Thursday, September 29, 2016

যুক্তরাষ্ট্রে হামলা হলে জাপানিরা বসে ‘সনি টিভি’ দেখবে : ট্রাম্প

এবার জাপানের ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাপাননীতির সমালোচনা করে বলেছেন, তারা শুধু সুবিধা নেয়, বিনিময়ে কিছু দেয় না। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে যদি কখনও হামলা হয়, জাপানিরা তখন ঘরে বসে সনি টিভি দেখবে। শুক্রবার আইওয়া অঙ্গরাজ্যে এক জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। খবর বিবিসি ও এএফপির। ট্রাম্প তার বক্তৃতায় ন্যাটোভুক্ত সেসব দেশের সমালোচনা করেন, যারা তাদের অতিরিক্ত সামর্থ্য থাকা সত্ত্বেও সে অনুপাতে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে (ন্যাটো) আর্থিক অনুদান দেয় না। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো যারা যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তা সুবিধা ভোগ করছে কিন্তু বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কোনো আর্থিক সুবিধা দিচ্ছে না, তাদেরও সমালোচনা করেন তিনি। জাপান এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশ এবং গুরুত্বপূর্ণ অংশীদার। ট্রাম্পের মতে, আমেরিকা-জাপানের মিত্রতা খুবই উপহাসের বিষয়। ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, জাপানের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে- যদি তারা আক্রান্ত হয়,
তাহলে তাদের রক্ষায় যুক্তরাষ্ট্রকে পূর্ণ শক্তি ব্যয় করতে হবে। কিন্তু আমরা যদি আক্রান্ত হই, জাপানকে কিছুই করতে হবে না। তারা বাসায় বসে থাকতে পারবে এবং বসে বসে সনি টেলিভিশন দেখবে।’ তিনি বলেন, ‘জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সৌদি আরবসহ বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এর বিনিময়ে তারা কিছুই দেয় না। তাদের এর বিনিময় দিতে হবে। কারণ এখন আর ৪০ বছর আগের সময় নেই।’ প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি হয়। এর আওতায় জাপানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭ হাজার সেনা মোতায়েন রয়েছে। ট্রাম্প বলেন, ‘দ্বীপ রাষ্ট্রটিকে রক্ষার কাজে নিয়োজিত মার্কিন সেনাদের পুরো খরচ জোরপূর্বক জাপানের কাছ থেকে নেয়া উচিত। তারা বর্তমানে ৫০ শতাংশ ব্যয় বহন করছে। ‘ট্রাম্প জানান, আমাদের উচিত তাদের নিরাপত্তা দেয়া বন্ধ করা। আর সেটা করা না হলেও কমপক্ষে তাদের এটা বন্ধ করে দেয়ার ভয় দেখানো উচিত। অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের ঘোষণা : রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের ঘোষণা দিয়েছেন। এ পরিষদের অনেকেই ইতিমধ্যে তার নির্বাচনী প্রচারণায় অংশও নিচ্ছেন।
বার্তা সংস্থা এপি জানায়, এই পরিষদে মার্কিন ধনকুবের জন পলসন, নির্বাচনী পরিচালক স্টিফেন মিলার, নিউইয়র্কের বিনিয়োগকারী স্টিভেন নুচেন, সিনেট বাজেট কমিটির সাবেক সদস্য ড্যান কাউলাস্কিসহ মার্কিন অর্থনীতি ও রাজনীতিতে প্রভাবশালীরা অন্তর্ভুক্ত হয়েছেন। তবে লক্ষ্যণীয়, ট্রাম্পের এই পরিষদে কোনো নারী অন্তর্ভুক্ত হননি। সোমবার ডেট্রয়েটে রিপাবলিকান দলের এই প্রার্থী মার্কিন অর্থনীতি বিষয়ে তার বক্তব্য রাখবেন। তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ট্রাম্পের অর্থনৈতিক প্রস্তাবনার বিষয়ে সমালোচনা করেছেন। মিডিয়া অসৎ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সমাবেশ থেকে একটি শিশুকে বাইরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার করা কৌতুক বিকৃত করায় তিনি মিডিয়াকে অসৎ বলে বর্ণনা করেন। মঙ্গলবার ভার্জিনিয়ার লাউডন কাউন্টিতে নির্বাচনী সমাবেশে একটি শিশু কাঁদছিল। ট্রাম্প বলেন, প্রথমবার আমি শিশুর মাকে বললাম দুশ্চিন্তার কিছু নেই। শিশুটি এখানেই থাক। কিন্তু দু’মিনিট পরেই আমি আবার বললাম, হাহ্ বাচ্চাটি খুব সুন্দর।

ময়মনসিংহেও সেই একই শেখ রাসেল

ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের দ্বিতীয় দিন ঘুচল গোলখরা। প্রথমদিন শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর গোলশূন্য ম্যাচ গ্যালারিভর্তি দর্শকদের নিরাশ করেছিল। শনিবার রফিক উদ্দিন ভূঞা স্টেডিয়ামে দর্শকের ঢল না নামলেও গোলের দেখা পাওয়া গেছে। এদিন চতুর্থ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ফেনী সকার ক্লাব ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। চট্টগ্রাম থেকে ময়মনসিংহেও দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছে শেখ রাসেল। হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না তারা।
গতবারের রানার্সআপরা এ নিয়ে চার ম্যাচে হারল। কোচ মারুফুল হক এজন্য দায়ী করেছেন খেলোয়াড়দের। ‘আমরা হেরেছি ওদের জন্যই। খেলতেই পারছে না ওরা’, নিজের খেলোয়াড়দের ম্যাচ শেষে কাঠগড়ায় দাঁড় করালেন মারুফুল। শনিবারের ম্যাচে ফেনীর দুই গোলদাতা থুরাম ফ্রাংক ও চৌমিন রাখাইন। যথাক্রমে ৩৫ ও ৮০ মিনিটে এ দু’জনের দুটি গোল ফেনীকে পুরো তিন পয়েন্ট এনে দেয়। শেখ রাসেলের আক্রমণভাগের খেলোয়াড়রা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন।

ব্যাংককের উদ্দেশে বিজলী কন্যা

অবশেষে ব্যাংককের উদ্দেশে উড়াল দিলেন ঢাকাই ছবির অ্যাকশন লেডি ববি। তার এ ব্যাংকক যাত্রা স্রেফ ভ্রমণের জন্য নয়। নতুন ছবি ‘বিজলী’র শুটিংয়ের জন্যই পুরো টিম নিয়ে ব্যাংককের উদ্দেশে আজ সকালে উড়াল দিলেন তিনি। সেখানে প্রায় দুই সপ্তাহ অবস্থান করবেন তারা। বিজলী ছবিটির শুটিংও প্রায় শেষের পথে। বাকি আছে শুধু দুটি গান ও কয়েকটি সিকোয়েন্স। সেগুলো ব্যাংককের মনোরম লোকেশনে ধারণ করা হবে বলে জানিয়েছেন ববি। ব্যাংককে যাওয়ার আগে যুগান্তরকে তিনি বলেন, ‘বিজলী ছবির শুটিং শেষের পথে। আর যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু সম্পূর্ণ করতেই ব্যাংককে উড়াল দিচ্ছি। আশা করি কাজ শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিটি প্রযোজনার মাধ্যমে নায়িকা পরিচয়ের পাশাপাশি প্রথমবার প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন এ নায়িকা। প্রসঙ্গত, ভারতের একটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে এ নায়িকার। এছাড়াও ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’ নামের আরও একটি ছবি চলতি মাসেই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। একই পরিচালকের ‘মালটা’ নামের একটি ছবির শুটিংও শেষ। ছবিটিও মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। এটি বাংলাদেশসহ ইউরোপেও মুক্তি দেয়া হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়। এছাড়াও সম্প্রতি একটি শাড়ির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন ববি। এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় দু’বছর পর মডেল হিসেবে কাজ করেছেন তিনি। সর্বশেষ তাকে একটি ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে।