Showing posts with label হামলা. Show all posts
Showing posts with label হামলা. Show all posts

Wednesday, December 24, 2014

আদালতে খালেদা, আওয়ামী লীগের হামলা

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আদালতে পৌঁছার আগেই সেখানে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় রক্তাক্ত অবস্থায় কয়েকজন কর্মীকে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। ঢাকা মেডিকেল সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার, পলাশী মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ছে। পুরো এলাকায় ভুতুরে অবস্থা বিরাজ করছে। খালেদা জিয়ার গাড়ি আদালত এলাকায় পৌঁছার সময়ও ছাত্রলীগের কর্মীরা তার গাড়িবহর লক্ষ্য করে ঢিল ছুড়তে দেখা যায়।

Tuesday, December 23, 2014

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২৭, আহত ৬০

নাইজেরিয়ার জনাকীর্ণ একটি বাস টার্মিনাল ও একটি মার্কেটে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন প্রায় ৬০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে কর্মকর্তারা বলছেন, কট্টরপন্থী সংগঠন বোকো হারাম এ হামলা দুটি চালিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে কট্টরপন্থী সংগঠনটি একের পর এক হামলা চালাচ্ছে। গোম্বে শহরের একটি বাস টার্মিনালে প্রথম হামলাটি চালানো হয়। সেখানে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটির পর বহু মানুষ জড়ো হন সেখানে এবং দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। জোড়াবোমা হামলায় ২০ জন নিহত হন এবং ৪১ জন আহত হন। এর কয়েক ঘণ্টা পর পার্শ্ববর্তী বাউচি শহরের একটি মার্কেটে বোমা হামলা চালানো হলে সেখানে কমপক্ষে ৭ জন প্রাণ হারান এবং ১৯ জন আহত হন। বিস্ফোরণে মার্কেটের একটি বড় অংশে আগুন ধরে যায়। গাঢ় ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ওই হামলাগুলোর কোনটিতে আত্মঘাতী হামলাকারী ছিল কিনা, সে সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দেশটির সামরিক বাহিনী এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ বছর নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতায় ১০,৩৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ।

Thursday, November 20, 2014

হংকংয়ে দরজা ভেঙে আইনসভায় ঢুকল বিক্ষোভকারীরা

হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের একদল সমর্থক মঙ্গলবার রাতে পুলিশের বাধা অতিক্রম করে আইনসভায় প্রবেশ করে। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। মঙ্গলবার রাত ১টার পর একদল তরুণ বিক্ষোভকারী পার্লামেন্টের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন। তাদের কয়েকজন মুখোশ পরা ছিলেন। বিক্ষোভকারীদের কেউ কেউ ভবনের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছিলেন বলে খবর পাওয়া গেছে।
লাঠি ও হেলমেট হাতে প্রায় ১০০ দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের পিছু হটতে বারবার সতর্ক করেছিল। এ সময় তাদের হাতে লাল পতাকা ছিল। একপর্যায়ে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা রাতভর কয়েকবার ভবনে ঢোকার চেষ্টা করে। তবে বুধবার দিনের শুরুতে তারা পিছু হটে।
ডেমোক্রেটিক আইনপ্রণেতা ফার্নান্দো চেয়াং বলেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। আন্দোলন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। বিক্ষোভকারীদের থামাতে যে কয়েকজন লোক চেষ্টা করছিলেন তার মধ্যে এই আইনপ্রণেতাও রয়েছেন। বিক্ষোভকারীরা এসময় পুলিশ চলে যাও বলে স্লোগান দিচ্ছিলেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা আইন পরিষদ ভবনের (লেগকো) একটি পার্শ্ব দরজা ভাঙতে ধাতব পদার্থ ব্যবহার করেন। পুলিশ প্রধান বিক্ষোভস্থলের একটি অংশ শান্তিপূর্ণভাবে অপসারণ করার পর এ সংঘর্ষ হয়। রাজনৈতিক সংস্কার তথা পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীসহ হংকংয়ের সর্বস্তরের মানুষ আট সপ্তাহেরর বেশি সময় ধরে দেশটির তিনটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে রেখেছেন। চীনের অধীন আধা-স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডে ২০১৭ সালের নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নেয়ার বেইজিং পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে গণতন্ত্রকামীরা।
চীন বলেছে, হংকংবাসী ভোট দিতে পারবেন। তবে প্রার্থীরা যোগ্য কিনা সে সম্পর্কে খোঁজখবর নেবে বেইজিং। ছাত্রনেতা লেস্টার সাম এএফপিকে বলেন, আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার এবং অহিংস নীতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এছাড়া চার জনকে গ্রেফতার করা হয়েছে। এএফপি।

Wednesday, November 19, 2014

জেরুজালেমের উপাসনালয়ে হামলা : নিহত ৪

পশ্চিম জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে অজ্ঞাত দুই দুর্বৃত্তের হামলায় ইসরাইলের চারজন নাগরিক নিহত হয়েছেন।
সোমবার হারাভ শিমন আগাসী স্ট্রিটের একটি সিনাগগে দুজন লোক পিস্তল ও ছুরি দিয়ে ওই চার ইসরাইলিকে হত্যা করে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। পুলিশের দাবি, আক্রমণকারীরা পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি নাগরিক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ পবিত্র স্থান আল আকসা মসজিদ নিয়ে বেশ কিছুদিন ধরেই ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ইসরাইল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন, আমরা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছি।
এ হত্যাকাণ্ডের কঠোর জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আল আকসা বা হারাম আল-শরিফে ইহুদিদের প্রার্থনার দাবি জানিয়ে প্রচারণা চালাচ্ছে গোঁড়া ইহুদিদের একটি অংশ। এ ঘটনার জের ধরে একজন ইহুদি ধর্মীয় নেতা নিহত হলে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

Tuesday, November 18, 2014

বর্ধমান বিস্ফোরণে জড়িত ৩৪ জনের তালিকা হস্তান্তর

বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনায় জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে ৩৪ জনের নামের একটি তালিকা দিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দল এ তালিকা হস্তাস্তর করে। তবে যে নামের তালিকা দেয়া হয়েছে তাদের বেশির ভাগই বাংলাভাষাভাষি হলেও তারা প্রকৃতপক্ষে বাংলাদেশী কিরা এনআইএ সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য দেয়নি। সংখ্যার বিষয়টি উল্লেখ না করলেও নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, অল্পসংখ্যক দুষ্কৃতকারীর তালিকা দিয়েছে এনআইএ দল। তবে তাদের পরিচয় নিশ্চিত করেনি। এই তালিকা যাচাই-বাছাই করে সম্মিলিতভাবে কাজ করা হবে।
এদিকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) প্রতিনিধি দলকে সহায়তা এবং জঙ্গি সম্পর্কিত তথ্য বিনিময়ের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি এনআইএর সঙ্গে তথ্য আদান-প্রদান করবে। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশী জঙ্গি গোষ্ঠী জড়িত কিনা, তা জানতে সোমবার এনআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল ২ দিনের সফরে সোমবার ঢাকা এসেছে। প্রতিনিধি দলটি ঢাকায় এসে প্রথম দিনেই স্বরাষ্ট্র সচিবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে বৈঠক শেষে এনআইএ প্রতিনিধি দলের প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। রাতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এনআইএ প্রতিনিধি দলের ফের বৈঠকের কথা রয়েছে। মঙ্গলবার দেশের একটি সীমান্তবর্তী এলাকাও সফর করতে পারে প্রতিনিধি দলটি। তবে এ ব্যাপারে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হচ্ছে না।
জঙ্গি তৎপরতা রোধে এটাই ভারতীয় কোনো শীর্ষ তদন্ত সংস্থার বাংলাদেশ সফর।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেন, ভারতের এই ঘটনায় তারা (এনআইএ) মনে করে দুষ্কৃতকারীরা ভারতের লোকও হতে পারে আবার বাংলাদেশেরও হতে পারে। এ বিষয়ে তারা সহযোগিতা চেয়েছে। তাদের সহযোগিতা করতে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। বাংলাদেশে কোনো দুষ্কৃতকারী থাকলে এনআইএকে এ কমিটির মাধ্যমে আইনানুগ সহযোগিতা দেয়া হবে।
প্রতিনিধিদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোজাম্মেল হক খান বলেন, বর্ধমান বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত হচ্ছে। ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া হয়নি। তবে তাদের ধারণা, বাংলাদেশ ও ভারতের কিছু দুষ্কৃতকারী রয়েছে। এ জন্য দুদেশ যৌথভাবে কাজ করবে। আমরা চাই না দুদেশে কোনো দুষ্কৃতকারী থাকুক। তারা দেশ ও জনগণের শত্র“।
দুই নেত্রীকে হত্যার পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, বিষয়টি আজ আপনাদের কাছে জানলাম। এর আগেও সংবাদ মাধ্যম থেকে শুনেছি। এ বিষয়েও তাদের (এনআইএ) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তিনি আরও বলেন, এনআইএ প্রতিনিধি দলটি সোম ও মঙ্গলবার বাংলাদেশ সফর করবে। গঠিত কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে তারা মাঠ পর্যায়ে সফর করতে পারে। তবে কোথায় সফর করবে সে ব্যাপারে তিনি কিছু উল্লেখ করেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, সিআইডির প্রধান মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এনআইএ মহাপরিচালক শারদ কুমার ও উপ-মহাপরিদর্শক সজীদ ফরিদসহ চার সদস্যের প্রতিনিধি এবং ভারতীয় হাইকমিশনের এক প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বর্ধমান বিস্ফোরণ ও জঙ্গি তৎপরতায় জড়িত ৩৪ জঙ্গির তালিকা দেয়ার কথা জানান। ২ অক্টোবর ওই বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামে দুজন নিহত এবং আবদুল হাকিম নামে এক ব্যক্তি আহত হন। তারা জেএমবির সদস্য বলে প্রাথমিক তদন্তে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানতে পারে। ওই ঘটনায় গ্রেফতার হওয়া সাজিদ নারায়ণগঞ্জের ফরাজিকান্দার বাসিন্দা বলে ভারতীয় গণমাধ্যমে খবর বেরোয়। তাতে বলা হয়, এনআইএর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া জেলায় ইসলামী রাষ্ট্র গড়ার ছক আঁকছিল জেএমবি। বিস্ফোরণে জড়িত ১০ প্রধান সন্দেহভাজনের যে তালিকা ভারতের জাতীয় তদন্ত সংস্থা প্রকাশ করে হুলিয়া জারি করে তার মধ্যে তিনজনের বাড়ি বাংলাদেশে বলে জানানো হয়। বৈঠক শেষে স্বরষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, তারা বলেছে বাংলাদেশ ও ভারত দুদেশেই দুষ্কৃতকারী রয়েছে। কাজেই তাদের খুঁজে বের করা দরকার। তারা মনে করে বাংলাদেশেও দুষ্কৃতকারী রয়েছে। এনআইএ প্রতিনিধি দলের এই আবেদনটি একেবারেই উড়িয়ে দেয়ার মতো নয়। এটিকে গুরুত্ব দিয়েই বিবেচনা করা হচ্ছে।

Monday, November 17, 2014

বেঁচে গেলেন মহিলা এমপি নিহত ৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার আইনপ্রণেতাদের একটি গাড়িবহর লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলায় তিন বেসামরিক লোক নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে। গাড়িবহরে আফগান পার্লামেন্টের এক প্রখ্যাত মহিলা এমপি শুকরিয়া বারেকজাই ছিলেন। কর্মকর্তারা জানান, কাবুলের পশ্চিমাঞ্চলের প্রধান সড়কে আফগান পার্লামেন্টের কাছে এ ঘটনা ঘটে। হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটালে এমপিদের গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সেদিকি টুইট বার্তা বলেন, এ ঘটনায় বারেকজাই সামান্য আহত হয়েছেন। তিনি ভালো আছেন। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে আজকের এই হামলার ঘটনায় তিন বেসামরিক লোক শহীদ এবং আরও ১৭ জন আহত হয়েছেন। আফগানিস্তানে নারী অধিকার সংক্রান্ত পরিস্থিতি উন্নয়নে প্রচারণার জন্য বারেকজাই সুপরিচিত। এই অবস্থানের জন্য তিনি আফগানিস্তানের অনেক ইসলামী উগ্রবাদী সংগঠন ও রক্ষণশীলদের রোষানলে পড়েন।

Friday, November 7, 2014

এমপির বাসায় আত্মগোপনে পলাশের হামলাকারীরা

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও তিতাস কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে অবৈধ গ্যাস সংযোগের মূল হোতা পলাশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা ও জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন স্থানীয় এমপির আশ্রয়ে রয়েছেন। পলাশে এমপির বাসভবনেই আত্মগোপন করে আছেন তারা। এ অবস্থায় জড়িতদের অবস্থান নিশ্চিত হয়েও পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না। তবে নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশ্রাফ খান পোটন তার বাসভবনে আত্মগোপনের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে অবহিত না করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় শৃংখলা ভঙ্গের অভিযোগে আনা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামকে কারণদর্শানো নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান। ওই ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী একেঅপরের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। এ অবস্থায় প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যের রূপ নিয়েছে। জানা যায়, নির্বাচনী ম্যান্ডেট পূরণের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশ্রাফ খান পোটন বিভিন্ন এলাকায় সভা সমাবেশে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অলিখিতভাবে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অনুমতি প্রদান করেন। যেসব এলাকায় গ্যাস সংযোগ পৌঁছেনি সেসব এলাকার লোকজন এমপি পোটনের দারস্থ হলে তাদেরও অবৈধ গ্যাস সংযোগ নেয়ার পরামর্শ প্রদান করেন। এরই ফলশ্র“তিতে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা অবৈধ গ্যাস সংযোগ স্থাপন শুরু করেন। অবৈধ গ্যাস সংযোগের ব্যাপকতা ছড়িয়ে পড়ে পুরো পলাশ উপজেলায়। আর অবৈধ গ্যাস সংযোগকে পুঁজি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের রোষানলে পড়তে হচ্ছে তিতাস কর্তৃপক্ষকে। স্থানীয় তিতাস আঞ্চলিক কার্যালয়ের মতে, জেলায় অবৈধ সংযোগ রয়েছে প্রায় ১ লাখ। এতে প্রতিদিন সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় ৩০ কোটি টাকা। সরকারের বিপুল পরিমাণ ক্ষতি ও রাষ্ট্রীয় সম্পদ লুট হলেও তা রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। এ পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ চক্রের বিরুদ্ধে ৩২টি মামলা হলেও একজন আসামিও গ্রেফতার হয়নি। অভিযোগ উঠেছে রাজনীতিবিদদের পাশাপাশি পুলিশকে ম্যানেজ করে এ অবৈধ কর্মযজ্ঞ চালানো হচ্ছে। এদিকে অবৈধ গ্যাস সংযোগের জড়িতদের আত্মগোপনের বিষয়ে সংসদ সদস্য কামরুল আশ্রাব খান পোটন বলেন, আমার বাড়িতে ভাইবোন ছাড়া কেউ প্রবেশ করতে পারেন না। ছাত্রলীগ নেতারা কিভাবে আমার বাড়িতে আত্মগোপন করবেন। তাছাড়া আমি তাদের চিনি না। সভা সমাবেশে গ্যাস সংযোগের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সংযোগ দিতে হবে নির্বাচনে এমন কোনো প্রতিশ্র“তি আমি দেইনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছোটখাটো নেতারা যদি অবৈধ কোনো কর্মকাণ্ড করে তাদের তো আমি পেটাতে পারি না। তবে অন্যায়কে আমি প্রশ্রয় দেই না।এদিকে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা মারধরের ঘটনা পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লাকে প্রধান আসামি করে একাধিক ব্যক্তির নামে মামলা করেছে তিতাসের বিক্রয় সহকর্মী মো. ওকিল উদ্দিন। মামলার আসামিরা হল- পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা, জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, গ্যাসের ঠিকাদার শাজাহান খানসহ অজ্ঞাতনামা একাধিক আসামি।এদিকে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিপোর্টার্স ক্লাবের ব্যানারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোখলেছুর রহমান জড়িতদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। পরে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ অবস্থান তুলে ধরেন।মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও যুগান্তরের সাংবাদিক, বিশ্বজিৎ সাহা, ৭১-এর প্রতিনিধি মোবারক হোসেন, বাংলাভিশনের প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টি, আরটিভির প্রতিনিধি মোর্শেদ শাহরীয়ার, দৈনিক বাণীর সম্পাদক ফারুক মিয়া, দৈনিক মুক্ত চিন্তার সম্পাদক জয়নাল আবেদিন, ইউএনপির প্রতিনিধি আসাদুল হক পলাশ, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সঞ্জিত সাহা, চ্যানেল আইয়ের প্রতিনিধি সুমন রায়, দেশ টিভির প্রতিনিধি সুমন বর্মন, সময় টিভির প্রতিনিধি পিয়াল, ইনডিপেন্ডেন্টের প্রতিনিধি রিপন, প্রথম আলোর প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনির, নরসিংদী সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নসিবুর রহমান খান, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি সালাম রানা, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মতি প্রমুখ।উল্লেখ্য, নরসিংদীর ভাটপাড়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে গেলে পলাশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা ও সজিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, পুলিশ, আনসার ও তিতাস গ্যাসের কর্মকর্তাসহ আহত হয় ২০ জন।