Monday, July 25, 2011

এবার সানডে মিররের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ

যুক্তরাজ্যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাকে কেন্দ্র করে ওঠা ঝড় না থামতেই এবার সানডে মিরর-এর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ পাওয়া গেছে। বিবিসি এ বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।
বিবিসির ‘নিউজনাইট’-এর পক্ষ থেকে গত এক দশক সানডে মিরর পত্রিকায় কাজ করা এক সাংবাদিকের সঙ্গে কথা বলা হয়। ওই সাংবাদিকের দাবি, পত্রিকাটির নিউজরুমে নিয়মিত বিভিন্ন ব্যক্তির ফোনে হ্যাক করা অর্থাৎ আড়ি পাতা হতো, যা তিনি নিজে দেখেছেন।
সূত্র জানায়, অভিনেত্রী লিজ হার্লি ও ফুটবলার রিও ফার্দিনান্দের মতো তারকার ফোন হ্যাকিং করা হয়।
ওই সাংবাদিক নিউজনাইটের রিচার্ড ওয়াটসনকে বলেন, ‘একদিন বিকেলে আমি নিউজরুমে দেখলাম, লিজ হার্লির ফোন হ্যাক করা হচ্ছে। একজন প্রতিবেদক তাঁর ফোনের বার্তা শুনছেন ও তা টুকছেন।

মিয়ানমার এখন এক ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণে’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মিয়ানমার এখন একটি ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণে’ রয়েছে। প্রকৃত বেসামরিক সরকার ও গণতন্ত্রের পোশাক আঁটা জান্তার শাসনের মধ্যে পড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল শনিবার ইন্দোনেশিয়ায় আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
হিলারি বলেন, মিয়ানমারের বর্তমান শাসকদের পূর্বসূরিদের থেকে আলাদা হতে হবে। তাদের দেখাতে হবে যে তারা ‘নতুন বেসামরিক সরকার’ চায়, নাকি যে পথে রয়েছে—সে পথেই থাকতে চায়। তিনি বলেন, মিয়ানমার এই দুই পথের ‘সন্ধিক্ষণে’ পৌঁছেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই হাজারেরও বেশি রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং বিরোধী দল ও জাতিগত সংখ্যালঘুদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে বর্তমান শাসকদের বেসামরিক সরকারের শাসনের দিকে এগিয়ে যেতে হবে। মিয়ানমারকে ‘পরমাণু অস্ত্র বিস্তার রোধের বাধ্যবাধকতার’ প্রতি সম্মান দেখাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, মিয়ানমার উত্তর কোরিয়ার সহযোগিতায় পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবিদার সব পক্ষকেই আইনি সাক্ষ্য-প্রমাণ দেখানোর আহ্বান জানান হিলারি। তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কারণ, এসব ঘটনায় আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি হুমকির মুখে পড়েছে।

ওবামার সঙ্গে রিপাবলিকানদের আলোচনা ভেঙে গেছে

বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র। কর বাড়ানো ও ব্যয় সংকোচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রিপাবলিকানদের আলোচনা ভেঙে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে গত শুক্রবার আলোচনা ভেঙে যাওয়ার পর প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করতে চান। গতকাল শনিবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠক ভেঙে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে এ বিষয়ে আলোচনার জন্য শীর্ষ আইনপ্রণেতাদের ডেকে পাঠিয়েছেন ওবামা। আগামী ২ আগস্টের মধ্যে এ ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে হবে প্রেসিডেন্ট ওবামাকে।
রিপাবলিকানদের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর শুক্রবার রাতে খুব কম সময়ের নোটিশে সংবাদ সম্মেলন আহ্বান করেন ওবামা। সেখানে তাঁকে ক্ষমতা নেওয়ার পর এই প্রথমবার ক্ষুব্ধ দেখা যায়। সংবাদ সম্মেলনে ওবামা বলেন, হোয়াইট হাউসের সঙ্গে রিপাবলিকান নেতৃত্বের পারস্পরিক ‘আস্থা ভেঙে পড়েছে’। রিপাবলিকান নেতা জন বোয়েনার ‘অসাধারণ পক্ষপাতহীন একটি চুক্তি’ নাকচ করে চলে গেছেন। ওবামা জানান, তিনি এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ কমানো এবং ১ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় বাড়ানোর প্রস্তাব দেন। রাজস্ব আয়ের একটি বড় অংশ আয়করের হার বাড়িয়ে সংগ্রহ করার প্রস্তাব দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে তিনি ‘আত্মবিশ্বাসী’।

যুক্তরাষ্ট্র ও কানাডার অনেক স্থানে গরমের নতুন রেকর্ড

অব্যাহত দাবদাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও প্রতিবেশী কানাডার অনেক জায়গায় জনদুর্ভোগ চলছেই। অনেক স্থানে তাপমাত্রা রেকর্ড স্পর্শ করেছে। অসহনীয় গরমে নাকাল মানুষ সুইমিংপুল ও শীতাতপনিয়ন্ত্রিত বিপণিকেন্দ্রের দিকে ছুটছে।
তীব্র শীতের জন্যই বেশি পরিচিত দেশ কানাডায় তাপমাত্রার ভয়াবহতা সম্পর্কে সতর্কতা জারি রয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরের দেশটির ২৪টি শহরে একক দিনের তাপমাত্রা আগের রেকর্ড ভঙ্গ করেছে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে নিউ জার্সি অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর নেওয়ার্কে শুক্রবার ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৯৩১ সালে শহরটিতে রেকর্ড রাখা শুরুর পর এটাই সর্বোচ্চ তাপমাত্রা।
ওয়াশিংটনের কাছে ডালেস বিমানবন্দরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ১৯৬২ সালে বিমানবন্দরটি চালু হওয়ার পর এটাই সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা। এ ছাড়া বাল্টিমোরের একটি স্থানে তাপমাত্রাও ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে।
বোস্টনে ৩৯ দশমিক ৫ ডিগ্রি এবং মেইনের বৃহত্তম শহর পোর্টল্যান্ড ও নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোড আইল্যান্ডের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর প্রভিডেন্সে পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াসের চিহ্ন স্পর্শ করেছে।
কানেটিকাটের শহর হার্টফোর্ড ও ব্রিজপোর্টেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহর দুটিতে তাপমাত্রা ওঠে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।
ফিলাডেলফিয়ায় গরমে অতিষ্ঠ মানুষ সরকারি সুইমিংপুলগুলোতে ভিড় জমাচ্ছে। সবাইকে সুইমিংপুলে নামার সুযোগ করে দিতে লোকজনকে আধঘণ্টার মধ্যে পানি থেকে ওঠার অনুরোধ জানানো হয়েছে। ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। বাজেট কাটছাঁটের কারণে যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় বেশ কিছু সরকারি সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছে দরিদ্র মানুষ।
নিউইয়র্ক নগরেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এখানকার সর্বোচ্চ রেকর্ডের চেয়ে মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস কম।
তীব্র গরমে নিউইয়র্কবাসীর অবস্থা এমনিতেই কাহিল। তার মধ্যে সেখানকার মানুষকে চারটি সৈকতের পানিতে না নামার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে তরল ময়লা পরিশোধন করার চারটি প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হাডসন নদীতে দূষিত পানি ফেলা হচ্ছে। এ কারণে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বিশেষজ্ঞ এলি জ্যাকস বলেন, ‘এটা ব্যতিক্রমী ধরনের তাপমাত্রা। এর ব্যাপ্তিও ভিন্ন ধরনের।’

মুম্বাই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২

ভারতের মুম্বাইয়ে বোমা হামলার ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান। ১৩ জুলাই মুম্বাইয়ের তিন জায়গায় ওই বোমা হামলা চালানো হয়।
চিকিৎসকেরা জানান, গত শুক্রবার মুম্বাইয়ের হরকিষান দাস হাসপাতালে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি মুম্বাইয়ের অপেরা হাউসে বোমা হামলায় গুরুতর আহত হন। এ ছাড়া গতকাল জে জে হাসপাতালে ৩০ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যু হয়। তিনি মুম্বাইয়ের জাভেরি বাজারে বোমা হামলায় আহত হন।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, মুম্বাই হামলায় আহত ১২ জন এখনো হরকিষান দাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ছাড়া জে জে হাসপাতালে আরও ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
এর আগে ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জনের প্রাণহানি ঘটে। ৩০০ জনের বেশি মানুষ আহত হয়।

নিউইয়র্কে আজ থেকে সমলিঙ্গের মানুষের দাম্পত্য জীবন শুরু

উৎসব-আনন্দের মধ্য দিয়ে আজ রোববার থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সমলিঙ্গের মানুষের দাম্পত্য জীবন শুরু হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার ঘোষণা দিয়েছেন, দেশের সেনাবাহিনীতে প্রকাশ্যে সমকামিতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে ২০ সেপ্টেম্বর।
সমকামীদের মধ্যে নিয়মিত দাম্পত্য সম্পর্ক, অর্থাৎ বিয়ের বৈধতা দেওয়ার আইন চালু হয়েছে গত মাসে। আইন কার্যকর হওয়ার প্রথম দিন থেকে অঙ্গরাজ্যজুড়ে সমলিঙ্গের বিয়ের নিবন্ধনের আবেদন সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। প্রথম দিনই আবেদন করে ৮২৩ জুটি। লটারি করে ৭৬৪ জুটিকে বিয়ের অনুমতি দেওয়ার কথা ছিল প্রথম দিন। কিন্তু পরে এ সিদ্ধান্ত বদলানো হয়।
ম্যানহাটনে বাংলাদেশি ক্যাবচালক মোহাম্মদ রহমান শনিবার রাতে প্রথম আলোকে জানান, নগরের পুরো সপ্তাহ যেন গে-লেসবিয়ানদের নিয়ন্ত্রণে চলে গেছে।
সেনাবাহিনীতে প্রকাশ্য সমকামিতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়ে বারাক ওবামা বলেন, ‘২০ সেপ্টেম্বরের পর থেকে সেনাসদস্যদের আর সমকামিতার বিষয়টি গোপন রাখার বাধ্যবাধকতা থাকবে না। সেনাবাহিনীকে আর সেসব গে ও লেসবিয়ান দক্ষ যোদ্ধা থেকে বঞ্চিত হতে হবে না।’

শ্রীলঙ্কায় উন্নয়ন নিয়ে সন্তুষ্ট নয় তামিলরা

শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলরা বলছে, উত্তরাঞ্চলের সাবেক যুদ্ধ এলাকায় প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে যুদ্ধ-পরবর্তী উন্নয়ন ও অবকাঠামোর যেসব প্রকল্প হাতে নিয়েছেন, তাতে তাদের আসল উদ্বেগের এখনো সমাধান হয়নি। গতকাল শনিবার স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের তারা এ কথা জানায়।
উত্তরাঞ্চলের সাবেক যুদ্ধকবলিত এলাকাসহ দেশটির অনেক জায়গায় গতকাল স্থানীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। এ সময় সহিংসতায় একজন নিহত হয়েছে।
উত্তরাঞ্চলীয় শহর জাফনার তামিলরা মনে করছে, এ নির্বাচন থেকে তাদের পাওয়ার আছে সামান্যই। থুবারাকি নাসেকওয়ারান নামের এক ভোটার বলেন, ‘এখানে আগেও এ ধরনের নির্বাচন হয়েছে, কিন্তু পরিবর্তন আসেনি। এবারের নির্বাচনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে মনে হচ্ছে।’
সাংবাদিকতা বিভাগের ছাত্রী থুবারাকি নাসেকওয়ারান (২২) এবারই প্রথম ভোট দিলেন। তিনি বলেন, ‘আমি তাঁদের ভোট দেব, যাঁরা তামিলদের সহায়তার কথা ভাববেন।’
জাফনায় সেনা সদস্যদের বিপুল উপস্থিতির মধ্যে ভোট নেওয়া শুরু হয়।
পুলিশ জানায়, এর কয়েক ঘণ্টা আগে অনুরাধাপুর জেলায় নির্বাচনী সহিংসতায় ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের একজন কর্মী নিহত হয়েছেন।
সরকারি গোয়েন্দা কর্মকর্তা ও সেনাদের উপস্থিতির কারণে জাফনা শহরের বাসিন্দা তামিলরা প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে অস্বীকৃতি জানায়। বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা মতামত জানতে চাইলে অনেকে ‘কোন মন্তব্য নয়’ বলে একবাক্যে জবাব দেন।
পুনর্গঠন কর্মসূচির আওতায় শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে অনেক অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দ্য নর্দার্ন স্প্রিং’।
তবে প্রেসিডেন্ট রাজাপক্ষে ও তামিলদের মধ্যে আস্থা স্থাপন করা খুব কঠিন কাজ বলে মনে করছেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, রাজাপক্ষে জাতিগতভাবে সিংহলি। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই তামিলদের মধ্যে আস্থা সৃষ্টি করতে পারেনি। অনেক তামিলই এলটিটিইর বিচ্ছিন্নতাবাদী ও সিংহলি-বিরোধী তত্ত্বে উদ্বুদ্ধ হয়ে বেড়ে উঠেছেন।

‘ভারি ভুতুড়ে দেখাচ্ছে!’

নাতবউয়ের বিয়ের পোশাকের প্রদর্শনীতে গিয়ে ভুতুড়ে অভিজ্ঞতা অর্জন করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গত শুক্রবার লন্ডনে রাজপরিবারের বাকিংহাম প্রাসাদের বলরুমে আয়োজিত এই প্রদর্শনীতে গিয়ে নিজের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করেন রানি।
ব্রিটিশ প্রেস অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদক বলেন, প্রদর্শনী জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগে রানি তা ঘুরে দেখেন। গত এপ্রিলে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের সময় কেট মিডলটন যে পোশাক পরেছিলেন, রানি একপর্যায়ে ওই পোশাকের সামনে গিয়ে দাঁড়ান। এ সময় নববধূ ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনও তাঁর সঙ্গে ছিলেন। পোশাকটি দেখে রানি মন্তব্য করেন, ‘এ যে ভারি ভুতুড়ে দেখাচ্ছে!’ জবাবে কেট বলেন, ‘পোশাকটিতে যেন ত্রিমাত্রিক ছবির প্রভাব (থ্রিডি ইফেক্ট) পড়েছে।’ এ সময় সেখানে উপস্থিত ব্রিটিশ সাংবাদিক এ ঘটনার কথা সবাইকে জানান।
এ সম্পর্কে বাকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র বলেন, ‘এটি ছিল রানি ও ডাচেস অব কেমব্রিজের ব্যক্তিগত কথোপকথনের অংশবিশেষ। আমরা ব্যক্তিগত কথোপকথনের ব্যাপারে কোনো মন্তব্য করি না।’
কেটের বিয়ের পোশাক ছাড়াও এ প্রদর্শনীতে, তাঁর ব্যবহূত জুতা ও কানের দুল, রানির কাছ থেকে ধার নেওয়া ৯০০ হীরা বসানো টায়রা ইত্যাদি রাখা হয়েছে। প্রাসাদ কর্তৃপক্ষ আশা করছে, এবারের প্রদর্শনীতে রেকর্ডসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে। অন্তত সাড়ে ছয় লাখ মানুষ এ প্রদর্শনী ঘুরে দেখবেন।

চীনে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ১৬

চীনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সিনহুয়া জানায়, দুই ট্রেনের সংঘর্ষে একটি ট্রেনের দুটি বগি সেতুর নিচে পড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। প্রতিটি বগি ছিল ১০০ যাত্রীর ধারণক্ষমতাসম্পন্ন।
প্রথম ট্রেনটি বজ্রপাতের আঘাতে নিশ্চল হয়ে পড়লে দ্বিতীয় একটি বুলেট ট্রেন সেটিকে পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রেনটির দুটি বগি ছিটকে সেতুর নিচে পড়ে যায়।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রতিবেদনে দেখা গেছে, ট্রেনের একটি বগি সেতুর নিচে পড়ে আছে এবং আরেকটি বগি ওই বগির ওপরে পড়ে রয়েছে।
প্রথম ট্রেনটি প্রাদেশিক রাজধানী হ্যাংঝু থেকে ওয়েনঝু শহরে যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার রাত আটটা ৩৪ মিনিটে ওয়েনঝুর শুয়ানজিউ এলাকায় এই দুর্ঘটনার মুখে পড়ে।

বাধ্য হয়েই জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করছি

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা বাধ্য হয়েই জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করতে যাচ্ছে। অধিকৃত এলাকায় বসতি স্থাপন বন্ধের আহ্বান ইসরায়েল বারবার প্রত্যাখ্যান করায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
গতকাল শনিবার তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফিলিস্তিনি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মাহমুদ আব্বাস এ কথা বলেন।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সদস্যপদের জন্য সাধারণ পরিষদে আবেদন জানাবে ফিলিস্তিন। বিষয়টির প্রস্তুতি চূড়ান্ত করতে কূটনীতিকদের সঙ্গে এ বৈঠকে বসেন আব্বাস। সেখানে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়িপ এরদোগানও উপস্থিত ছিলেন। জাতিসংঘে যাওয়ার ব্যাপারে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, এটি একতরফা নয়, বরং ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়টিই একতরফা।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কূটনীতিক এএফপিকে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার জন্য আবেদনের প্রস্তুতি আগামী ৪ আগস্ট চূড়ান্ত করা হবে। ওই দিন দোহায় আরব মনিটরিং কমিটির সভা হবে। কাতার, মিসর ও সৌদি আরব ওই সভায় যোগ দেবে। ওই কূটনীতিক আরও বলেন, এরপর আগস্টের প্রথম সপ্তাহে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা প্রায় দুই বছর বন্ধ থাকার পর ওয়াশিংটনের উদ্যোগে গত সেপ্টেম্বরে আবার শুরু হয়। কিছুদিন পর তা আবার বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত এলাকায় বসতি স্থাপন বন্ধ করতে রাজি হয়নি। ১৯৬৭ সালের সীমানা প্রশ্নে সমঝোতা আলোচনায় বসতেও তিনি অস্বীকৃতি জানান। এ জন্যই তাঁর সঙ্গে সমঝোতা আলোচনায় বসা সম্ভব হয়নি।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের লক্ষ্য সমঝোতায় পৌঁছানো। বিশ্বের অন্যান্য দেশের মানুষের মতো আমরাও সাধারণ পরিষদের, জাতিসংঘের সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করি।’
আব্বাস বলেন, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদারির শিকার হয়। এখনো তা থেকে মুক্ত হয়নি ফিলিস্তিন।
আব্বাস বলেন, ‘এর মধ্যে ১১৮টি দেশ ১৯৬৭ সালের ওই যুদ্ধের আগের সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। আশা করি, আগামী সেপ্টেম্বরের মধ্যে এ সংখ্যা ১৩০ হবে।’

মহাশূন্যে বিশাল জলাধারের সন্ধান!

মহাশূন্যে বিশাল একটি জলাধারের সন্ধান পেয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। এতে পৃথিবীর সব মহাসাগরের চেয়ে অন্তত ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে।
গবেষকদের দুটি দল বলছে, মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে দূরের জলাধার এটি। নতুন সন্ধান পাওয়া এই জলাধারটি পৃথিবী থেকে এক হাজার ২০০ আলোকবর্ষ দূরের একটি কৃষ্ণ-গহ্বরকে ঘিরে রেখেছে। একটি বিশাল আকৃতির কৃষ্ণ-গহ্বরবেষ্টিত কোয়াসার চার পাশের গ্যাস-ধুলোবালি চুষে নেয়।
গবেষকেরা ‘এপিএম-০৮২৭৯+৫২৫৫’ নামের ওই কোয়াসার নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন। কৃষ্ণ-গহ্বরটি সূর্যের চেয়ে দুই হাজার গুণ বড়। একপর্যায়ে তাঁরা ওই কৃষ্ণ-গহ্বরটির চারপাশে বাষ্পীভূত পানির অস্তিত্ব খুঁজে পান।
দুটি গবেষক দল এ গবেষণায় অংশ নেয়। একটির নেতৃত্বে ছিলেন নাসার বিজ্ঞানী ম্যাট ব্রাডফোর্ড। তিনি বলেন, কৃষ্ণ-গহ্বরটির চার পাশের আবহাওয়া অনন্য ধরনের যা বিপুল পরিমাণে পানি উৎপন্ন করছে।’
জলাধারটির অস্তিত্ব প্রথম আবিষ্কার করেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষক পদার্থবিজ্ঞানী ডারিউজ লিস ও তাঁর সহযোগীরা।

চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

রাজত্ব হারিয়েছে আগেই। এখন বাস্তিলের মতো একে একে ধসে পড়ছে দুর্গগুলো। একসময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলা অস্ট্রেলিয়া টেস্টে এখন পাঁচ নম্বর দল। আইসিসির প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে চাইলে তাদের উঠে আসতে হবে চারে। ২০১৩ সালের জানুয়ারির মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা চারটি দল নিয়ে হবে এই প্রথম চ্যাম্পিয়নশিপ। ঘুরে দাঁড়াতে চাইলে অস্ট্রেলিয়াকে সতর্ক হতে হবে এখনই।
সে কথাই মনে করিয়ে দিলেন ব্র্যাড হাডিন। আর কদিন পর শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। দুটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডের পর তিনটি টেস্টও খেলবে মাইকেল ক্লার্কের দল। সিরিজটা অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, র‌্যাঙ্কিংয়ে এখন চারে রয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার চেয়ে আটটি রেটিং পয়েন্ট বেশি তাদের। সিরিজটা জিততে পারলে অস্ট্রেলিয়া র‌্যাঙ্কিংয়ের চারে উঠে আসবে। আর হেরে গেলে তাদের রেটিং থেকে আরও পাঁচ পয়েন্ট কাটা যাবে।
কিন্তু গত এক বছরে অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স আশাপ্রদ নয়। এ সময় ভারতের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে। হাডিন সেটাই মনে করিয়ে দিয়ে সতর্ক করছেন সতীর্থদের, ‘গত ১২ মাসে যে ভুল আমরা করেছি, সেটার পুনরাবৃত্তি করলে চলবে না। এই ভুলের কারণেই আমরা ম্যাচ জিততে পারছি না। ব্যক্তিগত নয়, দলগত দিক দিয়েই আমাদের এই সফর গুরুত্বপূর্ণ।’
গত নভেম্বরের পর আর টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। প্রায় ১০ মাস পর খেলতে নামবে তারা। এই দীর্ঘ বিরতি থেকে আবার টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়াও গুরুত্বপূর্ণ। হাডিন বলছেন, ‘টেস্ট ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন হলো। সবাই তাই টেস্টে ফিরতে ব্যাকুল হয়ে আছে। প্রথম টেস্ট শুরুর আগে কিন্তু নিশ্চিত হতে হবে, আমরা পুরোপুরি তৈরি। র‌্যাঙ্কিংয়ে এখন আমাদের যে অবস্থান, সেটা আমাদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। তাই আমাদের ভালো ক্রিকেট খেলতেই হবে।’

রিয়ালে আরও ক্ষমতাবান মরিনহো

কোচ হিসেবে হোসে মরিনহো খুবই কর্তৃত্বপরায়ণ। দল পরিচালনায় তাঁর কথাই শেষ কথা। রিয়াল মাদ্রিদে মরিনহোর ক্ষমতাটা আরও বাড়ল। কোচ তো আছেন, এবার রিয়ালের ক্রীড়া পরিচালকের বাড়তি দায়িত্বও তাঁকে দেওয়া হলো। মানে এখন থেকে কাকে দলে টানবেন, কাকে ছেড়ে দেবেন, একাদশে কাকে খেলাবেন, কাকে খেলাবেন না, মরিনহোর সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে নাক গলানোর কেউ আর থাকল না।
গত মৌসুমে শিরোপার মিশন হিসেবেই ইন্টার মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই পর্তুগিজ। কিন্তু রিয়ালে যোগ দেওয়ার পরই তৎকালীন ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানোর সঙ্গে তাঁর মতের অমিল হয়। এর প্রভাব পড়ে খেলোয়াড়দের ওপরও। এ কারণেই কিনা গত মৌসুমে মরিনহো রিয়ালকে জেতাতে পেরেছেন মাত্র একটি শিরোপা—কোপা দেল রে। লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এবার শিরোপা মিশনের পথ আরও মসৃণ করতেই মরিনহোর ক্ষমতা আরও নিরঙ্কুশ করা হলো।
ভালদানোর সঙ্গে যুদ্ধে মরিনহো জয়ী হয়েছেন গত মৌসুমেই। ক্রীড়া পরিচালকের পদ থেকে ভালদানোকে সরিয়ে দেওয়া হয় গত মে মাসেই।
চেলসি এবং ইন্টার মিলানেও কোচ মরিনহোই ছিলেন সর্বেসর্বা। তার ফসলও ঘরে তুলেছে ক্লাব দুটি। এবার রিয়ালও হাঁটল একই পথে। দেখা যাক, আরও ক্ষমতাবান হয়ে মরিনহো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দিতে পারেন কিনা। কদিন আগে অবশ্য রিয়ালের ক্রীড়া পরিচালক হিসেবে জিনেদিন জিদানকে নিয়োগ দেওয়ার খবর পাওয়া গিয়েছিল। ফরাসি কিংবদন্তিকে নতুন কী ভূমিকায় দেখা যাবে, সেটাও কৌতূহলের বিষয় হয়েই থাকল।

ভেনেজুয়েলাকে হারিয়ে তৃতীয় স্থানে পেরু

পাওলো গুয়েরেরোর হ্যাটট্রিকে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করে কোপা আমেরিকার এবারের আসর শেষ করেছে পেরু। পাঁচটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও হয়তো জিতে নিতে যাচ্ছেন পেরুর স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। তিন গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরো।
প্রথমার্ধের ৪১ মিনিটে পেরুর পক্ষে প্রথম গোলটি করেন উইলিয়াম চিরক। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভেনেজুয়েলার মিডফিল্ডার টমাস রিঙ্কনকে। এরপর ১০ জনের ভেনেজুয়েলার ওপর চড়াও হয়ে খেলতে থাকে পেরু। ৬৩ মিনিটে নিজের প্রথম গোলটি করেন পাওলো গুয়েরেরো। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে পর পর দুটি গোল করে কোপা আমেরিকার প্রথম হ্যাটট্রিকটি করেন পেরুর এই স্ট্রাইকার। ৭৭ মিনিটে ভেনেজুয়েলার পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে সক্ষম হন জুয়ান ফার্নান্দো আরাঙ্গো।
আজ রাত একটায় কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে ফেবারিট উরুগুয়ে ও প্যারাগুয়ে।

ফার্গুসনকেই সেরা বললেন গার্দিওলা

বার্সেলোনাকে সাফল্যের স্বর্ণশিখরে নিয়ে গেছেন কোচ পেপ গার্দিওলা। গত মৌসুমে প্রথমে স্প্যানিশ লিগ শিরোপা জয়ের পর ইউরোপসেরার মুকুটও এনে দিয়েছেন কাতালানদের। তবে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতলেও ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনকেই সেরার আসনে বসিয়েছেন গার্দিওলা।
গতকাল ক্রোয়েশিয়ান ক্লাব হাজডুক স্প্লিটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি নিজেকে ফার্গুসনের সঙ্গে তুলনা করি না। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছি, তার মানে এই না যে, আমি তাঁর চেয়ে ভালো কোচ। ফার্গুসনের সমপর্যায়ে যেতে হলে আমাকে এখনো অনেক কাজ করতে হবে। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও তাঁর মর্যাদা এতটুকুও কমবে না। তিনি গত ২৫ বছর ধরে ম্যানইউয়ের কোচ হিসেবে কাজ করছেন। তাঁর হাত ধরেই অনেক শিরোপা জিতেছে এই ইংলিশ ক্লাবটি। আমার মনে হয়, কোচ হিসেবে যদি কাউকে এক নম্বর বলতে হয়, তাহলে সেটা অবশ্যই অ্যালেক্স ফার্গুসন।’
১৯৮৬ সালে ম্যানইউয়ের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ফার্গুসন। এরপর ১২ বার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছেন রেড ডেভিলদের। ১৯৯৯ ও ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জমা করেছেন ম্যানইউয়ের ট্রফি কেসে।