Friday, November 20, 2026
ক্যান্সার সৃষ্টিকারী জিনে আক্রান্ত দাতার শুক্রাণু থেকে ২০০ শিশুর জন্ম
এতে বলা হয়, ওই দাতার নাম অজানা। দাতাটি ২০০৫ সাল থেকে শিক্ষার্থী অবস্থায় অর্থের বিনিময়ে শুক্রাণু দান শুরু করেন। তিনি নিজে সুস্থ, নিয়মিত স্ক্রিনিংও পাস করেছিলেন। তবে জন্মের আগেই তার কিছু কোষে মিউটেশন ঘটে টিপি৫৩ জিন ক্ষতিগ্রস্ত হয়। তার শরীরের বেশিরভাগ কোষে এ মিউটেশন নেই। কিন্তু শুক্রাণুর প্রায় ২০ শতাংশে এই জিনে আক্রান্ত ছিল। তার শুক্রাণু দিয়ে যেসব শিশু জন্মেছে তাদের প্রত্যেকের কোষে মিউটেশন ছড়িয়ে পড়ার সম্ভাবনাই বেশি।
ডেনমার্কের ইউরোপিয়ান স্পার্ম ব্যাংক জানায়, বিষয়টি প্রকাশ পাওয়ার পর দাতাকে সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করা হয়। তবে কয়েকটি দেশে দাতার শুক্রাণু অনুমোদিত সীমার চেয়ে বেশি ব্যবহার হয়েছে বলে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে। শুক্রাণু বৃটেনে ব্যবহৃত না হলেও বিবিসি নিশ্চিত হয়েছে যে ডেনমার্কে গিয়ে চিকিৎসা নেওয়া কিছু বৃটিশ নারী ওই দাতার শুক্রাণু গ্রহণ করেছেন। ইতিমধ্যেই তাদের এ বিষয়ে অবগত করা হয়েছে।
চিকিৎসকেরা জানান, অন্তত ৬৭টি শিশুর তথ্য পাওয়া গেছে। যাদের ২৩ জনের জিনে মিউটেশন ধরা পড়েছে। আর ইতিমধ্যেই ১০ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ফ্রান্সের রোঁ অঞ্চলের জেনেটিক বিশেষজ্ঞ ড. এদুইজ কাসপার বলেন, অনেক শিশু ইতিমধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কারও একাধিকবার হয়েছে, কেউ খুব অল্প বয়সেই মারা গেছে। ফ্রান্সের এক নারী জানিয়েছেন, তার ১৪ বছর বয়সী মেয়েও ওই জিন বহন করছে। তিনি বলেন, দাতার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু ঝুঁকিপূর্ণ শুক্রাণু দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। এখন প্রতিনিয়ত ক্যান্সারের হুমকি নিয়ে তাদের জীবন কাটাতে হবে।
ইউরোপের ১৪ দেশের অন্তত ৬৭টি ক্লিনিকে ওই দাতার শুক্রাণু ব্যবহার করা হয়েছে। কয়েকটি দেশে আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত শিশুর জন্ম হয়েছে। যেমন-বেলজিয়ামে এক দাতার শুক্রাণু সর্বোচ্চ ৬ পরিবারে দেওয়া যায়। সেখানে ওই দাতার শুক্রাণু ব্যবহার করে ৩৮ জন নারী ৫৩ শিশুর জন্ম দিয়েছেন।
সফল স্ক্রিনিং সত্ত্বেও বিরল জিনগত মিউটেশন সবসময় ধরা পড়ে না। এ কথা বলেই ইউরোপিয়ান স্পার্ম ব্যাংক দায় এড়িয়েছে। সফোক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান পেসি বলেন, আমরা সবকিছু স্ক্রিন করতে পারি না। তাহলে দাতাই মিলবে না। বিশ্বব্যাপী দাতার শুক্রাণু ব্যবহারে কোনো আন্তর্জাতিক আইন নেই। ইউরোপীয় সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশনের প্রস্তাব-একজন দাতার শুক্রাণু সর্বোচ্চ ৫০ জন নারীর বেশি ব্যবহার না করা উচিৎ নয়। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। তবে দাতার শুক্রাণু ব্যবহারের আগে অবশ্যই সব বিষয়ে নিশ্চিত হতে হবে।

Thursday, November 5, 2026
গাজা মিশনের চিকিৎসক যখন মার্কিন কংগ্রেসে, রক্তক্ষরণ বন্ধের অঙ্গীকার
তাকে নিয়ে অনলাইন মিডলইস্ট আই এক প্রতিবেদনে আরও লিখেছে, এর আগে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ছিল রিপাবলিকানদের। তাদের আসন ছিল ২১৮টি, ডেমোক্রেটদের ২১৪টি। তবে আগামী জানুয়ারিতে হামাওয়িসহ নির্বাচনে জয়ী প্রতিনিধিদের মাধ্যমে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। নিউ জার্সির প্রিন্সটনে হামাওয়ির নির্বাচনী বিজয় উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিল মিডল ইস্ট আই। সেখানে বিজয়ী ভাষণে তিনি বলেন, কাজ শুরু করতে প্রস্তুত তিনি। একই সঙ্গে ডনাল্ড ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন। হামাওয়ি বলেন, আমি একজন সার্জন। আপনাদের বলতে পারি, আমরা রক্তক্ষরণ বন্ধ করতে যাচ্ছি। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে শাসন করা প্রতিষ্ঠিত ক্ষমতাকাঠামোর হাতে যারা পিছিয়ে পড়েছেন, সেই প্রত্যেক মার্কিনির জন্য আমরা লড়ব।
অনুষ্ঠানে ছিল ব্যাপক সংহতির আবহ। কংগ্রেসওম্যান বনি ওয়াটসন কোলম্যান হামাওয়িকে বিজয়ী ভাষণ দেয়ার জন্য মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং তাকে আলিঙ্গন করেন। জিউস ভয়েস ফর পিসের সদস্যরা ‘হামাওয়ির পক্ষে ইহুদিরা’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। তবে সংহতির এই দৃশ্যের সঙ্গে হামাওয়ির নির্বাচনী প্রচারণার সময়কার বাস্তবতার ছিল তীব্র বৈপরীত্য। তিনি বলেন, আমি কখনোই ইসলামবিদ্বেষী ঘৃণা এতটা প্রকাশ্য, এতটা উচ্চকণ্ঠ এবং এতটা গ্রহণযোগ্য হতে দেখিনি, যেমনটি এখন দেখা যাচ্ছে। শুধু নিউ জার্সিতে নয়, গোটা দেশেই। এসব সবসময়ই ছিল, কিন্তু এখন তা প্রকাশ্যে, অনুমোদিত এবং ভয়াবহ রূপ নিয়েছে। আমার পরিবার, সহকর্মী ও বন্ধুদের লক্ষ্য করে এসব করা হয়েছে। আমার আনুগত্য ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
বিজয় উদযাপনের অনুষ্ঠানে কেফিয়াহ পরা এবং মার্কিন পতাকা হাতে বহু ভোটার হামাওয়িকে সমর্থন জানাতে এসেছিলেন। নিউ জার্সির ভোটার ইয়োশি বলেন, ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে হামাওয়ির প্রতি তার সমর্থন তৈরি হয়েছে। ইয়োশি বলেন, তিনি যখন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন, তখন দেখেছিলাম তিনি ‘বোমা নয়, স্বাস্থ্যসেবা’- এই বার্তা সামনে আনছেন। এটি আমার মনে গভীরভাবে সাড়া জাগিয়েছিল। হামাওয়ির নির্বাচনী প্রচারণায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন ইয়োশি। তার মতে, ফিলিস্তিনপন্থী সম্প্রদায়ের তৃণমূল পর্যায়ের সংগঠিত প্রচেষ্টাই হামাওয়ির বিজয়ের মূল কারণ। মিডল ইস্ট আইকে তিনি বলেন, সংগঠিত মানুষ সত্যিই সংগঠিত অর্থকে পরাজিত করতে পারে। যাদের সঙ্গে আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি, তাদের অনেকেই ‘আনকমিটেড নিউ জার্সি’ প্রচারণার সময়ও সংগঠিত হয়েছিলেন।
ইয়োশি ও অন্যদের কাছে ফিলিস্তিন ইস্যুই রাজনৈতিক অবস্থান যাচাইয়ের মাপকাঠি। যেসব রাজনীতিক এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তারাই তাদের ভোট পান। ইয়োশি বলেন, আমাদের কাজ শেষ হয়নি। ডক্টর আদম হামাওয়ি এই নির্বাচনে জয়ের পরদিন থেকেই কাজ শুরু হবে। কারণ, এখনো গাজা অবরুদ্ধ। গাজায় এখনো বোমা হামলা হচ্ছে। আমরা আর চাই না আমাদের করদাতাদের অর্থ যুদ্ধ ও গণহত্যায় ব্যয় করা হোক। তবে হামাওয়ির এসব অবস্থানের কারণেই নির্বাচনী প্রচারণার সময় ইসরাইলপন্থী ও ডানপন্থী বিভিন্ন মহলের আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু হামাওয়ি এসব আক্রমণকে পাত্তা দেননি।
প্রাইমারি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে হামাওয়ি বলেছিলেন, রাজনৈতিক প্রচারণা চালানোর চেয়ে আমি আরও কঠিন কাজ করেছি। তিনি বলেন, তারা সবচেয়ে খারাপ কী করতে পারে? আমাকে কিছু নামে ডাকবে, আক্রমণ করবে? আমি এর চেয়েও অনেক খারাপ পরিস্থিতি দেখেছি। মে মাসে ওয়াল স্ট্রিট জার্নাল একটি মতামত নিবন্ধ প্রকাশ করে। সেখানে হামাওয়ির মূল্যবোধের সঙ্গে দণ্ডিত মুসলিম ধর্মীয় নেতা ওমর আবদেল রহমানের মূল্যবোধের যোগসূত্র তুলে ধরা হয়। ওমর আবদেল রহমান ‘ব্লাইন্ড শেখ’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসবাদবিষয়ক বিচার হিসেবে বিবেচিত ওই মামলায় ১৯৯৫ সালে আবদেল রহমানকে দোষী সাব্যস্ত করা হয়। জাতিসংঘ সদর দপ্তরে সফরের সময় মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে হত্যার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে বিচার হয়। আবদেল রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৭ সালে কারাগারেই তার মৃত্যু হয়। ওই বিচারে সাক্ষ্য দেয়া ২০০ জনের মধ্যে হামাওয়িও ছিলেন। তিনি জুরিদের বলেছিলেন, ওই ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব প্রকাশ করলেও কীভাবে হত্যা করা হবে, তা স্পষ্ট করে বলেননি। তবে নিউ জার্সি এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্য ন্যান্সি সেডলাক মিডল ইস্ট আইকে বলেন, হামাওয়ির বিজয় মার্কিন রাজনীতির প্রতি তার বিশ্বাস নতুন করে ফিরিয়ে দিয়েছে। নির্বাচনী প্রচারণায় যে বিদ্বেষপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার বিপরীতে এই জয় তাকে আশাবাদী করেছে।
![]() |
| চিকিৎসক ড. আদম হামাওয়ি। ছবি: আমার দেশ |
Saturday, October 24, 2026
দোহায় মকবুল ফিদা হুসেনকে নিবেদিত বিশ্বের প্রথম জাদুঘর উদ্বোধন
কাতার ফাউন্ডেশনের এডুকেশন সিটির বিস্তৃত ক্যাম্পাসে অবস্থিত জাদুঘরটি গত সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। এখানে প্রদর্শিত হচ্ছে ১৫০-এরও বেশি কাজ, চিত্রকর্ম, ভাস্কর্য, ট্যাপেস্ট্রি, চলচ্চিত্র, আলোকচিত্রসহ নানা কর্ম। যা হুসেনের বৈচিত্র্যময় ও দীর্ঘ শিল্প–যাত্রার অনন্য মানচিত্র তৈরি করেছে। কিউরেটর নুফ মোহাম্মদ জানিয়েছেন, হুসেন চাইতেন তার জাদুঘর যেন বাড়ির মতোই ঘনিষ্ঠ অনুভূতি দেয়।
বিশ্বভ্রমণকারী বোহেমিয়ান শিল্পী হিসেবে পরিচিত হুসেনের ঘোড়ার চিত্র আজও সমকালীন শিল্পের সবচেয়ে চাহিদাসম্পন্ন কাজ। কিউবিস্ট ঘরানার প্রভাব, ভারতীয় ঐতিহ্য ও পুরাণ- সবকিছু মিশিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব উজ্জ্বল, সাহসী শৈলী।
তবে তার শিল্প-জীবনে ছিল নানা বিতর্ক। নগ্ন হিন্দু দেবীচিত্রের কারণে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। এজন্য তাকে স্বেচ্ছানির্বাসনে যেতে হয়েছে। পরে কাতার তাকে নাগরিকত্ব দেয় এবং এখানেই তিনি কাটান নিজের শেষ সৃজনশীল বছরগুলো। কাতার-ভিত্তিক শিল্পী ইউসুফ আহমদ স্মরণ করেন, আরব সংস্কৃতি তাকে গভীরভাবে মোহিত করেছিল। এখানেই তিনি তার জীবনের সবচেয়ে উচ্চাভিলাষী কাজগুলি সম্পন্ন করেন মকবুল ফিদা হুসেন। তার উচ্চাভিলাষী কাজগুলোর অন্যতম ‘সিরু ফি আল-আর্দ’- গতি, শব্দ ও যান্ত্রিক কোরিওগ্রাফির মাধ্যমে সভ্যতার গল্প বলার একটি মাল্টিমিডিয়া প্রজেক্ট। যা হুসেনের শেষ বছরগুলোর প্রধান কর্মযজ্ঞ ছিল।
জাদুঘর-ভবনের অনুপ্রেরণা ২০০৮ সালের একটি স্কেচ- দুইটি ভাস্কর্য-ঘর এবং এক নলাকার টাওয়ার। স্থপতি মার্তান্ড খোশলা বলেন, একটি স্কেচ মানে উদ্দেশ্য, বাস্তব পরিমাপ নয়। সেই উদ্দেশ্যকে কার্যকর জাদুঘরে রূপ দেওয়া ছিল চ্যালেঞ্জ। ফলাফল একটি গোলকধাঁধার মতো। যার বিন্যাস দর্শককে হুসেনের তুলির আঁচড়ের মতোই প্রতিটি রেখা, আলো-ছায়া অনুসন্ধানের আমন্ত্রণ জানায়।
প্রতিটি গ্যালারি শুরু হয় হুসেনের একটি উক্তি দিয়ে। দীর্ঘ করিডোর ধরে দেখা যায় তার আঁকা ছবি, ভাস্কর্য, ব্যক্তিগত জিনিস। এমনকি তার পুরোনো ভারতীয় পাসপোর্টও। কেন্দ্রস্থলে স্থান পেয়েছে তার প্রিয় ঘোড়ার ছবি। জাদুঘর দল হুসেনের চালক, সহকর্মী ও বন্ধুসহ নানা ব্যক্তির কাছ থেকে মৌখিক ইতিহাস সংগ্রহ করেছে, যাতে তার ব্যক্তিত্বের ব্যক্তিগত দিকও উঠে আসে। শিল্পী ইউসুফ আহমদ বলেন, মানুষ তাকে বিতর্কিত, খালি-পায়ে ঘুরে বেড়ানো এক অদ্ভুত শিল্পী হিসেবে মনে রাখে, কিন্তু তার গভীরে ছিলেন এক গল্প-কথকের প্রতিভা।
২০০৮ সালে কাতারের শেখা মোজা বিন্ত নাসেরের অনুরোধে হুসেন আরব সভ্যতা নিয়ে বিশাল কর্মপরিকল্পনা হাতে নেন। দোহায় স্টুডিও থেকে তিনি আঁকেন ইসলামের ইতিহাস, জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক ও মরুভূমির পথিকদের- ভারতীয় শিল্পশৈলীর গতিময় রেখা। যার মধ্যে ‘দ্য ব্যাটল অব বদর’ অন্যতম। ইতিহাস ও আধ্যাত্মিকতার শক্তিশালী মেলবন্ধন। তিনি পরিকল্পনা করেছিলেন ৯৯টি কাজের। তবে জীবদ্দশায় সম্পন্ন করেন মাত্র ৩৫টি। এগুলো পর্যায়ক্রমে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
স্থপতি খোশলা বলেন, হুসেন ছিলেন একাধিক পরিচয়ের শিল্পী। ভারত, আরব অঞ্চল, ইতিহাস, ধর্ম, আধুনিকতা- সব মিলেই তৈরি হয়েছিল তার অনন্য জগৎ। জাদুঘরটি সেই বহুত্বকে নতুন আলোয় তুলে ধরে ধরেছে। এম এফ হুসেন শুধুই ভারতীয় শিল্পীর পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন এক বহুজাগতিক, বহুভাষী, বহুসাংস্কৃতিক শিল্প-বিশ্বের অংশ। তাই দোহায় হুসেনের স্মরণে নির্মিত এই জাদুঘর একদিকে শিল্পীর প্রতি শ্রদ্ধা, অন্যদিকে তার উত্তরাধিকারকে নতুনভাবে পুনঃপাঠের একটি প্রাণবন্ত সাংস্কৃতিক মঞ্চ।


Tuesday, October 20, 2026
বাসররাতের পরই মারা গেলেন ৭৫ বছরের সাংরুরাম
বিয়ের পর মানভাবতী বলেন, তার স্বামী তাকে বাড়িঘরের দায়িত্ব নিতে বলেছেন। আর তিনি পালন করবেন ছেলেমেয়ে দেখাশোনার দায়িত্ব। বিয়ের রাতে তারা অনেক সময় ধরে গল্প করেন। কিন্তু সকালে সাংরুরামের স্বাস্থের হঠাৎ করে মারাত্মক অবনতি হয়। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক এই মৃত্যুতে গ্রামজুড়ে নানা জল্পনা দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, প্রকৃতি তার শোধ নিয়েছে। অন্যরা সন্দেহ করছেন অন্য কিছু। মৃতের এক ভাইপো বসবাস করেন দিল্লিতে। তিনি মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত রাখতে বলেছেন। তারা বলেছেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাদের উপস্থিতি জরুরি।

Sunday, October 18, 2026
যুদ্ধবিরতির পর গাজায় ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ
তিনি বলেন, গত দুই সপ্তাহে হামলায় পাঁচটি ছেলে ও দু’টি মেয়ে প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩৩টি শিশু। তিনি আরও জানান, গাজায় প্রায় ৮ লাখ শিশু এখনো বাস্তুচ্যুত। তাদের অধিকাংশই তাঁবু কিংবা অনিরাপদ ভবনে আশ্রয় নিয়েছে। ইউনিসেফের এই মুখপাত্র সতর্ক করে বলেন, আসন্ন শীতের মাসগুলোতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের বসবাসের অনুপযোগী ও অমানবিক পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হবে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ যেভাবে বদলে দিচ্ছে তেলের প্রবাহ
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল সফলভাবে পার হওয়ার জবাবেই হামলা জোরদার করেছে ইরান। প্রণালিটি দিয়ে তেল পারাপারে মার্কিন সামরিক বাহিনী একটি কার্যকর অভিযান পরিচালনা করেছে। তারা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে চলাচলকারী বা ‘ডার্ক ট্রানজিট’ ট্যাঙ্কারগুলোকে ওমান উপসাগরে অপেক্ষমাণ জাহাজগুলোতে তেল পৌঁছে দিতে সহায়তা করেছে। অন্যদিকে মার্কিন নৌ-অবরোধের কারণে ইরান তাদের নিজেদের ট্যাঙ্কারগুলো প্রণালি দিয়ে পার করতে চরম লড়াই চালিয়ে যাচ্ছে। অষ্টম মাসে গড়ানো এই সংঘাত এখন ইয়েমেনে সৌদি আরব এবং ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের লড়াইয়েও রূপ নিয়েছে। হুতিরা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি তেলের ট্যাঙ্কারগুলোতে হামলা চালিয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলা করেছে। থিংকট্যাঙ্ক ব্রুগেলের সিনিয়র ফেলো জর্জ জাখমান সিএনএনকে জানান, এই সংকটের কারণে তেলের বাজারে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। তেল আমদানিকারক দেশগুলো এখন বুঝতে পারছে যে বাইরের এই ধাক্কা সামলাতে তাদের তেল ব্যবহারের পরিমাণ কাঠামোগতভাবে কমিয়ে আনা প্রয়োজন।
হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে পার্শ্ববর্তী বাব আল-মান্দেব প্রণালি কৌশলগতভাবে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এনার্জি অ্যাসপেক্টসের সহ-প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রোঞ্জ জানান, সর্বোচ্চ চাহিদার সময় সৌদি আরবের লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে প্রতিদিন প্রায় ৪৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হতো, যার সিংহভাগ অর্থাৎ প্রায় ৩০ লাখ ব্যারেলই যেত বাব আল-মান্দেব দিয়ে। কিন্তু গ্রীষ্মে হুতিদের হুমকি বাড়ার পর এই সরবরাহ ধসে পড়ে। বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের জ্যেষ্ঠ বিশ্লেষক জোহানেস রউবাল বলেন, হুতিরা যদি সব দেশের জাহাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে তা তেলের বাজারে আরেকটি বড় আঘাত হানবে এবং দাম আরও বাড়িয়ে দেবে।
গত মাসে ইরাকের ভেতর থেকে ড্রোন দিয়ে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলা চালানো হয়। লোহিত সাগরের বন্দরগুলোতে অপরিশোধিত তেল সরবরাহের এই লাইনে হামলার পর রিয়াদ দ্রুত বিকল্প পথ বেছে নেয়। মার্কিন সামরিক সহায়তায় হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি বাড়ায় তারা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই হামলার পেছনে ইরানের হাত থাকার কথা বললেও, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। একাধিক প্রতিবেদনের তথ্যমতে, ওই পাইপলাইনটি এখন পুনরায় চালু হয়েছে।
এই যুদ্ধের সংকটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সৌদি তেলের বড় ক্রেতা এশীয় দেশগুলো। তবে তারা ব্যবহার কমিয়ে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। এমনকি চীন তাদের কৌশলগত মজুত ব্যবহার করে আমদানি অনেকাংশে কমিয়ে এনেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ বিকল্প পাইপলাইন তৈরির মাধ্যমে নতুন রপ্তানি পথ খুঁজছে। রউবালের মতে, এই সংঘাত যত দীর্ঘ হবে, ইরানের প্রভাব তত কমতে থাকবে; কারণ অন্য দেশগুলো ততদিনে বাইপাস বা বিকল্প পথ তৈরি করে নিতে সক্ষম হবে।
![]() |
| ছবি বিবিসি বাংলা, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে; বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালির মতো এত বিপুল পরিমাণ তেল পরিবহনের সক্ষমতা অন্য কোনো পথের নেই |
ট্রাম্পের বিরতি, এশিয়ার স্বস্তি: বিশ্ব শক্তির নতুন সমীকরণ by সহিদুল আলম স্বপন
রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার রাজনৈতিক অঙ্গীকার ছিল। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোকে অর্থনৈতিকভাবে চাপে রাখার লক্ষ্যও স্পষ্ট ছিল। কিন্তু যখন সেই চাপের অভিঘাত গিয়ে পড়ে জ্বালানি বাজারে, সরবরাহ ব্যবস্থায় এবং বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর, তখন বাস্তবতা রাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করে। ট্রাম্পের সিদ্ধান্ত সেই বাস্তবতারই প্রতিফলন।
সবচেয়ে বড় স্বস্তি পেয়েছে ভারত ও চীন। কারণ গত কয়েক বছরে রাশিয়ার তেল ও গ্যাসের প্রধান ক্রেতা হিসেবে এই দুই দেশ নিজেদের অবস্থান শক্ত করেছে। যুক্তরাষ্ট্র যদি তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পথে যেত, তাহলে শুধু নয়াদিল্লি বা বেইজিং নয়, বিশ্ব বাণিজ্য ব্যবস্থাই নতুন অনিশ্চয়তার মুখে পড়ত। এমনকি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারত।
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। ইউক্রেন যুদ্ধের চার বছর পরও কেন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে পুরোপুরি কোণঠাসা করতে পারল না? উত্তরটি সহজ। কারণ বিশ্ব অর্থনীতি এখন আর একমুখী নয়। নিষেধাজ্ঞা আরোপকারী শক্তিগুলোর বিকল্প বাজার রয়েছে, কিন্তু নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু দেশগুলোরও বিকল্প ক্রেতা রয়েছে। রাশিয়ার তেল ইউরোপে না গেলে এশিয়ায় যাচ্ছে, এশিয়া কিনলে বিশ্বের শিল্প উৎপাদন সচল থাকছে। ফলে নিষেধাজ্ঞার রাজনীতি আজ আর আগের মতো একপাক্ষিক ক্ষমতার প্রদর্শন নয়।
এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এশিয়া। একসময় বৈশ্বিক অর্থনীতির সিদ্ধান্ত নেওয়া হতো আটলান্টিকের দুই তীর থেকে। এখন সেই চিত্র বদলাচ্ছে। বিশ্বের প্রবৃদ্ধির বড় অংশ আসছে এশিয়া থেকে, জ্বালানির বড় বাজার এশিয়ায়, উৎপাদনের বৃহত্তম কেন্দ্রও এশিয়া। ফলে ওয়াশিংটন, ব্রাসেলস কিংবা মস্কোকে এখন এশিয়ার বাস্তবতা বিবেচনায় নিতেই হচ্ছে।
বাংলাদেশের জন্য এখানেই সবচেয়ে বড় বার্তা লুকিয়ে আছে। আমাদের অর্থনীতি রপ্তানিনির্ভর। আমাদের শিল্প উৎপাদন আমদানি করা জ্বালানি, কাঁচামাল ও বৈশ্বিক বাজারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আন্তর্জাতিক কূটনীতিতে কোনো ভুল হিসাব কিংবা বড় শক্তিগুলোর সংঘাতের মূল্য শেষ পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোকেই বেশি দিতে হয়। জ্বালানির দাম বাড়লে বাংলাদেশের উৎপাদন ব্যয় বাড়ে, পরিবহন খরচ বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে। আবার বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা দেখা দিলে আমাদের রপ্তানি খাতও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।
এ কারণে বাংলাদেশের স্বার্থ কখনোই কোনো একক শক্তি বা ব্লকের সঙ্গে নিজেকে বেঁধে ফেলার মধ্যে নেই। আমাদের স্বার্থ রয়েছে ভারসাম্যে। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও অবকাঠামো অংশীদার। ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী ও আঞ্চলিক অর্থনৈতিক বাস্তবতা। একইসঙ্গে মধ্যপ্রাচ্য বাংলাদেশের জ্বালানি এবং প্রবাসী আয়ের প্রধান উৎস। এই বাস্তবতায় কূটনৈতিক ভারসাম্য বাংলাদেশের জন্য কোনো বিলাসিতা নয়; এটি একটি জাতীয় প্রয়োজন।
আজকের বিশ্বে বন্ধুত্বের চেয়ে স্বার্থ বেশি স্থায়ী। আন্তর্জাতিক রাজনীতির কঠিন সত্য হলো, কোনো রাষ্ট্র স্থায়ী বন্ধু বা শত্রু নয়; স্থায়ী হচ্ছে জাতীয় স্বার্থ। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই পুরোনো সত্যকেই নতুনভাবে স্মরণ করিয়ে দিল। যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে চাপে রাখতে কঠোর আইন পাস করেছিল, সেই যুক্তরাষ্ট্রই পরে নিজের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের কারণে তার প্রয়োগ স্থগিত করেছে। অর্থাৎ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে আদর্শ নয়, স্বার্থ।
বাংলাদেশের নীতিনির্ধারকদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। আগামী দিনের বিশ্ব হবে আরও প্রতিযোগিতামূলক, আরও অনিশ্চিত এবং আরও বহুমেরুকেন্দ্রিক। এই বাস্তবতায় বাংলাদেশের কূটনীতি হতে হবে আরও পরিণত, অর্থনীতি হতে হবে আরও বৈচিত্র্যময় এবং জ্বালানি নিরাপত্তা হতে হবে আরও শক্তিশালী। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে কেন্দ্র করে নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।
ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে একটি বড় সত্যকে সামনে এনেছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে শক্তির লড়াই যতই তীব্র হোক, শেষ চালটি অনেক সময় দেয় অর্থনীতি। আর যে দেশ সেই বাস্তবতা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে, ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থায় তার অবস্থানই হবে সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশেরও এখন সেই বাস্তবতার ভাষা বুঝে এগিয়ে যাওয়ার সময়।
লেখক: সহিদুল আলম স্বপন; জেনেভাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক, প্রাইভেট ব্যাংকিং ফিন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স বিশেষজ্ঞ, কলামিস্ট ও কবি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক আর্থিক স্বচ্ছতা ও কৌশলগত বিষয় নিয়ে নিয়মিত লেখেন।
ই-মেইল: shahidul.alam@bluewin.ch
![]() |
| যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |
বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে ব্যবস্থা নেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
আমরা ইসরাইলিদের এসব দমনে ব্যবস্থা নিতে বলেছি এবং তাদের কাছে এই দাবি অব্যাহত রাখব। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী জানান, অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক এবং ফরাসি এক মেয়রের ওপরও হামলা হয়েছে। ইসরাইলি বসতি স্থাপনকারী পর্যবেক্ষক গোষ্ঠী ‘য়েশ দিন’-এর তথ্যমতে, গত ২৭শে সেপ্টেম্বর বার্ষিক জলপাই তোলার মৌসুম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলায় জড়িত ছিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

বিশ্বের ধনকুবেরদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই
রিপোর্টে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত বিশেষত দুবাই এখন পাকিস্তান, ভারত, ইউরোপ এবং সমগ্র এশিয়া থেকে উচ্চ-সম্পদশালী ব্যক্তিদের টেনে আনছে। করমুক্ত ব্যবস্থা, স্থিতিশীল সরকার, শক্তিশালী অর্থনীতি ও আন্তর্জাতিক মানের জীবনযাপন- এগুলো দুবাইকে কোটি-কোটি ডলারের মালিকদের জন্য ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়ের জায়গায় পরিণত করেছে।
বিজ্ঞাপন
২০২৫ সালে নারী বিলিয়নেয়ারদের সম্পদ বাড়ার হার পুরুষদের তুলনায় দুই গুণ বেশি। পুরুষদের সম্পদ যখন গড়ে ৩ ভাগ বেড়েছে, সেখানে নারীদের বেড়েছে ৮ ভাগেরও বেশি। প্রযুক্তি, ফিন্যান্স এবং নতুন ব্যবসায় বিনিয়োগে নারীরা আরও আত্মবিশ্বাসী হওয়ায় এই প্রবৃদ্ধি ঘটছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালে ধনী পরিবারগুলো তাদের উত্তরাধিকারীদের কাছে ২৯৭.৮ বিলিয়ন ডলার হস্তান্তর করেছে- যা ইতিহাসে সর্বোচ্চ। অনেক তরুণ উত্তরাধিকারী তাদের নতুন জীবন ও ব্যবসার কেন্দ্র হিসেবে আমিরাতকে বেছে নিচ্ছেন। এ বছর নিজস্ব চেষ্টায় বিলিয়নেয়াররা বৈশ্বিক সম্পদে আরও ৩৮৬.৫ বিলিয়ন ডলার যোগ করেছেন। যুক্তরাষ্ট্র, এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য- বিশেষ করে আমিরাত ও সৌদি আরব এই বৃদ্ধির প্রধান ক্ষেত্র।
রিপোর্টের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে বিশ্বের ধনী পরিবারগুলো পরবর্তী প্রজন্মের কাছে প্রায় ৭ ট্রিলিয়ন ডলার স্থানান্তর করবে। এই বিপুল সম্পদ স্থানান্তর ধনীদের আরও বেশি করে দুবাই ও অন্যান্য আর্থিক নিরাপদ অঞ্চলের দিকে আকৃষ্ট করবে।

Saturday, October 17, 2026
রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে রাখাইনে সেনাচৌকি!
তারা বলেছে, মিয়ানমার সরকার খুব পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জমিজমা, সম্পত্তি নষ্ট করেছে। যদিও মিয়ানমার সেনার তরফে এই রিপোর্ট প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। আইআইএমএম-এর রিপোর্টে আরও বলা হয়, সেনাঘাঁটি এবং সেনাশিবির বানানো হচ্ছে উত্তর রাখাইন প্রদেশে ইন দিনের গ্রামগুলিতে। নতুন করে রাস্তা, সেনার দফতর, হেলিপ্যাডও বানানো হচ্ছে। অনলাইন আনন্দবাজার পত্রিকা বলছে, রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে নিউ ইয়র্কে। সেখানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির নিয়ে আলোচনা হওয়ার কথা। তার আগেই এই রিপোর্ট প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার গতিমুখ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
প্রসঙ্গত, মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর) এবং কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) দফতর সূত্রে জানা গেছে, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বর্তমানে নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা সাড়ে ১২ লাখ।

Thursday, October 15, 2026
আপনার প্রবীণ সময়ের জন্য কতোখানি প্রস্তুত? by মিতালী হোসেন
কিন্তু আমি বলতে চাই, আপনি আমি কি প্রস্তুত বৃদ্ধ বয়সকে মোকাবিলা করার জন্য। আপনারা যারা মধ্যবয়সি তারা কি কোনো পরিকল্পনা করেছেন- বৃদ্ধ বয়সের জন্য। আমি জানি অধিকাংশ মানুষই করেননি। বৃদ্ধ বয়সের অর্থনৈতিক পরিকল্পনা খুবই জরুরি। সে অর্থনৈতিক ব্যবস্থা যতই সাধারণ বা ছোট মাপের হোক। বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা নিয়ে ভাবা জরুরি। সাধারণত মধ্য বয়স থেকেই নানা রোগ আক্রমণ করে। সেসব থেকে মুক্ত থাকতে পদক্ষেপ নিতে হবে। বার্ধক্যে যেসব সমস্যার সম্মুখীন হবেন সেগুলো মোকাবিলা করার প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় যৌবন। যখন আপনি অধিকতর কর্মক্ষম শারীরিক ও মানসিকভাবে। নিজের বার্ধক্যকালীন সমস্যা মোকাবিলা করার জন্য প্রথমেই আমাদের নেশামুক্ত হতে হবে। হতে পারে সে নেশা পান-জর্দা, মদ-গাঁজা, অর্থের প্রতি আসক্তি বা টাকার নেশা। এসবই আপনার বৃদ্ধ বয়সকে কষ্টদায়ক করে তুলতে পারে। বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করুন। যতটুকু সম্ভব। আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থায় সঞ্চয় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য সহজ নয়। কিন্তু চেষ্টা করতে হবে। বন্ধু, আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মানুষের বিপদে পাশে দাঁড়ান। সবার আনন্দে অংশ নিন। তাহলে দেখবেন শেষ বয়সে একা হয়ে যাবেন না।
মধ্য বয়স থেকেই ধীরে ধীরে নিজের খাদ্যাভাসে পরিবর্তন আনতে চেষ্টা করুন। কারণ যৌবনে বা মধ্য বয়সে যা খেয়ে সহজেই হজম করে ফেলা যায় বৃদ্ধ বয়সে সেটা সম্ভব না। সম্ভব হলে এ বিষয়ে ডাক্তার বা পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া যেতে পারে। মধ্যবয়স থেকেই আস্তে আস্তে নিজের শখকে সময় দিতে শুরু করুন। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা, বেড়াতে যাওয়া, যা করতে মন চায় বা যা করা সম্ভব। নইলে হঠাৎই একদিন দেখবেন আপনি এক বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে একাকী বসে আছেন। আপনার চার পাশ একেবারে শূন্য।
নিজের পোশাক পরিচ্ছদের দিকে মনোযোগ দিন। পোশাক দামি হতে হবে না। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আবশ্যক। এরকম ভাববেন না-কি হবে ভালো পোশাক পরে? রঙিন পোশাক পরে কি হবে? এসব ভাবনাকে প্রশ্রয় দেবেন না, লোকে কি বলবে ভাববেন না। যদি আপনার কমফোর্টেবল লাগে, আপনার মনে হয় ভালো লাগছে, ব্যাস আর কোনো চিন্তার দরকার নেই। যদি পলো টি-শার্ট পরতে ভালো লাগে পরবেন। আপনার কখনো কখনো যদি শাড়ি না পরে লং স্কার্ট, ফতুয়া পরতে ইচ্ছা হয় তো পরতে দ্বিধা করবেন না।
বৃদ্ধ বয়সের জন্য প্রস্তুত হওয়ার শ্রেষ্ঠ সময় মধ্য বয়স। সবাইকে ভালোবাসুন কিন্তু একটু স্বার্থপর হয়ে। নিজেকে নিঃস্ব করে সন্তানদের হাতে সব দিয়ে দেবেন না। আবার সন্তানের কাছেও এত বেশি আশা করবেন না যে, তাদের জন্য শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। আজ যারা মধ্য বয়সি তারাই আগামী দিনের প্রবীণ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার বার্ধক্যের দিকে। নিজের প্রবীণ জীবনের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই। সুস্থ স্বাভাবিক-নিরাপদ প্রবীণ জীবন পেতে কাজ শুরু করুন। আর দেরি নয়, সকলের জীবন আনন্দময় হোক, মৃত্যু হোক শান্তির।

Wednesday, October 14, 2026
পাঁচ নয় বৃটেনে স্থায়ী হতে লাগবে দশ বছর by আরিফ মাহফুজ
শাবানা বলেন, আইএলআর বা ‘অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি’ পেতে হলে এখন থেকে ৫ বছরের পরিবর্তে ১০ বছর বৈধভাবে থাকতে হবে (নির্দিষ্ট ক্যাটাগরীগুলোতে) যা আগের সময়কালের দ্বিগুণ। সাথে উচ্চমানের ইংরেজি শেখা এবং অপরাধমূলক রেকর্ড পরীক্ষা করা হবে অর্থাৎ বৃটেনে কোনো অপরাধ করা ব্যক্তি স্থায়ী হতে পারবে না। এরকম নতুন শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
মতামত জরিপে নেতৃত্বদানকারী রিফর্ম ইউকে- যারা এই মর্যাদা সম্পূর্ণরূপে বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ যারা নতুন ভিসার জন্য যোগ্যতা অর্জন করে না তাদের নির্বাসিত করা যেতে পারে। নতুন ইমিগ্রেশন নীতির কঠোরতাকে বৈধ অভিবাসীদের বলির পাঠা বানানো হচ্ছে বলে অনেকেই মনে করছেন।

Wednesday, September 30, 2026
আল-আকসা মসজিদে শত শত ইসরাইলি, চললো নাচ-গান
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আনাদোলুকে বলেন, ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে শত শত ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে।
তিনি বলেন, এ সময় সেখানে তালমুদিক ধর্মীয় আচার, প্রার্থনা, নাচ ও গান করা হয়েছে। মসজিদ প্রাঙ্গণের প্রচলিত ‘স্ট্যাটাস কুও’ বা ঐতিহাসিক ব্যবস্থার সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরোধ রয়েছে।
১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখলের আগের ঐতিহাসিক ব্যবস্থায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ব্যবস্থাপনার একক দায়িত্ব জেরুজালেম ইসলামিক ওয়াকফের। এটি জর্ডানের ধর্ম মন্ত্রণালয়ের অধীন। ১৪৪ দুনাম বা প্রায় ৩৫ দশমিক ৬ একর আয়তনের এই প্রাঙ্গণ মুসলিমদের জন্য নির্ধারিত একটি ইবাদতের স্থান।
সুক্কোট উপলক্ষে আল-আকসায় বড় ধরনের প্রবেশের আহ্বান জানিয়েছিল ইসরাইলের উগ্র ডানপন্থি বিভিন্ন গোষ্ঠী। গত শনিবার শুরু হওয়া সুক্কোট আগামী শুক্রবার পর্যন্ত চলবে।
জেরুজালেম ইসলামিক ওয়াকফ জানিয়েছে, রোববার ১ হাজার ৫০০ জনের বেশি ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। সোমবার এ সংখ্যা ছিল ১ হাজার ৭০০-এর বেশি এবং মঙ্গলবার প্রবেশ করে ১ হাজার ৪০০ জনেরও বেশি।
ইহুদিদের ধর্মীয় উৎসব শুরু হওয়ার পর থেকে আল-আকসায় ইসরাইলিদের প্রবেশের ঘটনা বেড়েছে। এসব ঘটনায় ইসরাইলি বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও সামরিক তৎপরতা দেখা যাচ্ছে।
ইহুদিদের উৎসব শুরু হয় ১২ ও ১৩ সেপ্টেম্বর ইহুদি নববর্ষের মধ্য দিয়ে। এরপর ২১ ও ২২ সেপ্টেম্বর পালিত হয় ইয়োম কিপুর। ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে সুক্কোট। এরপর ৩ অক্টোবর পালিত হবে সিমখাত তোরাহ।
২০০৩ সাল থেকে ইসরাইলি পুলিশ একতরফাভাবে ইসরাইলিদের পশ্চিম দেয়ালের মুগরাবি গেট দিয়ে আল-আকসায় প্রবেশের অনুমতি দিয়ে আসছে। এ সময় তাদের সঙ্গে ইসরাইলি পুলিশ সদস্যরাও থাকে।
আল-আকসায় এসব প্রবেশ বন্ধের জন্য জেরুজালেম ইসলামিক ওয়াকফ বারবার আহ্বান জানিয়ে আসছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ এসব আহ্বানে সাড়া দেয়নি।
ফিলিস্তিনিরা অভিযোগ করে আসছেন, কয়েক দশক ধরে ইসরাইল দখলকৃত পূর্ব জেরুজালেম, বিশেষ করে আল-আকসা মসজিদের ‘ইহুদিকরণ’ এবং এর আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ জোরদার করেছে।

Tuesday, September 29, 2026
১২ বিলিয়ন বছর আগের ‘মিল্কিওয়ে-সদৃশ’ গ্যালাক্সি শনাক্ত করলেন বিজ্ঞানীরা
বিজ্ঞানীরা জানান, মহাবিশ্বের বয়স এখন ১৩.৮ বিলিয়ন বছর। অর্থাৎ সদ্য আবিষ্কৃত এই গ্যালাক্সির আলো পৃথিবীতে পৌঁছতে সময় লেগেছে প্রায় ১২ বিলিয়ন বছর। সেই সময়ে মহাবিশ্ব ছিল বর্তমানের এক-দশমাংশ বয়সী এবং তখনকার বেশিরভাগ গ্যালাক্সি ছিল অনিয়মিত ও বিশৃঙ্খল।
কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) ব্যবহার করে গবেষক রাশি জৈন ও যোগেশ ওয়াদাদেকার যে গ্যালাক্সিটি শনাক্ত করেছেন- তা একটি পূর্ণাঙ্গ সর্পিল গ্যালাক্সি। দেখতে অনেকটা সুগঠিত, মহাজাগতিক পিনহুইলের মতো। গবেষণাটি নভেম্বর মাসে ইউরোপের শীর্ষ জার্নাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এ প্রকাশিত হয়।
গ্যালাক্সিটির নামকরণ করা হয়েছে ‘অলাকনন্দা’। এটি হিমালয়ের একটি নদীর নামে। এটি শনাক্ত করেন পুনে-ভিত্তিক টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের (এনসিআরএ-টিআইএফআর) পিএইচডি গবেষক রাশি জৈন। তিনি জানান, ৭০ হাজার বস্তুর তথ্য বিশ্লেষণের সময় মাত্র একটি বস্তু ছিল নিখুঁত। যার ব্যাস প্রায় ৩০ হাজার আলোকবর্ষ। গ্যালাক্সিটিতে দুটি সমান্তরাল বাহু কেন্দ্রীয় উজ্জ্বল অংশকে ঘিরে পাক খেয়ে রয়েছে। যেন আধুনিক সর্পিল গ্যালাক্সিগুলোর মতোই ‘বিডস-অন-এ-স্ট্রিং’ বা মালার দানার মতো তারার গুচ্ছ।
ওয়াদাদেকার বলেন, বিগ ব্যাংয়ের মাত্র কয়েকশত মিলিয়ন বছর পরই এত বড় সর্পিল গ্যালাক্সির অস্তিত্ব আবিষ্কার এক বিস্ময়। এত অল্প সময়ে এটি ১০ বিলিয়ন সূর্য-ভরের তারকা তৈরি করেছে এবং বিশাল ডিস্ক গঠন করেছে, যা সত্যিই অবিশ্বাস্য।
দীর্ঘদিন ধরে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা ছিল, ‘কসমিক ডন’ সময়কালের গ্যালাক্সিগুলো ছিল ছোট ও বিশৃঙ্খল। কিন্তু অলাকনন্দা সে ধারণাকে পাল্টে দিয়েছে। এটি আকারে মিল্কিওয়ের এক-তৃতীয়াংশ এবং বর্তমান মিল্কিওয়ের তুলনায় ২০-৩০ গুণ দ্রুত তারকা সৃষ্টি করছে। জেমস ওয়েব টেলিস্কোপ কার্যক্রম শুরু করার পর থেকে বহু অগঠিত, লালচে দূরবর্তী গ্যালাক্সির ছবি পাওয়া গেলেও সাম্প্রতিক আবিষ্কারে দেখা যাচ্ছে আরও পরিণত, সুগঠিত গ্যালাক্সি। অলাকনন্দার আবিষ্কার সেই ধারাবাহিকতারই নতুন প্রমাণ।

Wednesday, September 23, 2026
ধারাবাহিকতা রক্ষায় নীহা

Thursday, September 17, 2026
মধ্যপ্রাচ্যে বড় শক্তি হিসেবে ইরানের উত্থান অপ্রতিরোধ্য
খুররমের মতে, কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা ও যুদ্ধের হুমকির মুখে থাকা ইরান ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় সেই দীর্ঘদিনের নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে দেশটি এখন আঞ্চলিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। এই পরিস্থিতিকে তিনি ঐতিহাসিক দেঁতাত বা সমঝোতার মাধ্যমে চীনের বিশ্বমঞ্চে ফিরে আসার সঙ্গে তুলনা করেছেন। তবে ইরানের পুনরুত্থান চীনের চেয়ে অনেক বেশি অগোছালো ও সংঘাতময় হতে পারে। কারণ দেশটিকে দীর্ঘ বিচ্ছিন্নতা থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে।
তিনি জানান, ইরানের ভেতরে বর্তমানে দুটি শক্তিশালী ধারা বিদ্যমান। এক পক্ষ যুদ্ধ থামিয়ে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় মনোযোগ দিতে চায়। অন্য পক্ষ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীকে এমন পরাজয়ের মুখোমুখি করতে চায়, যেমনটি আফগানিস্তানে তালেবানের হাতে ঘটেছিল। বিশ্লেষকের দাবি, মার্কিন বাহিনী পুরোপুরি চলে যাওয়ার পর ইরানের মূল দৃষ্টি যাবে উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলোর দিকে। যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ হিসেবে তেহরান ইতোমধ্যেই ২৭০ থেকে ৩০০ বিলিয়ন ডলারের দাবি উত্থাপন করেছে, যা পরবর্তীতে ওই উপসাগরীয় দেশগুলোকেই পরিশোধ করতে হতে পারে। তেহরানের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের এই আত্মপ্রকাশ ঠেকানো সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

Wednesday, September 16, 2026
যে প্রকল্পে বদলে গেল ওদের জীবন by রোকনুজ্জামান পিয়াস
জানা যায়, করোনা মহামারীর কারণে ২০২০ সালে বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ লাখ কর্মী চাকরি হারিয়ে দেশে ফেরত আসেন। এসব প্রত্যাগত কর্মী তাদের পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে নিদারুণ কষ্টে দিনানিপাত করছিলেন। এ সময় তাদের কর্মক্ষম করে তোলার জন্য গ্রহণ করা হয় বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় রিইন্টিগ্রেশন কর্মসূচি। নানা প্রক্রিয়া শেষে ২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় রিইন্টিগ্রেশন প্রকল্পের। বস্তবায়নের দায়িত্ব দেয়া হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে।
২০২৩ সালে ৩০শে জুলাই মাঠপর্যায়ে প্রকল্পের কাজ শুরু হয়। মেয়াদ ধরা হয় ২০২৬ সালের ৩০শে জুন পর্যন্ত। প্রাথমিকভাবে ৪২৭ কেটি ৩০ লাখ ৩৫ হাজার টাকার এ প্রকল্পে ডলারের দাম বৃদ্ধির কারণে শেষমেশ বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ৫১৮ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকা। এর মধ্যে ২ কোটি ৩০ লাখ ৩৫০০০ টাকা সরকারের তহবিল থেকে এবং অবশিষ্ট ৫১৬ কোটি টাকা বিশ্বব্যাংক সহজশর্তে ঋণ দেয়। প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা, আত্মকর্মসংস্থান, পুনরায় বিদেশ গমন এবং চাকরি প্রাপ্তিতে প্রকল্প থেকে সহযোগিতা করা হচ্ছে। সারা দেশে বিদেশফেরত কর্মীদের সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে করে কর্মীরা এসব প্রতিষ্ঠান থেকে হতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তাসহ তাদের কাঙ্খিত সেবা সহজেই পায়। একটি রেফারেল সিস্টেমের মাধ্যমে এসব সেবা প্রদান করা হয়। এছাড়া নিবন্ধিত সেবাগ্রহীতা কর্মী ও তার পরিবারের সদস্যরা স্বনামধন্য হাসপাতাল থেকে স্বল্প খরচে চিকিৎসা পাচ্ছেন।
সূত্রমতে, ৩৫টি জেলায় স্থাপিত ‘প্রবাসী কল্যাণ সেন্টার’-এর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব সেন্টারের মাধ্যমে কাউন্সেলিং ও পরামর্শ নিয়ে প্রত্যাগত অসহায় অভিবাসী কর্মীরা নানাখাতে সম্পৃক্ত হয়ে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন। এর মধ্যে রয়েছে গ্রোসারি শপ, কাপড়ের ব্যবসা, ড্রাইভিং, পোলট্রি, ডেইরি, ছাগল ও গরু পালন, বিফ ক্যাটারিং, ফলের বাগান, বাণিজ্যিক কৃষি ও মৎস্য চাষ ইত্যাদি। এছাড়া মেশন, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ইলেকট্রিশিয়ান, কন্সট্রাকশন, কার্পেন্টার, পেইন্টার, ওয়েলডিং, গোল্ড স্মিথ, রড বাইন্ডিং, মোবাইল সার্ভিসিং, টাইলস ফিটিং, ইন্ডাস্ট্র্রিয়াল, অটো মেকানিক, কাটিং মাস্টার, প্লাম্বার, সেলুন, ইলেকট্রিক, ফার্নিচার, কনফেকশনারি, স্যানিটারি, গার্মেন্টস পণ্য, ফর্মেসি, হার্ডওয়্যার, জুতা, অটো পার্টস, থাই গ্লাস, রাইস মিল, মিষ্টি, স্টেশনারি, হোটেল, চায়ের দোকান, ভেজিটবল, ফলসহ নানা ধরনের ব্যবসা পরিচালনা করছেন। শুধু ব্যবসা নয়, প্রকল্পের মাধ্যমে বেসরকারি চাকরিতে যুক্ত হয়েছেন ৫ হাজারেরও বেশিসংখ্যক কর্মী। প্রকল্প থেকে উপকারভোগীদের অনেকে ফ্রিল্যান্সিং, শিক্ষক, বাবুর্চি, ইমাম, মুয়াজ্জিন, শেফ, গ্রাম্য চিকিৎসক, ইঞ্জিনিয়ারসহ নানা পেশা বা কাজে যুক্ত হয়েছেন। তথ্য বলছে, রেইজ প্রকল্পটিকে বিশ্বব্যাংক অন্যান্য দেশের জন্য রোল মডেল হিসেবে দেখছে। তাদের নিজস্ব সমীক্ষায় এটিকে সবচেয়ে ভালো প্রকল্প হিসেবে তুলে ধরা হয়েছে। স্বীকৃতিস্বরূপ সম্প্রতি এ প্রকল্পকে বিশ্বব্যাংকের মর্যাদাপূর্ণ ‘বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়েছে।
প্রকল্প পরিচালক, ড. এটিএম মাহাবুব-উল করিম বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা ২ লাখ বেকার কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এছাড়া অতিরিক্ত ৫৩০০০ ফেরত প্রবাসীকে উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্তির পাশাপাশি আরও ২০ হাজার জনকে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ৩৫টি প্রবাসী কল্যাণ সেন্টার স্থাপন করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সারা দেশে কর্মীদের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যত নিয়ে হতাশ হয়ে যাওয়া এসব কর্মীরা এখন স্বাবলম্বী হয়ে পরিবার নিয়ে ভালো আছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রকল্প হিসেবে ‘রেইজ প্রকল্প’ বিশ্বব্যাংকের এওয়ার্ড পেয়েছে। যা জাতি হিসেবে গর্বের। প্রকল্পটি অব্যাহত থাকলে আরও বিদেশফেরত কর্মীরা জীবিকা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। বেকারত্বের অভিশাপমুক্ত হবে লাখও কর্মী।

Saturday, September 12, 2026
সৌদি জাহাজের জন্য লোহিত সাগরকে ‘নো-গো জোন’ বানাল হুতিরা
ইয়াহিয়া সারি বলেন, সৌদি জাহাজের ওপর হুতিদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে অন্যান্য বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে নিরাপদে চলাচল করতে পারবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের ওপর যে অবরোধ আরোপ করা হয়েছে বলে হুতিরা দাবি করছে, তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান আরও বাড়ানো হবে। হুতিদের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির আশপাশে তারা সামরিক অগ্রগতি অর্জন করেছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে হুতিরা বাব আল-মান্দাবের কাছে বেশ কয়েকটি কৌশলগত অবস্থান দখল করেছে। এর মধ্যে রয়েছে পেরিম দ্বীপ এবং উপকূলীয় শহর ধুবাব। এর ফলে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।

হুতিদের ঝড়ো গতির অগ্রযাত্রা
গত কয়েক বছরের মধ্যে এটি হুতিদের সবচেয়ে বড় সামরিক সাফল্য। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, ১২ বছর ধরে চলা গৃহযুদ্ধ, সৌদি আরবের ভয়াবহ বিমান হামলা এবং যুক্তরাষ্ট্র, ইসরাইল ও বৃটেনের হামলার পরও হুতিরা এখনও বড় ধরনের শক্তি হিসেবে টিকে আছে। প্রতিপক্ষরা হতবিহ্বল ও মনোবল হারিয়ে ফেলায় অদূর ভবিষ্যতে হুতিদের এই অবস্থান থেকে সরানো কঠিন হতে পারে। ব্রাসেলসভিত্তিক ইউরোপিয়ান ইনস্টিটিউট অব পিসের জ্যেষ্ঠ বিশ্লেষক হিশাম আল-ওমেইসি বিবিসিকে বলেন, এখন তারা সেখানে পৌঁছে গেছে। তারা সেখানে শক্ত অবস্থান গড়ে তুলবে। আর তাদের সেখান থেকে সরানো অনেক বেশি ব্যয়বহুল হবে।
অবশ্য হুতিরা একা নয়। তারা ইরানের সমর্থন পেয়ে থাকে। ইরানের তথাকথিত ‘প্রতিরোধ অক্ষের’ অন্য অংশগুলো যেমন লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস এবং সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনব্যবস্থা সাম্প্রতিক সময়ে একের পর এক ধাক্কা ও পরাজয়ের মুখে পড়ায় হুতিদের প্রতি ইরানের সমর্থন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আল-ওমেইসি বলেন, তাই তারা তাদের সমর্থন হুতিদের দিকে সরিয়ে দিয়েছে। আর অবশ্যই হুতিদের সেই সমর্থন প্রয়োজন।
অধিকাংশ বিশ্লেষকই হুতিদের কেবল ইরানের ‘পুতুল’ হিসেবে বর্ণনা করাকে ভুল মনে করেন। তবে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ একটি অস্বস্তিকর নতুন বাস্তবতা সামনে এনেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বড় ধরনের যৌথ হামলা শুরুর সাত মাস পর এখন তেহরানের কর্তৃত্ব বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি সামুদ্রিক পথের ওপর প্রভাব বিস্তার করছে। তা হলো পারস্য উপসাগরের প্রবেশমুখে হরমুজ প্রণালি এবং লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দাব।
লন্ডনের থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসের গবেষক ফারিয়া আল-মুসলিমি বলেন, এখন ইরান সরাসরি এবং প্রক্সিদের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ সংকটপথ নিয়ন্ত্রণ করছে। এর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি ও তেল বাণিজ্যের ৩৫ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করা সম্ভব। তার মতে, এটি পারমাণবিক বোমার মতোই শক্তিশালী চাপ সৃষ্টির হাতিয়ার। হুতিরা যদি লোহিত সাগরের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপও নিয়ন্ত্রণে নিয়ে থাকে, যার মধ্যে বাব আল-মান্দাবের সবচেয়ে সরু অংশের মাঝখানে অবস্থিত পেরিম দ্বীপও রয়েছে, তাহলে আন্তর্জাতিক নৌযান চলাচলে হস্তক্ষেপের সক্ষমতা তাদের অনেক বেড়ে যাবে।
গাজায় ইসরাইলের যুদ্ধের পর হুতিদের কর্মকাণ্ড এরই মধ্যে দেখিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচল হুতি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট আকারের হামলাকারী নৌযানের কাছে কতটা ঝুঁকিপূর্ণ। ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ আইওনা ক্রেইগ শুক্রবার বিবিসির এক রেডিও অনুষ্ঠানে বলেন, ভূখণ্ড দখল না করেও তারা বাব আল-মান্দাব দিয়ে এবং সুয়েজের দিকে কী ঢুকছে ও বের হচ্ছে, তা নিয়ন্ত্রণ করতে পেরেছিল। এখন তারা বাব আল-মান্দাবের ঠিক পাশের এলাকা নিয়ন্ত্রণ করছে। ফলে তাদের প্রভাব বিস্তারের ক্ষমতা অনেক বেড়েছে।
শুক্রবার বিকেলে হুতিদের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্রপথে চলাচল সব কোম্পানির জন্য ‘নিরাপদ’। তবে সৌদি জাহাজ এর বাইরে থাকবে। কারণ এসব জাহাজের বিরুদ্ধে ইতিমধ্যে অবরোধ আরোপ করা হয়েছে। তবে জাহাজ চলাচলকারী কোম্পানিগুলো হুতিদের এই বক্তব্যের সত্যতা নিয়ে সন্দিহান থাকতে পারে। অতীতে হুতিরা দাবি করেছিল, তারা শুধু ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। বাস্তবে এমন কয়েকটি জাহাজও হামলার শিকার হয়েছে, যেগুলোর ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এর মধ্যে নরওয়ের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজও ছিল।
তবে আইওনা ক্রেইগের মতে, হুতিরা নির্বিচারে হামলা থেকে বিরত থাকতে পারে। কারণ তারা ২০২৫ সালের বসন্তে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন রাফ রাইডার’-এর পুনরাবৃত্তি চায় না। ওই অভিযানে ছয় সপ্তাহ ধরে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন বিমান ও নৌ হামলা চালানো হয়েছিল। ক্রেইগ বলেন, তারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শক্তির স্বাদ পেয়েছে।
প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র আদৌ নতুন করে এই সংঘাতে জড়াতে চাইবে কি না। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধ এমনিতেই জনপ্রিয় নয়। এর মধ্যে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। ফলে ইয়েমেনে নতুন একটি যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রবেশ ট্রাম্পের জনপ্রিয়তা কিংবা নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাবনা বাড়াবে এমনটা মনে করার কারণ কম। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের আহ্বান জানালেও এ পর্যন্ত তার প্রতি সাড়া মেলেনি। অ্যাক্সিওস বলছে, ইয়েমেনে সংঘাত আরও বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সমর্থন বাড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন, তবে সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়া এড়িয়ে চলতে চাইছে।
তবে সৌদি আরবের উদ্বেগ শুধু বাব আল-মান্দাবের সম্ভাব্য হুমকি নিয়ে নয়। উপগ্রহচিত্রে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্ভাব্য প্রমাণ পাওয়া গেছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর চলতি বছরের শুরুতে তেল রপ্তানির বিকল্প গুরুত্বপূর্ণ পথ হিসেবে এই পাইপলাইনটি ব্যবহার করা হচ্ছিল। এতে ধারণা করা হচ্ছে, ইরানের ইয়েমেনি মিত্ররা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ থেকে তৈরি অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।
ইরান সরাসরি এই হামলার নির্দেশ না দিলেও এর সুফল তেহরান পাবে এমনটাই স্পষ্ট। লন্ডনভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক ও বিশ্লেষক বারায়া শাইবান বলেন, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইয়েমেনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের সূত্রপাত জুলাইয়ে। ওই সময় হুতিদের একটি প্রতিনিধি দল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিয়ে দেশে ফিরে আসে। তিনি বলেন, এর পরপরই উত্তেজনা বাড়তে শুরু করে। দেখে স্পষ্ট মনে হচ্ছিল, (ইরান) এখন লোহিত সাগরে আরও শক্ত অবস্থান তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ।
ইয়েমেন আবার পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। সৌদি আরব লোহিত সাগরের দিকে তাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পথটি নিরাপদ রাখতে উদ্বিগ্ন। অন্যদিকে ডনাল্ড ট্রাম্প এই সংঘাতে সরাসরি জড়াতে অনাগ্রহী বলে মনে হচ্ছে। ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে ইয়েমেনের এই পরিস্থিতি নতুন এবং সম্ভাব্যভাবে অত্যন্ত বিপজ্জনক একটি মাত্রা যোগ করেছে। আর ইয়েমেনের সাধারণ মানুষের জন্য সাম্প্রতিক এই পরিস্থিতি তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
![]() |
| হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলাকালে একটি সাঁজোয়া যানে ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা। ৯ সেপ্টেম্বর ২০২৬ রয়টার্স |
যুদ্ধ-শুল্ক-ডলার নিয়ে বড় সিদ্ধান্ত : সর্বসম্মতিক্রমে ব্রিকসে ‘নয়াদিল্লি ঘোষণা’
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সদস্যদেশগুলোর ঐকমত্যে ঘোষণাটি গৃহীত হওয়ার কথা জানান।
নয়াদিল্লি ঘোষণায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) কাঠামোগত সংস্কারের আহ্বান জানানো হয়েছে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষেও অবস্থান নিয়েছে ব্রিকস।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া জাতিসংঘে ব্রাজিল ও ভারতের আরও বড় ভূমিকার আকাঙ্ক্ষার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিরাপত্তা পরিষদেও দেশ দুটির আরও বেশি প্রতিনিধিত্বের পক্ষে অবস্থান জানিয়েছে তারা।
ঘোষণায় ব্রিকসের সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে।
এছাড়া এটি ‘একতরফা যুদ্ধ কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছে এবং এবং মধ্যপ্রাচ্যে চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে নাবিকদের নিরাপত্তা ও বাণিজ্যিক নৌচলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
মোদি বলেন, পরিবর্তনশীল বিশ্বের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পুরোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। প্রতিনিধিত্ব, কার্যকরভাবে সাড়া দেয়ার সক্ষমতা এবং নিয়ম প্রণয়নের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে।
ভবিষ্যৎ প্রযুক্তির বিকাশ এবং এসব প্রযুক্তি পরিচালনার নিয়ম তৈরিতে ‘গ্লোবাল সাউথ’ বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
মোদি বলেন, নয়াদিল্লি ঘোষণা ব্রিকসের সম্মিলিত অঙ্গীকার বাস্তবায়নের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। এখন এসব সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেয়ার দায়িত্ব সদস্য দেশগুলোর।
শনিবারের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ ব্রিকসের বিভিন্ন সদস্য দেশের নেতারা অংশ নেন। ব্রিকস প্রতিষ্ঠার দুই দশক পূর্তির সময় এবারের সম্মেলন অনুষ্ঠিত হলো। এরই মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্যদের গণ্ডি পেরিয়ে জোটটি আরও বিস্তৃত হয়েছে।
একতরফা শুল্কের বিরোধিতা
বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছে ব্রিকস। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে উন্মুক্ত, স্বচ্ছ, ন্যায্য ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে জোটটি।
ঘোষণায় বলা হয়েছে, বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ডব্লিউটিওর নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ বাণিজ্য-সীমাবদ্ধতামূলক পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য কমিয়ে দিতে পারে। একই সঙ্গে এতে সরবরাহব্যবস্থা ব্যাহত এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অনিশ্চয়তা বাড়তে পারে।
নির্বিচারে শুল্ক ও অশুল্ক ব্যবস্থা বাড়ানো এবং পরিবেশগত লক্ষ্য অর্জনের অজুহাতে সুরক্ষাবাদী নীতি গ্রহণের বিষয়েও উদ্বেগ জানিয়েছে ব্রিকস।
ঘোষণায় বলা হয়েছে, একতরফা শুল্ক ও অশুল্ক ব্যবস্থা বাণিজ্যকে বিকৃত করে এবং ডব্লিউটিওর নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ। এসব বাণিজ্যবাধা মোকাবিলায় সদস্য দেশগুলো একসঙ্গে কাজ করবে।
উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর (ইএমডিই) প্রয়োজন ও অগ্রাধিকারের প্রতি আরও কার্যকরভাবে সাড়া দিতে ডব্লিউটিওকে সক্ষম করে তোলার ওপরও জোর দেয়া হয়েছে।
পাহেলগাম হামলার নিন্দা
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলারও কঠোর নিন্দা জানিয়েছে ব্রিকস। ঘোষণায় বলা হয়েছে, হামলার উদ্দেশ্য, স্থান, সময় কিংবা হামলাকারী যে-ই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অপরাধমূলক ও অগ্রহণযোগ্য।
পাহেলগাম হামলায় ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো।
সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় নিজেদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে জোটটি। এর মধ্যে সীমান্তপাড়ের সন্ত্রাসীদের চলাচল, সন্ত্রাসে অর্থায়ন এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ের বিষয়গুলো রয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, সন্ত্রাসবাদকে কোনো ধর্ম, জাতীয়তা, সভ্যতা বা জাতিগোষ্ঠীর সঙ্গে যুক্ত করা উচিত নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের জবাবদিহির আওতায় এনে সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে হবে।

BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2686)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...



