Monday, April 11, 2011

লাফার্জ সুরমা সিমেন্ট কোনো লভ্যাংশ ঘোষণা করেনি

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৭ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৯.০২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪২২,৯০,৪০,০০০ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩.৯২ টাকা।

এসইসির ১০ কর্মকর্তার পদোন্নতি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দুজনকে নির্বাহী পরিচালক ও আটজনকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।
নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পাওয়া দুজন হলেন আশরাফুল ইসলাম ও হাসান মাহমুদ।
এ ছাড়া পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাহমুদুল হক, প্রদীপ কুমার বসাক, রাজীব আহমেদ, আবুল কালাম, মনসুর রহমান, আবুল হাসান ও শেখ মাহবুব-উর রহমান।
প্রসঙ্গত, প্রায় দুই মাস আগে এসব কর্মকর্তার পদোন্নতি পাওনা হয়। অবশেষে গত বুধবার কর্মকর্তারা এসইসির চেয়ারম্যান ও সদস্যদের কাছে গিয়ে পদোন্নতির ব্যাপারে অনুরোধ করেন।
পদোন্নতি পাওয়া এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এরই মধ্যে তাঁদের নিজ নিজ পদে যোগদান করেছেন।

পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের শাস্তি চান বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বিনিয়োগকারীরা। তাঁদের মতে, এসব ব্যক্তিকে আইনের আওতায় না আনলে একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যাবে। তবে অনেকে বলছেন, এসব ব্যক্তিদের শাস্তি দিলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সরকার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পারছে না।
গত ডিসেম্বরের শেষ ও জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। পরে আরেকজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, আইসিএবির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল বারী ও ব্যারিস্টার নিহাদ কবির। কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়। দুই মাস তদন্ত শেষে কমিটি গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদনে পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত বেশ কিছু ব্যক্তির নাম উঠে আসে। তবে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে না বলে অর্থমন্ত্রী ঘোষণা দেন।
ফয়সাল আহমেদ নামে এক বিনিয়োগকারী বলেন, একটি নির্বাচিত সরকার কী তাহলে কিছু লোককে ভয় পায়? পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত এসব লোকের ভয়ে সরকার তাঁদের নাম প্রকাশ করছে না। সরকার দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে না পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের পদ থেকে পদত্যাগ করা উচিত।
আরেক বিনিয়োগকারী বলেন, সরকারের ঊর্ধ্বতন মহল দোষী ব্যক্তিদের শাস্তি দিতে চায় না। কেননা, এতে নিজেদের ভিত নষ্ট হয়ে যাবে।
রিয়াজ ও সাইফুল নামের দুই বিনিয়োগকারী বলেন, ‘আমরা পুঁজি হারিয়ে রাজপথে বিক্ষোভ করতে চাই না। আমরা বাজারে স্থিতিশীলতা চাই।’ তাই বাজারে স্থিতিশীলতা আনতে প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
আবার কয়েকজন বিনিয়োগকারী বলেন, কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি দিলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই অর্থমন্ত্রী তাঁদের নাম প্রকাশ করতে চাচ্ছেন না।
কয়েকজন বিনিয়োগকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন তাঁদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। এসব ব্যক্তি পার পেয়ে গেলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তাঁরা আরও বলেন, একদিকে লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় বসে, অন্যদিকে সরকারি ছত্রছায়ায় কিছু ব্যক্তি কোটি কোটি টাকা হাতিয়ে নেন। সুতরাং শেয়ারবাজারে কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে পার পেয়ে না যান, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকারকে।

এমজেএলের তালিকাভুক্তির বিষয়টি নাকচ করেছে ডিএসই

এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তালিকাভুক্তির জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার বিকেলে অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শুনানিতে উপস্থিত হন। সভায় উপস্থিত বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, এমজেএলের উদ্বৃত্ত টাকা (রিজার্ভ) থেকে পরিচালকসহ সব শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব করে ডিএসইকে তালিকাভুক্তির জন্য অনুরোধ করা হয়। এ পরিপ্রেক্ষিতে আজ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজম জে চৌধুরী ডিএসইতে শুনানিতে অংশ নেন। শুনানি শেষে ডিএসইর পরিচালনা পর্ষদ এমজেএল তালিকাভুক্তির বিষয়টি নাকচ করে করে।
এর আগে আইপিওর মাধ্যমে নির্ধারিত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তে তালিকাভুক্তির জন্য এসইসি অনুমোদন দিলেও ডিএসই তার বিরোধিতা করে। ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ব্যবস্থা আইনসিদ্ধ না হওয়ায় তারা বিষয়টি নাকচ করে দেয়। এ ছাড়া বাইব্যাক পদ্ধতি না থাকায় এ শর্তেও প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়নি।
আইপিওর পর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য নির্ধারিত সময়সীমা গত ৩১ মার্চ শেষ হওয়ায় এসইসি আরও দুই সপ্তাহ সময় বাড়ায়। বর্ধিত সময়সীমা অনুযায়ী ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে।
এদিকে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দর নিয়ে প্রশ্ন ওঠায় গত ২০ জানুয়ারি এ পদ্ধতিটি অর্থমন্ত্রীর নির্দেশে স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি এমজেএল ও এমআই সিমেন্টের আইপিও প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর মধ্যে প্রতিষ্ঠান দুটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর মাধ্যমে চাঁদা সংগ্রহ করে ফেলে। এ জন্য আইনি জটিলতা এড়াতে শর্তসাপেক্ষে প্রতিষ্ঠান দুটিকে আইপিও লটারি অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।
শর্তটি হচ্ছে তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে বরাদ্দ মূল্যের চেয়ে দর কমে গেলে কোম্পানি শেয়ার বাইব্যাক করবে। এ শর্ত মেনে প্রতিষ্ঠান দুটি আইপিও লটারি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেয়। কিন্তু বাইব্যাক বিষয়ে কোনো আইন না থাকায় শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এসইসির পক্ষ থেকে শর্ত দেওয়া হয়।

আবিদজানের কিছু অংশ দখলে নিয়েছে বাগবোর যোদ্ধারা

আইভরি কোস্টের অবরুদ্ধ প্রেসিডেন্ট লরা বাগবোর অনুগত যোদ্ধারা গত শুক্রবার দেশটির প্রধান শহর আবিদজানের বেশ কিছু অংশ আবারও নিজেদের দখলে নিয়েছেন। তাঁরা এখনো ট্যাংকসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করছেন। তবে লরা বাগবো এখনো প্রেসিডেন্ট বাসভবনের বাঙ্কারে অবরুদ্ধ হয়ে আছেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের প্রধান এ কথা বলেন।
লরা বাগবোকে বাংকার থেকে বের করে আনতে আইভরি কোস্টের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারার যোদ্ধাদের অভিযানের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘ।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান অ্যালেইন লি রয় সাংবাদিকদের বলেন, ওয়াতারার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বেশ কিছু এলাকা দখলের পর বাগবোর যোদ্ধারা এখন ওয়াতারার সদর দপ্তর থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থান করছেন। তিনি বলেন, আবিদজানের প্লাতিয়ু ও কোকোদি জেলা এখন বাগবোর যোদ্ধাদের নিয়ন্ত্রণে।
লি রয় আরও বলেন, বাগবোর জেনারেলরা নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য সম্ভাব্য আত্মসমর্পণ বিষয়ে আলোচনার একটি প্রস্তাবকে কৌশল হিসেবে ব্যবহার করেছেন।
বাগবোর তিন জেনারেল জাতিসংঘকে বলেছিলেন, তাঁরা আলোচনা করতে চান। তবে পরে বাগবো আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান।
লি রয় বলেন, কায়রোর যোদ্ধাদের হাতে এখনো অনেক ভারী অস্ত্র রয়েছে। তিনি আরও বলেন, তাদের কাছে ট্যাংক, এম-২১ রকেট লঞ্চার, রকেটচালিত গ্রেনেড লঞ্চার এবং সাঁজোয়া যান রয়েছে।
ওয়াতারার পক্ষ থেকে বাগবোর সঙ্গে আলোচনার বিষয়টি নাকচ করে দিলেও জাতিসংঘ বাগবোর সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।
লি রয় বলেন, বাগবোকে তাঁর বাংকার থেকে বের করে আনার কোনো ধরনের চেষ্টার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়।
ওয়াতারার জেনারেলরা এর আগে বলেছিলেন, বাগবোকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য খাবার ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
জাতিসংঘের বাহিনী বাগবোকে খাবার ও পানি সরবরাহ করবে কি না—এই প্রশ্নের জবাবে লি রয় বলেন, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হয়তো সরবরাহ করা হবে।
ফরাসি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাগবোর যোদ্ধারা ফরাসি দূতের বাড়ি লক্ষ্য করে ভারী অস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। তবে বাগবোর একজন মুখপাত্র বলেন, তাঁদের যোদ্ধারা ওই ভবনে কোনো হামলা চালায়নি।
এদিকে গতকাল শনিবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ওয়াতারার যোদ্ধারা গত মার্চের শেষের দিকে শত শত মানুষকে হত্যা, নারীদের ধর্ষণ ও অনেকগুলো গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

মিসরে সেনাদের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত

মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকসহ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করার দাবিতে তাহরির স্কয়ারে গত শুক্রবার রাতভর বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের ওই স্কয়ার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেনাসদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা তাঁদের ওপর গুলি চালায়।
প্রায় দুই হাজার বিক্ষোভকারী শুক্রবার তাহরির স্কয়ারে সমবেত হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সেনাসদস্যরা তাহরির স্কয়ার থেকে তাঁদের সরিয়ে দিতে লাঠিপেটা করেন। তাঁরাও পাথর ছুড়ে এর জবাব দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি ট্রাকসহ আরও দুটি গাড়ি পুড়িয়ে দেন। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যায়।
কায়রো হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে ২০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে তারা গুলি ছোড়েনি। সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শুধু ফাঁকা গুলি ছোড়া হয়েছে।
গতকাল শনিবার সকালে স্কয়ারে কোনো সেনাসদস্য দেখা যায়নি। তবে সেখানে বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা যায়। একজন বিক্ষোভকারী বলেন, হোসনি মোবারক ও আরও কিছু উচ্চপদস্থ কর্মকর্তার বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা তাহরির স্কয়ার ছেড়ে যাব না।’
এই স্কয়ার থেকে টানা আন্দোলনে পতন হয় মিসরের ৩০ বছরের শাসক হোসনি মোবারকের। গত ১১ ফেব্রুয়ারি তাঁর পতনের পর থেকে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল দেশটি পরিচালনা করে আসছে।

কলকাতায় বুদ্ধদেবের হাওড়ায় মমতার মহামিছিল

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান চালাতে গতকাল শনিবার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে কলকাতায় সিপিএম মহামিছিল বের করেন। আর হাওড়ায় মহামিছিল বের করে এই রাজ্যে সিপিএমের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের নেতৃত্ব দেন।
মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের নেতৃত্বে মহামিছিল শুরু হয় যাদবপুর থেকে। দীর্ঘ ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কামালগাজিতে গিয়ে মিছিলটি শেষ হয়। অন্যদিকে মমতার মহামিছিল হাওড়ার শালিমার থেকে শুরু হয়ে হাওড়া সম্মিলনী পার্কে গিয়ে শেষ হয়। এই দুটি মহামিছিলে দলের হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ যোগ দেয়। তারা দলীয় পতাকা ও ভোট চেয়ে লেখা বিভিন্ন ধরনের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে।

গুয়াতেমালার প্রেসিডেন্টের বিবাহবিচ্ছেদ অনুমোদন

গুয়াতেমালার একটি পারিবারিক আদালত দেশটির প্রেসিডেন্ট আলভারো কোলোম ও তাঁর স্ত্রী সান্দ্রা তোরেসের বিবাহবিচ্ছেদের অনুমোদন দিয়েছেন। এর ফলে সান্দ্রার জন্য আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম হলো। নির্বাচনে জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কোনো আত্মীয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সাংবিধানিক যে নিষেধাজ্ঞা রয়েছে তা এড়াতে গত মাসে এ দম্পতি বিবাহবিচ্ছেদের আবেদন করেন।
তৃতীয় স্ত্রী হিসেবে সান্দ্রা প্রেসিডেন্ট কোলোমের মেয়াদে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১০ বছরের মধ্যে বন্ধ হবে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র

জাপানের পারমাণবিক চুল্লি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তোশিবা জানিয়েছে, তারা ১০ বছরের মধ্যে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা দূরীকরণসহ প্রকল্পটি বন্ধ করতে পারবে। কোম্পানিটি এ-সংক্রান্ত একটি প্রস্তাব সরকারকে দিয়েছে।
এদিকে জাপান আজ রোববার পর্যন্ত তেজস্ক্রিয় পদার্থমিশ্রিত পানি সাগরে ফেলবে বলে জানিয়েছে দেশটির পারমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থা। গতকাল শনিবারের মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা ছিল।
ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পর গতকাল প্রথমবারের মতো বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বানরি কাইয়িদা কেন্দ্রটি পরিদর্শন করেন।
জাপানে দুটি কোম্পানি পারমাণবিক চুল্লি তৈরির কাজ করে থাকে। এর মধ্যে তোশিবা একটি। অপরটি হিটাচি।
তোশিবা তেজস্ক্রিয়তা দূর করাসংক্রান্ত একটি প্রস্তাব সরকারি কাছে জমা দিয়েছে। সংবাদ সংস্থা কিয়োদো সূত্রের নাম প্রকাশ না করে তারা এ তথ্য জানিয়েছে। প্রস্তাবে বলা হয়, পুরো প্রকল্প বন্ধ করা এবং ওই এলাকার ভূমির উন্নয়নসহ সব মিলিয়ে তাদের ১০ বছর সময় লাগবে।
হিটাচিও ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয়তা দূর ও প্রকল্পটি নিষ্ক্রিয় করতে সরকারের কাছে প্রস্তাব দেবে বলে জানিয়েছে। হিটাচি এ কাজে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিককে সঙ্গে নেবে।

যুদ্ধবিরতির লক্ষ্যে লিবিয়া যাচ্ছেন আফ্রিকার নেতারা

যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত নিরসনের লক্ষ্য নিয়ে আজ রোববার লিবিয়ায় যাচ্ছে আফ্রিকার নেতাদের একটি দল। এ দলে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রতিনিধিদলে জ্যাকব জুমা ছাড়াও থাকছেন কঙ্গো, মালি, মৌরিতানিয়া ও উগান্ডার নেতারা। দলটি ত্রিপোলি এবং বিদ্রোহীদের ঘাঁটি বেনগাজি সফর করবে। যুদ্ধবিরতিতে রাজি করানোর লক্ষ্যে তাঁরা গাদ্দাফি ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করবেন।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এইউ নেতাদের লিবিয়া সফর ও ত্রিপোলিতে সে দেশের নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে বৈঠকে সম্মতি দিয়েছে ন্যাটো। এ ছাড়া তাঁরা আজ ও আগামীকাল বেনগাজিতে বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করবেন।
মন্ত্রণালয় আরও জানায়, লিবিয়া সরকার ও বিদ্রোহী, উভয় পক্ষের সঙ্গে বৈঠকে আলোচনার মূল বিষয় হবে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করার জন্য দুই পক্ষকে রাজি করানো এবং এরপর রাজনৈতিক সংলাপের পথ উন্মুক্ত করা।
বেনগাজি থেকে বিবিসির সাংবাদিক জন লিয়েন জানান, গাদ্দাফি মনে করছেন আফ্রিকার নেতারা তাঁর পক্ষে কিছুটা হলেও সহানুভূতিশীল হবেন। আর বিদ্রোহীরা জানিয়ে দিয়েছে, গাদ্দাফি সরকারের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনায় যাবে না।
এ অবস্থায় এখন যুদ্ধের ময়দানে সবচেয়ে খারাপ অবস্থা মিসরাতা শহরে। সেখানে দুই পক্ষের লড়াইয়ে প্রতিদিন অনেক মানুষ হতাহত হচ্ছে। বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফি বাহিনী বেসামরিক লোকজনের বাড়িঘর লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবারও সেখানে গাদ্দাফি বাহিনীর হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, সম্ভব হলে সেনাবাহিনীর সাহায্য নিয়ে মিসরাতা থেকে আহত লোকজনকে সরিয়ে আনতে এবং মানবিক সাহায্য দিতে তারা প্রস্তুত। ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন চিঠি দিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বিষয়টি জানিয়েছেন।
এদিকে, মানবতাবিরোধী অপরাধ তদন্তে আজ রোববার লিবিয়া যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধিদল।
গত বৃহস্পতিবার ব্রেগা শহরের কাছে ন্যাটো বাহিনীর বিমান হামলায় বিদ্রোহীদের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ন্যাটোর প্রধান অ্যান্ডারস ফগ রাসমুসেন। গত শুক্রবার তিনি বলেন, ‘হতাহতের ঘটনায় আমি সত্যিই দুঃখিত। তবে আমি বলব, যুদ্ধের মাঠের পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। এর আগে আমরা দেখিছি, বেসামরিক লোকজনের ওপর হামলার জন্য গাদ্দাফি বাহিনীই ট্যাংক ব্যবহার করছে। কাজেই ওই দিন ট্যাংকবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। কিন্তু সেগুলো যে বিদ্রোহীদের, তা আগে বোঝা যায়নি।’

পাকিস্তানে ৪০০ আত্মঘাতী বোমা হামলাকারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

পাকিস্তানে চার শতাধিক আত্মঘাতী বোমা হামলাকারীকে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গ্রেপ্তার হওয়া এক কিশোর জঙ্গির কাছ থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় উমর ফিদায়ি (১৪) নামের ওই কিশোর জঙ্গি জড়িত ছিল। ৩ এপ্রিল দেরা গাজি খান এলাকায় ত্রয়োদশ শতাব্দীর একটি মাজারে ওই হামলায় ৫০ জন নিহত হয়। আহত হয় ফিদায়িসহ আরও অনেক মানুষ।
স্থানীয় একটি হাসপাতালে ফিদায়ির চিকিৎসা চলছে। সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হাসপাতালের শয্যায় শুয়ে ফিদায়ি কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, উপজাতি-অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে এসব আত্মঘাতী বোমা হামলাকারীকে ধ্বংসযজ্ঞ চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এলাকাটি আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শুক্রবার ফিদায়ির এ সাক্ষাৎকার সম্প্রচার করা হয়।
ফিদায়ি জানায়, ৩৫০ থেকে ৪০০ বোমা হামলাকারী উত্তর ওয়াজিরিস্তানের মীর আলীতে প্রশিক্ষণ নিচ্ছে। সে নিজেও এখানে দুই মাস প্রশিক্ষণ নিয়েছিল। তার মতো আরও অনেক কিশোরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে কাফেরদের হত্যা করার জন্য প্রাথমিকভাবে আফগানিস্তানে নিয়োগ দেওয়া হলেও পরে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য দেরা গাজি খানে নিয়ে আসা হয়।
অনুতপ্ত ফিদায়ি বলে, নিরাপরাধ লোকজনকে হত্যার জন্য এখন আমার আফসোস হচ্ছে

যুক্তরাষ্ট্রে রাজস্ব ব্যয় নিয়ে সাময়িক সমঝোতা

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা রাজস্ব ব্যয় নিয়ে সাময়িক সমঝোতায় পৌঁছেছেন। গত শুক্রবার মধ্যরাতে এ সমঝোতা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজস্ব ব্যয় অনুমোদন নিয়ে একমত হয়েছেন তাঁরা। রাজস্ব ব্যয় নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতপার্থক্যে কেন্দ্রীয় সরকারের বহু কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
শুক্রবার মধ্যরাতে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, সরকারের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। আগামী এক সপ্তাহ কংগ্রেসে উভয় দল তাদের মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করবে। চলতি অর্থবছরের রাজস্ব ব্যয় চূড়ান্তভাবে অনুমোদনের জন্য আগামী শুক্রবার কংগ্রেসে পেশ করা হবে।
মধ্যরাতে হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘আইনপ্রণেতারা আবার প্রমাণ করেছেন, মতভেদ থাকা সত্ত্বেও দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।’ তিনি বলেন, সমঝোতায় পৌঁছাতে উভয় দলের আইনপ্রণেতাদেরই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
গত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাজস্ব ব্যয় হ্রাসের চাপ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় রাজস্ব ঘাটতি কমিয়ে আনার জন্য চরম ব্যয় সংকোচননীতি প্রণয়নে উৎসাহী রিপাবলিকানেরা। ডেমোক্রেটিক পার্টি ও বারাক ওবামার বহু উদারনৈতিক কর্মসূচি ব্যয়বহুল এবং উচ্চাভিলাষী বলে অভিযোগ উঠতে থাকে। হঠাৎ করেই ব্যয় সংকোচনের পদক্ষেপ ডেমোক্রেটিক পার্টি ও ওবামার জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। বিভিন্ন কল্যাণ খাতে কেন্দ্রীয় সরকারের রাজস্ব অর্থ ব্যয় হয়ে থাকে। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা, পরিবার পরিকল্পনা, শিক্ষাসহ পরীক্ষামূলক উন্নয়ন কর্মসূচিতে হঠাৎ ব্যয় সংকোচনের পরিণাম নেতিবাচক হবে বলে ডেমোক্রেটদের অভিমত। রাজস্ব ব্যয়ের বড় খাত ইরাক-আফগানিস্তানের যুদ্ধ ব্যয় থেকে এখনই সরে দাঁড়ানোর কোনো অবকাশ নেই ওবামা প্রশাসনের।
গত কর্মসপ্তাহের টানা বিতর্কে কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা দেখা দেওয়ার উপক্রম হয়েছিল। কেন্দ্রীয় সরকারের প্রায় আট লাখ কর্মচারী সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। রাজস্ব ব্যয় নিয়ে সমঝোতা না হলে কোন দপ্তর কীভাবে খোলা থাকবে—বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পাসপোর্ট প্রদানসহ ভিসা সার্ভিস থেকে বিভিন্ন কার্যক্রমে সীমিত কর্মকাণ্ড চালু রাখার আগাম পরিকল্পনা নেওয়া হয়েছিল।
দুই বিলিয়ন ডলার ব্যয় হ্রাসের সমঝোতার মাধ্যমে এক সপ্তাহের জন্য দুই দলের আইনপ্রণেতারা সমঝোতা করেছেন। চলতি অর্থবছরের অবশিষ্ট সময় ৪০ বিলিয়ন ডলারের ব্যয় হ্রাস করা হবে বলে উভয় দলের মধ্যে আপাতত সমঝোতা হয়েছে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রিপাবলিকান স্পিকার জন বয়েনার বলেন, ‘আমরা সরকারি ব্যয় হ্রাসে সংগ্রাম করেছি।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, জাতীয় রাজস্ব ঘাটতি হ্রাস করার পরিণাম দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে এবং কর্মসংস্থানের পরিধি বাড়বে।’ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ডেমোক্রেট সিনেটর হ্যারি রিড বলেন, সমঝোতার বিষয়টি জটিল হলেও দেশের জন্য জরুরি হয়ে উঠেছিল।
কেন্দ্রীয় সরকারের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে—এমন আতঙ্ক ছিল যুক্তরাষ্ট্রের সর্বত্র। শুক্রবার দিনভর ওয়াশিংটনসহ দেশজুড়ে এ নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। মার্কিন সংবাদমাধ্যমে প্রতি মিনিটে সমঝোতা ও আইনপ্রণেতাদের মতপার্থক্য নিয়ে সংবাদ পরিবেশন করেছে।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩

ইসরায়েলি যুদ্ধবিমান ও ট্যাংক থেকে গত শুক্রবার ও গতকাল শনিবার গাজা ভূখণ্ডে ব্যাপক বোমা হামলা চালানো হয়েছে। এতে মা-মেয়েসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৭ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
হামাস জঙ্গিরা ইসরায়েলের একটি স্কুলবাসে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পরই এ হামলা চালানো হলো। ওই হামলায় দুজন আহত হয়। ক্ষেপণাস্ত্র হামলা ছাড়াও এদিন ৫০টিরও বেশি রকেট ছোড়া হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, ‘স্কুলবাসে হামলার ঘটনা সীমা অতিক্রম করেছে...। যে-ই হামলা চালিয়ে শিশুদের হত্যা করার চেষ্টা করেছে, তার রক্ত তার নিজের মাথাতেই পড়বে।’ প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরই ইসরায়েলি সেনারা গাজায় সশস্ত্র হামলা চালায়।
স্কুলবাসে হামলা চালানোর পরপরই গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০টিরও বেশি অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় ১০ বছরের একটি শিশুও মারা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন হামাসের সদস্য।
২০০৮ সালের ডিসেম্বরে ইসরায়েলের ২২ দিনের ভয়াবহ হামলার ঘটনার পর এটাই গাজা ভূখণ্ডে বড় ধরনের সেনা অভিযান। ‘অপারেশন কাস্ট লিড’ নামের ওই অভিযানে ১৪ শ লোক মারা যায়। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই ছিল ফিলিস্তিনি। ১৩ জন ছিল ইসরায়েলি।
হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ‘ইহুদিদের হামলার জবাব দিতে আমাদের যোদ্ধারা প্রস্তুত। দখলদারদের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সর্বস্ব দিয়ে লড়তে রাজি।’
ইসরায়েলে হামলা প্রসঙ্গে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, প্রতিরোধকারীরা বেশ কয়েকটি রকেট ছুড়েছে আশকেলনে। ইসরায়েলের এই শহরটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

বন্দুকধারীর গুলিতে ব্রিটিশ নৌবাহিনীর কর্মকর্তা নিহত

অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ব্রিটিশ পারমাণবিক ডুবোজাহাজে দেশটির নৌবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় সাউদাম্পটন বন্দরে এ ঘটনা ঘটেছে। তবে এটি ‘সন্ত্রাসীমূলক কোনো ঘটনা’ নয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানান, সাউদাম্পটন সিটি কাউন্সিলের একজন রাজনৈতিক নেতা তড়িৎগতিতে হামলাকারীর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নিতে সক্ষম হওয়ায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে নৌবাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বন্দুকধারীকেও।
রয়স্টন স্মিথ নামের ওই রাজনীতিবিদসহ সাউদাম্পটনের বেশ কয়েকজন নেতা ঘটনার সময় ডুবোজাহাজটিতে ভ্রমণ করছিলেন। সাগরে সাত সপ্তাহ কাটানোর পর ডুবোজাহাজটি সাউদাম্পটন এলাকায় নোঙর করেছিল।
বন্দুকধারীকে আটকানোর দ্রুত সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে স্মিথ বলেছেন, ‘আগ্নেয়াস্ত্রটির ম্যাগজিনে ৩০টি গুলি ছিল। তাঁকে কারও না কারও আটকাতে হবে ভেবেই আমি এ কাজটি করেছি।’ রয়্যাল এয়ার ফোর্সের সাবেক এই সদস্য আরও বলেন, ‘ঘটনার সময় আমি চিন্তা করেছি, হামলাকারীর কাছ থেকে অস্ত্রটি ছিনিয়ে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আমি মনে করি, আমি ভাগ্যবান, কারণ সে আমাকে গুলি করেনি।’
সাউদাম্পটনের মেয়রও ঘটনার সময় ডুবোজাহাজে ছিলেন। সিটি কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন, তাঁর কোনো ক্ষতি হয়নি। তিনি নিরাপদেই আছেন। আহত নৌকর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই সশস্ত্র পুলিশ, দমকল কর্মী, প্যারামেডিকস ও এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

অতি অ্যালকোহল পানে ক্যানসারের ঝুঁকি বাড়ে

প্রতিদিন এক পাইটের (এক গ্যালনের আট ভাগের এক ভাগ) বেশি বিয়ার পান করলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। বিয়ারে থাকা অ্যালকোহল এই ঝুঁকির কারণ। ইউরোপজুড়ে চালানো গবেষণার ফলাফলের ভিত্তিতে পশ্চিমা বিজ্ঞানীরা এমনটি দাবি করেছেন। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ সম্প্রতি চিকিৎসা সাময়িকী দ্য ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ প্রকাশিত হয়েছে।
গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, অ্যালকোহল মানুষের শরীরে প্রবেশ করলে তা এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে, যা ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে খাদ্যনালি, যকৃৎ ও স্তনসহ বিভিন্ন অঙ্গে ক্যানসার সৃষ্টি করতে পারে।
গবেষণা চালাতে গিয়ে বিজ্ঞানীরা যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেনসহ ইউরোপের আটটি দেশে ক্যানসারে আক্রান্ত নারী-পুরুষের অতীত ও বর্তমানে মদ পানের বিষয়টি খতিয়ে দেখেন।
গবেষণা থেকে পাওয়া তথ্যমতে, যুক্তরাজ্যে ২০০৮ সালে ক্যানসারে আক্রান্ত তিন লাখ চার হাজার রোগীর মধ্যে ১৩ হাজার রোগী অতিরিক্ত মদ পানের কারণে আক্রান্ত হয়েছিলেন।

এলটিটিইর আন্তর্জাতিক নেটওয়ার্ক এখনো সক্রিয়

লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) আন্তর্জাতিক নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে। তারা সন্ত্রাসী সংগঠনটিকে আবারও সক্রিয় করার সুযোগ খুঁজছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডি এম জয়ারত্নে গতকাল শনিবার পার্লামেন্টে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জয়ারত্নে বলেন, ‘আন্তর্জাতিক নেটওয়ার্ক এখনো সক্রিয় ও তারা গোষ্ঠীটিকে সক্রিয় করার চেষ্টা করছে।’ তিনি বলেন, যারা দ্বীপরাষ্ট্রটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানাতে চায়, তারা গোষ্ঠীটিকে সক্রিয় করার চেষ্টার পেছনে রয়েছে।
জয়ারত্নে বলেন, স্থানীয়ভাবে এলটিটিইকে সক্রিয় করার চেষ্টার সন্দেহে গোষ্ঠীটির মুক্তি পাওয়া ও পুুনর্বাসিত কয়েকজন সদস্যকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
জয়ারত্নে পার্লামেন্টে জানান, ছয় হাজারেরও বেশি তামিল সদস্যকে পুনর্বাসিত ও সমাজে অঙ্গীভূত করে নেওয়া হয়েছে। তিনি জানান, মার্চে এলটিটিইর উল্লেখযোগ্য সংখ্যক সাবেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বেঙ্গালুরু-রাজস্থানের জয়

বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের দুঃখ এখনো তাড়িয়ে ফিরছে কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনেকে। আইপিএলের ম্যাচের জয়ের সাধ্য কি সেই দুঃখ মুছে ফেলে? তবে নতুন করে শুরু করার একটা সান্ত্বনা অবশ্যই খুঁজে নিতে পারতেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। কিন্তু তা তো হলোই না, উল্টো সাত দিনের ব্যবধানে ভারতের মাটিতে আবারও হারের স্বাদ পেলেন তাঁরা।
আইপিএলের নবাগত দল কোচির অধিনায়কত্ব জয়াবর্ধনের কাঁধে। সাঙ্গাকারা ডেকান চার্জার্সের অধিনায়ক। কাল এই দুটি দলই হেরেছে। জয়াবর্ধনের কোচিকে ৬ উইকেটে হারিয়েছে ড্যানিয়েল ভেট্টোরির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আগের ম্যাচে সাঙ্গাকারার ডেকান চার্জার্সকে ৮ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস।
ব্রেন্ডন ম্যাককালাম (৪৫) ও ভিভিএস লক্ষ্মণের (৩৬) ৮০ রানের উদ্বোধনী জুটির পরও আইপিএলের নতুন দল কোচি সংগ্রহ করে ৫ উইকেটে ১৬১ রান। জবাবে এবি ডি ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরিতে (৫ ছক্কা ১ চারে ৪০ বলে ৫৪*) চড়ে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। ম্যাচ-সেরার পুরস্কার ডি ভিলিয়ার্সের হাতেই।
আগের ম্যাচে প্রথম দুই আসরের চ্যাম্পিয়নদের লড়াইয়েও রাজস্থান জিতেছে এক দক্ষিণ আফ্রিকানের কাঁধে চেপেই। ডেকানের ৮ উইকেটে ১৩৭ রানের পুঁজি তারা টপকে যায় (১৪১/২) ইয়োহান বোথার ৪৭ বলে ৬৭ রানের ইনিংসে চড়ে, ৭ বল হাতে রেখে। তবে বোথা নয়, ম্যাচ-সেরা হয়েছেন সিদ্ধার্থ ত্রিবেদী। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট—ডেকানকে ১৩৭ রানে বাঁধতে মুখ্য ভূমিকা তাঁর।

আইসিসিকে আদালতে নিচ্ছে আয়ারল্যান্ড

আইসিসির বিরুদ্ধে মামলা করার চিন্তাভাবনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। এ বিষয়ে আরও ৯৪টি নন-টেস্ট প্লেয়িং দেশের সঙ্গে কথা বলছে আইরিশ ক্রিকেট কর্তৃপক্ষ। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট থেকে নন-টেস্ট প্লেয়িং দেশগুলোকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেই তাদের এই উদ্যোগ। আইরিশ সরকারও ক্রিকেট আয়ারল্যান্ডকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মামলা করার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে ক্রিকেট আয়ারল্যান্ড। আইসিসিকে কোনো রকম ছাড় দিতে নারাজ ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। ডিউট্রম কাল বলেছেন, ‘আমাদের রাগ ও রোষটা সবে পড়ল এবং এখন ভাবছি কী করা যায়। আমরা গত কয়েকটা দিন অন্যান্য উদীয়মান ক্রিকেট দেশের সঙ্গে আলোচনা করেছি, যাতে ৯৫টি নন-টেস্ট প্লেয়িং দেশের মধ্যে মতৈক্য গড়ে উঠেছে। এখন আমরা সিদ্ধান্ত নেব আমরা কী করব।’
আয়ারল্যান্ড শুধু নিজেরা চ্যালেঞ্জ না করে ‘৯৫টি দেশের চ্যালেঞ্জ’ হিসেবে আইসিসির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে। আইসিসির কাছে সব অনুনয়-বিনয়, যুক্তি-তর্ক অগ্রাহ্য হলেই কেবল দেশগুলো আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হবে। ডিউট্রমের কথা, ‘আইনি পদক্ষেপ হচ্ছে আমাদের শেষ আশ্রয়। নিজেদের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আইনি লড়াইটা খুবই বেদনাদায়ক।’
গত দুটি বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আয়ারল্যান্ড ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আছে জিম্বাবুয়ের ওপরে। তবুও তাদের সুযোগ হচ্ছে না আগামী বিশ্বকাপে খেলার। আইরিশ সরকার এটিকে খেলোয়াড়ি চেতনার ওপর আঘাত বলে বর্ণনা করেছে।

টেন্ডুলকার ‘অবিশ্বাস্য’

ভারতের বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন শচীন টেন্ডুলকার। এবার টেন্ডুলকার-বন্দনায় যোগ দিলেন কপিল দেব। ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের চোখে টেন্ডুলকার ‘অবিশ্বাস্য’।
বয়স বাড়ার সঙ্গে তাল মিলিয়ে টেন্ডুলকারের ব্যাটেও জ্বলছে আগুনের স্ফুলিঙ্গ। মাঠে নামলেই রান, সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি। কপিলের বিস্ময়ের ঘোর কাটছেই না, ‘গত দুই বছরে টেন্ডুলকার ছিল অবিশ্বাস্য। এই জিনিয়াস অন্য পথে হাঁটছে, সে যত বুড়ো হচ্ছে, সে ততই চ্যাম্পিয়নের মতো খেলছে।’ টেন্ডুলকার-বন্দনা পর্বে কপিল প্রশংসায় ভাসিয়েছেন বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনির দলটিকেও, ‘ভারতের এই দলটি যে কাউকে হারিয়ে দিতে পারে। তারা তাদের সামর্থ্যের পুরোটা খেলতে পারেনি। কোনো সন্দেহই নেই, ভারত অন্য যেকোনো দলের চেয়ে ভালো।’
ভারতের সাফল্যের গোপন রহস্য কী? কপিলের উত্তর, ‘কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিশ্বকাপ—প্রতিটি চ্যাম্পিয়নশিপেই ভারতের উন্নতি চোখে পড়ার মতো। অবশ্যই আমরা উড়ছি, উড়ছি আর ঔজ্জ্বল্য ছড়াচ্ছি। ভারত এখন বিশ্ব চ্যাম্পিয়ন, পাশাপাশি টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। আমরা টাকা টেবিলে রাখছি এবং আমরা প্রমাণ করছি আমরা ভালোও খেলতে পারি।’
টেন্ডুলকার অনেক আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে চাপমুক্ত হয়ে খেলে চলেছেন। বিশ্বকাপ-ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া রিকি পন্টিংও আশায় টেন্ডুলকারের মতো ফর্ম যাবে তাঁর এখন। পন্টিংয়ের সাবেক সতীর্থ শেন ওয়ার্নও মনে করেন, কিংবদন্তি হওয়ার পথে টেন্ডুলকারই হতে পারেন পন্টিংয়ের আদর্শ। ‘রিকি তার সামর্থ্য দিয়ে সবকিছুই করতে পারে। পান্টারের জন্য শচীন টেন্ডুলকার হতে পারে আদর্শ। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকেই শচীন আবার ফর্ম ফিরে পেয়েছে। তবে এটা পারুক না-পারুক, দীর্ঘদিন ধরেই রিকি অস্ট্রেলিয়ার অসাধারণ এক ক্রিকেটার। সে কিংবদন্তিরূপেই বিদায় নেবে।’

‘অলরাউন্ডার’ হোয়াইটের সন্ধানে

ক্যারিয়ারের শুরুর দিকে ক্যামেরন হোয়াইট লেগ স্পিন করতেন। বেশ উইকেট-টুইকেটও পেতেন। কিন্তু অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে এসে বোলিং একেবারেই ছেড়ে দিয়েছেন। সর্বশেষ ৫৭টি ওয়ানডে ম্যাচে তাঁর বোলিং সামর্থ্যকে একেবারেই মূল্যায়ন করা হয়নি কিংবা তিনি বোলিং করতে আগ্রহ দেখাননি।
তবে ওয়ানডে ও টেস্টের নতুন অধিনায়ক মাইকেল ক্লার্ক জানিয়েছেন, তিনি ক্যামেরন হোয়াইটের হারিয়ে ফেলা সামর্থ্যকে পুনরুজ্জীবনের চেষ্টা করবেন।
ক্লার্ক তাঁর কথা রেখেছেন। হোয়াইটকে নতুন করে অলরাউন্ডার বানানোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে চলমান বাংলাদেশ সফরেই। গত বৃহস্পতিবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই ক্লার্ক হোয়াইটকে দিয়ে চার ওভার বল করিয়েছেন। ক্লার্ক বলেন, ‘ফতুল্লায় হোয়াইটের বোলিং সামর্থ্য ঝালিয়ে নেওয়া হয়েছে। এটা একটি প্রক্রিয়ার শুরু।’
তিনি আরও বলেন, ‘হোয়াইটের বোলিং ভবিষ্যতে অস্ট্রেলিয়ার ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে ক্রিকেটের ছোট ফর্মে।’
ভালো লেগ স্পিন করতে করতেই একটা সময় নিজের লেগ স্পিন সামর্থ্যের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন হোয়াইট। নিজেকে পরিণত করেন মিডল অর্ডার ব্যাটসম্যানে। তবে ক্লার্ক মনে করেন, হোয়াইট তাঁর বোলিং সামর্থ্যকে অবমূল্যায়ন করেছেন।
‘হোয়াইটের লেগ স্পিন প্রতিভা রয়েছে। এবং পুরো মাত্রাতেই রয়েছে। তাঁকে বিভিন্ন ম্যাচে যদি কয়েক ওভার করে দেওয়া হয়, তাহলে সে অবশ্যই নিজের হারানো বিশ্বাস ফিরে পাবে। পরে সে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গেই বল করতে পারবে।’
মাইকেল ক্লার্ক ক্যামেরন হোয়াইটকে একজন ‘অলরাউন্ডার’ হিসেবেই মূল্যায়ন করতে চান। হোয়াইট ফতুল্লার প্রস্তুতি ম্যাচে চার ওভার বল করে মাত্র ১৩ রান দেন। আরেক স্পিনার স্টিভ স্মিথ সাত ওভারে দিয়েছেন ৪৯ রান। হাভিয়ের ডোহার্টি নয় ওভার বল করে ৪৫ রানে একটি উইকেট নিতে পেরেছেন। এই দুই স্পিনারের সঙ্গে তুলনায় হোয়াইটের পারফরম্যান্স একেবারেই খারাপ নয়।
মাইকেল ক্লার্ক মনে করেন, বাংলাদেশের বিপক্ষে বাকি দুটি ওয়ানডে ম্যাচে ক্যামেরন হোয়াইট গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হতে পারেন। আর এই অস্ত্রে আস্থা রয়েছে তাঁর পুরো মাত্রাই।

অধিনায়ক ক্লার্কের স্বপ্নের শুরু

রিকি পন্টিংয়ের যেখানে শেষ, মাইকেল ক্লার্কের সেখানে শুরু। বিস্ময়ের কিছু নেই। দীর্ঘদিন পন্টিংয়ের ডেপুটি, এমনই তো হওয়ার কথা ছিল। কিন্তু পন্টিংয়ের যেভাবে শেষ, ক্লার্কের সেভাবেই শুরু...বিস্ময়কর হয়তো নয়, তবে রোমাঞ্চকর তো বটেই! রাজত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই ক্লার্ক জানিয়ে দিলেন, ‘আমি প্রস্তুত!’
দীর্ঘ অধিনায়কত্বের শেষ ম্যাচটায় সেঞ্চুরি পেয়েছিলেন পন্টিং, ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। দায়িত্বটা যোগ্য হাতে পড়েছে বোঝাতেই যেন ক্লার্কও শুরু করলেন সেঞ্চুরি দিয়ে। সেঞ্চুরির জন্য আকুতি কতটা ছিল, এটা পরিষ্কার হয়ে গেল উদ্যাপনেই। দুই হাত শূন্যে ভাসালেন, মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন বাতাসে। দিন শেষে অবশ্য বললেন সেঞ্চুরিটাকে আলাদা করে দেখছেন না। সংবাদ সম্মেলনে ব্যাটসম্যান ক্লার্কের আগে তিনি অধিনায়ক ক্লার্ক, ‘সেঞ্চুরি করার অনুভূতি যেকোনো সময়ই দারুণ। কিন্তু আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দল হিসেবে আমরা আজ যেমন খেলেছি। আমাদের লক্ষ্য ছিল সিরিজের সব ম্যাচ জেতা, শুরুটা ভালো হওয়ায় আমি সন্তুষ্ট। প্রায় সব পরিকল্পনা আমরা কাজে লাগাতে পেরেছি। তার পরও অবশ্য কিছু উন্নতির জায়গা আছে। গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি, বেশ কিছু শুরুকে কাজে লাগাতে পারিনি।’
কিন্তু এই সেঞ্চুরিটা যদি আলাদা কিছু না-ই হবে, তবে অমন উদ্যাপন কেন? খেলার ধরনের মতো যাঁর কথাবার্তা, আচরণ আর প্রতিটি পদক্ষেপেই ফুটে ওঠে পরিমিতিবোধ, তাঁর উদ্ভাসিত উদ্যাপন। ক্লার্ককে এমন উদ্যাপন করতে আর কবে দেখা গেছে? স্মৃতি হাতড়ে অনেকে ফিরে গেলেন সেই অভিষেক টেস্টে। ব্যাঙ্গালোরের (বেঙ্গালুরু) সেই টেস্টেও এমন উদ্ভাসিত ছিলেন ক্লার্ক। এই তো মিলে গেল, টেস্ট অভিষেক আর পূর্ণকালীন অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি!
ক্লার্ক তবু মেলাতে চান না। এবারও তিনি যোগ্য অধিনায়ক, ‘ব্যাঙ্গালোর তো সেই অনেক আগের কথা। আমি আগেই বলেছি, যেকোনো দেশে, যেকোনো মুহূর্তে সেঞ্চুরি করাই বিশেষ কিছু। তুলনা করা কঠিন। নিজের পারফরম্যান্সে খুব খুশি। কিন্তু বেশি খুশি দলের পারফরম্যান্সে।’ অধিনায়কদের এমনটাই বলতে হয়। আর সেঞ্চুরিটা করেছেন বলেই না এমনভাবে বলতে পারলেন। নতুন অধিনায়ক হওয়ার পর সবারই প্রথম প্রশ্ন থাকে, পারফরম্যান্সে প্রভাব ফেলবে না তো? সেই প্রশ্নটাকে প্রথম ম্যাচেই মাটি চাপা দেওয়ার স্বস্তি তাই না থেকে পারেই না।
অধিনায়ক ক্লার্ক অবশ্য বরাবরই ব্যাট হাতে উজ্জ্বল। কালকের সেঞ্চুরিটি ছিল অধিনায়ক ক্লার্কের ২৫ ম্যাচে তৃতীয়, বাকি ১৭১ ম্যাচেও সেঞ্চুরি ৩টি! স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসেবে গড়টাও (৪৮.৮৫) ‘সাধারণ ক্রিকেটার’ ক্লার্কের চেয়ে (৪৪.৭২) বেশি। তবে আগের ২৪ ম্যাচেই ছিলেন কাজ চালানো অধিনায়ক। আপাদমস্তক অধিনায়ক হওয়ার চাপটা তো আলাদা। প্রথম ম্যাচে অন্তত সেই চাপকে জয় করলেন ক্লার্ক।
কাল তাঁর জন্য আরেকটি নতুন অভিজ্ঞতাও হয়েছে। এই প্রথম নেতৃত্ব দিলেন পন্টিংকে! উল্টোটাও সত্যি, দীর্ঘদিন পর অন্য কারও নেতৃত্বে খেলার অভিজ্ঞতা হলো পন্টিংয়ের। পন্টিংয়ের প্রতিক্রিয়া জানার উপায় ছিল না। তবে ক্লার্ক জানালেন, এই অভিজ্ঞতাও মধুর, ‘রিকি সব সময় আমাতে সমর্থন দিয়ে গেছে। আমাদের সম্পর্কটা দারুণ। আমাকে উপদেশ দিয়ে সাহায্য করে ও আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। ওকে নেতৃত্ব দেওয়া আমার জন্য তাই কঠিন কাজ ছিল না। আজও দারুণ ব্যাটিং করছিল, এখনো বিশ্বের সেরা ফিল্ডারদের একজন। বয়স ৩৬ হলেও মাঠে ওকে মনে হয় ২৫ বছরের তরুণ।’
ভবিষ্যতে কী হবে তা সময়ই বলবে। তবে অধিনায়ক ক্লার্কের শুরুটা মনে হয় এর চেয়ে ভালো হতে পারত না!