Tuesday, January 11, 2011

মনিরামপুরে এবার তুলার বাম্পার ফলন হয়েছে

যশোর জেলার মনিরামপুরের আবহাওয়া, প্রকৃতি ও জমির উর্বরতা তুলা চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় দিন দিন এখানে তুলার আবাদ বেড়ে চলেছে।
বিশেষ করে, তুলার বাজারদর বর্তমানে বাড়ায় এবং বহুমুখী ব্যবহারের সুযোগ থাকায় এই এলাকার চাষিরা অন্যান্য ফসলের চেয়ে তুলা চাষের দিকেই বেশি ঝুঁকে পড়েছেন।
তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মনিরামপুর উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় কৃষকেরা এবার বাম্পার ফলন পেয়েছেন। ইতিমধ্যে অনেক চাষি জমি থেকে তুলা সংগ্রহ করতে শুরু করেছেন।

সুন্দরবনের গ্রামে নিরাপদ পানির ব্যবস্থা হচ্ছে

খুলনা জেলার দাকোপ উপজেলার বন লাউডোব গ্রামের জনগণের জন্য শিগগির প্রাত্যহিক গৃহস্থালীর কাজে ব্যবহার্য ও পানের নিরাপদ পানির ব্যবস্থা করা হচ্ছে।
এই গ্রামের ২২৫টি পরিবারের প্রায় দুই হাজার মানুষ দীর্ঘদিন ধরে গৃহস্থালীর কাজে ও পানের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে চারটি পুকুর পুনঃ খনন করা হবে।
ব্যাংক আল ফালাহ্ ও গ্রিন ওয়ার্ল্ড কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) উদ্যোগটি নিয়েছে। এ ব্যাপারে স্থানীয় এক হোটেলে গতকাল রোববার এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে।
ব্যাংক আল ফালাহ্র বাংলাদেশ প্রধান এস এ এ মাসরুর, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং গ্রিন ওয়ার্ল্ডের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম হেলাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি সই করেন। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি রোকেয়া আফজাল রহমান এবং এমআরডিআইয়ের অনুসন্ধান টিমের সদস্য খসরু চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ৩১ মার্চ

ঢাকার প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা।
ভ্রমণ ও পর্যটনবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর অষ্টমবারের মতো ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০১১’ শীর্ষক এ মেলার আয়োজন করছে। মেলা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে টিমস্। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যাংকিং পার্টনার হিসেবে মেলা আয়োজনে সহযোগিতা করছে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

প্রথম প্রান্তিকে বাজেট ঘাটতি বেড়েছে ২৫%

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাজেট ঘাটতি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়কালে সরকারকে দুই হাজার ৩৮১ কোটি ২৭ লাখ টাকার ঘাটতি অর্থায়ন করতে হয়েছে। আর ২০০৯-১০ অর্থবছরের প্রথম প্রান্তিকে ঘাটতি অর্থায়নের পরিমাণ ছিল এক হাজার ৮৯২ কোটি ৮২ লাখ টাকা।
প্রাপ্ত পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া নেতিবাচক পর্যায়ে রয়েছে। অর্থাৎ নতুন ঋণ নেওয়ার তুলনায় পুরোনো ঋণ ফেরত দেওয়ার পরিমাণ বেশি হয়ে গেছে।
আর তাই এই সময়কালে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের হাতে প্রথম প্রান্তিক শেষে ৭৮৯ কোটি ৬০ লাখ টাকা উদ্বৃত্ত রয়ে গেছে। অবশ্য গত অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ আরও অনেক বেশি ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ঘাটতি অর্থায়নে সরকার প্রধানত নির্ভর করছে ব্যাংক-বহির্ভূত উৎসের ওপর, যার প্রায় পুরোটাই আসে সঞ্চয়পত্র থেকে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকার এই উৎস থেকে দুই হাজার ১৯৯ কোটি ৮১ লাখ টাকার সমপরিমাণ ঋণ নিয়েছে। আর গত অর্থবছরের একই সময়ে এই ঋণ নেওয়ার পরিমাণ ছিল দুই হাজার ৯৭৩ কোটি ৫১ লাখ টাকা।
ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়া ঋণাত্মক থাকায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৪১০ কোটি ২১ লাখ টাকা। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল প্রায় ৪৩০ কোটি টাকা।
অন্যদিকে ঘাটতি অর্থায়নে বিদেশি উৎস থেকে সরকারের প্রাপ্তি গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমে গেছে।
আলোচ্য সময়কালে বিদেশি উৎস থেকে সরকার ঋণ নিয়েছে ৯৭১ কোটি টাকা। আর গত অর্থবছরের একই সময়ে নেওয়া ঋণের পরিমাণ ছিল এক হাজার ৪৬২ কোটি ৯১ লাখ টাকা।
যোগাযোগ করা হলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, প্রথম প্রান্তিকে বাজেট ঘাটতির এই চিত্র নিয়ে তেমন একটা উদ্বেগের কিছু নেই। বরং ভর্তুকির বিষয়টি সরকারের জন্য আগামীতে বড় উদ্বেগের বিষয় হবে।
নির্বাহী পরিচালক আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেল, সার ও খাদ্যশস্যের দাম বেড়ে চলেছে। তাই সরকারকেও এসব খাতের ভর্তুকি ব্যয় বাড়াতে হবে। তাতে আগামী দিনে রাজস্ব ব্যয়ের ওপর চাপ তৈরি হবে।
ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় বিশ্ববাজারে দাম বাড়াজনিত কারণে ভর্তুকি বাবদ বাড়তি তিন হাজার ২০০ কোটি টাকা গুনতে হবে বলে প্রাক্কলন করেছে।
আহসান মনসুর আরও বলেন, ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ঋণ গ্রহণ বেড়ে যাওয়ার বিষয়ে এটাই প্রতীয়মান হয় যে সরকার ব্যয়বহুল ঋণের ভার কমানোর জন্য সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছিল, তা আসলে কাজে দেয়নি।
আহসান মনসুর ব্যাখ্যা করে বলেন, প্রচলিত সঞ্চয়পত্রগুলোর সুদের হার কমিয়ে ও মুনাফার ওপর উৎসে করারোপ করা হলেও নতুনভাবে করমুক্ত পরিবার সঞ্চয়পত্র চালু করা হয়েছে, যা আসলে অবিচক্ষণতারই প্রতিফলন। সরকার একদিকে স্বল্পব্যয়ী ঋণ ফেরত দিচ্ছে, অন্যদিকে ব্যয়বহুল ঋণের ভার বাড়াচ্ছে।
২০১০-১১ অর্থবছরের ঘোষিত বাজেট অনুযায়ী, চলতি অর্থবছর সরকার ঘাটতি প্রাক্কলন করেছে ৩৪ হাজার ৫১৪ কোটি টাকা।এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ২৩ হাজার ৬৮০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। অভ্যন্তরীণ উৎসে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। আর ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আট হাজার কোটি টাকা।
অন্যদিকে বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১০ হাজার ৮৩৪ কোটি টাকা। এ প্রসঙ্গে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ‘ঘাটতি অর্থায়নে এবারও আমরা সহজ শর্তে স্বল্প সুদের বৈদেশিক উৎসকে গুরুত্ব দিচ্ছি।’
গত ২০০৯-১০ অর্থবছরের সামগ্রিকভাবে ঘাটতি অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছিল ১৮ হাজার ৯৯ কোটি টাকা, যা ছিল মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ৬২ শতাংশ।

ভুল পথে ক্ষুদ্রঋণ by মুহাম্মদ ইউনূস

১৯৭০-এর দশকে আমি যখন এখানে কাজ শরু করি, যা শেষ পর্যন্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম বলে পরিচিতি লাভ করে, তখন আমার একটি লক্ষ্য ছিল সুদখোর মহাজনি প্রথা বিলোপ করা। কর্জদাতা মহাজনেরা ছিল একেকটা হাঙরের মতো, গরিব মানুষকে ঋণের জালে আটক করে খেয়ে ফেলে তারা ধনী হতো। ১৯৮৩ সালে আমি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলাম গরিব মানুষকে, বিশেষত দরিদ্র নারীদের স্বল্প অঙ্কের ঋণ দেওয়ার ব্যবস্থা করতে, যাঁরা ওই ঋণের অর্থ কাজে লাগিয়ে নিজেদের দারিদ্র্য ঘোচাতে পারবেন। সে সময় আমি কল্পনাও করতে পারিনি যে ভবিষ্যতে কখনো আমাদের ক্ষুদ্রঋণের ব্যবস্থায়ও নিজস্ব ধরনের ঋণদাতা হাঙরদের সৃষ্টি হতে পারে।
কিন্তু তা হয়েছে। এবং এ কারণে ভারতে অনেক গরিব মানুষ ক্ষুদ্রঋণ নিয়ে তা শোধ করতে পারছে না, আর এতে ক্ষুদ্র ঋণদাতাদের কর্মকাণ্ড বন্ধ হয়ে যেতে পারে। ভারতের ক্ষেত্রে এ সমস্যা থেকে পরিষ্কারভাবে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ক্ষুদ্রঋণব্যবস্থাকে সঠিক পথে ফিরিয়ে আনা প্রয়োজন।
ক্ষুদ্রঋণ নিয়ে সমস্যার শুরু হয় ২০০৫ সালের দিকে, যখন অনেক ঋণদাতা প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণব্যবস্থাকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের উপায় খুঁজতে শুরু করে। ২০০৭ সালে ‘কমপারতামোস’ নামের মেক্সিকান একটি ব্যাংক লাতিন আমেরিকার প্রথম ক্ষুদ্রঋণদাতা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। আর গত বছরের আগস্ট মাসে ভারতের বৃহত্তম ক্ষুদ্রঋণদাতা ব্যাংক ‘এসকেএস মাইক্রোফিন্যান্স’ তাদের প্রাথমিক গণপ্রস্তাবের (পাবলিক অফারিং) মাধ্যমে ৩৫ কোটি ৮০ মিলিয়ন মার্কিন ডলার তুলেছে।
ক্ষুদ্রঋণকে তার শেয়ারহোল্ডারদের জন্য লাভজনক করতে এ ধরনের ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে হয়, প্রবল মার্কেটিং তৎপরতা চালাতে হয় এবং ঋণ সংগ্রহে অত্যন্ত তৎপর হতে হয়। ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলো যখন অলাভজনক ছিল, তখন ঋণগ্রহীতাদের প্রতি তাদের যে এক ধরনের সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি ছিল, এই প্রক্রিয়ায় তা হারিয়ে যায়। ক্ষুদ্রঋণ দিয়ে যেসব মানুষের উপকার করার কথা ছিল, এভাবে তাঁরা উল্টো ক্ষতিগস্ত হতে শুরু করেন। তাই ভারতে ক্ষুদ্রঋণগ্রহীতাদের মনে হতে থাকে যে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তাঁদের ওপর সুযোগ নিচ্ছে; ফলে তাঁরা ঋণ পরিশোধ করা বন্ধ করে দেন।
বাণিজ্যিকীকরণের ক্ষুদ্রঋণব্যবস্থা এক ভয়ংকর দিকে মোড় নিয়েছে এবং এর মধ্য দিয়ে গরিব মানুষকে ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোতে এক উদ্বেগজনক লক্ষ্যচুতির ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। দারিদ্র্য দূর করতে হবে, দারিদ্র্যকে টাকা বানানোর সুযোগ হিসেবে দেখা উচিত নয়। ক্ষুদ্রঋণব্যবস্থাকে যতটা সম্ভব বেশি পরিমাণ মুনাফা অর্জনের একটি ব্যবসা হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে কিছু গুরুতর প্রায়োগিক সমস্যা আছে। বাংলাদেশ যেমনটি করেছে, ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে অর্থ ধার দেওয়ার জন্য বড় তহবিল সৃষ্টি করার পরিবর্তে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে বিরাট অঙ্কের অর্থ তুলে থাকে এবং তারপর আর্থিক ঝুঁকিগুলো পরিব মানুষের মধ্যে সঞ্চালন করে। উপরন্তু এর অর্থ দাঁড়ায়, বাণিজ্যিক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ক্রমাগত আরও বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে চায়। আর সেটা হতে পারে গরিব মানুষের কাছ থেকে আরও উচ্চহারে সুদ আদায় করার মধ্য দিয়ে। এভাবে আসলে ক্ষুদ্রঋণব্যবস্থার মূল্য উদ্দেশ্যই বিফলে যায়।
ক্ষুদ্রঋণব্যবস্থার বাণিজ্যিকীকরণের সমর্থকদের কেউ কেউ বলেন, ক্ষুদ্রঋণকে সহজলভ্য করার পরিধি বাড়নোর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের এবং ক্ষুদ্রঋণব্যবস্থাকে দাতাদের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনার এটাই একমাত্র উপায়। কিন্তু দাতাদের দান বা আন্তর্জাতিক অর্থবাজারের ওপর নির্ভর না করেই ক্ষুদ্রঋণব্যবস্থায় বিনিয়োগ আকৃষ্ট করা, এমনকি মুনাফা করাও সম্ভব।
বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে আড়াই হাজার; আমি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। মাসে ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ ঋণ দেওয়া হয় এ প্রতিষ্ঠান থেকে। ‘সংগ্রামী সদস্য’ কর্মসূচির আওতায় ভিক্ষুকদের জন্য ৭০০ টাকা (১০ মার্কিন ডলার) থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৭০ হাজার টাকা (এক হাজার মার্কিন ডলার) পর্যন্ত ঋণ দেওয়া হয়। আমাদের অধিকাংশ শাখাই আর্থিকভাবে স্বনির্ভর; তাদের নির্ভরতা শুধু বাংলাদেশের সাধারণ মানুষের সঞ্চয়ের ওপর। যখন কোনো ঋণগ্রহীতা গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত হন, তখন তিনি একটি সঞ্চয়ী হিসাব খোলেন। এই ব্যাংকের সব গ্রহীতারই সঞ্চয়ী হিসাব আছে। তাঁদের অনেকেরই ব্যালান্স তাঁদের নেওয়া ঋণের পরিমাণের চেয়ে বেশি। এবং প্রতিবছর গ্রামীণ ব্যাংকের অর্জিত মুনাফা লভ্যাংশ হিসেবে আবার ওই ঋণগ্রহীতাদের কাছেই ফিরে যায়, যাঁদের ৯৭ শতাংশই দরিদ্র নারী।
এই মডেল অধিকাংশ ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের জন্য অনুসরণীয় হওয়া উচিত। ক্ষুদ্রঋণের আসল স্বরূপটি পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন, বাণিজ্যিকীকরণ পরিত্যাগ করে গরিবের সেবায় ফিরে যাওয়া প্রয়োজন।
এ ক্ষেত্রে সরকারের কঠোর নিয়ন্ত্রণ সহায়ক হতে পারে। সর্বোচ্চ সুদের হার তহবিলের মূল্যের চেয়ে বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ ব্যাংক যে অর্থ ঋণ দেবে, তা সংগ্রহ করার প্রক্রিয়ায় যে খরচ হয়, তার সঙ্গে তহবিলের ১৫ শতাংশ। এই ১৫ শতাংশ ব্যয় হয় কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে এবং তা মুনাফা অর্জনে সহায়ক হয়।
গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে তহবিল ব্যয় ১০ শতাংশ। এ ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার হতে পারত ২৫ শতাংশ। কিন্তু আমরা আমাদের ঋণগ্রহীতাদের কাছ থেকে ২০ শতাংশ নিই। আসলে তহবিল ব্যয় ও ঋণের হারের মধ্যকার পার্থক্য ১০ শতাংশের কাছাকাছি থাকলেই ভালো হয়।
এ ধরনের ব্যবস্থা কার্যকর করতে বিশ্বের যেসব দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু রয়েছে, সেগুলোর প্রতিটিতে ক্ষুদ্রঋণ কর্মসূচি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থাকা উচিত। বাংলাদেশে প্রতি বর্গমাইলে ক্ষুদ্রঋণগ্রহীতার সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, এখানে কয়েক বছর ধরে তেমন একটি কর্তৃপক্ষ আছে। এই কর্তৃপক্ষ ক্ষুদ্রঋণ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করেছে এবং অত্যধিক সুদের হার ও সুদ আদায়ের ক্ষেত্রে বাড়াবাড়ি প্রতিহত করেছে। এই কর্তৃপক্ষ ক্ষুদ্রঋণ ব্যাংকগুলোর অনুমোদন দিতে পারে। এ ধরনের একটি সংস্থা অত্যন্ত প্রয়োজন ভারতে, যেখানে ক্ষুদ্রঋণ খাত দ্রুত বাড়ছে।
অসহায় ও দুর্বলের ওপর সুযোগ নিতে চায়, এমন মানুষ সব কালেই থাকে। কিন্তু যেসব ঋণ কর্মসূচি গরিব মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে মুনাফা করতে চায়, সেগুলোকে ‘ক্ষুদ্রঋণ’ বলে বর্ণনা করা উচিত নয়। আর যেসব বিনিয়োগকারীর এ রকম কর্মসূচি আছে, তারা যেন ক্ষুদ্রঋণ ব্যাংকগুলোর সংগতভাবে অর্জিত আস্থার সুযোগ নিয়ে লাভবান হতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।
এ ধরনের অনিয়ম, অনাচার প্রতিরোধ করার দায়িত্ব সরকারগুলোর। ১৯৯৭ সালে সে সময়ের মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে মিলিত হয়ে অঙ্গীকার করেছিলেন যে ২০০৫ সালের মধ্যে ১০ কোটি গরিব মানুষের জন্য ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থিক সেবার ব্যবস্থা করবেন। সে সময় মনে হয়েছিল, এটা একেবারেই অসম্ভব একটা কাজ। কিন্তু ২০০৬ সালের মধ্যে আমরা তা করতে সক্ষম হয়েছি। ক্ষুদ্রঋণ কর্মকাণ্ডকে সঠিক পথে ফিরিয়ে আনতে বিশ্বনেতাদের আবারও ঐক্যবদ্ধ হওয়া উচিত।
ইংরেজি থেকে অনুবাদ: মশিউল আলম
মুহাম্মদ ইউনূস: শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ। ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ ব্যাংক।

চেজারের ভান্ডারে এক হাজারেরও বেশি শব্দ

অন্য যেকোনো কুকুরের চেয়ে চেজার নামের বর্ডার কোলি প্রজাতির এই কুকুরের শব্দভান্ডার অনেক বেশি সমৃদ্ধ। চেজারের শব্দভান্ডারে রয়েছে এক হাজারেরও বেশি শব্দ।এর আগের রেকর্ডটি ছিল রিকো নামের অপর একটি বর্ডার কোলির দখলে। ওই কুকুরটির শব্দভান্ডারে ছিল ২০০টি শব্দ। জার্মান গবেষকেরা রিকোর এই সক্ষমতা আবিষ্কার করেন। ২০০৪ সালে জার্নাল সায়েন্স-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে রিকোর ওই কৃতিত্বের কথা প্রকাশিত হয়।সাউথ ক্যারোলিনার উফোর্ড কলেজে তিন বছরের প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে চেজারকে এক হাজার ২২টি খেলনার নাম শেখানো হয়। চেজারের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন অধ্যাপক মনোবিদ অ্যালিস্টন রিড ও জন পিলে।জার্মান গবেষকদের গবেষণা প্রতিবেদন দেখার পর একটি কুকুরের শেখার সর্বোচ্চ সীমা সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী হন ওই দুই মার্কিন অধ্যাপক। তবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডধারী বাজারিগারের (টিয়া-জাতীয় অস্ট্রেলীয় পাখি) চেয়ে অনেক পিছিয়ে আছে কুকুরটি। ‘পাক’ নামের ওই পাখিটির শব্দভান্ডার এক হাজার ৭২৮টি শব্দে সমৃদ্ধ।
চেজার এক হাজার ২২টি খেলনার নাম জানে। অথচ খেলনার নাম মনে রাখার জন্য তার মালিককে অনেক খেলনার নাম লিখে রাখতে হয়।রিড বলেন, চেজার হয়তো আরও বেশি শব্দ আয়ত্তে আনতে সক্ষম।

ওডিশায় মাওবাদী ৯ গেরিলা নিহত

ভারতের ওডিশা রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নয়জন সন্দেহভাজন মাওবাদী গেরিলা নিহত হয়েছে। ওডিশার রাজধানী ভুবনেশ্বর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে রায়াগাদা জেলায় গতকাল রোববার সকালে বন্দুকযুুদ্ধের এ ঘটনা ঘটে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এস প্রিয়দর্শী জানান, ‘আমরা নয়জন মাওবাদী গেরিলাকে হত্যা করেছি। তাদের প্রশিক্ষণশিবির ধ্বংস করে সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।’ তিনি জানান, ওডিশার ৩০টি জেলায় মাওবাদী গেরিলাদের ১৯টি প্রশিক্ষণশিবির চালু রয়েছে। গত বছর দেশটিতে মাওবাদী বিদ্রোহীদের সহিংসতা বৃদ্ধি পায়। সম্প্রতি সরকারের করা একটি জরিপে দেখা যায়, ২০১০ সালে দেশটিতে মাওবাদী বিদ্রোহীদের সহিংসতায় এক হাজার ১৬৯ জন লোক মারা যায়।

পাকিস্তানের নেতারা কর দেন না: ইমরান খান

পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং রাজনৈতিক দল তেহেরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান বলেছেন, দেশের প্রধান নেতারা কর দেন না। ফলে সামগ্রিক চাপ পড়ে সাধারণ নাগরিকের ঘাড়ে। গতকাল রোববার করাচি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইমরান খান বলেন, পুরো জাতি যেখানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে পুলিশ শুধু ভিআইপিদের রক্ষায় ব্যস্ত। নামুস-ই-রিসালাত নামের একটি বিতর্কিত আইন সম্পর্কে তিনি বলেন, আইনটি নতুন কিছু নয়। ব্রিটিশ আমল থেকেই আইনটি বলবৎ রয়েছে।ইমরান খান আরও বলেন, তেলের দাম বৃদ্ধি ছাড়াও দেশে আরও অনেক সমস্যা রয়েছে। সে সম্পর্কেও মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সোচ্চার হওয়া উচিত।

যমজ সন্তানের মা হলেন ডেনমার্কের যুবরাজ্ঞী

ডেনমার্কের যুবরাজ্ঞী ম্যারি গত শনিবার যমজ সন্তানের মা হয়েছেন। এই যমজ সন্তানের একটি ছেলে ও একটি মেয়ে। যুবরাজ ফ্রেডেরিক কোপেনহেগেনের রিজসহসপিটালেট হাসপাতালের বাইরে এসে তাঁর স্ত্রীর যমজ সন্তান হওয়ার কথা ঘোষণা করেছেন।যুবরাজ এবং তাঁর অন্য দুই সন্তানের পর এই দুই সন্তান হবে ডেনমার্কের চতুর্থ ও পঞ্চম উত্তরাধিকারী। ফ্রেডেরিকের অপর দুই সন্তান ক্রিস্টিয়ানের বয়স পাঁচ ও ইসাবেলার বয়স তিন বছর।ম্যারি (৩৮) গত শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। এ সময় তাঁর সঙ্গেই ছিলেন ফ্রেডেরিক। শনিবার সকালেই যুবরাজ্ঞী ওই দুটি সন্তান প্রসব করেন। প্রথমে জন্ম নেয় একটি ছেলে, তার ওজন পাঁচ পাউন্ড ১৪ আউন্স। এর ২৬ মিনিট পর তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। তার ওজন পাঁচ পাউন্ড ১০ আউন্স।রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, দুটি সন্তান প্রসব করে ম্যারি খুবই গর্বিত

আফগানিস্তান সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ দুই দিনের সফরে গত শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন। এ সময় তিনি তালেবানবিরোধী পদক্ষেপ জোরদার করতে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পদক্ষেপ এবং আফগানিস্তানে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে দেশটির নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে পুনর্গঠনকাজে সহযোগিতার বিষয়ে আফগান নেতাদের সঙ্গে আলোচনা করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণের আফগানিস্তানে এটা তৃতীয় সফর। কাবুলে পৌঁছার পর কৃষ্ণ বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করছি।’
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গত মাসে মার্কিন পর্যালোচনার পর এটাই নয়াদিল্লি এবং কাবুলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক।গতকাল রোববার প্রথমে আফগান পররাষ্ট্রমন্ত্রী জালমে রসুল এবং এরপর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে কৃষ্ণের বৈঠক হওয়ার কথা ছিল। তাঁদের সঙ্গে বৈঠকে আফগানিস্তান পুনর্গঠনের ক্ষেত্রে ভারতীয় সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছিল। পুনর্গঠনকাজে আফগানিস্তানকে ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।শনিবার কাবুলে পৌঁছার পরই সে দেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফাহিম, সেকন্ড ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ করিম খলিলি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ইউনুস কানুনির সঙ্গে বৈঠক করেন কৃষ্ণ।সূত্র ইঙ্গিত দিয়েছে, আফগান নেতাদের সঙ্গে বৈঠকে আফগানিস্তানে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া কীভাবে করা হবে এবং তালেবানবিরোধী প্রস্তাবিত পদক্ষেপের বিষয়ে পরিষ্কারভাবে জানতে চাইবেন কৃষ্ণ। কাবুল সফরের আগে কৃষ্ণ জানিয়েছিলেন, আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় মিশনকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে নিরাপত্তার বিষয়ে ভারতকে পূর্ণ আশ্বস্ত করেছে আফগান সরকার।আফগানিস্তানে ভারতীয় মিশনে হামলায় হতাহতের বিষয়টি উল্লেখ করে কৃষ্ণ জানান, সেখানকার দূতাবাস কনস্যুলেটগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আফগান সরকারের সঙ্গে কাজ করছে ভারত।

মেক্সিকোতে ২৭ লাশ উদ্ধার

মেক্সিকোর অ্যাকাপালকো শহর থেকে গত শনিবার ২৭টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি বিপণিবিতানের কাছ থেকে ১৫টি লাশ উদ্ধার করা হয়। এসব লাশের ১৪টিরই মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল।
স্থানীয় পুলিশ জানায়, শনিবার সকালে বিপণিবিতানের কাছ থেকে উদ্ধার করা ১৫টি লাশের সঙ্গে একটি চিঠি পাওয়া গেছে। সেই চিঠিতে পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা মাদকচক্রের নেতা জোয়াকিন ‘সর্টে’ গুজম্যানের স্বাক্ষর রয়েছে। গুজম্যান সিনালোয়া অঞ্চলের মাদকচক্রের নেতা। তিনি ওই অঞ্চলে অন্যান্য মাদকচক্রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছেন। পুলিশ আরও জানায়, মেরে ফেলার আগে তাদের মারাত্মকভাবে পেটানো হয়েছে। পরে দা-জাতীয় ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়।
শনিবারই শহরের বিভিন্ন স্থান থেকে আরও অন্তত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাদকচক্রের বিচ্ছিন্ন লড়াইয়ে এই ১২ জন নিহত হয়।

মার্কিন কংগ্রেস সদস্য গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরে গত শনিবার রাজনৈতিক সমাবেশে এক বন্দুকধারীর গুলিতে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলের সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডস গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর মাথায় গুলি লাগে। এ ছাড়া ওই বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নয় বছরের একটি মেয়ে ও একজন বিচারক রয়েছেন। ২২ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনাকে ‘গোটা দেশের জন্য ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন।
ঘটনার পরপর গিফোর্ডসকে টুসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একদল শল্যচিকিৎসক কয়েক দফা তাঁর মাথায় অস্ত্রোপচার করেন। গতকাল রোববার চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হলেও ৪০ বছর বয়সী গিফোর্ডসের অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে এই কংগ্রেস সদস্য দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তাঁরা আশাবাদী।
কর্মকর্তারা জানান, গুলিতে নিহত বিচারকের নাম জন রোল। ১৯৯১ সালে তিনি অ্যারিজোনার জেলা আদালতে বিচারক হিসেবে নিয়োগ পান।
পুলিশ জানিয়েছে, শনিবারের ওই ঘটনায় গিফোর্ডসসহ ১৩ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যমে বন্দুকধারী যুবকের নাম বলা হয়েছে জারেড লি লাফনার। কর্তৃপক্ষ তাঁর ওই পরিচয় নিশ্চিত করেনি। তবে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই যুবক এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়, কংগ্রেস সদস্যকে হত্যা করার জন্যই গুলির ঘটনা ঘটে। পুলিশের হাতে গ্রেপ্তার ওই যুবককে সহযোগিতা করেছে এমন ব্যক্তিকে খোঁজা হচ্ছে। পুলিশ তাঁর পরিচয় প্রকাশ করেনি।
টুসনে একটি সুপারমার্কেটের সামনে শনিবার সকালে ‘কংগ্রেস অন ইয়োর কর্নার’ শীর্ষক সমাবেশে সভাপতিত্ব করছিলেন গিফোর্ডস। ওই সময় খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ জানা যায়নি। ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রে কংগ্রেস সদস্যের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে। বেতার ও টেলিভিশনের কেন্দ্রগুলো নিয়মিত অনুষ্ঠান বন্ধ রেখে এই ঘটনার খবর প্রচার করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্টিভেন রেইল বলেন, ‘কংগ্রেস সদস্য একটি টেবিলের সামনে দাঁড়িয়ে কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন। আমি টেবিলটির পাশ দিয়ে যাচ্ছিলাম। ওই সময় এক ব্যক্তি পিস্তল বের করে গিফোর্ডসকে গুলি করে। গিফোর্ডস মাটিতে লুটিয়ে পড়েন। এর পরই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আমি একটি কংক্রিটের স্তম্ভের আড়ালে আশ্রয় নিই।’ স্থানীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ক্ল্যারেন্স ডুপনিক জানান, গিফোর্ডসের রাজনৈতিক কার্যালয়েও সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।অ্যারিজোনা থেকে প্রথম নির্বাচিত ইহুদি কংগ্রেস সদস্য গিফোর্ডস। ২০০৬ সালে তিনি নির্বাচিত হন। তাঁর স্বামী মার্ক কেলি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একজন নভোচারী। স্থানীয়ভাবে তিনি খুবই জনপ্রিয় এবং জাতীয় রাজনীতিতে ডেমোক্র্যাট দলের উদীয়মান তারকা হিসেবে পরিচিত। তাঁকে এর আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ডোমোক্র্যাট দলের কট্টরপন্থী অংশের সমর্থক হিসেবে পরিচিত গিফোর্ডস। তবে ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়ে গত বছর অ্যারিজোনার কট্টরপন্থীদের চমকে দেন তিনি।প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে। ঘটনার তদন্তকাজ তদারকের জন্য মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক রবার্ট মুলারকে দায়িত্ব দিয়েছেন তিনি।আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিনও এই ঘটনার নিন্দা ও গিফোর্ডসের প্রতি সহানুভূতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটলেও সেখানে আইনসভার সদস্যদের নিহত বা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিরল। সর্বশেষ ১৯৮১ সালে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। আর দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা এখন পর্যন্ত ঘটেছে একটি—১৯৭৮ সালে গায়ানাতে নিহত হন ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য লিও রায়ান।

উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া চীনে!

ভারতের আসামের নিষিদ্ধঘোষিত সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) সামরিক প্রধান পরেশ বড়ুয়া চীনে অবস্থান করছেন। মনিপুরি বিদ্রোহীদের গ্রেপ্তার হওয়া একটি দলের প্রধান পরেশ বড়ুয়ার চীনে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চীনের পক্ষ থেকে এ খবর অস্বীকার করা হয়েছে।
ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ) প্রধান আর কে সানাইয়ামা ওরফে মেঘেন গত মাসে বিহারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) সদস্যদের হাতে গ্রেপ্তার হন। জিজ্ঞাসাবাদের সময় তিনি গত বছর সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে উলফার পালিয়ে থাকা কমান্ডার-ইন-চিফের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মনিপুরি বিদ্রোহী নেতা এনআইএর তদন্ত দলের কাছে সাংহাইয়ে দুই নেতার মধ্যে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা স্বীকার করেছেন। তাঁরা দুটি দলের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, অস্ত্র সংগ্রহ করা এবং নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযানের সময় তাঁদের সদস্যদের হতাহতের বিষয় নিয়ে আলোচনা করেন। সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে অনুষ্ঠিত হয় ২০১০ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।
সূত্র জানায়, ৫৪ বছর বয়সী বড়ুয়া বেশির ভাগ সময় মিয়ানমারের সীমান্তসংলগ্ন চীনের ইউনান প্রদেশে থাকেন। কিন্তু তিনি মিয়ানমারের উত্তরাঞ্চলের কাছিন এলাকায় প্রায়ই যাতায়াত করেন।
চীন কর্তৃপক্ষ বড়ুয়াকে ভিসা দেওয়ার খবর প্রকাশের পর গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বিষয়টি লোকসভায় অবহিত করেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত বড়ুয়ার চীনে যাওয়ার খবর সরকার জেনেছে।

ইরানের ৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী এবং আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান আলী আকবর সালেহি গত শনিবার ঘোষণা দিয়েছেন, ইরান এ পর্যন্ত ২০ শতাংশ সমৃদ্ধ ৪০ কেজি ইউরেনিয়াম উৎপাদন করেছে। তেহরানের গবেষণা চুল্লিতে জ্বালানি সরবরাহের জন্য এই ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। দেশটির বার্তা সংস্থা ফার্স এ কথা জানায়।
সালেহিকে উদ্ধৃত করে ফার্স জানায়, তাঁরা প্রায় ৪০ কেজি ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ করেছেন। আশা করা হচ্ছে তাঁরা শিগগিরই দেখতে পাবেন, সমৃদ্ধ এই ইউরেনিয়াম তেহরানের গবেষণা চুল্লিতে ব্যবহার করা হবে। সালেহি আরও বলেন, তেহরানের গবেষণা চুল্লির জন্য পরমাণু জ্বালানি-বিনিময় সম্পর্কে ভিয়েনা গ্রুপের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ভিয়েনা গ্রুপে অন্তর্ভুক্ত পক্ষগুলো হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
আলী আকবর সালেহি বলেন, ইরানের সঙ্গে নতুন আলোচনায় ভিয়েনা গ্রুপ যত দেরি করবে, জ্বালানি উৎপাদনে ইরান তত বেশি অগ্রগতি অর্জন করবে। কিছুদিন পর জ্বালানি বিনিময়ের বিষয়টি অর্থহীন হয়ে পড়বে।
সালেহি বলেন, যে স্বল্প কয়েকটি দেশ জ্বালানি রড ও প্লেট তৈরি করতে সক্ষম, ইরান এখন সেসব দেশের কাতারে। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের অসহযোগিতা এবং তাদের অবরোধের কারণেই ইরান এই খাতে অগ্রগতি অর্জন করেছে।
সালেহি গত জুন মাসে বলেছিলেন, ইরান প্রতি মাসে পাঁচ কেজি করে ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম। আর গত অক্টোবরে তিনি বলেন, ইরান ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ৩০ কেজি উৎপাদন করেছে।
ইরানি কর্মকর্তারা জানান, পরমাণু জ্বালানির চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাবেন।

আনন্দঘন পরিবেশে দক্ষিণ সুদানে গণভোট শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাঁধভাঙা আনন্দের মধ্য দিয়ে গতকাল রোববার থেকে দক্ষিণ সুদানে গণভোট শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে প্রায় পাঁচ দশক ধরে চলা সংঘাত অবসানের জন্য এই গণভোটের আয়োজন করা হয়। ধারণা করা হচ্ছে, দক্ষিণ সুদানের বাসিন্দারা স্বাধীনতার পক্ষে ভোট দেবেন এবং আফ্রিকার সবচেয়ে বড় দেশ সুদান ভেঙে নতুন একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটবে। দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলে এটি হবে জাতিসংঘের ১৯৩তম সদস্যদেশ।
প্রথম দিন আনন্দঘন পরিবেশের মধ্যে স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট নেওয়া চলে বিকেল পাঁচটা পর্যন্ত। রাজধানী জুবায় ভোট দেন দক্ষিণ সুদানের নেতা সালভা কির। তিনি গণভোটের মুহূর্তটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন সিনেটর জন কেরি।
কেরি সাংবাদিকদের বলেন, আজ থেকে সুদানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। এই ভোটের মাধ্যমে দক্ষিণ সুদান যদি স্বাধীনতা পায় তাহলে এই নতুন রাষ্ট্রটির জন্য তাদের অনেক কিছু করতে হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানও জুবার একটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
গণভোট উপলক্ষে দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নাচ-গান আর উল্লাসের দৃশ্য ছিল সর্বত্র। দক্ষিণ সুদানের গণভোটবিষয়ক কমিশনের উপপ্রধান চেন রিক সাংবাদিকদের বলেন, আজকের মতো আনন্দ দক্ষিণ সুদানের ইতিহাসে আর হয়নি। সপ্তাহব্যাপী এই গণভোট ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

রিয়াদে বেকার শিক্ষকদের নজিরবিহীন বিক্ষোভ

চাকরির দাবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে গত শনিবার কয়েক শ বেকার শিক্ষক নজিরবিহীন বিক্ষোভ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ওই বিক্ষোভের একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে চাকরি না পাওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারী শিক্ষকদের মুখপাত্র নায়েফ আল-তামিমি। তবে দেশটির রাজতান্ত্রিক শাসকগোষ্ঠী এ ধরনের প্রকাশ্য বিক্ষোভ সাধারণত বরদাশত করে না।
আল-তামিমি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করার পরও কোনো চাকরি পাননি। তাঁরা শান্তিপূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছিলেন। কিন্তু পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তিনি আরও বলেন, ‘সরকার আমাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতি রক্ষা করা না হলে আবারও বিক্ষোভ করা হবে।’তেলসমৃদ্ধ সৌদি আরবে কয়েক বছর ধরে বেকারত্বের হার বেড়েই চলেছে। এর আগে দেশটির বেকার শিক্ষকদের মাত্র দুই হাজার রিয়াল (৫৩৩ ডলার) মাসিক বেতনে চাকরি দেওয়ার প্রস্তাব দেয় সরকার। যদিও সরকারি শিক্ষকেরা প্রতি মাসে প্রায় আট হাজার রিয়াল মাসিক বেতনে চাকরি করে থাকেন।
সর্বশেষ ২০০৯ সালে দেশটিতে বেকারত্বে হার ছিল ১০ দশমিক ৫ শতাংশ। এ অবস্থায় বাধ্য হয়ে অনেক সৌদি নাগরিক জীবনযাত্রার প্রয়োজনে ট্যাক্সিচালক, বেসরকারি নিরাপত্তারক্ষী কিংবা স্বল্প বেতনে চাকরি করতে বাধ্য হন।

চীনকে মোকাবিলায় অস্ত্র খাতে ব্যয়বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ত্রশক্তি বৃদ্ধি করায় অস্ত্র খাতে ব্যয় বরাদ্দ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বেইজিং সফরের আগ মুহূর্তে গত শনিবার এ কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
গেটস বলেন, চীন প্রথমবারের মতো রাডার ফাঁকি দিতে পারে, এমন জঙ্গি বিমান বানিয়েছে। একই সঙ্গে তাদের তৈরি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরীতে আঘাত হানতে সক্ষম। এসব কারণে তিনি মার্কিন অস্ত্রসম্ভার বৃদ্ধি ও উন্নতির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। যদিও গত সপ্তাহে গেটস নিজেই পেন্টাগনের বাজেট বরাদ্দ বড় আকারে কাটছাঁট করার ঘোষণা দিয়েছেন।
তিন দিনের সফরে বেইজিংয়ের উদ্দেশে বিমানে চড়ার পর গেটস সাংবাদিকদের বলেন, ‘এটা পরিষ্কার, আমরা কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছি এবং এ ক্ষেত্রে আমাদের নজর দিতেই হচ্ছে। আমরা নিজেদের মতো করে পদক্ষেপ নেব।’
চীন গত সপ্তাহে নিজেদের প্রথম রাডার ফাঁকি দেওয়ার উপযুক্ত জঙ্গিবিমান তৈরির ঘোষণা দেয়। তবে এ নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করে গেটস বলেন, ওই জঙ্গিবিমান আসলে কতটা সফলভাবে রাডার ফাঁকি দিতে পারে, তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।
গতকাল রোববার গেটসের বেইজিংয়ে পৌঁছানোর কথা ছিল। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং দেশটির শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও খোলামেলা ও স্থিতিশীল সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা হতে পারে। তবে ওই আলোচনায় গেটসের এই মন্তব্যে কী প্রভাব পড়তে পারে, সেটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না।
মার্কিন অস্ত্রপ্রযুক্তি খাতের উন্নয়ন বলতে গেটস পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমান এবং নৌবাহিনীর জন্য নতুন প্রজন্মের ‘ইলেকট্রনিক জ্যামার’-এর উন্নয়নকেই ইঙ্গিত করেছেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতেই ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করা হয়। এর মধ্যে দূরপাল্লার ওই বোমারু বিমান উন্নয়নের প্রকল্প যুক্তরাষ্ট্র ২০০৯ সালে বাতিল করে।
গত বৃহস্পতিবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে গেটস বলেন, ইলেকট্রনিক জ্যামার হাতে পেলে জলভাগে নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে এবং সফলভাবে হুমকি মোকাবিলা করতে পারবে।
এ ছাড়া রাডার ফাঁকি দিতে সক্ষম, এমন নতুন জঙ্গিবিমান ‘জয়েন্ট স্ট্রাইট ফাইটার’-এর উন্নয়নের জন্যও বরাদ্দ বাড়ানোর বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
তবে উল্লিখিত তিন প্রকল্পে বা প্রশান্ত মহাসাগরে চীনকে মোকাবিলার জন্য নতুন করে কী পরিমাণ ব্যয় করা হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি পেন্টাগন।
পেন্টাগনের কর্মকর্তারা যদিও বলেছেন, মার্কিন অস্ত্রপ্রযুক্তি থেকে চীন এখনো এক প্রজন্ম পিছিয়ে আছে, কিন্তু গেটস বলছেন, চীনের বিষয়টি নিয়ে তিনি চিন্তিত। একই সঙ্গে তিনি স্বীকার করছেন, পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থগুলো অনুধাবন করতে পেরেছে, চীন খুবই দ্রুত আঘাত করতে পারে।
গেটস বলেন, ‘সব ক্ষেত্রেই আমরা নজর রাখছি। চীনের রণতরীবিধ্বংসী ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উন্নয়নের বিষয়টি প্রতিরক্ষীমন্ত্রী হওয়ার পর থেকে আমাকে উদ্বিগ্ন করে রেখেছে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, চীনা নেতাদের সঙ্গে তাঁর আলোচনার ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন অস্ত্রবৃদ্ধির প্রয়োজনীয়তা কমবে।
গেটস বলেন, ‘অর্থনৈতিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রকে ক্ষীয়মাণ শক্তি হিসেবে বিবেচনা করলে চীনের নেতারা ভুল করবেন।

মেসি-ইনিয়েস্তায় আলো বার্সেলোনার রাত

এসপানিওল ও দেপোর্তিভো লা করুনিয়া—স্প্যানিশ লিগে সর্বশেষ এই দুই প্রতিপক্ষের বিপক্ষে ৯ গোল পেয়েছে বার্সেলোনা। পরশু দেপোর্তিভোকে ৪-০ গোলে হারিয়ে লিগে পেল টানা দ্বাদশ জয়, অন্তত ২৪ ঘণ্টার জন্য হলেও রিয়ালের সঙ্গে ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকল তারা। গত অক্টোবর থেকেই পেপ গার্দিওলার বার্সেলোনা প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে এগোচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে যারা ৫-০ গোলে উড়িয়ে দিতে পারে তাদের জন্য কোনোটিকেই বিস্ময় নয়।
বিস্ময় জাগতে পারে অন্য জায়গায়। এই দুটি ম্যাচে বার্সার করা ৯ গোলে লিওনেল মেসির গোল মাত্র ১টি! পরশু দেপোর্তিভোর বিপক্ষে এই গোলটি করলেন ফ্রি-কিক থেকে। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৩ ম্যাচে ৪৭ গোল করেছেন। এ মৌসুমেও গোল করার সেই ধারাটা ছিল। কিন্তু হঠাৎ তাতে একটু ভাটার টান দেখে উদ্বিগ্ন হতে পারে বার্সেলোনা।
তবে তলিয়ে দেখলে মেসিকে নিয়ে খুশিই হওয়ার কথা। বার্সার ওই ৯ গোলের পাঁচটিই এসেছে তাঁর সহায়তায়। গত মৌসুমে বার্সার মাত্র ১১টি গোলে সহায়তা ছিল মেসির। এবার সব মিলিয়ে ২৬ ম্যাচ খেলে ২৮ গোল করার পাশাপাশি ১৫টি গোলে রেখেছেন অবদান। এ মুহূর্তে বিশ্বের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে গোল করার দিক দিয়ে যেমন এগিয়ে, তেমনই এগিয়ে আছেন গোল করানোতেও।
গোল করছেন কিংবা করাচ্ছেন। জাভি, ইনিয়েস্তার সঙ্গে মিলে বার্সেলোনার মাঝমাঠকে নিয়ে গেছেন ঈর্ষণীয় জায়গায়। যতক্ষণ মাঠে থাকেন, ড্রিবলিং, ডিফেন্স চেরা সব পাস কিংবা প্রতিপক্ষ খেলোয়াড় থেকে বল কেড়ে নেওয়া—সবকিছুতেই থাকেন। আদর্শ একজন প্লে-মেকারই হয়ে উঠছেন আর্জেন্টাইন জাদুকর।
এত কিছুর পরও আজ ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতে দুই বার্সা-সতীর্থের চেয়ে একটু পিছিয়েই আছেন মেসি। জাভি-ইনিয়েস্তাদের এগিয়ে দিয়েছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের জয়ের দুই নায়ক জাভি-ইনিয়েস্তা। আর মেসির আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালেই কাটা পড়েছে। মেসি নিজেও মনে করেন, তাঁর দুই বার্সা-সতীর্থের কারোরই ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারটা পাওয়া উচিত।
পুরস্কার আজ যিনিই পান, পরশু বার্সেলোনা-দেপোর্তিভো ম্যাচে সুযোগ এসেছিল পুরস্কারের রজনীর দুই দিন আগে এই তিনজনকে একসঙ্গে দেখে নেওয়ার। ফুটবলপ্রেমীদের সেই আশা পূরণ হয়নি জাভিকে বার্সা কোচ গার্দিওলা বিশ্রাম দেওয়ায়। বাকি দুজন মেসি ও ইনিয়েস্তা ছিলেন সমানে সমান। দুজনেই একটি করে গোল করেছেন। দুজনেই করিয়েছেন একটি করে গোল।
মেসির দুর্দান্ত পাসে ডেভিড ভিয়া গোল করে ২৬ মিনিটে দেপোর্তিভোর মাঠে প্রথমে এগিয়ে দেন বার্সাকে। বাঁ-পায়ে নেওয়া ফ্রি-কিকে মেসিই ব্যবধান দ্বিগুণ করেছেন ৫২ মিনিটে। শেষের দিকের দুই মিনিটে ইনিয়েস্তা-ঝলকে ৪-০ করে বার্সা। ৮০ মিনিটে একক নৈপুণ্যে দলের তৃতীয় গোলটি করেন ইনিয়েস্তা। পরের মিনিটে পেদ্রোকে দিয়ে করান চতুর্থ গোল।
এ দুজনের লড়াইটা সমানে সমান হলো বলেই কিনা, মেসি-ইনিয়েস্তার বার্সা-সতীর্থরা ঠিক বুঝতে পারছেন না আজ কার হাতে উঠবে সেরার পুরস্কার। ‘আমরা ঠিক জানি না কার হাতে পুরস্কারটা উঠবে। তবে যে-ই পাক, বার্সাই জিতছে।

উইকেট-বৃষ্টি এবং পাকিস্তানের জয়

হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে চরম নাটকীয়তা। ব্যাট হাতে নামতে হলো ২০ ব্যাটসম্যানকে। ১৬ উইকেট পতনের দিনে ১০ উইকেটে জিতল পাকিস্তান। আবদুর রেহমান, ওয়াহাব রিয়াজ আর উমর গুলের বোলিংয়ে শেষ সেশনে ১০ উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৯২ রানের লিড পাওয়ায় জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রানের। কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। অধিনায়ক মিসবাহ-উল হক পেলেন তাঁর প্রথম জয়।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস আসলে ধসের মুখে পড়ে ২১.২ থেকে ২৪.৩ ওভারের মধ্যে। এ সময় ২০ বলের মধ্যে মাত্র ১ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় মার্টিন গাপটিল, জেসি রাইডার, রস টেলর ও উইলিয়ামসনকে। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দল। অথচ বিনা উইকেটে ৩৩ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল নিউজিল্যান্ড।
এর আগে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অলআউট হওয়ার আগে যোগ করে ১৩২ রান। আগের দিন অপরাজিত দুই ব্যাটসম্যান বেশি দূর যেতে না পারলেও পাকিস্তানের লোয়ার-অর্ডারের সবাই কমবেশি কিছু অবদান রাখায় পাকিস্তানের স্কোর ৩৭৬-তে পৌঁছায়। প্রথম টেস্ট সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৮৩ রানে আউট হন আসাদ শফিক। অধিনায়কের ভূমিকা নিয়ে টেস্ট দলে ফেরার পর পাঁচ ইনিংসে ব্যাট করে চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন মিসবাহ।
৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড বিনা উইকেটে ৩৬ রান তুলে ফেলে। কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটসম্যানদের আত্মহননের প্রবৃত্তি দ্রুতই ধসিয়ে দেয় কিউইদের। একপর্যায়ে নিউজিল্যান্ড ৯০ রানেই হারিয়ে ফেলেছিল ৮ উইকেট। পাকিস্তানের লিড তখনো ২ রানের। ইনিংস হারের লজ্জায় শেষ পর্যন্ত পড়তে না হলেও তিন দিনেই টেস্ট হেরে ভেট্টোরিদের মাথা নিচু হয়েছে অবশ্যই। নিজের চার ওভারের মধ্যে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে সেই পতন ত্বরান্বিত করেছেন রেহমান। ম্যাচে ৪৫ ওভার বোলিং করে ৭৫ রানে ৬ উইকেট নেওয়া এই বাঁহাতিই ম্যান অব দ্য ম্যাচ।
পাকিস্তান দলের ছায়াসঙ্গী নাটকীয়তা থাকল এই ম্যাচেও। কদিন আগেই স্পট ফিক্সিংয়ের ঝড়ে টালমাটাল ছিল যে দল, তারাই কি না এমন দাপুটে চেহারায়! এলোমেলো পাকিস্তানই এখন ৫ বছর পর বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর!

শেষ পর্যন্ত ম্যাচের নাম এনটিনি

ফান ক্রিকেট’ টি-টোয়েন্টি ‘সিরিয়াস’ হয়ে গেছে অনেক আগেই। কাল ভারত-দক্ষিণ আফ্রিকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ছিল ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি কিছু। এই ম্যাচ দিয়েই যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাখায়া এনটিনি, যিনি নিজেও ক্রিকেটের ক্ষুদ্র গণ্ডি ছাড়িয়ে উঠে দাঁড়িয়েছিলেন অনেক উঁচুতে। এনটিনি মানে স্বপ্নদ্রষ্টা, এনটিনি মানে দক্ষিণ আফ্রিকার ঐক্যের প্রতীক।
২১ রানে জিতেছে ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতল পাঁচ টি-টোয়েন্টির চারটিই, টি-টোয়েন্টিতে দেশের হয়ে দ্রুততম ফিফটি করেছেন (২৪ বলে) মরনে ফন উইক। কিন্তু ম্যাচের ফলাফল বা পরিসংখ্যান নিয়ে কাল আগ্রহ ছিল সামান্যই। শুধু এনটিনির বিদায়ই নয়, এই ম্যাচের আরও উপলক্ষ ছিল। বর্ণবাদের বেড়াজাল কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ভারত সফর করা প্রথম দলটিকে সম্মাননা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে শচীন টেন্ডুলকারকে। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের পদার্পণের ১৫০তম বছরকে স্মরণীয় করে রাখতে আয়োজন বলিউড তারকাদের কনসার্টের।
উপলক্ষ আরও একটি, ডারবানের মোজেস মাভিদা স্টেডিয়ামে কালই যাত্রা শুরু হলো ক্রিকেটের। গত বিশ্বকাপ ফুটবলের বেশ কটি ম্যাচ হয়েছে এখানে, স্পেন-জার্মানির সেমিফাইনালের পর শুরু হয়েছিল উইকেট বানানোর কাজ। আইপিএলের নতুন ‘কোটিপতি’ নতুন রোহিত শর্মার ৩৪ বলে ৫৩ ও সুরেশ রায়নার ২৩ বলে ৪১ মন্থর উইকেট ভারতে এনে দিয়েছিল ১৬৮ রানের বড় পুঁজি। এক দিনে মরনে ফন উইক ঝড় তুললেও আরেক দিকে নিয়মিত উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফন উইক করেছেন ৩৯ বলে ৬৭।
শেষ ম্যাচে ৪ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট পাননি এনটিনি, তবে এটা কে-ই বা মনে রাখবে। অজপাড়াগাঁয়ের রাখাল বালক থেকে একটি জাতির স্বপ্নদ্রষ্টা হয়ে ওঠা, ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ সাফল্যের সঙ্গে পাড়ি দেওয়ার গল্পটার কাছে যে হার মেনে যায় সবকিছু! এনটিনির বিদায়ের ঘোষণার দিন (সিএসএ) প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা যেমন বলছিলেন, ‘মাখায়া শুধু একটি নাম বা ব্যক্তি নয়। মাখায়া হলো শক্তি, সাহস, নিবেদন, গর্ব, স্বপ্ন আর আমাদের ঐক্যের প্রতীক।’ তথ্যসূত্র: ওয়েবসাইট।
ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (রোহিত ৫৩, রায়না ৪১, কোহলি ২৮; থেরন ২/৩৯)। দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৭/৯ (ফন উইক ৬৭, বোথা ২৫; পাঠান ২/২২, নেহরা ২/২২)।

সাহিত্যালোচনা- পুস্তক সম্পাদনা ও আমাদের প্রকাশনা জগৎ by রাখাল রাহা

প্রকাশনা জগতে অন্তত দুই দশক বিচরণ করে যে জিনিসটা বোঝা গেছে, তা হচ্ছে আমাদের প্রকাশকদের বেশির ভাগ কোনো সম্পাদক নেই; সম্পাদনা কী ও কেন, সম্পাদনার পরিধি কত দূর বিস্তৃত_এ বিষয়ে প্রায় কারোরই কোনো ধারণা নেই। যে দু-একজনের এ বিষয়ে ধারণা আছে, তাঁরা সেটা না নিজের প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন, না বাইরে ছড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন।

স্বাধীনতা- প্রত্যাশা ও প্রাপ্তির ৩৯ বছর by বাপ্পু সিদ্দিকী

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বন্দিদশা থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে আসেন। শুরু হয় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন এবং এটিই ছিল তখন বাংলার জনগণের প্রত্যাশা। বলাই বাহুল্য, বঙ্গবন্ধু জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে ১০ মাসের মধ্যেই একটি সংবিধান উপহার দিয়েছিলেন। যোগাযোগব্যবস্থার পুনঃস্থাপন করে চট্টগ্রাম ও চালনা বন্দর থেকে

স্বাধীনতাযুদ্ধের 'বিস্মৃত' কূটনৈতিক মুক্তিযোদ্ধারা by সৈয়দ মোয়াজ্জেম আলী

জ মহান বিজয় দিবস। আজ থেকে ৩৯ বছর আগে বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে দেশের সব পেশার জনগণ এ যুদ্ধে অংশ নিয়েছিল। সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধা সৈনিকরা রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। একইভাবে আমাদের শিল্পী, প্রশাসক, শিক্ষক, এমনকি বিদেশে কর্মরত বাঙালি কূটনীতিকরা এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযোদ্ধারা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তাঁদের অবদান সারা দেশ, সারা জাতি স্মরণ করবে। সুখের কথা, মুক্তিযোদ্ধাদের মধ্যে কয়েকজন সম্মানিত হয়েছেন,

খবর, কালের কণ্ঠের- আতঙ্কে শেয়ারবাজার বন্ধঃ বিক্ষোভ, ভাঙচুর, আগুন

শেয়ারবাজারের ইতিহাসে প্রথমবারের মতো গতকাল সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে শেয়ারের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। টানা কয়েক দিনের ধারাবাহিক দরপতন ঠেকাতে না পেরে ১১টা ৫০ মিনিটে সাময়িক লেনদেন বন্ধ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তবে এর আগেই মাত্র ৫০ মিনিটে প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচক কমে ৬৩৫ পয়েন্ট। অনেকের ধারণা, গতকাল নিয়ন্ত্রক সংস্থা এসইসি লেনদেন বন্ধ না করলে পতনের ভয়াবহতা হতো অনেক বেশি।