Thursday, June 9, 2016

ইলিশের রপ্তানি নিষেধাজ্ঞা তুলছে না বাংলাদেশ by সৌম্য বন্দ্যোপাধ্যায়

বর্ষার পিছু পিছু করছে—এ সময় এসে গেছে ইলিশের মৌসুম। ভারতীয় বাঙালির রসনাতৃপ্তির জন্য নতুনভাবে উঠল পুরোনো দাবিও। কিন্তু ‘জলের রুপালি শস্য’ ইলিশের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকার এখনই তুলে নিচ্ছে না।
বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যুগ্ম ওয়ার্কিং গ্রুপের দশম বৈঠকে ইলিশ নিয়ে ভারতের এই বিশেষ অনুরোধ বাংলাদেশ নাকচ করে দিয়েছে। রপ্তানি নিষেধাজ্ঞা না তোলার যে দুটি কারণ বাংলাদেশ দেখিয়েছে, তার একটি হলো আকাশছোঁয়া অভ্যন্তরীণ চাহিদা; দ্বিতীয় কারণ, চাহিদা ও জোগানে বিপুল ঘাটতি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফি বর্ষায় পদ্মার ইলিশ উপহার পেলেও আম বাঙালির রসনাতৃপ্তিতে এবারেও আসছে না বাংলাদেশি ইলিশ।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম ডি মুনির চৌধুরী। দুই দিনের এ বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভূপেন্দ্র ভাল্লা। ইলিশের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ প্রসঙ্গে বৈঠকে তিনি বলেন, এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা বিশেষ অনুরোধ। বেশ কয়েক বছর ধরেই এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। এপার বাংলার বাঙালির স্বার্থে বাংলাদেশ বিষয়টি বিবেচনা করুক।
বাংলাদেশ যেমন এই অনুরোধ মানেনি, ভারতও তেমন বাংলাদেশি তৈরি পোশাকের ওপর চাপানো ‘কাউন্টার ভেলিং’ শুল্ক তুলে নেওয়ার অনুরোধ মেনে নেয়নি। ভারতের বক্তব্য, দেশি পোশাক প্রস্তুতকারকদের যে শুল্ক দিতে হয়, ‘কাউন্টার ভেলিং’ শুল্ক না বসালে বাংলাদেশের রেডিমেড পোশাক অনেক সস্তা হয়ে যাবে। ক্ষতি হবে দেশি উৎপাদকদের। কাজেই এখনই এ অনুরোধ মানা সম্ভব নয়।
ভারতের আরও একটা অনুরোধ বাংলাদেশ মানেনি। তবে বলেছে, বিবেচনা করবে। অনুরোধটি ছুটির দিনে মাল খালাসের বাড়তি খরচ না নেওয়ার। বাংলাদেশে ছুটির দিন শুক্রবার। ওই দিন সীমান্ত বন্দরগুলোতে ভারতীয় পণ্য খালাসের জন্য কিছু বাড়তি টাকা খরচ করতে হয়। ভারতে ছুটির দিন রোববারে যা লাগে না। ভারতের অনেক দিনের অনুরোধ, ওই বাড়তি খরচ যেন না নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ জানায়, এ ক্ষেত্রে সম-আচরণ বা ‘রেসিপ্রোসিটি’ সম্ভব নয়। বাংলাদেশ থেকে ভারতে যত পণ্য রপ্তানি হয়, ভারত থেকে রপ্তানি হয় তার ১০ গুণ।
দুই দিনের এ বৈঠকে ঠিক হয়েছে, সীমান্ত হাটের সংখ্যা আরও ছয়টি বাড়ানো হবে। এ-সংক্রান্ত সমঝোতা চুক্তি বা এমওইউয়ের মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ। ভারত জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই তার নবীকরণ হয়ে যাবে। দুই দেশই সীমান্ত হাটের সংখ্যা বৃদ্ধিতে আগ্রহী। এতে সীমান্তে চোরাচালান যেমন বন্ধ করা যায়, তেমনই সীমান্তবর্তী এলাকায় অর্থনীতি সমৃদ্ধ হয়। দুই দেশের মানুষের বন্ধনও দৃঢ় হয়।
যুগ্ম কমিটির বৈঠকে ‘জুট ডাম্পিং’ বিষয়টিও আলোচিত হয়েছে। বলা হয়েছে, এ বিষয়ে শুনানি ঈদের ছুটির পরেই হবে। বেনাপোল-পেট্রাপোল সীমান্তে ভারতের দিকের রাস্তা চার লেনের হলেও বাংলাদেশে এখনো তা করা সম্ভব হয়নি। বাংলাদেশ জানিয়েছে, শিগগিরই এই কাজে হাত দেওয়া হবে। স্পর্শকাতর তালিকা বা ‘সেনসিটিভ লিস্ট’ থেকে যে পণ্য গুলি বাদ দেওয়ার দাবি ভারত জানিয়ে আসছে, বাংলাদেশ তা বিবেচনা করবে জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, ইতিমধ্যেই তারা ২১টি বিষয়কে ওই তালিকা থেকে বাদ দিয়েছে।

থাই রাজার সিংহাসন আরোহণের ৭০তম বার্ষিকী পালন

থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের বৃহস্পতিবার দেশের সিংহাসনের আরোহণের ৭০তম বার্ষিকী পালন করা হয়। ভাইয়ের রহস্যজনক মৃত্যুর পর তিনি এ দায়িত্ব নেন। নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালিত হয়। কমলা রংয়ের পোশাক পরিহিত শত শত বৌদ্ধভিক্ষু এসব অনুষ্ঠানের নেতৃত্ব দেন। এদিকে তার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
৮৮ বছর বয়সী রাজা বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন। দেশে ব্যাপক রাজনৈতিক বিভেদ থাকা সত্ত্বেও তাকে জাতির ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে।
এদিকে মস্তিষ্কে পানি জমাসহ স্বাস্থ্যগত নানা সমস্যার কারণে কয়েক মাস ধরে চিকিৎসার পর মঙ্গলবার রাজার হৃদযন্ত্রের অপারেশন করা হয়। এসব কারণে তার স্বাস্থ্য নিয়ে থাই নাগরিকরা অনেক উদ্বিগ্ন।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রাজার ছবি শোভা পাচ্ছে।
থাইল্যান্ডে রাজ পরিবারকে সমালোচনা উর্ধে রাখতে দেশটিতে রাজ-পরিবার নিন্দা আইন চালু রয়েছে। ফলে কেউ রাজ পরিবারের নিন্দা বা সমালোচনা করলে এ আইনের আওতায় প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে।
থাই রাজা বিশ্বের সবচেয়ে ধনী রাজাদের অন্যতম। বর্তমানে তিনি কোটি কোটি ডলারের মালিক।
উল্লেখ্য, ব্যাংককের একটি প্রাসাদে এক বন্দুক হামলায় তার ভাই মারা যাওয়ার পর ১৯৪৬ সালের ৯ জুন ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনের আসন গ্রহণ করে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।