Saturday, May 7, 2016

তোপের মুখে নাওতো কান

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান তাঁর পদত্যাগের ব্যাপারে শর্ত আরোপ করায় গতকাল রাজনৈতিক নেতা ও পত্রপত্রিকার তোপের মুখে পড়েছেন। গত মার্চের দুর্যোগ মোকাবিলায় দুটি নতুন মন্ত্রীর পদ সৃষ্টি করায়ও তিনি সমালোচিত হয়েছেন।
জাপানের পত্রপত্রিকায় কানের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলা হয়েছে, এটি বিভ্রান্তিকর, অকার্যকর ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানোর চেষ্টা। এর আগে শিগগিরই পদত্যাগের অঙ্গীকার করে পার্লামেন্টে অনাস্থা ভোটে জয়ী হন কান। তবে পদত্যাগের ব্যাপারে নির্দিষ্ট সময়ের কথা তিনি উল্লেখ করেননি। তাঁর এই পদক্ষেপের সমালোচনা করেছেন নিজ দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের সদস্যরাও।
কান এই শর্ত দিয়েছেন যে তিনি কেবল তখনই পদত্যাগ করবেন, যখন ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন বাজেট, অর্থায়ন বিল ও নবায়নযোগ্য জ্বালানির প্রচারবিষয়ক আইন পার্লামেন্ট অধিবেশনে পাস হবে। পার্লামেন্টের মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত সোমবার নাওতো কান দুর্ঘটনার কারণে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয় মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কাজে সহযোগিতার জন্য দুটি মন্ত্রীর পদ সৃষ্টি করেন।

ইরাকে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২৫

ইরাকের আল-কাদিশিয়া প্রদেশের দিওয়ানিয়াহ শহরে গতকাল মঙ্গলবার দুটি গাড়িবোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। প্রদেশের গভর্নরের বাড়ির কাছে একটি নিরাপত্তা-চৌকিতে এ হামলা চালানো হয়।
সরকারি কর্মকর্তারা জানান, হতাহত লোকজনের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে গভর্নর সালাম হুসেন আলওয়ান হামলায় আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
দিওয়ানিয়াহর নিরাপত্তা পরিষদের প্রধান কারিম ইসঘাইর জানান, নিরাপত্তা-প্রহরীদের পালা পরিবর্তনের সময় হামলার ঘটনা ঘটে।
শহরের প্রধান হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, তারা ২০টি মৃতদেহ পেয়েছে। এ ছাড়া কমপক্ষে ৩৫ জন আহত মানুষ চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই পুলিশ।
সম্প্রতি ইরাকে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। বাগদাদসহ বিভিন্ন এলাকায় গত সোমবার কয়েকটি হামলা হয়। এসব হামলায় তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার পরই আবার নিরাপত্তা-চৌকিতে গতকাল হামলার ঘটনা ঘটল।