Thursday, April 21, 2011

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জনের মৃত্যু

ভারতের অরুণাচল প্রদেশে গতকাল মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ আরোহী গুরুতর আহত হয়েছে।
রাজ্য পুলিশের মহাপরিদর্শক এস বি সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, বেসরকারি সংস্থা পবন হংস হেলিকপ্টার লিমিটেডের ওই হেলিকপ্টারটি চীন সীমান্তের কাছে তাওয়াং অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে ১৮ জন নিহত হয়েছে এবং পাঁচজন মারাত্মকভাবে পুড়ে গেছে। পুড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ক্রুও আছেন।
এস বি সিং আরও জানান, বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে পাঁচ ক্রুসহ ২৩ জন আরোহী ছিল। তাদের মধ্যে দুটি শিশু ছিল। তবে শিশুদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
পবন হংসের হেলিকপ্টারগুলো প্রতিদিনই গুয়াহাটি ও তাওয়াংয়ের মধ্যে চলাচল করে থাকে। এ ছাড়া অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য এলাকাতেও হেলিকপ্টারগুলো চলাচল করে থাকে।

সর্বোচ্চ ফি নিতে চায় ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো

ইংল্যান্ডের দুই-তৃতীয়াংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি বাবদ বছরে নয় হাজার পাউন্ড নেওয়ার পরিকল্পনা করেছে। নির্দিষ্ট কয়েকটি অথবা সব কোর্সের বিপরীতে তারা এই ফি দাবি করতে যাচ্ছে। অথচ এর আগে ব্যতিক্রম দু-একটি ক্ষেত্র ছাড়া ছয় হাজার পাউন্ডের বেশি ফি আদায় করা হবে না বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। গতকাল মঙ্গলবার প্রকাশিত বিবিসির এক জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা খাতে সরকারি ভর্তুকি হ্রাসের ঘোষণা দেয়। এর ফলে পড়াশোনার খরচ বেড়ে যাবে বলে শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করেন। তবে সরকার তার সিদ্ধান্তে অটুট থেকে বলেছে, বাড়তি টিউশন ফি না নেওয়া ছাড়া তাদের সামনে কোনো পথ খোলা নেই।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলো বর্ধিত টিউশন ফি হিসেবে প্রতি কোর্সের বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ছয় হাজার পাউন্ডের বেশি নেবে না, তবে ‘বিশেষ’ ও ‘ব্যতিক্রম ক্ষেত্রে’ তারা এর বেশি ফি নিতে পারবে। কিন্তু ওই পরিমাণ কোনোভাবেই নয় হাজার পাউন্ডের বেশি হতে পারবে না।
বিবিসি ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর জরিপ চালায়। এতে দেখা যায়, ৪৭টি প্রতিষ্ঠানই বিশেষ বিশেষ কোর্স বা সব কোর্সের টিউশন ফি হিসেবে নয় হাজার পাউন্ড নিতে চাইছে।

ইয়েমেনে নতুন রাজনৈতিক দল গঠন

ইয়েমেনে ক্ষমতাসীন দলের সাবেক কয়েকজন আইনপ্রণেতা দেশের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। নতুন দলে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সরকারের সাবেক তিন মন্ত্রীও আছেন।
নব গঠিত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লক দলে সালেহ সরকারের সাবেক পর্যটন, মানবাধিকার ও পরিবহনমন্ত্রী যোগ দিয়েছেন।
নব গঠিত দলটি সরকারবিরোধীদের ওপর সালেহ সরকারের নির্যাতন-নিপীড়নের তীব্র বিরোধিতা করেছে। তারা প্রেসিডেন্ট সালেহের ৩২ বছরের শাসনেরও অবসান দাবি করেছে।
দলটির নেতা মোহাম্মদ আবু লাহুম গতকাল মঙ্গলবার বলেন, ‘আমরা এ যুব বিপ্লবকে সমর্থন করি। আমরা এর সঙ্গে আছি।’
এদিকে গতকালও দেশটিতে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

সিরিয়ায় ৫০ বছরের জরুরি আইন প্রত্যাহারে বিল পাস

সিরিয়ার সরকার সে দেশে প্রায় ৫০ বছর ধরে বহাল থাকা জরুরি আইন প্রত্যাহারে গতকাল মঙ্গলবার একটি বিল পাস করেছে। একই সঙ্গে সরকার সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। সরকারি বার্তা সংস্থা সানা এ কথা জানায়।
সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আল-সার সব ধরনের মিছিল ও বিক্ষোভ থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণের নিরাপত্তা ও দেশের স্বার্থে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। বিক্ষোভ দমনে দেশটির মন্ত্রিসভা একটি বিল অনুমোদন করেছে।
সরকার বলেছে, হোমস ও উত্তরাঞ্চলীয় শহর বানিয়াসের অস্থিতিশীলতা সশস্ত্র বিদ্রোহেরই নামান্তর। এই সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
গত সোমবার বিক্ষোভকারীরা সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের কেন্দ্রস্থল দখল করে নেওয়ার পর সরকারের পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। বিক্ষোভকারীদের অঙ্গীকার—সরকার তাঁদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা সেখান থেকে সরে যাবেন না। বিক্ষোভকারীরা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোমসে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে। এতে চারজন নিহত হয়।
মানবাধিকার কর্মীরা বলছেন, সিরিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ২০০ জন নিহত হয়েছে।
জরুরি আইন তুলে নেওয়া ও রাজবন্দীদের মুক্তি সরকারবিরোধী বিক্ষোভকারীদের অন্যতম দাবি।
লেবাননের বৈরুত থেকে বিবিসির সংবাদদাতা বলেন, সিরিয়ার নজিরবিহীন এই বিক্ষোভ প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এক মাসেরও বেশি সময় আগে দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় বাথ পার্টির শাসনের বিরুদ্ধে বিক্ষোভের সূচনা হয়। এরপর গোটা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
গত সোমবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থিতিশীলতাকে সশস্ত্র বিদ্রোহ হিসেবে বর্ণনা করে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত রক্ষণশীল সালাফিস্ট মুসলিম সংগঠনের সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোকজনকে হত্যা করেছে। মৃতদেহের অঙ্গচ্ছেদ করেছে, সম্পদ ধ্বংস করেছে এবং মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনাগুলো সালাফিস্ট সংগঠনের সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর সশস্ত্র বিদ্রোহ, বিশেষ করে হোমস ও বানিয়াস শহরে।’ বিবৃতিতে বলা হয়, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।
এদিকে বিক্ষোভকারীরা জানান, হোমসের ক্লক স্কয়ারের চারপাশে তল্লাশি চৌকি বসানো হয়েছে। নিরস্ত্র বেসামরিক লোকজন ছাড়া অন্য কেউ যাতে সেখানে প্রবেশ করতে না পারে সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মানবাধিকারকর্মীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
এরই মধ্যে বিভিন্ন খবরে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কয়ার থেকে লোকজনকে জোর করে সরিয়ে দিয়েছেন।
একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে বলেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সেখানে অনেক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
পুলিশ হেফাজতে একজন আদিবাসী নেতার মৃত্যুর ঘটনায় বিক্ষোভরত ব্যক্তিদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে গত রোববার কমপক্ষে ১২ জন প্রাণ হারান।
এদিকে সিরিয়ার সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ রোববার একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং তাঁর দুই ছেলে ও এক ভাতিজাসহ তিন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। হত্যার পর তাঁদের অঙ্গহানি করা হয়।
গত রোববার উত্তরাঞ্চলীয় শহর বানিয়াতেও সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

মানবাধিকারকর্মী বিনায়ক সেন জামিনে মুক্ত

ভারতে গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মী বিনায়ক সেন জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় ছত্তিশগড়ের রায়পুর কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। মুক্তির শর্ত হিসেবে তিনি তাঁর পাসপোর্ট জমা দেবেন এবং আদালতের আদেশে যেকোনো সময় হাজির হতে বাধ্য থাকবেন।
বিনায়ক সেনের পরিবারের সদস্যরা কারাফটকে তাঁকে অভিনন্দন জানান। মুক্তির পর তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমি এ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করিনি।’ তিনি সাংবাদিকদের জানান, ছত্তিশগড়সহ দেশটির বিভিন্ন কারাগারে শত শত বন্দী রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাভোগ করছেন।
গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট বিনায়ক সেনের জামিন মঞ্জুর করেন। গত বছরের ডিসেম্বর মাসে ছত্তিশগড়ের আদালত মাওবাদী বিদ্রোহীদের সহায়তার জন্য রাষ্ট্রদ্রোহের দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিনায়ক সেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

বুরকিনা ফাসোয় নতুন প্রধানমন্ত্রী

ফ্রান্সে নিযুক্ত বুরকিনা ফাসোর রাষ্ট্রদূত লুক-অ্যাডোলপি টিয়াওকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ব্লেইস কম্পাওরে। এদিকে আফ্রিকার এই দেশে সেনাসদস্যদের বিদ্রোহে যোগ দিয়েছে পুলিশও। প্রেসিডেন্ট কম্পাওরের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রছাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে বলেন, সেনাসদস্য ও আধা সামরিক পুলিশ বাহিনীর সদস্যরা উত্তরাঞ্চলীয় শহর কায়ার রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁরা ফাঁকা গুলি ছোড়েন। এ ছাড়া তাঁরা একটি আর্মি রেজিমেন্টের প্রধানের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
এই প্রথমবারের মতো পুলিশ সদস্যরা সেনা বিদ্রোহে যোগ দিলেন। গত বৃহস্পতিবার রাজধানী ওয়াগাদুগৌতে বিদ্রোহের সূচনা হয়। কায়াসহ এ পর্যন্ত চারটি শহরে বিদ্রোহের ঘটনা ঘটেছে।
গত সোমবার রাতে সরকারি এক ডিক্রিতে প্রধানমন্ত্রী হিসেবে সাবেক সাংবাদিক লুক-অ্যাডোলপি টিয়াওয়ের নাম ঘোষণা করা হয়। এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী টেরটিয়াস জোঙ্গোকে বরখাস্ত করা হয়।
৫৬ বছর বয়সী সাংবাদিক টিয়াও সরকারি-মালিকানাধীন দৈনিক পত্রিকা সিডওয়াইয়া-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সুপিরিয়র কমিউনিকেশন কাউন্সিলের প্রধানও ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুরকিনা ফাসোর পশ্চিমাঞ্চলীয় শহর কৌদুগৌতে একদল তরুণ বিক্ষোভ করেছেন। বিক্ষোভটি একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ক্ষমতাসীন পার্টির কার্যালয় ও সাবেক প্রধানমন্ত্রী জোঙ্গোর একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সিঙ্গাপুরে পার্লামেন্ট বিলুপ্ত ৭ মে সাধারণ নির্বাচন

সিঙ্গাপুরে আগামী ৭ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট এস আর নাথান গতকাল মঙ্গলবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
প্রেসিডেন্ট নাথান গতকাল সরকারি গেজেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা জানান। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙের সঙ্গে পরামর্শ করেই এ ঘোষণা দেওয়া হয়।
সিঙ্গাপুরের নিউজ এশিয়া চ্যানেল জানায়, নির্বাচনে প্রার্থীদের ২৭ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
দেশটিতে গত তিনটি সাধারণ নির্বাচনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার তিন সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে।

লস অ্যাঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমস পুলিৎজার পেয়েছে

এবার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমস পত্রিকা। গতকাল মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়। এ ছাড়া ক্যানসারবিষয়ক একটি বইয়ের জন্য ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক সিদ্ধার্থ মুখার্জিও এ পুরস্কার পান।
লস অ্যাঞ্জেলেস টাইমস ‘পাবলিক সার্ভিস’ ও ‘ফিচার ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার পেয়েছে। নিউইয়র্ক টাইমস পুরস্কার জেতে ‘মন্তব্য প্রতিবেদন’ ও ‘আন্তর্জাতিক প্রতিবেদন’ বিভাগে।
ক্যালিফোর্নিয়ার বেল শহরের ক্ষমতাসীন রাজনীতিকদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কার পান লস অ্যাঞ্জেলেস টাইমস-এর জেফ গথলিয়েব। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় সন্ত্রাসীদের গোলাগুলির মধ্যে পড়ে পথচারীদের হতবিহ্বল অবস্থা নিয়ে তোলা ছবির জন্য পুরস্কার জেতেন আলোকচিত্রী বারবারা ডেভিডসন।
এদিকে নিউইয়র্ক টাইমস-এর ক্লিফোর্ড জে লেভি ও ইলেন ব্যারি রাশিয়ার দুর্বল বিচারব্যবস্থা নিয়ে প্রতিবেদন করে আন্তর্জাতিক বিভাগে পুরস্কার পান। আর যুক্তরাষ্ট্রের বাজেটের জটিলতা নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য পুরস্কার পান ডেভিড লিওনহার্ড।
এদিকে ক্যানসার নিয়ে রচিত তাত্ত্বিক বই দি এমপেরর অব অল মালাদিস-এর জন্য পুলিৎজার পেয়েছেন চিকিৎসক সিদ্ধার্থ মুখার্জি। বইটিতে তিনি রোগটির ইতিহাস পুনঃপর্যালোচনা ও এর বিরুদ্ধে লড়াইয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। সিদ্ধার্থ মুখার্জি কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে মেডিসিন ও ক্যানসার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রতিবছর যুক্তরাষ্ট্রের সাহিত্য, সাংবাদিকতা ও সংগীতে অবদান রাখার জন্য পুলিৎজার পুরস্কার দিয়ে থাকে। বিজয়ীদের প্রত্যেককে ১০ হাজার মার্কিন ডলার করে দেওয়া হয়।

গাদ্দাফি বাহিনীর ব্রিগেড সদর দপ্তরে ন্যাটোর বিমান হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গতকাল মঙ্গলবার গাদ্দাফি বাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ন্যাটো। গাদ্দাফির জন্মভূমি সিরতে শহরেও গতকাল বিমান হামলা চালানো হয়। ০
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় জাতিসংঘের পর্যবেক্ষণ দলের প্রবেশে ‘নিরাপদ পথ’ নিশ্চিত করার নিশ্চয়তা দিয়েছে গাদ্দাফি সরকার। জাতিসংঘ জানিয়েছে, লিবিয়ার ৫০ হাজার মানুষের জন্য খাদ্যসহায়তা পাঠানো হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা গতকাল জানায়, গত ১০ দিনে লিবিয়া থেকে ১০ হাজার মানুষ তিউনিসিয়ায় পালিয়ে গেছে। গাদ্দাফিবিরোধীদের বরাত দিয়ে ইতালি দাবি করেছে, গত দুই মাসে লিবিয়ায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর থেকে জানানো হয়, গাদ্দাফি বাহিনীর নেতৃত্ব ও নিয়ন্ত্রণ স্থাপনাসহ ত্রিপোলির দক্ষিণাঞ্চলের একটি ব্রিগেডের সদর দপ্তরে বিমান হামলা চালানো হয়। ন্যাটোর বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে গাদ্দাফি বাহিনীর ৩২তম ব্রিগেডের সদর দপ্তর ও বেশ কিছু যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। বিবৃতিতে লিবিয়া অভিযানের দায়িত্ব পাওয়া লেফটেন্যান্ট জেনারেল চার্লস বাউচার্ড বলেন, গাদ্দাফি বাহিনীকে পর্যুদস্ত করতে এমন হামলা চলতেই থাকবে।
লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-জামাহিরিয়ায় বলা হয়, ন্যাটো গতকাল মঙ্গলবার সকালের দিকে ত্রিপোলি ও সিরতে শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর কিছুক্ষণ আগে আল-আজিজিয়া শহরের আল-হাবরা এলাকায়ও হামলা চালানো হয়। তবে হামলার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম জানান, ন্যাটো বাহিনী সোমবার রাতে সিরতে এলাকার মুঠোফোনের অবকাঠামোতে হামলা চালায়। বিদ্রোহীদের অনুরোধ পেয়ে এই হামলা চালানো হয়।
মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘের পর্যবেক্ষক দল মিসরাতা শহরে যাবে। গাদ্দাফি বাহিনী ছয় সপ্তাহ ধরে শহরটি অবরুদ্ধ করে রেখেছে। ফলে শহরটিতে খাবারসহ নিত্যপণ্যের অভাব দেখা দিয়েছে। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানান, জাতিসংঘের জনকল্যাণবিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোস গত রোববার ত্রিপোলির কাছে নিশ্চিত হন, পর্যবেক্ষণ দলকে মিসরাতায় প্রবেশ করতে দেওয়া হবে। এ জন্য লিবিয়ার পক্ষ থেকে ‘নিরাপদ পথ’ নিশ্চিত করার গ্যারান্টি দেওয়া হয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র ইমিলিয়া ক্যাসেলা জানান, তাঁরা লিবিয়ার পশ্চিমাঞ্চলে প্রবেশ করার মতো একটি পথ পেয়েছেন। ওই পথ দিয়ে ২৪০ মেট্রিক টন আটা ও ৯ দশমিক ১ মেট্রিক টন বিস্কুট পাঠানো হয়েছে। এসব খাবার ৫০ হাজার মানুষ এক মাস ধরে খেতে পারবে।
বিদ্রোহীদের বরাত দিয়ে ইতালির প্রধানমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি জানান, লিবিয়ায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার। রোমে লিবিয়ার বিদ্রোহী নেতা মুস্তফা আবদেল জলিলের সঙ্গে বৈঠকের পর ফ্রাত্তিনি এ তথ্য জানান।

শেষ বলে মুম্বাইয়ের জয়

ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলে বড় জয় পেয়েছে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস। আজ বুধবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শেষ বল পর্যন্ত লড়ে পুনে ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারায় মুম্বাই।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ১৭ রান তুলতেই চারটি উইকেটের পতন। রবিন উথাপ্পার ৪৫ রানের ইনিংসের পরও ১৭.২ ওভারে পুনের ইনিংস গুটিয়ে যায় ১১৮ রানে। লক্ষ্যটা সহজ হলেও শেষ বল পর্যন্ত লড়তে হয় মুম্বাইকে। শেষ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১ রান। ম্যাচে যখন নাটকীয়তার অপেক্ষা, তখন ছক্কা হেঁকে দলের জয় নিশ্চিত করেন রোহিত শর্মা।
এ জয়ের সুবাদে চার ম্যাচে তিন জয়ে মুম্বাইয়ের অর্জন ৬ পয়েন্ট। আর সমান সংখ্যক ম্যাচ খেলে দুই জয়ে পুনের খাতায় আছে ৪ পয়েন্ট