Showing posts with label শিরোনাম. Show all posts
Showing posts with label শিরোনাম. Show all posts

Monday, January 15, 2018

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ এপ্রিল


উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে, চলবে ৪ মে পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার  বলেন, চলতি বছর শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা রুটিন তৈরি করা হয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হলেই তা প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, প্রতি বছর ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে। কিন্তু এবার সেদিন স্টার সানডে হওয়ায় পরীক্ষার রুটিন একদিন পিছিয়ে তৈরি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবিত রুটিন অনুযায়ী আগামী ২ এপ্রিল বাংলা প্রথম পত্র (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। এরপর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। চলবে ৪ মে পর্যন্ত। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার কম্পিউটার বিষয়ে আলাদাভাবে পরীক্ষা আয়োজন করা হবে না। আইসিটি বিষয়ের মধ্যে কম্পিউটার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে প্রতি বছর এ পরীক্ষা মোট ৪৪ দিন ধরে আয়োজিত হলেও এবার দুদিন কমিয়ে ৪২ দিন পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা।

চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ার সময় আটকা পড়ল জাহাজ

বহির্নোঙর থেকে বন্দর জেটিতে ভেড়ার সময় কন্টেইনারবাহী একটি জাহাজ বন্দর চ্যানেলের পাশে  আটকে গেছে।

সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজটি বন্দর জেটিতে নিয়ে আসার সময় একটি ফিশিং ট্রলার সামনে পড়ে। সেটাকে রক্ষা করতে গিয়ে জাহাজের পাইলট ডানদিকে চলে যান। এতে জাহাজটি চ্যানেলের পাশে আটকে যায়।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম  জানান, চরে আটকে যাওয়া জাহাজের জন্য বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। জাহাজটি বন্দরের টাক বোট দিয়ে চ্যানেল থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে। জোয়ার থাকলে সরিয়ে নেয়া সুবিধাজনক। এটিকে মাথায় রেখেই সরিয়ে নেয়ার কাজ করছে বন্দরের কর্মীরা।

আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ ! মাস জুড়ে থাকবে শীত

পৌষের শুরুতে শীতের দাপট দেখা না গেলেও বিদায় বেলায় অনেকটা ঘটা করেই জেঁকে বসেছে ঠাণ্ডা। গেল কয়েকদিন ধরে দেশজুড়ে রয়েছে কনকনে শীত। তবে আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারি জুড়ে শীত থাকবে দেশজুড়ে। শীত থাকলেও কনকনে ভাব সামান্য কমবে। তবে দিন ও রাতের তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আসতে পারে। কোথাও কোথাও তীব্রতা অব্যাহত থাকবে। এর মধ্যেই আগামী সপ্তাহে একটি শৈত্যপ্রবাহ দেখা মিলতে পারে। তীব্র কুয়াশা আরো বেশ কিছুদিন অব্যাহত থাকবে।

সোমবার সকালে আবহাওয়াবিদ আয়েশা খানম  জানান, গেল বছর তো তেমন শীত পড়েনি। পৌষের মাঝামাঝি সময়েও শীতের তীব্রতা ছিল না। এবার ভারতেও শীত বাড়বে, এর প্রভাব দেশেও থাকবে।

তিনি আরো বলেন, গেল বছরের চেয়ে একটু বেশিই শীত পড়তে পারে। জানুয়ারি মাসতো শীতেরই মাস। পুরো মাস জুড়েই শীত শীত আবহাওয়া থাকবে। ঘন কুয়াশায় সূর্যের তাপ ভূ-ভাগে পৌঁছতে পারছে না। ফলে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) খুব একটা পরিবর্তন হচ্ছে না। ফলে এই শীতের মধ্যেই তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে।  


আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল এবং ফরিদপুর অঞ্চলসহ খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দিনের বেলা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজার হাটে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

৬ হাজার শিক্ষক নিয়োগ প্রাথমিকে

১ হাজার ৫শ’ প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে চার জন করে সর্বমোট ৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

রোববার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আব্দুর রহমান বদির এক সম্পূরক প্রশ্নের জবাবে গণশিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আদালতে মামলা থাকার কারণে আমরা ওই ১ হাজার ৫শ’ স্কুলে শিক্ষক দিতে পারিনি। অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এসব স্কুল চালানো হচ্ছে। অচিরেই প্রতিটি স্কুলে চারজন করে অর্থাৎ ১ হাজার ৫শ’ স্কুলে ৬ হাজার শিক্ষক নিয়োগ দিতে পারব।

মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এর সম্পূরক প্রশ্নের জবাবে গণশিক্ষামন্ত্রী বলেন, যেসব স্কুলে ক্লাস রুমের সংকট রয়েছে সেগুলো চাহিদার ভিত্তিতে পূরণ করা হবে। এ জন্য ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার ক্লাসরুম করা হবে। যেখানে ছাত্র-ছাত্রী বেশি সেসব স্কুলে এই ক্লাসরুম করা হবে।

চট্টগ্রামের সংসদ সদস্য সামসুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদ্যালয়হীন গ্রাম আর এখন নেই। মাত্র চারটি বাকি আছে। এছাড়া চর ও হাওর অঞ্চলে কিছু গ্রাম আছে যেখানে বিদ্যালয় নেই। এজন্য আরো এক হাজার স্কুল করার চাহিদা দিয়ে প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় চর ও হাওর অঞ্চলে বিদ্যালয় করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ২১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ঘাটতি (পদ শূন্য) রয়েছে। শিগগিরই এসব স্কুলে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দেয়া হবে। প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণির হওয়ার কারণে এটা এখন সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ করা হয়।

এরইমধ্যে শিক্ষক নিয়োগ দেয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

চরতী সমিতি চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠিত

চট্টগ্রাম শহরে বসবাসরত চরতীর প্রত্যেক পেশার মানুষের মধ্যে পারস্পরিক হৃদ্যতা, সহমর্মিতা ও সহযোগিতার যোগসূত্র স্থাপনসহ চরতীর জনগনের সার্বিক কল্যাণের লক্ষ্যে চরতি সমিতি চট্টগ্রাম গঠনকল্পে এক সভা মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্তের সভাপতিত্বে নগরীর রেস্টুরেরন্ট অনূষ্ঠিত হয়।

সভায় মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্তকে আহ্বায়ক,  এ.কে. এম মুজিবুল হক চৌধুরী, এড. আবুল কাশেম, মো. আবুল কালাম, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, মো. রুহুল্লাহ চৌধুরী, মফিজ উদ্দিন আহমদকে যুগ্ন আহ্বায়ক এবং এ.এফ.এম আখতারুজ্জামান কায়সারকে সদস্য সচিব, এম নজরুল ইসলাম চৌধুরী, এড দেলোয়ার হোসেন, আবদুল মালেক খান, আলহাজ্ব নুরুল আমিন, মো. আলমগীর হোসেন , মো. নিজাম উদ্দিন, ফরিদুল আলম, আবুল হোসেন শুভ, মাহফুজুর রহমান চৌধুরী, এড নিলূ কান্তি দাশ, মো.জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান সিকদার, মো. জাহেদুল ইসলাম, কে,এম. নঈমুল হক কে নির্বাহী সদস্য করে ২১ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

সভায় সদস্য সংগ্রহ, উপদেষ্টা পরিষদ গঠন, দ্রুত সময়ের মধ্যে সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্র প্রস্তুত ও অনুমোদন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করার  সিদ্ধান্ত গ্রহীত হয়। 

এ সমিতি চট্টগ্রাম শহরে বসবাসরত চরতীবাসীর মধ্যে পারস্পরিক হৃদ্যতা ও সহযোগিতার বিষয় ছাড়াও চরতীর যে কোন সংকট সমাধানে এবং সার্বজনীন স্বার্থ রক্ষা, জনসাধারণের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সদস্যগণ আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন সচিব শওকত আলম

 চট্টগ্রাম শিক্ষাবোর্ডে নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শওকত আলম। ২০১৪ সাল থেকে তিনি উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে কর্মরত আছেন। 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম জানান, রোববার (১৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক আদেশে শওকত আলমকে চট্টগ্রাম শিক্ষা্বোর্ডের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সচিবের দায়িত্বে ছিলেন অধ্যাপক মো. আবদুল মুবিন। তিনি ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অবসর গ্রহণের পর পদটি শূন্য হয়। শূন্য পদেই শওকত আলমকে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর পাস করা শওকত আলম ১৯৯৩ সালে ১৪তম বিসিএস’র (শিক্ষা) মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অন্তর্ভূক্ত হন। বিসিএসে (শিক্ষা) অর্থনীতি বিষয়ে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি।
১৯৯৩ সালের ১৭ নভেম্বর গাছবাড়িয়া সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করে ১৯৯৬ সালে নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজে বদলি হন। পরবর্তীতে ২০০১ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ, ২০০২ সালে আবারো নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজে যোগ দেন।
পরবর্তীতে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে ২০০৬ সালে হবিগঞ্জের বৃন্দাবন কলেজ, ২০১১ সালে বান্দরবান সরকারি কলেজে যোগদান করেন।
সেখান থেকে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে প্রেষণে নিয়োগ পান। পরবর্তীতে ২০১৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি।

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

১৬ জানুয়ারি নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

পুলিশ সদর দফতরের নির্দেশে অনিবার্য কারণে পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরীক্ষার পরবর্তী তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে ।

Sunday, January 14, 2018

চট্টগ্রামের নেতাদের ঐক্য চায় শেখ হাসিনা: ওবায়দুল কাদের

প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অবর্তমানে সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের নেতাকর্মীদের কাছে ঐক্য চেয়েছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  একই সাথে মহিউদ্দিনের আত্মাও চট্টগ্রামের নেতাকর্মীদের কাছে একই আহ্বান জানাচ্ছে, এমন মন্তব্যও করেছেন তিনি।

রোববার বিকেলে নগরীর লালদীঘি ময়দানে এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই শোকসভার আয়োজন করে।
ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে বলেন, আমি নেতাকর্মীদের কাছে একটি কথা বলব।  আজ সকালে নেত্রীকে যখন বলেছি আমরা চট্টগ্রামে মহিউদ্দিন ভাইয়ের স্মরণসভায় এসেছি, তখন নেত্রী আমাকে বলেছেন, ‘চট্টগ্রামে গিয়ে শুধু একটা কথা বলবে। মহিউদ্দিন চৌধুরীর ‍অবর্তমানে আমি চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে ঐক্য চাই। ’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নেত্রী ঐক্য চান।   আপনারা মহিউদ্দিন চৌধুরীকে যদি শ্রদ্ধা নিবেদন করতে চান, তাহলে চট্টগ্রামে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে। দু:সময়ে, দুর্দিনে মহিউদ্দিন চৌধুরী যেমন চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করতেন, তেমনি শেখ হাসিনা বঙ্গবন্ধুর দুর্ভেদ্য ঘাঁটি এই চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অগ্রযাত্রা প্রত্যাশা করেছেন।
এসময় নেতাকর্মীদের হাত তুলে ঐক্যবদ্ধ থাকার ওয়াদা করান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের।  তিনি বলেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন শক্তি চট্টগ্রামে আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিউদ্দিনের সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বক্তব্য রাখেন।

সংসদ সদস্যদের মধ্যে সাবেক মন্ত্রী ডা.আফছারুল আমিন, এবিএম ফজলে করিম চৌধুরী, দিদারুল আলম, দিদারুল আলম ও ওয়াসিকা আয়শা খান বক্তব্য রাখেন।

শোকসভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর কমিটির সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈমউদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম সুজন বক্তব্য রাখেন।

ঢাকায় প্রণব মুখার্জি,চট্টগ্রামে আসবে মঙ্গলবার

একটি সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

আজ রোববার বিকাল ৪টায় জেট এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আগামী ১৮ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এসময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

এই সফরের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রণব মুখার্জি ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ঢাকায় সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হবে।

তিনি চট্টগ্রামের রাউজান উপজেলায় শহীদ সূর্যসেনের বাড়ি পরিদর্শন করবেন বলেও সফর সূচিতে রয়েছে।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে এসেছেন। তার সফরসঙ্গী হয়েছেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

উল্লেখ্য, ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত বছর জুলাইয়ে অবসরে যান।

অসুস্থ্য রমা চৌধুরীর শয্যাপাশে ওবায়দুল কাদের


চট্টগ্রাম  নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 'একাত্তরের জননী' খ্যাত, লেখিকা রমা চৌধুরীকে দেখতে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
রোববার  বেলা দেড়টায় জিইসির মেডিকেল সেন্টারে আসেন মন্ত্রী। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, মেডিকেল সেন্টারের ডা. হাসানুল বান্না, রমা চৌধুরীর ছেলে জহর লাল চৌধুরী, প্রকাশক আলাউদ্দিন খোকন, সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী সিভিল সার্জন ও মেডিকেল সেন্টারের ডাক্তারদের কাছে রমা চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেন। কিছু সময় শয্যা পাশে অবস্থান করেন।
 
সিভিল সার্জন মন্ত্রীকে জানান, ডায়াবেটিস, গলব্লাডারের ব্যথা, ইনফেকশন, জ্বর, রক্তচাপ ইত্যাদি সমস্যায় ভুগছেন। মেডিকেল বোর্ড বসানো হয়েছে। রমা চৌধুরী অপারেশনে রাজি নন।
 
পরে রমা চৌধুরীর কেবিনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মন্ত্রী বলেন, একাত্তরের জননী হিসেবে পরিচিত রমা চৌধুরী বার্ধক্যজনিক কারণে অসুস্থ। দেশের কাছে, জাতির কাছে, বিশেষ করে আজ মুক্তিযুদ্ধের সরকার শেখ হাসিনার সরকারের কাছে তার আত্মসম্মানবোধ প্রবল। আমি শুনেছি তিনি খালি পায়ে হেঁটে নিজের লেখা বই বিক্রি করে চলতেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। ডিসি সাহেব যে উদ্যোগ নিয়েছেন সেটি সরকারের উদ্যোগেরই অংশ। তিনি স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হলে সব ধরনের সাপোর্ট আমরা দেব।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রমা চৌধুরীর চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় বেসরকারি হাসপাতালে বেশি টাকা চিকিৎসা করাতে হচ্ছে যা তার পরিবারের সাধ্যের বাইরে। সাংবাদিকদের এমন কথার পর মন্ত্রী বলেন, আমি জেনেছি আজ পর্যন্ত মেডিকেল সেন্টারে কোনো টাকা জমা দেওয়া হয়নি। আমি আজই এক লাখ টাকা জমা করে দেব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। জানি না তিনি অবহিত কিনা।
 
বিকেলে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, মন্ত্রী ওবায়দুল কাদের মেডিকেল সেন্টারে রমা চৌধুরীর চিকিৎসার বিল হিসেবে দুই লাখ টাকা জমা করে দিয়েছেন।

সাতকানিয়ায় সমাপ্ত হল ৩ দিনের উন্নয়ন মেলা


সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলা-২০১৮ শেষ হয়েছে শনিবার।  চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাইস্কুল  মাঠে ১১-১৩ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণেরসামনে তুলে ধরা, এমডিজি অর্জনে সাফল্য প্রচার এবং এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরার লক্ষ্যে উপজেলা প্রশাসন।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৪১ সালের মধ্যে “সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ” এ রূপান্তরের অগ্রযাত্রাকে বেগবান করার দৃঢ় আত্মপ্রত্যয় সারাদেশে সরকার এ মেলার আয়োজন করে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় ৬০টি  স্টলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

গত তিনদিন জুড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহমেলায় প্রচুর দশর্ণার্থীদের সমাগম ছিলো। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যকে সর্বস্তরের জনগণের নিকট তুলে ধরা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করাই এ মেলার উদ্দেশ্য বলে জানান সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন।


শেষি দিন বিকেলে উন্নয়ন মেলা পরিদর্শণে যায় সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর শোকসভা বিকেলে লালদিঘীর মাঠে

সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিশাল শোকসভা আজ বিকেল ৩ টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

শোকসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম নগর এবং উত্তর ও দক্ষিণ জেলা শাখা আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ শোকসভায় মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতারা যোগ দেবেন।

‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে শেষ ইজতেমার প্রথম পর্ব

ইহকালে শান্তি ও পরকালের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি কামনায় শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে রাজধানীর উপকণ্ঠের টঙ্গীর তুরাগ নদীর তীর। ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়ে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মহান রাব্বুল আলামিনের দরবারে রহমত ও হেদায়েত প্রার্থনা করেন।

আজ রোববার বেলা ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। ১১টা ১৫ মিনিটে মোনাজাত শেষ হয়।

আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ানও বাংলায় করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এবার আখেরি মোনাজাত ও হেদায়তি বয়ান দুটোই হয় বাংলায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় গণভবনে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়া মন্ত্রী ও এমপিসহ বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক মিশনের সদস্য এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা আখেরি মোনাজাতে অংশ নেন।

ইজতেমার ময়দানের বাইরে অবস্থানকারী মুসল্লি ও এলাকাবাসীকে মোনাজাতে শরিক হতে গাজীপুর ও ঢাকা জেলা তথ্য অফিসের উদ্যোগে শতাধিক মাইকের সংযোগ দেয়া হয়। যারা ভিড়ের কারণে মূল ময়দানে যেতে পারেননি তারা সড়কে মোনাজাতে অংশ নেয়। এছাড়া সরকারি-বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশবাসী মোনাজাতে অংশ নেয়।

এসময় মহান আল্লাহ পাকের অশেষ মহিমায় আবেগাপ্লুত হন লাখো মুসল্লি। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নিকট আত্মসমর্পণে ব্যাকুল হয়ে পড়েন তারা।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আমেরিকা, সৌদি আরব, ভারত, পাকিস্তান, তুরস্ক, লেবানন, ফিলিপাইন, আফগানিস্তান, থাইল্যান্ড, আরব আমিরাত, মালয়েশিয়া ও ইংল্যান্ডসহ বিশ্বের ৮৫টি দেশের প্রায় সাড়ে ৪ হাজার বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন।

দেশি-বিদেশি মুসল্লিদের নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া রাস্তাঘাট, ব্যস্ততম এলাকাসহ পুরো ইজতেমা ময়দান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুরো ইজতেমা ময়দানকে ৮ স্তর বিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। প্রায় সাড়ে ৭ হাজার পুলিশ ইজতেমা মাঠে মোতায়েন রয়েছে। যা গেলো বারের চেয়ে ১৫শ’ বেশি।

আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে ১৯টি বিশেষ ট্রেন চলাচল করে। এছাড়া সব আন্তঃনগর ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করে। পাশাপাশি বিআরটিসি দুই শতাধিক স্পেশাল বাস সার্ভিস চালু করে। আখেরি মোনাজাতের দিন ছাড়াও ইজতেমা চলাকালীন টঙ্গী স্টেশনে দ্রুতযানসহ প্রতিটি ট্রেন যাত্রাবিরতি করবে বলে রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

আগামী ১৯ জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপের তিন দিনব্যাপী ইজতেমা শুরু হবে। একইভাবে ২১ জানুয়ারি দুপুরে সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

ওমান থেকে আসা চট্টগ্রামের ফ্লাইট নামলো কলকাতায়


কুয়াশার কারণে মাসকাট থেকে যাত্রী নিয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামতে পারেনি।পরে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

অন্যদিকে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে শাহ আমানতে অবতরণ করেছে।

রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট চারটি ফ্লাইট চট্টগ্রাম থেকে সঠিক সময়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেতে পারেনি।

বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি যেতে পারেনি।

একইভাবে সকাল সাড়ে ১০টার ফ্লাইটও যেতে পারেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, ঢাকা থেকে ফ্লাইট আসতে না পারায় চট্টগ্রাম থেকে সঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না।ঘন কুয়াশার কারণে সিঙ্গাপুর থেকে যাত্রী নিয়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা অবতরণ করতে না পারায় চট্টগ্রামে নেমেছে।

অন্যদিকে মাসকাট থেকে আসা একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে কলকাতায় অবতরণ করে।

Saturday, January 13, 2018

ঘন কুয়াশায় চট্টগ্রাম থেকে ফ্লাইট ছাড়তে বিলম্ব


ঘন কুয়াশার কারণে আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামতে পারেনি। সেটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ফলে চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইট সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। একইভাবে অন্যান্য ফ্লাইটও ২ থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে।
 

জানা গেছে, ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানসহ সব এয়ার লাইন্সের ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। নির্দিষ্ট সময়ে ফ্লাইট অবতরণ করতে না পারায় ছাড়তে পারেনি।
 
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়া কথা ছিল। কিন্তু সেটি আবুধাবী থেকে এলেও শাহ আমানতে নামতে পারেনি। ফলে সকাল ১১টায় প্রথম ফ্লাইট ছেড়ে যায়।

ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

কুমিল্লায় দুর্ঘটনাকবলিত ডেমু ট্রেন উদ্ধারের  সাড়ে ৬ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার বিকেল তিনটার দিকে ডেমু ট্রেনটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ঘটনাস্থল থেকে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার পর লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ১২টার দিকে উদ্ধার অভিযান শুরুর পর বিকেল তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

ওই দুর্ঘটনার ফলে কুমিল্লা, ময়নামতি, আখাউড়া ও লাকসামসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লা আসার পথে বানাসোয়া রেলক্রসিং এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় বিভিন্ন স্টেশনে আটকা পড়া যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সাতকানিয়ার ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে লেপটপ বিতরণ


শিশুদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার উদ্দেশেই প্রাইমারি স্কুল পর্যায়ে সরকার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বললেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। 

শনিবার সকাল থেকে চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এসব লেপটপ বিতরণ করেন। এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মোবারক  হোসেন, সাতকানিয়া পৌর সভার মেয়র মোহাম্মদ জোবোয়েরসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।



সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে সরকার কর্তৃক প্রদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, শিশুদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার উদ্দেশেই প্রাইমারি স্কুল পর্যায়ে সরকার ল্যাপটপ বিতরণ করছে। সভার সভাপতিত্ব করেন সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক  হোসেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কতৃক প্রদত্ত লেপটপ বিতরণ ২০১৮ এর  অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার  ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে লেপটপ বিতরণ করা হয়।




শীতের পিঠা বানাতে গিয়ে অগ্নিদগ্ধ


শীতের পিঠা তৈরির সময় ফিরোজা বেগম (৫০) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন। 

শুক্রবার  দিনগত রাতে রাঙ্গুনীয়া উপজেলার শীলক গ্রামের জহির আহমদ সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ফিরোজা বেগম একই এলাকার প্রবাসী মফিজুল হকের স্ত্রী।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার  জানান, মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রান্না ঘরে পিঠা বানাচ্ছিলেন ফিরোজা বেগম। এসময় ওই তাঁর গায়ে থাকা চাদরে আগুন লেগে যায়। পরে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
 
শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে গেছে বলেও জানান তিনি।

Thursday, January 11, 2018

চট্টগ্রামে ঋণ জালিয়াতির অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামের জালিয়াতির মাধ্যমে এক ব্যক্তিকে ঋণ নিতে সহায়তায় অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পূবালী ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসে উপ মহাব্যবস্থাপক পদে কর্মরত মো. নুরুল কবিরকে।

তার আগে বন্দর থানায় ৩ কোটি সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় পূবালী ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাথার সাবেক কর্মকর্তা ও বর্তমানে লক্ষ্মীপুর জেলার রায়পুরে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেনসহ আরও তিনজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন মোহাম্মদ হোসেন, আনিসুল আলম চৌধুরী, মো. সাহাবউদ্দিন।

মামলার বাদী দুদকের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বলেন, নুরুল কবির পূবালী ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকাকালে জাকির হোসেনসহ পরষ্পর যোগসাজসে আসামি মো. হোসেনকে শফিকুল ইসলাম পরিচয় দিয়ে একটি ভূয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সহায়তা করেন।

“২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মোহাম্মদ হোসেনকে ভুয়া আমদানিকারক পরিচয় ও ভুয়া কাগজপত্র জমা নিয়ে প্রায় পাঁচ কোটি টাকা ঋণ পেতে সহায়তা করেন।”

দুদক কর্মকর্তা সিরাজুল বলেন, হোসেন ভুয়া কাগজপত্র ও আমদানিকারক পরিচয় দিয়ে নেওয়া ঋণ থেকে কিছু পরিশোধ করলেও আরও তিন কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৪৯৪ দশমিক ২২ টাকা আসামিরা পরষ্পর যোগসাজশে আত্মসাৎ করেন।

চট্টগ্রামে লরির ধাক্কায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের একটি কন্টেইনার ডিপোতে লরির ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ড উপজেলার পোর্টল্যান্ড কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৫০) ছিলেন ওই ডিপোর ফোরম্যান। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে; চট্টগ্রামে তিনি পরিবার নিয়ে থাকতেন ভাটিয়ারি এলাকায়।

তার সহকর্মীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ভোরে ডিপোতে কাজ করার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন কালাম।

সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এএসআই আলাউদ্দিন জানান।