Wednesday, October 6, 2010

শিক্ষার কেন্দ্রে যোগ্য শিক্ষকদের বসান

১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত এক সম্মেলনে শিক্ষকদের মৌলিক অধিকার ও কর্তব্যবিষয়ক ১৪৬টি ধারাবিশিষ্ট ‘স্ট্যাটাস অব টিচার্স’ নামের এক ঘোষণাপত্র গৃহীত হয়। ঘোষণাপত্রে স্বাক্ষরদাতারা হলেন তখনকার ইউনেসকোর মহাপরিচালক জিন থোমাস ও লিগ্যাল অ্যাডভাইজর রেনে ম্যাথিউ।
সদস্যরাষ্ট্রসহ অন্যান্য দেশে এই সুপারিশমালা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে ১৯৯৪ সালে জেনেভায় আন্তর্জাতিক এক শিক্ষা সেমিনারে সহস্রাধিক প্রতিনিধির উপস্থিতিতে শিক্ষকদের মৌলিক অধিকার ও কর্তব্যের ওপর নতুন করে দৃষ্টি আকর্ষণের জন্য ইউনেসকোর তৎকালীন মহাপরিচালক ফেডারিকো মেয়র ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেন। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ঘোষণার মাধ্যমে এদিন শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী এবং শিক্ষকেরা কোন নীতিমালার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করবেন, তা আন্তর্জাতিকভাবে নির্ধারিত হলো। বিভিন্ন দেশ প্রতিবছর ৫ অক্টোবর বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে।
পেশা হিসেবে শিক্ষকতা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত নয়। দেশের জনগোষ্ঠীকে যাঁরা মানবসম্পদে পরিণত করেন, তাঁদের উজ্জীবিত করার লক্ষ্যে দিবসটির প্রতি সরকার ও জনগণকে আরও গুরুত্ব দেওয়া উচিত। প্যারিস সম্মেলনে গৃহীত ‘স্ট্যাটাস অব টিচার্স’ ঘোষণাপত্রের সুপারিশমালা—
শিক্ষানীতি প্রণয়ন ও শিক্ষার লক্ষ্য নির্ধারণে শিক্ষক, কর্মচারী ও শ্রমিক সংগঠনগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা নিতে হবে। মানব অধিকার-সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণার ২৫ নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। চাকরির নিরাপত্তা ও নিয়োগকালের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। নিয়োগবিধি ও চাকরির শর্তাবলি নির্ধারণে শিক্ষক সংগঠনগুলোর ভূমিকা নিশ্চিত করতে হবে। এতে শিক্ষকদের দায়িত্ব ও অধিকার সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। মেধা আকর্ষণ ও শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য বার্ষিক জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ নির্দিষ্ট রাখতে হবে। শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দিতে হবে। নতুন কোর্স তৈরি, পাঠ্যপুস্তক রচনা ও পাঠ্যসহায়ক-সামগ্রী প্রস্তুতে শিক্ষক ও শিক্ষক সংগঠনগুলো অংশ নেবে। শিক্ষকেরা একাডেমিক স্বাধীনতা ভোগ করবেন। শিক্ষকেরা সব নাগরিক অধিকার ভোগ করবেন এবং জনপ্রতিনিধিত্বের সব ধরনের পদ তাঁদের জন্য উন্মুক্ত থাকবে। তাঁরা চাকরির শ্রেষ্ঠত্ব ও পেনশনের জন্য বিবেচ্য চাকরির মেয়াদকাল অক্ষুণ্ন রেখে ওই দায়িত্ব পালন করতে এবং মেয়াদান্তে আগের পদে বা সমতুল্য পদে ফিরে আসতে পারবেন। শিক্ষকদের আচরণবিধি স্থিতিকরণে শিক্ষক সংগঠনগুলোর ভূমিকা থাকবে। জাতীয় উৎপাদন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পর্যালোচনা করে শিক্ষকদের বেতন বাড়াতে হবে। বৃদ্ধ বয়সে সামাজিক নিরাপত্তা, চিকিৎসার সুযোগ ও অবসরভাতা দিয়ে শিক্ষকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে হবে। প্রতিবছর বাংলাদেশে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। বর্তমানে সাত লাখেরও বেশি লোক এ পেশায় নিয়োজিত। অর্ধেকেরও বেশি শিক্ষক প্রাইমারি স্কুলে। বাকিরা কর্মরত আছেন মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। দেশে সরকারি ও বেসরকারি দুই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যমান। প্রায় ৯৫ শতাংশ ছাত্রছাত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা ও অন্য সুযোগ-সুবিধায় রয়েছে আকাশ-পাতাল ব্যবধান।
বিগত জাতীয়তাবাদী সরকারের আমলে বেসরকারি শিক্ষকদের মূল বেতনের শতভাগ পাওয়ার জন্য ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আন্দোলন করতে হয়েছে।
বর্তমান সরকার বেসরকারি শিক্ষকদের নতুন জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত করেছে। নতুন শিক্ষানীতি হয়েছে। তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। জাতীয় সংসদের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটি শিক্ষা ও শিক্ষাব্যবস্থার ত্রুটি সংশোধনকল্পে কিছু সুপারিশ প্রণয়ন করেছে। সুপারিশমালা বাস্তবায়নের কোনো পরিকল্পনা সরকারের কাছ থেকে শোনা যাচ্ছে না। প্রচলিত জনবল-কাঠামো শিক্ষকদের পদোন্নতির পথে বড় বাধা এবং সংশোধন এখন সময়ের দাবি। বেসরকারি শিক্ষকেরা সরকারি কোষাগার থেকে মাসিক বাড়িভাড়া পান ১০০ টাকা, উৎসব-ভাতা পূর্ণাঙ্গের পরিবর্তে পান মূল বেতনের ২৫ শতাংশ। পূর্ণ পেনশনের কোনো ব্যবস্থা নেই। প্রতিবেশী দেশ ভারতে বেসরকারি ও সরকারি শিক্ষকদের সুযোগ-সুবিধায় কোনো পার্থক্য নেই। বেসরকারি শিক্ষকেরাও পূর্ণ পেনশন পান। এখানে শিক্ষকেরা কখনো কখনো প্রতিকূল পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের অভিযোগ করার উপযুক্ত জায়গা নেই।
শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা অপ্রতুল। জ্ঞানসম্ভার সমৃদ্ধির কারণে প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। জ্ঞাননির্ভর সমাজ তৈরির দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং প্রতিযোগিতা বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত উত্তম শিক্ষক প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক সার্ভিস কমিশন গঠন করা এখন সময়ের দাবি। কমিশনটি যেন অন্যান্য সার্ভিস কমিশনের মতো দলীয় লোক দ্বারা পরিচালিত না হয়। বাংলাদেশে অনেক প্রতিভাসম্পন্ন শিক্ষক আছেন। প্রাচীনকালে সমতটে (কুমিল্লার চান্দিনা) এক ব্রাহ্মণ রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন অসামান্য বাঙালি শিক্ষক মহাস্থবির শীল ভদ্র (৫২৯—৬৫৪ খ্রি.)। জগদ্বিখ্যাত নালান্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য ও সর্বাধ্যক্ষের পদ অলংকৃত করে বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছিলেন। একাদশ শতাব্দীতে বিক্রমপুরের অতীশ দীপঙ্কর একই বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষক উন্নত বিশ্বে হার্ভার্ড ও বিভিন্ন ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণাকাজে নিয়োজিত আছেন। সীমিত সুযোগ-সুবিধার কারণে ভালো শিক্ষকেরা বিদেশে চলে যাচ্ছেন। জাতির জন্য কোনো অবস্থায়ই এটা কাম্য নয়। ইউনেসকো, আইএলও, ইউএনডিপি ও ইউনিসেফ যৌথভাবে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবসে বাণী প্রচার করে থাকে।
২০০৫ সালে যৌথ বাণীতে গুরুত্ব দিয়ে বলা হয়েছিল, প্রজন্ম থেকে প্রজন্মে যে শিক্ষকেরা জ্ঞানের প্রদীপটি পৌঁছে দেন, যাঁদের অবস্থান শিক্ষার কেন্দ্রবিন্দুতে, তাঁদের কথা শুনতে হবে। বিশ্বের চলমান অর্থনৈতিক মন্দা অবস্থার পরিবর্তন না আসতেই গত জানুয়ারিতে হাইতিতে যে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল, সেখানে ৩৮ হাজার ছাত্র ও এক হাজার ৩০০ শিক্ষকের মৃত্যু ঘটেছে। পাকিস্তানের প্লাবনে ক্ষতিগ্রস্ত দুই কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেক শিশু। যেকোনো দুর্যোগে শিক্ষকেরাই পারেন শিশুদের মনোবল ফিরিয়ে আনতে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য পূরণে এবং ২০১৫-এর মধ্যে ‘সবার জন্য শিক্ষা’ নিশ্চিতকরণের জন্য বর্তমানে বিশ্বে এক কোটি ৩০ লাখ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন। যেহেতু শিক্ষকেরা শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ আকর্ষণীয় করে তোলেন, জ্ঞানের উন্মেষ ঘটান এবং ভবিষ্যৎ রচনা করেন, তাই উত্তমদের এ দায়িত্ব দেওয়া প্রয়োজন। উত্তম ও যোগ্য শিক্ষক নিয়োগের পরিবেশ দেশে সৃষ্টি হোক, এটাই সবার প্রত্যাশা।
এম এ বারী: বেসরকারি শিক্ষকনেতা ও সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

চারটি কোম্পানিকে ওটিসি বাজারে পাঠিয়েছে এসইসি

চারটি কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মূল লেনদেন ব্যবস্থা থেকে চালিকাচ্যুত করে ওটিসি বাজারে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
প্রতিষ্ঠানগুলো হলো—অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, ঢাকা ফিশারিজ লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড ও পদ্মা সিমেন্ট লিমিটেড।
এসইসির পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তটি আগামী ২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়।
যেসব কোম্পানি পর পর দুই বছর বা তার বেশি সময় ‘জেড’ শ্রেণীতে রয়েছে, সেসব কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মূল লেনদেন ব্যবস্থা থেকে তালিকাচ্যুত করা হবে। এসব কোম্পানিকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে পাঠানো হবে ওভার দ্য কাউন্টার বা ওটিসি নামের বিকল্প বাজারে। এসইসির বাজার পর্যালোচনা কমিটির জরুরি বৈঠকে গতকাল সোমবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কোটি টাকা লেনদেন করলেই বিনিয়োগকারীর তথ্য লাগবে

শেয়ারবাজারে কোনো বিনিয়োগকারী দিনে এক কোটি টাকা বা এর বেশি লেনদেন করলে সেই তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিদিনের লেনদেন শেষে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসকে নিয়ন্ত্রক সংস্থার কাছে গ্রাহকের লেনদেনসংক্রান্ত পাঁচটি তথ্য দিতে হবে।
পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল সোমবার এ আদেশ জারি করেছে, যা গতকাল থেকেই কার্যকর হয়েছে।
পরে বিকেলে বাজারের রাশ টেনে ধরতে এসইসির বাজার পর্যালোচনা কমিটির জরুরি বৈঠকে তদারকিব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও এসইসি যৌথভাবে বাজার তদারকিতে নামবে।
এ বৈঠকে সিদ্ধান্ত হয়, বিভাগীয় শহরের বাইরে ব্রোকারেজ হাউসের আর কোনো শাখা খোলার অনুমোদন দেবে না এসইসি। শেয়ারের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এ ছাড়া যেসব কোম্পানি পর পর দুই বছর বা তার বেশি সময় ‘জেড’ শ্রেণীতে রয়েছে, সেই সব কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মূল লেনদেনব্যবস্থা থেকে তালিকাচ্যুত করা হবে। এসব কোম্পানিকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে পাঠানো হবে ওভার দ্য কাউন্টার বা ওটিসি নামের বিকল্প বাজারে।
এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া টেলিফোনে প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসইসি এসব সিদ্ধান্ত নিয়েছে।’
পুঁজিবাজারে যেসব কোম্পানি নিয়মিত লভ্যাংশ দেয় না, সেই সব কোম্পানিকে শাস্তিস্বরূপ দুর্বল মৌলভিত্তির কোম্পানির কাতারে, অর্থাৎ ‘জেড’ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। আর যেসব কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে না, নিয়মনীতি পালনের তোয়াক্কা করে না এবং উৎপাদন কার্যক্রম বন্ধ, সেসব কোম্পানিকে পাঠানো হয় ওটিসি বাজারে।
কাগুজে শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে (ডিম্যাট) রূপান্তর না করায় গত রোববার এসইসি ২৫টি কোম্পানিকে ওটিসি বাজারে পাঠায়। ২০০৯ সালের সেপ্টেম্বরে ওটিসি বাজার চালু হওয়ার পর এ নিয়ে মোট ৭৫টি কোম্পানিকে ওটিসিতে পাঠানো হয়েছে। এবার নিয়মিত লভ্যাংশ না দেওয়ার শাস্তি হিসেবে নতুন করে আরও ১২টি কোম্পানিকে ওটিসিতে পাঠানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ তালিকায় রূপালী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের মতো কোম্পানি রয়েছে। তালিকার অন্য কোম্পানিগুলো হলো আজিজ পাইপ, আনোয়ার গ্যালভানাইজিং, চিটাগাং ভেজিটেবল, মেঘনা পেট, তাল্লু স্পিনিং, মুন্নু ফেব্রিকস, সাফকো স্পিনিং ও পদ্মা সিমেন্ট। সম্মিলিতভাবে এসব কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ এক হাজার ৫৮৭ কোটি টাকা।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নিয়মিত লভ্যাংশ না দিলেও এ তালিকায় বেশ কয়েকটি সম্ভাবনাময় কোম্পানি রয়েছে। ফলে সব কোম্পানিকে এক কাতারে ফেলে ঢালাওভাবে তালিকাচ্যুত করলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন। তা ছাড়া বাজারে তীব্র শেয়ার সংকটের সময় একসঙ্গে এতগুলো কোম্পানিকে মূল লেনদেনব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া কতটুকু যৌক্তিক, সেটাও ভেবে দেখা দরকার।
যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, বিভাগীয় শহরের বাইরে ব্রোকারেজ হাউসের শাখা খোলার অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তটি বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন ছিল। কিন্তু ঢালাওভাবে সব কোম্পানিকে ওটিসিতে পাঠানো হলে বাজারে শেয়ারের সংকট আরও বাড়বে।
এক কোটি টাকার বেশি লেনদেন করলে তথ্য দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ খান বলেন, মানি লন্ডারিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সার্কুলারের সঙ্গে এ সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে কি না, সেটা দেখা দরকার। তবে যা-ই হোক, এ ধরনের সিদ্ধান্ত বাজারের জন্য শুভ ফল আনবে না। লেনদেন চলাকালে এ ধরনের নির্দেশ দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
একজন বিনিয়োগকারী প্রথম আলোকে বলেন, এসইসির নতুন এ নির্দেশনার কারণে বিনিয়োগকারীরা লেনদেন কমিয়ে দেবেন। এতে বাজারে শেয়ারের কৃত্রিম সংকট সৃষ্টি হবে, যা শেয়ারের দাম বাড়াতে আরও বেশি ভূমিকা রাখবে। তিনি মনে করেন, শেয়ারের সরবরাহ না বাড়িয়ে, এভাবে বাজার নিয়ন্ত্রণ করা খুব একটা কাজে আসবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, এক কোটি টাকার বেশি লেনদেন করেছে এমন গ্রাহক সম্পর্কে বেশির ভাগ ব্রোকারেজ হাউসই গতকাল তথ্য দিতে পারেনি। এ ব্যাপারে একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এসইসি গ্রাহকের ক্রয়-বিক্রয় আদেশ; বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে কী শেয়ার ছিল, তার তথ্য; গত এক সপ্তাহের আর্থিক খতিয়ান; পোর্টফোলিও বা পত্রকোষের বিবরণীসহ গ্রাহকের এক সপ্তাহের লেনদেনের সংক্ষিপ্তসার দিতে বলেছে। কিন্তু লেনদেনের পর প্রতিটি গ্রাহকের এসব তথ্য পৃথকভাবে সংগ্রহ করে নির্দিষ্ট সময়ে এসইসিতে জমা দেওয়া অত্যন্ত কঠিন।
গতকাল প্রথম দিন বিকেল পাঁচটার পরপরই তথ্য দিতে গিয়ে এসইসিতে জমা নেওয়ার মতো কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে অনেক প্রতিষ্ঠান।
বাজার পরিস্থিতি: আগের দিনের রেকর্ড লেনদেনের ধারাবাহিকতায় গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছিল। ডিএসইতে প্রথম ঘণ্টায় মূল্যসূচক ৮০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এরপর এসইসির নির্দেশনা ডিএসইর ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে সূচক কমতে থাকে। কিন্তু দুপুর দুইটার পর বাজারে যখন খবর ছড়িয়ে পড়ে, প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) ভিত্তিতে ঋণ বিতরণের বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রয়েছে, তখন বাজারে লেনদেন ও সূচক দুই-ই বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে সাত হাজার ২৬১ পয়েন্ট অতিক্রম করে। আর লেনদেন হয় দুই হাজার ৪৩৬ কোটি টাকার বেশি।
উল্লেখ্য, এনএভির ভিত্তিতে শেয়ারের বিপরীতে ঋণ বিতরণসংক্রান্ত দুটি আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের নির্দেশনা খারিজের জন্য চেম্বার জজ আদালতে আবেদন করে এসইসি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি হয়েছে। কিন্তু চেম্বার জজ আদালত হাইকোর্টের নির্দেশ বহাল রেখে ৭ অক্টোবর শুনানির জন্য বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

ডিএসইতে চাঙ্গাভাব অব্যাহত, আজ সাধারণ সূচক বেড়েছে ৬৪.৭৯ পয়েন্ট

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। আজও সাধারণ সূচক বেড়েছে। তবে আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আজ সাধারণ মূল্যসূচক ৬৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩২৭ দশমিক ৩১ পয়েন্টে।
আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ১৯৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩৯ কোটি টাকা কম।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ঢাকা শেয়ার বাজারে আজ মোট ১৪,৫২,৭৩,৬০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সর্ভিসেস, দ্য প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
আজ সবচেয়ে বেশি বেড়েছে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। এ ছাড়া কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—মুন্নু ফেব্রিক্স, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ওয়েভিং, তাল্লু স্পিনিং ও আজিজ পাইপস।
আজ ডিএসইর বাজার মূলধন ৩,১৯,৬০০ কোটি টাকা হয়েছে, যা ডিএসইতে সর্বোচ্চ বাজার মূলধন।

ইন্দোনেশিয়ায় বন্যায় ১৫ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের পাপুয়া প্রদেশের একটি জেলায় গতকাল সোমবার আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে অনেকে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
পাপুয়া প্রদেশের তেলুক ওনডামা জেলায় গত রোববার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে এই বন্যা দেখা দেয়। প্রাদেশিক কর্মকর্তা এম এল রুমাদাপ বলেন, এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মিসর ও ইরানের মধ্যে পুনরায় বিমান চালু হচ্ছে

মিসর ও ইরান পুনরায় তাদের মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট চালু করতে সম্মত হয়েছে। তিন দশকের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এই ফ্লাইট চালু হচ্ছে।
মিসরের কর্মকর্তারা বলেন, কায়রো ও তেহরানের মধ্যে প্রতি সপ্তাহে ২৪টি ফ্লাইট চলবে। কবে থেকে এই ফ্লাইট চালু হবে, এ ব্যাপারে তাঁরা নির্দিষ্ট করে কিছু বলেননি।
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে ১৯৮০ সালে মিসর ও ইরানের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়।

মহেন্দ্র চৌধুরী জামিনে মুক্ত

ফিজির ভারতীয় বংশোদ্ভূত সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মহেন্দ্র চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সামরিক সরকারের জরুরি আইন লঙ্ঘন করে জনসভা করার অভিযোগে গত শুক্রবার পাঁচ সহযোগীসহ তাঁকে আটক করা হয়। গতকাল সোমবার আদালত তাঁকে জামিনে মুক্তি দেন। একই সঙ্গে তাঁকে কাল বুধবার আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
মহেন্দ্র চৌধুরী বলেছেন, তিনি আইনের লঙ্ঘন হয়, এমন কোনো কাজ করেননি। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে আপাতত কোনো আইনজীবী নিয়োগ করে আইনি লড়াই করবেন না।
মহেন্দ্র চৌধুরী ১৯৯৯ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ফিজির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরের বছরই এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

ব্রাজিলে দ্বিতীয় দফা ভোট ৩১ অক্টোবর

ব্রাজিলে রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী দিলমা হুসেফ প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছেন। এতে দেশটিতে এখন দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে। ৩১ অক্টোবর এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ব্রাজিলে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে একজন প্রার্থীকে ৫০ ভাগ ভোট পেতে হয়। কিন্তু ৯৮ শতাংশ ভোট গণনা শেষে জানা গেছে, দিলমা পেয়েছেন প্রায় ৪৭ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা সাও পাওলো শহরের সাবেক মেয়র জোসে সেরার ঝুলিতে পড়েছে প্রায় ৩৩ শতাংশ ভোট। নির্বাচনের অন্য নারীপ্রার্থী গ্রিন পার্টির ম্যারিনা সিলভা সবাইকে অবাক করে প্রায় ১৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন। বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন ম্যারিনা।
এর আগে বুথ ফেরত জরিপ থেকে ধারণা করা হয়েছিল, দিলমা ৫১ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। কিন্তু দুর্নীতি কেলেঙ্কারি এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে দিলমার দৃষ্টিভঙ্গির কারণে শেষ মুহূর্তে অনেক ভোটার তাঁকে ভোট দেননি।
দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা-সমর্থিত দিলমার সঙ্গে দ্বিতীয় অবস্থানে থাকা জোসে সেরার। তৃতীয় হওয়ার কারণে ম্যারিনা বাদ পড়ছেন। ব্রাজিলের সুপ্রিম ইলেকটোরাল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট রিকার্ডো লেওয়ানডোস্কি বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি, প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে।’
প্রাথমিক ফল ঘোষণার পর দিলমা বলেন, ‘আমরা লড়াকু এবং চ্যালেঞ্জ নিতেই অভ্যস্ত। দ্বিতীয় পর্বে আমরা ভালো করব।’ প্রেসিডেন্ট লুলার সমর্থন থাকায় এবং দেশের বিকাশমান অর্থনীতির কারণে তাঁর পক্ষে জনসমর্থন পাওয়া সহজ হয়েছে।
ব্রাজিলের রাজনৈতিক বিশ্লেষক লুই পিভা বলেন, নির্বাচনী আবহাওয়া ক্ষমতাসীন দলের পক্ষেই রয়েছে। ব্রাজিলের নাগরিকেরা তাদের সরকার নিয়ে খুবই খুশি। তাই দিলমার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে দ্বিতীয় অবস্থানে থাকা জোসে সেরা বলেন, ‘আমরা একটি নতুন ধারণাকে সামনে এনেছি এবং দেশের জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়েছে।’
ব্রাজিলে ভোট দেওয়া বাধ্যতামূলক। সেখানে সাড়ে ১৩ কোটি ভোটার রয়েছেন। ভোট দেওয়ার স্বয়ংক্রিয় পদ্ধতি থাকায় নির্বাচনের ফল দ্রুত জানা গেছে। ব্রাজিল বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি এবং অন্যতম জনবহুল গণতান্ত্রিক দেশ।

ভারতে মাওবাদীদের হামলায় নিহত ৩

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় মাওবাদীরা বামপন্থী সংগঠন ফরোয়ার্ড ব্লকের তিন কর্মীকে গত রোববার রাতে গুলি করে হত্যা করেছে। পুলিশ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে মাওবাদীদের ৫০ জনের সশস্ত্র একটি দল ওই হত্যাকাণ্ড ঘটায়। তারা ওই তিন কর্মীকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে নিয়ে গুলি করে হত্যা করে। ঘটনার পর ভারতীয় যৌথ বাহিনী সেখানে চিরুনি অভিযান শুরু করেছে।
ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘এ বছর হামলায় আমাদের দলের সাতজন কর্মী নিহত হয়েছেন। তাঁরা সবাই আদিবাসী। মাওবাদীরা হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।

চালকহীন বিমান কেনার পরিকল্পনা জাপানের

যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি ‘গ্লোবাল হক’ চালকবিহীন বিমান কেনার পরিকল্পনা নিয়েছে জাপান। চীনের সামরিক তৎপরতা ও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে নজরদারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল সোমবার জাপানের বার্তা সংস্থা কিয়েদো নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চার হাজার বছরের প্রাচীন আর্য শহরের সন্ধান

রাশিয়ায় প্রত্নতত্ত্ববিদেরা মাটি খুঁড়ে চার হাজার বছরের প্রাচীন আর্য শহর আবিষ্কার করেছেন। তাঁদের ধারণা, প্রাচীন ও প্রায় অজানা ওই বসতি স্থাপন করেছিল আর্য সম্প্রদায়ের মানুষ। গতকাল সোমবার রাশিয়ার ওই প্রত্নতাত্ত্বিক দলের সদস্যদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল।
প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা জানান, কাজাখস্তানের সীমান্তসংলগ্ন রাশিয়ার সার্বিয়ার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত স্তেপ এলাকায় ২০টি বসতির চিহ্ন খুঁজে পেয়েছেন তাঁরা। বিশ্লেষকেরা বলছেন, ব্রোঞ্জ যুগের ওই বসতিগুলো মিসরের গ্রেট পিরামিড স্থাপনের কিছু সময় পর স্থাপন করা হয়। চার হাজার বছর আগে প্রকৃত আর্যরাই বসতি স্থাপন করেছিল। যাদের স্বস্তিকা চিহ্ন নাৎসি বাহিনী পার্টির প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন হিটলার।
ওই অঞ্চল পরিদর্শনকারী বিবিসির কর্মী বেটানি হগস বলেন, ‘আমি ব্রোঞ্জ যুগ সম্পর্কে লিখেছি। আমি জানি, ইতিহাসের ওই অধ্যায়ে অনেক অজানা বিষয় রয়েছে।’
ওপর থেকে তোলা ছবির মাধ্যমে প্রায় ২০ বছর আগে ওই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ সম্পর্কে জানা যায়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এর অবস্থান হওয়ায় এত দিন পর্যন্ত শহরটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। রাশিয়ার ওই প্রত্নতাত্ত্বিক দলটি জানিয়েছে, তাদের খুঁজে পাওয়া ওই প্রাচীন শহরের আয়তন প্রাচীন গ্রিসের শহরগুলোর মতো। সেখানে সম্ভবত ২০০ থেকে এক হাজার লোক বসবাস করত। আর্যদের ভাষা ইউরোপের অনেক মাতৃভাষার উৎস। পিটিআই অনলাইন।

জনপ্রিয়তা কমেছে নাওতো কানের

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের প্রতি জনসমর্থন কমে গেছে। সম্প্রতি চীন-জাপান ট্রলার-সংকট নিরসনে কানের ভূমিকা নিয়ে পরিচালিত একটি জরিপ থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। গত সপ্তাহের শেষ দিকে এক হাজার ১০৪ জনের ওপর পরিচালিত ওই জরিপের ফলাফলে দেখা যায়, কানের জনসমর্থন গত মাসের চেয়ে ১৩ শতাংশ কমে ৫৩ শতাংশে নেমে এসেছে।
জরিপে দেখা গেছে, চীনা নাবিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে ৭২ শতাংশ লোক মত দিয়েছে।

রুশ অস্ত্র চোরাচালানির মামলা প্রত্যাহারের আবেদন খারিজ

থাইল্যান্ডের একটি আদালত সে দেশে আটক থাকা রুশ বংশোদ্ভূত সন্দেহভাজন অস্ত্র চোরাচালানি ভিক্টর বাউটের অর্থ পাচার ও প্রতারণার মামলা প্রত্যাহার করার আবেদন খারিজ করে দিয়েছেন। এতে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া আপাতত স্থগিত হয়েছে।
‘মার্চেন্ট অব ডেথ’ হিসেবে কুখ্যাত ভিক্টর বাউটের বিরুদ্ধে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সন্ত্রাসী দলগুলোর কাছে অস্ত্র পাচার করার অভিযোগ রয়েছে। ২০০৮ সালে থাইল্যান্ডের একটি হোটেলে মার্কিন এজেন্টরা কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের প্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং তাঁর কাছ থেকে অস্ত্র কেনার প্রস্তাব দেন। পরে ওই হোটেল থেকে তাঁরা থাই পুলিশের সহায়তা নিয়ে বাউটকে আটক করেন। যুক্তরাষ্ট্র বাউটকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য থাই সরকারের কাছে আবেদন জানায়। রাশিয়া বাউটকে নির্দোষ দাবি করে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ার জন্য থাই সরকারের কাছে আবেদন জানায়। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তখন থেকেই টানাপোড়েন চলছে।
গত আগস্টে থাইল্যান্ডের একটি আপিল আদালত বাউটকে তিন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করার নির্দেশ দেন। হস্তান্তর-প্রক্রিয়া নির্বিঘ্ন করতে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড সরকার বাউটের বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা খারিজ করার জন্য আদালতে আবেদন জানায়।

২০ জন অপহূতকে উদ্ধারে মেক্সিকোয় অভিযান জোরদার

মেক্সিকোর নিরাপত্তা বাহিনী ২০ জন অপহূতকে উদ্ধারের জন্য অভিযান জোরদার করেছে। গত সপ্তাহে দেশটির পর্যটন শহর অ্যাকাপুলকো থেকে ওই ২০ জনকে অপহরণ করা হয়েছিল।
স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ২০ জন পর্যটক হোটেলের খোঁজে পার্শ্ববর্তী মিকোয়াকানে যান। সেখান থেকে তাঁদের অপহরণ করা হয়। আইনজীবীদের একটি দল ঘটনাটির তদন্ত শুরু করেছে।
গুরেরো অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, প্রথমে এক ব্যক্তি এসে অপহরণের ঘটনাটি জানান। তিনিও ওই পর্যটকদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। ওই ব্যক্তি জানান, তাঁরা সবাই একটি গাড়ি মেরামতকারী কোম্পানিতে কাজ করেন। সপ্তাহান্তে বেড়ানোর জন্য তাঁরা অ্যাকাপুলকোয় গিয়েছিলেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আরও জানায়, ওই ব্যক্তি অপহূত পর্যটকদের নাম ও তাঁদের গাড়ির বিবরণ দিয়েছেন। কিন্তু এখন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ গাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
অফিস জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে অপহরণকারীদের সম্পর্ক থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এ ছাড়া মিকোয়াকানে মাদক ব্যবসায়ী চক্র লা ফ্যামিলিয়া মিকোয়াকানার একটি শক্তিশালী ঘাঁটি রয়েছে।

নাইজেরিয়ার বিদ্রোহী নেতা ওকাকে অভিযুক্ত করল দক্ষিণ আফ্রিকা

নাইজেরিয়ার রাজধানী আবুজায় গাড়িবোমা হামলার ঘটনায় বিদ্রোহী নেতা হেনরি ওকাকে অভিযুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। গত শুক্রবার নাইজেরিয়ার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে ওই হামলায় অন্তত ১২ জন নিহত হয়। হামলায় জড়িত সন্দেহে ওকাকে দক্ষিণ আফ্রিকায় গ্রেপ্তার করা হয়। তবে ওকা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ও তাঁর অনুসারীরা ওই হামলায় জড়িত নন।
নাইজেরিয়ার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার অন্তত এক ঘণ্টা আগে ‘দ্য মুভমেন্ট ফর দি ইমানসিপেশন অব দ্য নাইজার ডেলটা’ (এমইএনডি) নামের নাইজেরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠী ই-মেইলে হুমকি দেয়। ওই বার্তায় হুঁশিয়ার করে দেওয়া হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্যারেডস্থলের আশপাশে কয়েকটি বোমা পুঁতে রাখা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে লোকজনকে ওই এলাকা থেকে চলে যেতে বলা হয়।
আফ্রিকার সবচেয়ে বড় তেল ও গ্যাসসমৃদ্ধ এলাকা নাইজার ডেলটার তেল রাজস্বের একটি বড় অংশ পাওয়ার জন্য এমইএনডি দীর্ঘদিন লড়াই করে আসছে।
গত বছর এমইএনডি সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করবে। সরকার তাদের সাধারণ ক্ষমার আওতায় এনে স্বাভাবিক জীবনযাপনের জন্য কিছু অর্থ দেবে।
বিদ্রোহীদের একটি অংশ সরকারের এই সাধারণ ক্ষমার বিরোধিতা করে আসছে। ধারণা করা হয়, ওকা ওই গোষ্ঠীটির নেতৃত্ব দিয়ে আসছেন।

পশ্চিম তীরে মসজিদে আগুন

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরের কাছে গতকাল সোমবার ভোররাতে একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফিলিস্তিনি কর্মকর্তারা এ ঘটনার জন্য ইহুদি বসতি স্থাপনকারীদের দায়ী করেছেন। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলও।
প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা জানান, ছয়জন অস্ত্রধারী স্থানীয় সময় রাত তিনটার দিকে একটি সাদা গাড়িতে করে বেথলেহেম শহরের কাছে বেইত ফাজ্জার গ্রামে যায়। এই দলের কয়েকজন ইহুদিদের বিশেষ টুপি পরিহিত ছিল। তাঁরা আরও বলেন, এই দুর্বৃত্তরা ইসরায়েলি বসতি স্থাপনকারী। এদিকে ইসরায়েল এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র রোসেনফেল্ড এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, মসজিদে আগুন লাগানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

‘আফগান নিরাপত্তা বাহিনীতে তালেবান অনুপ্রবেশ করেছে’

সদ্য অবসরপ্রাপ্ত একজন জাতিসংঘ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের পুলিশ ও সেনাবাহিনীতে তালেবান জঙ্গিরা অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারী এসব যোদ্ধা এর মধ্যে ন্যাটো বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ভবিষ্যতে আরও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক শাখার প্রধান অ্যান্টোনিও মারিয়া কস্টা এসব কথা বলেন। গত আগস্টে তিনি অবসরে যান। তবে ন্যাটো বাহিনীর একজন মুখপাত্র বলেন, তালেবানের অনুপ্রবেশের বিষয়টি এখনো বড় সমস্যা হয়ে ওঠেনি। বেশির ভাগ আফগান নিরাপত্তাকর্মীই অনুগত।
ন্যাটো বাহিনী ২০১৪ সাল নাগাদ আফগান বাহিনীর কাছে সে দেশের নিয়ন্ত্রণভার হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। এর আগে দেশটির নিরাপত্তা বাহিনীতে তালেবানের অনুপ্রবেশের এ খবর নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে।
পরিকল্পিত সময়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণভার হস্তান্তর করতে হলে দেশটির নিরাপত্তা বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে। এ জন্য আগামী এক বছরের মধ্যে নতুন আরও অন্তত এক লাখ ৪১ হাজার নিরাপত্তা-কর্মী নিয়োগ দিতে হবে, যা বর্তমান মোট আফগান সেনাবাহিনীর চেয়েও বেশি।
অ্যান্টোনিও কস্টা বলেন, ‘আমাদের কাছে বেশ কিছু হামলার প্রমাণ রয়েছে। এসব হামলা আফগান সেনাবাহিনীর ভেতরের লোকেরাই করেছে। হামলাকারী ব্যক্তিরা তালেবান থেকে সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছে।’ তিনি বলেন, ‘আফগান নিরাপত্তা বাহিনীর ভেতর একটা নীরব অংশ রয়েছে। তারা শুধু নির্দেশের অপেক্ষায় আছে। আফগানিস্তানের নিরাপত্তার জন্য এটা এখন বড় সমস্যা। গুরুতর এ বিষয়টি জানতে আমাদের বড় দেরি হয়ে গেছে।’
গত জানুয়ারিতে তালেবানরা স্বীকার করেছে, আফগান সেনাবাহিনীতে অনুপ্রবেশকারী তাদের যোদ্ধা রয়েছে। তাদেরই একজনের হামলায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইডির সাতজন সদস্য নিহত হয়েছেন। গত নভেম্বরেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। তখন একজন আফগান পুলিশের গুলিতে পাঁচজন ব্রিটিশ সেনা মারা যান।

বৈশ্বিক উষ্ণতা রোধের লড়াইয়ে চুক্তির পদক্ষেপ নিতে আহ্বান

বৈশ্বিক উষ্ণতা রোধের লড়াইয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান ক্রিস্টিয়ানা ফিগার্স। চীনের বন্দর নগরে তিয়ানজিনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের নিয়ে জলবায়ুবিষয়ক আলোচনার উদ্বোধনী অধিবেশনে গতকাল সোমবার তিনি এই আহ্বান জানান।
চলতি বছরের ২৯ নভেম্বর মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় প্রধান জলবায়ু সম্মেলনের আগে তিয়ানজিন আলোচনাই বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে শেষ বড় ধরনের আলোচনা। কিয়োটো প্রটোকল অনুসরণ করে কানকুনে একটি চুক্তিতে পৌঁছাতে এই আলোচনার আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বের প্রধান চুক্তি কিয়োটো প্রটোকল। ২০১২ সালে এর মেয়াদ শেষ হবে।
ক্রিস্টিয়ানা ফিগার্স বলেন, জলবায়ু পরিবর্তন রোধে একটি সাধারণ লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করার এখনই আসল সময়। কানকুন সম্মেলন থেকে একটি ইতিবাচক ফল বের করে আনতে বিভিন্ন পক্ষের মধ্যে এখনই আস্থা ফিরিয়ে আনতে হবে।
জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনায় আরও নমনীয় হতে চীনের প্রতি আহ্বান জানান ফিগার্স। তিনি বলেন, কানকুন সম্মেলনের আগে একটি জায়গায় পৌঁছাতে চীনসহ সব দেশকেই নমনীয় হতে হবে। জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনায় এশিয়ার দেশগুলোর নেতৃত্বেরও প্রশংসা করেন ফিগার্স।
পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থ জানায়, তিয়ানজিন আলোচনায় দুটি জায়গায় গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে। একটি হলো, উন্নত দেশগুলোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে অর্থসহায়তা; অন্যটি কিয়োটো প্রটোকলের গ্রিন হাউস গ্যাস নির্গমনের ব্যাপারে উন্নত দেশগুলোর ইতিবাচক মনোভাব।
গত বছর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলন কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। সম্মেলনে কিছু প্রধান ইস্যুতে উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর মতৈক্য হয়নি

আর্চারিতে দুই ভাইয়ের লড়াই

বাংলাদেশ আর্চারি দলের কর্মকর্তা রাজীব উদ্দিন আহমেদ দুঃখ করে বলছিলেন, ‘আমাদের মুখ থেকে হাসি উধাও হয়ে গেছে। এমনই পোড়া কপাল, আমাদেরই দুজন কাল (আজ) মুখোমুখি হবে নকআউট পর্বে। এর চেয়েও ভয়ানক খবর, শেষ ষোলতে প্রতিপক্ষ ভারতের বিশ্বমানের আর্চার। কাজেই শেষ আটে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে গেল।’
বাংলাদেশ আর্চারি দলের কাছে দিল্লি সফরটা বিষাদময় হয়ে উঠেছে প্রথম দিনেই। যদিও ১৯তম কমনওয়েলথ গেমসে পুরুষ ব্যক্তিগত রিকোর্ব বো ইভেন্টের বাছাইপর্বে ৬৫১ স্কোর করে ৩৮ জনের মধ্যে প্রথম হয়েছেন বাংলাদেশের ইমদাদুল হক (মিলন), ৬৪১ করে ১৬তম শেখ সজীব, ৬২৭ স্কোর নিয়ে ২৩তম জিয়াউল হক। কিন্তু এক রাউন্ড পরই যে ভারতের আর্চারের সঙ্গে পেরে ওঠা কঠিন, সেটা কাল বাছাইয়ে ৬৭৯ স্কোর করে বুঝিয়ে দিলেন ভারতের রাহুল ব্যানার্জি।
বাংলাদেশের ইমদাদুল ও জিয়াউল আপন ভাই, থাকেন ঢাকার মিরপুরে। ইমদাদুল বিশ্ব যুব আর্চারিতে এখন সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী। বড় ভাই জিয়াউলকে হারিয়ে তিনি যে শেষ আটে যাবেন, তাতে সংশয় খুব কমই। সামনে যে ভারতের ‘বিপৎসংকেত’, তা দেখে মুষড়ে পড়া আর্চারি দল অবশ্য নিজেদের পারফরম্যান্সে খুশিই। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দলগত অবস্থান যে সেরা দলগুলোর কাতারে—ষষ্ঠ।
ব্যক্তিগতভাবে ইমদাদুলও ভালো অবস্থানে আছেন ধরে নিচ্ছে আর্চারি দল। ইমদাদুলও আশা ছাড়ছেন না। কারও সঙ্গে কোনো কথা না বলে নিজেকে প্রস্তুত রাখছেন চূড়ান্ত লড়াইয়ের জন্য।
আসিফ-বিন্দ্রার লড়াই: আজ ড. কারনি সিং শ্যুটিং রেঞ্জে দেখা হচ্ছে আসিফ হোসেন খান আর অভিনব বিন্দ্রার। ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে ভারতের বিন্দ্রাকে হারিয়ে আসিফ সোনা জিতেছিলেন। সেই বিন্দ্রা গত বেইজিং অলিম্পিকে জিতেছেন সোনা। তাই আজ ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ দলীয় সোনা জেতার স্বপ্ন দেখতে পারছে না। বাংলাদেশ দলের ম্যানেজার ইমরান চৌধুরী সেটাই বললেন, ‘সোনা জেতা খুবই কঠিন। রুপা জিতলেও সেটা বড় অর্জন হবে আমাদের জন্য।’
জার্মানিতে গত বিশ্বকাপ শ্যুটিংয়ে বিন্দ্রা ৬০০-তে ৫৯৩ স্কোর করেছিলেন, একই স্কোর করে শ্যুট-অফে তাঁকে পেছনে ফেলেন বাংলাদেশেরই তরুণ আবদুল্লাহ হেল বাকি, আজ যিনি আসিফের সঙ্গে জুটি বাঁধছেন বাংলাদেশ দলের হয়ে। বিন্দ্রাকে তাই বড় বাধা মানছে না বাংলাদেশ, বড় বাধার নাম তাঁরই সতীর্থ গগন নারাং, যিনি দুবার ৬০০-তে ৬০০ স্কোর করেছেন এর আগে! আসিফের সেরা হলো ৫৯৬। বাকির আরও কম।
ওদিকে আজই মেয়েদের থ্রি পজিশন শ্যুটিংয়ে শারমিন শিল্পাকে সঙ্গী করে লড়াইয়ে নামছেন বহু লড়াইয়ের যোদ্ধা সাবরিনা সুলতানা। তবে এই ইভেন্টে পদক জেতা বেশ কঠিন বাংলাদেশের জন্য। যেমন বক্সিংয়ের শুরুর দিনে পদক জেতা কঠিন বাংলাদেশের আবদুর রহিমের পক্ষেও।

নির্বাচকদের যুবরাজের বার্তা

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট সিরিজেও ফিফটি ছিল তাঁর। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি যুবরাজ সিংয়ের। কারণ, তাঁর চোটের সুযোগ নিয়ে যিনি দলে ঢুকেছিলেন, সেই সুরেশ রায়না যে ভালো খেলছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রায়না কোনো রান না করে আউট হলেন। এ দিনই আবার ইরানি কাপে মুম্বাইয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ভারতের নির্বাচকদের একটা বার্তাই পাঠালেন যুবরাজ।
অবশিষ্ট ভারত দলের অধিনায়ক প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ৪ রান। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানের অপরাজিত ইনিংসটি তিনি খেলেছেন ১৯৪ বলে। পাঁচ ঘণ্টা দুই মিনিটের ইনিংসটি তিনি সাজিয়েছেন ২৮টি চার ও পাঁচটি ছক্কা দিয়ে।

সাইমন্ডসকে এখনো পোড়ায় সিডনি

বর্ণবাদী মন্তব্যের মতো গুরুতর অভিযোগ, অথচ হরভজন সিং পার পেয়ে গেলেন কোনো শাস্তি ছাড়াই! ২০০৮ সালের সেই বহুল আলোচিত সিডনি টেস্ট-পরবর্তী ঘটনগুলো এখনো মানতে কষ্ট হয় অ্যান্ড্রু সাইমন্ডসের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় বিস্মৃত হতে যাওয়া অলরাউন্ডারের দাবি, শাস্তি পাওয়া উচিত ছিল হরভজনের।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ‘ওপেনিং আপ’ শোতে সাইমন্ডস খোলামেলা অনেক কথা বলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের কাছে। হরভজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সিডনি টেস্টের তৃতীয় দিনে সাইমন্ডসকে বলেছিলেন ‘বানর’। বর্ণবাদী মন্তব্যের জন্য তিন ম্যাচ বহিষ্কারও করা হয়েছিল ভারতীয় অফ স্পিনারকে। কিন্তু ভারত দল ও ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শক্ত অবস্থান পুরো ঘটনার মোড় পাল্টে যায়। হরভজন শাস্তির বিরুদ্ধে আপিল করেন। হরভজনের শাস্তি বাতিল না হলে দলকে দেশে ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছিল বিসিসিআই। যথেষ্ট প্রমাণ না থাকায় হরভজনের ওপর থেকে অভিযোগ তুলে নেন আপিল আবেদনের বিচারক জন হ্যানসেন।
সাইমন্ডের দাবি, বিসিসিআইয়ের ভয়েই হরভজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, ‘যদি সত্য, সততা ও সাধারণ বিবেচনা-বোধ কাজে লাগানো হতো, তাহলে অবশ্যই ওই ক্রিকেটারকে (হরভজন) শাস্তি দেওয়া হতো। যদি শাস্তি দেওয়া হতো, তাহলে ভবিষ্যতের জন্য সেটা দারুণ একটা দৃষ্টান্ত হতো। কিন্তু সেটা করা হয়নি। আমার ধারণা, ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিসিআইকে ভয় পেয়েছিল। যে ব্যাপারটা আমাকে কুরে কুরে খাচ্ছে, সেটা হলো মিথ্যার পসরা। বলা হচ্ছিল, এমন কোনো ঘটনাই নাকি ঘটেনি, আসলে কিন্তু ঘটেছিল। এরপর আরও মিথ্যা বলা হলো। আস্তে আস্তে পুরো ব্যাপারটাই রাজনৈতিক রূপ নিল। অধিনায়ক রিকি পন্টিংসহ পুরো দলই বোকা হয়ে গিয়েছিল। কোর্ট রুমে পুরো ব্যাপারটাই ছিল একটা প্রহসনের মতো। আমাদের প্রতিনিধিরা যেভাবে লড়াই করেছে, সেটা যথেষ্ট ছিল না। আমার ধারণা, গুরুত্বপূর্ণ দু-তিনটি ব্যাপার তারা তুলে ধরতে পারেনি, যার খেসারত দিতে হয়েছে আমাদের।’

এরিকসন আবার ইংল্যান্ডে

পেশা তো বটেই; কোচিং তাঁর ধ্যানজ্ঞানও। এমন একজন মানুষের কাছে আয়েশি বেকার জীবন ভালো লাগে? সভেন গোরান এরিকসনও মাস তিনেক বেকার ঘুরেফিরে এলেন কোচিংয়ে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইংলিশ দ্বিতীয় বিভাগের দল লিস্টার। পাউলো সসাকে শুক্রবার বরখাস্ত করে এরিকসনকে নিয়োগ দিল লিস্টার। চুক্তি দুই বছরের। ৩৩ বছরের কোচিং ক্যারিয়ারে এই সুইডিশ ইংল্যান্ডে কাটিয়েছেন প্রায় ৬ বছর। ২০০১-০৬—ইংল্যান্ড জাতীয় দলেরই কোচ ছিলেন পাঁচ বছর। এক বছর ছিলেন ম্যানচেস্টার সিটিতে। মেক্সিকো, আইভরিকোস্ট ঘুরে আবার ইংল্যান্ডেই ফিরলেন এরিকসন। মানলাম, বেকার ঘোরাঘুরি ভালো লাগছিল না! তাই বলে দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের কোচ হলেন? ‘ক্লাবটির লক্ষ্য আমাকে আকৃষ্ট করেছে’—এরিকসনের উত্তর।

রিয়ালের গোল-উৎসব

পরশু প্রবল বৃষ্টির সঙ্গে গোল-বৃষ্টিও দেখল বার্নাব্যু। দেপোতির্ভো লা করুনিয়ার জালে বৃষ্টি ঝরিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মায়োর্কার সঙ্গে বার্সার ১-১ গোলের ড্রটা হোসে মরিনহোর দল কাজে লাগিয়েছে দেপোর্তিভোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে। তবে সিরি ‘আ’তে জুভেন্টাস সান সিরোতে ইন্টার মিলানকে গোলশূন্য ড্রতে আটকে দিলেও সুবিধা হয়নি এসি মিলানের। লাৎসিও ব্রেসিয়াকে ১-০ গোলে হারিয়ে এসি মিলানকে সরিয়ে দিয়েছে শীর্ষস্থান থেকে। এসি মিলানের ওপরে চলে গেছে ইন্টার ও নাপোলি।
গোল, গোল আর গোল—এটাই কিছুদিন ধরে রিয়াল মাদ্রিদের প্রধান ভাবনা হয়ে ছিল। দল ভালো খেলছিল, জয়ও পাচ্ছিল। তবু হোসে মরিনহোকে বারবার দিতে হয়েছে একটি প্রশ্নের উত্তর—রোনালদো, হিগুয়েইন, বেনজেমা, ডি মারিয়ার সমন্বয়ে গড়া রিয়ালের ফরোয়ার্ড লাইনের গোল-খরা কাটবে কবে? স্প্যানিশ লিগে পরশুর আগের ৫টি ম্যাচে রিয়াল গোল পেয়েছিল মাত্র ৬টি।
মরিনহো ঠান্ডা মাথায় বলে গেছেন—শিগগিরই কোনো দল তাদের গোল-বন্যার শিকার হবে। রিয়ালের সেই শিকার হলো দেপোর্তিভো। যাঁদের গোল করতে না পারা নিয়ে কথা হচ্ছিল, গোল করেছেন তাঁদের প্রায় সবাই। রোনালদো করেছেন জোড়া গোল। একটি করে গোল পেয়েছেন হিগুয়েইন, মেসুত ওজিল, ডি মারিয়া। বাকি গোলটি আত্মঘাতী। যে রিয়ালের ৫ ম্যাচে ছিল ৬ গোল, তাদেরই ৬ ম্যাচে ১২ গোল হয়ে গেল।
রিয়ালের গোল-বন্যার শুরু ৪ মিনিট থেকেই, শুরু করে দেন রোনালদো। ৫৪ মিনিটের মধ্যেই ৪-০-তে এগিয়ে যায় রিয়াল। পরের গোলটি জে কাস্ত্রোর আত্মঘাতী। রোনালদো তাঁর দ্বিতীয় গোলটি করেন শেষ বাঁশি বাজার আগের মিনিটে। হাফ ডজন গোলের পাশে হাফ ডজন সুযোগ নষ্টও করেছে রিয়াল।
রোনালদো, ডি মারিয়া আর হিগুয়েইন—তিনজনই গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। গোল মিস করেছেন মার্সেলো আর জাভি আলোনসোও। রিয়াল যেন আক্রমণাত্মক ফুটবলের পসরাই সাজিয়ে বসেছিল এদিন।
মিডফিল্ডার আলোনসো ফরোয়ার্ডদের পারফরম্যান্সে দারুণ খুশি, ‘ফরোয়ার্ডদের নিয়ে খুব খুশি আমরা। আসলে সবারই তা হওয়া উচিত। কারণ আদ্যন্ত ভালো খেলেছি আমরা।’ এটি মানছেন মরিনহোও। রিয়াল মাদ্রিদ কোচ খুশিও, তবে কাজ এখনো অনেক বাকি আছে বলে খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন, ‘এখনো আমরা বিশ্বের সেরা দল হয়ে যাইনি। আমরা এখনো দল হিসেবে গড়ে উঠছি এবং এই ফল আর দর্শকদের প্রশংসা, কিছুই আমাকে এই মনে করায় না যে সব কাজ শেষ। আমাদের এখনো অনেক কাজই করতে হবে।’
তবে সাম্প্রতিক ফল বলছে কাজ বেশি করতে হবে বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাকে। গত মাসে লা লিগায় নবাগত হারকিউলিসের কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগে রুবিন কাজানের কাছে আটকে গেছে বার্সা। আর এবার তারা মায়োর্কার মতো মাঝারি মানের দলের সঙ্গে ড্র করল। সেই ড্রটাও করল প্রথমে এগিয়ে যাওয়ার পর। ২১ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। ৪২ মিনিটে কর্নার কিকে হেড করে মায়োর্কাকে সমতায় ফেরান এনসুয়ে।
মেসি-ইনিয়েস্তারা অবশ্য গোল মিসের হতাশায় পুড়তে পারেন। প্রায় হাফ ডজন গোল মিস না করলে বার্সাকে ড্র করতে হয় না নিজেদের মাঠে। গ্যালারিতে বসে মেসি-ইনিয়েস্তাদের এই হতাশার সঙ্গী হয়েছেন জাভি-ভিয়ারা। চোটের কারণে খেলতে পারেননি স্পেনের দুই মহাতারকা।

আশরাফুলের সেঞ্চুরিতে উদ্বোধন

আজ মিরপুর স্টেডিয়ামেই থাকতে পারতেন তিনি। কিন্তু ব্যাটে রান ছিল না বলে জাতীয় দলে জায়গা হয়নি। মিরপুরের বদলে আজ রাজশাহীতে খেলতে হচ্ছে মোহাম্মদ আশরাফুলকে। এবারের জাতীয় লিগকে বাংলাদেশ দলে ফেরার মিশন হিসেবেই নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
প্রথম দিনেই লক্ষ্যপূরণের পথে খানিকটা এগিয়ে গেলেন আশরাফুল। দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৭৭ রান তুলে ম্যাচে চালকের আসনে বসে পড়েছে ঢাকা।
বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে ‘চালকের আসনে’ বসতে পারত বরিশাল; যদিনা রুখে দাঁড়াতেন নাজিমউদ্দিন। ৪৯ রানে ৪ উইকেট নিয়ে আঘাত হেনেছিলেন শাফাক আল জাবির। অধিনায়কের ৯১ রানের কল্যাণে অলআউট হওয়ার আগে ২০২ রান করতে পেরেছে চট্টগ্রাম। জবাবে দিন শেষে ৫৫ রান তুলতে দুই উইকেট খুইয়েছে বরিশাল।
এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামকে অনুমিতভাবেই সময়মতো খেলার জন্য প্রস্তুত করে তোলা যায়নি। শেষ বিকেলে রাজশাহী ও সিলেটের মধ্যে ঘণ্টাখানেক খেলা হয়েছে। কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে রাজশাহী। অবশ্য রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ বললেন, ‘মাঠের অবস্থা এখনো খারাপ, আউটফিল্ড এখনো নরম। বল জোরে পেটালেও বাউন্ডারি পার হয় না। তার পরও আমরা খেলতে রাজি হয়েছি, কারণ অন্য দুই ভেন্যুতে খেলা হচ্ছে। আমরা না খেললে পয়েন্টে পিছিয়ে পড়তে পারি।’
রাজশাহীতে ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল ঢাকা। তার পরই শুরু আশরাফুল ও সামসুর রহমানের প্রতিরোধ। ৮২ বলে ৪৮ রান করা সামসুরের ব্যাটিংকে ‘প্রতিরোধ’ বলা চলে। কিন্তু আশরাফুলের ব্যাটিং স্বভাবসুলভ আক্রমণাত্মক। আমাদের রাজশাহী প্রতিনিধি জানাচ্ছেন, স্টেডিয়ামে উপস্থিত হাজারখানেক দর্শককে ভালোই বিনোদন জুগিয়েছেন আশরাফুল। ফিফটি করতে লেগেছে মাত্র ৫৩ বল। ৮৮ রান থেকে নাজমুস সাদাতের পরপর ৩ বলে তিনটি চার মেরে সেঞ্চুরিতে। ১৪৩ বলে ১৭টি চারে সাজানো ১১৩ রান করে সেই নাজমুসেরই বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন।
অনেক দিন পর যেকোনো ধরনের ক্রিকেটে রান পাওয়ার পর আশরাফুল স্বভাবতই উচ্ছ্বসিত। উচ্ছ্বসিত জাতীয় দল থেকে বাদ পড়ার পর প্রথম সুযোগ পাওয়া ইনিংসটাতেই নিজেকে মেলে ধরতে পারায়, ‘আমি কদিন আগেও বলেছি, আমার ব্যাটিংটা ভালো হচ্ছে। কিন্তু মাঠে সেটা করে দেখানোর সুযোগ পাচ্ছিলাম না। অবশেষে সেটা অন্তত পেরেছি।’
আশরাফুল-সামসুরের পর ঢাকার ব্যাটিংটা এখন ভর করেছে শুভাগত হোম চৌধুরী ও আনামুল হকের কাঁধে। ৮১ রান নিয়ে শুভাগত ও ৮২ রান নিয়ে আনামুল ব্যাট করছিলেন।
বগুড়ায় নিজের পরপর তিন ওভারে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের স্কোর ৩ উইকেটে ১৬ রানে পরিণত করে দিয়েছিলেন শাফাক। সেখান থেকেই আফতাবকে (৪৩ বলে ৩১) নিয়ে ৬৬ রানের জুটি গড়েন নাজিমউদ্দিন। পরে ফয়সাল হোসেনকে (১৪) নিয়ে পঞ্চম উইকেটে যোগ করেন ৬০ রান। দলের সপ্তম ব্যাটসম্যান হিসেবে আরাফাত সালাউদ্দিনের বলে আউট হয়েছেন নাজিমউদ্দিন। তাঁর ১২৮ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছয়।

সিরিজ শুরুর আগে অনেক বিষয়েই সমতা

ড্যানিয়েল ভেট্টোরির চেহারায় এমনিতেই একটা প্রফেসর প্রফেসর ভাব আছে। কাল সংবাদ সম্মেলনে যখন কথাটা বলছিলেন, আরেকটু গম্ভীর হয়ে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, ‘...এর পর থেকে বাংলাদেশে আসার আগে অবশ্যই ব্যাপারটা ভেবে দেখতে হবে। নইলে এ রকম চলতেই থাকবে।’
বিকেএসপির বৃষ্টিভেজা মাঠে দুটি প্রস্তুতি ম্যাচের একটিও না হওয়ায় ভেট্টোরি স্পষ্টতই বিরক্ত। মাঝখানে যে এক দিন মাঝ উইকেটে ৭০ ওভার অনুশীলন করার সুবর্ণ সুযোগ পেলেন, সেটাও যেন ঢাকা পড়ে গেল বিরক্তির আড়ালে। আর বাংলাদেশে আসার আগে ‘ভেবে দেখা’র যে কথাটা বলে রাখলেন, সেটা সম্ভবত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু পাঁচ ওয়ানডের সিরিজেই নিউজিল্যান্ডের পক্ষ থেকে সবচেয়ে বড় হুমকি হয়ে থাকল।
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ছয় নম্বরে আর বাংলাদেশ আছে নয়-এ। তার পরও কাগজ-কলমের শক্তিমত্তায় তো বটেই, ক্রিকেটীয় কূটনীতিতেও দুই দেশের সম্পর্কটা হুমকি-ধমকির নয়। তবু এবার অন্তত ক্রিকেটীয় কূটনীতির বিচারে বিষয়টিকে এই পর্যায়েই নামিয়ে আনলেন কিউই অধিনায়ক, হয়তো সেটা নেমে আসবে ব্যাট-বলের লড়াইয়েও। এ জায়গায় অবশ্য শ্রেয়তর দল হিসেবে নিউজিল্যান্ডই শুধু নয়, বাংলাদেশের পক্ষ থেকেও থাকতে পারে একটা চোখরাঙানি।
বাংলাদেশের আত্মবিশ্বাস, ২০০৮-এর হোম সিরিজের প্রথম ম্যাচটিতেই জেতা। সেবারও বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ না খেলেই সিরিজ খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। ব্যাপারটা মনে আছে বলেই হয়তো এবার প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা নিয়ে বেশি খচখচানি ভেট্টোরির মনে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও মনে করছেন, এটা তাদের জন্য ‘প্লাস পয়েন্ট’।
মাশরাফির জন্য এই সিরিজে ‘মাইনাস পয়েন্ট’ও আছে। হাতের অস্ত্রোপচারের কারণে তামিম ইকবাল দলের বাইরে। অধিনায়ক বা জেমি সিডন্স অবশ্য বারবারই বলছেন, একজন তামিমের অনুপস্থিতি বড় কোনো সমস্যা হবে না, শাহরিয়ার নাফীস তো আছেন! প্রায় আড়াই বছর পর ওয়ানডে দলে ফেরা এই বাঁহাতি ওপেনারের ওপর আস্থা রাখার পাশাপাশি সিডন্স তাকিয়ে মিডল-অর্ডারের দিকেও, ‘আমি চাই, এবার মিডল-অর্ডার পারফর্ম করুক। আশা করি সাকিব, মুশফিকুর ও রকিবুল এবার ভালো খেলবে এবং তাদের খেলাটাকে গুছিয়ে আনবে।’
কোচ-অধিনায়ক দুজনই নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছুর আশা করছেন। এবং সে আশাটা গোপনে হলেও জয়ে গিয়ে ঠেকছে। সিডন্স তো কাল ঘুরিয়ে-ফিরিয়ে একটা হিসাবও মিলয়ে দেখালেন জয়ের, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে যেকোনো কিছুই সম্ভব। তাদের দুই কি তিনজন বিপজ্জনক খেলোয়াড় আছে। আমরা যদি তাদের কিছুটা হলেও আটকে রাখতে পারি, তাহলে জেতাও সম্ভব।’ আজকের ম্যাচের সম্ভাবনার সমান্তরালে কোচ আক্ষেপ করেছেন ২০০৮-এ সিরিজ জেতার সুযোগটাকে হারানোরও। দ্বিতীয় ওয়ানডেতে ধীর লয়ের ব্যাটিংটা এখনো পোড়ায় কোচকে।
তামিম না থাকায় এবারও দৃষ্টিসুখকর ঝোড়ো ব্যাটিং দেখার সম্ভাবনা কমে যাচ্ছে। আশরাফুলও নেই বলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা একটু অচেনাই লাগবে এবার। প্রথম ওয়ানডেতে বাইরে থাকছেন সম্ভবত জহুরুল, নাঈম, রুবেল ও শফিউল। হঠাৎ দলে ডাক পাওয়া নাজমুল হোসেনই থাকছেন মাশরাফির সঙ্গে পেস আক্রমণে। আরও তিন-চার দিন আগে থেকে অনুশীলন শুরু করলেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নাজমুলকে কালই আনুষ্ঠানিকভাবে ‘দলভুক্ত’ দেখিয়েছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল তাই এখন ১৫ সদস্যের। সিডন্স অবশ্য প্রথম ওয়ানডের একাদশের চেহারাটা কাল পর্যন্ত স্পষ্ট করেননি। আজ সকালে তলপেটের পেশির সমস্যায় আক্রান্ত শফিউলের অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলে রেখেছেন কোচ। একই ‘রহস্য’ রেখে দিয়েছে নিউজিল্যান্ড দলও। তাদের চূড়ান্ত একাদশও নাকি ঠিক হবে আজ খেলার আগে।
বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের লড়াইটা কি এখানেও একটু সমতা পেল?

২২৮ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২২৮ রানেই। ইনিংস শেষে রয়ে গেল সেই চিরাচরিত আক্ষেপ। যা সাধারণত বাংলাদেশের ইনিংসগুলোর ক্ষেত্রে হয়। সাকিব আল হাসান ৫৮ করেছেন, আর একজন বা দুজন যদি তাঁকে ভালো একটা সমর্থন জোগাতে পারতেন, তাহলেই কিউইদের সামনে এটা চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে পারত বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত বাকিদের ব্যক্তিগত ইনিংসকে বড় করতে না পারার ব্যর্থতায় বাংলাদেশ তা থেকে বঞ্চিত হয়েছে।
সকালে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। ইমরুল কায়েস আর দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে খেলতে নামা শাহরিয়ার নাফীস বাংলাদেশের ইনিংসের চাকাটা ঘুরিয়েছিলেন আত্মবিশ্বাসের সঙ্গেই। কিন্তু দলীয় ৩৪ রানে ইমরুল ব্যক্তিগত ১৬ রানে বিদায় নিলে শুরু হয় বাংলাদেশের ছন্দপতন। তার পরও শাহরিয়ার নাফীস উইকেটের চারদিকে ভালোভাবেই মেরে খেলছিলেন। শাহরিয়ার নাফীস আউট হন ব্যক্তিগত ৩৫ রানে কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির বলে। এরপর জুনায়েদ, রকিবুল ও মুশফিকুর রহিম আউট হন যথাক্রমে ৩০, ২১ ও ২২ রানে। এঁরা সবাই কিন্তু নিজেদের ইনিংসের অপমৃত্যু ঘটান, সুন্দর সূচনার পরও।
আজকের ম্যাচে সাকিব আল হাসান ছিলেন অধিনায়কত্বের ভারমুক্ত, আত্মবিশ্বাসী। বেশ কিছু দিন ধরে নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা করে যাওয়া সাকিব যে ইংলিশ কাউন্টিতে খেলে অনেকটাই পরিণত, তাঁর প্রমাণ তিনি রাখলেন আজ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫১ বলে ৫৮ রান করে মূলত একক প্রচেষ্টাতেই বাংলাদেশের স্কোর নিয়ে যান একটা সম্মানজনক ভিত্তির ওপর। সাকিবের ইনিংসটি না হলে বাংলাদেশের সংগ্রহ কোথায় থাকত, তা নিশ্চয়ই বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।
নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মিলস। তিনি ৪৪ রানে নেন তিন উইকেট। এ ছাড়া ভেট্টরি ২৯ রানে দুটি ও ম্যাককে ৫১ রানে দুটি উইকেট দখল করেন। জেসি রাইডার মাত্র চার ওভার বল করে ১৬ রান দিয়ে দুটি উইকেট দখল করে সবাইকে কিছুটা অবাক করে দেন।

নাইজেরিয়ার ওপর ফিফার নিষেধাজ্ঞা

ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে ফিফা নাইজেরিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কার করেছে। বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে লজ্জাজনক বিদায়ের পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথনের কোপের মুখে পড়েছিল নাইজেরিয়ান ফুটবল। দুই বছরের জন্য সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাইজেরিয়ার অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। সে সময় ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপ না করার জন্য নাইজেরিয়াকে সতর্ক করে দিয়েছিল ফিফা। কিন্তু সে সতর্ক বার্তায় কোনো কাজ না হওয়ায় গতকাল সোমবার ফিফা আন্তর্জাতিক ফুটবল থেকে নাইজেরিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
ফিফার এই নিষেধাজ্ঞার ফলে নাইজেরিয়া কোনো ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ফিফার বার্ষিক দুই লাখ ৫০ হাজার ডলারের অনুদান থেকেও বঞ্চিত হবে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। নাইজেরিয়ার ফুটবল ফেডারেশনের ওপর বাইরের হস্তক্ষেপ বন্ধ এবং ফেডারেশন কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজের সুযোগ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে ফিফা।
নাইজেরিয়ান ফুটবলে রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। যখন তখন জাতীয় দলের কোচ পরিবর্তন, ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও রাজনীতিবিদদের লড়াই একটা নিত্যনৈমিত্তিক ঘটনা। ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলে নাইজেরিয়াকে অংশগ্রহণ করতে দেননি তৎকালীন প্রেসিডেন্ট সানি আবাচা। কারণ, নেলসন ম্যান্ডেলা তাঁর সমালোচনা করেছিলেন।