডোজার’ নামে ডাকতেন। বসনিয়ায় শান্তি স্থাপনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি বিশ্বখ্যাত কূটনীতিক হিসেবে স্বীকৃত হন। জাতিসংঘ ও জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে কাজ করা ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ওবামা তাঁকে আফগানিস্তান ও পাকিস্তানে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন।হলব্রুকের পরামর্শেই ওবামা আফগানিস্তানে অতিরিক্ত তিন হাজার সেনাসদস্য পাঠানোর ঘোষণা দেন।

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী: ওবামা

হিলারি ক্লিনটন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী। তাঁকে এ পদে নিয়োগ দেওয়া তাঁর শ্রেষ্ঠতর সিদ্ধান্তের একটি বলেও উল্লেখ করেন ওবামা। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত হলিডে রিসিপশন পার্টিতে এসব কথা বলেন ওবামা। হিলারির নেতৃত্বে ওয়াশিংটনের কূটনীতিকেরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে যতজন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, হিলারি তাঁদের মধ্যে শ্রেষ্ঠ।’
হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে ওবামা হেসে বলেন, ‘আমার শ্রেষ্ঠতর সিদ্ধান্তের একটি এটি।’
হিলারির উদ্দেশে ওবামা আরও বলেন, ‘আপনার নেতৃত্ব, রসবোধ, আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আপনার নিবেদিতপ্রাণ উদ্যোগ—সর্বোপরি আরও শান্তিময় ও নিরাপদ বিশ্ব উপহার দেওয়ার লক্ষ্যে আপনার নিরলস প্রচেষ্টার জন্য দেশবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

নথি প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার অ্যাসাঞ্জের

যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকি সত্ত্বেও গোপন নথি প্রকাশের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। কারাবন্দী অবস্থায় মা ক্রিস্টিন অ্যাসাঞ্জের সঙ্গে কথা বলার সময় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
অ্যাসাঞ্জকে গতকাল মঙ্গলবার ব্রিটেনের আদালতে হাজির করার কথা। সাত দিন ধরে কারাগারে রয়েছেন তিনি। তাঁর আইনজীবীরা জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অ্যাসাঞ্জের আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তা প্রকাশের জন্য যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনতে পারে।
অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্ক টেলিভিশন চ্যানেল জানায়, মা ক্রিস্টিন তাঁর ছেলে অ্যাসাঞ্জের সঙ্গে টেলিফোনে ১০ মিনিট কথা বলেছেন। মা ক্রিস্টিনকে অ্যাসাঞ্জ বলেছেন, ‘আমি সত্যের পথে অবিচল আছি। বর্তমান পরিস্থিতি আমাকে আমার অবস্থান থেকে টলাতে পারবে না। বরং এসব ঘটনা আমাকে কাজের প্রতি আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে।’
অ্যাসাঞ্জ তাঁর ওয়েবসাইটে অনুদান বন্ধের জন্য ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যালের নিন্দা জানান। এ সম্পর্কে তিনি বলেন, এসব আর্থিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সহায়ক পুতুল হিসেবে কাজ করে। এটা নতুন কোনো বিষয় নয়। তিনি এমন আইনবহির্ভূত কাজ থেকে নিজেকে ও উইকিলিকস-সংশ্লিষ্টদের রক্ষা করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
ক্রিস্টিন বলেন, তিনি অ্যাসাঞ্জকে জানিয়েছেন, তাঁর প্রতি বিশ্ববাসীর সমর্থন রয়েছে। তিনি বলেন, ‘আমি একজন মা। মা হিসেবে সাহসী ছেলের পক্ষে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আমি।’
ধর্ষণের অভিযোগে সুইডিশ গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অ্যাসাঞ্জ। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অ্যাসাঞ্জ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করছেন। অভিযোগ প্রমাণিত হলে সুইডেনের আইন অনুযায়ী অ্যাসাঞ্জের ছয় বছর কারাদণ্ড হতে পারে।
অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেন্স স্কাই নিউজকে বলেন, ‘আমরা আশা করি আদালত জুলিয়ান অ্যাসাঞ্জের জামিন মঞ্জুর করবেন।’ তিনি জানান, আদালতে অ্যাসাঞ্জের প্রতিনিধিত্ব করবেন জেওফ্রি রবার্টসন। তিনি সিয়েরালিওনে জাতিসংঘের বিশেষ আদালতে বিচারক ছিলেন। রবার্টসন সাবেক ভিন্নমতাবলম্বী লেখক সালমান রুশদিরও আইনজীবী ছিলেন।
গত মাসের শেষদিকে মার্কিন কূটনীতির আড়াই লাখ গোপন তারবার্তা প্রকাশ শুরু করে উইকিলিকস। এর আগে উইকিলিকস ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর ভূমিকা নিয়েও অনেক গোপন নথি প্রকাশ করে। এতে ভীষণ ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। অ্যাসাঞ্জের অভিযোগ, ক্ষুব্ধ ওয়াশিংটনের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।

টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হচ্ছেন অ্যাসাঞ্জ?

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচনের অনলাইন জরিপে সর্বাধিক ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছেন। তবে শেষ পর্যন্ত তাঁকে ওই খেতাবে ভূষিত করা হবে কি না, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। অ্যাসাঞ্জকে ওই খেতাব দেওয়ার বিষয়ে টাইমের সম্পাদকেরা শেষ মুহূর্তেও চিন্তাভাবনা করছেন। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কথা।
টাইম বলেছে, অনলাইন জরিপে অ্যাসাঞ্জ পেয়েছেন তিন লাখ ৮২ হাজার ২০ ভোট। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২৭ হাজার ৪৭৮ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়িপ এরদোগান। তিনি পেয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৬৩৮ ভোট। পপস্টার লেডি গাগা এক লাখ ৪৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
টাইম বলেছে, ২০১০ সালের সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত ব্যক্তি অথবা প্রতিষ্ঠান হিসেবে তারা পাঠকদের মতামত জানতে চেয়ে ওই ভোট নেয়। এতে মোট ১২ লাখ ৪৯ হাজার ৪২৫টি ভোট পড়েছে।
অ্যাসাঞ্জের সমালোচকেরা বলেছেন, সর্বোচ্চ ভোট পেলেও তাঁকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা ঠিক হবে না। তাঁদের মতে, অ্যাসাঞ্জ অতি গোপনীয় ও সংবেদনশীল তথ্য প্রকাশ করে সন্ত্রাসীদের মতো কাজ করেছেন। তাঁকে এ খেতাব দেওয়া হলে এক অর্থে তাঁর কর্মকাণ্ডকে সমর্থন জানানো হবে। অন্যদিকে অ্যাসাঞ্জ সমর্থকেরা তাঁকে সত্ ও সাহসী সাংবাদিক মনে করেন।

নেপালেরও গোল উৎসব

মাত্রই প্রথমার্ধ শেষ। মাঝমাঠ থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছিলেন আফগানিস্তানের হাইলি ও সোফিয়া। ডাগ আউটে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা যতই তাঁদের সান্ত্বনা দিতে থাকেন, ততই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন তাঁরা। সত্যিই আফগান মেয়েদের নাকের জল, চোখের জল এক করে ছেড়েছে নেপাল। কাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতেছে ১৩-০ গোলে। কক্সবাজার জেলা স্টেডিয়ামে গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তান ২-১ গোলে হারায় মালদ্বীপকে।
টুর্নামেন্টের প্রথম তিন দিনের পাঁচ ম্যাচে ৪২ গোল। আগের দিন ফেবারিট ভারত ভুটানকে ১৮ গোল দিয়েছে। কাল নেপালও প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াল ভারতের। প্রথমার্ধে ৭ গোল, দ্বিতীয়ার্ধে একটি কম। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন অনু লামা (৪)। হ্যাটট্রিক করেছেন যমুনাও (৪)। সাজানা ও প্রমীলার গোল দুটি করে। লক্ষ্মীর গোল ১টি। টানা দুই জয়ে সেমিফাইনালে হিমালয়ের দেশ। নেপালের মহিলা ফুটবলের সবচেয়ে বড় জয়ে খুশি কোচ ধ্রুব বাহাদুর, ‘আমি খুবই খুশি। মেয়েদের পাস, টেকনিক, সমন্বয় ছিল চমৎকার। আমরা ফাইনালের স্বপ্ন দেখছি।’
ইতিহাস গড়েছে পাকিস্তানও। পাঁচ বছর আগে মেয়েদের ফুটবলে যাত্রা শুরু করা পাকিস্তান কাল পেল আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়। আয়শাথের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল মালদ্বীপ। মেহউয়িশ গোল শোধ করার পর মালিকা পেনাল্টি থেকে করেন জয়সূচক গোলটি। অধিনায়ক সানা খেলা শেষে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না, ‘আমাদের জন্য এই জয় খুব তাৎপর্যপূর্ণ। আমরা তেমন সুযোগ-সুবিধা পাই না। অনুশীলন করি দেয়াল-ঘেরা মাঠে। এই জয় আমাদের আরও সামনে এগিয়ে নেবে।’
আজ বাংলাদেশ-ভুটান
ভারতের বিপক্ষে ভুটানের যে করুণ দশা দেখা গেছে, তাতে আজ বাংলাদেশের বড় ব্যবধানেই জেতার কথা। যেকোনো ব্যবধানে জিতলেই সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। তবে কোচ গোলাম রব্বানী খুব সতর্ক, ‘ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ভুটানকে একটুও হালকাভাবে নিচ্ছি না।’
আজকের খেলা
ভারত-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভুটান
(শুরু ১১-০৫ মি. ও ২-৩০ মি., কক্সবাজার জেলা স্টেডিয়াম)

মাজেম্বের আফ্রিকান ইতিহাস

চার বছর আগে এই টুর্নামেন্টের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে চমকে দিয়েছিল ইন্টারন্যাসিওনাল। কাল ব্রাজিলের ক্লাবটি নিজেরাই চমকের শিকার। প্রথম সেমিফাইনালে তাদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে মাজেম্বে। যে টুর্নামেন্টের ফাইনালটা ইউরোপিয়ান আর দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের মধ্যেই হওয়ার ‘নিয়ম’, সেখানে এই প্রথম ফাইনালে কোনো আফ্রিকান ক্লাব। এএফপি, রয়টার্স।
ক্লাব বিশ্বকাপের সাতটি আসরের সবচেয়ে বড় অঘটন এটিই। দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের চ্যাম্পিয়নের সঙ্গে আফ্রিকান ক্লাব ফুটবলের চ্যাম্পিয়নের ব্যবধানই শুধু নয়, ইন্টারন্যাসিওনাল প্রতিনিধিত্ব করেছে ব্রাজিলের, মাজেম্বে কঙ্গোর। শক্তির ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে মাজেম্বেকে ঐতিহাসিক এক জয় এনে দিল দ্বিতীয়ার্ধে মুলোতা কাবাংগু ও দিয়োকো কালুইতুকার গোল।
ফিফার ছয়টি মহাদেশীয় অঞ্চলের ক্লাব-শ্রেষ্ঠ দলগুলোর এই টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর আধিপত্য। প্রথম তিনবার আবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিলেরই তিন ক্লাব, বাকি চারবার রানার্সআপও দক্ষিণ আমেরিকান কোনো ক্লাবই। ২০০৬ সালের চ্যাম্পিয়ন ইন্টারন্যাসিওনাল এবার আবুধাবিতে এসেছিল প্রথম দল হিসেবে দ্বিতীয়বার এই শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে।
স্বপ্ন ভেঙে যেতে দেখে স্টেডিয়ামেই কাঁদলেন সাত সমুদ্র পাড়ি দিয়ে প্রিয় দলকে উৎসাহ জোগাতে আসা ব্রাজিলিয়ানরা। আফ্রিকান সমর্থকেরা তখন দলের মতোই বিচিত্র সব উদ্যাপনে মত্ত।
৫২ মিনিটে প্রথম গোলটি করিয়েছেন, ইন্টারন্যাসিওনালের আশা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া গোলটিও তাঁর। তবে ম্যাচের একমাত্র নায়ক কালুইতুকা নন। মাটিতে বসে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে উদ্যাপনের জন্য কালই নজরকাড়া গোলরক্ষক মুতেবা কিদিয়াবাও বেশ কয়েকটি দুর্দান্ত সেভ না করলে ইতিহাস গড়া হতো না মাজেম্বের। এত দিন আফ্রিকান কোনো দলের সর্বোচ্চ সাফল্য ছিল ২০০৭-এর আসরে সেমিফাইনাল খেলা।
১৮ ডিসেম্বরের ফাইনালেও বড় কোনো চমক নিয়ে কঙ্গোর দলটি বসে আছে কি না, সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে। আরেক ‘ইন্টার’কে বধ করার সুযোগ তারা পাবে কি না, এটি জানার অপেক্ষায় আছে মাজেম্বেও। আজ দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের মুখোমুখি হবে এশিয়ান চ্যাম্পিয়ন সিয়ংনাম।
ইন্টার মিলান অবশ্যই ফেবারিট। কাল সিয়ংনাম কোচ শিন তায়ে-ইয়ং বলেছিলেন, তিনি তাকিয়ে আছেন অলৌকিক কিছু ঘটার অপেক্ষায়, ‘আগামীকাল আমাদের জেতার সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ, ইন্টারের ৬০ থেকে ৭০। ১ শতাংশ সম্ভাবনার মধ্যে থেকেও কিন্তু অলৌকিক কিছু ঘটতে পারে। সে ক্ষেত্রে ৩০-৪০ তো অনেক বড় ব্যাপার।’
কাল আরেক ‘খুদে’ দলের চমক দেখার পর শিন নিশ্চয়ই পেয়ে গেছেন নতুন প্রেরণা। ইউরোপিয়ান আর দক্ষিণ আমেরিকান দলবিহীন প্রথম ফাইনালটি এবার হচ্ছে কি না, সেটি বলে দেবে আজকের ম্যাচ। তবে এরই মধ্যে একটা সুখবর পেয়েছেন চাপের মধ্যে থাকা ইন্টার কোচ রাফায়েল বেনিতেজ। মিলিতো-স্নাইডার-হুলিও সিজারদের এই টুর্নামেন্টে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সর্বশেষ যা খবর, এই তিনজনকেই আজ পেতে পারে ইন্টার।

অস্ট্রেলিয়া দলে এমন ওলটপালট!

১৪ বছরের রেকর্ড ভাঙছে নিশ্চিতভাবেই। ক্যাটিচ ও নর্থের জায়গায় হিউজ ও স্মিথের দলে ফেরা নিশ্চিত। নিশ্চিত বিয়ার, জনসন ও হিলফেনহসের মধ্যে যেকোনো দুজনও। অর্থাৎ, আগামীকাল পার্থে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে অন্তত চারটি পরিবর্তন হচ্ছেই। ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্ন টেস্টের পর সিরিজের মাঝখানে দুই টেস্টে এত পরিবর্তন আর হয়নি অস্ট্রেলিয়ার একাদশে।
আর যদি বিয়ার-জনসন-হিলফেনহস তিনজনই থাকেন একাদশে? তা হলে ফিরে যেতে হবে ৩২ বছর পেছনে। এক সিরিজের দুই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে সর্বশেষ পাঁচটি পরিবর্তন হয়েছিল ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে!
একসময় অস্ট্রেলিয়া দলে একটা পরিবর্তন হলেই সেটি হতো বড় খবর। একাদশ যেমন অনেকটা নিশ্চিত ছিল, কে চোট পেলে কে খেলবেন, এটাও একরকম জানাই ছিল। অস্ট্রেলীয় নির্বাচকদের কাজটাও সহজই ছিল তখন। দুঃসময় এসে অস্ট্রেলীয় নির্বাচকদের অস্থিরচিত্ততার কথাও জানিয়ে যাচ্ছে। নইলে কি আর দুই টেস্টে পাঁচটি পরিবর্তনের সম্ভাবনা জাগে!
ব্যর্থতার কারণে বাদ দেওয়ার এক টেস্ট পরই হিলফেনহস-জনসনদের যে অন্যদের ব্যর্থতার কারণেই আবার ফেরানো হয়েছে, সাধারণ্যে ধারণা এটাই। ফর্ম হারিয়ে ফেলা যদি বাদ দেওয়ার কারণ হয়, মাঝখানে ফর্ম ফিরে পাওয়ার প্রমাণটা কোথায় পাওয়া গেল? সবকিছুতেই অস্ট্রেলিয়ার দিশেহারা ভাবের প্রকাশ। তবে অন্যতম নির্বাচক গ্রেগ চ্যাপেল তা মানতে রাজি নন, ‘ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে দলে পরিবর্তন আনার কথা আমরা অনেক আগেই ভেবে রেখেছিলাম। সাত সপ্তাহে যদি পাঁচটি টেস্ট খেলতে হয়, তাহলে নিশ্চিত করতে হবে প্রতিটি টেস্টে সবাই যেন সেরা অবস্থায় থাকে।’
চার না পাঁচটি পরিবর্তন, জানতে অপেক্ষা করতে হবে শেষ সময় পর্যন্ত। তবে অনেকটাই নিশ্চিত মিচেল জনসনের ফেরা। কদিন আগেও অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের মূল অস্ত্র, গত বছরের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার জনসন ব্রিসবেনে কোনো উইকেট না পাওয়ার পর বাদ পড়েছিলেন। বাজে ফর্মের জন্য বাদ পড়েছেন, এত দিন সবাই এটাই জানত। কাল জনসনের ব্যাপারে মেজো চ্যাপেল শোনালেন বিশ্রাম-তত্ত্ব, ‘আমরা অনেক আগেই ঠিক করেছিলাম যে দ্বিতীয় টেস্টে মিচকে খেলানো হবে না। কারণ, আমাদের মনে হয়েছিল সিডল, হ্যারিস ও বলিঞ্জারই কন্ডিশনকে বেশি কাজে লাগাতে পারবে। মিচ অবশ্যই ভালো করেনি, তবে আমাদের মাথায় কন্ডিশনের সঙ্গে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ব্যাপারটাই ছিল।’বিশ্রামেই থাকুন বা বাদ পড়ুন, দল থেকে বাইরে থাকার সময়টুকু ভালোভাবেই কাজে লাগিয়েছেন জনসন। অ্যাশেজ শুরুর আগেই তাঁর অ্যাকশনে সামান্য ত্রুটির কথা বলেছিলেন সাবেক অস্ট্রেলীয় পেসার ডেমিয়েন ফ্লেমিং। গত কয়েক দিনে বোলিং কোচ ট্রয় কুলির সঙ্গে অ্যাকশন নিয়ে কাজ করেছেন জনসন। কুলির ধারণা, এবার নিজেকে ফিরে পাবেন জনসন। বাঁহাতি পেসারের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন অধিনায়ক রিকি পন্টিংও।
ইংল্যান্ডের তেমন কোনো সমস্যা নেই। তবে নবজাতক ছেলেকে দেখে জেমস অ্যান্ডারসনের ফিরে আসা ও মাঠের বাইরে কেভিন পিটারসেনের নানা কীর্তিতে প্রস্তুতিটা আশানুরূপ হয়নি বলে একটু অসন্তুষ্ট কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের মূল প্রতিপক্ষ ইতিহাস। পার্থের ওয়াকায় ১১ টেস্ট খেলে ইংল্যান্ডের মাত্র একটিই জয়, সেটিও ১৯৭৮ সালে ওয়ার্ল্ড সিরিজ ঝড়ে ছন্নছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে স্ট্রাউসরা তো নতুন ইতিহাস লেখার প্রতিজ্ঞা নিয়েই এবার অস্ট্রেলিয়ায় এসেছেন!

শীর্ষে ‘পার্ক’ করল ম্যানইউ

ওয়েস্টহামের মতো খোঁড়াতে থাকা দলের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায়। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র। তুষারপাতের কারণে স্থগিত ব্ল্যাকপুলের বিপক্ষে লিগের ম্যাচ। গত কিছুদিন অ্যালেক্স ফার্গুসন সুখবর খুব একটা পাচ্ছিলেনই না।
তবে গত পরশু তা পেলেন ম্যানইউ কোচ, পেলেন ক্রিসমাসের প্রথম উপহারটিও। সেই উপহারটি দিয়েছেন প্রিয় শিষ্য পার্ক জি সুং। এই দক্ষিণ কোরীয় ফুটবলারের একমাত্র গোলে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ম্যানইউ। দ্বিতীয় উপহারটি ফার্গুসন চাইছেন আগামী রোববার চেলসির সঙ্গে ম্যাচে। সেদিনই সবচেয়ে বেশি দিন ম্যানইউর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড গড়বেন তিনি। তার চেয়েও গুরুত্বপূর্ণ, চেলসির বিপক্ষে জিতলে ২০০৬ সালের পর প্রথমবারের মতো বড়দিনে পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে ম্যানইউ।
চেলসিকে নিয়ে পরে ভাবা যাবে। আপাতত ফার্গুসন তারিয়ে তারিয়ে উপভোগ করতে চাইছেন আর্সেনালের বিপক্ষে জয়টি। ফার্গির মুখে হাসি ফুটিয়ে ৪১ মিনিটে গোল এনে দেন পার্ক। দ্বিতীয়ার্ধে রুনি পেনাল্টি মিস না করলে ২-০ গোলে জিততে পারত ম্যানইউ। অবশ্য শেষ পর্যন্ত পার্কের গোলটিই অতিগুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট এনে দিয়েছে ম্যানইউকে। গতবার মাত্র এক পয়েন্টের কারণে শিরোপাবঞ্চিত হওয়া ম্যানইউয়ের হাতে আছে তুষারপাতের কারণে বাতিল হয়ে যাওয়া ম্যাচটিও। আর্সেনাল, চেলসি, ম্যান সিটি, টটেনহাম—ম্যানইউয়ের সঙ্গে শিরোপা দৌড়ে থাকা এই চারটি দলই একটি করে ম্যাচ বেশি খেলেছে।
ম্যাচের নায়ক হিসেবে দক্ষিণ কোরীয় অধিনায়ক হয়তো অনেকের কাছেই চমক। ফার্গুসন নিজে অবশ্য বিস্মিত নন, ‘আর্সেনালের বিপক্ষে ওর রেকর্ড তো খুবই ভালো। এই মৌসুমেও ও দারুণ ফর্মে আছে। দুর্ভাগ্যজনক হলো, ২৬ ডিসেম্বরের পর এশিয়া কাপের জন্য সাতটি ম্যাচে ওকে আমরা পাব না। এটা অবশ্যই হতাশার।’
আসলেই পার্ক যেন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। মৌসুমের অর্ধেক শেষ হয়নি এখনো, এরই মধ্যে ছয়টি গোল করেছেন। মাঝমাঠের এই ‘অলরাউন্ডার’ এর আগে এক মৌসুমে সর্বোচ্চ ১১টি গোল করেছিলেন (২০০৪-০৫, আইন্দহোফেনের পক্ষে)।
১৬ দিন পর লিগে খেলতে নামার পর জয় পাওয়াটাও বেশ তৃপ্তি এনে দিচ্ছে ফার্গুসনকে। আত্মবিশ্বাসের পারদ উঁচুতে রেখেই চেলসির মুখোমুখি হবে তারা। ম্যাচে নিজেদের ছায়া হয়ে থাকা আর্সেনালের বিপক্ষে সহজ কিছু সুযোগ হাতছাড়া করার আক্ষেপ থাকতে পারে ম্যানইউ সমর্থকদের। যদিও ফার্গুসনের কোনো অতৃপ্তি নেই, ‘আমরা সত্যিই খুব খুব ভালো খেলেছি।’
২০০৫ সালে এফএ কাপ জেতার পর আর কোনো শিরোপা জিততে ব্যর্থ আর্সেনাল এবার ব্যর্থতার বৃত্ত ভাঙার জন্য মরিয়া। এই পরাজয়ে শীর্ষস্থান থেকে ছিটকে পড়ার পর ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের হতাশ হওয়ারই কথা। ‘এটা খুব বড় একটা হতাশা’ বলার পর অবশ্য আশা নিয়ে সামনের দিকে তাকাতে চাইলেন তিনি, ‘শনিবারে স্টোকের বিপক্ষে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ রাতে যা দেখলাম, তাতে আমরা তা পারব বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।’

জহিরের ইনজুরি নিয়ে শঙ্কায় ভারত

গত ১০ বছরে একমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতেই কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটিকে ভারত নিয়েছে আক্ষরিক অর্থেই নিজেদের সেরা প্রমাণের লড়াই হিসেবে। অনেকেই দক্ষিণ আফ্রিকাকে ভারতের ‘শেষ দুর্গ দখলের লড়াই’ হিসেবে অভিহিত করেছে। কিন্তু বৃহস্পতিবার সেঞ্চুরিয়ানে শুরু হতে যাওয়া এই প্রথম টেস্টের আগে ইনজুরির সমস্যা ভাবিয়ে তুলেছে ভারতীয় শিবিরকে।
দক্ষিণ আফ্রিকার দ্রুতগতিসম্পন্ন ও বাউন্সি উইকেটে জহির খান ছিলেন তুরুপের তাস। কোচ গ্যারি কারস্টেনের ম্যাচ পরিকল্পনাতেও তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু এ মুহূর্তে জহির আদৌ সেঞ্চুরিয়ানের প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে ঘোরতর অনিশ্চয়তা।
গত সোমবার সুপার স্পোর্ট পার্কে দলের প্র্যাকটিস সেশনে এসেই জহির খানকে নিয়ে ব্যস্ত ছিলেন দলের ফিজিও পল চ্যাপম্যান। সোমবার নেটে একটা বলও ছোড়েননি ভারতের এই পেস তারকা। মঙ্গলবার কয়েকটা বল করলেও, তিনি যে পুরোপুরি ফিট নন, তা বোঝা গেছে। তবে ভারতের টিম ম্যানেজমেন্ট আশা করছে, বৃহস্পতিবারের আগেই পুরোপুরি ফিট জহির খানকে মাঠে দেখা যাবে।
জহির খানকে নিয়ে ভারতীয় দল সাফারি জয়ের স্বপ্নে বিভোর হলেও তাঁর বছরটা ইনজুরির কারণেই ভালো কাটেনি। বারবার দল থেকে বেরিয়ে গেছেন নানা ধরনের চোট নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের শেষ টেস্টটি খেলতে পারেননি গ্রোয়েন ইনজুরির কারণে। ওয়ানডে সিরিজের সর্বশেষ দুটো ওয়ানডেতে খেললেও সেই গ্রোয়েন আবার ভোগানো শুরু করেছে তাঁকে। এখন বৃহস্পতিবার তাঁর মাঠে নামা নিয়ে সংশয় আচ্ছন্ন করেছে গোটা ভারতীয় শিবিরকেই। জহিরের বিকল্পও ভাবতে শুরু করেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উমেশ যাদব ও জয়দেব উনাদকাড় নামের দুজন তরুণ-উদীয়মান পেসার রয়েছে ভারতীয় স্কোয়াডে। কিন্তু তাঁরা এ মুহূর্তে জহিরের আদর্শ বিকল্প হতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এমন একটি মুহূর্তে জহিরের ইনজুরি কাটিয়ে ওঠার প্রার্থনা ছাড়া ভারতের আর কীই-বা করার আছে।

মুক্তিযুদ্ধ- মুক্তিযুদ্ধের অঙ্গীকার by সিরাজুল ইসলাম চৌধুরী

ঙ্গীকারটা কি ছিল মুক্তিযুদ্ধের? ছিল মুক্তির, সে জন্যই যুদ্ধ, মুক্তির জন্য? শেখ মুজিব ৭ মার্চের সেই বিশাল জনসমাবেশে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। মুক্তির ডাকে পাকিস্তানি শাসকরা বিচলিত হতো না, বিচলিত হয়েছে তারা স্বাধীনতার ডাকে। মুক্তি লম্বা ব্যাপার, মূর্তও নয়, তার সংগ্রাম চলছে, চলবে, চলতে থাকুক; তাতে আশু কোনো বিপদ নেই শাসকদের জন্য।

আলোচনা- শক্ত ভিত ছাড়া উঁচু ভবন হয় না by মহসীন হাবিব

'এ দেশের অধিকাংশ স্বনামধন্য সংগীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা আয়কর দেন না! আমি এ বছর ১০ লাখ টাকা আয়কর দিয়েছি, কিন্তু অনেকেই আছেন যাঁরা কোটি কোটি টাকা আয় করেও আয়কর ফাঁকি দিচ্ছেন... ...।' ১১ ডিসেম্বর এ কথাগুলো একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলে যাচ্ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। এখন তিনি 'গান-বাজনা' প্রায় ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন, তা নিয়েও কিছু আক্ষেপ করেছেন।

ভ্রমণ- ট্রেন টু বেনাপোল by ফখরে আলম

সূর্য সবে জেগে উঠেছে। অল্প কিছুক্ষণের মধ্যে কুয়াশা তাড়াবে। খুলনা রেলস্টেশনে ব্যস্ততা বেশি নেই। চা-বিস্কুট খেয়ে ৩০ টাকার টিকিট কেটে আমি আর আলোকচিত্রী ফিরোজ গাজী বেনাপোলগামী ট্রেনে চেপে বসি। অনেক লম্বা বগি। বেশ কিছু সিট খালি। ট্রেনের আড়মোড়া ভাঙল সকাল ৭টা ২০ মিনিটে। ভেঁপু বাজল, ট্রেন চলল। বড়ই শম্বুকগতি তার। সুবিধভই হলো_দেখা যাবে মন দিয়ে। বি এল কলেজ চলে এল কিছু সময় পর।

ভ্রমণ- বনের নাম দুধপুকুরিয়া by ইশতিয়াক হাসান

রাঙামাটি থেকে রাজস্থালির বাসে উঠলাম সোয়া ৮টায়। যাচ্ছি দুধপুকুরিয়ার জঙ্গলে। যত দূর শুনেছি, বান্দরবানের সীমানায় বাঙ্গাল হালিয়া নামক একটা জায়গার ধারে-কাছে কোথাও জায়গাটা। বান্দরবানের বাস না পাওয়ায় রাজস্থালির বাস ধরেছি। রাজস্থালির বাসও বাঙ্গাল হালিয়া হয়েই যায়। শহরের সীমানা পার হওয়ার পরই দুই পাশে পাহাড়ের সারি।

নথি প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার অ্যাসাঞ্জের (প্রথম আলোর সৌজন্যে)

যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকি সত্ত্বেও গোপন নথি প্রকাশের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। কারাবন্দী অবস্থায় মা ক্রিস্টিন অ্যাসাঞ্জের সঙ্গে কথা বলার সময় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। অ্যাসাঞ্জকে গতকাল মঙ্গলবার ব্রিটেনের আদালতে হাজির করার কথা। সাত দিন ধরে কারাগারে রয়েছেন তিনি।

আর্সেনালকে হারিয়ে ফের শীর্ষে ম্যানইউ

অল্প কিছু সময়ের জন্য হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা দখল করেছিল আর্সেনাল। গতকাল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে সেটা আরও পাকাপোক্ত করতে পারত গানাররা। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। নিজেদের মাঠে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে আবার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ম্যান ইউ। সে সঙ্গে ১৬ ম্যাচ শেষে এখন পর্যন্ত লিগে অপরাজিত থাকার সম্মানটাও ধরে রেখেছে অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা।
ওল্ড ট্রাফোর্ডে প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রেখেছিল ম্যান ইউ ও আর্সেনালের খেলোয়াড়েরা। কিন্তু বারবার একে অপরের ওপর চড়াও হলেও অনেক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছে দুই দলই। দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটে ম্যান ইউকে স্বস্তির গোলটা এনে দেন পার্ক জি সুং। ডানপ্রান্ত দিয়ে নানির চমত্কার একটি ক্রসে মাথা ছুঁইয়ে আর্সেনালের জালে বল জড়িয়ে দেন এ দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। প্রথম একাদশে না নামালেও ৬৪ মিনিটের মাথায় বদলি হিসেবে সেস ফ্যাব্রিগাসকে মাঠে নামান আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। কিন্তু ফ্যাব্রিগাসও খুব বেশি সুবিধা করতে পারেননি। উল্টো ৭৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে যায় ‘রেড ডেভিল’রা। পেনাল্টি পাওয়ার পরও শেষ পর্যন্ত স্কোরটা ১-০ থাকায় ওয়েইন রুনিকে ধন্যবাদ দিতে পারে আর্সেনাল। রুনির শট আর্সেনাল গোলরক্ষককে রুখতেও হয়নি। গোলপোস্টের ওপর দিয়ে বল উড়িয়ে দিয়েছেন এই ইংলিশ তারকা।
১৭ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এক ম্যাচ কম খেলেই ম্যান ইউয়ের পয়েন্ট ৩৪। আগামী রোববার চেলসির বিপক্ষে জিততে পারলে শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে যাবে তারা। ১৭ ম্যাচ শেষে গতবারের শিরোপা জয়ী চেলসি ৩১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

ব্লুমবার্গের সঙ্গে যুক্ত হলো লংকাবাংলা সিকিউরিটিজ

দেশের শেয়ারবাজারের বিভিন্ন তথ্য, খাতওয়ারি নানা বিশ্লেষণসহ সামগ্রিক অর্থনীতির চিত্র বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি শেয়ারবাজার ও আর্থিক খাতে বিশ্বের জনপ্রিয় প্রচারমাধ্যম ব্লুমবার্গের সঙ্গে যুক্ত হয়েছে। এটি বিশ্বের আর্থিক খাত নিয়ে নিয়মিত গবেষণাও করে থাকে।
লংকাবাংলা দেশের প্রথম ব্রোকারেজ হাউস, যারা এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো। এর ফলে এখন থেকে সারা বিশ্বের বিনিয়োগকারীরা ব্লুমবার্গের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা পাবেন।
এ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে লংকাবাংলা সিকিউরিটিজের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালক মাহবুবুল আনাম, প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী, উপপ্রধান নির্বাহী ওয়ালি-উল-ইসলাম, প্রধান পরিচালন কর্মকর্তা খায়রুল আনাম চৌধুরী, ব্লুমবার্গের প্রতিনিধি নাতাশা মেহতা ও তানিয়া চোপড়া উপস্থিত ছিলেন।
ব্লুমবার্গের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক সংবাদ ও তথ্যসহ শেয়ারবাজারের তাৎক্ষণিক অবস্থা জানা যায়। এ ছাড়া ব্লুমবার্গ বিভিন্ন দেশের মুদ্রা ও শেয়ারবাজারের পরিস্থিতির বিশ্লেষণও প্রচার করে থাকে। টেলিভিশন, রেডিও, ম্যাগাজিন ও অনলাইনের মাধ্যমে এসব তথ্য প্রচার করা হয়। বিশ্বের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক ক্ষেত্রেই ব্লুমবার্গের তথ্যের ওপর নির্ভর করে থাকে।
নাতাশা মেহতা বলেন, বিশ্বজুড়ে ব্লুমবার্গের প্রায় আড়াই লাখ প্রাতিষ্ঠানিক গ্রাহক রয়েছে। যার মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউস, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, বিদেশি তহবিল ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা।
নাসির উদ্দিন চৌধুরী বলেন, বিশ্বজুড়ে ব্লুমবার্গের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। বিশ্বের বড় বড় বিনিয়োগকারী বিভিন্ন দেশে বিনিয়োগের আগে ব্লুমবার্গের তথ্য-সহায়তা নিয়ে থাকে। এসব তথ্যের ভিত্তিতেই তারা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। এখন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিনিয়োগকারীরা ব্লুমবার্গের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজার ও অর্থনীতির নানা খুঁটিনাটি তথ্য জানতে পারবেন। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইতিবাচক প্রচারণার আরেক ধাপ অগ্রগতি হবে।
নাসির উদ্দিন আশা প্রকাশ করেন, এতে করে শেয়ারবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে লংকাবাংলা শেয়ারবাজারের দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক তথ্যসহ সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ প্রচার করবে। ব্লুমবার্গের ওয়েবসাইটে গিয়ে লংকাবাংলার জন্য নির্ধারিত কোড ব্যবহার করে যে কেউ তা দেখতে পারবেন।

ট্রানজিট বিধিমালা প্রণয়নে চারটি কার্যপরিধি নির্ধারণ

পূর্ণাঙ্গ ট্রানজিট বিধিমালা তৈরি করতে চারটি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো: ট্রানজিট রুটসমূহ চিহ্নিতকরণ, অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ ও পুনরুদ্ধার, ট্রানজিট মাশুল এবং ট্রানজিটের অর্থনৈতিক বিশ্লেষণ।
এসব কার্যপরিধি নিয়ে কাজ করতে চারটি উপকমিটিও গঠন করা হয়েছে। উপকমিটিগুলোর সুপারিশের ভিত্তিতে চলতি মাসের মধ্যে একটি খসড়া রূপরেখা তৈরি করা হবে।
গতকাল সোমবার ট্যারিফ কমিশনে ট্রানজিট-সংক্রান্ত কোর গ্রুপের প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ও কোর গ্রুপের সভাপতি মজিবুর রহমান। এতে ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ট্রানজিট কাঠামো সম্পর্কে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, ট্রানজিট-সংক্রান্ত পূর্ণাঙ্গ বিধিমালা তৈরির সুবিধার্থে একটি সামগ্রিক প্রতিবেদন তৈরির জন্য ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে এই কোর গ্রুপ গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পররাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, এফবিসিসিআই ও বেসরকারি খাতের প্রতিনিধিরা রয়েছেন।
চলতি মাসের মধ্যে এই কোর গ্রুপকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। এই প্রতিবেদনের ওপর কর্মশালা ও জাতীয় সেমিনারের আয়োজন করা হবে। এরপর পূর্ণাঙ্গ ট্রানজিট বিধিমালা তৈরি করা হবে।
গতকালের বৈঠকে কোর গ্রুপের কাজ ভাগ করে চারটি উপকমিটি গঠন করা হয়েছে। অবকাঠামো বিশেষজ্ঞ রহমতউল্লাহকে রুট নির্ধারণ ও অবকাঠামো খাতে বিনিয়োগ-সংক্রান্ত উপকমিটি, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (শুল্ক) হুসেইন আহমেদকে ট্রানজিট মাশুল নির্ধারণসংক্রান্ত উপকমিটি, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানকে বিভিন্ন দেশ বা অঞ্চলের ট্রানজিট তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণসংক্রান্ত উপকমিটি এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সাদিক আহমেদকে অর্থনৈতিক বিশ্লেষণসংক্রান্ত উপকমিটির প্রধান করা হয়েছে।
এসব কমিটিকে ১৫ ও ২২ ডিসেম্বর বৈঠক করে তাদের প্রতিবেদন তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপকমিটির প্রতিবেদনের সুপারিশগুলো বিশ্লেষণ করে একটি সামগ্রিক প্রতিবেদন তৈরি করা হবে।
বৈঠক শেষে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আশা করি, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় অনুযায়ী চলতি মাসের মধ্যে পুরো প্রতিবেদনটি তৈরি করতে পারব। তাই উপকমিটিগুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।’
মজিবুর রহমান আরও জানান, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামো খাতে বিনিয়োগ ও ট্রানজিট মাশুল। দেশের জন্য যা লাভ হবে, তা-ই প্রতিবেদনে তুলে ধরা হবে।
ট্রানজিট মাশুলসংক্রান্ত উপকমিটি পণ্য পরিবহন, ট্রানজিট ও অন্যান্য মাশুল, নিরাপত্তা, চোরাচালান, দুর্ঘটনা, আইনগত জটিলতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে ট্রানজিট-সংক্রান্ত বিষয়াবলি নিয়ে কাজ করবে।
ট্রানজিট রুট চিহ্নিতকরণ, অবকাঠামো, প্রয়োজনীয় বিনিয়োগ ও পুনরুদ্ধারসংক্রান্ত উপকমিটি বিদ্যমান ট্রানজিট রুটসমূহের অবস্থা মূল্যায়ন করবে। এ ছাড়া নতুন রুট নির্ধারণের পাশাপাশি পুরোনো রুটগুলো দিয়ে ব্যাপক মাত্রায় পণ্য পরিবহন উপযোগী করতে কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হতে পারে, তার হিসাব-নিকাশ করবে এই উপকমিটি।
এ ছাড়া এসব ট্রানজিট রুট রক্ষণাবেক্ষণে মাশুল নির্ধারণ করা হবে। অবকাঠামো খাতে বিনিয়োগ করে কত দিনে তা উঠে আসবে, তার একটি ধারণা দিতে বলা হয়েছে এই উপকমিটিকে।
এ ছাড়া আরেকটি উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের ও অঞ্চলের ট্রানজিট মাশুল, অবকাঠামো, আইনসহ যাবতীয় তথ্য সংগ্রহের। এই উপকমিটি এসব তথ্য-উপাত্ত সরবরাহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরিতে সহায়তা করবে।
এই তিনটি উপকমিটির সুপারিশগুলোকে বিশ্লেষণ করে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে ট্রানজিট কতটা লাভজনক হবে, তার একটি ধারণাপত্র তৈরি করবে সাদিক আহমেদের নেতৃত্বে থাকা উপকমিটি। এই উপকমিটি মূলত সবশেষে কাজ শুরু করবে।
তবে বৈঠকে অংশ নেওয়া কোর গ্রুপের একজন সদস্য প্রথম আলোকে জানান, এত অল্প সময়ে ট্রানজিটের মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তৈরি করা বেশ দুরূহ। কয়েক মাস সময় পাওয়া গেলে নিখুঁত প্রতিবেদন তৈরি করা সম্ভব হতো।

কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে কুয়েতের অনুদান

বাংলাদেশকে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে প্রায় ৭০ কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে কুয়েত সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ কথা জানানো হয়।
ইসলামি দেশগুলোর খাদ্য নিরাপত্তা কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে ২০০৮ সালে কুয়েতের আমিরের উদ্যোগে ‘কুয়েত গুডউইল ফান্ড’ গঠিত হয়। সেই তহবিল থেকেই এ অনুদান দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) মাধ্যমে পরিচালিত এ অনুদান সহায়তাসংক্রান্ত খসড়া গ্রান্ট এগ্রিমেন্ট চূড়ান্ত করার লক্ষ্যে ওই ফান্ডের দুই সদস্যের একটি দল ৫ থেকে ১০ ডিসেম্বর বাংলাদেশ সফর করে। এ সময় একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া, কুয়েত ফান্ডের পক্ষে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহাম্মদ আলদাফিরি এবং পিকেএসএফের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার পারভিন মাহমুদ।
চুক্তি অনুযায়ী এ তহবিলের অর্থ পিকেএসএফের সহযোগী এনজিওগুলোর মাধ্যমে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংক্ষরণ ও বাজারজাতকরণ-সংক্রান্ত প্রকল্পে ক্ষুদ্রঋণ হিসেবে ব্যবহূত হবে। তহবিলটি ঋণ হিসেবে ব্যবহারের মাধ্যমে পাওয়া আয় রিভলভিং ফান্ড হিসেবে পুনরায় প্রকল্পে ঋণ প্রদান করা হবে।

মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে বিনিয়োগ করতে হবে: ডিএসই প্রেসিডেন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেছেন, পুঁজিবাজার অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্ধনশীল। তাই বিনিয়োগকারীদের পুঁজিবাজার সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করা দরকার। সঠিক বিনিয়োগের জন্য প্রযুক্তিগত ও মৌলিকজ্ঞান অর্জন খুবই গুরুত্বপূর্ণ।
ডিএসইর ট্রেনিং একাডেমি আয়োজিত মাসব্যাপী ‘বিনিয়োগ সচেতনতা কর্মসূচির’ আওতায় নয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে শাকিল রিজভী গতকাল সোমবার এ কথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজার ব্যাপকভিত্তিক একটি ধারণা, তাই বিনিয়োগ সম্পর্কে যাঁর বেশি ধারণা থাকবে, তাঁর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। টেকসই পুঁজিবাজার গঠনে বিনিয়োগকারীদের নিজের স্বার্থেই যথাযথ ধারণা নেওয়ার বিকল্প নেই।
শাকিল রিজভী বিনিয়োগকারীদের ধৈর্যের সঙ্গে বাজার পর্যবেক্ষণ করার পরামর্শ দেন এবং তাঁদের সব ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান। তিনি প্রশিক্ষণার্থীদের সিকিউরিটিজগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, কোম্পানিগুলোর বিগত পাঁচ বছরের অবস্থা, লভ্যাংশ ঘোষণার হার প্রভৃতি বিষয় দেখে বিনিয়োগের পরামর্শ দেন।
প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার-সম্পর্কিত প্রারম্ভিক ধারণা, ডিএসই ও এসইসির কার্যক্রম, পুঁজিবাজারের বৃদ্ধি ও সম্ভাবনা, ট্রেন্ড এনালাইসিস, আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এবং স্টক এনালাইসিস, শেয়ারের লাভ-লোকসান, ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস এবং বিনিয়োগকারীদের অধিকার ও দায়িত্ব প্রভৃতি বিষয়ে ধারণা দেন এসইসি ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা।
প্রশিক্ষণ শেষে ডিএসইর প্রেসিডেন্ট অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় ডিএসই ট্রেনিং একাডেমির দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক আল আমীন রহমান উপস্থিত ছিলেন। ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী বছর আফগানিস্তানে সহিংসতা বাড়তে পারে

আগামী বছর আফগানিস্তানে বিদেশি সেনাদের আরও বেশি সহিংসতা মোকাবিলা করতে হতে পারে। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের (আইএসএএফ) একজন মুখপাত্র গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জোসেফ ব্লোটজ বলেন, ‘২০১১ সালে আমরা আরও সহিংসতা মোকাবিলা করতে যাচ্ছি। আমাদের কাজ শেষ হয়নি। লড়াই এখনো বাকি রয়েছে। কাজেই তালেবানের ওপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।’
জোসেফ আরও বলেন, ‘আগামী বছর আফগানিস্তানে কয়টা সহিংস ঘটনা ঘটবে, সে সংখ্যার ওপর আমি আলোকপাত করতে চাই না। তবে দেশটিতে আমাদের শক্তি বাড়ানো দরকার। কারণ, তালেবানের হামলা থেকে আফগান জনগণকে রক্ষা করার দায়িত্ব আমাদের।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানে অতিরিক্ত ৩০ হাজার মার্কিন সেনা পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ওবামার পদক্ষেপ আফগানিস্তানের নয় বছরের বিদ্রোহ প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এখন দেশটিতে সহিংসতার মাত্রা যেকোনো সময়ের চেয়ে বেশি। চলতি বছরের এ পর্যন্ত দেশটিতে ৬৯২ জন বিদেশি সেনা নিহত হয়েছেন। গত বছর দেশটিতে ৫২১ জন বিদেশি সেনা নিহত হন।

শ্রীলঙ্কায় জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ বিলুপ্ত

শ্রীলঙ্কার মন্ত্রিসভা দেশটির জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ বিলুপ্ত করেছে। এখন থেকে জাতীয় সংগীত ‘শ্রীলঙ্কা মাতা’ কেবল দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের সিংহলি ভাষায় পরিবেশিত হবে। গত রোববার শ্রীলঙ্কার সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়। এ খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের তামিল নাগরিকেরা।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে জাতীয় সংগীতের তামিল ভাষার সংস্করণ বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট বলেন, বিশ্বের কোনো দেশে জাতীয় সংগীত একভাষা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় গাওয়া হয় না। প্রত্যেককে ভাবতে হবে, শ্রীলঙ্কা একক একটি দেশ।
শ্রীলঙ্কার জাতীয় সংগীতের তামিল সংস্করণ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে পরিবেশিত হয়ে আসছিল। এসব এলাকার বেশির ভাগ নাগরিক তামিল। তামিল সংস্করণ সিংহলি সংস্করণের অনুরূপ এবং সুরও এক। ১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করার পর থেকে জাতীয় সংগীতের তামিল সংস্করণ পরিবেশিত হচ্ছিল।
শ্রীলঙ্কার প্রধান তামিল রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করা হয়েছে।

অ্যান্টার্কটিকায় দ.কোরিয়ার ট্রলার ডুবে ২২ জেলের মৃত্যু

অ্যান্টার্কটিকায় গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার মাছ ধরার একটি ট্রলার ডুবে ২২ জেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিউজিল্যান্ডের ম্যারিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রলারটি এত দ্রুত তলিয়ে যায় যে জরুরি বার্তা পাঠানোর মতো সুযোগ পাননি এর নাবিক।
ট্রলারটির মালিকানা সংস্থা ইনসাং করপোরেশনের মুখপাত্র রাইয়ান কিম জানিয়েছেন, তাঁদের মাছ ধরা ওই ট্রলারের সব মিলিয়ে ৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর অপর একটি নৌকা ২০ জনকে জীবিত উদ্ধার করে। এ ছাড়া পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ জনের কোনো খোঁজ মেলেনি। তাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে অথবা প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
উপকূলরক্ষীদের এক মুখপাত্র জানান, ওই মাছ ধরা ট্রলারে কোরিয়ার আটজন, চীনের আটজন, ইন্দোনেশিয়ার ১১ জন, ভিয়েতনামের ১১ জন, ফিলিপাইনের তিনজন ও রাশিয়ার একজন নাগরিক ছিলেন। মৃত ব্যক্তিরা কোনো দেশের নাগরিক, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কুয়েতে আল-জাজিরার কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে

কুয়েত সরকার সে দেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে। কুয়েতের বিরোধী দলের একটি জনসভায় পুলিশি অভিযানের চিত্র সম্প্রচার করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আল-জাজিরার খবরে দেখানো হয়েছে, গত বুধবার বিরোধী দল আয়োজিত ওই সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীদের পুলিশ লাঠিপেটা করছে। এতে বিরোধীদলীয় চারজন এমপি ও অসংখ্য কর্মী আহত হয়েছেন। এ অভিযানের পর পুলিশের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে বিরোধীদলীয় কর্মীদের সাক্ষাৎকার সম্প্রচার করা হয়।
গতকাল সোমবার পার্লামেন্টে বিরোধীদলীয় তিনজন এমপি পুলিশি নির্যাতনের এ ঘটনার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। এ সময় তাঁরা জনগণের স্বাধীনতার ওপর সরকারের দমনপীড়নের অভিযোগ আনেন।
আল-জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষ বলেছে, কুয়েত সরকার তাদের চ্যানেলের প্রতিনিধিদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রত্যাহার করে নিয়েছে।
এর আগে ২০০২ সালের নভেম্বর মাসে ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে আল-জাজিরার কার্যালয় আরও একবার বন্ধ করেছিল কুয়েত সরকার। তাদের অভিযোগ ছিল, চ্যানেলটি কুয়েত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরে ২০০৫ সালের মে মাসে এটি খুলে দেওয়া হয়। কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির কুয়েতে এক রাষ্ট্রীয় সফর উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রসঙ্গত, আল-জাজিরার খবর সম্প্রচারকে কেন্দ্র করে কাতারের সঙ্গে আরব বিশ্বের অন্যান্য দেশের বেশ কিছুদিন থেকে সমস্যা চলছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি বরখাস্ত

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহ্র মোত্তাকিকে বরখাস্ত করেছেন। গতকাল সোমবার ইরানি বার্তা সংস্থা ইরনা এ কথা জানায়। তাঁকে বরখাস্ত করার কারণ জানানো হয়নি।
আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থার খবরে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে আপনি যে সেবা দিয়েছেন, এ জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাজ প্রশংসার দাবিদার।
মোত্তাকি একজন পেশাদার কূটনীতিক। ১৯৯১ সালে তেহরান ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালের আগস্টে তাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়। তিনি এখন সরকারি সফরে সেনেগালে রয়েছেন।