Showing posts with label আবদুল্লাহ আবু সায়ীদ. Show all posts
Showing posts with label আবদুল্লাহ আবু সায়ীদ. Show all posts

Saturday, May 10, 2025

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া: ‘পৃথিবীর সেরা বইগুলো থেকেই আনন্দ খুঁজে নিতে হবে’

শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বই পড়তে উৎসাহিত করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, পাঠ্য বইয়ে আলো খুঁজে পাওয়া যায় না। পাঠ্য বই হলো চাকরি, বৈষয়িক উন্নতি।  কাজেই পাঠ্য বইয়ের বাইরে পৃথিবীর সেরা লেখকরা যা লিখেছেন, সেটা জানতে হবে। সেখানে আনন্দ খুঁজে বের করতে হবে। গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দুই দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম দিনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন তিনি।

বইপড়াকে উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বইপড়া নিয়ে নানা কর্মসূচির আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষের সন্ধানে সাতচল্লিশ বছর ধরে সারা দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। দুই দিনব্যাপী বইপড়া কর্মসূচির প্রথম দিনে গতকাল কৃতিত্বের জন্য ঢাকা মহানগরের ২ হাজার ৫০০শ’ ৬৩ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেয় বিশ্বসাহিত্য কেন্দ্র। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বর্ণিল আয়োজনে রাজধানীর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্ব অতিথি ছিলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলা একাডেমির পরিচালক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, জাদুশিল্পী জুয়েল আইচ, অধ্যাপক আনু মুহাম্মদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, সাবেক সচিব খন্দকার মো. আসাদুজ্জামান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন প্রমুখ।

বাংলা একাডেমির পরিচালক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, বইকে গুরুত্ব না দিলে মানুষের সভ্যতা উন্নতির দিকে যাবে না।  স্ক্রিনে পড়া আর ছাপা কাগজে পড়ার মধ্যে ভিন্নতা আছে। এখানে মতপার্থক্যও আছে। অনেকেই বলেন, বই মানুষকে ভেঙে নতুন করে গঠন করে। তিনি বলেন, বইয়ের মধ্যে যে ভালোমন্দ আছে, তা বিচার করতে হবে। মহাত্মা গান্ধী একটা কথা বলেছেন, বেশি বই পড়ে মানুষ ভালো মানুষ হয় না। ভালো মানুষ হয় ভালো বই পড়লে। বইয়ের মধ্যে ভালো-মন্দ বিচার করতে হবে।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার শিক্ষার্থীদের বলেন, আজকে যারা এখানে এসেছেন, তারা প্রতিজ্ঞাবদ্ধ হলে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বহু কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কারে কোনো কমিশন করেনি। সরকার শিক্ষাবৈষম্য দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই  সরকার এ বিষয়ে উদ্যোগী হয়ে মানসম্পন্ন শিক্ষা কাঠামো তৈরি করবে আশা করি।

যাদুশিল্পী জুয়েল আইচ আর্নেস্ট হেমিংওয়ের একটি বিখ্যাত উক্তির উল্লেখ করে বলেন, বইয়ের চাইতে বিশ্বস্ত বন্ধু আর কেউ নেই, কিছু নেই। তাই ছাত্রছাত্রীদের বেশি বেশি করে বই পড়তে হবে।
তৃতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বিশ্বসাহিত্য কেন্দ্রের সূচনালগ্নের স্মৃতিচারণ করে বলেন, আবদুল্লাহ আবু সায়ীদ স্যার যখন বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন, তখন উনাকে অনেকেই পাগল বলেছেন। কিন্তু তিনি লক্ষ্য থেকে একবারও সরেননি। দীর্ঘ পথ চলায় সততা ছিল তার সঙ্গী। তিনি মনে করতেন, আমি একদিন লক্ষ্যে পৌঁছাবই। তিনি পৌঁছাতে পেরেছেন।

মতিউর রহমান চৌধুরী বলেন, সায়ীদ স্যার আমাদের শক্তি, আমাদের সাহস। আমরা একজন অবিভাবক পেয়েছি। আর তিনি আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। বিশ্বসাহিত্য কেন্দ্রের স্লোগান ‘আলোকিত মানুষ চাই।’ স্যার বলবেন, এটা কোনো মতাদর্শ নয়। কিন্তু আমি বলবো, এটার মতাদর্শ অবশ্যই আছে। সমাজে ‘আলোকিত মানুষ’ নেই বলেই তিনি ‘আলোকিত মানুষ’ চেয়েছেন।
মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন- অনেকেই বলেন, মোবাইল ফোন মানুষের শত্রু। হ্যাঁ, এটা শত্রু, আবার বন্ধু। ভালো জিনিসও মোবাইল ফোনে পাওয়া যায়, সেটা দেখতে হবে। এটি বই পড়ার সহায়ক হতে পারে ।
আবদুল্লাহ আবু সায়ীদ প্রচারবিমুখ মানুষ উল্লেখ করে তিনি বলেন, অনেক পুরস্কারই তিনি পেয়েছেন, কিন্তু স্যারের আরও বড় পুরস্কার পাওয়ার কথা। আমি বিশ্বাস করি, তিনি ভবিষ্যতে আরও বড় পুরস্কার পাবেন।  

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রবীন্দ্রনাথের একটা কথা আছে, আমাদের জন্য ৬ ফুটই যথেষ্ট। কিন্তু মানুষ তো ৬/৭ ফিটের মধ্যে বাঁচতে পারে না। মানুষের ভেতরে অসীম একটা শক্তি আছে। যা প্রকাশিত হয় অন্যের সঙ্গে যোগাযোগের মাধ্যম। তা হয় একমাত্র বইয়ের মাধ্যমে। অন্যের সঙ্গে পরিচয়ের মাধ্যমে নিজের মধ্যে যে সৃজনশীলতা ও সম্ভাবনা থাকে তা প্রকাশিত হতে পারে। জীবনটাও তেমনই। শুধুমাত্র বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, তা হলেই মানুষ বাঁচতে পারে না।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, তরুণদের জ্ঞানের বিকাশ এবং মানসিক উৎকর্ষতার জন্য বই পড়ার বিকল্প নেই। তাই আলোকিত মানুষ গড়ার অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র যে বইপড়া কর্মসূচি হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমরাও গর্বিত।

উল্লেখ্য, ২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরের ৭৫টি স্কুলের প্রায় ২০,০০০ ছাত্রছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এসব স্কুলের ৫ হাজার ৯৪ জন শিক্ষার্থী মূল্যায়নপর্বে বিজয়ী হয়েছে। বিজয়ী শিক্ষার্থীদের ১১৫৭ জন ছাত্র ও ৩৯৩৭ জন ছাত্রী।
mzamin

Friday, February 14, 2020

ভেলরির বিয়ে এবং... by আবদুল্লাহ আবু সায়ীদ

আমি হতাশ হওয়ার বান্দা নই। কিন্তু একটু আগে ভেলরি টেইলরের কথা শুনতে শুনতে আমার মধ্যে হতাশা এসে গেছে। দেখলাম উনি সেই সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশের অচেনা অজানা অপরিচিত জায়গায় এসে যে মহান অবদান রেখেছেন আমরা এখানে বাস করে, তাঁর চেয়ে অনেক বেশি পরিচিতি ও প্রভাব নিয়েও তাঁর তুলনায় কিছুই করতে পারিনি। উনি অন্তত আমার চেয়ে এই সমাজকে বেশি দিয়েছেন। সেইজন্য আমি তাঁকে অভিনন্দন জানাই।

আমাদের দেশে মানুষের মধ্যে আজ বিরাট হতাশা। আমি যখন দেশের বিভিন্ন জায়গায় বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা খুলতে যাই তখন প্রায়ই লোকেরা বলে: ‘আর জায়গা পেলেন না ভাই, এখানে এসেছেন! শাখা খুলবেন কোনখানে। সব তো এখানে জন্তু-জানোয়ার।’ আমি কিন্তু তাঁদের সাবধানবাণী শুনি না। শাখা খুলে ফেলি।
বছর-পাঁচেক পর সে-শাখা যখন ফুল পাতায় ঝলমলিয়ে ওঠে তখন তাঁদের কাছে গিয়ে বলি: ‘আপনারা তো ‘জানোয়ার’ ‘জানোয়ার’ করেছিলেন কিন্তু দেখুন কত মানুষ আছে এখানে। কেউ খোঁজেননি বলে তাদের পাননি। যারা এদেশে আজ এই জাতির শক্তি ও বিবেককে ধারণ করে আছে, খুঁজলে ঠিকই তাদের পাওয়া যাবে। না-খুঁজলে কী করে পাব?’

আমাদের চারপাশে যে-অসংখ্য অবহেলিত পঙ্গু মানুষেরা অসহায় হয়ে, তিলে তিলে ধুঁকে মরছে, ভালোবেসে তাদের না খুঁজলে কোনোদিন তাদের আমরা দেখতে পাব না। যতক্ষণ পর্যন্ত তাদের জন্য আমাদের ভেতরে ভালোবাসা না জাগবে ততক্ষণ আমরা কেবল ওদের ঐ কুশ্রী চেহারাতেই দেখব। ফরাসি রূপকথায় ‘বিউটি এ্যান্ড দি বিস্ট’ নামে একটা অপূর্ব গল্প আছে। গল্পটাতে আছে: দানবের মতো দেখতে একটা জন্তু বিউটিকে তার প্রাসাদে ধরে নিয়ে যায়। বিউটি খুবই রূপসী। জন্তুটা বিউটিকে খুবই ভালোবাসে, তার জন্য একা ডুকরে ডুকরে কাঁদে, তাকে বিয়ে করতে চায়। কিন্তু বিউটির মনে তার জন্য প্রেম জাগে না। ‘ও একটা জানোয়ার। ওকে কী করে ভালোবাসব’, মনে হয় বিউটির। ভালোবাসার যন্ত্রণায়, কষ্টে জন্তুটা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তার মৃত্যুদিন ঘনিয়ে আসে। একদিন প্রাসাদের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ বিউটি ঐ মৃত্যুযন্ত্রণাক্লিষ্ট জানোয়ারটার গোঙানি শুনতে পায়। কাছে গিয়ে দেখে কষ্টে বেদনায় সে শেষ হয়ে এসেছে। জন্তুটার কষ্ট দেখে বিউটির চোখ থেকে কয়েক ফোঁটা পানি মাটিতে গড়িয়ে পড়ে। তার অমনি ঘটে এক আশ্চর্য ঘটনা। জানোয়ারটা সুদর্শন রাজপুত্র হয়ে তার সামনে দাঁড়িয়ে যায়। (আসলে জন্তুটা ছিল একজন অভিশপ্ত রাজপুত্র। যার শাপে সে জন্তু হয়েছিল, সে শর্ত দিয়েছিল, তার দুঃখে ব্যথিত হয়ে কেউ যদি কোনোদিন চোখের পানি ফেলে তবে সে আবার তার রাজপুত্রের চেহারা ফিরে পাবে।) গল্পটার ভেতরের মূল কথাটা কি? কথাটা হল: আমাদের চারপাশের দুঃখী পৃথিবীটা অমনি এক সুদর্শন রাজপুত্রের মতো। অপ্রেমের অভিশাপে সে জন্তুর মতো কদাকার হয়ে আছে। যতক্ষণ আমরা তাকে ভালো না বাসি ততক্ষণ সে তার অভিশপ্ত চেহারা নিয়েই দাঁড়িয়ে থাকে। আমরা সেই রাজপুত্রকে পাই তখনই যখন তার জন্য আমাদের চোখের পানি মাটিতে ঝরে।

পৃথিবীর কুশ্রীতম নিঃস্বতম মানুষের মধ্যেও আছে এই রাজপুত্র। আমাদের প্রেম দিয়ে, বেদনা দিয়ে, অশ্রু দিয়ে ভালোবাসা দিয়ে সেই রাজপুত্রকে পেতে হয়। ভেলরি টেইলর তাদের পেয়েছেন। তিনি বাংলাদেশকে ভালো বেসেছেন, এখানকার দুঃখী মানুষের জন্য চোখের পানি ফেলেছেন। তাই সুন্দর রাজপুত্রের মতো এই বাংলাদেশ তাঁর চারপাশে আজ দাঁড়িয়ে আছে।

উনি বাংলাদেশের প্রেমে পড়েছেন। আমার ধারণা কেবল প্রেমে পড়েননি, এদেশের সঙ্গে তিনি বিবাহিতও হয়েছেন। না হলে শুধু প্রেমের জন্য এতদিন, দীর্ঘ তিরিশটা বছর কি তিনি কাটাতে পারতেন? প্রেম এত দীর্ঘজীবী নয়। আমি নিশ্চিত এই জাতির সঙ্গে এক অচ্ছেদ্য বন্ধনে তিনি বাঁধা। কিন্তু কিসের সঙ্গে বাঁধা পড়েছেন? না, এর সুখ-স্বাচ্ছন্দ্য বা ভোগলিপ্সার সঙ্গে নয়, আখের গোছানোর সঙ্গে নয়, বাঁধা পড়েছেন তিনি এ জাতির অসহায়তার সঙ্গে, নিঃস্বতার সঙ্গে। এর দুঃখ আর অশ্রুর সঙ্গে। উনি অনুভব করেছেন এই বেদনাগুলো ইউরোপেও আছে, কিন্তু অত স্পষ্ট করে তাদের দেখা যায় না। গেলেও সেই বেদনায় শুশ্রƒষা দেবার মানুষ সেখানে আছে। কিন্তু এখানে কেউ নেই। তাই এই বেদনা এবং দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নিয়েছেন। আমাদের জাতির এই দুঃখের সঙ্গেই তিনি সত্যিকারভাবে বিবাহিত হয়েছেন।

কিন্তু তাই বলে এই প্রাপ্তিটুকুর জন্য একটা গোটা জীবন দিয়ে দেওয়া এ কি এতই সহজ? আমাদের হতাশা-যন্ত্রণা, দুঃখ-কষ্ট আজ এতটাই দুঃসহ যে বেঁচে থাকার সমস্ত আশা আর আনন্দ মানুষ হারিয়ে ফেলেছে। কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশের তলা থেকে আজ জেগে উঠছে আরেকটা বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা আজো ঠিকমতো দেখিনি, কিন্তু অচিরেই দেখব। সে সুখে আশায় ভরা এক সমৃদ্ধ বাংলাদেশ। আজ সে নেই, কিন্তু সংগ্রাম ও দুঃখের মধ্যদিয়ে তাকে বহু মানুষ তিল তিল করে জন্ম দিয়ে চলেছে। আমাদের সংগ্রাম সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য।
হুবহু এক কাজ না করলেও আমাদের সঙ্গে গভীর মিল আছে তাঁর। উনি একধরনের প্রতিবন্ধী শুধু শারীরিক হয় না, মানসিকও হয়Ñআত্মাও হয়। প্রমথ চৌধুরী লিখেছেন: ‘দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় প্রতিবন্ধিত্বের মতো স্পর্শগ্রাহ্য নয় বলে তা আমাদের চোখে পড়ে না। যদি আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখা হত তাহলে হয়তো দেখা যেত আমাদের তেরো কোটি লোকের মধ্যে ১২ কোটি ৯০ লক্ষ লোক অনেক আগেই মারা গেছে। আমরা সেই মানসিক প্রতিবন্ধিত্বকে সারিয়ে তোলার জন্য অল্পস্বল্প কাজ করছি। কিন্তু শুধু শারীরিক বা মানসিকÑএর যে-কোনো একটিকে আরোগ্য করলেই চলবে না। দুটোকেই আমাদের সারিয়ে তুলতে হবে। আমরা এই দুই প্রতিষ্ঠান থেকে দুই ধরনের প্রতিবন্ধীদের সারিয়ে তোলার লক্ষ্যে কাজ করছি। এদিক থেকে আমরা পরিপূরক।

এতক্ষণ ভেলরি টেইলরের কাছ থেকে যে-গল্প আমরা শুনলাম এ কি ব্যর্থতার গল্প? এই-যে অসহায়, আশ্বাস-হারিয়ে-ফেলা পঙ্গু হওয়া মানুষদের নিষ্ফল জীবন থেকে টেনে তুলে আলো-আশায় ভরা একটা স্বনির্ভর জীবনের মধ্যে তিনি বাঁচিয়ে তুলছেন, সম্মান আর মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করছেন, এ কি সোজা কাজ? আলোকিত মানুষের জন্য আন্দোলন কি শুধু আমরাই করি? এটাও কি আলোকিত মানুষেরই আন্দোলন নয়? তাঁর মমতার স্পর্শ পেয়ে পঙ্গু বিকলাঙ্গ মানুষেরা এই যে পৃথিবীকে আবার দেখছে, এখানে নিঃশ্বাস নিচ্ছে কী অসাধারণ কাজ এ? কী আলোকবর্তিকারই প্রজ্বলন নয়? একটা মাত্র জীবনই তো আমরা পাই পৃথিবীতে। সেই জীবন হারিয়ে ফেলার চাইতে যন্ত্রণাময় অন্ধকারময় আর কী হতে পারে? সেই জীবন আবার ফুটে উঠল, একটা নিভে যাওয়া প্রদীপ আবার আলোকিত হলÑএটা যে কতবড় অপার্থিব আনন্দ, এ যে পেয়েছে সে-ই জানে। এমনি হাজার হাজার প্রদীপ জ্বালাতে পেরেছেন বলেই এদেশে তিনি থেকে গেছেন, এখানকার মানুষকে ভালোবেসেছেন বলেই জীবনটা তাদের জন্য দিতে পারছেন।

উনি যখন কথা বলছিলেন আমি তখন তার পবিত্রতামাখা মুখের দিকে তাকিয়ে ছিলাম। নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেওয়ার মধ্যে পরিতৃপ্তি আর প্রসন্নতায় জ্বলজ্বল করছিল তাঁর মুখ। তাঁর মুখের দীপ্তির মধ্যেই তাঁর ভালোবাসা আমি দেখছিলাম। আমরা অক্ষম। একেকবার একেক ইচ্ছার চাবুক ক্ষতবিক্ষত হই। একবার এটা করি, একবার সেটা। কোনোকিছুতে একাগ্র হতে পারি না। আমার নিজের কথাই বলি। একবার টেলিভিশনে যাই তো একবার করি ডেঙ্গু আন্দোলন। একবার সমাজ, একবার শিল্প; একবার শিক্ষা, একবার সাহিত্য, একবার পরিবেশÑকী এসব! জীবনের সর্বোচ্চকে স্পর্শ করতে চাইলে একটা জায়গায় নতজানু হতে হয়, সেজদা দিয়ে তার ভেতর বিলীন হতে হয়। আমাদের মতো বিশৃঙ্খল, অস্থির, অস্বস্ত মানুষরা এটা পারে না। তাঁকে আমি কৃতজ্ঞতা জানাই এজন্য যে, নিমগ্ন আত্মদানের তিনি এক অনন্য উদাহরণ।

একদিন আমার আমন্ত্রণে ঢাকার স্কুলগুলোর বেশ কিছু হেডমাস্টার এই ঘরে এসেছিলেন। সভা শুরু হলে দেখলাম কয়েকজন ফাদার রয়েছেন তাঁদের মধ্যে। তাঁদের দেখে মনে হল, যে-জ্যাম, জেলি, রুটি, মাখনের জন্য আমাদের মানুষেরা পাগলের মতো দেশ ছেড়ে যায় যায় ইয়োরোপ আমেরিকায়, এঁরা সেসব দেশের সেই সব মোহ ছেড়েই গারো পাহাড়, আসাম আর সুমাত্রার জঙ্গলের মধ্যে জীবন শেষ করে চলেছেন। ভাবলাম, আমরাও কি এই আদর্শের উদাহরণ হতে পারি না? এই ফাদারদের দেখলেও তো বোঝা যায়, কীভাবে মানুষ নিজেদের জীবন উৎসর্গ করে। আহরণের ভেতর দিয়ে মানুষ টিকে থাকে, কিন্তু বড় হয় দিতে পারার মধ্য দিয়ে। ছোটজীবনকে উৎসর্গ করেই বড়জীবনকে পেতে হয়; পৃথিবীকে উৎসর্গ করে স্বর্গকে। তাহলেই কেবল জীবন ওরকম আনন্দ-জ্যোতিতে ভরে ওঠে। তিনি ঠিক এই কাজটিই করছেন। তিনি এই নিঃস্ব হতশ্রী দেশে এসে আহত আশাহীন মানুষের সেবায় জীবন শেষ করছেন। তাই তাঁর মুখে এই স্বর্গীয় বিভা, এই অবিশ্বাস্য দীপ্তি।

রাশফুকোর বইয়ে আছে: ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারার খুঁতগুলোর সাথে মনের খুঁতগুলোও ধরা পড়ে।’ কিন্তু এটা সবার জন্য সত্য নয়। যে মনে বা চেহারায় খুঁত নেই বয়স সে খুঁত খুঁজে পাবে কী করে? এমন জীবন কি বয়সের সঙ্গে আরও সুন্দর হয়ে উঠবে না? চল্লিশ বছরের রবীন্দ্রনাথের চাইতে আশি বছরের রবীন্দ্রনাথ অনেক বেশি সুন্দর। কেন? ‘ঐতরেয় ব্রাহ্মণ’ নামে একটা পর্ব আছে উপনিষদের মধ্যে। সেখানে একটা জায়গায় বলা হয়েছে: ‘চলতে চলতে যে মানুষের বদন শ্রান্ত, সেই শ্রান্ত বদনের চাইতে সুন্দরতর শোভা তুমি কোথায় দেখতে পাবে?’ শ্রমের মধ্যে দিয়ে, আত্মোৎসর্গের মধ্য দিয়ে, যে-মানুষের মুখমন্ডল শ্রান্ত হয়েছে সেই শ্রান্ত মুখমন্ডলের চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। তাই তাঁর মুখ অমন জ্যোতিতে ভরা। ঐ বইয়ে এমনি আরও অনেক অনবদ্য কথা আছে। তার একটা বলেই কথা শেষ করব।

একটু ভূমিকা দিয়ে কথাটা বলি। আপনারা জানেন, হিন্দুশাস্ত্রে আছে পৃথিবীতে যুগ চারটি। প্রথমে ছিল সত্য যুগ। তখন মিথ্যা, পাপ, অন্যায়Ñএসব কিছুই ছিল না, গরুর দুধ ছিল একদম খাঁটি। তারপর এল দ্বাপর, তারপর এসেছে ত্রেতা। আর আমরা বাস করছি কলির যুগে। কলির যুগে মানে মিথ্যা পাপ আর অনাচারে ভরা পৃথিবীতে। ঋষি বলছেন এই যুগবিভাগ সঠিক নয়। অন্যভাবে একে দেখতে হবে। আসলে: ‘আমরা যখন ঘুমিয়ে থাকি তখনই কলিকাল, যখন জাগি তখন ত্রেতা, যখন উঠে দাঁড়াই তখন দ্বাপর এবং যখন চলতে শুরু করি তখনই সত্যযুগ।’ সুতরাং ‘চল চল।’ যতক্ষণ চলছি ততক্ষণই সত্যযুগ। তাঁকে দেখলেই বোঝা যায় উনি রয়েছেন সত্যযুগে, কারণ তিনি কেবলই চলছেন। তাই তিনি এমন স্নিগ্ধ আর উজ্জ্বল। আমার হৃদয়ের সমস্ত অভিনন্দন তাঁর জন্য। আমরা আশা করি আদর্শ, আবেগ, অনুভূতি বা স্বপ্নগতভাবে আমরা ভবিষ্যতেও একসঙ্গে থাকব।

>>>বিশ্বসাহিত্য কেন্দ্রে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনে ভেলরি টেইলর-এর ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রদত্ত বক্তৃতা: ২০০১

Thursday, February 13, 2020

প্রেম কত প্রকার ও কী কী? -আবদুল্লাহ আবু সায়ীদ এর প্রেম বই থেকে

ধরা যাক, হঠাৎ নিরুপায়ের মতো আপনি টের পেলেন আপনার পাড়ার কোনো তন্বী সুন্দরী আপনার দিনরাত্রির স্বপ্ন-অনুভূতির ভেতর জীবন্ত উপদ্রবের মতো ঘোরাফেরা শুরু করেছে এবং আপনার দিনের শান্তি আর রাতের ঘুম নিশ্চিহ্ন করার পাঁয়তারা কষছে। ধরা যাক, এই নরকযন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্যে মরিয়া হয়ে একদিন আপনি সেই সুন্দরীর কাছে আপনার হৃদয়বেদনার কথা প্রকাশ করে ফেললেন। কিন্তু ফল হল আরও হৃদয়বিদারক, সেই হৃদয়হীনা আপনার বেদনাকে পুরোপুরি পায়ের তলায় নিষ্পিষ্ট তো করলেনই, উপরন্তু এসব অযথা বিষয়ে সময় নষ্ট না করে পরীক্ষায় ভালো ফল করার জন্যে আপনাকে লেখাপড়ায় মনোনিবেশ করার পরামর্শ দিলেন। তরুণ প্রেমিক, বলুন, তার কথা মেনে আপনি কি লক্ষ্মীছেলে হয়ে পড়াশোনায় ডুবে যাবেন? না। তাহলে তো আপনি তাকে পাবেন না। তাকে পেতে হলে আপনাকে করতে হবে অন্যকিছু। দিন-তিনেক পর আপনার বিমর্ষ মলিন অশ্রুবিধুর মুখখানা নিয়ে আবার তার সামনে গিয়ে হাজির হতে হবে। প্রথমদিনের মতো একইভাবে আবার আপনাকে তার ভালোবাসা ভিক্ষা করতে হবে, তাকে আপনার হৃদয়ন্ত্রণার একবার করে একইভাবে ফিরে-ফিরে আপনাকে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে।
দাঁড়াতে দাঁড়াতে একসময় আপনি দেখবেন, যে সুন্দরী প্রথম দিন আপনাকে পুরোপুরি অগ্রাহ্য করেছিল সেই মেয়েটিই হয়ত আপনার ব্যাপারে কিছুটা নমনীয় হয়ে আসছে। হয়ত একসময় আপনাকে তার কিছুটা ভালোও লেগে গেছে। একই ব্যাপার প্রায় একই ব্যবধানে বারে বারে ফিরে ফিরে আসতে থাকলে তা একসময় আমাদের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে থাকে। একসময় তা ভালো, লাগতেও শুরু করে। তার ব্যাপারেও তা হতে পারে। হয়ত আপনি তাকে পেয়েও যেতে পারেন।
আরও একটা উপায় আছে তাকে পাওয়ার। তা হল, আপনি যদি তার পেছনে নাছোড়বান্দার মতো লেগে থাকতে পারেন। না, কোনো অশালীন ও অশিষ্টভাবে নয়, ভদ্রভাবেই। কিছু বই থেকে তার নোট করা দরকার, আপনি এগিয়ে গিয়ে সেটা করে দিলেন। সে রেস্টুরেন্টে বিল দিতে যাচ্ছে, আপনি প্রায় জোর করেই তার বিলটা দিয়ে দিলেন। তার একটা রিকশা দরকার, আপনি ঝাঁপিয়ে পড়ে সেটা ডেকে দিলেন। তার কলমটা মাটিতে পড়ে গেছে, আপনি ছুটে গিয়ে সেটা তুলে দিলেন। এমনিভাবে প্রতিমুহূর্তে তার পেছনে লেগে থেকে তাকে তিক্ত অতিষ্ঠ করে তুলতে পারলেও বিরক্ত হয়ে একসময় সে আপনাকে প্রশ্রয় দিয়ে বসতে পারে।
কিন্তু বন্ধুরা, এসবভাবে পাওয়া, এ কী প্রেম? এ তো দয়া, করুণা। করুণার মধ্যে কি প্রেম থাকে? যাকে মানুষ একবার কোনো কারণে ছোট ভেবে কৃপা করে বসে তাকে কোনোদিন সে কি ভালোবাসতে পারে? না, করুণার মধ্যে ভালোবাসার স্থান নেই। কিছুক্ষণ আগে বলেছি: যাকে আমরা বড় বলে ভাবতে পারি তাকেই আমরা শুধু ভালোবাসা দিতে পারিÑতাকেই যাকে আমরা কোনো-না কোনো জায়গায় আমাদের চেয়ে বড় বলে অনুভব করি, বুঝতে পারি সে আমাদের ওপরে। যাকে দেখার জন্যে চোখদুটোকে ওপরের দিকে তুলতে হয়, যার বিস্ময়ের সীমা আমরা খুঁজে পাই না, সে-ই তো আমাদের ভালোবাসা। যে প্রতিমুহূর্তে আমাদের জীবনকে নতুন কিছু উপহার দেয়, চোখের সামনে অজানা জগতের ছবি তুলে ধরে, জোছনারাতে আমাদের নিয়ে স্বর্গের কিনারায় কিনারায় ঘুরে বেড়ায়, সেই মানুষের জন্যেই তো আমাদের যত আকুলতা, হৃদয়ের যত রোদন। তার জন্যেই তো রাধার মতো বর্ষণঢাকা পিচ্ছিল পথে আমাদের অভিসার।
সুধীবৃন্দ, প্রেম তাই আসলে শ্রদ্ধারই অন্য নাম। তাকেই আমরা ভালোবাসি যার সামনে ছোট হতে পেরে আমরা গৌরব বোধ করি। যাকে আমরা শ্রদ্ধা করতে বা বড় ভাবতে পারি না, তাকে আমরা অন্তত ভালোবাসা দিতে পারি না। এইজন্যে যাদের আমরা সহজে পেয়ে যাই তাদের ভালোবাসতে আমাদের এত কষ্ট হয়। যাদের ভেতরটাকে আমরা দিঘির টলটলে পানির মতো অনায়াসে পড়ে ফেলতে পারি তাদের জন্যে আমাদের প্রেম বাঁচে না। প্রেম চিরদিন তোলা থাকে দুর্লভের জন্যে, অপ্রাপণীয়ের জন্যে। তাদেরই আমরা চিরকাল ভালোবেসে যাই, যারা আমাদের ভেতর একটা না-পাওয়ার অনুভূতি, না-বোঝার বিস্ময় জাগিয়ে রাখতে পারে। যারা চির-অধরা, যারা ‘পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায় ডাক দিয়ে যায় ইঙ্গিতে’, যাদের মধ্যে রয়েছে এক রহস্যময়তার অন্ধকার, যে-রহস্যকে কোনোদিন জানা হবে না বলেই যার আকুতি আমাদের কোনোদিন ফুরোবে না।
বড়-র জন্যে আমাদের এই আকুতিই হল প্রেম। যাকে বড় বলে মনে হয়েছে বা মনের ভেতর যাকে বড় করে তুলে তার বিস্ময়ে অপলক হয়েছি, তার জন্যে আকুতিই প্রেম। তাকে হারানোর আশঙ্কার নামই প্রেমের আশঙ্কা। কৃষ্ণ আর রাধাÑকার মধ্যে আছে সত্যিকার ভালোবাসা? কার প্রেমের ভারী দীর্ঘশ্বাসে আকাশ-বাতাস আজও মদির? সে তো রাধা। কৃষ্ণের মধ্যে কি প্রেম আছে? যার জীবনে ষোলো শ’ গোপিনী, তার কি প্রেম থাকতে পারে? প্রেমের অপার্থিব পুলক যার ভেতর, অসহ্য দুঃখে রক্তমাখা গোলাপ হয়ে যে ফুটে আছে, সে তো রাধা। কৃষ্ণকে সে কেন এত ভালোবাসে? ভালোবাসে কারণ, সে তাকে ঠিকমতো বুঝে উঠতে পারে না। কৃষ্ণ তার তুলনায় অনেক বড়Ñঅনেক দুর্বোধ্য আর বৈভবময়; গাছের উঁচুতম ডালের সবচেয়ে অপার্থিব ফুল, যাকে সে কোনোদিন স্পর্শ করতে পারবে না। এতবড় বলেই তার প্রতিটা সুখের স্পর্শ এমন অগ্নিস্ফূলিঙ্গময় এমন অলৌকিক খুশিতে ভরা; তাকে না-পাওয়ার প্রতিটি মুহূর্ত এমন দুঃসহ আর রক্তাক্ত। কিন্তু কৃষ্ণের কাছে রাধা কী? ষোলো শ’ গোপিনীর একজন গোপিনী মাত্র। অস্তিত্বের তুচ্ছতা দিয়ে ঘেরা একজন অতি সাধারণ মানুষ। তার জন্যে কৃষ্ণের ভালোবাসা এত তীব্র এত জ্বালাময় হবে কী করে?

----৭----
একই কারণে বঙ্কিমের ‘কৃষ্ণকান্তের উইলে’ ভ্রমরের জন্যে গোবিন্দলালের ভালোবাসা প্রবল হয় নি, যেমন প্রচন্ড বা আত্মধ্বংসী হতে পারেনি তারাশঙ্করের ‘কবি’ উপন্যাসে ঠাকুরঝির জন্যে কবি নিতাইচরণের ভালোবাসা। ঠাকুরঝির সঙ্গে নিতাইচরণের অনেক দিনের পরিচয় কিন্তু তারা প্রথম দিনেই পরস্পরকে ভালোবাসেনি। ঠাকুরঝির কাছে প্রথমে নিতাই ছিল আর দশটা মানুষেরই মতো সাধারণ একজন মানুষ। ঠাকুরঝিও নিতাইয়ের কাছে তা-ই। তাই তাদের সম্পর্ক প্রেমের দিকে গড়ায়নি। কবে ঠাকুরঝি নিতাইকে ভালোবাসল? যেদিন সে নিতাইয়ের মধ্যে অপ্রত্যাশিতভাবে একজন অবিশ্বাস্য মানুষকে আবিষ্কার করল। চোখের সামনে দেখল, তার এতদিনের চেনা এই তুচ্ছ লোকটি আসলে একজন ‘কবি’। মঞ্চে দর্শকদের মুহুর্মুহু করতালিতে অভিনন্দিত ও ধন্য একজন ঈপ্সিত নায়ক। নিতাইয়ের জন্যে তার প্রেম তাই দেবতার জন্যে ভক্তের আত্মনিবেদনে উদ্বেল হয়ে উঠল। এইজন্যে এই প্রেম এত জন্মান্ধ ও আত্মধ্বংসী হয়েছে। কিন্তু ঠাকুরঝির জন্যে নিতাইয়ের প্রেম তো তা নয়! ঠাকুরঝি তো তার চোখে কোনো অসাধারণত্বের আলোতে জ্বলিত নয়। সে তো তার কাছে একটা সাধারণ মেয়ে। অনেক দিন ধরে যে-মেয়েটিকে সে ফিরে ফিরে দেখেছে সেই সামান্য মেয়ে। তাই তার মধ্যে প্রেমের সর্বগ্রাসী জ্বালা বা সর্বোচ্চ বৈভব কোনোটাই নেই। তাই যখন সে বুঝল এ প্রেম অনুচিত, সমাজের কাছে অগ্রহণীয়, বাস্তবে অসম্ভব, তখন সে বিমর্ষ হলেও ঠাকুরঝিকে ছেড়ে যেতে পেরেছে। যাবার সময় ঠাকুরঝিকে উদ্দেশ করে সে একটি চমৎকার কবিতা লিখে গেছে। কবিতাটি সুন্দর, কিন্তু আমার কাছে এ কবিতাকে ভালোবাসার উচ্চারণ মনে না হয়ে পরাজিত অক্ষমের আত্মসান্ত¡নার মতো লাগে। কিন্তু ঠাকুরঝি তো অত সহজে নিতাইকে ভুলতে পারেনি! সে নিজেকে ধ্বংস করে, নিজের অস্তিত্ব নিশ্চিহ্ন করে তার প্রেমের ঋণশোধ করেছে। এই হল প্রেম। যাকে আমরা আমাদের চেয়ে বড় ভেবে শ্রদ্ধা জানাতে বা যাকে নিয়ে বিস্মিত হতে পারি, এ তার জন্যেই কেবল তোলা। যে-মানুষকে নিয়ে আমরা গর্ব অনুভব করি তার প্রেম থেকে মুক্তি পাওয়া কঠিন।
অবশ্য একধরনের প্রেম আছে যা প্রধানত শ্রদ্ধার ওপর নির্ভর করে গড়ে ওঠে না; গড়ে ওঠে হৃদয়ের তপ্ত, উচ্ছ্রিত আবেগের ওপর নির্ভর করে। লাইলি-মজনু, শিরি-ফরহাদ, দেবদাস-পার্বতীর প্রেম এই ধরনের। পৃথিবীর অধিকাংশ প্রেমই এ জাতের। এ ধরনের প্রেম একটা জায়গায় বিপজ্জনক। এর ঘোর সহজেই কেটে যায়। এ ঠিক প্রেম নয়, মোহ। আমরা প্রায়ই শুনি, ‘প্রেম করে ওরা বিয়ে করেছিল, কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেল।’ কেন ছাড়াছাড়ি হয়ে গেল? কারণ তা প্রেম ছিল না, ছিল মোহ। মোহ বলে এই প্রেমের মরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এর কারণ, এর ভিত্তি মানুষের সবচেয়ে অনিত্য জিনিশ: আবেগ। ভারী তাড়াতাড়ি এ মরে যায়। আবেগ শেষ হলে এই প্রেম ঝরা ফুলের মতো পায়ের কাছে পড়ে থাকে। কাজেই এই ধরনের ক্ষণিক প্রেমকে বড় প্রেমের দলে আমরা ফেলতে পারি না।
কিন্তু যতরকম প্রেম পৃথিবীতে আছে তাদের মধ্যে যে প্রেম সবচেয়ে জোরালো, গভীর ও চিরস্থায়ী তার নাম হল ‘পরিপূরক প্রেম’। এই প্রেম ঠিক কেমন, প্রথমে তা বুঝিয়ে নিই। তারাশঙ্করের ‘কবি’ বইটির কথাই আবার ধরি। সেখানে নিতাইচরণ আর বসন দুজন দুজনকে ভালোবাসে। নিতাইচরণ গান লেখে গান গায়, বসন সে-গানের সঙ্গে নাচে। এখানে গায়ক ও কবি হিসেবে নিতাইচরণের প্রতিভা, সাফল্য ও সম্পূর্ণতা নির্ভর করছে বসনের শিল্পিত ও সৌকর্যময় নৃত্য পরিবেশনের ওপর, আর বসনের শিল্পীজীবনের সাফল্য ও দীপ্তি নির্ভর করছে নিতাইচরণের কবিত্ব ও সংগীতপ্রতিভার ওপর। অর্থাৎ দুজনার জীবনের পরিপূর্ণতা ও বিকাশ নির্ভর করে আছে পরস্পরের ওপর। এমন প্রেমের মৃত্যু হয় না। এই প্রেমে আবেগ বা শ্রদ্ধা তো আছেই, তার ওপর আছে দুটো জীবনের সম্পূর্ণতার নিশ্চয়তা। এখানে প্রেমের মৃত্যু কেবল প্রেমের নয়, দুটো জীবনের সম্ভাবনারই মৃত্যু। তাই এ প্রেম শুধু আবেগ বা শ্রদ্ধার স্বার্থে নয়, পুরো জীবনের স্বার্থে। এজন্যেই এ প্রেম চিরায়ু। এখানে প্রেমের মৃত্যু জীবন-বিয়োগের সমান।

-----৮-----
এ-ধরনের প্রেমে বিচ্ছেদ ঘটলে তা যে কী মর্মান্তিক হয়ে ওঠে তার উদাহরণ আছে নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্পে। সেই গল্পের নায়ক মোতালেফ একজন গাছি। গাছি হিসেবে সে ভারি সমর্থ। সুঠাম স্বাস্থ্যের অধিকারী মোতালেফ কলসি কলসি রস আনার সামর্থ্যরে ওপর। কাজেই তাদের দুজনের জীবন-সম্ভাবনা নির্ভর করছে দুজনার ওপর। এমন জায়গায় তাদের দুজনার মধ্যে যদি প্রেম থাকত তবে তা হত পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম। মাজু খাতুনের মধ্যে সে-প্রেম ছিলও। সুদর্শন সুঠাম বাকপটু গাছিকে সে সত্যি সত্যি ভালোবাসত। কিন্তু গোর বাঁধাল দুষ্ট মোতালেফ। মাজু খাতুনের বয়স হয়েছে। দেখতে সে সুবিধার নয়। এদিকে গ্রামের অষ্টাদশী মেয়ে ফুলবানুর রূপ ফুটফুটে ফুলের মতো। যদিও এরই মধ্যে সে এক স্বামীর হাত ঘুরে এসেছে কিন্তু তাতে কিছু এসে যায় না। সৌন্দর্যপিপাসু মোতালেফ ফন্দি আঁটল, মাজু খাতুনকে তালাক দিয়ে ফুলবানুকে বিয়ে করবে। কিন্তু এর জন্যে অনেক টাকা দরকার। তাই সে আরও খেজুরগাছ কেটে বেশি-বেশি রস আনতে লাগল আর মাজু খাতুনকে খাটিয়ে আরও বেশি গুড় তৈরি করাতে লাগল। মাজু খাতুন তো প্রতিভার আনন্দ আর ভালোবাসায় বুঁদ। কড়াইয়ের পর কড়াই রস জ্বাল দিয়ে গুড় বানিয়ে যায়, জানে না এই গুড় বেচার টাকা দিয়েই তার স্বামী আর-একজনকে বিয়ে করে ঘরে তোলার ফন্দি এঁটেছে। সত্যি সত্যি একসময় মোতালেফের বিয়ের টাকা জোগাড় হয়ে যায়। সে মাজু খাতুনকে তালাক দিয়ে ফুলবানুকে ঘরে নিয়ে আসে।
মোতালেফের প্রত্যাশা, ফুলবানুও মাজু খাতুনের মতো রস জ্বাল দিয়ে চমৎকার গুড় বানাবে, সারা হাটের মানুষ সে-গুড়ের প্রশংসায় পঞ্চমুখ হবে। ঘরে সুন্দরী স্ত্রী, বাজার গুড়ের সুনাম, এর চেয়ে কাম্য আর কী আছে গাছির জীবনে? কিন্তু ফুলবানু তা পারবে কেন? ভালো গুড় বানানো তো তার প্রতিভা নয়। সে তো মাজু খাতুনের প্রতিভা। ফুলবানু তো ফুল। নামেই তার প্রমাণ। সে তো আঙিনার একপাশে রূপ ছড়িয়ে ফুটে থাকার জন্যে। গনগনে চুলার আঁচে নিজের রূপ নষ্ট করার জন্যে সে তো জন্মায় নি। ফুলবানু ভালো গুড় বানাতে পারল না, হয়ত চাইলও না। বেশি-বেশি গাছ কেটে মোতালেফ রাশি-রাশি রস নিয়ে এল, কিন্তু তার রসের আয়োজন সব ব্যর্থ হয়ে গেল। বাজারে মোতালেফের সুনাম নষ্ট হল। তার ব্যবসা মজে এল। হৃদতগৌরব ও বিমর্ষ হয়ে সে অনুশোচনায় জ্বলে জ্বলে মরতে লাগল।
এদিকে মাজু খাতুনের বিয়ে হয়েছে নদীর ওপারের এক গ্রামে। তার বয়স্ক স্বামী দাঁড়িওয়ালা নাদির শেখ ভদ্র সভ্য ভালো মানুষ। মোতালেফের সঙ্গে তার পরিচয়ও আছে। একদিন রিক্ত ও নিঃশেষিত মোতালেফ সকালবেলায় প্রায় স্বপ্নাচ্ছন্নের মতো দুই হাতে দুই হাঁড়ি রস নিয়ে হাজির হল মাজু খাতুনের বাড়িতে। তার আশা, মাজু খাতুন এই দুহাঁড়ি রস জ্বাল দিয়ে গুড় বানিয়ে দেবে। মাজু খাতুনের স্বামী তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করল। খাতির করে তামাক খেতে দিল। কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠল অভিমানক্ষুব্ধ মাজু খাতুন। ঘরের বেড়ার ওপাশ থেকে বলে উঠল, ‘যাইতে কন এই বাড়ি গুনা, এখনই নাইমা যাইতে কন। একটুও কি সরম-ভরম নাই মনের মইধ্যে? কোন্ মুখে ওঠল আইসা এখানে? ক্যান?’ তার বুকের ভেতরকার প্রতারিতের অভিমান তখনো দাউদাউ জ্বলছে।
মোতালেফ আজ তালাক দেওয়া স্ত্রী মাজু খাতুনের সঙ্গে সরাসরি কথা বলার অধিকারী নয়। তবু তার কথা সে বলে। মাজু খাতুনের স্বামীকে উদ্দেশ করে বলে: ‘কন যে (রস) আনছে জ্বাল দিয়া গুড় বানাইয়া দেওয়ার জৈন্যে। সেই গুড় ধামায় কইরা হাটে নিয়া যাবে মোতালেফ মেঞা। নিয়া বেচবে অচেনা খইদ্দারের কাছে। এ-বছর এক ছটাক গুড়ও সে হাটে-বাজারে বেচতে পারে নাই। কেবল গাছ বাওয়াই সার হয়েছে তার।’
এই সামান্য গুড় বাজারে বেচে মোতালেফের লাভ হবে কতটুকু? না, মোতালেফ গুড়ের জন্যে মাজু খাতুনের কাছে যায় নি। গিয়েছিল গুড়ের উছিলায় তার অনুতপ্ত হৃদয়ের কষ্টের কথা তাকে জানিয়ে আসতে। বলতে যে: আমার ভুল হয়ে গেছে। আমার মৃত্যুর অধিক মৃত্যু হয়েছে। জীবনের সব অর্থ আনন্দ শেষ হয়ে গেছে।
এই হল পরিপূরক প্রেম। এর ভেতর মানুষ জীবনের সর্বোচ্চ শিখরকে এবং উত্তুঙ্গতম আনন্দকে স্পর্শ করে। থাকলেও সে জীবনকে ভরে রাখে। না-থাকলেও তাই-ই।
প্রেম মানুষকে অসহ্য কষ্ট দেয়। হয়ত জীবন ভরেই কাঁদায়। কিন্তু যে-সুখ দেয় তার সমকক্ষ বা তুলনীয় আর কিছু নেই। মানব-অস্তিত্বের এ সর্বোচ্চ প্রাপ্তি। হতে পারে তা সামান্য কয়েকটা মুহূর্তেরই জন্যে, কিন্তু ঐ অল্প সময়ে এ আমাদের যে-সোনালি স্বর্গলোকের বাসিন্দা করে, জীবনের ওপর সন্ধ্যার অনিন্দ্য আভা ছড়িয়ে দিয়ে যে-প্রাপ্তির গৌরবে অস্তিত্বকে অমরত্বের স্বাদ দেয়Ñতার চেয়ে বড়কিছু কেবল এ জীবনে কেন, কোনোখানে নেই। ধন্যবাদ।

>>>আবদুল্লাহ আবু সায়ীদ-এর বক্তৃতা সংগ্রহ থেকে নেয়া

Wednesday, February 12, 2020

প্রেম বাঁচে কতকাল? -আবদুল্লাহ আবু সায়ীদ এর প্রেম থেকে

----৪----
কেন প্রেমে এত আগুন? কেন হারিয়ে ফেলার এমন আতঙ্ক? উৎকণ্ঠায় যন্ত্রণায় কেন এত তিল তিল কষ্ট? কাছে পেয়েও কেন এমন হা-হুতাশ? (‘কেন আমার রজনী যায়/কাছে পেয়েও কাছে না পায়/ কেন গো তার মালার পরশ বুকে লাগেনি।’) প্রেমে দু-ধরনের দূরত্বেই কষ্ট। যে হারিয়ে গেছে তার জন্যে বেদনা তো আছেই, সে তবু সহ্যের, কিন্তু যে কাছে আছে অথচ থেকেও নেই, তার জন্যে শুধু দোজখের দাউদাউ অনল। আসুন এবার আমরা দেখতে চেষ্টা করি, প্রেম কেন এমন হারানোর অশান্তি আর উৎকণ্ঠা দিয়ে ভরা।

সুধীবৃন্দ,
আপনারা নিশ্চয়ই দেখেছেন যে, যাকে আমরা ভালোবাসি প্রথম দেখাতেই কিন্তু তাকে আমরা পুরো ভালোবেসে ফেলি না। প্রথমে তার কোনো-একটি দিক আমাদের ভালো লাগে, হয়ত কোনো গুণ, হয়ত রূপ, ব্যক্তিত্বের কোনো দিক, এমনকি কিছু একটা। তারপর সে-ভালো লাগার রং ধীরে ধীরে তার অন্য সবকিছুর ওপর ছড়িয়ে যায়। তখন আমরা সেই গোটা মানুষটাকেই ভালোবেসে ফেলি। কেবল ভালোবাসি না, তার ব্যাপারে ধীরে ধীরে এতটাই আচ্ছন্ন আর অন্ধ হয়ে পড়ি যে, তার ভেতরে-যে খারাপ কিছু আছে তা দেখার ক্ষমতা পর্যন্ত আমাদের এক সময় লোপ পায়। আমরা পুরোপুরি অন্ধ হয়ে যাই।
যখন কারো প্রতি আমরা ঠিক ওই পরিমাণে আচ্ছন্ন হই, তখনই সেটা ভালোবাসা। যদি তার ভালোমন্দ বিচার করার বা বোঝার ক্ষমতা আমাদের থাকে তবে বুঝতে হবে, আমরা তখনো ভালোবাসি নি, তাকে আমাদের ভালো লেগেছে মাত্র।
এখন প্রশ্ন, যাকে ভালোবাসি তার ব্যাপারে আমরা এতটা অসহায় আর অন্ধ হই কেন? কেবল অন্ধ নয়: অন্ধ, আচ্ছন্ন, সম্মোহিত ও ধ্বংসপ্রাপ্ত? তার ভালোমন্দ বিচার তো করতে পারিই না, তার বাইরে-যে পৃথিবীতে আর কিছু আছে তাও ভাবতে পারি না?
আগেই বলেছি, আমরা যাদের প্রেমে পড়ি তাদের সবকিছু প্রথমেই আমরা ভালোবেসে ফেলি না। প্রথমে তাদের কোনো-একটা দিক আমাদের ভালো লাগে। একটা জিনিশ নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে, কোনো মানুষের কোনো-একটি বিশেষ দিক ভালো লাগার সঙ্গে সঙ্গেই ওই মানুষটি আমাদের কাছে কিছুটা বড় হয়ে ওঠে। আমাদের ভালোবাসাই তাকে বড় করে তোলে। আমাদের জীবনে যে ছিল দশজন মানুষের একজন, সে হঠাৎ ‘একাদশ’ হয়ে যায়। আমাদের জীবনের একান্ত মুহূর্তগুলোকে সে তখন খুশির হাওয়ায় ভরিয়ে তুলতে শুরু করে। যতই তাকে ভালো লাগতে থাকে ততই সে আমাদের চোখে বড় হয়ে উঠতে থাকে। এভাবে বড় হতে হতে সে এক সময় আমাদের জীবনের সমান হয়ে যায়। এক সময় সে হয় তারও চেয়ে বেশি, আমাদের জীবনের চেয়েও বড় হয়ে ওঠে। হয়ে আমাদের বিশ্বচরাচরকে গ্রাস করে আমাদের একচ্ছত্র ঈশ্বর হয়ে বসে। আমাদের জীবনকে সে তখন পূর্ণ করে ফেলে এক অপার্থিব অলৌকিক আনন্দে আর চরিতার্থতায়। জীবন হয়ে ওঠে মধুময়, মধুময় হয় বিশ্বচরাচরের সব ধূলিকণা। সে যখন আমাদের কাছে ছোট ছিল তখন তাকে হারাবার ভয়টাও ছিল ছোট। কিন্তু সে এত বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাকে তারাবার ভয়ও হয়ে যায় অতিকায়। ফলে শুরু হয় প্রেমের আতঙ্ক আর যন্ত্রণা। তাই যে একদিন আমাদের চোখে ছিল একজন সামান্য মানুষ, সে দেখতে দেখতে আমাদের সর্বময় প্রভু হয়ে আমাদের জীবনকে দুহাতের নখরে চিরে রক্ত পান করতে শুরু করে। আমাদের অসহায়তার সুযোগে সে আমাদেরকে তার নিশ্চিত ক্রীতদাস বানায়। নির্দয় স্বৈরাচারীর মতো আমাদের ছিন্নভিন্ন রক্তমাখা জীবনটাকে নিয়ে ইচ্ছামতো ছিনিমিনি করে। আমাদের শান্তি-স্বস্তি হরণ করে জাহান্নামের জ্বলন্ত আগুনের দাহ দেয়। অথচ এ সবাই কিন্তু হয় আমাদেরই ভেতরকার আশঙ্কা আর অশান্তির কারণে। মধ্যযুগের গোবিন্দদাসের একটা কবিতায় কৃষ্ণ রাধাকে দেখিয়ে তাঁর সঙ্গীকে বলছেন।
ঈ সখি কো ধনি সহচরি মেলি
হামারি জীবন সঙে করতাই খেলি।
‘সখি, কে ঐ রূপসী যে তার সহচরীদের সঙ্গে মিলে আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছে।’ স্বয়ং ভগবানেরই যখন এই অবস্থা তখন আমরা তো ছার। এমনি করে প্রেম আমাদের জিম্মি করে। আমরা পড়ে যাই এক অভেদ্য চক্রে। যাকে ভালোবাসি তাকে দেবতার পর্যায়ে তুলে নেওয়ায় তাকে নিয়ে আমাদের প্রতিটি স্বপ্ন বা তার প্রতিটি স্পর্শ আমাদের অস্তিত্বকে এমন অনির্বচণীয়, স্বর্গীয় ও জ্বলন্ত আনন্দে ভরিয়ে তুলতে থাকে যে, তাকে তুচ্ছতায় নামিয়ে এনে সেই অবিশ্বাস্য সুখের স্বর্গকে হারানোর ক্ষমতা আমাদের শেষ হয়ে যায়। আবার একইসঙ্গে সেই দেবতার মতো বড় হয়ে ওঠা মানুষটির বিশালতার চাপ বা হারানোর দুর্ভাবানা সহ্য করাও আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। স্বর্গের এমন দুর্লভ দানকে হারিয়ে ভিখিরি হয়ে পড়ার আতঙ্কে আমাদের দিনরাত্রির সব সুখ-স্বস্তি শেষ হয়ে যায়। এক অসহ্য যন্ত্রণার ভেতর নিদ্রাহীন বিছানায় এপাশ-ওপাশ করে আমরা প্রায় মানসিক অসুস্থতায় জর্জরিত হতে থাকি। তাই যে-প্রেমের হওয়ার কথা ছিল শুধুমাত্র সুখের তৃপ্তিতে থৈ থৈ, তা একইসঙ্গে হয়ে ওঠে যন্ত্রণা আর আর্তনাদে ভরা এক জ্বলন্ত নরক।
এভাবে প্রেমের ভেতর একজন মানুষকে অন্যায়রকম বড় করে তুলে আমরা নিজেদের সর্বনাশ ডেকে আনি। একদিন সে ছিল নিতান্তই তুচ্ছ বা সামান্য মানুষ, যার বেঁচে থাকা এমনকি মৃত্যু পর্যন্ত আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না, সেই মানুষকে হারানোর সামান্যতম আশঙ্কায় আমরা কাঁপতে থাকি। সে অন্যদিকে এতটুকু মুখ ঘোরালেও বুকের ভেতরটা উৎকণ্ঠায় অস্থির হয়ে ওঠে: ‘ওদিকে কেন তাকায়? তবে কি তার মন সম্পূর্ণভাবে আমার দিকে নেই?’ আকাশের প্লেনের দিকে সে তাকালেও মনে হয়, ‘প্লেনের দিকে তাকাল কেন? তবে কি ওই প্লেনে এমন কেউ যাচ্ছে, যার কথা সে ভাবছে?’
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলোনাকো কথা ঐ যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা:
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;
এই কবিতাও কি এমনি কোনো যন্ত্রণা থেকে লেখা? সে তখন আমাদের ছাপিয়ে এতবড় হয়ে উঠছে যে, তাকে হারানোর বিশাল ক্ষতির কথা ভাবতে আমরা পুরো ভেঙে পড়ি। যে আমাদের এত অপরিমেয় সুখে পরিপূর্ণ করে রেখেছে সেই দুর্লভ স্বর্গকে হারাই কী করে? তাই এত যন্ত্রণা প্রেমে বন্ধুরা! সে মানুষটি সামান্য কেউ হলে কিন্তু এত আতঙ্ক থাকত না। কিন্তু সে বড় বলে, তার দেওয়া সুখ অসম্ভবরকম বেশি বলে, তাকে হারানোর আতঙ্ক দিয়ে সে আমাদের এভাবে কাঁদায়।

-----৫----
প্রেম কতদিন বাঁচে সুধীবৃন্দ? মানুষ বলে ‘আমি চিরদিন তোমাকে ভালোবাসব’। এটা বলে এজন্যে যে, মানুষ মরণশীল হলেও তার মধ্যে রয়েছে এক ব্যক্তিগত অমরত্বের স্বর্গীয় অনুভূতি। সে তার এই নশ্বর ছোট্ট জীবনকে চিরকালের সমান মনে করে। কিন্তু আসলে কতদিন পর্যন্ত সে ভালোবাসে? কতদিন পর্যন্ত একজন মানুষের পক্ষে ভালোবাসা সম্ভব? বড়ই অল্পদিন সুধীরা। প্রেম বড় ক্ষণস্থায়ী। বসন্তের ফুলের মতোই সে দুদ-ের! চ-ীদাস লিখেছিলেন:
হাসিতে হাসিতে পিরীতি করিয়া
কাঁদিতে জনম গেল।
প্রেমে হাসির মুহূর্তে ক্ষণকালের, কান্নাই চিরকালের। ভেবে দেখুন, মানুষ জীবনে প্রেম করে কটা দিন আর প্রেমের স্মৃতি নিয়ে বাঁচে কতকাল? কেন প্রেমের স্মৃতি এত দীর্ঘায়ু? কারণ প্রেমের দিনগুলোতে আমরা বাস করি আবেগের এক অসম্ভব তুঙ্গ মুহূর্তে। আবেগের সেই তীব্রতা আমাদের ভালোবাসার পৃথিবীটাকে এমন আলোকিত ও বিভাময় করে রাখে যে, সেই শীর্ষ থেকে নেম এলেও সে দিনগুলোর উজ্জ্বলতম আলোকচ্ছটা আমাদের চোখ থেকে হারায় না।
কেন প্রেম মরে যায় এত তাড়াতাড়ি? কতদিন বাঁচে প্রেম? এমন উদগ্র ঝাঁঝালো সর্বনাশা আবেগকে কতদিন আমাদের পক্ষে সহ্য করা সম্ভব? মানিক বন্দ্যোপাধ্যায় বলেন: কিছুতেই এক বছরের বেশি নয়। প্রেমে যে অকথ্য যন্ত্রণা আর অসহ্য সুখ আমাদের সর্বগ্রাসীভাবে দগ্ধ করে তা বেশিদিন বইতে হলে মাথার উচ্চ রক্তচাপে আমরা ছিঁড়ে যেতাম। তাই, চাই বা না-চাই কিছুদিনের মধ্যে প্রেমকে আমাদের বিদায় দিতে হয়। এটা করতে পারি আমরা দুটো উপায়ে: প্রেমকে হত্যা করে, অথবা প্রেমকে বন্ধুত্বের পর্যায়ে নামিয়ে তাকে ছোট বা সহনীয় করে ফেলে।
কিন্তু এ দুয়ের কোনোটাই কি আমাদের পক্ষে সম্ভব? প্রেম একবার জন্ম নিলে সে কি কোনোদিন মরে? মীর্জা গালিব লিখেছিলেন: ‘প্রেমের ওপর জোর খাঠে না। এ এমন এক আগুন, গালিব, যা জ্বালালে জ্বলে না, নেভালে নেভে না।’ প্রেম কখনো নেভে না, বন্ধুরা। পেলেও না, না-পেলেও না। যাকে আমরা ভালোবাসি তাকে গোটা হৃদয়টাই আমরা দিয়ে বসি। তাই তার কাছ থেকেও তার গোটা হৃদয়টাই চাই। এর কম পেলে আমরা তা নিতে অস্বীকার করি। করি, কিন্তু তার প্রেমকেও তো ছাড়তে পারি না। যে-মানুষকে আমরা বড় করে তুলেছি সে ছোট হয়ে গেলে তার কাছ থেকে পাওয়া সুখও তো ছোট হয়ে গেল। আমরাই যে ছোট হয়ে গেলাম। তাই ছোট সেই সুখকে নিতে আমরা অস্বীকার করি। এইজন্যে রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ গল্পে রতন পোস্টমাস্টারের সহৃদয় সৌজন্যকে প্রত্যাখ্যান করেছিল। প্রেম থেকে নিচে নামতে এ কারণেই আমাদের কত কষ্ট। তাই বন্ধু কখনো কখনো প্রেমিক বা প্রেমিক হয়ে যেতে পারে, কিন্তু কেউ একবার প্রেমিক বা প্রেমিক হলে সে আর কখনো বন্ধু হয় না। কেউ যদি প্রেমকে বন্ধুত্বের পর্যায়ে নামিয়ে আনতে পারে, তখন বুঝতে হবে তার প্রেম ছোট ছিল। প্রেমিক বা প্রেমিকাকে সে বড় করে তুলেছিল ঠিকই কিন্তু তাকে বিশ্বব্যাপী করতে পারে নি। তা জন্মান্ধ বা নিষ্কৃতিহীন ছিল না। যাকে সে প্রেম বলে ভেবেছে আসলে তা ছিল বন্ধুত্ব। হয়ত সম্পন্ন মাপের বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব।
বন্ধুত্ব নিয়ে এখানে একটা কথা বলে রাখতে চাই। বন্ধুত্বকে নিয়ে অনেকেই অনেক সময় তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু আসলে তা আদৌ হেলা করার জিনিশ নয়। ফ্রান্সিস বেকন, শোপেন হাওয়ার, রাশফুকো বন্ধুত্বকে প্রেমের চেয়ে বড় জায়গা দিয়েছেন। প্রেম জীবনের উজ্জ্বলতম মুহূর্ত। এর চেয়ে সৌন্দর্যময় আলোময় রূপময় পৃথিবীতে কিছু নেই। এ হল মানব-অস্তিত্বের সর্বোচ্চ শীর্ষ; মানুষের জীবনের শুভ্রতম উত্তুঙ্গতম কাঞ্চনজঙ্ঘা। মানুষের জীবনকে তীব্রতম সুখের আস্বাদ দেয় সে। বন্ধুত্ব প্রেমের মতো অত উঁচু নয়। প্রেম যদি কাঞ্চনজঙ্ঘা হয় তবে বন্ধুত্ব পামীর মালভূমি। কিন্তু নিচু হলেও প্রেমের তুলনায় একটা বড় জিনিশ আছে তার মধ্যে: বিশালতা। সে প্রশস্ত, দিগন্তবিস্তৃত। তার আয়তন বিশাল। তার মধ্যে আছে অনেক মানুষ আর সবুজ হৃদয়ের নিরাপদ আশ্রয়। তাছাড়া উচ্চতায় সে কাঞ্চনজঙ্ঘার মতো না হলেও সমতল থেকে সে তো অনেক ওপরে। অনেক উঁচু পর্বতের চেয়েও ওপরে। এই বা কম কিসে? তাছাড়া প্রেমের মতো আগুনের লেলিহান শিখা বা কাঞ্চনজঙ্ঘার তীক্ষè নির্মম শীর্ষ দিয়ে জীবনকে সে তো ছিন্নভিন্ন বা রক্তাক্ত করে না। প্রেমে মানুষ বড় সুখের আশায় বড় দুঃখ ডেকে আনে। এনে সেই দুঃখের ভেতর ককিয়ে ককিয়ে শেষ হয়। বন্ধুত্বে সুখ-দুঃখ কোনোটাই এতবড় নয়। কিন্তু অনেক মানুষের প্রীতিতে, তৃপ্তিতে, দীর্ঘস্থায়িতায়, সহাবস্থানে তা চরিতার্থ। কিন্তু যা নিয়ে আমি বলছি তা প্রেম; বন্ধুত্ব নয়। প্রেম একটা কারণেই কেবল শেষ হয়ে যেতে পারে বা বন্ধুত্বের পর্যায়ে নেমে আসতে পারে: শ্রদ্ধা হারালে। বড় হয়ে-ওঠা মানুষটা কোনো কারণে আমাদের চোখে ছোট হয়ে গেলে। কিন্তু সে-বিষয়ে একটু পরে আসছি। (চলবে)

>>>আবদুল্লাহ আবু সায়ীদ- এর  বক্তৃতা সংগ্রহ থেকে নেয়া

Tuesday, February 11, 2020

আসুন, এখন দেখি প্রেম জিনিশটা কী? -আবদুল্লাহ আবু সায়ীদ এর প্রেম থেকে

আবদুল্লাহ আবু সায়ীদ
অনেকদিন ধরে আমি নানান অনুষ্ঠানে বক্তৃতা করছি, কিন্তু বক্তৃতা দেবার অস্বস্তি আজও গেল না। এই অস্বস্তি আমার নার্ভাস স্বভাবের জন্য। এ আমার জন্মগত। বহু চেষ্টা করেও এ থেকে রেহাই পাই নি। দেখুন (উঁচু করে গ্লাস দেখিয়ে) মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর আগে আমি কিন্তু পানির গ্লাসটা ঠিকই সঙ্গে এনেছি। না, তৃষ্ণা নিবারণের জন্যে নয়; গলা শুকিয়ে গেলে দু-এক ঢোক গলায় ঢেলে সাহসটা ফিরিয়ে আনার জন্যে। দেখুন, এখনই, আমার বক্তব্যের সমর্থনে, আমি আপনাদের সামনেই এক ঢোক খেয়ে নিচ্ছি। [পানি খাওয়া ও সবার হাসি।] আমার নার্ভাস হওয়ার কথা শুনলে সবাই খেঁকিয়ে ওঠে।
বলে, নখরা। নার্ভাস হলে টিভিতে অমন চটাং চটাং কথা বল কী করে! আমি তাদের বলি: স্টুডিওতে একবার এলেই দেখতে পেতে প্রতিটা কাট্-এর ফাঁকে আমাকে ক-গ্লাস পানি খেতে হয়।

একবার অভিনেতা গোলাম মোস্তফা আমার স্টুডিওতে এসেছিলেন, আমি সত্যি নার্ভাস হই কিনা দেখার জন্যে। দেখার পরে স্বীকার করেছিলেন আমার নার্ভাস হওয়ার ব্যাপারটা শুধু গালগল্প নয়, আসলেই সত্যি। বলেছিলেন: আসলে ব্যাপারটা কী হয় জানেন? নার্ভাস হয়ে মরিয়া অবস্থায় মুখে যা আসে আপনি বলতে থাকেন। লোকে ভাবে, কথার তুবড়ি ছুটছে।

টেলিভিশনে যা-ই হোক, সভায় অনুষ্ঠানে কথা বলতে ভয় আমার আরও বেড়ে যায়। একে তো সেখানে মানুষ অনেক, তার ওপর যত মানুষ তার দ্বিগুণ সংখ্যক চোখ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে-এই চাপ আমি সহ্য করতে পারি না। আমার ভালো লাগে বন্ধুবান্ধব মিলে নিশ্চিন্তে ঘণ্টার পর ঘণ্টা জমজমাট আড্ডা দিতে। সুধীবৃন্দ, আপনাদের অনেকের মতো কর্মবীর বা জাগতিকভাবে সুপ্রতিষ্ঠিত আমি নই। আমার জীবনের অর্ধেক সময় নষ্ট হয়েছে অর্থহীন আড্ডায়। এতে আমার ক্ষতি হয়েছে, কিন্তু তাতে আমার দুঃখ নেই। আড্ডার ফূর্তিতে জীবন মৌ মৌ করেছে।
আপনাদের অভিষেক অনুষ্ঠানের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কী নিয়ে কথা বলি, তা নিয়ে আমিও ভেবেছি। কিন্তু বিষয় কী হবে বের করতে পারিনি। পরশু আপনাদের প্রেসিডেন্ট শাকুর চৌধুরী আমাকে আনুষ্ঠানিকভাবে কার্ড দিতে গিয়েছিলেন। তাঁকে বললাম, সেদিন গিয়েছিলাম রোটারি ক্লাব অফ ঢাকা ওয়েস্ট-এর অভিষেকে। সেখানকার সবাই আমার মতো বুড়ো। তাদের কাছে বার্ধক্য বিষয়ে কথা বলেছি। আপনাদের এখানে কী নিয়ে বলি বলুন তো? উনি বললেন, অভিষেক তো উৎসবের দিন। সবাই থাকবে ফূর্তির মেজাজে। আর আমাদের মেম্বারদের বয়সও অল্প। ফূর্তির আমেজ বাড়ে এমন কিছু বলুন। আমি বললাম, সবার ফূর্তি বাড়ে এমন একটা বিষয়ই আছে পৃথিবীতে। তার নাম প্রেম। তাহলে প্রেম নিয়েই আপনাদের অনুষ্ঠানে কিছু বলি, কেমন? উনি রাজি হলেন। তাঁর নির্দেশে আমি এই অনুষ্ঠানে প্রেম নিয়ে বলছি।

সুধীবৃন্দ, প্রেমের ব্যাপারে আগ্রহ নেই পৃথিবীতে এমন মানুষ নেই। যার জীবনে প্রেম আসেনি তার এ-ব্যাপারে যেমন আগ্রহ, যার এসেছে তারও তেমনি; যার জীবনে প্রেম নেই, কোনোদিন আসবেও না তার আগ্রহও তেমনি। প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন: ‘শুনেছি দন্তহীন বৃদ্ধ তার যৌবনের প্রেমকে নিয়ে পরিহাস করছে।’ কিন্তু আমার ধারণা, একটা ভালোরকম প্রেমের গল্প ফেঁদে বসতে পারলে সব দন্তহীন বৃদ্ধই তা কান খাড়া করে শোনার চেষ্টা করবে।

আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো ঘুড্ডি যখন কাটা যায় তখন বহু লোক তা ধরার জন্যে পেছনে দৌড়ায়। কেন দৌড়ায় বোঝা ভার। ঘুড্ডি তো এমন কোহিনূর মণি নয় যা পেলে কোটিপতি হওয়া যাবে। তবু মানুষ দৌড়ায়। কারো দৌড়াতে মজা লাগে তাই দৌড়ায়, হয়ত সবাই দৌড়াচ্ছে তাই সবাই দৌড়ায়। হয়ত কেউ দৌড়ায় গৌরবের আশায়, স্বপ্নের জন্যে। যারাই ঘুড্ডিটা দেখে তারাই দৌড়ায়। কারো হাতে লম্বা সরু বাঁশ, যেন আকাশে গিয়ে ঠেকেছে, কারো বাঁশ মাঝারি সাইজের, কারো হাতে শুধু ছোটখাটো লাঠি, কারো হাতে কিছুই নেই, শুধু খালি দুটো হাত-তবুও দৌড়াচ্ছে। সবারই আশা ঘুড্ডিটা সে-ই পাবে। প্রেম ওই ঘুড্ডিটার মতো বন্ধুরা। সবাই ভাবে: একে পাব। সবাই একে চায়। যার নেই সেও চায়, যার আছে সেও চায়। যার চলে গেছে, আর কোনোদিন আসবে না, সেও চায়; যার কখনো যাবে না, হয়ত আসবেও না, সে-ও চায়।

কিন্তু যেসব মানুষ দলে দলে ঘুড্ডির পেছনে দৌড়ায়, তাদের কাউকে কি কখনো সেই ঘুড্ডি পেতে দেখেছেন আপনারা? না, দেখেন নি। আসলে ওই ঘুড্ডি কেউ পায় না। (সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা)। হয়ত মাটিতেই পড়ে না ঘুড্ডি, উঁচু গাছের আগায় আটকে যায়, নয়ত পড়ে গিয়ে কোনো পানা-পুকুরের একেবারে মাঝখানে, নয়তো কেউ পেলেও বাকিরা একসঙ্গে তার ওপর ঝাঁপিয়ে পড়ে সেটাকে ছিঁড়ে ফেলে। কাউকে পেতে দেয় না কেউ। পায় না কেউ শেষ পর্যন্ত। প্রেমও এমনি। একে কেউ পায় না, কেবল পাওয়ার জন্যে ছোটে। ছোটে আর কাঁদে। এ বড় দুঃখের জিনিশ বন্ধুরা। ভুল করেই মানুষ ভাবে এ সুখের। হিন্দি-উর্দুওয়ালারা প্রেমের বর্ণনা দিতে গিয়ে বলেছে, এ হচ্ছে ‘দিল্লিকা লাড্ডু, যো খায়া ও ভি পস্তায়া, যো নেহি খায়া ও ভি পস্তায়া।’ খাও আর না-খাও পস্তানো এতে আছেই। যেন প্রেমের যত সাধ, যত আকুলতা শুধু হাহাকারের জন্যেই।

-----২-----
আসুন, এখন দেখি প্রেম জিনিশটা কী?
ছেলেবেলায় আমাদের বাসায় মাঝেমধ্যে লাল ডুরে-শাড়িপরা এক পাগলি আসত। তার মাথা কামানো। মাথায় ইয়া বড় ঘোমটা। এসেই উঠোনে দাঁড়িয়ে প্রথমে একচোট বকবক করে নিত সে। তারপর হঠাৎ করেই গান ধরত:
লাইলি কান্দে বনে বনে
মজনু কান্দে ফুলবাগানে
কেন দেখা হয় না রে?...
প্রথম দুটো লাইন সে কবিতার মতো করেই বলত। কিন্তু তৃতীয় লাইনটা এলেই তার আবেগ এসে যেত। ডানহাতে ঘোমটার প্রান্ত ধরে একটা পুরো চক্কর ঘুরে সে সুর করে গেয়ে উঠত: ‘কেন দেখা হয় না রে?’ সুধীবৃন্দ, এই-যে দুজনের দেখা হয় না, এই-যে একজন থাকে বনে, একজন ফুলবাগানে, দুজন দুজনকে দেখতে না পেয়ে কাঁদে-এই কান্নাই প্রেম। এই-যে দূরত্ব, এই-যে বিচ্ছেদ, এই বিচ্ছেদই প্রেম। যতক্ষণ পাওয়া যায়নি ততক্ষণই প্রেম। নজরুলের কবিতার মধ্যে আছে:
হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর
আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার!
এই-যে সপ্তপারাবারের বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতার জন্যেই না এ প্রেম হয়েছে! রবীন্দ্রনাথ তাঁর ‘বর্ষার দিনে’ কবিতায় লিখেছেন:
এমন দিনে তারে    বলা যায়
এমন ঘনঘোর বরিষায়-
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়॥
কাকে বলা যায়? সে কি কাছে না সপ্তপারাবারের ওপারে? সে দূরে, অনেক দূরে। দূরে বলেই তার জন্যে এত কষ্ট। বিচ্ছিন্নতার এই যন্ত্রণা আর দীর্ঘশ্বাসই হল প্রেম। আসলে প্রেম মানেই না-পাওয়া। কেন লাইলি-মজনু, শিরি-ফরহাদের মধ্যে এত প্রেম? কারণ তারা একজন আরেকজনকে পায়নি। পায়নি বলেই পরস্পরের জন্যে এত আকুলতা। পায়নি বলেই এত কবিতা, এত গান, এত মোনালিসা, তাজমহল, মেঘদূত। পেয়ে গেলে সব কষ্ট, সব মাধুরী চলে যেত। বিয়ের পর সাতদিনও পার হত না, তারা ঝগড়া করত।

অনেকেই বলবেন, ‘না-পাওয়ার মধ্যে প্রেমের তীক্ষè ছোবল টের পাওয়া যায় এটুকু না হয় মানলাম, কিন্তু পাওয়ার মধ্যে প্রেম থাকবে না এটা কেমন কথা! দুজন কাছাকাছি হলেই কি প্রেম চলে যাবে? প্রেমিক-প্রেমিকারা যখন দুজন দুজনকে বুকের ভেতর পায় তখন কি তাদের প্রেম চলে যায়? বিবাহিত জীবনে প্রেম দুর্লভ মানি, তবু এমন অনেক দম্পতিও কি নেই যাদের মধ্যে গভীর প্রেম রয়েছেÑজীবনের প্রতিটি মুহূর্ত যারা পরস্পরের জন্যে উন্মুখ হয়ে কাটায়?’ তাঁদের কথার উত্তরে আমি আগের কথাটাকে ফিরিয়ে এনেই বলব, ‘মানুষের প্রেম আসলে না-পাওয়াতেই। দুজনের দূরত্বেই প্রেমের বসবাস। যদি পাওয়ার মধ্যে কোথাও প্রেম দেখা যায় তবে বুঝতে হবে ওই পাওয়ার মধ্যেও, কোথাও-না-কোথাও ‘না-পাওয়ার’ যন্ত্রণা কাজ করছে। কাছে থাকলেও তাদের মধ্যে রয়েছে এমন এক অসীম দূরত্ব যাকে তারা কিছুতেই অতিক্রম করতে পারছে না। এই জন্যেই এত মরিয়া আর উৎকণ্ঠিত হয়ে রয়েছে পরস্পরের জন্যে।’

মধ্যযুগের কবিতা থেকে একটা উদাহরণ দিই। কবিতাটা কবি বল্লভের। সুধীবৃন্দ, কবিতাটা বাংলা-হিন্দি মেশানো ব্রজবুলি ভাষার। আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে বলে এর প্রতিটি লাইনের মানে বলে-বলে বোঝাতে চেষ্টা করব। কবিতাটায় কৃষ্ণের প্রতি রাধা তার ভালোবাসার কথা বললেও আসলে সে বলছে কী? বলছে তার আর তার প্রিয়তমের মাঝখানকার অন্তহীন দূরত্বের কথা। বলছে প্রিয়তমকে এত কাছে পাওয়া হল, তবু কিছুতেই তাকে পুরোপুরি পাওয়া গেল না। সে চির-অধরা চির-অপ্রাপণীয় হয়ে রইল।

জনম অবধি হাম    রূপ নেহারলুঁ
নয়ন না তিরপিত ভেল।
‘জন্ম থেকে তার রূপ দেখে আসছি কিন্তু চোখ তবু আরও তৃপ্ত হল না।’ (অর্থাৎ এত দেখা, তবু সে অ-দেখা হয়েই রইল)।
সোই মধু বোল    শ্রবনহি সুনলু
শ্রুতিপথ পরশ না গেল।
‘তার মধুর বচন আমার শ্রবণকে বিনোদিত করল কিন্তু আমার শ্রুতি পথ পর্যন্ত পৌঁছাল না।’ অতৃপ্তির কী অপরূপ প্রকাশ! এর পরে বলছেন সবচেয়ে অনবদ্য কথাগুলো:

কত মধু যামিনি    রভসে গোঁয়াইলুঁ
    ন বুঝলুঁ কৈছন কেল।
লাখ লাখ যুগ    হিয়ে হিয়ে রাখলুঁ
    তবু হিয়া জুড়ন ন গেল।
‘কত মধুময় রাত আমরা আনন্দ-মত্ততায় উদ্যাপন করলাম কিন্তু সে কেমন তা বুঝতে পারলাম না। লাখ লাখ যুগ হৃদয় রেখে জেগে রইলাম, তবু হৃদয় আমার আজও জুড়াল না।’

এরা দেবদাস-পার্বতীর মতো দূরে নেই। দুজন রয়েছে দুজনের খুবই কাছে। হৃদয়ে হৃদয় রেখে। তবু দেখুন রাধার মধ্যে কী অসীম না-পাওয়ার অস্থিরতা কেন এই না-পাওয়া? না-পাওয়া কৃষ্ণের অমিত বিপুল ঐশ্বর্যময়তার কারণে এত অন্তহীন আর অপরিমেয় রকমে সে বৈভবশালী ও বিভামন্ডিত যে, সেই অসীমতার বিস্ময় সে শেষ করতে পারছে না। কাছে পেয়েও তাকে মনে হচ্ছে অনেক দূরে, যেন পাওয়ার সে বাইরে। এই-যে অপ্রাপ্তির অনুভূতি, এই-যে পেয়েও না-পাওয়া এটাও প্রেম। কাজেই প্রেম দুরকম হতে পারে: না-পেয়েও হতে পারে, আবার পাওয়ার ভেতর না-পাওয়ার অনুভূতি দিয়েও হতে পারে। এই দ্বিতীয় ধরনের প্রেমের কথা বলতে গিয়ে গোবিন্দ দাস লিখেছেন:
দুহুঁ কোড়ে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।

দুজন আছে দুজনের কোলে। তবু দুজন দুজনকে হারিয়ে ফেলছে ভেবে কাঁদছে। কাজেই কাছে থাকা মানেই পাওয়া নয়। ভুক্তভোগীরা জানেন, কাছে থাকার মধ্যেও থাকতে পারে কত লক্ষ যোজনের ব্যবধান। যদি থাকে তবে তাও হবে এক ধরনের না-পাওয়া। থেকেও না-পাওয়া। কাজেই তখন তা আমাদের ভেতর প্রেমের অনুভূতি জাগাবে। যে কাছে নেই তার ব্যাপারে না-পাওয়ার অনুভূতি থাকা খুবই স্বাভাবিক, কিন্তু যে রয়েছে কাছে, বুকের একান্ত ভেতরে, তাকে নিয়েও কোন না-পাওয়ার অনুভূতি মানুষের মনে? কেন মনে হয় সে নেই? কেন প্রেমে প্রতিমুহূর্তে এমন হারাই-হারাই ভাব? এত উৎকণ্ঠা? এত আতঙ্ক? কেন সবকিছু পাওয়ার পরেও মনে হয়:
ও কি এল, ও কি এল না,
বোঝা গেল না, গেল না।

------৩-----
সুধীবৃন্দ, এই বিচ্ছিন্নতার যন্ত্রণাই প্রেমের যন্ত্রণা। এই আগুনই প্রেমের আগুন। একই সঙ্গে সে অসহ্য সুখ, অকথ্য কষ্ট। সুখ, যাকে ভালোবাসি সে কাছে আছে বলে; যন্ত্রণা: এমন দুর্লভ মানুষটিকে হারিয়ে ফেলার আশঙ্কায় আছি বলে। চন্ডীদাসের মতে এ হল সেই শাঁখের করাত যা ‘আসিতে যাইতে কাটে’। প্রেমে তাই পেলেও দুঃখ, না-পেলেও দুঃখ। এই দুর্বিষহ যন্ত্রণার আগুনে জ্বলে জ্বলে ছাই হয়েছিল যাযাবর-এর ‘দৃষ্টিপা’ বইয়ের ‘হতভাগ্য চারুদত্তহ আধারকার’, শেক্সপিয়ারের ‘ওথেলো’। এ যুগের গানেও যে শোনা যায়: ‘লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা’Ñএ কি এমনি?
প্রেমের এই দুধারী করাত যে কেমন, একটা গল্প বলে বোঝাই। গল্পটা গোপাল ভাঁড়ের।

গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড়। তার চাকরি হল রাজাকে হাসানো। রাজা যখন রাজকার্যের দুরূহ সমস্যা নিয়ে গম্ভীর আর দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তখন রঙ্গরসের জোগান দিয়ে তাঁকে খোশমেজাজে রাখা। তো, একদিন একটা সমস্যা নিয়ে রাজার মেজাজ সত্যি সত্যি খিঁচড়ে আছে। এমন খারাপ যে, হাসির কথাও তাঁর অসহ্য। ঠিক সেই সময় গোপাল গেছে রাজাকে হাসাতে। আর যায় কোথায়! রাজা একেবারে গ্রেনেডের মতো ফেটে পড়লেন। কদর্যভাবে ধমকে বললেন, ‘যাও! যাও আমার সামনে থেকে, যাও! তোমার মুখ যেন আর কোনোদিন না দেখি!’ বলে তাকে প্রায় কুকুরের মতো তাড়িয়ে দিলেন।

গোপাল ভাঁড় রাজার বয়স্য, বন্ধু। তাই এভাবে তাঁর কাছ থেকে অপমানিত হওয়ায় তার মনে খুবই চোট লাগল। সে ঠিক করল চাতুরির মাধ্যমে রাজাকে সমুচিত শিক্ষা দেবে। বাড়ি গিয়ে সে একটা লোক ভাড়া করল। বিছানায় শুয়ে শুয়ে গোপাল লোকটাকে কিছুক্ষণ পরপর একেকটা কথা শিখিয়ে দেয় আর লোকটা মহারাজের কাছে গিয়ে তাই বলে আসে। প্রথমে লোকটা গিয়ে মহারাজকে বলল, ‘মহারাজ, গোপালকে আপনি কী সব বলেছেন, সেই দুঃখে গোপাল ঠিক করেছে সে আর এ দেশেই থাকবে না। গোপালের মালপত্র বাঁধাছাদা শুরু হয়ে গেছে মহারাজ!’ গোপালের ওপর মহারাজের রাগ তখনও পড়েনি। তাই বললেন, ‘যাক, ও যেখানে খুশি যাক। বলে দিস, আমার সামনে যেন আর কোনোদিন না আসে।’ ঘণ্টাখানে পরে লোকটা আবার মহারাজের সামনে এসে হাজির, ‘জিনিশপত্র বাঁধাছাদা শেষ মহারাজ! গাড়ির জন্যে লোক পাঠানো হয়েছে। গাড়ি এলেই রওনা হয়ে যাবে।’ হাজার হলেও মহারাজ তো গোপালকে ভালোবাসেন। তাই এ খবরে তিনি ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে উঠলেন। সত্যিই চলে যাচ্ছে না কি গোপাল।

কিন্তু মুখে উদাসীন ভাব অটুট রেখে বললেন, ‘যেতে চাইলে যাবে। ওকে কী আমার পায়ে ধরে রাখতে হবে নাকি!’ কথার সুর কিছুটা নরম। আরও ঘণ্টাখানেক পরে লোকটা এসে বলল, ‘মহারাজ, মালপত্র গাড়িতে ওঠানো শেষ, গোপাল কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছে।’

এবার মহারাজ সত্যি ভয় পেয়ে গেলেন। গোপালের মতো প্রিয় বন্ধুকে এভাবে কী হারানো যায়। লোকটাকে বললেন, ‘শিগগির গোপালকে ডেকে আন। বল, আমি ওকে ডাকছি।’ বিজয়ের হাসি হাসতে হাসতে গোপাল মহারাজের সামনে এসে হাজির। মহারাজ বললেন, ব্যাপারটা কি বলতো গোপাল! তোমাকে দেখলেও যে খারাপ লাগে আবার না-দেখলেও যে খারাপ লাগে!’ একগাল হেসে গোপাল বলল, ‘মহারাজ বুঝিবা আমার প্রেমে পড়েছেন।’

প্রেমের এর চেয়ে সুন্দর সংজ্ঞা আর কি হয়? প্রেম এমনি একটা ব্যাপার। সত্যি এ আসিতে যাইতে কাটে। এখানে পেলেও যন্ত্রণা, না-পেলেও তা-ই। দেখলেও খারাপ লাগে, না-দেখলেও জীবন বাঁচে না।      ( চলবে )

Wednesday, September 4, 2019

শাড়ি নিয়ে আবদুল্লাহ আবু সায়ীদের লেখা, সামাজিক মাধ্যমে তুলকালাম

বাংলাদেশের একজন লেখক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের একটি লেখা নিয়ে দেশটির সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।
শাড়ি নিয়ে দেশের একটি বাংলা পত্রিকায় তাঁর একটি নিবন্ধ প্রকাশিত হয় গত ৩০শে অগাস্ট।
সেখানে তিনি শাড়ির সঙ্গে বাঙালি নারীর শরীরের সৌন্দর্য নিয়ে লিখেছেন। কিন্তু তার এই লেখাটি প্রকাশিত হওয়ার পরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
অনেকে এই লেখাটিকে নারী বিদ্বেষী, যৌন ইঙ্গিতপূর্ণ আর বর্ণবাদী বলে অভিযুক্ত করেছেন। তবে অনেকে এই লেখাটির পক্ষেও তাদের অবস্থানের কথা তুলে ধরেছেন।

কী লিখেছেন মি. সায়ীদ

সেখানে শাড়ি কিভাবে মেয়েদের শরীরের সৌন্দর্য ফুটিয়ে তোলে, শাড়ির সঙ্গে পশ্চিমা বা অন্যান্য পোশাকে মেয়েদের দেখতে কেমন দেখায় তার তুলনা এবং মেয়েদের শারীরিক গঠনের সঙ্গে শাড়ির সম্পর্ক, ইত্যাদি নানা বিষয় এসেছে।
বাংলাদেশের বর্তমান প্রজন্মের তরুণীরা নিয়মিতভাবে শাড়ি না পরলেও বিশেষ উপলক্ষ্যগুলোয় পড়ে থাকেন
তিনি লিখেছেন, ''আধুনিক শাড়ি পরায় নারীর উঁচু-নিচু ঢেউগুলো এমন অনবদ্যভাবে ফুটে ওঠে, যা নারীকে করে তোলে একই সঙ্গে রমণীয় ও অপরূপ। শাড়ি তার রূপের শরীরে বইয়ে দেয় এক অলৌকিক বিদ্যুৎ হিল্লোল।'' 
''পৃথিবীর কোনো কোনো এলাকার নারী শরীরেই কেবল শাড়িতে এ অলীক রূপ ফুটে ওঠে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের প্রিয়দর্শিনী সুকুমারী তন্বীদের দেহবল্লরীতে—সে বাংলা, পাঞ্জাব বা উত্তর ভারতের—যেখানকারই হোক।'' 
আরো লিখেছেন, ''শাড়ি একটা রহস্যময় পোশাক। নারী দেহকে কতটা প্রদর্শন করলে আর কতটা অপ্রকাশিত রাখলে তা শারীরিক মোহ বজায় রেখেও দর্শকের চোখে অনিন্দ্য হয়ে উঠবে, তা পোশাকটি যেন সহজাতভাবেই জানে।'' 
আর শেষটা হয়েছে এই ভাবে, ''... আমার মনে হয়, এ রকম একটা অপরূপ পোশাককে ঝেঁটিয়ে বিদায় করে বাঙালি মেয়েরা সুবুদ্ধির পরিচয় দেয়নি।''

সামাজিক মাধ্যমে তুমুল ঝড়

লেখাটি প্রকাশের পর থেকেই বাংলাদেশের সামাজিক মাধ্যমে তুমুল ঝড় চলছে।
অনিন্দিতা সেঁজুতি তার ফেসবুক পাতায় লিখেছেন, ''ভদ্র ভাষায় সম্মানের সাথে বলতে গেলে দুঃখজনক লেখা! পুরো লেখায় বাঙালি নারীর বডি শেমিং করে গেছেন! সম্পূর্ণ সেক্সিস্ট লেখা!! ......শাড়ি কেন ঝেঁটিয়ে বিদায়ও করেনি। এখনকার ব্যস্ত জীবনে মানুষ নিজ স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক পড়ে।''
জাহান সুলতানা প্রশ্ন তুলেছেন, ''নারীজনিত গীতিময় ভঙ্গি ফুটে ওঠার একটা মানদণ্ড কি পাঁচ ফুট চার ইঞ্চ উচ্চতা? ......যাই পড়ুক, তাকে সুন্দর লাগতে হবে কেন। কেন? সুন্দর লাগার জন্য বাঙ্গালি নারীকে শাড়িই পরতে হবে। কেন?.....মেয়েদের জন্য সৌন্দর্যটাই সবকিছু, এসব কিছু যদি পাশের বাড়ির সংকীর্ণমনা স্বল্প পড়ুয়া ভাবী বলেন, কানে লাগে না, কিন্তু আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের মতো একজন ব্যক্তিত্ব দেশের শীর্ষস্থানীয় দৈনিকে সরকারি না হলেও যখন অনেকটা এভাবেই শোনার মত করে বিষয়গুলো লিখেন, তখন ভীষণ অবাক হতে হয় বৈকি!''
বেসরকারি চাকরিজীবী জেসমিন চৌধুরী বলছেন, ''আমি এক সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য ছিলাম, স্যারকে আলোকিত মানুষ গড়ার কারিগর হিসাবে দেখে এসেছি। কিন্তু তিনি নারীদের এভাবে দেখেন, এটাই আমাকে সবচেয়ে আহত করেছে। এটা তো নারীকে একজন মানুষ হিসাবে দেখা, পুরুষের সমান হিসাবে দেখা হলো না।''
যারা এই লেখার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, তাদের বেশিরভাগই নারী। তাদের বেশিরভাগই লেখাটিকে অপমানজনক বলে মনে করছেন।

আপত্তি কেন?

যেখানে অনেক কবি-সাহিত্যিকের লেখায় নানাভাবে নারী শরীর ও সৌন্দর্যের বর্ণনা এসেছে, সেখানে আবদুল্লাহ আবু সায়ীদের লেখা নিয়ে এতো বিতর্ক কেন?
নারী অধিকার কর্মী ফেরদৌস আরা রুমি বলছেন, এখন সবার জন্যই প্রতিবাদের একটি জায়গা হচ্ছে সামাজিক মাধ্যম, যেখানে যেকোনো বিতর্কিত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হয়। তার লেখাটা এখন এসেছে বলে আলোচনায় বেশি।
মি. সায়ীদের লেখার বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে নারীদের আপত্তি রয়েছে বলে তিনি মনে করেন, যা তাদের ক্ষুব্ধ করে তুলেছে।
''এই লেখাটায় তিনি যতটা সাহিত্যের বর্ণনার জায়গা থেকে লিখেছেন, তার চেয়ে নারীদের ভোগ্যপণ্য হিসাবে বেশি দেখানো হয়েছে বলে মনে হয়েছে। পুরো লেখায় নারীদের একেবারেই যৌন বস্তু হিসাবে দেখা হয়েছে, সেভাবে রগরগে বর্ণনা করা হয়েছে।'' তিনি বলছেন।
''শুধু নারীদের বন্দনা থাকলে হয়তো সবাই এতটা আপত্তি করতো না। কিন্তু লেখায় বাঙালি নারীদের নানাভাবে নারীদের হেয় করা হয়েছে।''
''বাঙালি নারীদের উচ্চতা বেশি নয়, তাদের শাড়ি পড়ে সুন্দর হতে হবে, পাশ্চাত্য পোশাক পড়ে হাস্যকর তৃপ্তি পাচ্ছে, মেকআপ করতে হবে, অন্যদের কাছে যেন নারীর শরীর তুলে ধরাই কাজ, এরকম অনেক অপমানজনক বক্তব্য লেখায় রয়েছে।''
অনেকে তাদের শাড়ি পড়া ছবিও আপলোড করেছেন। কেউ কেউ শাড়ির ছবির সঙ্গে লিখেছেন, কাউকে দেখাতে বা সুন্দর প্রমাণের জন্য নয়, ভালো লাগে বলে শাড়ি পরি।
তবে আবদুল্লাহ আবু সায়ীদের শাড়ি নিয়ে এই লেখার পক্ষেও অবস্থান নিয়েছেন কেউ কেউ।
যেমন মি. সায়ীদের নানা সামাজিক কাজের প্রতি ইঙ্গিত দিয়ে গোলাম রাব্বানি ফেসবুক পাতায় লিখেছেন, একটি লেখার মাপকাঠিতে একজন মানুষের গোটা জীবনের অর্জনকে আপনি খারিজ করে দিতে পারেন না।
শংকর মৈত্র তার ফেসবুক পোস্টে লিখেছেন, ''লেখাটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। আমিও মনে করি শাড়িতে বাঙালি নারীর যে রূপ ফুটে ওঠে, অন্য কোনো পোশাকে তেমনটি হয় না।......নারীর শাড়ি আর পুরুষের লুঙ্গি। অসাধারণ কম্বিনেশন।''
আনিস আলমগীর ফেসবুকে লিখেছেন, ''এখানে সমস্যা কোথায়? মাঝখানে নারীর রূপ সৌন্দর্য বর্ণনা? তিনি তো একজন সাহিত্যিক। শিক্ষকও। একজন সাহিত্যিক নারীর রূপ-সৌন্দর্যকে যেভাবে বর্ণনা করেন আমজনতার বর্ণনা থেকে তা তো ভিন্ন হতেই পারে। নাকি শিক্ষক হয়েছেন বলে উনি নারীর সৌন্দর্য বর্ণনা করতে পারবেন না!''
মি. সায়ীদের লেখাটির পক্ষে শক্ত অবস্থান নিয়ে সাহিত্যিক ব্রাত্য রাইসু লিখেছেন, ''যেই লোক সৌন্দর্যে বিশ্বাস করে না তারে কেউ জোর করতে যাবে না নিশ্চয়ই। কিন্তু সৌন্দর্যে আপনার অবিশ্বাসের কারণে যিনি সুন্দরে বিশ্বাস করেন তিনি এর দ্বারা কোনো রেসিজম করেন না।....ফলে বেটে মেয়েদের চাইতে লম্বা মেয়েরা অধিক সুন্দর, এই দেশে। বেশি লম্বা হইলে আবার সুন্দর না। আপনার সোসাইটি এই রকমই মনে করে।''
আবদুল্লাহ আবু সায়ীদের এই লেখার পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের বেশিরভাগই সাহিত্য, সংস্কৃতি বা সাংবাদিকতার সঙ্গে জড়িত।
বিষয়টি নিয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাথে বিবিসি বাংলার তরফ থেকে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর কাছে পৌঁছনো সম্ভব হয়নি।
বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে জানানো হয়েছে অধ্যাপক সায়ীদ বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে তাঁর ব্যক্তিগত কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেয়া হয়।
অধ্যাপক সায়ীদের ব্যক্তিগত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অধ্যাপক সায়ীদ ব্যক্তিগত সফরে ব্রিটেনে আছেন।
এসময় তিনি ব্রিটেনের বিভিন্ন জায়গায় যাবেন। আগামী ১৬ই সেপ্টেম্বরের পরে অধ্যাপক সায়ীদ দেশে ফিরবেন বলে জানান তাঁর ব্যক্তিগত কর্মকর্তা।


Sunday, September 1, 2019

শাড়ি by আবদুল্লাহ আবু সায়ীদ

বাঙালি নারীর কাছে শাড়ি তার সারা শরীর জড়িয়ে রাখা এক কাপড়ের একটা দীর্ঘ স্বপ্নখচিত জড়োয়া গয়না। যুগে যুগে এই পোশাককে বিচিত্র শব্দে–বর্ণে মহিমান্বিত করেছেন লেখক–সাহিত্যিকেরা। তবে বর্তমানে নারীদের মধ্যে কমে গেছে শাড়ি পরার চল। শাড়ি নিয়ে বিশেষ এ আয়োজনে লিখেছেন আবদুল্লাহ আবু সায়ীদ।
শিল্পীদের রিকশা চিত্রকলায় দারুণভাবে ফুটে ওঠে শাড়ির নান্দনিকতা
শাড়ি পৃথিবীর সবচেয়ে যৌনাবেদনপূর্ণ অথচ শালীন পোশাক। শুধু শালীন নয়, রুচিসম্পন্ন, সুস্মিত ও কারুকার্যময় পোশাক। নারী শরীরকে যতটুকু অনাবৃত রাখলে তা সবচেয়ে রহস্যচকিত হয়ে ওঠে, পোশাক হিসেবে শাড়ি তারই উপমা। শরীর আর পোশাকের ওই রমণীয় এলাকা বিভাজনের অনুপাত শারীর রচয়িতারা কি জেনে না না–জেনে খুঁজে পেয়েছিলেন, সে কথা বলা না গেলেও এর পেছনে যে গভীর সচেতন ও মুগ্ধ শিল্পবোধ কাজ করেছিল, তাতে সন্দেহ নেই। আধুনিক শাড়ি পরায় নারীর উঁচু-নিচু ঢেউগুলো এমন অনবদ্যভাবে ফুটে ওঠে, যা নারীকে করে তোলে একই সঙ্গে রমণীয় ও অপরূপ। শাড়ি তার রূপের শরীরে বইয়ে দেয় এক অলৌকিক বিদ্যুৎ হিল্লোল।
না, সব দেশের মেয়েদের শাড়িতে এমন অপরূপ লাগবে না। পৃথিবীর কোনো কোনো এলাকার নারী শরীরেই কেবল শাড়িতে এ অলীক রূপ ফুটে ওঠে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের প্রিয়দর্শিনী সুকুমারী তন্বীদের দেহবল্লরীতে—সে বাংলা, পাঞ্জাব বা উত্তর ভারতের—যেখানকারই হোক। বিশালদেহী আফ্রিকার নারীর জন্য এ পোশাক নয়, জার্মান বা ইংরেজ নারীর উদ্ধত সৌন্দর্যেও এ পোশাক হয়তো খাপ খাবে না। শাড়ি সুকুমার ও নমনীয় শরীরের জন্যই কেবল সত্যিকার অর্থে মধুর। হয়তো উপমহাদেশের বাইরে একধরনের মঙ্গোলীয় নারীকেও শাড়িতে ভালো লাগবে তাদের শারীরিক কমনীয়তার জন্য। কিন্তু পোশাকটি তাদের ভেতর প্রচলিত নয় বলে সে কথায় এখন যাব না। এটি ভালো লাগে বিপুলসংখ্যক উত্তর ও দক্ষিণ ভারতীয় মেয়েদের। যদি বাঙালি মেয়েদের প্রশ্ন ওঠে তবে বলব, এটি ভালো লাগে প্রায় প্রত্যেকটি বাঙালি মেয়েকে। সত্যি কথা বলতে কি, অধিকাংশ বাঙালি মেয়েকে শাড়ি ছাড়া আর হয়তো কিছুতেই মানায় না। এ জন্য তাদের প্রকৃতিগত পোশাক—তাদের সহজাত রূপের অংশ। 
কেন, তা নিয়ে একটু ভাবা যাক। 
কোনো এক কবিতায় কবি ওমর আলী লিখেছিলেন, ‘এ দেশের শ্যামল রং রমণীর সুনাম শুনেছি।’ কেন এই শ্যামল নারীদের রূপের এত সুনাম? এর কারণ তিনি ব্যাখ্যা করে বলেননি, কিন্তু তাই বলে গড়পড়তা বাঙালি নারী রূপের দিক থেকে পৃথিবীর সেরা সুন্দরীদের মধ্যে পড়ে এ বললেও যেন কিছুটা বেশি শোনাবে। বাঙালি পুরুষদের ব্যাপারেও হয়তো তা–ই। ইংল্যান্ডের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন: এখানে রাস্তায় বেরোনোর বড় সুবিধা যে থেকে থেকেই সুন্দর মুখ দেখতে পাওয়া যায়। বাঙালি জাতির বেলায় কথাটা হয়তো ওভাবে খাটবে না। তবে মাঝে মাঝে এ দেশেও যে এক–আধজন সুন্দর মুখের দেখা পাওয়া যায় না, তা–ও নয়। তবে একটিমাত্র কারণেই কেবল তা হতে পারে; যদি তারা তাদের কমনীয় শাড়িগুলোকে নান্দনিক বা সুরুচিসম্মতভাবে পরতে পারে। রবীন্দ্রসংগীতের সুরের সঙ্গে রবীন্দ্রসংগীতের অনিন্দ্য কথা যোগ হলে যা হয় আমাদের প্রিয়দর্শিনী ললনারা তখন তা–ই হয়ে যায়।
কামরুল হাসানের চিত্রকর্ম ‘উঁকি’তে দেখা যায় বাঙালি নারীর শাড়ির সৌন্দর্য
বাঙালি সৌন্দর্যের সবচেয়ে বড় দুর্বলতা: আমার ধারণা ‘উচ্চতা’। সবচেয়ে কম যে উচ্চতা থাকলে মানুষকে সহজে সুন্দর মনে হয়—যেমন পুরুষের ৫ ফুট ৯ ইঞ্চি ও মেয়েদের ৫ ফুট ৫ বা ৬ ইঞ্চি—আমাদের গড় উচ্চতা তার চেয়ে অন্তত ২–৩ ইঞ্চি কম। দৈহিক সৌন্দর্য ছেলেদের বড় ব্যাপার নয় বলে এ নিয়েও তারা কোনোমতে পার পেয়ে যায়। কিন্তু আটকে যায় মেয়েরা। আমার ধারণা, একটা মেয়ের উচ্চতা অন্তত ৫ ফুট ৪–এর কম হলে তার শরীরে নারীজনিত গীতিময় ভঙ্গি পুরোপুরি ফুটে ওঠে না। এরপর তাদের দৈর্ঘ্য ৫ ফুট ৫, ৬ বা কিছু পরিমাণে ৭ ইঞ্চি পর্যন্ত উঠলে তা ক্রমাগত অলীকতর হয়ে উঠতে থাকে।

বাঙালি মেয়েরা বিপদে পড়ে এখানটাতেই। এদের গড় উচ্চতা ৫ ফুট ২ থেকে ৩ ইঞ্চির সামান্য এদিক–ওদিকে (অবশ্য ১০ শতাংশ মেয়েকে বাদ দিয়ে ধরলে)। এই উচ্চতা নিয়ে ললিত–মধুর ও দীর্ঘাঙ্গী নারীর কমনীয় শরীর নিয়ে ফুটে ওঠা কঠিন, যা দেখা যায় এই উপমহাদেশের উত্তর দিকের নারীর উন্নত দেহসৌষ্ঠবে। ওই অঞ্চলের মেয়েদের তুলনায় বাঙালি মেয়েদের আরও একটা জায়গায় ঘাটতি আছে। মনে রাখতে হবে, বাঙালিরা একটু বেশি রকমের মিশ্র জাতি। নানা জাতির দৈহিক বৈশিষ্ট্য এ জাতির মানুষের বিভিন্ন প্রত্যঙ্গে অমিলভাবে ছড়িয়ে রয়েছে। কিছুটা অবিন্যস্তভাবে, তাই বাঙালি মেয়েদের দেহ গঠন উপমহাদেশের উত্তরাংশের মেয়েদের চেয়ে তুলনামূলকভাবে অসম। যেকোনো অসমতাকে আড়ালে রেখে মানসম্মত দেহসৌষ্ঠব নিয়ে দাঁড়ানোর পথ একটাই—ইংরেজিতে যাকে বলে মেকআপ—যার গভীরতর মানে মেকআপ দ্য লস। শারীরিক অসমতার এত ঘাটতি থাকার পরও অন্যান্য মেকআপের মতো রূপকে নিটোলতা দেওয়ার মতো এক অনন্য সাধারণ মেকআপ রয়েছে বাঙালি মেয়েদের ভাঁড়ারে। আমার মতে, এর নাম ‘শাড়ি’। আগেই বলেছি, উচ্চতার কারণে উপমহাদেশের উত্তরাংশের গড়পড়তা মেয়েদের শাড়ি বা সালোয়ার–কামিজ দুটোতেই ভালো লাগে। কিন্তু ওই কাম্য উচ্চতার অভাবে বাঙালি মেয়েদের শাড়ি ছাড়া আর যেন কোনো গতিই নেই। আজ বাঙালি মেয়েরা সেই শাড়িকে প্রায় ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছে। আজকাল শাড়ি ছাড়া অনেক রকম কাপড় পরছে তারা—সালোয়ার–কামিজ তো আছেই, পাশ্চাত্য ফ্যাশনের কাপড়ও কম পরছে না—এবং পরার পর ইউরোপ বা ভারতের ওই সব পোশাক পরা সুন্দরীদের সমকক্ষ ভেবে হয়তো কিছুটা হাস্যকর আত্মতৃপ্তিও পাচ্ছে। 
আমরা যেন না ভুলি যে এসব পোশাক বাঙালি মেয়েদের দেহ গঠনের একেবারেই অনুকূল নয়। দেহভঙ্গিমারও না। বাঙালি মেয়েদের উচ্চতার অভাবকে আড়াল করে তাদের প্রীতিময় ও কিছুটা তন্বী করে তুলতে পারে একমাত্র শাড়ি। মেয়েরা শাড়ি পরে মাথা বা কাঁধ থেকে পায়ের পাতা পর্যন্ত। এভাবে শাড়িতে শরীর জড়িয়ে দাঁড়িয়ে থাকা যেকোনো মেয়ের রূপে কমবেশি দীর্ঘাঙ্গি বিভ্রম দেখা দেবেই, ঠিক যে কারণে দীর্ঘ পাঞ্জাবি বা শেরওয়ানি পুরুষদের শরীরে দীর্ঘদেহিতার বিভ্রম জাগায়। এতে সঠিক উচ্চতার তুলনায় তাদের কিছুটা বেশি দীর্ঘ লাগে। মেয়েদের ব্যাপারেও তা–ই। ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মেয়েদের ভুল করে এভাবে মনে হতে পারে ৫ ফুট ৪ ইঞ্চির মেয়ে! আর সেই সঙ্গে তাদের চিরস্থায়ী হাইহিলের উচ্চায়ত রহস্য তো রয়েছেই।
প্রচ্ছদ: সাব্যসাচী মিস্ত্রী
শাড়ি একটা রহস্যময় পোশাক। নারী দেহকে কতটা প্রদর্শন করলে আর কতটা অপ্রকাশিত রাখলে তা শারীরিক মোহ বজায় রেখেও দর্শকের চোখে অনিন্দ্য হয়ে উঠবে, তা পোশাকটি যেন সহজাতভাবেই জানে। 
শাড়ি ছাড়া এমন জাদুকরি রহস্য আর পরস্পরবিরোধী মাধুরী আছে কোন পোশাকে? শরীর নিয়ে এমন শিল্পিত খেলা আর কে খেলতে পারে? সালোয়ার-কামিজ, টাইট জিনস, মিনি স্কার্ট কি এর সমকক্ষ? শেষেরগুলো তো প্রায় পোশাক না থাকারই শামিল। জাপানি কিমোনোর রং ওদিকে আবার বেশি রকম উচ্চকণ্ঠ। শরীরের সহজাত মাধুর্যকে এ প্রায়শই ছাপিয়ে যায়। বাকি পৃথিবীর অধিকাংশ দেশেই পোশাক হয় শরীরটাকে রমণীয় গুদামঘর বানিয়ে রাখে, নয়তো প্রায় বিবসনা করে রগরগে যৌনতার মৌতাত উদ্​যাপন করে। 
শাড়ির মধ্যে আছে এই দুইয়ের মিলিত জাদু। এ সৌন্দর্যের লালসাকেও বাদ দেয় না আবার আলোয়–ছায়ায়, মেঘে-রৌদ্রে শরীরকে যেন স্বপ্নরাজ্য বানিয়ে দেয়। 
আগেই বলেছি, নানা জাতির দৈহিক বৈশিষ্ট্য একত্র হওয়ায় বাঙালির শরীর অধিকাংশ সময় সুগঠিত নয়। এই ত্রুটিকেও শাড়ির রুচি স্নিগ্ধ–শৈল্পিক আব্রুর মধ্যে এনে যেন বাঙালি মেয়েকে প্রাণে বাঁচিয়ে দেয়। 
তাদের শরীরের অসম অংশগুলোকে লুকিয়ে ও সুষম অংশগুলোকে বিবৃত করে শাড়ি এই দুর্লভ কাজটি করে। 
শাড়ির আরেকটা দিক আছে, যা দীর্ঘ বা মধ্যম উচ্চতার সব মেয়েকেই প্রিয়দর্শিনী করে তোলে। সেটা হলো এর সহজ প্রীতিময়তা। 
কোনো মেয়ে শাড়িতে সুন্দর হয়ে উঠতে চাইলে তার শরীরকে শাড়ির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তাড়াহুড়ো করতে হয় না। বিনীত শাড়িই তার কোমলতা দিয়ে ওই শরীরকে সৌন্দর্যে ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়ে নেয়। শাড়ি সারা শরীর জড়িয়ে রাখা এক কাপড়ের একটা দীর্ঘ স্বপ্নখচিত জড়োয়া গয়না। বৈচিত্র্যে, সৌন্দর্যে কারুকার্যে প্রায় তুলনাহীন। আমাদের সোনালি ধানখেতগুলো যেন গোটা বাংলাদেশকে নানান বাঁকে জড়িয়ে দেশজুড়ে বয়ে যায়, শাড়িও তেমনি নারীর শরীরে সৌন্দর্যের প্রতিটি ঢেউ আর সরণিকে আঁকাবাঁকা, উঁচু-নিচু ভঙ্গিতে বিন্যস্ত করে আঁচলের কাছে এসে একঝাঁক সাদা পায়রার মতো নীল আকাশে উড়তে থাকে। 
শাড়ি বা কিমোনোর মতো ঐতিহ্যময় পোশাককে হটিয়ে সালোয়ার-কামিজ, স্কার্ট, মিনি স্কার্ট, ট্রাউজার, শার্ট যে একালের মেয়েদের মন কাড়ল তার কারণ এই নয় যে শাড়ি বা কিমোনো পোশাক হিসেবে ভালো নয়, এর কারণেই কর্মব্যস্ত ঊর্ধ্বশ্বাস যুগের অকর্ষিত রুচি চাহিদা। জীবন প্রয়োজনের ক্লেদাক্ত চাপ শিল্পকে হটিয়ে দিয়েছে। এ যুগ সৌন্দর্যের পরিশীলনকে জানে না। সে বোঝে শুধু একটা জিনিস; লেস ইজ মোর। এই লেসের আক্রমণে মানুষের পোশাকরুচি তার শরীরের সমস্তরে নেমে গেছে।
আমার মনে হয়, এ রকম একটা অপরূপ পোশাককে ঝেঁটিয়ে বিদায় করে বাঙালি মেয়েরা সুবুদ্ধির পরিচয় দেয়নি।

Wednesday, August 28, 2019

ডেঙ্গু মোকাবিলায় শুরুতে আবদুল্লাহ আবু সায়ীদের শরণাপন্ন হই -সাক্ষাৎকারে সাদেক হোসেন খোকা

অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকা মনে করেন সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং যথোপযুক্ত সামাজিক সম্পৃক্ততার অভাবের কারণেই দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অতীতে ডেঙ্গু মোকাবিলায় নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। অনেকটা দিশাহারা পরিস্থিতিতে তখন নগরীর গণ্যমান্য ও জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম শুরু করেছিলাম। সেইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে করপোরেশনের নিবিড় সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু এবারের ভয়াবহ ডেঙ্গু-পরিস্থিতিতে তেমন কোনো সমন্বয় ও সামাজিক সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে না।

ক্যানসারের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে অবস্থানরত সাবেক এই মেয়র মানবজমিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আরো বলেন, করপোরেশনের অতীতের অভিজ্ঞতার আলোকে ডেঙ্গু মোকাবিলায় যদি আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া থাকতো তাহলে হয়তো বর্তমানের বিপর্যয়কর পরিস্থিতির কবলে পড়তে হতো না।
তিনি বলেন, ২০০২ সালে আমি মেয়রের দায়িত্বে ঠিকমতো বসতে না বসতেই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দেয়। এ বিষয়ে আমার তেমন কোনো ধারণাই ছিল না।
খোঁজ নিতে গিয়ে দেখলাম যে, স্টোরে মশা মারার কোনো ওষুধই নেই। ওষুধ কিনতে গিয়ে দেখি তহবিলে কোনো টাকা নেই। এমনকি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার মতো টাকাও ছিল না। ওই পরিস্থিতিতে রীতিমতো দিশাহারা হয়ে পড়লাম। তখনই জানতে পারি, মশার প্রজনন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ সাহেবের অতীত অভিজ্ঞতা আছে।

দ্রুত তাঁর শরণাপন্ন হলাম। তাঁর কাছেই জানতে পারি, ডেঙ্গুর ভাইরাসবাহী এডিস মশা পরিষ্কার পানিতে ডিম দেয় এবং এই মশা দিনের আলোতেই মানুষের শরীরে কামড় দেয়। আবু সায়ীদ সাহেবের সঙ্গে কথা বলার পর আমি এ বিষয়ে একের পর এক আরো অনেক বিশিষ্ট ব্যক্তিকে অনুরোধ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাতে সাড়া দিয়ে প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ প্রয়াত ডা. এম আর খান, টিআইবির তৎকালীন চেয়ারম্যান প্রফেসর মোজাফফর আহমদ, বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, স্থপতি মোবাশ্বের হোসেন, লেখক ইমদাদুল হক মিলন, চলচ্চিত্র অভিনেত্রী কবরী, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বিটিভির সাবেক পরিচালক রফিকুল ইসলাম সরকার, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, পরিবেশ আন্দোলনের নেতা আবু নাসের এবং সিভিল সোসাইটির আরো অনেকেই দারুণ আন্তরিকতা নিয়ে এগিয়ে আসেন। তাঁদের মিলিত হওয়ার জন্য নগরভবনেই একটি বড় কক্ষ বরাদ্দ করা হয়। তাঁরা নিয়মিত সেখানে বসে পরিস্থিতি পর্যালোচনার পর সেই মোতাবেক করণীয় ঠিক করতেন। তাঁদের দিক-নির্দেশনায়ই সিটি করপোরেশন মশা নিধন ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে।

সাদেক হোসেন খোকা বলেন, সেই বছর এডিস মশার বংশবিস্তার রোধে এসব বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন গ্রুপে বিভিক্ত হয়ে রাজধানীর বিভিন্ন অঞ্চলে জনসচেতনতা সৃষ্টির কাজে নেমে পড়েছিলেন। তাতে নগরবাসীর তরফ থেকেও অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। কারণ তাঁদের সেই তৎপরতা লোক দেখানো বা টিভি ক্যামেরার সামনে দাঁড়ানোর উদ্দেশ্য ছিল না। অবশ্য তখন এত বেশি টিভি চ্যানেলও ছিল না। সবাই আন্তরিকতা নিয়ে সত্যিকার জনসচেতনতা সৃষ্টির জন্যই এগিয়ে এসেছিলেন।

তিনি বলেন, হাতিরঝিল এলাকা ছিল মশার বড় প্রজনন ক্ষেত্র। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে একদিন ওই এলাকায় গেলে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভেঙ্গে পড়ে। তখন তিনি হ্যান্ডমাইকে বক্তৃতা দিয়ে সেসব মানুষকে মশার প্রজননরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। দেখা গেল একদিনের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার হয়ে গেছে। ইলিয়াস কাঞ্চন এমনকি তাঁর সিনেমার শ্যুটিং-শিডিউল পরিবর্তন করেও আমাদের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। ইমদাদুল হক মিলনকে ফোন করে যখন এই কাজে যুক্ত হওয়ার অনুরোধ জানালাম, জবাবে তিনি বললেন, এই প্রথম কোনো মেয়রের ফোন পেলাম। আমি অবশ্যই থাকবো। এরপর তিনি রীতিমতো পূর্ণকালীন আমাদের সঙ্গে থেকে দিনের পর দিন জনসচেতনতা সৃষ্টির কাজে ভূমিকা রেখেছেন।

সাবেক মেয়র বলেন, সেই বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের ওপর খোঁজ-খবর নিয়ে দেখা গেল, কাঁঠালবাগান, কলাবাগান, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় এই রোগের প্রকোপ বেশি। তখন কমিশনার আব্দুল লতিফের তত্ত্বাবধানে এই অঞ্চলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং আমি নিজে তাতে অংশগ্রহণ করি। একদিন সেই অভিযানের অংশ হিসেবে কলাবাগান এলাকায় গেলে স্থানীয় লোকজন আমাকে একটি বাড়ি দেখিয়ে বললো, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদ এই বাড়িতে থাকেন। তখন আমি সেই বাড়িতে গিয়ে সামাদ আজাদ সাহেবের সঙ্গে দেখা করি এবং তাঁকেও অনুরোধ জানাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তিনি স্বতঃস্ফূর্তভাবে সেদিন আমাদের সঙ্গে পুরো এলাকা ঘুরে ঘুরে মানুষকে এডিস মশার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

খোকা বলেন, তখন সিটি করপোরেশনের ৯০ জন কমিশনারের মধ্যে ৩৩ জন ছিলেন আওয়ামী লীগের। আমি তাদের সবাইকে সমভাবে গুরুত্ব দিয়ে এই কাজে যুক্ত করি এবং তারা প্রত্যেকেই সমান উৎসাহে জনসচেতনতা সৃষ্টির কাজে যুক্ত হন। আব্দুল্লাহ আবু সায়ীদ সাহেব তাঁর বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মীদেরও এই কাজে যুক্ত করেন। তারা নগরীর বিভিন্ন পার্কে গিয়ে বড় বড় গাছের কোটরে জমে থাকা পানি অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

একইসঙ্গে বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জরুরিভিত্তিতে এক মতবিনিময় সভার আয়োজন করি। প্রয়াত বরেণ্য সাংবাদিক এবিএম মূসা, মাহফুজ আনাম, রিয়াজউদ্দিন আহমদ, প্রয়াত আমানউল্লাহ কবীর, মতিউর রহমান চৌধুরীসহ সংবাদপত্রসমূহের অধিকাংশ সম্পাদক এবং বিপুলসংখ্যক সিনিয়র সাংবাদিক সাড়া দেন আমার অনুরোধে। তাঁদের সামনে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। পরে তাঁদের অনেকেই ডেঙ্গু সচেতনতা বিষয়ক করপোরেশনের বিজ্ঞাপন বিনামূল্যে ছেপে দেন। এছাড়া জনসচেতনতামূলক কর্মকাণ্ডের খবর গুরুত্ব দিয়ে নিয়মিত প্রকাশ করেছিল প্রায় সকল সংবাদমাধ্যম।

অন্যদিকে, মেয়র হিসেবে আমি নিজে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ও স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে থাকি। মান্নান ভূঁইয়া সাহেব আমাকে সর্বাত্মক সহায়তা দিয়েছিলেন দ্রুত মশার ওষুধ যোগাড়ের কাজে। আর স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত আমাদের সঙ্গে যোগ দিতেন জনসচেতনতা সৃষ্টির কাজে। তাঁর নির্দেশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও নেতৃস্থানীয় চিকিৎসকরাও যুক্ত হন এই তৎপরতায়। নিজের অতীতের ক্রীড়া সংগঠক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুবাদে নগরীর বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটাকেও কাজে লাগাই জনসচেতনতা সৃষ্টিতে। তবে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা মাথায় রেখে আকাশ থেকে মশার ওষুধ ছিটানো বা এরিয়াল স্প্রে করার জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সংযোজন করা হয়। কিন্তু ওই পর্যায়ে উবীনিগ-এর ফরহাদ মযহার সাহেবসহ আরো অনেক পরিবেশবাদী এরিয়াল স্প্রের ব্যাপারে আপত্তি জানান। তখন তাদের আমরা বলি, এখনই এরিয়াল স্প্রে করা হবে না। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয় তখনই শেষ ব্যবস্থা হিসেবে এটা করার প্রস্তুতি নিয়ে রাখছি।

টানা সাড়ে ৯ বছর মেয়রের দায়িত্ব পালনকারী খোকা বলেন, সেই বছর করপোরেশনের স্বাস্থ্য বিভাগের দুই চিকিৎসকের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একটা সমস্যায় পড়ে যাই। তাদের এই দ্বন্দ্বের জেরে আদালতে একটি মামলা থাকার কারণে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে কাউকে নিয়োগ দেওয়া যাচ্ছিল না। ফলে মশকনিধন ও জনসচেতনতা সৃষ্টির সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনায় ব্যাঘাত ঘটছিল। কারণ, এসব কর্মকাণ্ড স্বাস্থ্য বিভাগের অধীনেই হয়ে থাকে। ওই পরিস্থিতিতে আমি উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর কর্নেল র‌্যাঙ্কের একজন চিকিৎসককে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়ে আসি। আজও পর্যন্ত সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে সেনাবাহিনীর চিকিৎসকরাই দায়িত্ব পালন করছেন।

সবমিলিয়ে দলমত নির্বিশেষে এক সমন্বিত প্রচেষ্টার বদৌলতেই সেই বছর কার্যকরভাবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা সম্ভব হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।