Tuesday, October 6, 2026

সিইসির পদত্যাগ দাবি: কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় বিরোধী নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভের সময় ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয় বলে টেলিভিশন চ্যানেলগুলোর খবরে জানানো হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তাদের একটি পুলিশ বাসে তোলা হয়। তবে কিছু সময় পর তারা বাস থেকে বের হয়ে আবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যান।

বিরোধী দলগুলোর এই বিক্ষোভের লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো। এ সময় দিল্লিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়া হয়।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সাম্প্রতিক কার্যক্রমে অনিয়ম হয়েছে এবং এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পাচ্ছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত, অযোগ্য ও একাধিকবার অন্তর্ভুক্ত ভোটারদের বাদ দিতেই এই কার্যক্রম চালানো হচ্ছে।

মঙ্গলবারের কর্মসূচির আগে গত কয়েক দিন ধরেও দিল্লি ও ভারতের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে।

এদিকে নির্বাচন কমিশনকে ঘিরে একটি মামলার শুনানি চলছে ভারতের সুপ্রিম কোর্টে। আদালত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি হয়নি আদালত। মামলাটির পরবর্তী শুনানি চলবে। সূত্র: রয়টার্স, এনডিটিভি

সিইসির পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের বাইরে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান। ছবি: এএনআই
সিইসির পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের বাইরে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান। ছবি: এএনআই

আইরিশ কোচের দিকে ইসরায়েলি ফুটবলারের ‘থুতু দেওয়ার’ অভিযোগ

প্রথমার্ধের খেলা শেষে রেফারির বাঁশি বাজতেই উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। আয়ারল্যান্ডের কোচিং স্টাফ সদস্য ড্যামিয়েন ডয়েলের দিকে থুতু ছিটিয়ে বসেন ইসরায়েলের এক ফুটবলার। আইরিশ সংবাদমাধ্যমের বরাততে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

রাজনৈতিক টানাপোড়েন ও যুদ্ধপরিস্থিতির ছায়ায় অনুষ্ঠিত ইউয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ফুটবলের চেয়ে এমন অনভিপ্রেত ঘটনাই কেড়ে নিয়েছে মূল নজর। বিতর্ক আর উত্তেজনায় ঘেরা জোড়া ম্যাচের সিরিজ শেষ হওয়ায় অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলেছেন আইরিশ কোচ।

রোববার (৪ অক্টোবর) রাতে সার্বিয়ার মাঠে দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের আইসল্যান্ডিক কোচ হেইমির হালগ্রিমসন বলেন, সিরিজটি শেষ হওয়ায় আমি সত্যি আনন্দিত। এটি আমাদের সবার ওপরই বড় মানসিক চাপ তৈরি করেছিল। খেলোয়াড়দের পূর্ণ কৃতিত্ব দিতে হবে, কঠিন পরিস্থিতিতেও তারা দারুণ পেশাদারিত্ব দেখিয়েছে। গত দুই সপ্তাহে আমাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, কোনো দেশের জাতীয় দল যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি না হয়।

আইরিশ কোচের দিকে থুতু দেওয়ার ঘটনা নিয়ে জানতে চাওয়া হলে সরাসরি মন্তব্য এড়িয়ে হালগ্রিমসন জানান, আমি সেখানে উপস্থিত ছিলাম, তবে এ বিষয়ে কথা বলব না। বিষয়টি এখন শৃঙ্খলা কমিটির বিচারে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কোচ রান বেন-শিমোন দাবি করেন, বিরতির সময় তিনি ড্রেসিংরুমে থাকায় ঘটনাটি দেখেননি।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম তীব্র সমালোচক আয়ারল্যান্ড। গত সপ্তাহে প্রথম লেগের খেলায় হাঙ্গেরির মাঠে ৩-০ গোলে জিতেছিল আইরিশরা। রাজনীতি ও কূটনৈতিক উত্তেজনার কারণে এবারও সার্বিয়ার নিরপেক্ষ ভেন্যুতে দর্শকহীন স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে বাধ্য হয় আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

এদিন মাঠে দর্শক না থাকলেও দুই দলের মধ্যবর্তী স্নায়ুযুদ্ধ ছিল স্পষ্ট। আগের ম্যাচের মতো এবারও হ্যান্ডশেক কিংবা ট্র্যাডিশনাল ফ্ল্যাগ বিনিময় করেননি ফুটবলাররা। প্রতিপক্ষের জাতীয় সংগীত বাজানোর সময় মাথা নিচু করে রাখেন তারা। এ ছাড়া গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে আয়ারল্যান্ড।

ম্যাচের ৩৯তম মিনিটে ট্রয় পারটের পেনাল্টি গোলে আয়ারল্যান্ড এগিয়ে গেলেও বিরতির পরপরই দোর পেরেসের গোলে সমতায় ফেরে ইসরায়েল। দ্বিতীয় অর্ধে ইসরায়েলের দুটি শট গোলপোস্টে লেগে ফিরে এলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

সূত্র: আলজাজিরা।

আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে হট্টগোল। ছবি: গেটি ইমেজেস
আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে হট্টগোল। ছবি: গেটি ইমেজেস

ফ্লাইদুবাইয়ের কো-পাইলট থেকে যেসব তথ্য পেল তদন্তকারীরা

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করা ওমানি কো-পাইলট হামাম আল হাম্মামি তদন্তকারীদের বলেছেন, তিনি গাজার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা আল হাম্মামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের কাছে তিনি জানিয়েছেন, তার পরিকল্পনা ছিল প্রথমে উড়োজাহাজটি স্বাভাবিকভাবে পরিচালনা করা। এরপর ক্যাপ্টেনকে অচেতন করে ককপিটের নিয়ন্ত্রণ নেওয়া, প্রয়োজনীয় সব অবতরণ অনুমতি নিশ্চিত করা এবং পরে কোনো বিমানবন্দর স্থাপনা বা সেখানে থাকা উড়োজাহাজে বিমানটি বিধ্বস্ত করা।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ কারণেই আল-হাম্মামি জর্ডানের আকাশসীমা পার হওয়ার আগ পর্যন্ত ককপিটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেননি বলে তদন্তকারীদের ধারণা। বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭০ জনের বেশি মানুষ ছিলেন, যাদের বেশিরভাগই ইসরায়েলি।

তবে তার পরিকল্পনা ব্যর্থ হয়। ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার আল-হাম্মামির হামলা ও ছুরিকাঘাতে আহত হওয়ার পরও ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর উড়োজাহাজের কয়েকজন ইসরায়েলি যাত্রী হামলাকারীকে ধরে ফেলেন। তাদের একজন বিমানটির নিয়ন্ত্রণ স্থির রাখেন। পরে দায়িত্বে থাকা দুই অফ-ডিউটি পাইলট ককপিটে গিয়ে নিয়ন্ত্রণ নেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ইসলামপন্থি চরমপন্থী মতাদর্শে উগ্রপন্থায় প্রভাবিত হয়েছিলেন এবং বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানায়, ওমানি কর্তৃপক্ষের সন্দেহ ছিল আল হাম্মামি উগ্র মতাদর্শে জড়িয়ে পড়েছেন। এ কারণে তাকে দেশটির জাতীয় বিমান সংস্থায় পাইলটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে পত্রিকাটি জানিয়েছে।

নেতানিয়াহু বলেছেন, কীভাবে আল হাম্মামি ইসরায়েলগামী ফ্লাইট পরিচালনার অনুমতি পেলেন, তা খতিয়ে দেখবে ইসরায়েল। ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমাদের এমন বিধিনিষেধ রয়েছে, যেখানে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই; এমন দেশের পাইলটদের ইসরায়েলগামী ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয় না।’

চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েল মনে করে না যে ফ্লাইদুবাইয়ের অন্যকোনো ক্রু সদস্য আল-হাম্মামির বিমান বিধ্বস্তের চেষ্টায় জড়িত ছিলেন। চ্যানেলটির আরও দাবি, জিজ্ঞাসাবাদে আল হাম্মামি বলেছেন, তিনি ‘গাজার প্রতিশোধ নিতে’ এই কাজ করেছেন। তিনি আরও বলেছেন, ‘আমি শহীদ হয়ে মরতে চেয়েছিলাম।’

চ্যানেল ১২-এর দুই সূত্র আরও দাবি করেছে, রোববার ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের মোসাদের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক বছরগুলোতে আল হাম্মামি ইসরায়েলবিরোধী কয়েকটি দেশে স্বল্প সময়ের জন্য সফর করেছিলেন।

এদিকে সিএনএন দুই তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, গত বছর ওমানের জাতীয় বিমান সংস্থার একটি চাকরি থেকে আল হাম্মামিকে সরিয়ে দেওয়া হয়েছিল। আল আরাবিয়াও এক তথ্যভিত্তিক সূত্রের বরাতে জানিয়েছে, ওমানি কর্তৃপক্ষ আল হাম্মামির মধ্যে উগ্রপন্থি মতাদর্শের উপস্থিতি শনাক্ত করেছিল।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আল হাম্মামি সিরিয়ায়ও সময় কাটিয়েছিলেন। এ কারণে সেখানে থাকা উগ্রপন্থি গোষ্ঠীগুলোর মাধ্যমে তিনি প্রভাবিত হয়ে থাকতে পারেন বলে উদ্বেগ তৈরি হয়েছিল।

এবিসি নিউজ তদন্তসংশ্লিষ্ট জ্যেষ্ঠ গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, প্রশিক্ষণার্থী থাকার সময় আল-হাম্মামির কাছে উগ্রপন্থি প্রচারসামগ্রী পাওয়ার অভিযোগও উঠেছিল।

গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের হামাসের নজিরবিহীন হামলার পর। এ হামলায় ইসরায়েলে ১ হাজার ২২১ জন নিহত হন বলে সরকারি ইসরায়েলি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপির হিসাবে জানা যায়।

এর জবাবে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ পর্যন্ত ৭৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মন্ত্রণালয়টি হামাস-নিয়ন্ত্রিত হলেও জাতিসংঘ এর পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

গত অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ১ হাজার ৪৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

ওমানি কো-পাইলট হামাম আল হাম্মামি ও ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ। ছবি: কালবেলা
ওমানি কো-পাইলট হামাম আল হাম্মামি ও ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ। ছবি: কালবেলা

একটি সূত্রই বদলে দিয়েছিল স্টিভ জবসের পুরো কর্মজীবন, কী সেটা by কাজী আকাশ

২৮ বছর আগের কথা। মার্কিন প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী স্টিভ জবস তখন ডুবন্ত কোম্পানি অ্যাপলকে একদম নতুনভাবে সাজাতে শুরু করলেন। সে সময়ের অভিজ্ঞতা থেকে একটা অসাধারণ শিক্ষার কথা সম্প্রতি শেয়ার করেছেন কানাডীয় ব্যবসায়ী ও টিভি ব্যক্তিত্ব কেভিন ও’লিয়ারি। তিনি বলেছেন, ‘জবসের কাছ থেকে শেখা সবচেয়ে বড় শিক্ষাটা সময় ব্যবস্থাপনা বা লক্ষ্য নির্ধারণ নিয়ে নয়। এটা আরও গভীর ব্যাপার। জবস জানতেন, কীভাবে গুরুত্বপূর্ণ আর অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্থক্য করতে হয়। কীভাবে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিজের কাজটা করতে হয়। এই একটি ধারণাই তাঁর পুরো কর্মজীবন বদলে দিয়েছে।’ স্টিভ জবসের সেই সূত্রের নাম ‘সিগন্যাল ও নয়েজ’।

সিগন্যাল ও নয়েজ কী

কেভিন ও’লিয়ারি খুব সহজভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন। সিগন্যাল হলো সেই ৩-৫টি কাজ, যেগুলো আগামী ১৮ ঘণ্টার মধ্যে অবশ্যই করতে হবে। এসব এমন কাজ, যা না করলেই নয়। এসবই আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। আর নয়েজ হলো বাকি সবকিছু। যেমন অপ্রয়োজনীয় মিটিং, সময় নষ্ট করে ই–মেইল করা কিংবা নানান ধরনের বিভ্রান্তি।

জবস তাঁর জীবনে এই নিয়ম খুব ভালোভাবে মেনেছেন। তিনি ৮০: ২০ অনুযায়ী কাজ করতেন। জবস চাইতেন, তাঁর সময় আর শক্তির ৮০ শতাংশ যাবে সিগন্যালে। আর নয়েজে সর্বোচ্চ ২০ শতাংশ। কিন্তু সাধারণ মানুষ কী করে? তারা ৫০ শতাংশ সময় সিগন্যালে আর ৫০ শতাংশ নয়েজে দেয়। কেউ কেউ তো আরও খারাপ অবস্থায় থাকে। বেশির ভাগ সময় মিটিং ও মেইল চালাচালি করে ভাবে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে না কেন!

ও’লিয়ারির মতে, সফল উদ্যোক্তা এবং অন্যদের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। বিজয়ীরা হয়তো সব সময় সবচেয়ে বুদ্ধিমান বা ভদ্র মানুষ হন না, কিন্তু তাঁরা সিগন্যাল চিনতে ভুল করেন না।

নির্মমতার শক্তি

জবস কাজের অগ্রাধিকার ঠিক করতেন একদম নির্মমভাবে। তাঁর কাছে যা কিছু লক্ষ্যের জন্য অপ্রয়োজনীয়, তা-ই নয়েজ। এর মধ্যে পড়ে আরাম, সামাজিক ভদ্রতা, প্রশংসা, এমনকি আবেগও।

কেভিন ও’লিয়ারি বলেন, ‘জবস ভদ্রতাকে দুর্বলতা মনে করতেন, যখন সেটা কাজে বাধা হয়ে দাঁড়াত। কোনো আলাপ যদি প্রোডাক্ট তৈরি নিয়ে না হতো, তাহলে তাঁর কাছে সেই আলাপের কোনো দাম ছিল না। কেউ যদি যথেষ্ট দ্রুত কাজ না করত, তাকে ছাঁটাই করা হতো। জবস এটা কঠোর হওয়ার জন্য করতেন না, লক্ষ্য অর্জনের জন্য করতেন। তিনি মনে করতেন, দ্রুত কাজ না করাটা মাঝারি মানের নয়েজ। এটাও নয়েজকে প্রশ্রয় দেওয়া।’

এই কঠোরতা জবসকে অনেকের কাছে অসহ্য করে তুলেছিল। কিন্তু এটাই তাঁকে সফল করেছে। তাঁর এই অবিচল মনোযোগ চারপাশের মানুষকে বাধ্য করত নিজেদের সেরাটা দিতে, নয়তো সরে যেতে হতো।

আবেগের নিয়ন্ত্রণও কাজের অংশ

বেশির ভাগ মানুষ ভাবে, উৎপাদনশীলতা মানে শুধু কাজ আর সময়ের ব্যাপার। কিন্তু জবস বুঝেছিলেন, আপনার মানসিক অবস্থাও এখানে বড় ভূমিকা পালন করে। ও’লিয়ারি বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন। তিনি বলছেন, কোনো খবর চরম বিপর্যয়ের হোক বা চরম আনন্দের—কোনোটিই যেন আপনাকে পথভ্রষ্ট না করে।

কেন? কারণ, আবেগ যখন নিয়ন্ত্রণ করা যায় না, তখন সেটা নয়েজে পরিণত হয়। খারাপ খবরের আতঙ্ক হোক বা জয়ের উদ্‌যাপন, আসল বিপদটা একই—আপনি সিগন্যাল থেকে দূরে সরে যাবেন।

জবস নিজেকে এমনভাবে গড়ে তুলেছিলেন, যেন যেকোনো পরিস্থিতিতে তিনি স্থির থাকতে পারেন। তাঁর মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকত দুটি প্রশ্ন—এখনো কী কাজ বাকি এবং সিগন্যাল বা মূল লক্ষ্য কী? পরিস্থিতি যা-ই হোক, কাজ শেষ করাই হলো মূল কথা। ও’লিয়ারির মতে, এই আবেগীয় শৃঙ্খলাই সফল নেতাদের অন্যদের থেকে আলাদা করে।

স্টিভ জবস ও ইলন মাস্ক: আলাদা মানুষ, একই শক্তি

স্টিভ জবস ও ইলন মাস্কের ইনটেন্স বা কাজের প্রতি গভীর মনোযোগের ব্যাপারটা প্রায় একই। তবে শুধু গভীর মনোযোগ তাঁদের সফল করেনি, আসল ব্যাপার হলো, তাঁরা কোন বিষয়ে মনোযোগী।

ও’লিয়ারির মতে, দুজনের মধ্যে একটি জায়গায় মিল আছে। তাঁরা মূল লক্ষ্যের ওপর শতভাগ মনোযোগ দেন। জবস কখনো মানুষের মনোযোগ বা অ্যাটেনশন খোঁজেননি, তিনি খুঁজেছেন ফলাফল। অন্যদিকে মাস্ককে মানুষ পছন্দ করল কি না, তা না ভেবে পরিকল্পনা বাস্তবায়নের পেছনে ছুটেছেন।

ও’লিয়ারি উল্লেখ করেছেন, এই তীব্র মনোযোগের কারণে এই নেতাদের সঙ্গে কাজ করা বা তাঁদের আশপাশে থাকাটা কঠিন হতে পারে। কিন্তু এ কারণেই তাঁরা সফল। এই একই কারণে তাঁরা এমন সব জিনিস তৈরি করেন, যা নিয়ে অন্যরা শুধু আলোচনাই করে যায়। তাঁরা কখনো নয়েজ বা অগুরুত্বপূর্ণ কাজে ফোকাস করেননি।

আমাদের কী শিক্ষা নেওয়া উচিত

আপনি যদি না জানেন আপনার সিগন্যাল বা মূল লক্ষ্য কী, তাহলে সারা দিন কেটে যাবে নয়েজের পেছনে ছুটতে ছুটতে। নিজের লক্ষ্য ঠিক করতে না পারলে সারা দিন মিটিং, মেসেজ আর ছোটখাটো সিদ্ধান্তের ভিড়ে আপনি হারিয়ে যাবেন। শুনতে সহজ মনে হলেও কাজটা করা মোটেও সহজ নয়। এ কারণেই বেশির ভাগ মানুষ বিষয়টি এড়িয়ে যায়। আর যারা এড়িয়ে যায় না, তারাই কাজ শেষ করে, এগিয়ে যায় এবং নেতৃত্ব দেয়।

তাই নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কী কী? কোন পাঁচটি কাজ আগামী ১৮ ঘণ্টার মধ্যে অবশ্যই করতে হবে? একই সঙ্গে এটাও ভাবুন, কোন কোন বিষয় আপনাকে এই পাঁচটি কাজ করতে বিভ্রান্ত করছে। সেসব ঝেঁটিয়ে বিদায় করে দিন।

মোদ্দাকথা হলো, আপনাকে গুরুত্বপূর্ণ আর অগুরুত্বপূর্ণ কাজের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এ কাজটা করতে পারলেই বাকিটা সহজ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কাজটা গুরুত্বসহকারে করুন, তবে অন্যটা কাছে ঘেঁষতে দেবেন না। তাহলে আপনিও হবেন সফল।

সূত্র: মিডিয়াম 

স্টিভ জবস কাজের অগ্রাধিকার ঠিক করতেন একদম নির্মমভাবে
স্টিভ জবস কাজের অগ্রাধিকার ঠিক করতেন একদম নির্মমভাবে। ছবি: উইকিমিডিয়া কমনস

যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় চড়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্যে কারা প্রবেশ করবে—এই সিদ্ধান্ত যতদিন মানবপাচারকারী ও অপরাধী চক্রগুলোর হাতে থাকবে, ততদিন আশ্রয়প্রার্থীদের বড় একটি অংশ যৌন নিপীড়নের ঝুঁকিতে থাকবেন।

সাবেক টোরি মন্ত্রী ররি স্টুয়ার্ট ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ঘনিষ্ঠ উপদেষ্টা অ্যালিস্টেয়ার ক্যাম্পবেলের সঙ্গে আলোচনায় মাহমুদ বলেন, সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার বর্তমানে যে অবস্থায় রয়েছে, তা গ্রহণযোগ্য নয়। উত্তর ফ্রান্সে যারা নৌকায় ওঠার অপেক্ষায় থাকেন, তাদের মধ্য থেকে কারা যুক্তরাজ্যে যাবে, তা অনেক ক্ষেত্রে অপরাধী চক্রই নির্ধারণ করে। এসব চক্র মানবপাচারের সঙ্গেও জড়িত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর ফ্রান্সে অবস্থানরত প্রায় প্রতিটি নারীই যাত্রার কোনো না কোনো পর্যায়ে ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন—এমনটা ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। শুধু নারী নয়, কিছু পুরুষও যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং তাদের ভয়ভীতি দেখানো হয়েছে বলে জানান তিনি।

মাহমুদের মতে, কোনো ব্যক্তিকে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া, দেশটিকে আশ্রয়ের জন্য বেছে নেওয়া এবং পরবর্তী সময়ে সমাজের অংশ হয়ে ওঠার প্রক্রিয়া অপরাধী চক্রের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। তার ভাষায়, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থার মাধ্যমে এসব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সাক্ষাৎকারে যুক্তরাজ্যের উগ্র ডানপন্থিদের নিয়েও কথা বলেন মাহমুদ। মুখ ঢাকা বা চাদর পরা এসব বিক্ষোভকারী ক্ষমতায় গেলে তাকে হত্যা করতে পারে অথবা দেশ থেকে বের করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মাহমুদ বলেন, মুসলিম হওয়ার কারণে উগ্র ডানপন্থিদের একটি অংশ তাকে ‘প্রকৃত ব্রিটিশ’ বলে মনে করে না এবং তাকে ঘৃণা করে।

নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। মাহমুদ জানান, তিনি নিজেকে ফিলিস্তিনপন্থি আন্দোলনের একজন অংশীদার হিসেবে মনে করেন। একই সঙ্গে ফিলিস্তিন অ্যাকশন সংগঠন নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভকারীদের গ্রেপ্তার নিয়েও নিজের অস্বস্তির কথা জানান।

তবে সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর এর পক্ষে কোনো সামগ্রী বহন বা পরার অভিযোগে পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, তার বিরোধিতা করেননি মাহমুদ। সোমবার লিভারপুলে লেবার পার্টির সম্মেলন চলাকালে নিষিদ্ধ সংগঠনটির সমর্থনে সামগ্রী বহনের সন্দেহে ৮২ জনকে গ্রেপ্তার করে মার্সিসাইড পুলিশ।

এদিকে রোববার অভিবাসীদের বহনকারী একটি ছোট নৌকা ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে যায়। ফরাসি কোস্টগার্ড ও উদ্ধারকারী জাহাজগুলো নৌকাটিকে অনুসরণ করছিল। ধারণা করা হচ্ছে, নৌকাটি নরম্যান্ডির ইউটাহ বিচ এলাকা থেকে যাত্রা শুরু করেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর যৌন সহিংসতার ব্যাপকতার স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন। তবে একই সঙ্গে তিনি শরণার্থীদের জন্য নিরাপদ ও বৈধ পথ সীমিত করার সরকারি নীতির সমালোচনা করেন।

হুসেইন বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালানো নারী ও শিশুরা নিজেদের দেশেই যেমন যৌন সহিংসতার ঝুঁকিতে থাকেন, তেমনি নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাত্রাপথেও একই ধরনের ঝুঁকির মুখোমুখি হন। তাই নারীদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ ও বৈধ পথ বাড়ানো প্রয়োজন, কমিয়ে দেওয়া নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
ছবি: সংগৃহীত

সরকারি টাকায় নিজের বিজ্ঞাপন বন্ধ করলেন ট্রাম্প

সমালোচনার মুখে সরকারি অর্থে নিজের প্রচারসংবলিত টেলিভিশন বিজ্ঞাপন চালানো বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে এসব বিজ্ঞাপনের খরচ তিনি নিজে অথবা তার রাজনৈতিক তহবিল এমএজিএ প্যাক বহন করবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিজ্ঞাপনগুলোর পক্ষে সাফাই দেন। তিনি বলেন, এগুলো ‘যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক প্রচার’। তবে এসব বিজ্ঞাপনের জন্য আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশজুড়ে তিনটি বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এসব বিজ্ঞাপনে ট্রাম্পকে নিয়ে প্রচারমূলক বক্তব্য ও দেশাত্মবোধক বার্তা রয়েছে। অন্তত ১৫ লাখ ডলার সরকারি অর্থ এসব বিজ্ঞাপনে খরচ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপনগুলো নিয়ে দুই দলের আইনপ্রণেতা ও নীতিশাস্ত্র বিশেষজ্ঞদের সমালোচনা রয়েছে। তারা সরকারি অর্থ রাজনৈতিক প্রচারে ব্যবহারের অভিযোগে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

একটি বিজ্ঞাপনে ট্রাম্পকে বলতে দেখা যায়, ‘আমেরিকা কখনো কমিউনিস্ট দেশ হবে না।’ এরপর কোরাসে ‘লাভ মি’ শব্দটি শোনা যায়। আরেকটি বিজ্ঞাপনে মাউন্ট রাশমোরের ছবি দেখানোর পাশাপাশি ট্রাম্পকে আমেরিকার ‘স্বর্ণযুগ’ নিয়ে কথা বলতে দেখা যায়। বিজ্ঞাপনগুলোর শেষে বলা হয়, এগুলো যুক্তরাষ্ট্র সরকার অর্থায়ন করেছে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা গত মাসে অভিযোগ করেন, এসব বিজ্ঞাপনের জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ২ কোটি ডলার তহবিল স্থানান্তর করা হয়েছে।

তাদের দাবি, একটি বিজ্ঞাপন ২০২৪ সালের ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। এ ঘটনায় তারা স্বাধীন তদন্তের দাবি জানান।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা সোমবারও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। তিনি সরকারি অর্থ ব্যবহারের ঘটনাকে ‘জনগণের অর্থের বিস্ময়কর অপব্যবহার’ এবং জনআস্থার লঙ্ঘন বলে মন্তব্য করেন।

তবে ট্রাম্প নিয়োগ করা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার গত সপ্তাহে বিজ্ঞাপনগুলোকে যথাযথ বলে মন্তব্য করেন। তিনি এসব নিয়ে তদন্তের একটি অনুরোধও নাকচ করেছেন।

সরকারি টাকায় নিজের বিজ্ঞাপন বন্ধ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দিলে এবং সেখানকার ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হলে ইসরাইলের ২৭ কূটনীতিককে পরিবারসহ যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছে ব্রিটিশ সরকার।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। সূত্রগুলো জানিয়েছে, ইসরাইল যদি পূর্ব জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেয় এবং ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করে, তাহলে পাল্টা পদক্ষেপ হিসেবে ২৭ ইসরাইলি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার প্রস্তুতি রয়েছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর-এর নির্দেশের পর আগামী ৮ অক্টোবর কনস্যুলেটটি বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে। পশ্চিম তীরে ইসরাইলের বিরুদ্ধে যুক্তরাজ্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতেই কনস্যুলেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে কনস্যুলেটটি বন্ধ হওয়া ঠেকাতে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল গত সপ্তাহে গোপনে ইসরাইল সফর করেছেন। রয়টার্সকে বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সরকার তার সফরের বিষয়টি প্রকাশ্যে জানায়নি।

সূত্রগুলো জানায়, ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পাওয়েল কনস্যুলেটটি খোলা রাখার বিষয়ে আলোচনা করেন। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ডের কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ তুলে ব্রিটেন সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বলতে ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে বোঝায়।

ব্রিটিশ সরকারের ভাষ্য অনুযায়ী, ইসরাইল সরকারের সমর্থনে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থী ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলা বেড়ে যাওয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে। ব্রিটিশ নিষেধাজ্ঞাগুলো আগামী বছর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটটি শহরটির ফিলিস্তিনি জনগোষ্ঠী, পশ্চিম তীর ও গাজার সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি কনস্যুলেটটি ফিলিস্তিনিদের বিভিন্ন কনস্যুলার সেবাও দিয়ে থাকে।

তবে কনস্যুলেট বন্ধের বিষয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর ব্রিটেনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি ব্রিটিশ নিষেধাজ্ঞাকে ‘নৈতিকভাবে বিকৃত’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি ইসরাইলের প্রতি বৈরী মনোভাব পোষণ করছে এবং আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ইসরাইলের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্মসূচির ডাক ককরোচ পার্টির

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লি ও মুম্বাইয়ে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। পুলিশের বাধা, আটক ও নারী বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আন্দোলন আরো জোরালো হয়েছে। এরই মধ্যে আগামী ১০ অক্টোবর আবারো দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ ও মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন।

২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তী দুই দিনও অব্যাহত থাকে। বিক্ষোভকারীদের অনেকে চলমান কর্মসূচিকে ‘যন্তর-মন্তর ২.০’ হিসেবে অভিহিত করছেন। তবে এবার দিল্লি পুলিশ আগের তুলনায় আরো কঠোর অবস্থান নেয়। বিক্ষোভকারীদের কাউকেই যন্তর-মন্তরে পৌঁছাতে দেওয়া হয়নি।

রোববার দিল্লিতে সাধারণ মানুষ, সমাজকর্মী ও ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে ইন্ডিয়া গেট থেকে যন্তর-মন্তর পর্যন্ত ‘সিটিজেন্স মার্চ’ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এর আগের দিন দিল্লি পুলিশের বিরুদ্ধে কয়েকজন নারী সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠে। এ ঘটনার পর রোববার আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে।

এর মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কয়েকটি কলেজ ক্যাম্পাসে নারী নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে যন্তর-মন্তরে পুলিশের আচরণ নিয়ে ক্ষোভের বিষয়টি একাকার হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুই প্রতিবাদের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা বোরা অভিযোগ করেন, পুলিশ যে গাড়িতে তাকে নিয়ে যায়, সেখানে কোনো নারী পুলিশ সদস্য ছিলেন না। পরে তাকে যন্তর-মন্তর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের নারেলা এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। আইসার অভিযোগ, ওই সময় নেহা বোরার কাছে তার মোবাইল ফোনও ছিল না।

আন্দোলন চলাকালে আরো কয়েকজন নেতা দিল্লি পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন। আম আদমি পার্টির কর্মীরাও বিপুলসংখ্যায় ইন্ডিয়া গেট এলাকায় বিক্ষোভে যোগ দেন। দলের দিল্লি প্রদেশ সভাপতি সৌরভ ভরদ্বাজকেও আটক করে পুলিশ।

পরে এক্সে পোস্ট করা এক ভিডিওতে সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, ইন্ডিয়া গেটে তাকে পুলিশ উল্টো করে ঝুলিয়ে নিয়ে গিয়েছিল, যাতে ক্যামেরায় তার মুখ ধরা না পড়ে। ভিডিওতে কয়েকজন পুলিশ সদস্যকে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

সমাজকর্মী যোগেন্দ্র যাদবও পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, নির্ধারিত বিক্ষোভস্থল যন্তর-মন্তরের দিকে যাওয়ার সময় তাদের জোর করে আটক করা হয়েছে। তার ভাষ্য, এটি এক দিনের প্রতীকী প্রতিবাদ নয়; জ্ঞানেশ কুমারকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

রোববার সন্ধ্যায় ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মিছিল করে। ভোটার তালিকায় কথিত অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে সংগঠনটি। এক্সে দেওয়া এক পোস্টে তারা যন্তর-মন্তর আবার মানুষের জন্য উন্মুক্ত করা এবং জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচির কথা জানায়।

অন্যদিকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে ‘গর্জনা মোর্চা’ আয়োজন করে উদ্ধব ঠাকরের শিবসেনা ও রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। কর্মসূচিতে দুই ঠাকরে নেতাই অংশ নেন।

এর আগে ২ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কেও ককরোচ জনতা পার্টির ডাকে বড় বিক্ষোভ হয়। পুলিশ অনুমতি না দিলেও বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি তদন্তমূলক প্রতিবেদন প্রকাশের পর ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, সরকার এতটাই অযোগ্য যে দুই মাসের মধ্যে তাদের দ্বিতীয়বার বিক্ষোভে নামতে হচ্ছে। তিনি বলেন, গান্ধী যদি ভারতের আত্মা হন, তবে আম্বেদকর দেশটির মেরুদণ্ড। তার দাবি, ড. বাবাসাহেব আম্বেদকর ও জওহরলাল নেহরুই ভারতের জনগণকে ভোটাধিকার দিয়েছেন।

মুম্বাইয়ের ওই কর্মসূচিতে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং সুরকার-গায়ক বিশাল দাদলানিও উপস্থিত ছিলেন। উদ্ধব ঠাকুরের শিবসেনাও এতে সমর্থন জানায়।

এদিকে মুম্বাইয়ের কর্মসূচির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে আগামী ১০ অক্টোবর দিল্লিতে ফের বড় আন্দোলনের ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, আপনিও গুছিয়ে নিন, দিল্লি রওনা হতে হবে।’

দিল্লিতে যন্তর-মন্তরে বিক্ষোভের অনুমতি না দেওয়ার পাশাপাশি দিল্লি মেট্রোও ১০টির বেশি স্টেশন বন্ধ করে দেয়। এরপরও বিপুলসংখ্যক মানুষ যন্তর-মন্তরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। নেহা বোরা, প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব, সৌরভ ভরদ্বাজ ও সঞ্জয় সিংসহ বেশ কয়েকজনকে আটক করা হলেও কাউকেই বিক্ষোভস্থলে পৌঁছাতে দেওয়া হয়নি।

এদিকে নির্বাচন কমিশন শুক্রবার সকালে এক্সে পোস্ট করে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে বাদ পড়া নামগুলো পুনরায় অন্তর্ভুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা দেয়। এর আওতায় ভোটার তালিকা যাচাই, বাদ পড়া ভোটারদের শনাক্ত করা এবং তাদের ফর্ম-৬ পূরণ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, বুথ লেভেল কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তরুণ ভোটারদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং বুথ পর্যায়ে বিশেষ শিবিরও আয়োজন করা হবে।

কেন জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি?

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়া অপর দুই নির্বাচন কমিশনার গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে ১৪ বার আপত্তি জানিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের এসআইআর প্রক্রিয়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে তাদের জানানো হয়নি। নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটারদের নাম বাদ দেওয়া এবং কথিত ‘অননুমোদিত ও বেআইনি’ পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী আপত্তি তুলেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই প্রতিবেদন প্রকাশের পর বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ককরোচ জনতা পার্টিও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরালো করেছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব দিতে এবং কমিশনের প্রতি আস্থা পুনঃস্থাপন করতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ প্রয়োজন।

সূত্র: বিবিসি বাংলা

ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্মসূচির ডাক ককরোচ পার্টির
রোববার নারী বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় দিল্লি পুলিশ। ছবি: সংগৃহীত

এক ভাই গুগল, আরেক ভাই মেটায় by ওমর কায়সার

প্রকাশ ১৬ নভেম্বর ২০২৫ঃ চাটগাঁইয়া পোয়া, মেডিত ফইরলে লোয়া। এ কথা আবারও প্রমাণ করলেন চট্টগ্রামের দুই সহোদর ইয়ামিন ইকবাল ও মোহাইমিন ইকবাল। চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা এই দুই তরুণ তাঁদের মেধা, অধ্যয়ন ও প্রচেষ্টায় এখন দুই বিশ্বসেরা প্রতিষ্ঠানে কাজ করছেন। বিশ্বের লাখ লাখ তরুণ যেসব প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখে, সে রকম দুটি প্রতিষ্ঠানে ইয়ামিন ও মোহাইমিন কাজ করার সুযোগ পেয়ে প্রমাণ করেছেন বিশ্বমানের প্রযুক্তি–দুনিয়ায় জায়গা করে নেওয়া কেবল স্বপ্ন নয়, বাস্তবও হতে পারে। বড় ভাই ইয়ামিন এখন গুগলে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর ছোট ভাই মোহাইমিন এ বছর ফেব্রুয়ারিতে যোগ দিয়েছেন বিশ্বের সেরা সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটায়। মেটার অধীন চারটি প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডে প্রতি মাসে ৪০০ কোটি ব্যবহারকারী নিয়মিত সক্রিয় থাকে। বিশ্বের সর্ববৃহৎ এই নেট–দুনিয়ায় কাজ করার সুযোগ পেয়ে বাংলাদেশের তরুণদের এক বিরাট অনুপ্রেরণার উৎসে পরিণত হলেন দুই ভাই।

চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলীর চৌধুরীহাট এলাকার সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন দুই ভাই। শুরু থেকেই তাঁরা ভাবতে শুরু করেছেন, পড়ালেখা মানে শুধু স্কুল–কলেজে যাওয়া–আসা নয়, প্রতিদিনের পাঠাভ্যাস থেকে যে জ্ঞান অর্জন করা যায়, তাকে কাজে লাগাতে হবে। কিছু একটা করতে হবে। অনেক বড় কিছু করার স্বপ্ন তাঁদের সব সময় ছিল। ইয়ামিন ইকবাল পড়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট), বিভাগ—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয়–জীবনের শুরু থেকেই তাঁর আগ্রহ ছিল প্রোগ্রামিং ও সমস্যা সমাধানে। সেই আগ্রহই তাঁকে নিয়ে যায় এক প্রতিযোগিতামূলক পথে, যার শেষপ্রান্তে অপেক্ষা করছিল বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি গুগল। ২০২০ সালে ইয়ামিন গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য নতুন দরজা খুলে দিয়েছিল—সেই একই পথে হাঁটলেন ছোট ভাই মোহাইমেন।

মোহাইমিন ইকবাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে। বড় ভাইয়ের সাফল্য তাঁকে অনুপ্রেরণা দিয়েছে। বড় ভাইয়ের দেখাদেখি তাঁরও আগ্রহ জন্মে প্রোগ্রামিংয়ের ওপর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতেন এবং নিজের দক্ষতা বাড়তে অবিরাম চেষ্টা চালিয়ে গেছেন। কোনো পুরস্কার পাব কি পাব না, জিতব কি না—এসব নিয়ে মোটেও ভাবতেন না। তিনি শুধু চেষ্টা করে গেছেন। এভাবে নিয়মিত সাধনার ভেতর দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। কিন্তু স্নাতক পাস করে বসে থাকার পাত্র নন তিনি। নিজ প্রচেষ্টায় উচ্চশিক্ষার চেষ্টা করতে থাকেন। অবশেষ যুক্তরাষ্ট্রের সান হোসে স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পান। বিদেশের মাটিতে গিয়ে অচেনা পরিবেশে শুরু করলেন এক নতুন জীবন। এক নতুন সংগ্রাম। শিক্ষার পাশাপাশি তাঁকে করতে হয়েছে বেঁচে থাকার সংগ্রাম। করতে হয়েছে চাকরির সন্ধান। সে এক কঠিন সময়। চাকরি পাওয়া খুব একটা সহজ নয়। কারণ, সে সময় বিশ্বজুড়ে টেক কোম্পানিগুলো ছাঁটাই আর নিয়োগ স্থগিত করছিল।

মোহাইমিন বলেন, ‘এই কঠিন মার্কেটে ইন্টার্নশিপ পাওয়া খুবই টাফ ছিল। টেক কোম্পানিগুলো তখন ছাঁটাই করছিল, হায়ারিং প্রায় বন্ধ। হাজার হাজার আবেদনকারীর ভিড়ে মে ২০২৪-এ স্নোফ্লেক এ ইন্টার্নশিপ পেয়ে গেলাম। এটা আমার জন্য বিশাল জয় ছিল।’ সেই ইন্টার্নশিপের অভিজ্ঞতা ছিল তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চৌকস সহকর্মীদের সঙ্গে কাজ শেখার সুযোগ পেলেন আর সময়কে কাজে লাগিয়ে পরিশ্রমের বিপরীতে কীভাবে কিছু অর্জন করতে হয় তা শিখলেন। এভাবে ইন্টার্নশিপও শেষ হয়ে যায়। কিন্তু কোম্পানিগুলো নিয়োগ বন্ধ রাখায় কোথাও থেকে পূর্ণকালীন চাকরির সুযোগ পাচ্ছিলেন না। তবে হতোদ্যম হয়ে পড়েননি। আর যাই হোক নিজের জীবনবৃত্তান্তে স্নোফ্লেকের নামটা অন্তর্ভুক্ত হয়েছে। এটা তাঁর অনেক বড় সঞ্চয়। আশায় দিন কাটাচ্ছিলেন। আর চেষ্টা করে যাচ্ছিলেন বিভিন্ন কোম্পানিতে। একের পর এক বড় কোম্পানিগুলো তাঁর প্রোফাইলের দিকে নজর দিতে শুরু করে। এরপর এল সেই শুভক্ষণ। অক্টোবর ২০২৪-এ মাইক্রোসফট এবং নভেম্বরেই মেটা থেকে আসে পূর্ণকালীন চাকরির প্রস্তাব। অবশেষে এ বছরের ১৮ ফেব্রুয়ারি যোগ দেন মেটায়।

মোহাইমিন তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, ‘বিশ্বের দুই টেক জায়ান্ট মেটা ও মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছি। আমি মেটার অফার গ্রহণ করেছি। আমার আশা একদিন বাংলাদেশের নিজস্ব টেক জায়ান্ট থাকবে, যা সারা বিশ্ব ব্যবহার করবে।’ মোহাইমিনের সাফল্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী সে সময় মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিলেন, ‘মোহাইমিন শুরু থেকেই পরিশ্রমী ও মনোযোগী ছাত্র ছিল। মেটা ও মাইক্রোসফটে সুযোগ পাওয়া শুধু তার নয়, আমাদের দেশের জন্যও গর্বের বিষয়।’ ইয়ামিন ও মোহাইমিন কি শুধু দুটি চাকরি পেয়েছেন? না। এটা দুই তরুণের পরিশ্রম, দৃঢ়তা ও কাজের প্রতি ভালোবাসার প্রতিফলন। পরিবার তাঁদের অনুপ্রেরণা দিয়েছে। মোহাইমিন বলেন, ‘আমাদের যা কিছু অর্জন তা হয়েছে আমার মায়ের অনুপ্রেরণায়।’

মায়ের এই বিশ্বাসই দুই সন্তানকে সাফল্যের এমন শিখরে নিয়ে গেছে। অগ্রজ ইয়ামিন সব সময় ছোট ভাইকে পথ দেখিয়েছেন। একসঙ্গে প্রোগ্রামিং নিয়ে আলোচনা, সমস্যা সমাধান ও কোড রিভিউ করা ছিল তাঁদের নিত্যদিনের কাজ। ইয়ামিন বর্তমানে গুগলে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, আর তাঁর অভিজ্ঞতাগুলো ছোট ভাইকে এগিয়ে নিয়ে গেছে।

এই দুই ভাইয়ের গল্প সত্যিকার অর্থে বাংলাদেশের প্রযুক্তি-প্রজন্মের গল্প। প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ের চাকরির সাক্ষাৎকার—সবকিছুই তাঁদের জন্য ছিল শেখার সুযোগ। তাঁরা প্রমাণ করেছেন, দেশের বাইরে গিয়ে বড় কিছু করার আগে নিজের ভেতরের সক্ষমতাকে জাগানোই আসল বিষয়।

মোহাইমিন তরুণদের উদ্দেশে বলেন, ‘যারা গুগল, মেটা বা মাইক্রোসফটে কাজ করতে চায়, তাদের প্রোগ্রামিং মনোযোগ দিয়ে করতে হবে। কম্পিউটার সায়েন্সে পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্য বিভাগ থেকেও যদি প্রোগ্রামিংয়ে দক্ষতা থাকে, তবু সম্ভব।’

ইয়ামিন আর মোহাইমিনের সাফল্য বাংলাদেশের তরুণদের মধ্যে নতুন বিশ্বাস জাগিয়েছে। তাঁরা জানিয়ে দিলেন—সাফল্য কেবল বিদেশি নয়, দেশীয় মেধা দিয়েও সম্ভব। তাঁরা দুজনই বিশ্বাস করেন, একদিন বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিপ্রতিষ্ঠান বিশ্বমঞ্চে জায়গা করে নেবে।

ইয়ামিন ইকবাল ও মোহাইমিন ইকবাল
ইয়ামিন ইকবাল ও মোহাইমিন ইকবাল