Monday, August 2, 2010

রাশিয়ায় দাবানল আয়ত্তে আনতে লড়ছেন দমকলকর্মীরা

রাশিয়ার ভরোনেঝ
শহরের উপকণ্ঠে দাবানল আয়ত্তে
আনার চেষ্টা করছেন দুজন দমকলকর্মী
রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দাবানল ঠেকাতে ১৬ হাজারের বেশি দমকলকর্মী লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের সাহায্য করতে গতকাল দুই হাজারের বেশি সেনাসদস্যকে পাঠানো হয়েছে।
রাশিয়ার রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন স্থানে কয়েক দশকের মধ্যে সম্প্রতি সবচেয়ে উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। প্রচণ্ড তাপদাহ ও দাবানলে সেখানে ৩০ জনের বেশি মানুষ মারা গেছে।
প্রচণ্ড দাবদাহের কারণে গত সপ্তাহে মস্কো ও আশপাশের এলাকায় দাবানল শুরু হয়। দমকলকর্মীদের পাশাপাশি ৫৬টি হেলিকপ্টার ও উড়োজাহাজ দিয়ে পানি ফেলা হচ্ছে। গতকালও এক লাখ ২০ হাজার হেক্টর আয়তনের বনভূমির প্রায় ৪০০ স্থানে আগুন জ্বলছিল। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আগের দিন ৩৮৭টি স্থানের আগুন নেভানো হয়েছে।
জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা শাখার প্রধান সের্গেই শাপোশনিকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, দাবানলের কবল থেকে দেশের বনভূমিকে রক্ষায় মোট দুই লাখ ৪০ হাজার মানুষ নিয়োজিত রয়েছে। এ ছাড়া ২৫ হাজার যানবাহন ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ২২৬টি উড়োজাহাজ ও হেলিকপ্টার রয়েছে। শাপোশনিকভ বলেন, এর আগে ১৯৭২, ১৯৮১ বা ২০০২ সালে যে ধরনের দাবানল বা অগ্নিকাণ্ডের মোকাবিলা করতে হয়েছিল, এবারের পরিস্থিতি তার চেয়ে অনেক জটিল।
রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন গত শুক্রবার দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিজনি নভগরোদ এলাকা পরিদর্শন করেন। সেখানে আগুনে ৩০০ বাড়ি পুড়ে গেছে এবং ৫০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। পুতিন ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুতি দেন, শীতকালের মধ্যেই তাদের বাড়িগুলো আবার পুনর্গঠন করা হবে। তিনি আর্থিক সহায়তাও ঘোষণা করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল পর্যন্ত দাবানলে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গতকাল পুতিনের পরিদর্শন করা এলাকার একটি পুড়ে যাওয়া বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে নভগরোদ এলাকায় আগুনে পুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩। ভরনেজ অঞ্চলে এক দমকলকর্মীসহ পাঁচজন আগুনে পুড়ে মারা গেছে। রিয়াজান অঞ্চলের একটি গ্রামে মারা গেছে চারজন। মস্কোর কাছের একটি গ্রামে একজন দমকলকর্মী ও সাত স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। সেখানে আগুনে ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে পুরো রাশিয়ায় মোট কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো জানায়নি জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়।
এ ছাড়া ভেঙে যাওয়া গাছ বা গাছের কাণ্ডে চাপা পড়ে মারা গেছে আরও ছয়জন। রেকর্ডভাঙা তাপপ্রবাহ বয়ে চলায় রাশিয়ার কৃষি মন্ত্রণালয় দেশের ২৩টি খরাকবলিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। গরমের কারণে সেখানকার নাগরিকেরা পুকুর, ঝরনা ও হ্রদে নেমে পড়ছে। ফলে পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও বেড়ে গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, শুধু শুক্রবারই রাশিয়ার বিভিন্ন স্থানে ৩৫ জন পানিতে ডুবে মারা গেছে।

যুক্তরাজ্য সফর বাতিল আইএসআই প্রধানের

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লে. জেনারেল আহমেদ সুজা পাশা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একটি মন্তব্যের প্রতিবাদে সে দেশ সফরের কর্মসূচি বাতিল করেছেন। সাম্প্রতিক ভারত সফরে আইএসআইকে ইঙ্গিত করে ক্যামেরন বলেন, পাকিস্তানকে সন্ত্রাস বিস্তারে মদদ দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে।
সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক থাকার অভিযোগে ইসলামাবাদ কঠোর সমালোচনার মুখে রয়েছে। তবে আইএসআইর প্রধান তাঁর সফর বাতিল করলেও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আগামী সপ্তাহে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী যুক্তরাজ্য যাচ্ছেন।
ভারত সফরকালে গত বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ইসলামাবাদ অবশ্যই জঙ্গিদের একটি ঘাঁটি হবে না। বিশ্বজুড়ে সন্ত্রাস বিস্তারে তাদের মদদ দেওয়াও বন্ধ করতে হবে। পরে অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মন খুলে মন্তব্য করতে তিনি এ কথা বলেন, যা খুব গুরুত্বপূর্ণ।

ভারতকে আল-কায়েদার চেয়ে বড় হুমকি ভাবে পাকিস্তানিরা

সন্ত্রাসী হামলায় জর্জরিত হওয়া সত্ত্বেও পাকিস্তানের অধিকাংশ লোক মনে করে, তালেবান বা আল-কায়েদার চেয়ে ভারতই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। শত শত কোটি ডলার সাহায্য দেওয়ার পরও যুক্তরাষ্ট্রকে তারা সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মকাণ্ডের প্রতি আস্থা প্রকাশ করেছে নগণ্য সংখ্যক পাকিস্তানি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
প্রতিষ্ঠানটি দুই হাজার পূর্ণবয়স্ক পাকিস্তানি নাগরিকের ওপর জরিপ চালিয়ে এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করে। এতে অংশ নেওয়া প্রতি চারজন পাকিস্তানির মধ্যে তিনজনই ভারতকে তালেবান বা আল-কায়েদার চেয়ে বেশি বিপজ্জনক হিসেবে উল্লেখ করে।
জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ পাকিস্তানি ভারতকে সবচেয়ে বড় হুমকি এবং ২১ শতাংশ সাধারণ হুমকি হিসেবে মনে করে। তালেবান ও আল-কায়েদার ক্ষেত্রে এ হার তুলনামূলকভাবে অনেক কম। ২১ শতাংশ পাকিস্তানির দৃষ্টিতে আল-কায়েদা পাকিস্তানের জন্য বড় হুমকি আর ৩৮ শতাংশের দৃষ্টিতে সাধারণ হুমকি। আল-কায়েদার চেয়ে তালেবানকে কিছুটা বেশি বিপজ্জনক মনে করে পাকিস্তানিরা। ৩৪ শতাংশ পাকিস্তানির চোখে তালেবান হচ্ছে দেশের জন্য সবচেয়ে বড় বিপদ। ৫৪ শতাংশের চোখে গোষ্ঠীটি মামুলি বিপদ।
২০০৯ সালে ৪৮ শতাংশ পাকিস্তানি ভারতকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। পাকিস্তান সরকারও জানিয়েছে, গত বছর তারা আল-কায়েদা ও পাকিস্তানকে যতটা হুমকি হিসেবে গণ্য করত, এ বছর সে তুলনায় কিছুটা কম হুমকি মনে করে।
পাকিস্তানের আর্থ-সামাজিক ও সামরিক খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র অঢেল সাহায্য দিলেও সাধারণ পাকিস্তানিদের মন বিন্দুমাত্র জয় করতে পারেনি দেশটি। বরং বেশির ভাগ পাকিস্তানির দৃষ্টিতে যুক্তরাষ্ট্র হলো তাদের সবচেয়ে বড় শত্রু। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের জন্য যা করছেন তাঁকে সঠিক বলে মনে করে মাত্র আট শতাংশ পাকিস্তানি।
অবশ্য এ ক্ষেত্রে পাকিস্তানিদের আস্থা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। গত বছর ওবামার প্রতি আস্থা প্রকাশ করেছিল মাত্র পাঁচ শতাংশ পাকিস্তানি। ১৮ শতাংশ পাকিস্তানি বিশ্বাস করে, আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন বেঁচে আছেন।

কমনওয়েলথ গেমস নিয়ে বড় অনিয়মের অভিযোগ

ভারতে আসন্ন কমনওয়েলথ গেমস ঘিরে ব্যাপক অনিয়ম খুঁজে পাওয়ার কথা জানিয়েছে দেশটির একটি সরকারি নজরদারি সংস্থা। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন (সিভিসি) নামের ওই সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গেমসের প্রস্তুতিকে ঘিরে বেশ কয়েকটি সরকারি সংস্থার অনিয়মের নজির পেয়েছেন তাঁরা।
৩ থেকে ১৪ অক্টোবর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। এটি ভারতে এ পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর।
সিভিসির কর্মকর্তারা বলেছেন, গেমসের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা করে সংস্থাটি ১৪টি প্রকল্পে অনিয়ম খুঁজে পায়। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘গেমস-সংক্রান্ত বিভিন্ন নির্মাণ প্রকল্পে অনিয়ম খুঁজে পেয়েছি আমরা। আমাদের কর্মকর্তাদের পর্যালোচনার পর এ ব্যাপারে আরও তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।’
ওই কর্মকর্তা আরও জানান, গেমস-সংক্রান্ত সব দরপত্র আহ্বান ও পণ্য ক্রয় প্রক্রিয়া পর্যালোচনা করা হবে। এর আগে চিফ ভিজিলেন্স কমিশনার প্রত্যায়ুশ সিনহা জানিয়েছিলেন, বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়ার পর থেকে গেমস-সংক্রান্ত সব প্রকল্পকে নজরদারিতে রেখেছে সিভিসি। সব অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন চুক্তি ও কর্মসূচির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
কর্মকর্তারা জানান, নয়াদিল্লির পৌর কর্তৃপক্ষ, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের মতো সরকারি কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের সংখ্যা বেশি হওয়ায় ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ও কমনওয়েলথ গেমসের ব্যয় নিয়ে খোঁজখবর শুরু করেছে। সিভিসির মতো সিবিআইয়ের কাছেও বিভিন্ন উৎস থেকে অভিযোগ জানানো হয়েছে। তদন্তের জন্য অভিযোগগুলো সিবিআইয়ের কাছে পাঠিয়েছে সিভিসি।
এদিকে ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতারা এ কথা ভেবে শঙ্কিত যে, গেমসের প্রস্তুতিকে ঘিরে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।
২০০৩ সালে কমনওয়েলথ গেমস ২০১০-এর আয়োজক নির্বাচিত হয় ভারত। ওই সময় হিসাব করা হয়েছিল সাবেক ব্রিটিশ উপনিবেশ দেশগুলোর এ ক্রীড়া অনুষ্ঠান আয়োজনে ৬৩৫ কোটি রুপি খরচ হতে পারে। এর বিপরীতে আয় হতে পারে ৮৪০ কোটি রুপি। কিন্তু ২০০৭ সালের আগস্টে পর্যালোচনার পর খরচ নির্ধারণ করা হয় ৭৬৭ কোটি রুপি। ২০০৮ সালের হিসাবে তা এক হাজার ৭৮০ কোটি রুপি ধার্য হয়। এর পরও খরচ বেড়েই চলছে।
আন্তর্জাতিক নির্দেশনা অনুযায়ী, ২০০৯ সালের মে মাসের মধ্যে গেমসের প্রকল্পগুলো শেষ হওয়ার কথা ছিল। পরের এক বছর অনুশীলনের জন্য রাখার কথা। কিন্তু এখন থেকে মাত্র কয়েক দিন আগে দিল্লিতে প্রথম স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়েছে। এই দেরির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছে। তাদের দাবি, বিভিন্ন প্রকল্পের বরাদ্দ অর্থ ছাড় করা হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে।
অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে তদন্ত করা হবে এবং জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কমনওয়েলথ গেমসের প্রকল্পগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব এম চন্দ্রশেখরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও গোপন নথি ফাঁসের অঙ্গীকার উইকিলিকসের

আরও গোপন নথি ফাঁস করার অঙ্গীকার করেছেন উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসানজে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক এমএসএনবিসি ডটকম নামের ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে। গত সপ্তাহে আফগানিস্তানে যুদ্ধসংক্রান্ত মার্কিন সামরিক বাহিনীর ৯০ হাজারের বেশি গোপন নথি প্রকাশ করে আলোড়ন ফেলে দেয় উইকিলিকস নামের এই ওয়েবসাইট।
গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসানজে জানান, তাঁদের হাতে নতুন বেশ কিছু নথিপত্র পৌঁছেছে। এসব নথির মধ্যে তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) এবং মার্কিন সামরিক বাহিনীতে যৌন হয়রানিসহ বিভিন্ন ‘অভ্যন্তরীণ নির্যাতন’-এর নথি রয়েছে।
অবশ্য মার্কিন প্রশাসন সরকারি কোনো গোপন নথি আর প্রকাশ না করার জন্য উইকিলিকস কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এনবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে বলেন, এ ধরনের গোপন নথি প্রকাশ বন্ধ করার ব্যাপারে তাঁদের সরকারের তেমন কিছু করার নেই। তবে এর মাধ্যমে দেশের নিরাপত্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি বলেন, উইকিলিকস কীভাবে এসব গোপন নথি পেয়েছে, তা এখনও শনাক্ত করতে পারেননি তাঁরা। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত শুক্রবার জানিয়েছে, তারা এ ব্যাপারে তদন্তকাজ আরও জোরদার করেছে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে সামরিক গোয়েন্দা শাখার বিশ্লেষক ব্র্যাডলি ম্যানিংকে কুয়েত থেকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে।

কলম্বিয়ার নতুন সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব ফার্ক গেরিলাদের

কলম্বিয়ার সবচেয়ে বড় বামপন্থী গেরিলা দল ফার্ক দেশটির নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। সংগঠনটির প্রধান আলফনসো কানো বলেছেন, সরকারের সঙ্গে দীর্ঘ ৪৬ বছরের সশস্ত্র বিরোধ নিরসনে একটি রাজনৈতিক সমাধান চান তাঁরা। ভিডিওচিত্রের মাধ্যমে ফার্ক নেতা গত শুক্রবার এ প্রস্তাব করেন।
তবে এর আগে নির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, বিদ্রোহীদের হাতে জিম্মি লোকজনকে মুক্ত করে না দেওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের আলোচনায় বসবেন না।
রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) প্রধান নেতা কানো ভিডিওচিত্রে বলেছেন, ‘আমরা আজ আবারও আলোচনায় বসার প্রস্তাব করছি। অস্ত্র ছেড়ে রাজনৈতিক সমাধানে আসতে আমরা অঙ্গীকারবদ্ধ।’ তিনি বলেন, ‘গত ২০ জুনের নির্বাচনে হুয়ান সান্তোসের বিজয়ের মধ্য দিয়ে কলম্বিয়ার রাজনৈতিক ও কৌশলগত সফলতার বিষয়টি নিশ্চিত হলো।’
তিনটি ভাগে বিভক্ত ৩৬ মিনিটের এই ভিডিওচিত্র রেজিসটেনসিয়া সাময়িকীর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওয়েবসাইটটি ফার্ক গেরিলাদের হয়ে প্রচারণার কাজ করছে।
প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক টানাপোড়েন চলাকালে ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে এ প্রস্তাব করা হয়েছে। ভেনেজুয়েলা সরকার তার ভূখণ্ডে অন্তত দেড় হাজার ফার্ক গেরিলাকে আশ্রয় দিচ্ছে বলে সম্প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরাইব অভিযোগ করেছেন। তাঁর এ অভিযোগের পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ কলম্বিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
আগামী ৭ আগস্ট প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন হুয়ান সান্তোস। বিগত দুই মেয়াদে প্রেসিডেন্ট ইউরাইবের কঠোর দমননীতির কারণে দেশটিতে সশস্ত্র গেরিলারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে।
সীমান্তে ভেনেজুয়েলার সেনা মোতায়েন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, কলম্বিয়া-সংলগ্ন সীমান্ত রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। পদাতিক সেনাদের পাশাপাশি বিমানবাহিনীর ছোট ছোট দলও মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার জাতীয় টেলিভিশনে শাভেজ এ কথা বলেন।
সম্প্রতি কলম্বিয়া তার দেশের গেরিলাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুললে ভেনেজুয়েলা দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর পর থেকে কলম্বিয়ার বিরুদ্ধে ভেনেজুয়েলা সামরিক অভিযান চালানোর প্রস্তুতির অভিযোগ তুলে আসছে।
সীমান্তে ‘আত্মরক্ষামূলক’ এ সেনা মোতায়েনের ব্যাপারে হুগো শাভেজ বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি ‘যুদ্ধের পরিকল্পনা’ পর্যালোচনা করছেন বলে জানান। এর কারণ হিসেবে শাভেজ বলেন, ৭ আগস্ট ক্ষমতা হস্তান্তরের আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরাইব ‘যা খুশি করতে পারেন’। শাভেজ বলেন, ‘কোনো কায়দা করে তারা আমাদের যুদ্ধে জড়াতে বাধ্য করতে পারবে না।’ এ সময় তিনি বলেন, কলম্বিয়ার একটি বিমান এ সপ্তাহে ভেনেজুয়েলার আকাশসীমার ভেতরে ঢুকে পাঁচ মিনিট ছিল।
শাভেজ ইতিপূর্বে এই বলে হুঁশিয়ার করে দেন যে যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে কোনো সামরিক অভিযানে সহায়তা দিলে তাঁরা সে দেশে তেল সরবরাহ বন্ধ করে দেবেন।

হিলারি ও ক্লিনটনকন্যা চেলসির বিয়ে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন তাঁর দীর্ঘদিনের ছেলেবন্ধু মার্ক মেজভিনস্কিকে বিয়ে করতে যাচ্ছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল তিনটায় এই বিয়ে হওয়ার কথা। নিউইয়র্ক থেকে ১৬০ কিলোমিটার দূরে রাইনবেকের একটি চমত্কার নিরিবিলি জায়গায় বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর এএফপি, বিবিসি ও এপির।
বিয়ে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। এ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। স্থানীয় লোকজনের সেখানে প্রবেশের ওপর ছিল ব্যাপক কড়াকড়ি। সম্পূর্ণ পারিবারিকভাবে এ বিয়ে অনুষ্ঠিত হওয়ায় সেখানে কোনো সংবাদকর্মীরও যাওয়ার অনুমতি মেলেনি।বিয়ের কয়েক ঘণ্টা আগ থেকে রাইনবেকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কোনো কোনো মার্কিন ট্যাবলয়েড পত্রিকা এই বিয়েকে ‘শতাব্দীর সেরা বিয়ে’ হিসেবে চিত্রিত করছে। কোনো কোনো পত্রিকা আরও এগিয়ে। তারা বিয়েটিকে মিলেনিয়ামের সেরা বিয়ে হিসেবেও বর্ণনা করছে।
রাজকীয় এই বিয়েতে অতিথির তালিকায় আছেন খ্যাতনামা সব মানুষ। তালিকায় নাম রয়েছে জনপ্রিয় টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, টেড টার্নার, কণ্ঠশিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড, হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তাঁর স্ত্রী কেট ক্যাপশ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর ও ইতিহাসবিদ ডোরিস কেয়ার্নস গডউইনের।
এই বিয়ে নিয়ে মার্কিনদের উৎসাহের শেষ নেই। একজনের মতে, ‘এটা খুবই চমত্কার ঘটনা। পৃথিবীতে অনেক সমস্যা আছে। কিন্তু শনিবার সন্ধ্যায় সবকিছুই থেমে যাবে। আর তা শুধু এই বিয়ের কারণে।’
বিয়ে অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে দেখানোর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ অনেকে। প্রিন্সেস ডায়ানার বিয়ের মতো এই বিয়ে অনুষ্ঠানও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা উচিত ছিল বলে মনে করে অনেকে।
চেলসি (৩০) ও মার্ক মেজভিনস্কির (৩২) বিয়ের ব্যাপারে যেভাবে গোপনীয়তা রক্ষা করা হয়, তা অনেকটা রাষ্ট্রীয় গোপনীয়তার মতোই।
পাপারাজ্জিরা যাতে ছবি তুলতে না পারেন, সে জন্য অনুষ্ঠানস্থলের ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানস্থলের দিকে কোনো গাড়িও যেতে দিচ্ছে না পুলিশ।
বিয়ের খবর সংগ্রহের জন্য ইতিমধ্যে রাইনবেকে গণমাধ্যমের কর্মীরা ভিড় জমিয়েছেন। মার্কিন মিডিয়ার মতে, বিয়ের এ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে জাঁকজমক পূর্ণ বিয়ে।

কালো তালিকা থেকে পাঁচ তালেবান সদস্যের নাম কেটেছে জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কালো তালিকা থেকে গত শুক্রবার পাঁচ তালেবান সদস্যের নাম বাদ দিয়েছে। আফগান যুদ্ধের অবসানে তালেবানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। যাঁদের নাম কাটা হয়েছে তাঁদের তিনজন ইতিমধ্যে আফগানিস্তান সরকারের সঙ্গে সন্ধি করেছেন এবং অন্য দুজন মারা গেছেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
কূটনীতিকেরা জানান, কয়েক বছর আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০ জন তালেবান সদস্যের নামের একটি তালিকা নিরাপত্তা পরিষদের কালো তালিকার দায়িত্বে থাকা কমিটির কাছে হস্তান্তর করেন। ওই তালিকায় এই পাঁচজনের নামও ছিল। এর আগে জানুয়ারিতে ওই তালিকা থেকে আরও পাঁচজনের নাম বাদ দেওয়া হয়েছিল। তালিকার বাকি ১০ জনের মধ্যে দুজনের নাম পর্যালোচনা করা হচ্ছে। বাকি আটজনের নাম কাটা যাবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
শুক্রবার যাঁদের নাম কাটা হয়েছে, তাঁরা হলেন আফগানিস্তানের সাবেক উপস্বাস্থ্যমন্ত্রী আবদুল সাত্তার পাকতিন, পাকিস্তানে সাবেক তালেবান সরকারের রাষ্ট্রদূত ও সাবেক খনিবিষয়ক উপমন্ত্রী আবদুল সালাম জায়িফ, জাতিসংঘে সাবেক অনানুষ্ঠানিক আফগান প্রতিনিধি মুজাহেদ আওরঙ্গ, বারমিন প্রদেশের সাবেক গভর্নর মোহাম্মদ ইসলাম মোহাম্মদি ও সাবেক উপস্বরাষ্ট্রমন্ত্রী আবদুল সামাদ খাকসার। তাঁদের মধ্যে শেষ দুজন মারা গেছেন।
প্রেসিডেন্ট কারজাই সম্প্রতি বলেছেন, কালো তালিকা থেকে সব তালেবান সদস্যের নাম বাদ দেওয়ার উদ্যোগ নেবেন তিনি

ইরানে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড পাওয়া মা সন্তানদের দেখতে চেয়েছেন

ব্যভিচারের অপরাধে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড পাওয়া এক ইরানি মা তাঁর সন্তানদের দেখতে চেয়েছেন। এ আবেদন জানিয়ে কর্তৃপক্ষের কাছে লেখা একটি চিঠি গতকাল শনিবার লন্ডনে প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। সাকিনেহ মোহাম্মদি-আশতিয়ানি নামের ওই নারীর দুই সন্তান রয়েছে।
সাকিনেহকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড দেওয়ার সাজা ঘোষণার পর পশ্চিমা দেশগুলোর মানবাধিকার কর্মীরা এর বিরুদ্ধে প্রচার শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে ইরানের বিচার বিভাগের প্রধান সাদেক লারিজানি মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে সাময়িক স্থগিতাদেশ জারি করেন।
ইন্টারন্যাশনাল কমিটি অ্যাগেইনস্ট স্টোনিং নামের সংস্থা সাকিনেহর ওই চিঠির ইংরেজিতে অনূদিত কপি গতকাল প্রকাশ করে। চিঠিতে বলা হয়েছে, ‘আমি সাকিনেহ মোহাম্মদি-আশতিয়ানি তাবরিজ কারাগারে বন্দী। যাঁরা আমার সম্পর্কে চিন্তাভাবনা করেন, তাঁদের ধন্যবাদ জানাই। আমি বেঁচে থাকতে চাই এবং আমার সন্তানদের আবার বুকে জড়িয়ে ধরতে চাই। আমাকে সাহায্য করুন।’

কাম্পালা হামলায় কেনিয়ার ৩ নাগরিক অভিযুক্ত

৭৬টি হত্যাকাণ্ডের জন্য গত শুক্রবার কেনিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছেন উগান্ডার একটি আদালত। উগান্ডার রাজধানী কাম্পালার একটি ক্লাব ও রেস্তোরাঁয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় দর্শকদের ওপর চালানো বোমা হামলায় ওই ৭৬ জন নিহত হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন হুসেইন হাসান আগাদ (২৭), মোহাম্মদ আদান আবদু (২৫) ও ইদরিস মাগোন্দু (৪২)। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা আদালতে কোনো বক্তব্য দেননি। ২৭ আগস্ট তাঁদের আবার আদালতে তোলা হবে। সে পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের জেলহাজতে রাখা হবে।
সোমালিয়ার ইসলামপন্থী গোষ্ঠী আল-শাবাব ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। আল-কায়েদার সঙ্গে গোষ্ঠীটির সম্পৃক্ততা রয়েছে।
গত ১১ জুলাইয়ের ওই বোমা হামলায় আরও ৭০ জন আহত হয়। একটি রাগবি ক্লাব ও ইথিওপিয়ান রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়। হামলার সময় ফুটবলভক্তরা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখছিলেন।
গত শুক্রবার অভিযুক্ত তিন কেনিয়ার নাগরিককে কাম্পালার একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
অভিযোগপত্রে হুসেইন হাসান আগাদকে ‘ধর্মপ্রচারক’ হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে ইদরিস মাগোন্দুকে নাইরোবির একটি ট্রেডিং কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়।

ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে টেন্ডুলকার

ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য ওয়ানডেটা বেছে বেছে খেলছেন অনেক দিন থেকেই। গত ফেব্রুয়ারিতে ইতিহাসগড়া সেই ডাবল সেঞ্চুরির পর আর ওয়ানডে খেলেননি। শচীন টেন্ডুলকারকে বিশ্রাম দেওয়া হলো শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজেও। বিশ্রাম পেয়েছেন ওপেনার গৌতম গম্ভীর ও অফ স্পিনার হরভজন সিংও। দলে ফিরেছেন যুবরাজ সিং। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ভারত ও নিউজিল্যান্ডকে নিয়ে টুর্নামেন্টটি শুরু হচ্ছে ১০ আগস্ট।
গম্ভীর ও টেন্ডুলকার দুজনেই বিশ্রামে থাকায় বীরেন্দর শেবাগের সঙ্গে ইনিংস সূচনার সুযোগ পেতে পারেন দিনেশ কার্তিক। এশিয়া কাপের দলে না থাকলেও টেস্ট সিরিজে খেলার অভিজ্ঞতা মাথায় রেখে দলে রাখা হয়েছে দুই পেসার অভিমন্যু মিথুন ও ইশান্ত শর্মাকে। ওয়েবসাইট।
ত্রিদেশীয় সিরিজের ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধি.), বীরেন্দর শেবাগ, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, প্রাভিন কুমার, ইশান্ত শর্মা, অভিমন্যু মিথুন, আশিস নেহরা, প্রজ্ঞান ওঝা, সৌরভ তিওয়ারি।

ব্যাটিং কোচ হতে চান ইনজামাম

দলের ব্যাটিংয়ের দুর্দশা দেখে এগিয়ে এসেছেন ইনজামাম-উল হক। ক্রিকেট ছেড়েছেন বছর তিনেক আগে, এখন তো আর ব্যাট হাতে নেমে যেতে পারেন না। সাবেক পাকিস্তান অধিনায়ক দলকে সাহায্য করতে চাইছেন কোচিং দিয়ে। দল চাইলে পাকিস্তানের ব্যাটিং কোচ হতে রাজি তিনি।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পর চলতি ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসেও মাত্র ১৮২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। উত্তরসূরিদের এই হাল দেখে ইনজামাম বলেছেন, ‘ব্যাটসম্যানরা যথার্থ টেকনিক ও টেম্পারামেন্ট দেখাতে পারছে না। তাদের ধৈর্য কম, ২০-৩০ করেই আউট হয়ে যাচ্ছে, টেস্টের জন্য যা মোটেও যথেষ্ট নয়। দলের অবশ্যই একজন স্থায়ী ব্যাটিং কোচ প্রয়োজন। আমাকে যদি এ জন্য প্রস্তাব দেওয়া হয়, আমি নিশ্চিতভাবেই গভীরভাবে ভেবে দেখব।’

জায়গা হারাতে হবে পিটারসেনকে!

ব্যাটে রান নেই বলাটা ভুল হবে। বাংলাদেশের বিপক্ষে টানা দুটি সিরিজে তিন ফিফটিসহ ৩৪২ রান করেছেন ৬৮.৪০ গড়ে। কিন্তু এই রান পাওয়া নয়, চোখে বেশি লাগছে বাংলাদেশের বিপক্ষে ৭ ইনিংসে তিন অঙ্ক ছুঁতে না পারা। কেভিন পিটারসেনের ব্যাটে বড় রান নেই আসলে এক বছরেরও বেশি সময় ধরে। টেস্টে সর্বশেষ সেঞ্চুরিটা ২১ ইনিংস আগে। পাকিস্তানের বিপক্ষে চলমান ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ৯ রান করার পর জিওফ বয়কট বলেছেন, শিগগিরই বড় রান না পেলে দলে জায়গা হারাতে হবে পিটারসেনকে।
‘দলে জায়গা ধরে রাখার কোনো দৈব অধিকার নেই পিটারসেনের। সে যখন ভালো খেলে, তখন তার ব্যাটিং আমার ভালো লাগে। কিন্তু পারফর্ম করতে না পারলে অন্য কেউ জায়গাটা নিয়ে নেবে’—বিবিসি স্পোর্টকে বলেছেন ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্ট খেলা বয়কট। ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানিদের সুইং বোলিংয়ের বিপক্ষে রীতিমতো নড়বড়ে লেগেছে পিটারসেনকে। আসিফের ইন-সুইঙ্গারে ‘প্লেড অন’ আউট হওয়ার আগে দুবার বেঁচে গেছেন রেফারেলে

১২৮ জনের মধ্যে আসিফ ৪৮তম

মিউনিখে গিয়ে নিজের সেরা স্কোর করতে পারলেন না আসিফ হোসেন খান। তবে ৫০তম বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই তারকা শ্যুটার খুব খারাপ করেননি। ১০ মিটার এয়ার রাইফেলে মাঝামাঝি গোছের স্কোরই করেছেন, তবে এই স্কোর দিয়ে আজকাল আন্তর্জাতিক অঙ্গনে সমীহ পাওয়া যায় না। ৬০০-তে আসিফের সর্বোচ্চ স্কোর যেখানে ৫৯৫, এই প্রতিযোগিতায় হয়েছে ৫৯১। ১২৮ জন শ্যুটারের মধ্যে আসিফের স্থান ৪৮তম।
তুলনামূলক অনেক ভালো করেছেন তরুণ শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। ক্যারিয়ার-সেরা ৫৯৩ স্কোর করে বিকেএসপির এই শ্যুটার ৩২তম হয়েছেন। বাংলাদেশের আরেক প্রতিযোগী তৌফিক শাহরিয়ার (চন্দন) করেছেন ৫৭৯ (১০৮তম)।
বাছাইয়ে ৫৯৯ স্কোর করে যৌথভাবে প্রথম ছিলেন হাঙ্গেরির পিটার এবং ইতালির নিকিরো। তবে শ্যুট-অফে প্রথম হয়ে সোনা জিতে গেছেন নিকোরো। শ্যুট-অফে তাঁর স্কোর ১০৩.৫, দ্বিতীয় হওয়া পিটারের ১০০-র সামান্য বেশি। বাছাইয়ে ৫৯৭ স্কোর করে তৃতীয় হয়েছেন ভারতীয় শ্যুটার গগন নারান।
গত অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় তারকা শ্যুটার অভিনব বিন্দ্রা বাছাইয়ে করেছেন ৫৯৩। বাংলাদেশের বাকির পর তাঁর স্থান। গত এসএ গেমসে ঢাকায় সোনাজয়ী ভারতীয় তরুণ ইমরান হোসেন স্কোর করেছেন ৫৯০। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী শ্যুট-অফে ওঠা ৮ জনের সেরা ৬ জন সরাসরি আগামী ২০১২ লন্ডন অলিম্পিকে খেলবেন। অন্যদের সামনে আরও অনেক বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে। তখন আরও সুযোগ আসবে। এমনিতে ৫৭০ স্কোর করলে এমকিউএস (মিনিমাম কোয়ালিফিকেশন স্কোর) হয়ে যায়। তবে অলিম্পিকে সুযোগ পেতে ওয়াইল্ড কার্ড পেতে হয়। সেই সুযোগ এখনো অনেক আছে আসিফদের সামনে।
আজ মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে খেলবেন শারমিন আক্তার রত্না, শারমিন আক্তার ও সাবরিনা আক্তার।

ফ্যাব্রিগাসকে ভুলতে হচ্ছে বার্সা-স্বপ্ন!

হতে পারে বার্সেলোনা তাঁর আঁতুড়ঘর। কিন্তু আর্সেনাল তো তাঁকে ‘হাঁটতে’ শিখিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছে এই পৃথিবীর সঙ্গে। নাড়ির টান বার্সায় থাকতে পারে, হূদয়ের টান কি নেই আর্সেনালের জন্য! সেই হূদয়ের দাবি নিয়েই সেস ফ্যাব্রিগাসের কাছে উপস্থিত ‘গানার’রা। গুরু আর্সেন ওয়েঙ্গার তো একরকম নির্দেশই দিলেন, ‘বার্সার কথা ভুলে যাও।’
২০০৩ সালে পেশাদার ফুটবলে অভিষেক ফ্যাব্রিগাসের। স্পেনের ‘কিশোর প্রতিভা’টিকে আর্সেনাল কিনে নিয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। সর্বকনিষ্ঠ হিসেবে আর্সেনালের বেশ কিছু রেকর্ড গড়ে যাত্রা শুরু করা ফ্যাব্রিগাসের এটি আর্সেনালের হয়ে অষ্টম মৌসুম। এই মৌসুমে ওয়েঙ্গার ইতিহাস গড়তে বলছেন অধিনায়ক ফ্যাব্রিগাসকে, ‘আমি বরাবরই বলে এসেছি, সেস এ বছর আমাদের অধিনায়ক হবে। আমরা ওকে রাখতেই চাই। গত মৌসুম আর এই গ্রীষ্মে ওকে নিয়ে অজস্র জল্পনা-কল্পনার পরও আমি মনে করি, এটা বদলাবে না।’
বিশ্বকাপজয়ী মিডফিল্ডারটিকে কিনতে বার্সা ৩ কোটি পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি। বার্সার জার্সি পরে ছবি তোলা, আকারে-আভাসে বার্সায় ফিরে যাওয়ার ইচ্ছের কথা জানানো—ফ্যাব্রিগাস নিজেও তাঁর জন্য পরিস্থিতি জটিল করে তুলেছেন। বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল তো এমন গুরুতর অভিযোগও করে বসলেন, জোর করেই ফ্যাব্রিগাসকে আটকে রাখছে আর্সেনাল। এসব কারণে আর্সেনালে ফিরলে সমর্থকেরা ফ্যাব্রিগাসকে উষ্ণ অভ্যর্থনা নাও জানাতে পারে।
২০০৪ সালের পর লিগ জিততে উন্মুখ আর্সেনাল তাঁকে যে বিক্রি করবে না, এটা স্পষ্ট। ওদিকে বার্সাও হাল ছেড়ে দিয়েছে। ক্লাবের ক্রীড়া সহসভাপতি জোসেপ মারিয়া বলেছেন, ফ্যাব্রিগাসকে আর্সেনাল যে বিক্রি করতে চাইছে না, এই চাওয়াকে তাঁরা সম্মান করছেন। ফ্যাব্রিগাসের অন্তত এই মৌসুমে স্পেনে ফেরা হচ্ছে না, এটি নিশ্চিত। ওদিকে এটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, বার্সায় আর থাকছেন না মেক্সিকো অধিনায়ক রাফায়েল মার্কেজ। নিউইয়র্ক রেড বুলস হতে যাচ্ছে তাঁর পরবর্তী ঠিকানা। এরই মধ্যে মার্কেজের সাবেক বার্সা-সতীর্থ থিয়েরি অঁরি চলে গেছেন যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে।
‘বিক্রি’ নিয়েই আর্সেনাল এমন খবরের ভিড়ে, ক্লাবটির সদাই নিয়ে জানা যাচ্ছে খুব কমই। তবে জানা গেছে, ইংলিশ ক্লাবটি কিনতে চায় ইতালিয়ান গোলরক্ষক ফেদেরিকো মার্চেত্তিকে। বুফোনের ইনজুরিতে গত বিশ্বকাপে সুযোগ পেয়ে যাওয়া এই গোলরক্ষক খেলেন ক্যালিয়ারিতে। মওকা বুঝে ইতালিয়ান ক্লাবটি আকাশছোঁয়া দাম হেঁকে বসেছে। মার্চেত্তির জন্য সোয়া এক কোটি পাউন্ড চায় তারা।
ওদিকে চেলসির মালিক রোমান আব্রামোভিচ নাকি টাকার বস্তা দিয়ে দিচ্ছেন কার্লো আনচেলত্তিকে। তবে কি খেলোয়াড় তালিকায় বড় ধরনের পরিবর্তন আসছে? বিশেষ করে চেলসির ফুটবলাররা তো এবার বিশ্বকাপে মহা ‘ফ্লপ’! কোচ আনচেলত্তি উড়িয়ে দিলেন এমন ধারণা, ‘হ্যাঁ, এবার বিশ্বকাপে দ্রগবা, মালুদা, ল্যাম্পার্ড, টেরিসহ আমার সব মাস্কেটিয়ার খুব ভালো খেলেনি। তবে এবার বিশ্বকাপে তো বড় দলগুলোই ব্যর্থ হলো। আমার প্রথম মৌসুমে চেলসির হয়ে আমি লিগ, এফএ কাপ আর কমিউনিটি শিল্ড জিতেছি। কেবল চ্যাম্পিয়নস লিগটাই জেতা হয়নি। এবার ওই শিরোপাটিও চাই।

বিলার্দোকে চুপ থাকার পরামর্শ গ্রন্দোনার

বোবার শত্রু নাই।’ কার্লোস বিলার্দোকে প্রবাদটাই শুনিয়ে দিলেন হুলিও গ্রন্দোনা। ‘প্রতারণা’ আর ‘বিশ্বাসঘাতকতা’র যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তুলেছেন ডিয়েগো ম্যারাডোনা, এর পাল্টা জবাবে আগামীকাল সংবাদ সম্মেলন ডাকার কথা ছিল বিলার্দোর। এর জন্য হোটেল খুঁজছেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন আর্জেন্টিনা দলের মহাব্যবস্থাপক। কিন্তু আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) প্রধান গ্রন্দোনা জানিয়ে দিলেন, কথা না বলাই উত্তম।
‘বিলার্দো কথা বলবেন না। যত কম কথা আপনি বলবেন, ততই মঙ্গল। ততই কম ভুল হওয়ার আশঙ্কা। আমি কারও কাছে কিছু চাই না। তবে বিলার্দো কিছু বলবেন না এটাই আমার শেষ কথা’—পরশু সাংবাদিকদের বলেছেন গ্রন্দোনা। ওয়েবসাইট।
ওই দিন এএফএর একটা সংবাদ সম্মেলন ছিল। না, ম্যারাডোনা-বিষয়ক কিছু নয়। এএফএ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নবিষয়ক। বিবিএফের প্রধান রিকার্ডো টিসেরাও উপস্থিত ছিলেন তাতে। আর্জেন্টিনা-ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে বলে জানানো হয়েছে বৈঠক শেষে। ম্যাচ দুটির তারিখ অবশ্য এখনো ঠিক হয়নি।
সংবাদ সম্মেলনের বিষয় যা-ই হোক, ম্যারাডোনার প্রসঙ্গ এড়ানো মুশকিল। গ্রন্দোনাকেও তাই মুখোমুখি হতে হলো নানা প্রশ্নের। জবাবে গ্রন্দোনা শুধু লিখিত বিবৃতি দিয়ে গেলেন। তাঁর ওই বিবৃতির বিভিন্ন ভাষার অনুবাদও দেওয়া হয়েছে সাংবাদিকদের। আসলে ম্যারাডোনা পুরো দেশে এমন একটা স্পর্শকাতর নাম, এটা নিয়ে বিতর্ক বাড়ুক বিচক্ষণ গ্রন্দোনা সেটি মোটেও চান না।
ম্যারাডোনা আর তাঁর কোচিং স্টাফের সঙ্গে চুক্তির মেয়াদ আর না বাড়ালেও মহাব্যবস্থাপক পদে বিলার্দো থেকে যাচ্ছেন। এর আগে ম্যারাডোনা অভিযোগ করেছিলেন, গ্রন্দোনার ৩০ বছরের রাজত্ব হটিয়ে দিয়ে এএফএর পদে আসীন হতে চান বিলার্দো। বোঝা-ই যাচ্ছে, আসল ঘটনা এ রকম হয়ে থাকলেও বিলার্দোকে পাশে রেখেই সমাধান করতে চান গ্রন্দোনা। ভেবেচিন্তেই পা ফেলতে চান তিনি।
আর্জেন্টিনার পরবর্তী কোচ নির্ধারণেও যেমন অনেক সতর্ক এএফএ। গ্রন্দোনা বলেই দিয়েছেন, ‘জাতীয় দলের নতুন কোচ নিয়োগে তাড়াহুড়োর কিছু নেই।’

মেসির দুই রকম ভ্রমণ

লিওনেল মেসির যে সংগীত-প্রতিভাও আছে এটা হয়তো আপনাদের অনেকেরই অজানা। ইংল্যান্ডের বিখ্যাত ব্যান্ড ওয়েসিসের বিমুগ্ধ ভক্ত মেসি। ওয়েসিসকে শ্রদ্ধা জানাতে মেসি একটা ব্যান্ডই গড়েছেন। যাতে গিটারিস্ট নোয়েল গ্যালাঘারের ভূমিকায় থাকবেন তিনি, আর নোয়েল সহোদর লিয়াম গ্যালাঘারের ভূমিকায় দেখা যাবে মেসির এক বার্সেলোনা সতীর্থকে।
এই দলটি নিয়েই শিগগিরই চুপিসারে ইউরোপ সফর করবেন মেসি। সফরে তাদের পারফরম্যান্স দেখতে নোয়েল গ্যালাঘারকে আমন্ত্রণও জানিয়ে রেখেছেন। তবে মেসিকে মেসি হিসেবে আপনার চেনার উপায় থাকবে না। মাথায় পরচুলা, চোখে চশমা, পরনে থাকবে ব্যান্ডের পোশাক। মেসি বলেছেন, ওয়েসিস ব্যান্ডের নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়টাকে ধরতেই তাঁদের এই ছদ্মবেশ।
এই খবরের ভেতর ফুটবলের খবরেও নাম উঠেছে আর্জেন্টাইন ফুটবল-জাদুকরের। দিনকয়েকের মধ্যেই প্রাক-মৌসুম সফরে এশিয়ায় আসবে বার্সেলোনা। বার্সার দলের সঙ্গে আসবেন মেসিও। তবে মেসি এলেও এশিয়া সফরে দেখা যাবে না জাভি, ইনিয়েস্তা, পুয়োল, ভিয়া, ভালদেস, পেদ্রোদের। কারণ এশিয়া সফরের সময় স্পেনের বিশ্বকাপজয়ী দলের ৮ সদস্যকে বিশ্রামে রেখেছে বার্সেলোনা। আগামী বুধবার সিউলে কে-লিগের অলস্টার একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বার্সা, চার দিন পর গোয়ানের সঙ্গে বেইজিংয়ে তাদের দ্বিতীয় ম্যাচ