Monday, May 18, 2026

সন্ধান পাওয়া গেল ‘শিংযুক্ত’ মৌমাছির

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ‘শিংযুক্ত’ এক নতুন মৌমাছির প্রজাতির সন্ধান পেয়েছেন। এর নাম দেওয়া হয়েছে ‘মেগাকাইল লুসিফার’।

অস্ট্রেলিয়ার গোল্ডফিল্ডস অঞ্চলের ব্রেমার রেঞ্জেস এলাকায় একটি বিরল বুনো ফুল পর্যবেক্ষণ করার সময় গবেষকেরা এই মৌমাছির সন্ধান পান। এই ফুল শুধু ওই এলাকাতেই জন্মে।

গবেষণায় দেখা গেছে, এই মৌমাছির স্ত্রী প্রজাতির মাথায় রয়েছে ক্ষুদ্র কিন্তু স্পষ্ট ‘শিং’। এ শিং সম্ভবত আত্মরক্ষার কাজে, মধু বা পরাগ সংগ্রহে, কিংবা বাসা বানাতে রেজিন–জাতীয় উপাদান জোগাড়ে সহায়তা করে।

গবেষণার নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কিট প্রেন্ডারগাস্ট। তিনি বলেন, স্ত্রী মৌমাছিটির মুখে ছোট ছোট শিং রয়েছে। নেটফ্লিক্সে লুসিফার নামের ধারাবাহিকটি দেখার সময় এটি আবিষ্কার করা হয়। তাই নামটি একেবারেই উপযুক্ত মনে হয়েছে।

‘লুসিফার’ শব্দটি লাতিন ভাষায় ‘আলো-বাহক’ অর্থে ব্যবহৃত হয়। গবেষক প্রেন্ডারগাস্ট জানান, এই নামের মাধ্যমে তিনি দেশীয় মৌমাছি সংরক্ষণের গুরুত্ব এবং বিপন্ন উদ্ভিদের পরাগায়নের প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে চেয়েছেন।

এই আবিষ্কার–সংক্রান্ত প্রতিবেদনটি জার্নাল অব হাইমেনোপটেরা রিসার্চ–এ প্রকাশিত হয়েছে। যে এলাকায় নতুন মৌমাছি ও বিরল বুনো ফুলটি পাওয়া গেছে, সেটিকে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা এবং সুরক্ষিত করার জন্য আহ্বান জানিয়েছেন গবেষকেরা।

https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-11-11%2Fm404q8r3%2Fbee.jpg?rect=0%2C0%2C916%2C611&w=622&auto=format%2Ccompress&fmt=avif
এই মৌমাছির নাম দেওয়া হয়েছে ‘মেগাকাইল লুসিফার’ ছবি: বিবিসি থেকে নেওয়া স্ক্রিনশট

গুগল তৈরি করছে শক্তিশালী এআই চিপ by আহসান হাবীব

০৯ নভেম্বর ২০২৫ঃ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আধিপত্য ভাঙতে গুগল চিপ নির্মাণের ঘোষণা দিয়েছে। গুগল এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী এআই চিপ তৈরি করছে। সপ্তম প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চিপকে ‘আয়রনউড’ নামে ডাকা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারবেন।

২০২৫ এপ্রিলে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে আয়রনউড চালু করে গুগল। সেই চিপ পূর্ণাঙ্গভাবে বাজারে আনার জন্য দ্রুত কাজ করছে গুগল। সম্পূর্ণ নিজস্ব নকশায় তৈরি টিপিইউ চিপ বড় আকারের মেশিন লার্নিং মডেলের প্রশিক্ষণ ও চ্যাটবট বা ডিজিটাল সহকারীর মতো বাস্তবসম্মত সেবা পরিচালনার জন্য তৈরি করা হয়েছে।

গুগলের দাবি, একসঙ্গে ৯ হাজার ২১৬টি টিপিইউ সংযুক্ত করে একটি বিশেষ ‘পড’ তৈরি করা যায়। এই পড ব্যবহার করে বৃহত্তম ও তথ্যনির্ভর এআই মডেল চালানোর সময় ডেটা বটলনেক বা তথ্যপ্রবাহের জটিলতা কার্যত দূর হয়ে গেছে। আয়রনউড আগের প্রজন্মের টিপিইউ চিপের তুলনায় চার গুণ বেশি কাজ করতে পারে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ক্লড নামের ল্যাংগুয়েজ মডেল পরিচালনার জন্য প্রায় ১০ লাখ গুগলের আয়রনউড চিপ ব্যবহার করবে।

বর্তমানে এআই বাজারে আধিপত্য বিস্তারে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও মেটার মধ্যে প্রতিযোগিতা তীব্রভাবে চলছে। এখনো বেশির ভাগ বড় ল্যাংগুয়েজ মডেল এনভিডিয়ার জিপিইউ–নির্ভর। গুগলের টিপিইউর মতো নিজস্ব নকশার চিপও বেশ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এসব চিপ দক্ষতা, গতি ও খরচ সাশ্রয় তিন ক্ষেত্রেই বাড়তি সুবিধা দিচ্ছে। নতুন চিপের পাশাপাশি গুগল ক্লাউড প্ল্যাটফর্মে আনা হচ্ছে নানা আপগ্রেড। গুগল জানায়, তাদের সেবাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও নমনীয় করা হচ্ছে।

ক্লাউড বাজারে গুগল অ্যামাজন ও মাইক্রোসফটের বেশ পেছনে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গুগল ক্লাউডের আয় ছিল ১৫ দশমিক ১৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি প্রবৃদ্ধির। গুগল জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ৯ মাসে গত দুই বছরের চেয়ে বেশি বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি সই হয়েছে। বাড়তি চাহিদা মেটাতে ৯৩ বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, ‘আমরা আমাদের এআই অবকাঠামো পণ্যের ব্যাপক চাহিদা লক্ষ করছি। সেটা টিপিইউ–ভিত্তিক হোক বা জিপিইউ–ভিত্তিক। গত এক বছরে আমাদের প্রবৃদ্ধির অন্যতম বড় চালিকা শক্তি এটি। ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে গুগলের।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নতুন চিপ তৈরি করছে গুগল
নতুন চিপ তৈরি করছে গুগল। ছবি: রয়টার্স।