Friday, June 4, 2010

ভারত সফরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার ভারতে পৌঁছেছেন। গত বছরের মে মাসে ক্ষমতা গ্রহণের পর এশিয়ার কোনো দেশে এটাই তাঁর প্রথম সফর।
ভারতের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই জুমার এ সফরের মূল লক্ষ্য। তাঁর সঙ্গে রয়েছে ২০০ সদস্যের একটি বাণিজ্যিক প্রতিনিধিদল। জুমা তাঁর সফরের শুরুতে যাবেন মুম্বাই নগরে। এখানে আজ বৃহস্পতিবার তিনি একটি বাণিজ্যিক ফোরামের উদ্বোধন করবেন।

আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগামী সপ্তাহে পীতসাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। উত্তর কোরিয়ার কাছে জোরালো সংকেত পাঠানোই এ মহড়ার লক্ষ্য। গতকাল বুধবার সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়। খবর হিন্দুস্তান টাইমস-এর।
নাম প্রকাশ না করার শর্তে দেওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বক্তব্যের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানায়, ৮ থেকে ১১ জুন পর্যন্ত এ সামরিক মহড়া চলবে। সিউল ও ওয়াশিংটনের যৌথ প্রতিরক্ষাব্যবস্থা যে খুব মজবুত, উত্তর কোরিয়াকে তা বুঝিয়ে দেওয়াই এই মহড়ার লক্ষ্য।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার রয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম সেনাবাহিনী। সেনাসদস্যের সংখ্যা ১২ লক্ষাধিক। নিয়মিত সেনাবাহিনীর মধ্যে ২০ শতাংশ সদস্যের বয়স ১৭ থেকে ৫৪ বছর।
সেনাবাহিনীর আয়তনের দিক দিয়ে বিশ্বে দক্ষিণ কোরিয়া ষষ্ঠ স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তাদের রিজার্ভ সেনাবাহিনী। দ্বাদশতম স্থানে রয়েছে প্রতিরক্ষা বাজেট।
গত ২৬ মার্চ পীতসাগরের বিতর্কিত সীমানায় দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ চেওনান ডুবে ৪৬ জন নাবিকের মৃত্যু হয়। ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে দক্ষিণ কোরিয়া। এ নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে

ব্রিটেনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত

ব্রিটেনের উত্তর-পশ্চিমাঞ্চলে জনপ্রিয় পর্যটন অঞ্চল হোয়াইটহ্যাভেন, সিস্কেল ও এগ্রেমোন্ট শহরে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে। গতকাল বুধবার এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ তথ্য জানান। তিনি বলেন, সরকার হতাহত ব্যক্তিদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।
পুলিশ জানায়, ডেরিক বার্ডস নামের এক বন্দুকধারী এ ঘটনা ঘটায়। সে পেশায় একজন ট্যাক্সিচালক। হোয়াইটহ্যাভেনের ডিউক স্ট্রিটে প্রথম গুলির ঘটনা ঘটে।
বন্দুকধারী দক্ষিণ দিকে যাওয়ার আগে প্রথম হোয়াইটহ্যাভেনে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী গাড়িতে বসে গুলি চালাতে থাকে। পরে সে গসপোর্থ ও সিস্কেলের দিকে চলে যায়।
হোয়াইটহ্যাভেনে ঘটনার প্রত্যক্ষদর্শী পিটার ওয়াটসন জানান, ওই সড়কে তিনি এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানান, গতকাল সকালে হোয়াইটহ্যাভেন, সিস্কেল ও এগ্রেমোন্ট শহরে একজন বন্দুকধারীর গুলিতে কয়েকজন হতাহত হয়েছে।

ফৌজদারি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র

মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের পর তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার একজন মার্কিন অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এ কথা জানান। এদিকে তেলক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) তেল বেরিয়ে আসা বন্ধ করার ব্যাপারে আশাবাদ জানিয়েছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে মেক্সিকো উপসাগরে ওই তেলক্ষেত্রে বিস্ফোরণ হয়। এর পর থেকে তেলক্ষেত্রের ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে অনবরত তেল বেরিয়ে সাগরের পানিতে মিশছে। এতে সাগরের জীববৈচিত্র্য ও উপকূলীয় এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনোগ্রাফিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা জানান, তেল ছড়িয়ে পড়া বন্ধ না হওয়ায় তারা উপকূলের আরও বিস্তৃত এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তাঁরা জানান, মিসিসিপি ও অ্যালাবামা অঙ্গরাজ্যের উপকূলেও তেল ছড়িয়ে পড়েছে। এ নিষেধাজ্ঞার কারণে ওই অঞ্চলের ৬৮ শতাংশ জলসীমা উন্মুক্ত থাকবে।
এদিকে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, কয়েক সপ্তাহ আগে এই তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এ দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, দেশের ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ অনুসন্ধানের দায়বদ্ধতা রয়েছে সরকারের।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ফেটে তিনজন নিহত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৬৬ বছর পরও একটি বোমার বিস্ফোরণে বুধবার জার্মানিতে তিনজন নিহত হয়েছেন। উত্তর জার্মানের গোটিংগেনে বোমাটি নিষ্ক্রিয় করার সময় এ ঘটনা ঘটেছে।
শহরের মেলা প্রাঙ্গণের মাঠ সুটজেন প্লাজ এলাকায় বোমাটি শনাক্ত করার পর এলাকার প্রায় সাড়ে সাত হাজার বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।
এরপর বোমা বিশেষজ্ঞরা বোমাটি নিষ্ক্রিয় করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে তিনজন বোমা বিশেষজ্ঞ নিহত হয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার ঘটনা জার্মানিতে প্রতিনিয়িত ঘটলেও হতাহতের ঘটনা প্রায় নেই বললেই চলে। গোটিংগেন শহরে আজকের এই ঘটনার এক সপ্তাহ আগেও এ এলাকায় একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছিল।
নিহতদের স্মরণে আজ গোটিংগেন শহরে শোকসভার আয়োজন করা হয়। নিদারসাক্সেন প্রদেশের মুখ্যমন্ত্রীসহ শহরের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আদালতে নিদাল হাসান

যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ১৩ জন সহকর্মীকে গুলি করে হত্যার অভিযোগে আটক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল মালিক হাসানকে গতকাল বুধবার প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে আদালত ৪ অক্টোবর পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেছেন।
মেজর পদাধিকারী নিদাল হাসান মার্কিন সেনাবাহিনীর একজন মনোরোগ চিকিৎসক হিসেবে কর্তব্যরত ছিলেন। সেনা কর্মকর্তাদের ভাষ্যমতে, গত বছরের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্টহুড সামরিককেন্দ্রে তিনি সহকর্মীদের ওপর হঠাৎ নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেন। এ সময় তাঁর ছোড়া গুলিতে ১৩ জন কর্মকর্তা নিহত হন। এ ছাড়া তিনি আরও ৩২ জন সেনাসদস্যকে হত্যার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ আনা হয়েছে। উন্মাদের মতো গুলি চালানোর সময় পায়ে গুলি করে তাঁকে আটক করার পর তাঁর দুটো পা-ই অবশ হয়ে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল হুইলচেয়ারে বসিয়ে নিদালকে আদালতকক্ষে আনার পর তিনি শান্ত ও নিস্পৃহ ছিলেন। এ সময় তাঁর গায়ে সামরিক পোশাক পরানো ছিল। বিচারকের এক প্রশ্নের জবাবে তিনি একবার শুধু ‘ইয়েস স্যার!’ শব্দটি উচ্চারণ করেছেন, আর কোনো কথা বলেননি।
আসামিপক্ষের কৌঁসুলি জন গ্যালিগান আদালতকে বলেন, নিদাল হাসানের বিরুদ্ধে এফবিআই সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ এনেছে, তা বিশ্লেষণ করতে তাঁদের সময় দরকার। তাই তাঁরা সময় প্রার্থনা করেন। আদালত তাঁর সে আবেদন মঞ্জুর করেন এবং শুনানি চার মাস পিছিয়ে দেন। গ্যালিগান জেলখানায় না রেখে নিদাল হাসানকে চিকিৎসাকেন্দ্রে পাঠানোর নির্দেশ দিতে আদালতকে অনুরোধ জানান। তবে আদালত এই আবেদন নামঞ্জুর করেন।
কর্মকর্তারা বলেছেন, গোলাগুলির ঘটনার সপ্তাহ দুয়েক পর সেন্ট অ্যান্টনিওস ব্রুক আর্মি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় নিদালকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলায় দোষী সাব্যস্ত হলে নিদালের ফাঁসি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আটক সাহায্যকর্মীদের ফেরত পাঠাতে শুরু করেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণবাহী নৌবহরে হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে আটক সাহায্যকর্মীদের ফেরত পাঠাতে শুরু করেছে ইসরায়েল। গতকাল বুধবার সকালে ফিলিস্তিনের পশ্চিম তীরসংলগ্ন জর্ডান সীমান্ত দিয়ে ১২০ জনের বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়। আরও প্রায় ৬০ জন তুর্কি সাহায্যকর্মীকে আকাশপথে ফেরত নিয়ে আসে তুরস্কের উড়োজাহাজ।
ওই নৌবহরে ইসরায়েলি কমান্ডোদের হামলার ঘটনায় গতকাল তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক ঘণ্টার এই কথোপকথনে ওবামা হামলায় তুর্কি নাগরিকদের হতাহতের ঘটনায় সমবেদনা জানান। তিনি বলেন, ইসরায়েলের হাতে আটক নৌবহরের জাহাজ ও সাহায্যকর্মীদের মুক্তির ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হামলার ঘটনার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা তুর্কি প্রধানমন্ত্রীকে জানান তিনি।
তুরস্কের প্রধানমন্ত্রী ওবামাকে বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার একমাত্র বন্ধু তুরস্ককে হারানোর ঝুঁকি নিয়েছে। আসন্ন দিনগুলোতে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নেবে তার ওপর নির্ভর করছে এ অঞ্চলে তাদের অবস্থান কী হবে। নৌবহরে ইসরায়েলি হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ও বেআইনি কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেন তিনি।
এর আগে তুরস্ক এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ আরোপের দাবি জানায়। গতকাল তুরস্কের কূটনৈতিক সূত্র জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে চারজন তুর্কি।
গত সোমবার আন্তর্জাতিক সমুদ্রসীমায় গাজার বাসিন্দাদের জন্য ত্রাণবাহী ছয়টি জাহাজের একটিতে হামলা করে ইসরায়েলি কমান্ডোরা। হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল টেন জানায়, ইসরায়েলি সেনাদের গুলিতে ১৯ জন সাহায্যকর্মী নিহত হয়েছেন। তবে পরে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, নিহতের সংখ্যা কমপক্ষে নয়জন। এ ঘটনায় তুরস্কসহ সারা বিশ্ব তীব্র প্রতিক্রিয়া জানায়। হামলার পর ইসরায়েল ওই জাহাজ আশদোদ বন্দরে নিয়ে যায় এবং জাহাজে থাকা ৪২টি দেশের ৬৮২ জন সাহায্যকর্মীকে আটক করে।
ইসরায়েলি কর্মকর্তারা জানান, গতকাল সকালে ১২০ জনের বেশি সাহায্যকর্মীকে জর্ডান সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই ইন্দোনেশীয় ও আলজেরীয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সেনাদের ওপর সহিংস হামলায় অংশ নেওয়ার অভিযোগে তারা ৫০ জন সাহায্যকর্মীকে বিচারের জন্য আটকে রাখবে।
জর্ডানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা পেত্রা গতকাল সকালে জানায়, ১২৬ জন সাহায্যকর্মী সীমান্ত পার হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জন জর্ডানের নাগরিক। অন্যদের মধ্যে বাহরাইন, কুয়েত, পাকিস্তান, মরক্কো, সিরিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশের নাগরিকও রয়েছেন। মঙ্গলবার ইসরায়েলে আটক ৪২ জন ব্রিটিশ সাহায্যকর্মীর সঙ্গে দেখা করেন সেখানকার ব্রিটিশ দূতাবাসের কর্মী। তাঁদের মধ্যে মাত্র একজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত আসা ব্রিটিশ নাগরিক হাসান নোয়ারাহ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সোমবার তুর্কি জাহাজে ইসরায়েলি সেনাদের হামলার সময় আমি শুধু গুলি আর চিৎকারের শব্দ শুনেছিলাম। আমি দেখি ডেকে অনেক ইসরায়েলি সেনা এবং নৌবাহিনীর জাহাজ ও ডুবোজাহাজ আমাদের জাহাজ ঘিরে ধরেছে।’ মুক্তি পাওয়া সাহায্যকর্মী কুয়েতি আইনপ্রণেতা ওয়ালিদ আল-তাবতাবাই বলেন, ‘ইসরায়েলিরা আমাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। তারা আমাদের হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে গেছে। খাবার, পানি দেয়নি। শৌচাগারও ব্যবহার করতে দেওয়া হয়নি।’
ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনায় নিন্দা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পাশাপাশি গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ারও দাবি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক চাপের মুখে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে না। এটা ইসরায়েলের নিরাপত্তার জন্য অনেক বড় ঝুঁকি তৈরি করবে। তবে ইসরায়েলের মিত্র মিসর মঙ্গলবার গাজা থেকে অবরোধ তুলে নিয়েছে। ২০০৭ সালে ইসরায়েলের সমর্থনে মিসরও গাজার ওপর অবরোধ কঠোর করে। এতে সেখানকার ১৫ লাখ বাসিন্দা বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে ত্রাণবাহী নৌবহরে হামলার প্রতিবাদে প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমোরিকার দেশ নিকারাগুয়া। এ ব্যাপারে এক বিবৃতিতে বলা হয়, একটি মানবিক সহায়তা অভিযানে এ ধরনের হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের পরিষ্কার লঙ্ঘন। গতকাল জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) এক জরুরি বৈঠকে এ ঘটনায় আবারও নিন্দা জানানো হয় এবং জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্তে আহ্বান জানানো হয়।

বিভাগীয় কারাতে

ইলেকট্রা বিভাগীয় কারাতেতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল ফাইনালে তারা ১১ বিভাগের ৭টিতে সোনা জিতেছে। ২টি সোনা, ৪টি রুপা, ৪টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ চট্টগ্রাম।

মেঘের ওপর অভিমান ফেদেরারের

ম্যাচ শেষ হওয়ার পর কোর্টে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোটা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টগুলোর অলিখিত রেওয়াজ। কিন্তু পরশু রজার ফেদেরারের শরীর যেন টানছিলই না চেয়ার থেকে উঠে আবারও কোর্টে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়াতে। প্যারিসের মেঘলা আকাশেরও চেয়ে মুখ ভার। খানিক আগেই যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফেদেরার ৩-৬, ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকেই। ঘাতকের নাম? রবিন সোদারলিং। সেই সোদারলিং, গতবার এই ফ্রেঞ্চ ওপেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে বিদায় করে দিয়েছিলেন যিনি!
কিন্তু পরাজয় যেন মেনে নিতে পারছিলেন না ফেদেরার। প্রথম সেটটাও দাপটের সঙ্গে জিতেছিলেন ৬-৩ গেমে। কিন্তু এর পর যে প্রকৃতিই শত্রু হয়ে দাঁড়াল তাঁর! লাল সুরকির কোর্টের এই মৌসুমে এ নিয়ে তিনবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারলেন ফেদেরার। মেঘদেবতার প্রতি অভিমানটা তাই লুকোনোর চেষ্টাই করলেন না, ‘সার্ভের সময় ৫ থেকে ১০ কিলোমিটার কম গতি পাচ্ছিলাম। তবে এ নিয়ে আসলে আমি অভিযোগ করতে পারি না। কারণ দুজনের বেলাতেই তো ঘটনা একই ছিল। কিন্তু আমি অবশ্যই হতাশ। কারণ এস্তরিল, রোম এবং এর পর এখানে—তিনটি ম্যাচই আমি হারলাম বৃষ্টিতে।’
গত ছয় বছরে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার। টানা ২৩টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার রেকর্ডটাও তাই থেমে গেল এখানেই। কোয়ার্টার ফাইনাল পর্যায়ে তাঁর সর্বশেষ পরাজয়টি ছিল ২০০৪ সালে, ফ্রেঞ্চ ওপেনেই। রোঁলা গাঁরো অবশ্য বরাবরই তাঁর জন্য এক আক্ষেপের নাম হয়ে ছিল। অবশেষে গতবার বহু আরাধ্যের শিরোপাটি জিতেছিলেন ফেদেরার, নাদাল ছিলেন না বলেই হয়তো। ফাইনালে নাদালের পরিবর্তে ছিলেন সোদারলিং। সেই ফাইনালে তো বটেই, পরশুর আগ পর্যন্ত ফেদেরারের বিপক্ষে ১২টি ম্যাচ খেলে সব কটিই হেরেছেন এই সুইড।
অপয়া তেরোকে সৌভাগ্য বানিয়ে এবার জিতলেন সোদারলিং। কিন্তু পরপর দুই বছর দুই-এক নম্বর তারকাকে বধ করেই সন্তুষ্ট নন তিনি। এবার শিরোপা জিতেই স্মরণীয় করে রাখতে চান লাল দুর্গে তাঁর এই কীর্তি। পরশু সেটাই বলছিলেন ২৫ বছর বয়সী, ‘এটা অনেক বড় জয়, তবে এটা কিন্তু ফাইনাল নয়।’

ইউরোপের কাছে হারল আফ্রিকা

নিজেদের মহাদেশে প্রথম বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার প্রত্যয় আফ্রিকান দেশগুলোয়। কিন্তু সেই প্রত্যয়ের অনুবাদ মাঠে কমই অনূদিত হচ্ছে। না, বিশ্বকাপ এখনো শুরু হয়ে যায়নি। তবে পরশু যে চারটি প্রস্তুতি ম্যাচ হলো, তার দুটিতে ছিল আফ্রিকা আর ইউরোপের লড়াই।
এই লড়াইয়ে ইউরোপের কাছে অসহায় আত্মসমর্পণই করেছে আফ্রিকানরা। হল্যান্ডের কাছে ঘানা হেরেছে ১-৪ গোলে, পর্তুগালের কাছে ক্যামেরুন ১-৩-এ। বাকি দুটি ম্যাচের ফলই ১-০। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ডেনমার্ক, আর কোস্টারিকার কাছে সুইজারল্যান্ড।
ইন্টার মিলানকে শিরোপাত্রয়ী জেতানোর পর পরশুই প্রথম মাঠে নেমেছেন ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতো। দলের জন্য কিছু তো করতেই পারেননি, বরং দলকে বিপদে ফেলে ৩৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। এর আগেই অবশ্য পিছিয়ে পড়েছিল ক্যামেরুন। সিমাও সাব্রোসার দারুণ এক পাস থেকে ৩০ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন মেইরেলেস। ৪৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটিও করেন তিনিই। এবার নানি ছিলেন উৎস। আর নানি নিজে ৮১ মিনিটে যে গোলটি করেছেন, তাতে অবদান ছিল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর। মাঝে ৬৯ মিনিটে একটি গোল শোধ দেন ক্যামেরুনের অ্যাকিলি ওয়েবো।
আরেক ইউরোপ-আফ্রিকা লড়াইয়ে খেলতে পারেননি হল্যান্ডের প্লে-মেকার আরিয়েন রোবেন। হল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচের মতো এটিতেও পেশির চোটের কারণেই বেঞ্চে বসে ছিলেন বায়ার্ন মিউনিখ তারকা। এর পরও শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হল্যান্ড।
তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত। ডাচদের এগিয়ে দিয়েছিলেন ডির্ক কিউট। গোলটি খাওয়ার পর নিজেদের একেবারেই রক্ষণে গুটিয়ে নেয় ঘানা। তবে হল্যান্ডের আক্রমণাত্মক ফুটবলের কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণই করতে হয়েছে তাদের। শেষ কুড়ি মিনিটে ৩ গোল খেয়েছে ঘানা। গোল তিনটি করেছেন রাফায়েল ফন ডার ভার্ট, ওয়েসলি স্নাইডার ও রবিন ফন পার্সি

আগামীকাল শুরু জাতীয় ব্যাডমিন্টন

পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে আগামীকাল শুরু সিটিসেল ৩০তম জাতীয় ব্যাডমিন্টনে অংশ নিচ্ছেন ২৫০ জন পুরুষ ও ৪৫ জন মহিলা। জাতীয় পর্যায়ে এবারই সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নিচ্ছে বলে দাবি করলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রব। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সিটিসেল। সহযোগী হিসেবে থাকছে প্যাসিফিক অ্যাসোসিয়েশন, গ্যালারি অ্যাপেক্স, ফু-ওয়াং ও অগ্রণী ব্যাংক। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলা।

সেরেনার বিদায়

রোলাঁ গাঁরোতে অঘটন চলছেই। আগের দিন রজার ফেদেরারকে বিদায় করে দিয়েছিলেন রবিন সোদারলিং। কাল কোয়ার্টার ফাইনালে সামান্থা স্টাসুরের শিকার হলেন সেরেনা উইলিয়ামস। শীর্ষ বাছাই সেরেনাকে ৬-২, ৬-৭, ৮-৬ গেমে হারিয়ে দিয়েছেন আগের রাউন্ডে জাস্টিন হেনিনকেও হারানো স্টাসুর। ভেনাস বিদায় নিয়েছেন আগেই। এবার উইলিয়ামস বোনদের অন্যজনকেও হারাল তারা-ঝরার ফ্রেঞ্চ ওপেন।