Saturday, April 15, 2017

উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শন

উত্তর কোরিয়া সামরিক শক্তি প্রদর্শনের উদ্দেশে রাজধানী পিয়ংইয়ংয়ে সেনা জড়ো করেছে। আজ শনিবার পিয়ংইয়ংয়ে সামরিক কুচকাওয়াজ শুরু হওয়ার আগে তেদং নদীর তীরে সেনাভর্তি শত শত ট্রাকের সারি দেখা যায়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি ওয়াশিংটন ও সিউলের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। কিমের দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১০৫তম জন্মদিন উপলক্ষে সামরিক শক্তি প্রদর্শনের এ আয়োজন করছে উত্তর কোরিয়া। দিনটি উত্তর কোরিয়ায় ‘ডে অব দ্য সান’ হিসেবে পালিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, ওয়াশিংটন, সিউল, টোকিওর মতো শহরগুলোকেও কঠোর বার্তা পাঠাতে চায় উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম—এমন যুদ্ধাস্ত্র বহনকারী রকেট তৈরির উচ্চাকাঙ্ক্ষা রয়েছে উত্তর কোরিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য তা ঠেকাতে বদ্ধপরিকর।
উত্তর কোরিয়া ইতিমধ্যে পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। ২০১৬ সালে দুটি পরীক্ষা চালানো হয়। একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। এর মধ্যে তিনটি জাপানের কাছাকাছি জলসীমায় পড়েছে। উত্তর কোরিয়া শিগগিরই ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে গুঞ্জন রয়েছে। হোয়াইট হাউস বলেছে, সামরিক ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে সেনাসহ রণতরি ইউএসএস কার্ল ভিনসন রওনা হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ সে দেশের সেনাবাহিনীর বিবৃতি ইংরেজি ভাষায় প্রচার করেছে। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও তাদের বাহিনীর বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা নেব। হামলাকারীদের টিকতে দেওয়া হবে না। উত্তর কোরিয়া তাদের নির্দয় আচরণ মেনে নেবে না।’ ফক্স বিজনেস নেটওয়ার্ককে ট্রাম্প বলেছেন, ‘আমরা একটি আর্মাডা পাঠাচ্ছি। এটি খুব শক্তিশালী। তিনি (কিম) খারাপ কাজ করছেন। বড় ধরনের ভুল করছেন।’

বিনা খরচে মুসলিম মেয়েদের বিয়ের ব্যবস্থা যোগীর

ভারতে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ওই রাজ্যের গরিব মুসলিম মেয়েদের বিনা খরচে বিয়ের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। বিয়ের যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন উত্তর প্রদেশের সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী মহসিন রাজা।
বলেছেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রয়োজনে এই লক্ষ্যে গণবিয়েরও আয়োজন করা হতে পারে। বিয়ের পর নববধূর হাতে নগদ ২০ হাজার রুপি তুলে দেওয়া হবে। এই উদ্যোগ পরবর্তী সময় গরিব শিখ ও খ্রিষ্টানদেরও দেওয়া হবে। উত্তর প্রদেশে মোট জনসংখ্যার ২০ শতাংশ মুসলিম।

বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে: মির্জা ফখরুল

নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যেতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এ সময় মাত্র চার মিনিটের বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হব। বর্তমান সরকার এখন জনগণের সমর্থন হারিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’ তিনি বলেন, সরকার সারা দেশে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। নেত্রকোনার মতো সারা দেশে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরাও সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মির্জা ফখরুল ইসলাম। জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান তালুকদার, মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খান প্রমুখ। পরে মির্জা ফখরুল মোহনগঞ্জের গাগলাজুর ও খালিয়াজুরী উপজেলায় সম্প্রতি পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের অবস্থা পরিদর্শনে যান।

ঢাকায় সিটিং সার্ভিস বন্ধে কাল থেকে অভিযান

ঢাকার বাস-মিনিবাসে আজ শনিবার থেকে সিটিং সার্ভিস প্রথা বাতিল করেছে পরিবহন মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি। মিরপুর থেকে কেরানীগঞ্জ পথে চলা দিশারী পরিবহনে লোকাল যাত্রী তুলতে দেখা গেছে। আবার জিরানী-মতিঝিল, সাভার-যাত্রাবাড়ী পথে চলা লাব্বাইক পরিবহন সিটিং সার্ভিস হিসেবেই চলছে।  পরিবহন মালিক-শ্রমিক নেতারা বলছেন, নববর্ষ ও সাপ্তাহিক ছুটির বিষয় থাকায় এমনিতেই আজ রাজধানীতে বাস-মিনিবাসের চলাচল কিছুটা কম। তবে কাল রোববার থেকে সিটিং, স্পেশাল ও গেটলক নাম নিয়ে বাস-মিনিবাসের চলাচল বন্ধ হয়ে যাবে। ৪ এপ্রিল ঢাকা সড়ক পরিবহন সমিতি সংবাদ সম্মেলন করে সিটিং সার্ভিস প্রথা বাতিল করার ঘোষণা দেয়। যানবাহন থেকে অবৈধ হুক অ্যাঙ্গেল খুলে ফেলা, সিটিং সার্ভিস বন্ধসহ পরিবহন খাতের সমস্যা সমাধানে করণীয় ঠিক করতে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও মালিক-শ্রমিক নেতারা বৈঠকে বসছেন। বিকেল চারটায় এলেনবাড়ীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এ বৈঠক হবে। মালিক-শ্রমিক সূত্রগুলো জানায়, বিআরটিএর নিজস্ব চারজন নির্বাহী হাকিম রয়েছেন। তাঁরা রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন। কাল থেকে এসব আদালতে যাতে সিটিং সার্ভিস বন্ধে তৎপরতা চালানো হয়, সে অনুরোধ জানানো হবে মালিক সমিতির পক্ষ থেকে। সিটিং সার্ভিস বন্ধে মালিক সমিতি পাঁচটি পরিদর্শন দল (ভিজিল্যান্স টিম) গঠন করেছে। কাল থেকে নগরের পাঁচটি স্থানে তারা সড়কে অবস্থান করবে। স্থানগুলো হচ্ছে আসাদগেট, আগারগাঁও (আইডিবি ভবনের সামনে), শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ও যাত্রাবাড়ীর চাংপাই রেস্তোরাঁর সামনে। ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, আজ থেকেই অনেক মালিক সিটিং সার্ভিস বাতিল করে নরমাল চালাচ্ছেন। এরপরও বিআরটিএতে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। তাদের ভিজিল্যান্স টিম নির্দিষ্ট স্থানগুলোতে অবস্থান নিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবে। সড়ক পরিবহন সমিতি ৪ এপ্রিল আরও যেসব সিদ্ধান্ত জানিয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে ১৫ এপ্রিলের পর যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ভাড়ার তালিকা বাসের ভেতর দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। ছাদের ওপরে ক্যারিয়ার, সাইট অ্যাঙ্গেল ও ভেতরের অতিরিক্ত আসন খুলে ফেলতে হবে। প্রতিটি বাস ও মিনিবাসে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণ করতে হবে। এক মাসের মধ্যে রংচটা, রংবিহীন, জরাজীর্ণ বাস মেরামত করে রাস্তায় নামাতে হবে। মোটরযান আইন অনুসারে, সিটিং সার্ভিস বলে কিছু নেই।
চালকের আসনসহ মিনিবাসে ৩১টি আসন থাকবে। এর বেশি আসন হলে তা বাস। আর বিআরটিএ পরিবহন খাতের ২০টি বিষয়ে ব্যয়ের খাত বিশ্লেষণ করে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করে। সর্বশেষ ব্যয় বিশ্লেষণে প্রতিটি বাস-মিনিবাসের ৮০ শতাংশ আসন পূর্ণ হয়ে চলাচল করবে। কিন্তু রাজধানীতে প্রায় সারা দিনই দাঁড়িয়ে যাত্রী যাতায়াত করে। যাত্রীরা সকাল ও বিকেলে অফিসযাত্রা ও ছুটির সময় দরজাতেও ঝুলে যাতায়াত করে। মতিঝিল থেকে নবীনগর পথে চলে ওয়েলকাম ও স্বজন পরিবহন। সিটিং সার্ভিস নাম দিয়ে চলা এই দুটি কোম্পানির মিনিবাসে উঠলেই সর্বনিম্ন ১০ টাকা ভাড়া গুনতে হয়। অথচ মিনিবাসের জন্য ৫ টাকা এবং বড় বাসের ৭ টাকা সর্বনিম্ন ভাড়া ঠিক করে দিয়েছে সরকার। এ দুটি পরিবহনে চড়ে ফার্মগেট থেকে আসাদগেট বা শ্যামলী গেলে ১৫ টাকা ভাড়া গুনতে হয়। বিআরটিএর ভাড়ার তালিকা অনুসারে ফার্মগেট থেকে কলেজগেট পর্যন্ত দূরত্ব ২ দশমিক ৭ কিলোমিটার। অর্থাৎ এই দূরত্ব মিনিবাসে ৫ টাকায় এবং বড় বাসে ৭ টাকায় যাতায়াতের সুযোগ আছে। ঢাকায় মিনিবাসের ভাড়া নির্ধারিত আছে কিলোমিটারপ্রতি ১ টাকা ৬০ পয়সা আর বড় বাসে ১ টাকা ৭০ পয়সা। সর্বনিম্ন দূরত্বের বেশি যাতায়াতের ক্ষেত্রে সরকার-নির্ধারিত কিলোমিটারপ্রতি ভাড়ার হার কার্যকর হওয়ার কথা। অন্যদিকে, লোকাল সার্ভিস নামের বাসগুলোতে সারা দিনই আসনের অতিরিক্ত যাত্রী বহন করা হয়। অনেক সময় ভেতরে, দরজাতেও দাঁড়ানোর সুযোগ পাওয়া যায় না। অথচ ৮০ শতাংশ আসন পূর্ণ হয়ে চলবে—এমন শর্তে সরকার ভাড়া নির্ধারণ করেছে। নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএর একজন কর্মকর্তা বলেন, আসনের অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি ধরলে যাত্রীভাড়া কিলোমিটারপ্রতি অনেক কমে আসবে। অর্থাৎ, সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় করাও বেআইনি। লোকাল বাসে বেশি যাত্রী বহন করলে ভাড়া কমানো উচিত। জানতে চাইলে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বাস সিটিং যাবে, নাকি ভরে চলবে, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। তবে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি বেশি নিলে আমরা মেনে নেব না। আমাদের নির্বাহী হাকিমেরা জেল-জরিমানা করবেন। আর মালিক সমিতি চাইলে তাদেরও আমরা সহায়তা দেব। আর হুক-অ্যাঙ্গেল খুলে ফেলার জন্য সারা দেশেই কাল থেকে অভিযান চলবে।’

শ্রীমঙ্গলে পানিতে নিখোঁজ কিশোরীর লাশ ৫ ঘন্টা পর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাহাড়ি ছড়ার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার ৫ ঘন্টা পর কিশোরীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান এলাকায়। জানা যায়, কালিঘাট চা বাগানের রবি তাঁতির মেয়ে ও স্থানীয় রানার উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী মামনি তাঁতি (১৫) বাগানের দীপা নামের অন্য একটি মেয়েকে নিয়ে পহেলা বৈশাখের দিন শুক্রবার বেলা আড়াইটার দিকে কালিঘাট ব্রিজের কাছে ছড়ার মধ্যে গোসল করতে যায়। গোসল করাবস্থায় হঠাৎ করে মামনি তাঁতি পানির নিচে তলিয়ে যেতে দেখে সাথে থাকা দীপা মামনিকে টেনে তুলার চেষ্টা করলে সেও পানির নিচের দিকে তলিয়ে যেতে থাকে। এ সময় তার চিৎকার শুনে বাগানের এক শ্রমিক এসে দিপাকে টেনে উপরে তুলে।
কিন্তু মামনি তাঁতিকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তারা মামনি তাঁতিকে উদ্ধার করতে পারেনি। পরে সিলেট থেকে ডুবরীর দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার লাশ ব্রিজের নিচ থেকে উদ্ধার করে। বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, যে ছড়াতে তারা গোসল করতে নেমেছিল সেখানে মাত্র হাঁটুসমান পানি, কিন্তু ছড়ার উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচেই পানির গভীরতাটা কিছুটা বেশি। আর সেখানেই মামনি তাঁতি নেমেছিল। কিন্তু সাঁতার না জানার কারণে সে ডুবে যায়।

গণভোটে জয়ী হলে তুর্কি প্রেসিডেন্ট যেসব ক্ষমতা পাবেন

রোববার তুরস্কে সংবিধান পরিবর্তন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে৷ এর মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে৷ সবশেষ জরিপে ‘হ্যাঁ’ ভোট ‘না’-এর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে৷ সংবিধানে মোট ১৮টি সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে৷ ফলে প্রায় ৭০টি আইনে পরিবর্তন আসতে পারে৷ বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ‘হ্যাঁ' ভোট ‘না'-এর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে৷ তবে ‘না' ভোটের পক্ষে যাঁরা প্রচারণা চালাচ্ছেন তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের কাজে বাধা দিচ্ছে৷
কয়েকটি উল্লেখযোগ্য সংশোধনী প্রস্তাব হচ্ছে :
* প্রধানমন্ত্রীর কার্যালয় বিলুপ্ত করে দেয়া হবে৷ প্রেসিডেন্ট মন্ত্রিপরিষদের সদস্য ও ভাইস-প্রেসিডেন্ট (নির্দিষ্ট কোনো সংখ্যার উল্লেখ নেই) নিয়োগ দেবেন৷
* পার্লামেন্টের অনুমোদন ছাড়া ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করতে পারবেন প্রেসিডেন্ট৷
* মন্ত্রিসভার অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন৷
* বাজেটের খসড়া প্রণয়ন করবেন প্রেসিডেন্ট, যা এখন করে থাকে পার্লামেন্ট৷
* সাংবিধানিক আদালত প্রেসিডেন্টের বিচার করতে পারবে৷ ঐ আদালতের ১২ জন সদস্য নিয়োগ দেবেন প্রেসিডেন্ট৷ বাকি তিনজনকে নিয়োগ দেবে পার্লামেন্ট৷
* পাঁচ বছর করে সর্বোচ্চ দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন প্রেসিডেন্ট৷ তবে দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নেয় তাহলে সেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন বর্তমান প্রেসিডেন্ট৷
* ২০১৯ সালের নভেম্বর থেকে সংশোধনীগুলো বাস্তবায়ন শুরু হবে৷ সেই সময় একই দিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রায় ৯৪ বছর আগে কামাল আতাতুর্ক যেসব মতাদর্শের ভিত্তিতে আধুনিক তুরস্ক গড়ার কাজ শুরু করেছিলেন, বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের আমলে সেই পরিস্থিতি অনেকখানি বদলে গেছে বলে মনে করেন ‘না'-এর পক্ষে প্রচারণা চালানো কর্মীরা৷ তারা বলছেন, পশ্চিমা মূল্যবোধ, গণতন্ত্র ও বাকস্বাধীনতা থেকে তুরস্ককে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন এরগোদান৷ তবে এরদোগানের সমর্থকরা গণভোটে ‘হ্যাঁ' ভোট দিয়ে তাকে পুরস্কৃত করতে চান৷ কারণ, তারা মনে করেন, এরদোগান তুর্কিদের জীবনে ইসলামি মূল্যবোধ ফিরিয়ে এনেছেন৷ ধর্মভীরু শ্রমিক শ্রেণির ভোটারদের কাছেও এরদোগান বেশ জনপ্রিয়৷ এছাড়া তার আমলে বিমানবন্দর থেকে শুরু করে হাসপাতাল, স্কুল – এ সব অবকাঠামো গড়ে উঠেছে বলে জানান ‘হ্যাঁ' সমর্থকরা৷
সূত্র : ডয়েচে ভেলে

যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার কড়া বার্তা

উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনের দাদা ও দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১০৫তম জন্মদিনে বিশেষ সামরিক প্রদর্শনী করেছে। শনিবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এই সামরিক কুচকাওয়াজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের বিপরীতে কড়া বার্তা দেয়া হয়েছে। কিম জং উনের উপস্থিতিতে কুচকাওয়াজে বিপুলসংখ্যক সেনা সদস্যের পাশাপাশি অত্যাধুনিক সব সমরাস্ত্র, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। তবে কুচকাওয়াজের সেরা আকর্ষণ ছিল পারমাণবিক বোমা বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম প্রদর্শনী। এর মধ্য দিয়ে দেশটি ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সমৃদ্ধ করবে এবং যেকোনো সময় ব্যবহারে সক্ষম বলেই বার্তা দেয়া হয়। সম্প্রতি উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কয়েকটি পরীক্ষার পর দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দেখা দেয় যুক্তরাষ্ট্রে। এর মধ্যেই উত্তর কোরিয়াকে শায়েস্তা করতে কোরীয় উপদ্বীপে রণতরী মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন।
আর এর জবাবে উত্তর কোরিয়ার সেনাবাহিনী এ কুচকাওয়াজ করে শনিবার নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করল। সামরিক এ কুচকাওয়াজ থেকে মার্কিন কর্তৃপক্ষের আচরণকে 'সামরিক হিস্টিরিয়া' রোগ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এর যোগ্য জবাব দেয়ার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত বলেও ঘোষণা দেয়া হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে দেশটির সেনা বাহিনীর জেনারেল স্টাফের এক মুখপাত্র জানিয়েছেন, 'উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কঠোরতার যোগ্য জবাব দেবে দেশটির জনগণ ও সামরিক বাহিনী।' তিনি আরও বলেন, 'মার্কিন সামরিক বাহিনী কোনো অ্যাকশানে গেলে তার তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে।' মার্কিনিদের আচরণের নির্দয় প্রতিশোধ নেয়া হবে বলেও ঘোষণা দেন এ মুখপাত্র।

আফগানিস্তানে সর্ববৃহৎ মার্কিন বোমায় নিহত বেড়ে ৯২

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহত বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি ও বিবিসির। মার্কিন সেনাবাহিনী বিমান থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরমাণু বোমার বাইরে সবচেয়ে বড় বোমাটি (এমওএবি) নিক্ষেপ করা হয়। পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশে আইএসের টানেল কমপ্লেক্সে ৯ হাজার ৮শ’ কেজির এ বোমাটি ফেলা হয়। প্রাথমিকভাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোমার আঘাতে ওই এলাকায় আইএসের ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ৩৬ জন নিহত হলেও এতে কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি। তবে শনিবার নানগড়হর প্রদেশের আচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি বার্তা সংস্থা এএফপিকে জানান, মার্কিন ওই বোমায় ৯২ জন দায়েশ (আইএস সদস্য) নিহত হয়েছে। তবে নানগড়হর প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ খোয়ানী এই সংখ্যা ৯০ বলে জানান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোমাটি মোমান্দ ভ্যালির একটি গ্রাম এলাকায় পড়েছে। ওই এলাকায় আইএসের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক আছে।
বোমা হামলায় তাদের বিপুল পরিমাণ অস্ত্রও ধ্বংস হয়েছে। 'মাদার অফ অল বোম্বস' নামে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব (এমওএবি) ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর আগে কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হয়নি। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এ হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘এটি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নয় বরং এর মাধ্যমে নতুন এবং বিপজ্জনক একটি অস্ত্র পরীক্ষার জন্য আফগানিস্তানকে খুবই অমানবিক এবং নির্মমভাবে ব্যবহার করা হয়েছে।’ নানগড়হর প্রদেশের আচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি বলেন, আফগান বিশেষ বাহিনী আমেরিকার বিমান বাহিনীর সহায়তায় ওই এলাকায় ১৩ দিন আগে আইএসবিরোধী অভিযান শুরু করেছে। তিনি বলেন, আইএসের ঘাঁটিগুলোতে নিয়মিতই বোমা ফেলা হয়। কিন্তু বৃহস্পতিবার রাতের ওই বোমা হামলা ছিল খুবই শক্তিশালী।

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে এতো উদ্বেগ কেন?

উত্তর কোরিয়া আজই যেকোনো সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে এই আশংকায় ওই অঞ্চলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধের আশংকা করছে চীন আর উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার প্রস্তুতিতে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের উদ্বেগের মূল কারণ, বিভিন্ন তথ্য-উপাত্তে মনে করা হচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর ক্ষমতা অর্জন করছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাটি হবে উত্তর কোরিয়ার ষষ্ঠ বারের মতো পরমাণু বোমার পরীক্ষা । উত্তর কোরিয়ার ১০০০ হাজারের বেশি বিধ্বংসী মিসাইল আছে বলে ধারণা করা হয় যা আমেরিকাতেও সরাসরি আঘাত হানতে সক্ষম। এসব মিসাইল দূর পাল্লার এবং বিভিন্ন ধরনের ক্ষমতাসম্পন্ন। পিয়ং ইয়ং তার পরমাণু কর্মসূচি গত কয়েক দশকে ব্যাপকভাবে এগিয়ে নিয়েছে। ১৯৬০ এবং ৭০-এর দশকের আর্টিলারি রকেট থেকে ১৯৮০ এবং ৯০এর দশকে স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রে সক্ষমতা অর্জন করে। এরপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পথে দেশটি অনেকটাই এগিয়ে গেছে। তবে অতি সম্প্রতি উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, তারা আন্ত-মহাদেশীয় ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালানোর দক্ষতা অর্জন করেছে। এর ফলে পশ্চিমা কোনও দেশে লক্ষ্য করে হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া।
আন্ত-মহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্রই সর্বোচ্চ দূরবর্তী ক্ষমতা সম্পন্ন মিসাইল যা ৫,৫০০ কিলোমিটারের বেশি দূর-পাল্লার হয়ে থাকে। উত্তর কোরিয়ার মাঝারি মাত্রার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে আঘাত হানতে পারে। ২০১৬ সালে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এই তথ্য দিয়েছে। দেশটি ব্যাপক ক্ষমতাসম্পন্ন মুসুডান মিসাইল নিয়েও দীর্ঘ গবেষণার পর গেল বছর বেশ কয়েটি পরীক্ষা চালায়। সবচেয়ে কম মাত্রার ক্ষেপণাস্ত্র যেমন সমগ্র দক্ষিণ কোরিয়া এবং জাপানে লক্ষবস্তুতে হানতে পারে তেমনি এর উচ্চ-মাত্রার মিসাইল গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। দেশটির মাল্টি-স্টেজড মিসাইল শক্তিও এগিয়ে গেছে গত কয়েক দশকে। তায়পেডং-টু নামের মিসাইল অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের অনেক এলাকা এবং অন্যান্য দেশে আঘাত হানার ক্ষমতা রাখে। আর আন্ত-মহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় গতবছরের সেপ্টেম্বরে। পেন্টাগন মনে করে, এ ধরনের ক্ষমতাসম্পন্ন অন্তত একাধিক মিসাইল রয়েছে পিয়ংইয়ং এর হাতে। তবে এবছরের জানুয়ারি মাসে দেশটির নেতা কিম জং আন ঘোষণা দেন উত্তর কোরিয়া আন্ত-মহাদেশীয় ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে "সর্বশেষ ধাপে" রয়েছে। সূত্র: বিবিসি

চামড়া শিল্প ঐক্য পরিষদের ৬ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ চামড়া শিল্প ঐক্য পরিষদ তাদের দাবি আদায়ে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার সকালে রাজধানীর হাজারীবাগে এক ব্রিফিংয়ে সাভারে গ্যাস-বিদ্যুৎ-পানি সংযোগের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল রাজধানীর পোস্তায় সকাল ১০টায় মত বিমিনয় সভা, ১৮ এপ্রিল সকাল ১০টায় হাজারীবাগে ট্যানারি ওয়ার্কার ইউনিয়নের সমাবেশ,
২০ এপ্রিল ধানমণ্ডির কে এন কনভেনসন সেনটারে মতবিনিময় সভা, ২২ এপ্রিল হাজারীবাগ ট্যানারি এলাকায় মৌন মিছিল, ২৫ এপ্রিল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ২৭ এপ্রিল সকাল ১০টায় ডিআরইউতে সংবাদ সম্মেলন। ট্যানারি সংশ্লিষ্ট ১৩টি প্রতিষ্ঠানের সমন্বয়ে চামড়া শিল্প ঐক্য পরিষদের নেতা মহিউদ্দিন আহমেদ মাহিন ও শাহীন আহমেদ সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

চারঘাটে জঙ্গি সন্দেহে যুবক আটক

রাজশাহীর চারঘাট উপজেলায় জঙ্গি সন্দেহে ফিরোজ আহম্মেদ নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। ফিরোজ একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে। মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, দীর্ঘদিন ধরে ফিরোজ এলাকা ছাড়া।
শুক্রবার রাতে হঠাৎ করেই তিনি বাদুড়িয়া নিজ গ্রামে আসেন। পরে গ্রামবাসী তাকে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করে। ফিরোজের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান তিনি।

গাজীপুরে ছুরিকাঘাতে বাস চালককে খুন

গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকায় ছুরিকাঘাত করে সুজন ভাণ্ডারি (২২) নামের এক বাস চালককে খুন করেছে দুবৃত্তরা। শনিবার ভোরে পূর্ব চান্দনা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মো. আলমগীরের ছেলে। নিহতের পিতা মো. আলমগীর জানান, দীর্ঘ দিন ধরে গাজীপুর পরিবহনের বাস চালাতো সুজন ভাণ্ডারি। প্রতিদিনের মতো বাসা থেকে শনিবার ভোরে বাস চালাতে শিমুলতলী এলাকার উদ্দেশ্যে বের হয়। একপর্যায়ে রেললাইনের পাশ দিয়ে হেটে পূর্ব চান্দনা বিহারীবাড়ি এলাকায় পৌঁছালে জয় নামে এক যুবক সুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

আজাদ কাশ্মির থেকে তিন ভারতীয় গুপ্তচর আটক

পাকিস্তানের বেলুচিস্তানে অন্তর্ঘাত চালানো এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণের ফাঁসি নিয়ে যখন ভারতের সঙ্গে বিতর্ক তুঙ্গে ঠিক তখনই আরো একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল পাকিস্তান৷ ওই দেশের এক সংবাদ মাধ্যম দাবি করেছে আজাদ কাশ্মিরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ এই তিনজনই ভারতের বাসিন্দা বলে বলেই দাবি করেছে পাকিস্তান৷ পাকিস্তানের ওই সংবাদ মাধ্যমের আরো দাবি, গত বছর পাকিস্তানের আব্বাসপুরের পুলিশ স্টেশনে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল ওই তিনজন৷ তাদের নাম মোহাম্মদ খালি, ইমতিয়াজ ও রশিদ বলে জানিয়েছে পাকিস্তান মিডিয়া৷ পাকিস্তানে দখলে থাকা পুঞ্চ সেক্টরের এক পুলিশ কর্মকর্তা দাবি করেছেন,
এদের মধ্যে মোহাম্মদ খালি প্রধান অভিযুক্ত৷ তার খোঁজে অনেকদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল পাকিস্তান পুলিশ৷ এর আগেও একবার তাকে ধরে ফেলার সবরকম ব্যবস্থা থাকলেও তখন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি৷ শুধু তাই নয় সে এর আগে ১৪ থেকে ১৫ বার সীমান্ত পার করে পাকিস্তানে ঢুকেছেন বলেও দাবি করেছেন পাকিস্তানের ওই পুলিশ কর্তা৷ পাকিস্তানে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ভারতের সাবেক নৌবাহিনী কর্মকর্তা কুলভূষণ যাদবকে৷ যদিও পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারত৷

ইউরোপে এফ-৩৫এ যুদ্ধবিমান পাঠাচ্ছে পেন্টাগন

মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক এফ-৩৫এ যুদ্ধবিমান ইউরোপে পাঠাতে চলেছে পেন্টাগন৷ শুক্রবার সংবাদ সম্মেলন করে পেন্টাগন জানিয়েছে, স্বল্প সংখ্যায় এই অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠান হবে৷ এর ফলে মার্কিন বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধ অভিযান করার ক্ষমতা আরো বাড়বে বলেই পেন্টাগন সূত্রে খবর৷ তবে ইউরোপের কোনো দেশে এই অত্যাধুনিক বিমান মোতায়েন হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি৷
অত্যাধুনিক এফ-৩৫এ যুদ্ধবিমান ক্রয় করা নিয়ে অনেকদিন ধরেই টানাপড়েন চলছিল মার্কিন প্রশাসনে৷ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ই এই যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা লকহেড মার্টিন কর্পোরেশনকে বিমানের অত্যধিক মূল্য নিয়ে সমালোচনা করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ক্ষমতায় এসেই ৯০টি এফ-৩৫এ যুদ্ধবিমান ক্রয়ের মূলধন থেকে ছ’শত মিলিয়ন মার্কিন ডলার অর্থ বাদ দিয়েছিলেন ট্রাম্প৷ আগামী ১৫ বছরে ৩৯১ বিলিয়ন মার্কিন ডলার অর্থ ব্যয় করে ২৪৪৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান ক্রয় করবে মার্কিন সেনা৷ আমেরিকার বিমানবাহিনী ও নৌবাহিনীতে ব্যবহার হবে এই যুদ্ধবিমান৷ এছাড়া অস্ট্রেলিয়া, ব্রিটেন, নরওয়ে, ইতালি, নেদারল্যান্ড ও ইজরায়েলে ব্যবহার হয়ে থাকে এই যুদ্ধবিমান৷ এমনকি এই যুদ্ধবিমান ক্রয় করতে ইচ্ছা প্রকাশ করেছে স্পেন, বেলজিয়াম ও সুইজারল্যান্ডও৷

বিচারপতিদের আবাসিক ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবন আজ উদ্বোধন করেছেন। নগরীর কাকরাইল এলাকায় ২০ তলা ভবনটি ১ দশমিক ৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে। এতে ৭৬টি ফ্লাট রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের মে মাসে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে এক শ' চুয়াত্তর কোটি টাকা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এম শহিদউল্লাহ খন্দকার। সূত্র : বাসস

মিরসরাইকে রক্তের বন্ধনে বেঁধেছে ওরা

কাউসার, রনি, মিনহাজ, ইমন, মেহেদী, নাজমুল, রিয়াদ, শাওন, আবির ও শাকিল তারা সবাই শিক্ষার্থী। কেউ বিশ্ববিদ্যালয়ে কেউ বা কলেজে পড়াশোনা করেন। ২০১৫ সালে ১২ এপ্রিল একত্রিত হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। ফেসবুকে গড়ে তোলেন ‘রক্তের বন্ধনে মিরসরাই’ নামে একটি অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথমে এরা সংখ্যায় ৭-৮ জন থাকলেও এখন প্রায় অর্ধশতে পরিণত হয়েছে। মুমূর্ষু রোগীকে রক্তদান, রক্ত যোগাড় করে দেয়ায় এখন তাদের নেশায় পরিণত হয়েছে। প্রতিদিন ৪-৫ ব্যাগ রক্ত সরবরাহ করে যাচ্ছে এই সংগঠনটি। কিছুটা চ্যালেঞ্জিং তবু রক্ত দাতা-গ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন রচনা করার এই কঠিন কাজই করার নেশা পেয়ে বসে তাদের মধ্যে। ‘এদেশে রক্তের অভাবে আর কেউ মারা যাচ্ছে না’- এই সংবাদটি যেদিন শোনা যাবে সেদিনই হবে এই তরুণদের স্বপ্নছোঁয়ার দিন। জানা গেছে, মুঠোফোন বা ফেসবুক (রক্তের বন্ধনে মিরসরাই) পাতায় একজন মুমূর্ষু রোগীর খোঁজ পেলেই হলো। প্রাণসঞ্চারী রক্ত দিতে ছোটে তারা। শুধু কি তাই, অন্য রক্তদাতা সংগঠনগুলোর সঙ্গেও তাদের রয়েছে ভালো বোঝাপড়া।
এক দল উদ্যমী তরুণ দুই বছর ধরে এভাবেই আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করেছে। সংগঠনটির উদ্যোক্তাদের একজন নাজমুল হাসান। বারইয়ারহাট কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল বলেন, ‘মাসে আমরা ১০০ থেকে ১২০ ব্যাগ রক্তের ব্যবস্থা করে দিই। আমাদের সংগঠনের সবাই পরিবারের সদস্যদের মতো হয়ে গেছেন। ধর্মীয় ভেদ নেই।’ একজন ব্যক্তির রক্তের প্রয়োজন হলে তিনি কিভাবে সহায়তা পেয়ে থাকেন জানতে চাইলে নাজমুল বলেন, ‘রক্ত পেতে আমাদের ফেসবুক পেজে পোস্ট দিতে হবে। এই পোস্ট পাওয়ার পর আমরা কিছু তথ্য চেয়ে রক্তের সন্ধানকারীর কাছে মেসেজ পাঠাই। সন্ধানকারীদের কাছ থেকে তথ্য পাওয়ার পর রক্তের গ্রুপ উল্লেখ করে আমাদের বন্ধুদের কাছে তা পৌঁছে দিই। আমরা অ্যাডমিনরা সার্বক্ষণিকভাবে খবরাখবর রাখি। রক্তের সন্ধান পাওয়ার পর তা সরবরাহ করি।’ অনলাইনে অভ্যস্ত নন এমন ব্যক্তিদের কিভাবে সেবা দেওয়া হয় জানতে চাইলে নাজমুল বলেন, ‘সে ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে মোবাইল ফোনে সেবা দেওয়া হয়। ০১৮৪৬-৮৮৪৭০১ (কাউসার, সংগঠনের সভাপতি) নম্বরে ফোন করে রক্তের চাহিদা জানালেও আমরা সেবা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে থাকি।’ সংগঠনটির সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ মাহমুদ কাউসার। তিনি বলেন, ‘২০১৪ সালের অক্টোবর মাসে উপজেলার মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়ে আমি নিজের উদ্যোগে একটি ব্ল্যাড ক্যাম্পের আয়োজন করি। এরপর চট্টগ্রাম পলিটেকনিক্যালের ছাত্র ফখরুল ইসলাম ইমন, চট্টগ্রাম সিটি কলেজের আশরাফ ভূঁইয়া, বারইয়ারহাট কলেজের মেহেদী হাসান, নাজমুল হাসান, আরাফাত আজিজ, শাকিল শাহব, ফেনী কলেজের রিয়াদ শাউন মিলে ‘রক্তের বন্ধনে মিরসরাই’ নামে ফেসবুকে একটি ফ্যান পেজের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করি। সেই থেকে আমরা কোনো বিনিময় ছাড়া মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সরবরাহ করছি। সারা দেশে আমাদের রয়েছে বিস্তৃত নেটওয়ার্ক।
দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের নক করলেই আমরা সচেষ্ট হই রক্তের ব্যবস্থা করতে।’ তিনি আরো বলেন, এই কাজে কোনো ছুটির দিন নেই। রাত-দিন ২৪ ঘণ্টাই রক্তের চাহিদা থাকে। যখন তখন ফোন আসে। পালা করে আমাদের কেউ না কেউ সারাদিন অনলাইনে এক্টিভ থাকেন। চাহিদা পাওয়া মাত্রই তা পূরণের জন্য তৎপর হয়ে পড়েন। রক্তদান করা ছাড়াও অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণ, ব্লাড গ্রুপিং সচেতনতামূলক ক্যাম্পেইন, অসহায় রোগীদের সাহায্য করা ইত্যাদি করে থাকে। গত ১২ এপ্রিল ছিল ‘রক্তের বন্ধনে মিরসরাই’য়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন সকালে মিরসরাই জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে সংগঠনের জন্মদিন উদয্যাপন করা হয়। অনুষ্ঠানে কল্যাণ দাশকে ৪৮ বছর বয়সে সর্বোচ্চ ৯৭ ব্যাগ রক্তদানকারী এবং রক্তের বন্ধনে মিরসরাই সংগঠনের উপদেষ্ঠা সুজন মন্ডলকে ৩৫ বছর বয়সে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ব্যাগ রক্তদানকারী হিসেবে সম্মাননা দেয়া হয়। আলোচনাসভায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তি অধ্যাপক ডা. জামশেদ আলম, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাধারণ সম্পাদক নুরুল আলম কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ। অতিথিরা এলাকার শিক্ষিত তরুণদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের সব কাজে পাশে থাকার কথা জানান। সমাজসেবা কর্মকর্তা মো: জসীম উদ্দিন বলেন, ‘এরাই বদলে দিতে পারে একটি সমাজ ও রাষ্ট্র। তাদের যেকোনো মহতী উদ্যোগে সরকারের সমাজসেবা অধিদপ্তর পাশে থাকবে। ’

ইবিতে লাঠির ‘সংঘাত’ : মুগ্ধ দর্শক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলার সাধারণ মানুষের ঐতিহ্যবাহী খেলা ‘লাঠি খেলা’ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিন আজ শনিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী এ খেলা দেখতে হাজার হাজার দর্শক খেলার মাঠে সকাল থেকেই আসতে থাকে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত লাঠিয়াল বাহিনী তাদের লাঠি খেলা প্রদর্শন করেন। লাঠি দিয়ে আঘাত লাঠি দিয়ে প্রতিরোধ. লাঠি দিয়ে বিভিন্ন ধরনের কলাকৌশল প্রদর্শন করেন লঠিয়াল বহিনী।
একটি পূর্ণাঙ্গ লঠিয়াল বাহিনীতে বয়স্ক, মাঝ বয়সী, যুবক, কিশোর-কিশোরী সর্বস্তরের সদস্য থাকে। সাধারণত এদের সবাই পরস্পর সম্পর্কযুক্ত হয়ে থাকে। বাবা-ছেলে, ভাই-বোন। সাধারণত একটি গোষ্ঠী ধরে গড়ে ওঠে একটি লাঠিয়াল বাহিনী। কুষ্টিয়া ও মেহেরপুর থেকে বেশ কয়েকটি বাহিনী লাঠি খেলা প্রদর্শন করে দর্শক মাতান। খেলার মাঠে উপস্থিত থেকে পুরো খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী, প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা। এছাড়াও মেলায় ঘুরতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

শ্রীলঙ্কায় আবর্জনার পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আবর্জনার পাহাড় ধসের ঘটনায় গতরাতে চার শিশু মারা গেছে। হাসপাতালে এদের চিকিৎসা দেয়া হচ্ছিল। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের নারী মুখপাত্র পুষ্প সোয়সা বলেন, শুক্রবারের দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। পুষ্প আরো বলেন, কোলোন্নাওয়া হাসপাতালে মোট ২১ জনকে ভর্তি করা হয়েছে। দেশটিতে ঐতিহ্যবাহী উৎসব চলাকালে ৩শ’ ফুট উঁচু আবর্জনার স্তুপটি পাশের বাড়িঘরের ওপর ধসে পড়ে।

রাশিয়ার হাতে ‘সব বোমার পিতা’

মার্কিন ‘মোয়্যাব’ বা এমওএবি নামে পরিচিত ‘সব বোমার জননী’র থেকে চারগুণ বেশি শক্তিশালী হলো রাশিয়ার ‘ফোয়্যাব’ বা ‘সব বোমার পিতা’ হিসেবে বোমা। গত শুক্রবার প্রথম পরীক্ষামূলকভাবে মোয়্যাবকে পাকিস্তানের সীমান্তবর্তী আফগান প্রদেশ নাঙ্গাহারে ফেলা হয়েছে। এতে উগ্রবাদী গোষ্ঠী আইএসের ৩৬ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। লম্বায় ৩০ ফুটেরও বেশি বোমাটি মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ড পরিচালিত এমসি-১৩০ বিমান থেকে ফেলা হয়। রাশিয়ার শক্তিশালী বোমা এখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। তবে সাড়ে পনর হাজার পাউন্ডের এ বোমার ৪৪ টন টিএনটি’র সমতুল্য বিস্ফোরণ ক্ষমতা রয়েছে।
বিস্ফোরণ ক্ষমতার দিক থেকে রুশ বোমা ‘মোয়্যবের’ চারগুণ বলে জানানো হয়েছে। মোয়্যাবের বিস্ফোরণ ক্ষমতা ১১ টন টিএনটির সমান। ২০০৭ সালে বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল রাশিয়া। তাতে মোয়্যাবের চেয়ে দ্বিগুণ তাপমাত্রার সৃষ্টি হয়েছিল। রুশ দেয়া হিসাবের ভিত্তিতে একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা হিসেবে গণ্য করা হচ্ছে। তথ্যসূত্র: ওয়েবসাইট

উ. কোরিয়ায় ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন

উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে নিক্ষেপ উপযোগী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। দেশটির প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় আজ শনিবার রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এ দিনকে উত্তর কোরিয়া ‘সূর্য দিবস’ হিসেবে পালন করে। এ দিবসের কুচকাওয়াজে দেশটির ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সর্বশেষ সাফল্য তুলে ধরা হবে বলে এর আগে ঘোষণা করা হয়েছিল।
অবশ্য এ দিনে উত্তর কোরিয়া নতুন করে আবার পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে ব্যাপক জল্পনা-কল্পনা চলেছে। এ সব জল্পনা-কল্পনার প্রতি ইঙ্গিত করে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির নেতার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পরমাণু পরীক্ষা যে কোনো সময়ে হতে পারে। তিনি আরো বলেন, কোরিয় উপদ্বীপে দুষ্ট চক্র সক্রিয় রয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসেনের নেতৃত্বে একটি স্টাইক গ্রুপ কোরিয় উপদ্বীপের কাছাকাছি অবস্থান নেয়ার জন্য ছুটে চলেছে। পিয়ংইয়ং নতুন করে পরমাণু পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে দেশটির ওপর হামলার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিতে পারেন বলে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

ট্রাম্প চাইলেই যুদ্ধ : উত্তর কোরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই তারাও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এদিকে চীনের পক্ষ থেকেও উদ্বেগের সাথে জানানো হয়েছে, যেকোনো সময় আমেরিকা-উত্তর কোরিয়া যুদ্ধ লেগে যেতে পারে। এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের পরমাণু হামলার জবাব দিতে উত্তর কোরিয়া সক্ষম বলে জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার চোই রেয়ং-হে নামের উত্তর কোরিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা এ মন্তব্য করেন। হে বলেন, ‘উত্তর কোরিয়া যেকোনো ধরনের পরমাণু হামলার জবাব নিজস্ব পদ্ধতিতে পরমাণু হামলার মাধ্যমেই দেবে।’ এদিকে গত শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হ্যান সং রেয়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আরো বিদ্বেষপূর্ণ ও আক্রমণাত্বক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এর আগে বারাক ওবামার প্রশাসন অনেক শিথিল ছিল। হ্যান আরো জানান, উত্তর কোরিয়া মান ও সংখ্যার দিক দিয়ে পরমাণু বোমাকে উন্নত করবে। ট্রাম্প যুদ্ধ চাইলে তারাও প্রস্তুত আছে বলে জানান হ্যান।
বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এর জন্য কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। গত ৮ এপ্রিল পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোরীয় উপদ্বীপের দিকে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। উত্তর কোরিয়ায় উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিতেই ওই যুদ্ধজাহাজ সেখানে যাচ্ছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একদিন আগেই উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। তবে ওই ক্ষেপণাস্ত্র আকাশেই বিস্ফোরিত হয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ায় উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এই প্রথম নয়। এর আগে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের ঠিক আগমুহূর্তে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ছাড়া গত মাসে জাপান সাগরের দিকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে তিনটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়ে। এর আগে ফেব্রুয়ারিতে পিয়ঙ্গান প্রদেশে অবস্থিত বাঙ্গিয়ন বিমানঘাঁটি থেকে জাপান সাগরের দিকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেটিই ছিল দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছেন তারা। গত বছর বেশ কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আক্রমণাত্মক বিবৃতি ওই অঞ্চলে সংকটময় পরিস্থিতি তৈরি করছে বলে মনে করেন কিছু বিশ্লেষক। পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ২০০৬ সাল থেকেই উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ কেন?

উত্তর কোরিয়া আজই যেকোনো সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে এই আশঙ্কায় ওই অঞ্চলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধের আশংকা করছে চীন আর উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার প্রস্তুতিতে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের উদ্বেগের মূল কারণ, বিভিন্ন তথ্য-উপাত্তে মনে করা হচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর ক্ষমতা অর্জন করছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাটি হবে উত্তর কোরিয়ার ষষ্ঠ বারের মতো পরমাণু বোমার পরীক্ষা । উত্তর কোরিয়ার ১০০০ হাজারের বেশি বিধ্বংসী মিসাইল আছে বলে ধারণা করা হয় যা আমেরিকাতেও সরাসরি আঘাত হানতে সক্ষম। এসব মিসাইল দূর পাল্লার এবং বিভিন্ন ধরনের ক্ষমতাসম্পন্ন। পিয়ং ইয়ং তার পরমাণু কর্মসূচি গত কয়েক দশকে ব্যাপকভাবে এগিয়ে নিয়েছে। ১৯৬০ এবং ৭০-এর দশকের আর্টিলারি রকেট থেকে ১৯৮০ এবং ৯০এর দশকে স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রে সক্ষমতা অর্জন করে। এরপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পথে দেশটি অনেকটাই এগিয়ে গেছে। তবে অতি সম্প্রতি উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, তারা আন্ত-মহাদেশীয় ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালানোর দক্ষতা অর্জন করেছে।
এর ফলে পশ্চিমা কোনও দেশে লক্ষ্য করে হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া। আন্ত-মহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্রই সর্বোচ্চ দূরবর্তী ক্ষমতা সম্পন্ন মিসাইল যা ৫,৫০০ কিলোমিটারের বেশি দূর-পাল্লার হয়ে থাকে। উত্তর কোরিয়ার মাঝারি মাত্রার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে আঘাত হানতে পারে। ২০১৬ সালে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এই তথ্য দিয়েছে। দেশটি ব্যাপক ক্ষমতাসম্পন্ন মুসুডান মিসাইল নিয়েও দীর্ঘ গবেষণার পর গেল বছর বেশ কয়েটি পরীক্ষা চালায়। সবচেয়ে কম মাত্রার ক্ষেপণাস্ত্র যেমন সমগ্র দক্ষিণ কোরিয়া এবং জাপানে লক্ষবস্তুতে হানতে পারে তেমনি এর উচ্চ-মাত্রার মিসাইল গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। দেশটির মাল্টি-স্টেজড মিসাইল শক্তিও এগিয়ে গেছে গত কয়েক দশকে। তায়পেডং-টু নামের মিসাইল অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের অনেক এলাকা এবং অন্যান্য দেশে আঘাত হানার ক্ষমতা রাখে। আর আন্ত-মহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় গতবছরের সেপ্টেম্বরে। পেন্টাগন মনে করে, এ ধরনের ক্ষমতাসম্পন্ন অন্তত একাধিক মিসাইল রয়েছে পিয়ংইয়ং এর হাতে। তবে এবছরের জানুয়ারি মাসে দেশটির নেতা কিম জং আন ঘোষণা দেন উত্তর কোরিয়া আন্ত-মহাদেশীয় ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে "সর্বশেষ ধাপে" রয়েছে। সূত্র: বিবিসি

আবার প্রেসিডেন্ট হতে চান রুহানি

ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি আসন্ন ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করিয়েছেন। আইন অনুযায়ী, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনি অফিসে গিয়ে শুক্রবার নিজের নাম নিবন্ধন করান তিনি। আগামী ১৯ মে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গত মঙ্গলবার এবং তা চলবে শনিবার পর্যন্ত। হাসান রুহানি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে ইরানের বিশেষজ্ঞ পরিষদ ও নীতি নির্ধারণী পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া, নীতি নির্ধারণী পরিষদের কৌশলগত গবেষণা কেন্দ্রের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। প্রেসিডেন্ট রুহানি ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ২০ বছর ইরানের পার্লামেন্টের নির্বাচিত সদস্য ছিলেন। ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত আট বছর তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত ১১তম প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তেহরানের মেয়র বাকের কালিবফ’সহ মোট পাঁচ প্রার্থীকে পরাজিত করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই বছরের ৩ আগস্ট তিনি মাহমুদ আহমাদিনেজাদের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নাম নিবন্ধনের পর ড. রুহানি সাংবাদিকদের বলেছেন, তিনি গত নির্বাচনের আগে জনগণকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবগুলো পালন করেছেন তিনি। রুহানি দাবি করেন, ১১তম প্রেসিডেন্ট হিসেবে তার প্রশাসন ইরানের জনগণের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে যতটা অবদান রাখতে পেরেছে তা এর আগের প্রেসিডেন্টরা পারেননি। সূত্র : ওয়েবসাইট

নতুন পরমাণু বোমার পরীক্ষা যুক্তরাষ্ট্রের

মার্কিন বিমান বাহিনী মাধ্যাকর্ষণ শক্তিচালিত নতুন পরমাণু বোমার পরীক্ষা করেছে। বিমান এ বোমা সঠিকভাবে বহন করতে পারে কিনা তা খতিয়ে দেখার জন্য এ পরীক্ষা চালানো হয়েছে। মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন বা এনএনএসএ বলেছে, নেভাদা মরুভূমিতে এ বোমার পরীক্ষা চালানো হয়েছে। বি৬১ পরমাণু বোমার উন্নত সংস্করণ বি৬১-১২ বোমার পরীক্ষা চালানো হয়। এ প্রজাতির বোমায় কোনো ধরণের দিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এবং বিমান থেকে ছেড়ে দেয়ার পর মাধ্যাকর্ষণের টানে লক্ষ্যবস্তুর দিকে পড়তে থাকে। এ জন্য এ বোমাকে মাধ্যাকর্ষণ শক্তিচালিত পরমাণু বোমা বলা হয়। পরীক্ষার সময় বোমার পরমাণু অংশ ব্যবহার করা হয় নি। এফ-১৬ জঙ্গিবিমান এ বোমা ফেলতে সক্ষম কিনা তাই যাচাই করা হয়েছে। পরীক্ষা সফল হয়েছে বলেও ঘোষণা করা হয়।
গত মাসের ১৪ তারিখে নেভাদার টনোপাহ্‌ পরীক্ষা কেন্দ্র এ বোমা ফেলা হয়। আগামী তিন বছরে ধরে এ বোমা নিয়ে যেসব ধারাবাহিক পরীক্ষা করা হবে তারই অংশ হিসেবে এটি সম্পন্ন করা হয়। মার্কিন অস্ত্রাগারের চার বি৬১ বোমার স্থলাভিষিক্ত হবে বি৬১-১২। ২০২০ সালের মার্চে এ বোমার প্রথম উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে টানাপড়েন তুঙ্গে এবং আফগানিস্তানে মার্কিন ‘সব বোমার জননী’র পরীক্ষা নিয়ে যখন বিশ্বে তীব্র প্রতিক্রিয়া চলছে তখন নতুন এ পরমাণু বোমা পরীক্ষার কথা ঘোষণা করা হলো। আমেরিকা পরমাণু যুদ্ধের অংশ হিসেবে এ বি৬১-১২ বোমার পরীক্ষা করছে বলে অনেকেই ধারণা করছেন। সূত্র : ওয়েবসাইট

রাজধানীতে কাল থেকে উঠে যাচ্ছে সিটিং সার্ভিস

রাজধানীতে আগামীকাল থেকে উঠে যাচ্ছে বাসের সব ধরনের সিটিং সার্ভিস। চলতে হবে সরকার নির্ধারিত ভাড়ায়। একইদিন সারাদেশে অ্যাঙ্গেল বাম্পার, গাড়ির বর্ধিতাংশের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির অভিযান শুরু হচ্ছে। সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেছেন, আজ শনিবার বিকেল ৪টায় তারা বিআরটিএতে বৈঠক করবেন। ১৬ এপ্রিল থেকে অ্যাকশনে যাবেন। ১৫ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়েছিলো। রোববার থেকে টাউন সার্ভিসে কোনো বাস আর সিটিংয়ে চলবে না। এদিকে বিআরটিএর একজন পরিচালক জানান, হালকা বাম্পারের অনুমোদন আছে, কিন্তু বেশির ভাগ গাড়ি বিশাল আকারের বাম্পার লাগিয়ে চলছে।
এ কারণে ‘অঅনুমোদিত বাম্পারের’ বিরুদ্ধে অভিযান চালাবে বিআরটিএ। সকাল সাড়ে ৮টায় তেজগাঁ এলাকায় বাম্পার অ্যাঙ্গেল বিরোধী অভিযান পরিদশর্ন করবেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরিবহন মালিক সংগঠনের ভিজিলেন্স টিম নামবে বাস চলাচল মনিটরিংয়ে। সারাদেশে অভিযানের জন্য সব জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও জেলা পুলিশকে চিঠি দিয়েছিলো বিআরটিএ। এদিকে এবারই প্রথম মালিক ও শ্রমিক সংগঠন যৌথভাবে এক বৈঠকে বাসের সিটিং ও অতিরিক্ত সিটের বিরুদ্ধে ঐক্যতমক্য পোষণ করেছে। যে বৈঠকে অ্যাঙ্গেল বাম্পার খুলে ফেলতে একমত হন পরিবহন মালিকরা।

সুপ্রিম কোর্টে ছুটি শুরু : অবকাশকালীন বেঞ্চ গঠন

আগামীকাল ১৬ এপ্রিল থেকে আগামী ৬ মে পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ইতোমধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছে। বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
আগামী ৭ মে রোববার থেকে যথারীতি খুলবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শুরু হবে নিয়মিত বিচার কার্যক্রম। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলা বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের চেম্বার কোর্টে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ১৮ ও ২৫ এপ্রিল এবং ২ মে বেলা ১১টা থেকে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন।

সেনবাগে ট্রাকচাপায় একজন নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের পপুলার বিস্কুট ফ্যাক্টরির সামনে থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকচাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের চন্দ্র থানার এএসআই মুক্তার আহম্মেদ স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ওই অজ্ঞাত ব্যক্তিটি শনিবার ভোর ৬টার দিকে আহম্মদ ব্রিকফিল্ডের সামনে থেকে রাস্তা পার হয়ে পপুলার বিস্কুট ফ্যাক্টরির দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক ওই লোকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথা-পা থেতলে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

একদিনে দুই হ্যাটট্রিক আইপিএলে

শুক্রবার একই দিনে দুটি হ্যাটট্রিক হয়েছে আইপিএলে। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্যারিবীয় পেসার স্যামুয়েল বদ্রি মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের দ্বিতীয় ওভারের পরপর তিন বলে পার্থিব প্যাটেল, ম্যাকক্লেনাগান ও রোহিত শর্মাকে আউট করেন। চার ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ৯ রানে চার উইকেট নিয়েছেন বদ্রি। অবশ্য এরপর ও কাইরন পোলার্ডের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ম্যাচ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আর দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামা পুনে সুপরাস্টার্সের বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে গুজরাট লায়ন্সের অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ডু টাই পরপর তিন বলে অঙ্কিত শর্মা, মনোজ তিওয়ারি ও শারদুল ঠাকুরকে আউট করেন।সব মিলে মাত্র ১৭ রানে এবারের আসরের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নিয়েছেন তিনি। গুজরাট পেসারের হ্যাট্রট্রিক বিফলে যায়নি, তার দল জয় পেয়েছে ৭ উইকেটে।

শারজিল, খালিদের স্পট ফিক্সিংয়ের বিপক্ষে আপিল নাকচ

ওপেনিং ব্যাটসম্যান শারজিল খান ও খালিদ লতিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ অনেকটাই প্রমাণিত হওয়ায় এ সংক্রান্ত তদন্তের বিরুদ্ধে আপিল লাহোরের কোর্ট নাকচ করে দিয়েছে। বর্তমানে লাহোরের হাই কোর্টে পরিচালিত স্পট ফিক্সিং অভিযোগের বিপক্ষে খালিদ চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ইউনিট আগেই তার সেই চ্যালেঞ্জের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তান সুপার লীগে ৩১ বছর বয়সী খালিদসহ আরো পাঁচ ক্রিকেটারের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। এই বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। লাহোরের হাই কোর্ট সূত্র জানিয়েছে, খালিদ দুর্নীতি বিরোধী ইউনিটের কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তা নাকচ করা হয়েছে।
এদিকে পিসিবি জানিয়েছে তারা ইতোমধ্যেই খেলোয়াড়দের বিপক্ষে বিভিন্ন ধরনের প্রমাণাদী ট্রাইব্যুনালের কাছে পেশ করেছে। এর মধ্যে সাক্ষীর বিবৃতি, রেকর্ড করা সাক্ষাতকার, ম্যাচ ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপের ভয়েস বার্তা রয়েছে। প্রমানাদির কপি শারজিল ও খালিদকেও পাঠানো হয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তাদেরকে অভিযোগের ভিত্তিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়। এর আগে এই ঘটনায় প্রথম খেলোয়াড় হিসেবে শাস্তি পেয়েছেন পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান। গত মাসে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া প্রাথমিক ভাবে আরো নিষিদ্ধ করা হয়েছে শাহজিব হাসান ও নাসির জামশেদকে।

মনোবিদের স্মরণাপন্ন নেইমার

মনোবিদের স্মরণাপন্ন হলেন ব্রাজিলের অধিনায়ক ও বার্সেলোনার স্ট্রাইকার নেইমার। গেল ৯ এপ্রিল স্প্যানিশ ফুটবল লীগে মালাগার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। তাই মন-মানসিকতা আরও দৃঢ় করতে মনোবিদের কাছে হাজির হয়েছেন তিনি। এজন্য কোচ লুইস এনরিকের সহায়তাও নিয়েছেন নেইমার। নেইমার বলেছেন, ‘মাঠে নিজের মেজাজকে ধরে রাখতেই মনোবিদের স্মরণাপন্ন হলাম। যাতে খেলার উপর অন্য কিছুর প্রভাব না পড়ে। এনরিকের মাধ্যমেই মনোবিদের কাছে গিয়েছি।’ সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। এরমধ্যে দলের সেরা খেলোয়াড়ের একজন দেখেছেন লাল কার্ড। সেটি হলেন-নেইমার। সেই প্রভাব গিয়ে পড়ে দলের উপর।
তাই ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয়, তাই নেইমারকে মনোবিদের কাছে পাঠিয়েছেন এনরিকে। এনরিকের ঘনিষ্ঠ মনোবিদ জোয়াকুইন বালদেসের সাথে দেখা করে বেশ কিছু টিপস নিয়েছেন বলে জানিয়েছেন নেইমার। ‘বালদেসের সাথে দীর্ঘক্ষণ সময় কাটালাম। ঐ সময়গুলো দারুন ছিলো। আমার চিন্তা-ধারায় আমুল পরিবর্তন ইতোমধ্যে এসেছেও। আমি আবারো যাবো তার কাছে। এজন্য এনরিককে ধন্যবাদ।’ নেইমারকে মনোবিদের কাছে পাঠানোর ব্যাপারে এনরিকে বলেন, ‘আসলে ঐ লাল কার্ডের পর অনেক বেশি ভেঙ্গে পড়েছিলো নেইমার। আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। তখন বুঝতে পারলাম, হতাশা ঘিরে ধরেছে নেইমারকে। তাই দ্রুতই মনোবিদের কাছে তাকে পাঠাই। আশা করি ভালো হবে নেইমারের জন্য।’

দুই বিদেশীতে কাবু পুনে

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭১ রান তুলেছিল স্টিভেন স্মিথের দল পুনে সুপারজায়ান্ট।  কিন্তু গুজরাট লায়ন্সের দুই বিদেশী ওপেনারের দাপটে সেই রান জয়ের জন্য যথেষ্ট হতে পারেনি তার দলের জন্য। যথারীতি আজো ব্যর্থতার বৃত্ত থেকে  বের হতে পারেননি ধোনী। মাত্র ৫ রান এসেছে তার ব্যাট থেকে। সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্মিথের ব্যাট থেকে।
১৭২ রানের টার্গেটে খেলতে নেমে গুজরাটের দুই বিদেশী ওপেনার  ডোয়াইন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককালামের ৯ ওভারে ৯৪ রানের পার্টনারশিপে জয় সহজ হয়ে যায়। স্মিথ ৪৭ ও ম্যাককালাম ৪৯ রান আউট হওয়ার পর ্অ্যারন ফিঞ্জকে(৩৩*) নিয়ে বাকি কাজটুকু সেরেছেন অধিনায়ক সুরেশ রায়না(৩৫*)। ২ ওভার বাকি থাকতেই দল জয় পেয়েছে ৭ উইকেটের।

পার্টির ফান্ড সংগ্রহে মন্ত্রীর আইসক্রিম বিক্রি

ভারতের তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি- টিআরএসের বার্ষিক সম্মেলনের জন্য পার্টি ফান্ড গঠনে মাঠে নেমেছেন দলটির সদস্যরা। এরই অংশ হিসেবে দলীয় কর্মীদের পার্টি ফান্ড গঠনে প্রয়োজনে কুলিগিরি করার কথা বলেছেন দলটির সদস্য তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায়। আর এ বিষয়ে দৃষ্টান্ত স্থাপনে মুখ্যমন্ত্রীর ছেলে এবং প্রদেশের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী কেটি রামা রাও আইসক্রিম বিক্রি করেছেন।
শুক্রবার কেটি রামা রাও হায়দরাবাদ-নাগপুর ন্যাশনাল হাইওয়ের সুচিত্রা আইসক্রিম পার্লারে মাত্র ঘণ্টাখানেক আইসক্রিম বিক্রি করেন। আর এই অল্প সময়েই তিনি প্রায় সাড়ে ৭ লাখ টাকার আইসক্রিম বিক্রি করে ফেলেন। এই টাকা আয়ে ওই আইসক্রিম পার্লারটির এক মাস সময় লাগতো। তবে মুখ্যমন্ত্রী থেকে অনেক ধনী ক্রেতা আইসক্রিম কিনে খুব দ্রুতই বিপুল অংকের টাকা আয়ের সুযোগ করে দেন। সূত্র: এনডিটিভি

ফেসবুক ব্যবহারে বিশ্বে দ্বিতীয় ঢাকা

সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারীর দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র থাকলেও শহর হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান দ্য নেক্সট ওয়েব ডটকমের জরিপ অনুযায়ী, সক্রিয় ফেসবুক ব্যবহারকারী শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এরপর ২ কোটি ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় ঢাকা এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। সক্রিয় ফেসবুক ব্যবহারকারীদের দেশের মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের ব্যবহারকারী প্রায় ২১ কোটি ৯০ লাখ।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের ব্যবহারকারী ২১ কোটি ৩০ লাখ। এছাড়া বিশ্বের প্রায় সাড়ে সাতশ' কোটি জনসংখ্যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ৩৭৭ কোটি; আর এদের মধ্যে ২৭৮ কোটি ব্যবহারকারী কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সক্রিয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক-ই বেশি ব্যবহার হয়। এরপর যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটিও ফেসবুকের, মেসেঞ্জার। ব্যবহারের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ, এরপর ইউটিউব। ফেসবুকে প্রতিমাসে সক্রিয় থাকে বিশ্বের ১৮৭ কোটি ব্যবহারকারী, যাদের ৮৭ ভাগই মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করে থাকেন।

সিটিং বাসের 'চিটিং' বন্ধ রোববার থেকে

পূর্বঘোষণা থাকলেও শনিবার থেকে রাজধানীতে সিটিং, গেটলক, স্পেশাল বাস ও মিনিবাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়নি। এর পরিবর্তে আগামীকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। যুগান্তরকে সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, 'রোববার থেকে সিটিং সার্ভিসের মতো সকল ধরনের সার্ভিস বন্ধ হবে। বিভিন্ন পরিবহনের বাস-মিনিবাস সরকার নির্ধারিত ভাড়ায় চলবে।' তিনি আরও বলেন, 'শুক্রবার পহেলা বৈশাখ থাকায় শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়নি। তবে আগামীকাল থেকে এর কোনো হেরফের হবে না।'
এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিশেষ সভায় সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। কোনো যাত্রীর কাছ থেকে সিটিং বা স্পেশাল সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলেও সিদ্ধান্ত নেয় সংগঠনটি। দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশ এলাকায় চলচলকারী বাসগুলোতে সিটিং ও স্পেশাল সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এসব সার্ভিসে মাঝপথে যাত্রী নামলেও শেষ স্টপেজের জন্য নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকার নির্ধারিত বাসে ন্যুনতম সাত টাকা ও মিনিবাসে পাঁচ টাকা আদায় করা হবে বলে জানান মালিক সমিতির নেতারা।

নতুন বছরে দেশ আরও এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুক্রবার বেলা সকাল সাড়ে ১০টায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। প্রায় সোয়া একঘণ্টা ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গণভবনের মাঠে তৈরি মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের পাশাপাশি কথা বলেন সংগীত শিল্পী সুবীর নন্দীর সঙ্গেও।
অসুস্থ সুবীর নন্দীর শারীরিক খোঁজ-খবর নেন তিনি। শুভেচ্ছা জানাতে আসা মানুষদের পাশাপাশি বাংলার ঢোল ও লোকগানের সঙ্গে তাল মেলান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। মানুষ বাস করবে আনন্দলোকে। দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক। দেশে শান্তি বিরাজ করুক, আজকের দিনে এটাই প্রত্যাশা করি। গণভবনে আসা সবাইকে নাড়ু, সন্দেশ, রসগোল্লা, মোনাক্কা ও খইসহ নানান ধরনের মিষ্টি জাতীয় নাস্তা দিয়ে আতিথেয়তা করা হয়। এদিকে বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কোরীয় উত্তেজনা অবসানে চীনের আহ্বান

উত্তর কোরিয়া অভিমুখে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েনে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ যুদ্ধাবস্থা নিয়ে সবাইকে সতর্ক করে উত্তেজনার অবসান চেয়েছে চীন। খবর রয়টার্স ও বিবিসির। এদিকে, রণতরী মোতায়েনের পর উত্তর কোরিয়ার সেনাবাহিনী প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ কুচকাওয়াজ করে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে। এর মধ্য দিয়ে দেশটি ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সমৃদ্ধ করবে এবং যেকোনো সময় ব্যবহারে সক্ষম বলেই বার্তা দেয়া হলো। সব মিলিয়ে উত্তর কোরিয়া ঘিরে বেশ যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ১০ দিনের বিশেষ সফরে এশিয়া আসার ঘোষণা দিয়েছেন। তবে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমস্যার সমাধান খুঁজতে আলোচনার আহ্বান জানিয়েছে চীন। যুদ্ধ এড়াতে দেশ দুটির মধ্যে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে বেইজিং। উত্তর কোরিয়ায় সঙ্গে যেকোনো সময় সংঘাত বাধতে পারে আশংকা প্রকাশ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, 'যুদ্ধ বাধলে কেউ জিতবে না।
সবাই বিষয়টি অনুধাবন করা উচিত।' চীনের আশংকা, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বাড়লে তাদের সীমান্তবর্তী অঞ্চল হুমকির মুখে পড়বে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি মনে করি, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার সতর্ক হওয়া উচিত।' তিনি আরও বলেন, 'কথায় বা আচরণে একে অন্যকে হুমকি দেয়া এবং চটানো থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।' এদিকে, শনিবার যুদ্ধভাবের মধ্যেই উত্তর কোরিয়া দেশটির ফাউন্ডিং ফাদার কিম 'টু'র ১০৫তম জন্মদিনের বিশেষ কুচকাওয়াজ থেকে মার্কিন কর্তৃপক্ষের আচরণকে 'সামরিক হিস্টিরিয়া' রোগ বলে উল্লেখ করেছে। পাশাপাশি এর যোগ্য জবাব দেয়ার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছে। বিশেষ করে সিরিয়ায় টমাহোক বোমা ব্যবহারের পর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিষয়ে কঠোর মনোভাব প্রদর্শন ও বিমানবাহী রণতরী প্রেরণের মধ্যে দিয়ে দু'দেশের সম্পর্ক জটিল হয়ে উঠে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে দেশটির সেনা বাহিনীর জেনারেল স্টাফের এক মুখপাত্র জানিয়েছেন, 'উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কঠোরতার যোগ্য জবাব দেবে দেশটির জনগণ ও সামরিক বাহিনী।' তিনি আরও বলেন, 'মার্কিন সামরিক বাহিনী কোনো অ্যাকশানে গেলে তার তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে।' মার্কিনিদের আচরণের নির্দয় প্রতিশোধ নেয়া হবে বলেও ঘোষণা দেন এ মুখপাত্র।

জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিতর্কিত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মুদ্রা পাচার মামলায় মুম্বাই আদালত তার বিরুদ্ধে বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করেন। খবর এনডিটিভির। গত বছরের ডিসেম্বরে জাকির নায়েকের বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও জাকির নায়েকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ‘অবৈধভাবে আসা’ ২০০ কোটি রুপি লেনদেনের ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে। জাকির নায়েক বিভিন্ন ভুয়া কোম্পানি খুলে তার মাধ্যমে ওই এনজিওর অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করতেন। এরপর গত বছরের ১৫ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার। জাকির নায়েক বর্তমানে সৌদি আরব রয়েছেন।
গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজানে হামলায় ঘটনায় আলোচনায় আসেন জাকির নায়েক। নিহত দুই হামলাকারী তার অনুসারি বলে দাবি করা হয়। এরপর ভারতে জঙ্গিবাদ উস্কে দেয়ার অভিযোগ এনে জাকির নায়েকের বিরুদ্ধে দায়ের মামলায় অভিযোগপত্র দাখিলের প্রায় এক মাস পর এই পরোয়ানা জারি করলেন আদালত। গ্রেফতারি পরোয়ানার জবাবে জাকির নায়েক ভিডিও বার্তায় ভারতে ফেরার কথা নাকচ করে দিয়েছেন। আইনশৃংখলা বাহিনী বলছে, ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করেছে ভারত। এখন বিচারিক কার্যক্রমে সহায়তার কথা বলে জাকির নায়েককে দেশে ফেরত পাঠাতে সৌদি আরবের সঙ্গেও যোগাযোগ করা হবে। তাকে ফেরতের অনুরোধ জানিয়ে সৌদি আরবকে চিঠি পাঠাবে দিল্লি।

সেনা জিপের সামনে বাঁধা যুবক, ভারতে বিতর্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উপনির্বাচনে আইনশৃংখলা বাহিনীর সদস্যকে নির্যাতনের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরেক বিতর্ক। বৃহস্পতিবার কাশ্মীরে ইন্টারনেট চালুর নিষেধাজ্ঞা উঠে পাওয়ার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, ভারতীয় সেনাবাহিনীর জিপের সামনে দড়ি দিয়ে বাঁধা রয়েছে এক যুবক। জিপটি সমানে সামনে ধাবমান। এ সময় এক সেনা সদস্যকে বলতে শোনা গেছে, 'যারা পাথর নিক্ষেপ করবে, তারা একই পরিণতি ভোগ করবে।' মূলত বিক্ষুব্ধ জনতা যাতে জিপে পাথর ছুড়তে না পারে সেজন্যই ওই যুবককে জীবন্ত ঢাল বানিয়ে ব্যবহার করেছে সেনাবাহিনী। ওই যুবকের নাম ফারুক আহমেদ দার। বাদগামের সিতাহরন গ্রামের বাসিন্দা তিনি। ফারুক জানিয়েছেন, তিনি পাথর নিক্ষেপকারী নন। জীবনে কখনও এমন কাজ করেননি। শাল ও কার্পেটে অ্যাম্বড্রয়েরির কাজ করেন তিনি। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে নতুন তোলপাড় শুরু হয়েছে। রাজ্য প্রশাসন তদন্তে নেমে জেনেছে, ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরাই এ ঘটনায় জড়িত। তদন্তকারীদের নিগ্রহের শিকার ফারুক জানিয়েছেন, তিনি ভোট দিতে বেরিয়েছিলেন। সেখান থেকে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে জওয়ানেরা তাকে আটক করে। ফারুকের দাবি, আটকের পর তাকে জিপে বেঁধে প্রায় ১০-১২টি গ্রামে ঘোরানো হয়। তবে সেনাবাহিনীর দাবি, ১০০ মিটার পরেই ফারুককে ছেড়ে দেয়া হয়।
দূরত্ব যাই হোক না কেন, এমন অমানবিক কাজ সেনাবাহিনী কী করে করল, সেই প্রশ্নেই ফের ক্রুদ্ধ কাশ্মীর। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটারে লিখেছেন, 'পাথর থেকে বাঁচতে বাহিনী একটি মানুষকে ঢাল বানাল কী করে? আমি হতবাক!' ঘটনার পূর্ণ তদন্তের দাবিও করেছেন তিনি। ভিডিওটি বিরওয়াহ অঞ্চলের বলে মনে করা হচ্ছে। সেটি ওমরের নির্বাচনী কেন্দ্রেই পড়ে। ওমর এও বলেছেন, 'জওয়ানদের হেনস্থা নিয়ে দেশজুড়ে যে পরিমাণ ক্ষোভ তৈরি হয়েছে, জিপে বাঁধা যুবককে নিয়ে কিন্তু সেটা হবে না।' সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, সেনাবাহিনী ওই ভিডিওটির সত্যতা যাচাই করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও ভিডিওটি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানেন না। তবে এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ৯ এপ্রিল শ্রীনগর সংসদীয় আসনে উপনির্বাচন চলাকালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ানকে মারধর করার একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে। সিআরপিএফের জওয়ানকে মারধরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা

রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই। এমন বিষয়ে কথা উঠাও কাম্য নয়। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে সুপ্রিমকোর্টের বিচারপতিদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একে অপরকে অতিক্রম করে নয়, শাসন,
বিচার ও আইন বিভাগকে এক সঙ্গে কাজ করতে হবে।' তিনি বলেন, 'রাষ্ট্রের বিভাগগুলোর মধ্যে দ্বন্দ্ব আছে- এমন কথা আসা কারও জন্যই কাম্য নয়। আমি স্পষ্ট করতে চাই- রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই।' এ সময় প্রধানমন্ত্রী বিচার বিভাগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে রাষ্ট্রপতির সঙ্গে তা আলাপ-আলোচনা করে সমাধান করারও আহ্বান জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহাও বক্তব্য দেন।

গাজীপুরে ছুরিকাঘাতে বাস চালককে খুন

গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকায় ছুরিকাঘাত করে সুজন ভাণ্ডারি (২২) নামের এক বাস চালককে খুন করেছে দুবৃত্তরা। শনিবার ভোরে পূর্ব চান্দনা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মো. আলমগীরের ছেলে। নিহতের পিতা মো. আলমগীর জানান, দীর্ঘ দিন ধরে গাজীপুর পরিবহনের বাস চালাতো সুজন ভাণ্ডারি। প্রতিদিনের মতো বাসা থেকে শনিবার ভোরে বাস চালাতে শিমুলতলী এলাকার উদ্দেশ্যে বের হয়। একপর্যায়ে রেললাইনের পাশ দিয়ে হেটে পূর্ব চান্দনা বিহারীবাড়ি এলাকায় পৌঁছালে জয় নামে এক যুবক সুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীর চৌমুহনী-ফেনী মহাসড়কের পুপুলার জুট মিলের সামনে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার সীমান্ত থেকে অজ্ঞাত যুকের লাশ (৪০) উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টায় লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর স্থানীয় মসজিদের মুসল্লিরা লাশটি দেখতে পেয়ে বেগমগঞ্জ ও সেনবাগ থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সেনবাগ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী জানান, লাশটি দুই থানার সীমান্তে হওয়ায় উদ্ধার প্রক্রিয়া বিলম্ব হয়েছে। আর ঘটনাস্থল মহাসড়কের পাশে হওয়ায় আইনগত বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবে। তবে এখনো পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি হারুন।

পাখির অভয়াশ্রম নওগাঁর যে গ্রাম

নওগাঁর মহাদেবপুর উপজেলার মগলিশপুর গ্রামে দেখা মিলছে বিভিন্ন প্রজাতির পাখি। গ্রামে প্রবেশের অনেক দূর থেকেই ভেসে আসে হাজারো পাখির কিচিরমিচির শব্দ। পাখির এ কলকাকলিতে মুখরিত পুরো গ্রামটি। প্রতিদিন পাখির কিচিরমিচির শব্দ আর কলকাকলিতে ঘুম ভাঙে গ্রামবাসীর। পাখিগুলো অভয়াশ্রম হিসেবে বেছে নিয়েছে এ গ্রামটিকে। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে মহাদেবপুর উপজেলা। এ উপজেলা থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মগলিশপুর গ্রামটি অবস্থিত। সরেজমিনে দেখা গেছে, গ্রামের পুকুর পাড়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বাঁশ ঝাড়ে অভয়াশ্রম হিসেবে বসবাস করছে পাখিগুলো। এমনিভাবে গ্রামের আরো কয়েকটি স্থানে নিবিড় বন-জঙ্গলে অভায়শ্রম গড়ে তুলেছে বিভিন্ন প্রজাতির পাখি। পাখির কিচিরমিচির শব্দে আর কলকাকলিতে মুখরিত হয়ে আছে গ্রামটি। এসব পাখি স্বাচ্ছন্দ্যে গাছে বিচরণ এবং ঝাঁকে-ঝাঁকে ডানা মেলে উড়ে চলছে ইচ্ছেমতো। গত তিন মাস থেকে উপযুক্ত পরিবেশ ও নিরাপদ আশ্রয়ে যেন পাখিগুলো নির্ভাবনায় আবাস গড়ে তুলেছে। থাকার জন্য খড়কুটা দিয়ে বাসা বেঁধেছে। অনেক পাখি ডিম দেয়া শুরু করেছে এবং অনেকে বাচ্চাও ফুটিয়েছে। বিশেষ করে বিকালে ও ভোরে কিচির-মিচির শব্দে জানিয়ে দেয় তাদের সরব উপস্থিতি। পাখিদের কিচির মিচিরে মুখরিত হয়ে উঠে চারিদিক। এখানে দেখা মিলছে বিভিন্ন ধরনের শামুকখোল, জ্যাঠা বক, কানি বক, পানকৌড়ি, রাতচোরা, ডাহুক, দোয়েল, ঘুঘু, শালিক, বাবুইসহ নানান জাতের দেশীয় পাখি। এই গ্রামের মানুষেরাও প্রকৃতিপ্রেমী। পাখির প্রতি ভালোবাসা থেকে পাখি রক্ষায় নানা উদ্যোগও নিয়েছেন তারা। গ্রামের ভেতরে কোন গাছ কাটা ও উচ্চ শব্দে আওয়াজ করাও নিষিদ্ধ।
তবে এক সপ্তাহ আগে প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও শিলায় প্রায় কয়েক হাজার পাখির ডিম নষ্ট হয়ে যায় এবং অনেক পাখির বাচ্চাও মারা যায়। পাখির অভয়ারণ্য বাঁশ ঝাড়ের মালিক আশরাফুল ইসলাম বলেন, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ হলেও বাঁশ ঝাড় থেকে বাঁশ বিক্রি করে বছরের একটি নির্দিষ্ট সময় পার হতো। গত তিন মাস থেকে বাঁশ ঝাড়ে হঠাৎ করে পাখিরা এসে বসবাস শুরু করায় এখন আর বাঁশ কাটতেও পারছেন না। এমনকি নিজের ঘরের টিন বাঁধার জন্য ঝাঁড় থেকে বাঁশ না কেটে ১৪ কিলোমিটার দূর শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে কাজ করতে হয়েছে। তিনি মন খারাপর করে জানান, গত শনিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও শিলা হয়। এতে পাখির ডিম নষ্ট ও অনেক বাচ্চা পাখি মারা যায়। গ্রামের গৃবহধু সুলতানা বলেন, প্রথমে এসব পাখির শব্দ ও বিষ্ঠা নিয়ে কিছুটা সমস্যা হলেও এখন সব সয়ে গেছে। গ্রামের সবাই পাখির প্রতি মমতাশীল। বাঁশ ঝাড়ের নিচে পুকুর থাকলেও পাখিরা কোন মাছ খায় না। সারাদিন বাহিরে চরা করে বিকালে বাসায় ফিরে। তখন বেশি দেখা মেলে। যখন আকাশে উড়ে মনে হয় আকাশ মেঘ করছে। পাখি দেখা এবং ফটোসেশনের জন্য নওগাঁ থেকে এ পাখি গ্রামে এসেছিলেন ব্যবসায়ী নাজমুল ইসলাম। তিনি বলেন, পাখির কলকাকলিতে তিনি মুগ্ধ। এক সঙ্গে এতো বেশি পাখি দেখার কখনো সৌভাগ্য হয়নি। স্মৃতি ধরে রাখতে নিজ ক্যামেরায় ছবি তুলেছেন। পাখিদের নিরাপদ আশ্রয় ও রক্ষণাবেক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এ পাখিপ্রেমী।

প্রত্যুষাকে দেহ ব্যবসায় বাধ্য করেন রাহুল!

‘বালিকা বধূ' খ্যাত মুম্বাইয়ের নায়িকা ও মডেল প্রত্যাশা বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর এক বছর পর পুলিশের হাতে এসেছে নতুন তথ্য। এ তথ্যে জানা যায়, প্রত্যুশাকে দেহব্যবসায় নামতে বাধ্য করেছিল তার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ফোনে প্রত্যুষা ও রাহুলের শেষ কথোপকথন থেকে এমন তথ্য জানা গেছে। পুলিশ বলছে, রাহুল নাকি প্রত্যুষাকে দেহ ব্যবসায় নামার জন্য জোর করেছিলেন। পুলিশের হাতে আশা রেকর্ড অনুযায়ী প্রত্যুষার শেষ কথা ছিল, 'রাহুল আমি মুম্বাইতে অভিনয় করতে এসেছিলাম। কিন্তু তুমি আমাকে অন্য পথে যেতে বাধ্য করছ। আমার যে কতটা খারাপ লাগছে, সে সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই।' প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সন্দেহের তালিকায় ছিল তার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ।
সে সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান। প্রত্যুষার বাবা শঙ্কর ও মা সোমা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী নীরজ গুপ্তা জানিয়েছেন, প্রত্যুষার শেষ কথোপকথন থেকে এটা পরিষ্কার যে, রাহুল ওকে দেহ ব্যবসায় যেতে বাধ্য করেছিল। তা থেকে রাহুল উপার্জন করতে চেয়েছিল। এদিকে রাহুলের অভিযোগ, 'প্রত্যুষা তাকে বলেছিল, ওর বাবা-মা চায় যে ভাবেই হোক ও প্রচুর টাকা রোজগার করুক। বাবা-মার নামে আমার কাছে অভিযোগ করত। ওর কাছে কোনও টাকা ছিল না। সে সময় আমি ওকে সাপোর্ট করেছিলাম।'

বিয়ে করলেন কারিশমার প্রাক্তন স্বামী

সঞ্জয় কারিশমা ১৩ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটান গত বছর। আর এরই মধ্যে কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর তার জীবনের তৃতীয় ইনিংসও শুরু করে দিলেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দীর্ঘদিনের বান্ধবী উঠতি মডেল প্রিয়া সাচদেবের সঙ্গে গত বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন সঞ্জয়। এই নিয়ে তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন সঞ্জয় কাপুর।
বেশ কয়েক বছর আগে নিউইয়র্কেই প্রিয়ার সঙ্গে প্রথম দেখা হয় সঞ্জয়ের। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর বিয়ে করলেন তারা। বিয়েতে দুই পরিবারেরর আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। রেজিস্ট্রি করেছেন বিয়ে। কয়েক দিন পরে নিউইয়র্কে তাদের বিয়ে পরবর্তী বড়সড় করে একটি অনুষ্ঠান আয়োজন করবেন বলেও শোনা যাচ্ছে। সঞ্জয় করিশমার দুই সন্তান সামাইরা ও কিয়ান কারিশমার সঙ্গেই থাকে।

যুক্তরাষ্ট্র-উ. কোরিয়া সংঘাত যেকোনো সময়: চীন

উত্তর কোরিয়ায় সঙ্গে যেকোনো সময় সংঘাত বাধতে পারে বলে আশঙ্কা করছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুদ্ধ বাধলে কেউ জিতবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিবিসির খবরে জানানো হয়, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের চলমান উদ্বেগ এবং কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরি পাঠানোর পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন ওয়াং। চীনের আশঙ্কা, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বাড়লে তাদের সীমান্তবর্তী অঞ্চল হুমকির মুখে পড়বে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, ‘আমি মনে করি, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার সতর্ক হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘কথায় বা আচরণে একে অন্যকে হুমকি দেওয়া এবং চটানো থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।’
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার সমস্যা খতিয়ে দেখা হবে। যদি চীন সহায়তা করতে চায়, তাহলে খুব ভালো হবে। যদি না করে, তাহলে চীনের সাহায্য ছাড়াই উত্তর কোরিয়ার সমস্যা আমরা সমাধান করব।’ উত্তর কোরিয়ার সেনাবাহিনী গতকাল বলেছে, যুক্তরাষ্ট্রের উসকানি ভন্ডুল হয়ে যাবে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ সে দেশের সেনাবাহিনীর বিবৃতি ইংরেজি ভাষায় প্রচার করেছে। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এবং তাদের বাহিনীর বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা নেব। হামলাকারীদের টিকতে দেওয়া হবে না। উত্তর কোরিয়া তাদের নির্দয় আচরণ মেনে নেবে না।’ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা নিয়ে ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিষয়টি নিয়ে ফোনালাপ করেছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

হেফাজতের সঙ্গে আ.লীগের সখ্যের অভিযোগ: বিভ্রান্তিতে নেতা-কর্মীরা

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সখ্যের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে দলটির নেতা-কর্মীদের অনেকের মধ্যেই একধরনের বিভ্রান্তি বা অস্বস্তি তৈরি হয়েছে। দলটির অনেক নেতা বলছেন, এমন কোনো সখ্য হলে সেটা তাঁদের দল এবং অসাম্প্রদায়িক রাজনীতির জন্য ক্ষতিকর হবে। তবে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের অনেকেই টানাপোড়েনের এই অভিযোগ অস্বীকার করে বলছেন, স্বাধীনতাবিরোধী শক্তিকে বাদ দিয়ে তাঁরা সবাইকে নিয়েই চলতে চান। সুপ্রিম কোর্টের চত্বর থেকে ভাস্কর্য সরিয়ে নিতে হেফাজতের দাবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন নিয়ে বিতর্ক এখনো অব্যাহত আছে। আজ শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। অভিযোগ উঠেছে, হেফাজতে ইসলামকে আওয়ামী লীগ একের পর এক ছাড় দিচ্ছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিতে পড়েছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের অনেকেই। বিভাগীয় শহর রাজশাহীর আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা নুরুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘ঢাকায় হেফাজতের যে তাণ্ডব আমরা দেখেছি, এর পরে যদি হেফাজতের যে পলিটিক্যাল ভিউ, সেটার সঙ্গে কোনো সমঝোতা হয়, সেটা ভবিষ্যতে আমাদের জন্য খুব বেশি মঙ্গলজনক হবে—এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমার যাদের সঙ্গে মাঠপর্যায়ে কথাবার্তা হয়, তাঁদের অনেকেই উদ্বিগ্ন যে আসলে এইটা হচ্ছে কি বা অ্যাকচুয়ালি কী হয়েছে—এটা এখন পর্যন্ত আমরা পরিষ্কার না।’ নাম প্রকাশ না করার শর্তে রংপুর বিভাগের একটি জেলার আওয়ামী লীগের একজন নেতা বলেন, তাঁরা দলের কয়েকজন নেতা-কর্মী বাংলা নববর্ষ উপলক্ষে আজ দুপুরে এক আড্ডায় বসেছিলেন। সেখানে একজন আরেকজনকে ‘হেফাজত’ বলে টিপ্পনী কাটছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বরিশাল, মাদারীপুরসহ বেশ কয়েকটি জেলার আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে মনে হয়েছে, হেফাজতের সঙ্গে তাঁদের দলের সখ্যের অভিযোগ তাঁরা মানতে পারছেন না। যশোরে স্থানীয় আওয়ামী লীগের নেতা সাহারুল ইসলাম বলেন, তাঁদের দলের ভেতরে সুবিধাবাদী কোনো অংশ এ ধরনের পদক্ষেপ নিয়ে শীর্ষ নেতৃত্বকে উৎসাহিত করছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ও রকম কোনো আলোচনা হয় নাই। আর আমি যেটা বুঝেছি, এইখানে নব্য যারা, তারা সুবিধার জন্যই এগুলো করতে পারে—আমরা তৃণমূলের মানুষ তা–ই মনে করি। আমরা যারা তৃণমূলের নেতা, ধরেন আমি উপজেলায় রাজনীতি করি, আমাদের সঙ্গে এ রকম কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। আর আমাদের কাছে বিষয়টি পরিষ্কারও না।’ প্রতিবেদনে আরও বলা হয়, হেফাজত ইস্যুতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদেরও অনেকেই অস্বস্তিতে পড়েছেন। তাঁদের কেউই মুখ খুলছেন না। তবে অনেকেই অনানুষ্ঠানিকভাবে পরিস্থিতির ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তাঁদের অনেকেই মনে করেন, সরকারকে কিছু না জানিয়েই হঠাৎ করে সুপ্রিম কোর্ট চত্বরে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। সে কারণে এর উদ্দেশ্য নিয়ে সরকারের ভেতর আলোচনা হয়েছে। দলটির অনেকে বলেছেন, কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একটি কাঠামোর মধ্যে আনার জন্য সরকারকে বেশি ছাড় দিতে হয়েছে। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী মতিয়া চৌধুরী দলে টানাপোড়েন বা কারও মধ্যে অস্বস্তির অভিযোগ নাকচ করে বলেন, ‘এখানে অস্বস্তি বোধ করার তো বিষয় না। ইসলামি শিক্ষাব্যবস্থার একটা অংশ সরকারি কাঠামোর বাইরে ছিল। সেটা শেখ হাসিনা তাঁদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে একটা কাঠামোর ভেতরে আনলেন।’
আওয়ামী লীগ কি তাহলে ইসলামপন্থীদের একটা অংশকে তাদের সঙ্গে রাখার কৌশল হিসেবে এসব করছে—এমন প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী বাদে সবাইকে নিয়েই তো চলছে। কারে না নিয়ে চলছে! আমরাই বলব, ইনক্লুসিভ সোসাইটি আবার যখন সবাইরে নিয়ে চলার, একেবারে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ এগুলো বাদে যখন সবাইরে নিয়ে চলার কথা আসে, তখন আবার বলে আওয়ামী লীগ আপস করছে। মানে আওয়ামী লীগের অবস্থা হলো পড়লে পাস করবে না, পাস কররে চাকরি পাবে না, চাকরি পাইলে বেতন পাবে না, বেতন পাইলে টাকা তুলবে না। এইটা শুনেই আওয়ামী লীগকে পথ চলতে হয়।’ বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেও এসেছে, দেশের বাস্তবতাকে মানতে হবে। তবে আওয়ামী লীগ তাদের অসাম্প্রদায়িক রাজনীতির অবস্থান টিকিয়ে রাখবে, সেটাই চাইছেন তৃণমূলের নেতা-কর্মীরা। প্রসঙ্গত, গত মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কওমি মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাক্ষাৎ হয়। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীও উপস্থিত ছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে-ই-হাদিসকে স্নাতকোত্তর স্তরের মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ওই সাক্ষাতেই উচ্চ আদালত প্রাঙ্গণের সামনে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর পক্ষে নিজের অবস্থানের কথা জানান। তিনি বলেন, ‘আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি, এটা এখানে থাকা উচিত নয়।’ প্রধানমন্ত্রীর ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

‘মেলায় গিয়ে একি হলো আমার মোয়াজ্জেমের’

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৈশাখী মেলা দেখে বাড়ি ফেরার পথে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল শুক্রবার রাতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মোয়াজ্জেম হোসেন (১৬)। বাড়ি ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামে। দুর্ঘটনার পর থেকে আহাজারি করছেন মোয়াজ্জেমের বাবা আলতাফ হোসেন। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, ‘মেলায় গিয়ে একি হলো আমার মোয়াজ্জেমের!
তোমরা আমার মোয়াজ্জেমকে আইনে দাও।’ পরিবার ও পুলিশ বলছে, মোয়াজ্জেম পিকআপ ভ্যানে করে বন্ধুদের সঙ্গে তারাকান্দি বৈশাখী মেলায় গিয়েছিল। বাড়ি ফেরার পথে তারাকান্দি মোড়ের তারাকান্দি-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের সামনে থাকায় মোয়াজ্জেম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শাপলা আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ বলেন, মোয়াজ্জেম এ বছর ওই স্কুলের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খানের ভাষ্য, ময়নাতদন্ত ছাড়াই মোয়াজ্জেমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পিকআপ ভ্যান দুটি জব্দ করেছে। চালক পলাতক।

বর্ষবরণে বাজল অসাম্প্রদায়িকতার সুর

দুঃসহ অতীতকে বিসর্জন আর অপশক্তিকে দমন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় উদ্‌যাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৪। সব দুঃখ-বেদনাকে ঝেড়ে ফেলে পরম আনন্দে তাই বাঙালি স্বাগত জানিয়েছে নতুন বছরকে। জমে থাকা দুঃখ-গ্লানি বিন্দুমাত্র ছোঁয়ার সাহস পায়নি এই দিনে। পুরোনো সব জঞ্জাল পেছনে ফেলার আহ্বান ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গণভবনে আজ শুক্রবার বর্ষবরণ অনুষ্ঠানে তিনি বলেন, পুরোনো বছরের জঞ্জাল সরিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক, দেশে শান্তি বিরাজ করুক, সেই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দিনের প্রথম প্রভাতেই রমনার বটমূলে ভোরের সূর্যের আলো দেখার সঙ্গে সঙ্গেই ভোর ৬টা ১০ মিনিটে সরোদবাদন দিয়ে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের মূল অনুষ্ঠান। এরপর কয়েক ঘণ্টা পর শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যেখানে ছিল সব বাঙালির নতুন বছরে সব ভালোর প্রত্যাশা। ছিল হাজারো মানুষের কণ্ঠে দেশ আর দশের মঙ্গল কামনা। মঙ্গল শোভাযাত্রায় এবারের প্রতিপাদ্য ছিল, ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’। প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় ছিল বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি। সবার সামনে থাকে সমৃদ্ধির প্রতীক কালো হাতি, যার মাধ্যমে তুলে ধরা হয় বাংলার ঐতিহ্যকে। পেছনে ছিল অশুভ আর অমঙ্গলের প্রতিকৃতি কালো দৈত্য। সব মিলিয়ে জঙ্গিবাদকে দূরে ঠেলে সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ সবকিছুর সঙ্গে মঙ্গল শোভাযাত্রায় রাখা হয় সূর্য। সেটি পেছনে ঘোরালে দেখা যায় একটি কালো মুখ। শোভাযাত্রায় অংশ নেওয়া নারীরা পরেছেন লাল-সাদা শাড়ি। হাতভর্তি কাচের চুড়ি।
চুলে বেলি ফুল। শিশুরাও সেজেছে লাল-সাদার সাজে। পুরুষদের সাজও তা-ই। বাংলার চিরায়ত সাজে নববর্ষকে বরণ করছে সবাই। সব জায়গায় রঙিনের ছড়াছড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সকাল নয়টার দিকে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এতে অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গল শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এ কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন সন্ত্রাস ও জঙ্গিবাদী যে অপশক্তি আছে, মঙ্গল শোভাযাত্রা থেকে আমরা তাদের নির্মূল কামনা করি। সেই সঙ্গে শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করি। এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্য।’ তিন দশক ধরে বর্ষবরণের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। গত বছর ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এ শোভাযাত্রা। এ প্রসঙ্গ উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। কারণ, বাংলাদেশে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, সেটা কেবল বাংলাদেশের মানুষের মঙ্গল কামনা করে নয়, পৃথিবীর ৭০০ কোটি মানুষের মঙ্গল কামনা করে করা হয়।’ মঙ্গল শোভাযাত্রা রূপসী বাংলা মোড় হয়ে টিএসসি হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হয় সকাল ১০টার পর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাবেষ্টনীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তবে নিরাপত্তার কঠোরতায় উৎসবে আসা অনেককে বিড়ম্বনায় পড়তে হয়েছে। ব্যাগ নিয়ে টিএসসি ও রমনার বটমূলে যেতে না দেওয়ায় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে এক মঞ্চে হাজার শিল্পীর গান দিয়ে বর্ষবরণ করে সুরের ধারা ও চ্যানেল আই।

কেন খাবেন তরমুজের জুস

গরমে যখন প্রাণ আইঢাই, এক ফালি তরমুজ খেয়ে নিন। বরফ দেওয়া শরবতও খেতে পারেন তরমুজের। হাঁপিয়ে যাওয়া প্রাণটা জুড়িয়ে যাবে। তরমুজ গরমেরই ফল। হাটবাজার বা ফলের দোকানে এখন থরে থরে সাজানো থাকে সুমিষ্ট পানিতে ভরপুর তরমুজ। তরমুজের নানা গুণ। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামছুন্নাহার নাহিদের তথ্য অনুযায়ী, ‘প্রতিদিন দুই কাপের মতো তরমুজ খেলে শরীরে ভিটামিন এ এবং ভিটামিন সির চাহিদা মেটে। এতে থাকা পটাশিয়াম শরীরে ফ্লুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সবুজ খোসাসহ তরমুজ ক্যানসার রোগীদের জন্য খুবই আদর্শ। এ ছাড়া অ্যাজমা, ডায়াবেটিসের মতো রোগ এবং ব্যথা উপশমে তরমুজ ভারি উপকারী।’
তরমুজের জুস যেভাবে বানাবেন
উপকরণ: মাঝারি আকারের তরমুজ ১টি, পুদিনাপাতা ১৬টি, লবণ ১ চা-চামচ, ভাজা জিরার গুঁড়া ২ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ ও চিনি স্বাদমতো।
প্রণালি: তরমুজ টুকরো (কিউব) করে কেটে বিচি ছাড়িয়ে নিন। পুদিনাপাতা আলাদা করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এবার সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে তারের চালনি বা স্ট্রেইনার দিয়ে ছেঁকে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।
উপকার:
১. গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজের শতকরা ৯২ ভাগই পানি। তাই তরমুজ খেলে সহজেই পানির তৃষ্ণা মেটে।
২. তরমুজের থাকা বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালি বজায় রাখে।
৩. এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এতে বিটা ক্যারোটিনের পরিমাণও অনেক। বিটা ক্যারোটিন চোখ ভালো রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
৪. তরমুজের জুস খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে। কারণ, ভিটামিন এ ত্বককে ইনফেকশন থেকে রক্ষা করে ত্বকের সুরক্ষা দেয়।
৫. তরমুজের ভিটামিন বি৬, ভিটামিন বি১ শরীরে এনার্জি তৈরিতে সাহায্য করে এবং এই গরমেও শরীরকে চাঙা রেখে, শরীরকে কর্মক্ষম রাখে।
৬. তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে। যখন গরমে ঘেমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, তখন এটি খেলে শরীরের পানিশূন্যতা দূর হয়।
৭. তরমুজে আছে পটাশিয়াম, যা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমায়।
৮. তরমুজে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের জন্য খুবই উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যানসার, কোলন ক্যানসার ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমে।
৯. তরমুজে প্রচুর পরিমাণে পানি এবং খুব কম পরিমাণে ক্যালরি থাকে। আর তাই তরমুজ খেলে পেট ভরে যায় সহজে কিন্তু সেই অনুযায়ী তেমন কোনো ক্যালরি শরীরে প্রবেশ করে না। যত ইচ্ছা তরমুজ খেলেও তাই ওজন বাড়ার সম্ভাবনাও থাকে না।
১০. অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।
সাবধানতা: তরমুজ হজম হয় ধীরে। যাঁদের তরমুজ সহ্য হয় না, তাদের পেট খারাপ হতে পারে। তাই রাতের বেলা তরমুজ না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: লাইভসায়েন্স, এনডিটিভি।

‘পিএসজির চেয়ে জুভেন্টাসকে হারানো সহজ!’

শেষ ষোলোতেও প্রায় একই অবস্থায় পড়েছিল বার্সেলোনা। পিএসজির মাঠে ৪-০ গোলে হার। কিন্তু সেই বার্সেলোনাই নিজের মাঠে ফিরতি লেগে ইতিহাস গড়ে জিতেছিল ৬-১ গোলে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আবার জুভেন্টাসের মাঠে ৩-০ গোলে হার। এবার কি আরও একটা স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখতে পারবে বার্সা? কোচ লুইস এনরিকে কিন্তু আশা ছাড়ছেন না। বার্সা কোচ বরং এত বেশি আশাবাদী যে মনে করছেন, পিএসজির চেয়ে জুভেন্টাসকে হারানো আরও সহজ হবে তাঁর দলের জন্য! গত মঙ্গলবার জুভেন্টাসের মাঠ থেকে হেরে আসার পর অনেক সমালোচনা শুনতে হচ্ছে লিওনেল মেসি-নেইমার-সুয়ারেজদের।
বিশেষ করে বার্সেলোনা রক্ষণভাগকে তো ধুয়ে দিচ্ছেন অনেক সমর্থক। তবে এর মাঝেই নিজের খেলোয়াড়দের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন এনরিকে, ‘তুরিনে আমার কৌশলে কোনো ভুল ছিল না। তবে আমি যদি খেলোয়াড়দের ঠিকমতো আমার কৌশলটা বোঝাতে না পারি সে দায় আমার। এর জন্য খেলোয়াড়রা দায়ী নন।’ খেলোয়াড়দের ওপর এই বিশ্বাস আছে বলেই আগামী বুধবার ফিরতি লেগে বার্সা ঘুরে দাঁড়াবে বলেও আত্মবিশ্বাসী বার্সা কোচ, ‘নিজের মাঠে ঘুরে দাঁড়ানোর পুরো সুযোগই যে আছে, এ নিয়ে আমার মনে একটুও সন্দেহ নেই। সত্যি কথা বলতে, পিএসজির চেয়ে এটা বেশি সহজ।’ জুভেন্টাসের রক্ষণের বিপক্ষে অন্তত চার গোল দিতে হবে, সেটা কী করে পিএসজির চেয়ে সহজ কাজ! এনরিকে যদিও সেই ব্যাখ্যা গেলেন না। শুধু ধৈর্য ধরার পরামর্শ দিলেন বার্সা সমর্থকদের, ‘লিগে আমাদের পরবর্তী ম্যাচটা (আজ) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। ওই ম্যাচের জয় দরকার আমাদের। তারপর আমরা দেখব, চ্যাম্পিয়নস লিগে কী হয়!’ এএফপি।