Friday, March 28, 2025

গল্প- জনৈক অপদার্থ পিতা by মুহম্মদ জাফর ইকবাল

বাসের মানুষজন শঙ্কিত মুখে বসে আছে। বাসটির এখানে থামার কথা নয়, কালো কাপড় পরা মিলিশিয়া ধরনের একজন এটিকে থামিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়েছে। রাস্তাঘাটে বাস থামিয়ে চেক করা কোন ব্যাপার নয়, তবু ব্যাপারটিতে কেউ অভ্যস্ত হতে পারছে না। মিলিটারির কেউ একজন ভেতরে ঢুকে বাসটি পরীক্ষা করে যেতে দেবে, যতক্ষণ সেটা না হচ্ছে চুপচাপ বসে থাকা ছাড়া কিছু করার নেই।

আজাদ কাজলকে বুকে চেপে ধরে বাসের অন্য সবার সাথে চুপ করে বসে থাকে। কাজলের বয়স চার, যদিও তাকে দেখে আরো কম মনে হয়। গত কয়েক মাস দৌড়াদৌড়িতে তার চেহারার মাঝে আতঙ্কের একটা ছাপ পাকাপাকিভাবে পড়ে গেছে। ছেলেটার শরীর ভাল নয়। গত কয়েকদিন থেকে কেঁপে কেঁপে জ্বর উঠছে। রোগ শোক সম্পর্কে আজাদের ভাল ধারণা নেই, কিন্তু দেখেশুনে মনে হয় ম্যালেরিয়া। যে গ্রামে গত কয়েক মাস থেকে লুকিয়ে আছে সেখানে কোন ডাক্তার নেই। ডাক্তারের খোঁজে সে ময়মনসিংহ শহরে যাচ্ছে।

কাজল আজাদের বুক থেকে মুখ তুলে বলল, আব্বা আমরা কখন যাব?

এই তো একটু পরে।

মিলিটারি আমাদের থামিয়েছে?

হ্যাঁ।

কেন বাবা?

জানি না, মনে হয় চেক করবে।

কী চেক করবে?

জানি না বাবা।

জয় বাংলা আছে কি না দেখবে?

আজাদ ঠোঁটে আঙুল দিয়ে বলল, শ-স-স-স, বলে না এখন।

কাজল চুপ করে গেল। কখন জয় বাংলার কথা বলা যাবে এবং কখন বলা যাবে না ব্যাপারটা সে এখনো পরিষ্কার ধরতে পারেনি।

আজাদ জানালা দিয়ে বাইরে তাকাল। সামনে আরো কয়েকটি বাস থামানো হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বাসগুলো, ভেতরে শঙ্কিত মুখে যাত্রীরা নিঃশব্দে বসে আছে। বাসগুলোর কাছাকাছি কালো কাপড় পরা কিছু মিলিশিয়া। খানিকটা দূরে একটা বটগাছের নিচে বেশ কিছু মিলিটারি রাস্তার পাশে অলস ভঙ্গিতে বসে আছে। বাসের ভেতরে মানুষজন কেউ কোন কথা বলছে না। আজাদ চাপা স্বরে ড্রাইভারকে জিজ্ঞেস করল, সব সময় কি এখানে থামায়?

ড্রাইভার দরদর করে ঘামছে, আজাদের প্রশ্নটা ঠিক শুনতে পেল না। আজাদ আবার জিজ্ঞেস করল, ড্রাইভার সাহেব, সব সময় কি এখানে থামায়?

না। কিছু একটা গোলমাল আছে আজ।

কী গোলমাল?

জানি না। আল্লাহরে ডাকেন।

ড্রাইভার এইমাত্র দেখতে পেয়েছে মিলিশিয়ারা সামনের একটা বাস থেকে সব যাত্রীদের সারি বেঁধে নামিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তার পাশে একটা ছোট ডোবা আছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সেদিকে। কান খাড়া করে রাখবে সে, গুলির শব্দ শোনা গেলে বুঝতে হবে রোজ কেয়ামতো আজ।

আজাদ কাজলের মুখের দিকে তাকাল। ছেলেটা দেখতে নাকি বাবার মতো হয়েছে। আজাদের অবশ্যি সেরকম মনে হয় না, তার ধারণা মায়ের মতোই হয়েছে। বিশেষ করে চোখ এবং ঠোঁটের অংশটুকু হুবহু শিরীনের মতোন। শিরীন এখন কী করছে কে জানে, ডাক্তারকে দেখিয়ে বাসায় ফিরে না যাওয়া পর্যন্ত বেচারি স্বস্তি পাবে না। আজাদকে এসব ব্যাপারে একেবারে বিশ্বাস করে না। কিন্তু এখন যে অবস্থা শিরীনের ঘর থেকে বের হওয়ার কোন প্রশ্নই আসে না। ডাক্তারকে কী জিজ্ঞেস করতে হবে, কী বলতে হবে সবকিছু বারবার করে আজাদকে বলে দিয়েছে। আজাদ যে নিজের দায়িত্বে ডাক্তারকে দেখাতে পারে সেটা তার পক্ষে বিশ্বাস করাই সম্ভব নয়!

শিরীনের ধারণা, আজাদ একজন অপদার্থ বাবা। কেন তার এই ধারণাটি হয়েছে বলা মুশকিল। যে কোন ব্যাপারেই স্পষ্ট একটা ধারণা না হওয়া পর্যন্ত শিরীন স্বস্তি বোধ করে না। জীবনের নানা জটিল ব্যাপারে বড় বড় চিন্তাবিদেরাও যখন কোন সিদ্ধান্ত নিতে পারেননি সেখানেও শিরীন স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে বসে থাকে। ধর্ম, রাজনীতি, সমাজনীতি এ ধরনের বড় বড় ব্যাপার থেকে শুরু করে নিউ মার্কেটের কোন দরজি সবচেয়ে কম খরচে নিখুঁত ব্লাউজ তৈরি করে দেয়—সব ব্যাপারে তার স্পষ্ট ধারণা রয়েছে। শিরীন এবং আজাদের একমাত্র ছেলে কাজলের বয়স মাত্র চার এবং বাবার দায়িত্ব পালন করার জন্যে আজাদের পুরো জীবনটাই পড়ে রয়েছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয় আজাদ জীবনপণ করে যত চেষ্টাই করুক এই জন্মে শিরীন তার ধারণাটি পাল্টাতে রাজি নয়।

ব্যাপারটি শুরু হয়েছিল কাজলের জন্মের সময়। ডাক্তার কাজলের জন্ম তারিখ দিয়েছিল মার্চের মাঝামাঝি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আজাদের রাজশাহী যাওয়ার প্রয়োজন হলো। ঢাকা শহরে আজাদ এবং শিরীন দু’জনের পরিবারের সবাই থাকে। যে ডাক্তার শিরীনকে দেখছে সে কিভাবে কিভাবে শিরীনদের আত্মীয়া হয় হঠাৎ করে ক্লিনিকে যেতে হলেও কোন অসুবিধে নেই। সাত পাঁচ ভেবে আজাদ রাজশাহী চলে গেল। তার দু’দিনের ভেতর শিরীনকে ক্লিনিকে নিয়ে যেতে হলো। প্রথমে সবাই ভেবেছিল সবকিছু বুঝি স্বাভাবিক। শেষ মুহূর্তে দেখা গেল সিজারিয়ান প্রয়োজন। শিরীনের এক মামা আজাদের হয়ে কাগজপত্র সই করল। আজাদ যখন ফিরে এসেছে কাজলের বয়স তখন আট দিন। যে বাবা তার সন্তানকে আট দিনের আগে দেখার সুযোগ পায়নি শিরীনের পক্ষে তাকে ক্ষমা করা সহজ নয়। এর থেকে আরো অনেক কম অপরাধের জন্য শিরীন তার এক খালাতো বোনের সাথে গত নয় বছর কোন কথা বলেনি!

অপদার্থ বাবা হিসেবে আজাদ দ্বিতীয়বার সুপ্রতিষ্ঠিত হলো যখন কাজলের বয়স সাত মাস। একদিন আজাদের উপর দায়িত্ব দিয়ে শিরীন কোন এক জায়গায় গিয়েছে। যাবার আগে কাজলকে নিয়ে কী করতে হবে আজাদকে সে স্পষ্ট বুঝিয়ে দিয়ে গেছে। আজাদের সদিচ্ছার কোন অভাব ছিল না, কিন্তু দুধ খাবার সময় কী কারণে কাজল কিছুতেই দুধের বোতল মুখে নিয়ে দুধ খেতে রাজি হলো না সে বুঝে উঠতে পারল না। মধ্যরাতে শিরীন ফিরে এসে আবিষ্কার করে কাজল চিৎকার করে কেঁদে ঘরবাড়ি মাথায় তুলে ফেলেছে—আজাদ তাকে নিয়ে সম্ভাব্য সব রকমভাবে শান্ত করে দুধ খাওয়ানোর চেষ্টা করছে। শিরীন দুধের বোতলের দিকে এক নজর তাকিয়েই সমস্যাটা বুঝে ফেলল, নিপলটিতে কোন ফুটো নেই। ফুটোবিহীন একটি নিপল কোন বাসায় তার জন্যে রাখা হবে তার কোন ব্যাখ্যা নেই। কিন্তু তার সমস্ত অপরাধের গ্লানি এখনো আজাদকে বয়ে বেড়াতে হচ্ছে।

আজাদ বাবা হিসেবে মোটামুটি অপদার্থ—এ ব্যাপারে নিঃসন্দেহ হয়ে যাবার পর যতই দিন যাচ্ছে ততই শিরীনের ধারণা আরো বদ্ধমূল হয়ে উঠেছে। কাজলের অসুখের সময় আজাদ সারারাত জেগে তাকে বুকে নিয়ে হেঁটে বেড়িয়েছে এই ঘটনাটি শিরীনের চোখে পড়ে না, কিন্তু একদিন গরম চা চলকে পড়ে হাতে ফোসকা পড়ে গিয়েছিল সেই ঘটনাটি সে কিছুতেই ভুলতে পারে না। কেউ যদি কোন ব্যাপারে সত্যি সত্যি বিশ্বাস করে তাহলে তার স্বপক্ষে যুক্তি এবং উদাহরণ খুঁজে বের করা কঠিন কোন ব্যাপার নয়—বিশেষ করে এ ধরনের ব্যাপারে।

আজাদ প্রথম প্রথম শিরীনের এই ধারণা পাল্টানোর চেষ্টা করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে। প্রথমতো, শিরীন একবার কোন একটা জিনিস বিশ্বাস করে নিলে সে ব্যাপারে তার মতো পাল্টানো প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, শিরীন তার জীবনে যতগুলো ব্যাপারে একটা স্পষ্ট ধারণা করছে তার বেশিরভাগই ভুল বের হয়েছে।

যেমন তার ধারণা ছিল তাদের প্রথম বাচ্চা হবে মেয়ে। ব্যাপারটিতে সে প্রায় নিশ্চিত হয়ে মেয়ের জন্যে একটি নাম পর্যন্ত ঠিক করে রেখেছিল। কিন্তু দেখা গেল তাদের প্রথম বাচ্চাটি হলো ছেলে। শিরীনের ধারণা ছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের চেহারা যত কুৎসিতই হোক মানুষটি নির্বাচনের রায়কে অক্ষুণ্ন রাখবে। মার্চ মাসে তার এই ধারণাটিও ভুল প্রমাণিত হলো। শিরীনের তৃতীয় ধারণাটি ভুল প্রমাণিত হলো পঁচিশে মার্চের রাতে, সে মোটামুটি নিঃসন্দেহ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জুলফিকার আলী ভুট্টো একটা রাজনৈতিক সমাধানে পৌঁছে যাবেন, পাকিস্তানি মিলিটারিরা কিছুতেই বাঙালিদের গায়ে হাত তোলার সাহস পাবে না। পঁচিশে মার্চের রাতে গোলাগুলিতে ঘুম ভেঙে জেগে উঠে তার সেই ধারণাটিও পুরোপুরি ভেস্তে গেল। শিরীনের শেষ ধারণাটি ভুল প্রমাণিত হলো এপ্রিল মাসের মাঝামাঝি। শিরীন একেবারে নিঃসন্দেহ ছিল বাইরের পৃথিবী যখন খবর পাবে পাকিস্তানি মিলিটারিরা কিভাবে এ দেশের মানুষকে মারছে তখন পৃথিবীর বড় বড় দেশ এসে হস্তক্ষেপ করবে। এপ্রিলের মাঝামাঝি শিরীন কাজলকে বুকে চেপে আজাদের পিছু পিছু এক গ্রাম থেকে অন্য গ্রামে পালিয়ে বেড়াচ্ছে। বাইরের পৃথিবী ততদিনে খবর পেয়ে গেছে, কিন্তু পূর্ব পাকিস্তান নামে ছোট একটি দেশের জন্যে পৃথিবীর কোন দেশের এতটুকু মাথাব্যথা দেখা যায়নি।

আজাদ এবং শিরীন আগে কখনো দীর্ঘ সময়ের জন্যে গ্রামে থাকেনি। ব্যাপারটি যত দুঃসহ হবে বলে ধারণা করেছিল কার্যক্ষেত্রে দেখা গেল সেটি তত খারাপ নয়। গ্রামের জীবনে নতুন এক ধরনের বৈচিত্র‍্য আছে এবং খুব তাড়াতাড়ি তারা সেটিতে অভ্যস্ত হয়ে গেল। আজাদ কখনো কল্পনা করেনি সে কোনদিন লুঙ্গির সাথে একটা বুশ শার্ট পরে জনসমক্ষে যাবে, কিন্তু দেখা গেল গ্রামের বাজারে চা খাবার জন্যে সে শুধু যে লুঙ্গির সাথে বুশ শার্ট পরে রওনা দিয়েছে তা নয়, সে পায়ে পরে নিয়েছে রবারের এক ধরনের ধূসর জুতো এবং সেই জুতো কাদায় আটকে গেলে সেগুলো হাতে নিয়ে হাঁটাহাঁটি করতেও বিন্দুমাত্র দ্বিধা করছে না। আজকেও সে এসেছে লুঙ্গি পরে, গায়ে ঢিলেঢালা একটা পাঞ্জাবি এবং পায়ে এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল। ছয় মাস আগেও সে কোন্‌ প্যান্টের সাথে কোন্‌ জুতো জোড়া পরবে সেটা নিয়ে চিন্তা-ভাবনা করেছে। সেই সব দিনগুলো এখন স্বপ্নের মতো মনে হয়।

আজাদ হঠাৎ বাসের মাঝে একটা উত্তেজনা অনুভব করে। মাথা ঘুরিয়ে দেখে কালো পোশাক পরা একজন মিলিশিয়া উঠে এসেছে। অল্পবয়সী কিশোরের মতো চেহারা, কিন্তু তাকে দেখে হঠাৎ আজাদের পেটের মাঝে কেমন যেন পাক দিয়ে ওঠে। দেশে যদি যুদ্ধ না চলতে থাকত আর রাস্তায় হঠাৎ যদি অল্পবয়সী এই ছেলেটার সাথে কোথাও দেখা হত আজাদ কি তাকে দেখে এত ভয় পেত?

মিলিশিয়াটি তাদের বাস থেকে নেমে যেতে বলল, ভাষাটি উর্দু নয়, অন্য কোন ভাষা হবে। পাঞ্জাবি বা পশতু, কিন্তু তবু সে কী বলছে বুঝতে কোন অসুবিধা হলো না। বাস থেকে নামতে নামতে বুড়ো মতোন একজন মানুষ মিলিশিয়াটিকে বাবা ডেকে কিছু একটা জিজ্ঞেস করার চেষ্টা করল, কিন্তু মিলিশিয়াটি তার দিকে কোন উৎসাহ দেখাল না, পুরোপুরি নিস্পৃহভাবে সে বুড়ো মানুষটির দিকে তাকিয়ে রইল। বুড়োর কথা সে বোঝে না, বোঝার কোন কৌতূহলও নেই।

বাস থেকে নামার সময় আজাদ হঠাৎ এক ধরনের আতঙ্ক অনুভব করে, সম্পূর্ণ ভিন্ন এক ধরনের আতঙ্ক। এই আতঙ্কের সাথে তার কোন পরিচয় নেই, সমস্ত শরীর হঠাৎ অবশ হয়ে আসে, মাথা কেমন ঝিম ঝিম করতে থাকে। কাজল হঠাৎ আজাদের গলা জড়িয়ে ধরে বলল, এখন চেক করবে আব্বু?

আজাদ নিচু গলায় বলল, হ্যাঁ বাবা।

কেমন করে চেক করে আব্বু?

এই তো এরকম করে।

কাজল কী বুঝল কে জানে, বলল, ও।

নিচে আরো কয়েকজন মিলিশিয়া দাঁড়িয়ে ছিল। তারা দুই পাশে দাঁড়িয়ে থেকে বাসের সবাইকে হাঁটিয়ে হাঁটিয়ে বাঁশঝাড়ের পিছনে ডোবাটির কাছে নিয়ে যেতে থাকে। আজাদের সাথে হেঁটে যেতে যেতে মধ্যবয়স্ক একজন মানুষ শুকনো গলায় বলল, গুলির বাক্স টানাবে আমাদের দিয়ে।

গুলির বাক্স?

হ্যাঁ। যখন গুলির বাক্স টানার দরকার হয় তখন লোকজন জড়ো করে।

সত্যি?

হ্যাঁ। গত সপ্তাহে আমার ছোটভাই টেনেছে।

ও।

নিশ্চয়ই গুলির বাক্স। কী বলেন?

লোকটি কেমন এক ধরনের ব্যাকুল চোখে আজাদের দিকে তাকাল। আজাদ বলল, হ্যাঁ, নিশ্চয়ই গুলির বাক্স।

ডোবার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আজাদ তাকাবে না তাকাবে না করেও ডোবাটার ভেতরে তাকাল। অনেক কয়েকজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। কারো পা পানিতে ডুবে আছে কারো হাত। এমনকি কারো মাথা—কিন্তু সেটা নিয়ে কেউ কোন আপত্তি করছে বলে মনে হলো না। আজাদ দ্বিতীয়বার তাকাল এবং বুঝতে পারল মানুষগুলো মৃত। গুলি করে মারা হয়েছে। তাদের আগের বাসের যাত্রীরা, একটু আগে হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয়েছে।

একেবারে ডান পাশে একটা শিশুও রয়েছে, এক হাত দিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে রেখেছে এখনো। টুকটুকে লাল শার্ট গায়ে। শার্টটা কী লাল ছিল নাকি রক্ত লাল হয়েছে?

কাজল জিজ্ঞেস করল, আব্বু এরা কারা?

আজাদ বলল, এদিকে তাকায় না বাবা।

কাজল চোখ সরিয়ে বলল, কেন আব্বু

পরে বলব। ঠিক আছে?

কাজল মাথা নাড়ল, ঠিক আছে। তারপর হঠাৎ একটু হাসল তার দিকে তাকিয়ে। কেন হাসল কে জানে।

আজাদ কাজলের দিকে তাকিয়ে থাকে মাথার মাঝে তার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। কেন জানি সে আর কিছু চিন্তা করতে পারছে না। মনে হচ্ছে প্রচণ্ড জ্বরের ঘোরে রয়েছে, আশপাশে মানুষজনেরা কি কাঁদছে? কেউ কি চিৎকার করছে? কেউ কি কিছু বলছে? সে কেন আর কিছু শুনতে পাচ্ছে না। কাজল ঘাড় উঁচিয়ে দেখতে চেষ্টা করছে কিছু। কী দেখছে?

আজাদ ফিস ফিস করে বলল, কাজল।

কি আব্বু?

আমাকে শক্ত করে ধরবি। খুব শক্ত করে।

কাজল কী একটা বলল সে শুনতে পেল না। চারজন মিলিশিয়া তাদের দিকে রাইফেল উঁচু করে দাঁড়িয়ে আছে। দূর থেকে আরো একজন মিলিশিয়া হেঁটে হেঁটে আসছে। কাজল আবার ডাকল তাকে, আব্বু।

কী বাবা?

চেক কি করছে?

হ্যাঁ বাবা।

কখন শেষ হবে?

এই তো একটু পরে।

তখন আমরা যাব?

হ্যাঁ বাবা।

আম্মুর কাছে যাব?

আম্মুর কাছে যাব।

কাছে দাঁড়িয়ে থাকা মিলিটারিটা কিছু একটা বলল, তারপর দাঁড়িয়ে গেল। কেমন যেন বিষণ্ন চোখে তাকিয়ে আছে তাদের দিকে। চেহারায় কেমন যেন এক ধরনের দুঃখের ছাপ।

রাইফেল হাতে মিলিশিয়াগুলো হঠাৎ রাইফেলগুলো উপরে তুলে। আজাদ ফিসফিস করে বলল, কাজল—

কী আব্বু?

তুমি কি সেই বোকা রাজার গল্পটা শুনতে চাও? সেই যে একটা বোকা রাজা ছিল—

হ্যাঁ আব্বু হ্যাঁ। কাজল হঠাৎ আনন্দে ছটফট করে ওঠে।

তাহলে আমার দিকে তাকাও—

কাজল তার বাবাকে ধরে তার দিকে তাকাল।

এক ছিল রাজা। সে ছিল ভারি বোকা—

কাজলের মুখ হাসিতে উদ্ভাসিত হয়। বোকা রাজার গল্প তার সবচেয়ে প্রিয় গল্প। অনেক বার শুনেছে সে, প্রতিবার হেসে কুটি কুটি হয়েছে। আশপাশের মানুষেরা কেন জানি কাঁদছে সে জানে না। সে জানতেও চায় না। সামনে দাঁড়িয়ে থাকা মিলিটারিগুলোকে দেখতে কেমন যেন ভয় করে। সে সেদিকে তাকাবে না। আব্বুকে শক্ত করে ধরে রাখবে তার কোন ভয় নাই। ভয় থাকলে কি তার আব্বু কখনো বোকা রাজার গল্প বলত।

বলত না।

কাজল হাসিমুখে আব্বুর দিকে তাকিয়ে রইল, গল্পটা শোনার জন্যে। অনেকবার শুনেছে সে গল্পটি। আজাদ জানে, পুরোটা শুনতে না পারলেও ক্ষতি নেই।

২০২৮ পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশাধিকার পাবে বাংলাদেশ

২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের দুই বছর পর পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) হাইনানের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং।

ডিং শুয়েশিয়াং বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। চীন আশা করে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে।’

বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান-চায়না নীতি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়া প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে ঢাকা গর্ব অনুভব করে।’

এ সময় ড. ইউনূস বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে এবং চীনা ঋণের সুদের হার ৩ শতাংশ থেকে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনার অনুরোধ করেন এবং বাংলাদেশ চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট ফি মওকুফের আহ্বান জানানা তিনি।

২০২৮ পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশাধিকার পাবে বাংলাদেশ

বৈঠকে চীন ও বাংলাদেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে।

প্রধান উপদেষ্টা চীনের তৈরি পোশাক কারখানা, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিকস, চিপ উৎপাদন এবং সৌর প্যানেল শিল্প বাংলাদেশে স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সহায়তা চান।

উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং জানান, ২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের দুই বছর পর পর্যন্ত বহাল থাকবে।

তিনি আরও জানান, চীন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী। মোংলা বন্দরের আধুনিকায়ন এবং দাশেরকান্দি পয়োনিষ্কাশন প্রকল্পের উন্নয়নেও অর্থায়ন করবে চীন।

তিনি উল্লেখ করে বলেন, গত বছর চীন বাংলাদেশ থেকে আম রপ্তানির জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে। এ বছরের গ্রীষ্মকাল থেকেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। বেইজিং কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতেও আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিশাল ব্যবধান কমানো যায়। 

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত

দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের বিগত ১৫-১৬ বছরের শাসনামলে যাঁরা নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাঁরা গত বছরের ৫ আগস্ট অবশ্যই নতুন করে স্বাধীন হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, যাদের ব্যাংক ব্যালান্স অক্ষুণ্ন ছিল, যারা আপসমূলে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো ৫ আগস্টকে স্বাধীনতা মনে হয় না। কারণ, তারা হয়তো সব সময় স্বাধীন ছিল। আগের আমলে ছিল, এখনো আছে। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না; তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা।

বৃহস্পতিবার বিকেলে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। তিনি বলেন, ‘গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। আমরা যারা গত ১৬ বছরে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি।’

২০২১ সালের ‘আগ্রাসনবিরোধী আন্দোলনে’ শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীর বাংলামোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে যাঁরা মারা গেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্র ও সরকারের কাছে সেই হত্যার বিচার এবং যথাযথ মর্যাদা প্রত্যাশা করেন। সেই শহীদদের তালিকা ও সংখ্যা প্রকাশ করা এবং দোষীদের বিচার ও যথাযথ মূল্যায়নের বিষয়টি যেন সরকার আমলে নেয়, সেই দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা–কর্মীরা এখনো ভারতে অবস্থান করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম এগোচ্ছে এবং বিচার কার্যক্রম এগোলে কূটনৈতিকভাবে যাঁরা দোষী, যাঁরা অপরাধী, মামলার আসামি যাঁরা রয়েছেন, শেখ হাসিনাসহ তাঁদের ফেরত চাওয়া হলে ভারত সরকার সহযোগিতা করবে, এটা প্রত্যাশা থাকবে। আর এটার মাধ্যমেই বোঝা যাবে যে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী।

রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যে দেশে হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টিতে সমন্বয়হীনতা নেই: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তাঁর ভাষ্য, গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের সবাই এই দলের হাল ধরেছেন। এটি একক কোনো ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ যাওয়ার পথে নগরের মাহীগঞ্জ এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আখতার হোসেন।

সম্প্রতি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের শতাধিক গাড়িবহর নিয়ে নিজ এলাকা পঞ্চগড় ভ্রমণ ও এ বিষয়ে দলটির দুই নেতার পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের বিষয়ে আখতার হোসেনের কাছে জানতে চান ওই সাংবাদিক। জবাবে আখতার হোসেন বলেন, ‘যদি নিজস্ব ব্যবস্থাপনা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন, সেটি আমরা দলগতভাবে অবশ্যই যাচাই-বাছাই করব। আমাদের দলের বিভিন্ন সদস্যবৃন্দের মধ্যকার কথাবার্তা নিয়ে অনেকের মধ্যে মনে হচ্ছে—দলের মধ্যে সমন্বয়হীনতার জায়গা তৈরি হয়েছে। বিষয়টা এমন নয়।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন দলটির প্রস্তুতি নিয়ে আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকেরা সারা দেশে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। তাঁরা মানুষের দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। তাঁরা আশাবাদী অল্প সময়ের মধ্যে নির্বাচনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, জাতীয় নাগরিক পার্টি সেগুলো পূরণ করতে পারবে।

এনসিপির সদস্যসচিব বলেন, ‘আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা আছে।’ তিনি বলেন, এই ফ্যাসিবাদী, এই একনায়কতান্ত্রিক, অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হোক, এটা আর দেশের মানুষ চান না।

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যে যে নির্বাচন করার কথা বলেছেন সেটি নিয়েও কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, সরকারের তরফে যদি সদিচ্ছা থাকে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার দৃশ্যমান করা সম্ভব। অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে তাহলে সংস্কার ও বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব।’

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব নির্বাচিত হওয়ার পর আজ প্রথমবারের মতো রংপুরে যান আখতার হোসেন। দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন তিনি। পরে ভ্যানযোগে পীরগাছা ও কাউনিয়ার কয়েকটি জায়গায় জনসংযোগ শেষে টেপামধুপুর বাজারের কারবালা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা আছে তাঁর।

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে এগোবে এনসিপি

ঈদের পরে আরও কর্মসূচি দেওয়া হবে। সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিষয়ে কথাবার্তায় সতর্ক থাকবেন দলটির নেতারা।

জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু নির্বাহী আদেশের বদলে তারা চায় বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে আপাতত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় দলটি। এই দাবিতে তারা কর্মসূচি পালন করে যাবে।

বিচার চলাকালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যাতে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে, সেটিও চায় এনসিপি। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।

অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিষয়ে কথা বলার ক্ষেত্রে এনসিপির নেতারা সতর্ক থাকবেন। সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব প্রচার চালানো হচ্ছে, সেগুলো তাঁরা সমর্থন করবেন না। তবে বিরাজনীতিকরণ ও রাজনীতির সামরিকীকরণের যেকোনো চেষ্টার বিরুদ্ধে অবস্থান থাকবে দলটির।

এনসিপির শীর্ষস্থানীয় তিনজন নেতার সঙ্গে আলাপ করে দলের এই রাজনৈতিক অবস্থানের বিষয়টি জানা গেছে।

জানতে চাইলে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে এনসিপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ওপর গুরুত্ব দিচ্ছে। তবে বিচারিক প্রক্রিয়াসহ বিভিন্ন ধাপ পার করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দিকেই আমাদের এগোতে হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত দল এনসিপি যাত্রা শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি। দলটির নেতারা বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করে আসছেন। তবে ২০ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।

পরদিন এক সংবাদ সম্মেলনে এনসিপি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের নিন্দা জানায়। তবে দলীয়ভাবে এনসিপি নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বদলে নিবন্ধন বাতিলের দাবি সামনে আনার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। দলের সূত্র বলছে, তাঁরা চান না আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পাক। আগামী জাতীয় নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ দেওয়ারও বিপক্ষে এনসিপির নেতারা। তাঁরা মনে করছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়ার পর বিচারিক প্রক্রিয়ায় দল নিষিদ্ধে সময় লাগবে। নিবন্ধন বাতিল করা হলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ পাবে না।

এনসিপি নেতারা আরও মনে করেন, অধ্যাপক ইউনূস যেহেতু বলেছেন, আওয়ামী লীগকে অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, সেহেতু সেই অবস্থান বদলের সুযোগ কম। তবে চাপ তৈরি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করানোর সুযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন নেতা প্রথম আলোকে বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাঁদের অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে। কারণ, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে দল নিষিদ্ধ না করার কথা বলা হয়েছে। এরপর তাঁরা চিন্তাভাবনা করে নিবন্ধন বাতিলের দাবিটিকে সামনে আনার সিদ্ধান্ত নেন। এই নেতা আরও মনে করেন, পরে আদালতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সেটি নিয়ে বিতর্ক তৈরি করার সুযোগ থাকবে না।

আওয়ামী লীগ যাতে রাজনীতিতে সক্রিয় না হতে পারে এবং তাদের পুনর্বাসনের কোনো চেষ্টা যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকবে এনসিপি। ২২ মার্চ পুরান ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

একই দিন বিকেলে রাজধানীর শাহবাগে এক কর্মসূচি থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁরা নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চান না। দলটির দ্রুত বিচার দাবি করেন তিনি।

দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে পবিত্র ঈদুল ফিতরের পর আরও কর্মসূচি দেবে এনসিপি।

সেনাবাহিনী নিয়ে কথা বলতে সতর্কতা

২০ মার্চ দিবাগত রাতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করেন। তিনি লিখেছিলেন, ‘রিফাইন্ড (পরিশুদ্ধ) আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। তাঁদের সেনানিবাসে ডেকে নিয়ে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হাসনাতের এই বক্তব্যের পর নানা আলোচনা তৈরি হয়। পরে সেনা সদর দপ্তর সুইডেনভিত্তিক নেত্র নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানায়, হাসনাতের পোস্ট ‘সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি বৈ অন্য কিছু নয়।’ ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে হাসনাত ও সারজিস আলমের (এনসিপির মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল) বৈঠকটি হয়েছিল। তবে তাঁদের ডেকে নেওয়া হয়নি; বরং হাসনাত ও সারজিসের আগ্রহেই বৈঠকটি হয়েছিল।

সেনা সদর ‘ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের’ দাবিকে উড়িয়ে দিয়ে আরও বলেছিল, হাসনাতের বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার।’

পরদিন সারজিস ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন, ওই বৈঠক তাঁদের ডেকে নেওয়া হয়নি। তাঁরাই দেখা করতে চেয়েছিলেন। ‘চাপ দেওয়া হয়েছে’ বলেও তিনি মনে করেন না। হাসনাতের ফেসবুক পোস্টকে শিষ্টাচার–বিবর্জিত বলে উল্লেখ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দলের ভেতরে আলোচনার বদলে প্রকাশ্যে বক্তব্য এনসিপির নেতাদের মধ্যে অস্বস্তি তৈরি করে। এরপর এনসিপির নীতিনির্ধারকেরা সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে একমত হন।

এনসিপির দুজন শীর্ষস্থানীয় নেতা প্রথম আলোকে বলেন, সেনাপ্রধানকে অপসারণের যে প্রচারণা চালানো হচ্ছে, সেগুলো তাঁরা সমর্থন করবেন না। কারণ, এর ফলে দেশ আরও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। তবে তাঁরা বার্তা দেবেন যে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে, অন্য কেউ নয়।

২২ মার্চ শাহবাগে এক কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। সেনাবাহিনীকে যারা অপব্যবহার করতে চায়, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে।’

ঈদের পরে কী কর্মসূচি

সেনা অভ্যুত্থানের গুজব, আওয়ামী লীগের ‘পুনর্বাসন’ ও আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি প্রতিহত করতে ঈদের পরে মাঠপর্যায়ে কর্মসূচি রাখার চিন্তা রয়েছে এনসিপিতে। তবে কী কর্মসূচি পালিত হবে, তা ঠিক হয়নি।

দলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিকে সামনে রেখে কর্মসূচিগুলো দেব।’

২০২১ সালের ‘আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের’ তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়, রূপায়ণ টাওয়ার, বাংলামোটর
২০২১ সালের ‘আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের’ তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়, রূপায়ণ টাওয়ার, বাংলামোটর। ছবি: শুভ্র কান্তি দাশ

দক্ষিণ কোরিয়ার দাবানল কেন এত ভয়াবহ রূপ নিল

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে দক্ষিণ কোরিয়া। আগুনে বৃহস্পতিবার পর্যন্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮৮ হাজার ৫০০ একর এলাকা পুড়ে গেছে। এটা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের আয়তনের প্রায় অর্ধেক। দাবানলে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এলাকা ছেড়েছেন হাজার হাজার মানুষ।

দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট কোনো দুর্ঘটনা থেকে এই দাবানলের সূত্রপাত হয়েছে। তবে বিস্তর এলাকায় আগুন ছড়িয়ে পড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সেগুলো হলো ঝোড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়া। এ ছাড়া দেশটির উত্তর গিয়েওংসাং প্রদেশে পাইনগাছের ঘন জঙ্গল আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে সহায়তা করেছে।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফরেস্ট সায়েন্সের বিশেষজ্ঞ লি বিয়ুং-ডো বলেন, পাইনগাছে রেসিন নামে এক ধরনের উপাদান থাকে। রেসিন জ্বালানি তেলের মতো কাজ করে। এটি আগুনকে আরও তীব্র করে তোলে। এর কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ে, শক্তিশালী রূপ নেয় এবং দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে।

দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে আনডং শহরে। সেখানে পাইনের জঙ্গল রয়েছে। জঙ্গলগুলো স্থানীয় বন্য প্রাণীর জন্য আশ্রয় হিসেবে কাজ করে, সেগুলোর খাবার জোগায়। কখনো কখনো বাতাসের গতি কমাতেও সহায়তা করে এই জঙ্গল। তবে দাবানলের সময় সেগুলো সমস্যা হয়েছে ওঠে বলে জানান লি বিয়ুং–ডো।

এ ছাড়া শীতকালেও পাইনগাছের পাতা ঝরে না। ফলে দাবানলের সময় এক গাছ থেকে আরেক গাছে আগুন ছড়িয়ে পড়ার বড় ঝুঁকি থাকে। গত সপ্তাহজুড়ে দক্ষিণ কোরিয়ায় যে দ্রুততা ও তীব্রতার সঙ্গে আগুন ছড়িয়ে পড়েছে, তাতে বড় ভূমিকা রেখেছে পাইনগাছের চিরহরিৎ বৈশিষ্ট্য।

প্রতিবেশী দেশ চীন ও উত্তর কোরিয়ার তুলনায় বিগত বছরগুলোয় দক্ষিণ কোরিয়ায় বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে। দেশটির কানওং ন্যাশনাল ইউনিভার্সিটির দুর্যোগ প্রতিরোধবিশেষজ্ঞ বায়েক মিন–হো বলেন, বেশির ভাগ পর্বত এখন ঝরে যাওয়া পাতা ও পাইনগাছে ঢেকে আছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে উল্লেখযোগ্য কারণ এই পাতা ও পাইনগাছ।

আগুন ছড়িয়ে পড়ার জন্য জলবায়ু পরিবর্তনকেও দুষছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ও নিরাপত্তা বিভাগের প্রধান লি হ্যান–কিউং বৃহস্পতিবার বলেন, ‘এই দাবানল আমাদের সামনে জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতা আবার তুলে ধরেছে। এমন অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি।’

এবারের ভয়াবহ দাবানলের পরিবেশ বিগত কয়েক সপ্তাহ ধরেই তৈরি হচ্ছিল। তাপমাত্রা উঠেছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এই তাপমাত্রা দক্ষিণ কোরিয়ার বসন্তকালের জন্য অস্বাভাবিক রকমের বেশি। বাড়তি তাপমাত্রার কারণে শুষ্ক হয়ে যায় মাটি ও বাতাস। এর সঙ্গে ঝোড়ো বাতাস যুক্ত হয়ে আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করেছে।  

গাছের ঘন জঙ্গলের কারণে আগুন নেভাতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরাও। বুধবার উইসেওং এলাকায় ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭৩ বছর বয়সী একজন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের অন্তত তিনজন সদস্য প্রাণ হারিয়েছেন।

আগুনে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বেশির ভাগেরই বয়স ষাট ও সত্তরের কোঠায়। দক্ষিণ কোরিয়ার প্রতি পাঁচজনের মধ্যে একজনের বয়স অন্তত ৬৫ বছর। আগুন ভয়াবহ আকার ধারণ করা উত্তর গিয়েওংসাং প্রদেশে বিপুলসংখ্যক বৃদ্ধ বাসিন্দা রয়েছেন। সর্বোচ্চ বৃদ্ধ বাসিন্দার তালিকায় এই প্রদেশের অবস্থান দ্বিতীয়। দুর্যোগের মধ্যে বৃদ্ধদের নিরাপদে সরিয়ে নেওয়া বেশ কঠিন।

দাবানলে বৃদ্ধদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক–সু। বৃহস্পতিবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তর গিয়েওংসাং প্রদেশে গিয়ে ত্রাণসহায়তা কার্যক্রম দেখভালের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে জ্বলছে বিস্তীর্ণ এলাকা
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে জ্বলছে বিস্তীর্ণ এলাকা। ছবি: রয়টার্স

সব সূত্রই নির্ভরযোগ্য নয়: বাংলাদেশ নিয়ে ‘ঘোস্ট রাইটারদের’ প্রশ্নবিদ্ধ বয়ান

মুদ্রাস্ফীতি বাড়ছে। সুদহার চড়েছে ১২ শতাংশের ওপর। অর্থনৈতিক টানাপোড়েনে থাকা বাংলাদেশিরা সামনে একটা কঠিন প্রশ্ন তুলতে পারে—কীভাবে টানাপোড়েনে থাকা একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মেয়ে বিলাসী জীবনযাপন করছেন। অর্থনীতির এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক গভর্নর কীভাবে ‘ফার্ম হাউসে’ নিশ্চিন্তে থাকেন?

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্টে (আইপিডি) গত ৩১ জানুয়ারি প্রকাশিত একটি লেখার শুরু হয়েছে এভাবে। যার লেখকের নাম টিম লারকিন। কিন্তু এই টিম লারকিন বাস্তবে আছেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিসল্যাব এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছে।

গতকাল বুধবার প্রকাশিত ডিসমিসল্যাবের ওই প্রতিবেদনে বলা হয়, আইপিডির ওয়েবসাইটে বাংলাদেশবিষয়ক যেসব লেখা সম্প্রতি প্রকাশিত হয়েছে, তার মধ্যে অন্তত ১০টি নিবন্ধ এমন লেখকদের নামে প্রকাশ করা হয়েছে, যাঁদের কোনো সত্যিকার পরিচয় পাওয়া যায় না। ঘোস্ট রাইটার বা ছায়া লেখকদের নামে প্রকাশিত এসব নিবন্ধে জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী সরকারের নানা সমালোচনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক অনলাইন ম্যাগাজিন আইপিডি ২০১১ সালে প্রতিষ্ঠিত। আইপিডি বৈশ্বিক ঘটনা, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিষয়ে লেখা প্রকাশ করে আসছে।

ডিসমিসল্যাব বলছে, বাংলাদেশ বিষয়ে আইপিডিতে সম্প্রতি প্রকাশিত ১০টি নিবন্ধের লেখকদের শনাক্ত করা যায় বা যোগাযোগ করা যায়—এমন কোনো তথ্য পাওয়া যায়নি অনুসন্ধানে। কোনো কোনো লেখকের প্রোফাইল ছবি নেওয়া হয়েছে ‘সাটারস্টক’, ‘ফ্রিপিক’ ওয়েবসাইট থেকে।

আইপিডিতে প্রকাশিত এমন দুটি নিবন্ধ যাচাই–বাছাই ছাড়াই বাংলাদেশের সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ করা হয়েছে উল্লেখ করে ডিসমিসল্যাব বলেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ কেউ কেউ এসব লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, এই প্রচারের বিশেষ লক্ষ্য ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহায়তা বিষয়ে আলোচনা করতে গত মার্চে আহসান এইচ মনসুর যুক্তরাজ্য সফর করেন। এই সফরের সময়ের সঙ্গে মিল রেখে কমপক্ষে তিনটি নিবন্ধ লেখা হয় তাঁর ব্যাংক পরিচালনা নীতির সমালোচনা, তাঁর মেয়ের ‘বিলাসী জীবন’ ও তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাজ্যের কর ও দুর্নীতি নিয়ে কাজ করা সর্বদলীয় সংসদীয় কমিটির সদস্যরা আহসান এইচ মনসুরের সঙ্গে গত মার্চে পূর্বনির্ধারিত বৈঠকের আগে কয়েকটি মেইল পান। যেখানে তাঁর মেয়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলা আইপিডির নিবন্ধের লিংক যুক্ত ছিল। ধারণা করা হয়, এসব মেইল একজন সাংবাদিক এবং যুক্তরাজ্যের একটি জনসংযোগ প্রতিষ্ঠানের পাঠানো। গার্ডিয়ান কথিত সেই সাংবাদিকের খোঁজ পায়নি। আর জনসংযোগ প্রতিষ্ঠানটি বলেছে, তারা কার পক্ষ থেকে এই কাজ করেছে, তা প্রকাশ করবে না।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিত এসব ভুল তথ্য ও অপপ্রচারকে কোনো ধরনের যাচাই–বাছাই করা ছাড়া প্রকাশ করার মধ্য দিয়ে আইপিডির সম্পাদকীয় তদারকিতে বড়সড় ঘাটতির বিষয়টি অনুসন্ধানে স্পষ্ট হয়েছে। তারা কী ধরনের লেখা প্রকাশ করে, সেটা পরীক্ষা করতে ডিসমিসল্যাব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি দুটি লেখা আইপিডির কাছে পাঠায়। একটি ছিল সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে ইতিবাচক লেখা, অন্যটি জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকে প্রশ্নবিদ্ধ করে লেখা। এসব লেখার জন্য ডিসমিসল্যাব ভুয়া লেখকের প্রোফাইল বানায়। এ দুটি লেখাতেই ভুল তথ্য দেওয়া ছিল, যা ফ্যাক্টচেকে ভুল প্রমাণিত। আইপিডি জাতিসংঘের তদন্তকে প্রশ্নবিদ্ধ করে লেখাটি ছাপলেও এনসিপি নিয়ে লেখাটি ছাপেনি।

ভুতুড়ে বিশেষজ্ঞ


ডিসমিসল্যাব বলছে, তারা আইপিডিতে প্রকাশিত ১০টি নিবন্ধের লেখকদের বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। এসব নিবন্ধের সঙ্গে দেওয়া লেখকের ছবি আসল কি না, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি আছে কি না, অনলাইনে এসব লেখকের সম্পর্কে তথ্য পাওয়া যায় কি না অথবা তাদের ওয়েবসাইট, যোগাযোগের নম্বর বা ই–মেইল—এসব খুঁজে পেতে অনলাইনে সেই অনুসন্ধান চালানো হয়। ১০ জন লেখকের মধ্যে ৮ জন লেখক সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। ইন্টারনেটে তাদের কোনো উপস্থিতি নেই। তাদের নিবন্ধে লেখকের যে ছবি জুড়ে দেওয়া হয়েছে, সেগুলো নেওয়া হয়েছে ‘সাটারস্টক’ ও ‘ফ্রিপিক’ থেকে। তাদের সঙ্গে যোগাযোগের কোনো ধরনের মাধ্যমের খোঁজ পাওয়া যায়নি অনুসন্ধানে।

লেখা প্রকাশে আইপিডির সম্পাদকীয় তদারকির বিষয়ে জানতে ডিসমিসল্যাবের পক্ষ থেকে ই–মেইলে যোগাযোগ করা হয় আইপিডির প্রধান সম্পাদক জন লাইম্যানের সঙ্গে। তিনি বলেন, লেখকদের সঙ্গে একটা আস্থার সম্পর্কের ভিত্তিতে তাঁরা লেখা ছাপেন। প্রায় তিন হাজার প্রদায়ক লেখেন তাঁদের ম্যাগাজিনে। তিনি স্বীকার করেন, হয়তো এর মধ্যে কিছু ভুয়া লেখকের লেখাও প্রকাশিত হয়ে গেছে। লাইম্যান বলেন, কিছু লেখক মাঝেমধ্যে তাদের নাম ঊহ্য রাখার অনুরোধ করলে তাঁরা সেটা করেন। কিন্তু লেখা প্রকাশের আগে লেখকদের ইতিবৃত্ত খতিয়ে দেখেন কি না, সেটা তিনি স্পষ্ট করেননি।

আইডিপি যে শুধু ভুয়া লেখকদের লেখা ছাপে তা নয়, এই ম্যাগাজিনে অনেক শক্তিশালী প্রোফাইলের লেখকদের লেখাও ছাপা হয়। যেমন জুলাইয়ের গণ–অভ্যুত্থানের আগেই বাংলাদেশ নিয়ে অন্তত পাঁচটি নিবন্ধ তারা প্রকাশ করেছে, যেগুলোর লেখকদের সত্যিকারের পরিচয় ছিল। এসব নিবন্ধে বাংলাদেশের ইতিহাস, আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছিল।

তবে তাদের সম্পাদকীয় তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে যে কেউ অপতথ্য ও ভুল তথ্যসমৃদ্ধ লেখা প্রকাশ করে নিতে পারে।

জানতে চাইলে ডিজিটালি রাইট–এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সব বিদেশি ওয়েবসাইটই বিশ্বাসযোগ্য নয়। এই যুগে কোথাও কোনো লেখা পেলেই এবং সেটি আপনার ধারণা বা বিশ্বাসের সঙ্গে মিলে গেলেই তা পুনঃপ্রকাশ করে ফেলা ঝুঁকিপূর্ণ।’ তাঁর মতে, প্রকাশের আগে লেখকের যোগ‍্যতা, তথ‍্যের সত‍্যতা এবং সেই ওয়েবসাইটের বিশ্বাসযোগ‍্যতা যাচাই করতে হয়। নয়তো সংবাদমাধ‍্যমও ইচ্ছায় বা অনিচ্ছায় একটি মিথ‍্যা প্রচারণার অংশ হয়ে যায়। এভাবে অপপ্রচারও অনলাইনে স্থায়ী হয়ে যায়।

ডিসমিসল্যাবের প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট
ডিসমিসল্যাবের প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতের আহ্বান ইউনূসের

চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দেশটির হাইনান প্রদেশে পৌঁছানোর পর থেকে ব্যস্তসূচি পার করছেন তিনি। এ সময় তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া’র বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন। এছাড়া অন্তত ৮টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেখানে তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। হাইনানে ব্যস্তসূচি শেষে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। এর আগে বোয়াও বিএফএ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া ভাষণে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ গত সাত বছর ধরে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যারা মিয়ানমারের নাগরিক। আমরা বিপুল সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ব্যয় বহন করে চলেছি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ সমপ্রতি সংহতির নিদর্শনস্বরূপ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, যদিও বৈশ্বিক প্রচেষ্টা নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে, তবে তা চলমান রয়েছে। এশিয়ার নেতাদের অবশ্যই একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং তাদের নিজ দেশ মিয়ানমারে, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। বিশ্ব সংকটের ওপর আলোকপাত করে তিনি বলেন, বর্তমান বিশ্ব বহুমুখী সংকটে ভুগছে, যেখানে যুদ্ধ ও সংঘাত মানবাধিকারের ক্ষতি এবং অর্থনীতিকে ধ্বংস করছে। বিশ্বব্যাপী নিন্দা চলমান থাকলেও গাজায় গণহত্যা এখনও চলছে। ফিলিস্তিন সংকট শুধু আরব বা মুসলিমদের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা। প্রধান উপদেষ্টা আরও বলেন, ইউক্রেন সংকটের দীর্ঘায়িত উত্তেজনা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন। বলেন, পরিবর্তনশীল এই বিশ্বে এশীয় দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের অবশ্যই একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে যা অভিন্ন ভবিষ্যৎ এবং যৌথ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আর্থিক সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আঞ্চলিক উন্নয়ন ব্যাংক (এমডিবি) ও অনুরূপ প্রতিষ্ঠানগুলোর এই প্রচেষ্টায় নেতৃত্ব দেয়া উচিত। তিনি বলেন, আমাদের এমন নির্ভরযোগ্য তহবিল দরকার যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। বাণিজ্য সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, এশিয়া এখনও বিশ্বের অন্যতম কম সংযুক্ত অঞ্চল। প্রফেসর ইউনূস বলেন, এই দুর্বল সংযুক্তি বিনিয়োগ ও বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। আমাদের অবশ্যই বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য দ্রুত কাজ করতে হবে। এশিয়াকে অবশ্যই একটি শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা পুনর্গঠনমূলক, সমবণ্টনমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হবে। আমাদের জ্ঞান, তথ্য ভাগ করে নিতে হবে এবং প্রযুক্তি ইনকিউবেশন ও উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে। ডিজিটাল সমাধানে সহযোগিতা আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক যুবককে তিন-শূন্য নীতিতে গড়ে উঠতে হবে: শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদের কেন্দ্রীকরণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য বেকারত্ব। এ সময়ে ইউনূস সকলের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম শুরু করেছে। আমাদের তরুণ প্রজন্ম ও দেশবাসী বাংলাদেশের ভবিষ্যৎ নতুনভাবে সংজ্ঞায়িত করতে অসাধারণ সংকল্প ও শক্তি প্রদর্শন করেছে। জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি। চলমান সংস্কার কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে ইউনূস বলেন, স্বাধীন কমিশন গঠন করা হয়েছে যাতে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কার আনা যায়। এই সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে আমাদের জাতির একটি মৌলিক রূপান্তর সাধিত হবে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যখন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে যাচ্ছি, তখন এশিয়ার অন্যান্য দেশের মতো আমরাও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। বিশ্বব্যাপী আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য বিঘ্নতা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন। বলেন, সুদের হার বৃদ্ধি ও ঋণ পরিষেবা ব্যয় বেড়ে যাওয়ায় এশিয়ার ঋণ সংকট আরও গভীর হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে- উল্লেখ করে ড. ইউনূস বলেন, বিশ্বব্যাপী ২০৩০ এজেন্ডার প্রতি প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অগ্রগতি খুব ধীর গতিতে হচ্ছে। এখন পর্যন্ত মাত্র ২৪ শতাংশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জিত হয়েছে। উন্নয়নশীল এশীয় দেশগুলো প্রতি বছর ২.৫ থেকে ৪ ট্রিলিয়ন ডলার এসডিজি অর্থায়নের ঘাটতির সম্মুখীন হচ্ছে। এসডিজি অর্থায়নের বাইরেও এশিয়াকে ব্যাপক পরিমাণে অবকাঠামো বিনিয়োগ ও দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে হবে। দুর্নীতি ও আর্থিক অপচয় রোধের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অবৈধ অর্থপ্রবাহের শিকার। এই ধরনের দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়, যা তারা আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা হিসেবে যে অর্থ পায় তার চেয়ে বহুগুণ বেশি। এশিয়াকে ঐক্যবদ্ধ হয়ে সম্পদ পুনরুদ্ধার ও পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য একটি বহুপক্ষীয় মধ্যস্থতা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
প্রধান উপদেষ্টা মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দিয়ে টেকসই অর্থনৈতিক মডেলের দিকে অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, আমাদের অবশ্যই টেকসই অর্থনৈতিক মডেলের দিকে অগ্রসর হতে হবে, যা মুনাফার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দেয়। এ বছর বিএফএ সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘এশিয়া ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড: টুওয়ার্ডস আ শেয়ারড ফিউচার’। ড. ইউনূস বলেন, মানুষ আত্মঘাতী অর্থনৈতিক মূল্যবোধকে ধারণ করে চলা অব্যাহত রেখেছে। এই কারণে মানবসভ্যতা ঝুঁকিতে পড়েছে। জলবায়ু সংকট মানবতার জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু দুর্যোগজনিত অর্থনৈতিক ক্ষতি ইতিমধ্যেই বিশাল, যা প্রায় ৬ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সম্পদ ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা করতে বাধ্য করা হচ্ছে, যা উৎপাদনশীল খাতে বিনিয়োগ সীমিত করে দিচ্ছে। সম্মেলনে প্রধান উপদেষ্টা জীবন রক্ষাকারী ওষুধ ও  প্রযুক্তির সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। সম্মেলনে বোয়াও ফোরাম ফর এশিয়ার মহাসচিব ঝাং জুন, জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি-মুন এবং চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াংও বক্তৃতা করেন।

এদিকে বাংলাদেশ থেকে চীনে বৃহৎ পরিসরে ফল ও কৃষিপণ্য রপ্তানিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের ফাঁকে এফএও’র মহাপরিচালক কু ডংইউর সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই সহযোগিতা কামনা করেন। ড. ইউনূস বলেন, চীন কৃষি ও জলজ পণ্যের শীর্ষ আমদানিকারক হিসেবে আবির্ভূত হচ্ছে, কিন্তু চীনের বাজার সম্পর্কে না জানার কারণে বাংলাদেশ সেখানে প্রবেশ করতে পারছে না। ফাও-এর মহাপরিচালক কিউ দংইউ এক সময় চীনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। প্রধান উপদেষ্টা তাকে চীনা আমদানিকারক ও বাংলাদেশের কৃষি ও ফল উৎপাদনকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার আহ্বান জানান। ফাও-এর মহাপরিচালকের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, ফল প্রক্রিয়াজাতকরণ, সবজি সংরক্ষণ, গুদামজাতকরণ ও প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমাদের সহায়তা প্রয়োজন। আপনি আমাদের কৃষক ও রপ্তানিকারকদের সঙ্গে চীনকে সংযুক্ত করতে পারেন। তিনি বলেন, চীন শিগগিরই বাংলাদেশ থেকে আম আমদানি করবে এবং ফাও-এর সহায়তায় বাংলাদেশ সহজেই আরও রপ্তানিযোগ্য শাকসবজি ও ফল উৎপাদন করতে পারবে। বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়ে ফাও-এর মহাপরিচালক বলেন, তার সংস্থা চীনে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে একটি নতুন প্রকল্প গ্রহণ করবে। কিউ দংইউ বলেন, আমরা মধ্যস্থতাকারী। আমরা বাংলাদেশি ও চীনা কৃষি কোম্পানিগুলোর মধ্যে একটি নতুন নেটওয়ার্ক স্থাপন করবো।

অন্যদিকে চীন ও বাংলাদেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে। চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং বৃহস্পতিবার হাইনানের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং পরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। উপ-প্রধানমন্ত্রী ডিং বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। তিনি আরও বলেন, চীন আশা করে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান-চায়না নীতি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয়া প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে ঢাকা গর্ব অনুভব করে। বৈঠকে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে এবং চীনা ঋণের সুদের হার ৩ শতাংশ থেকে ১-২ শতাংশে নামিয়ে আনার অনুরোধ করে। এছাড়া, বাংলাদেশ চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট ফি মওকুফের আহ্বান জানিয়েছে। প্রধান উপদেষ্টা চীনের তৈরি পোশাক কারখানা, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিকস, চিপ উৎপাদন এবং সৌর প্যানেল শিল্প বাংলাদেশে স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সহায়তা চান। উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং জানান, ২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের দুই বছর পর পর্যন্ত বহাল থাকবে। তিনি আরও জানান, চীন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী। উপ-প্রধানমন্ত্রী বলেন, তার দেশ মোংলা বন্দরের আধুনিকায়ন এবং দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন প্রকল্পের উন্নয়নেও অর্থায়ন করবে। তিনি উল্লেখ করেন, গত বছর চীন বাংলাদেশ থেকে আম রপ্তানির জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে। এ বছরের গ্রীষ্মকাল থেকেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। বেইজিং কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতেও আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিশাল ব্যবধান কমানো যায়। চীনা সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি স্কলারশিপ প্রদান করবে, উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যেই হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। উপ-প্রধানমন্ত্রী ঢাকার রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ ক্রয়ের ক্ষেত্রে চীনের অর্থায়নের আশ্বাস দেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায় চীন বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে সংলাপ করবে।

এদিকে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউ বলেছেন, তার ব্যাংক বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে, যাতে অন্যান্য দেশে রপ্তানির জন্য বাংলাদেশকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে। চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশে চীনা অর্থায়িত অবকাঠামো ও জ্বালানি প্রকল্পগুলোর প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান। তবে এবারই প্রথম তারা দক্ষিণ এশিয়ার দেশটিতে চীনা বেসরকারি শিল্প বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। চেন হুয়াইউ গতকাল চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং মানবসম্পদ দেশটিকে চীন ও বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় কোম্পানির জন্য একটি উৎপাদনকেন্দ্রে রূপান্তরিত করতে পারে। তিনি শীর্ষ চীনা বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তার সরকার বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা ও একটি বাণিজ্য করিডোর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ চীনের পরিপূরক ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন সাক্ষাৎ করেছেন। গতকাল চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনের ফাঁকে উভয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক কু ডংগিউও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ওদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক সাক্ষাৎ করেছেন। বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে উভয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়া পিপল্‌স ব্যাংক অব চায়নার সাবেক ডেপুটি গভর্নর মাদাম উ জিয়াওলিংও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

mzamin

জন ড্যানিলোভিজের চোখে হাসিনা-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি

প্রায় ১০ বছর পর ২০২৫ সালের ১লা মার্চ বাংলাদেশে গিয়েছিলাম আমি। ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো সম্পর্কে জানার পর প্রায় সঙ্গে সঙ্গেই সেখানে যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমি নিশ্চিত ছিলাম না- যখন বিমান  থেকে বাংলাদেশে অবতরণ করবো, তখন  নতুন মেট্রো এবং টোলওয়ালা উঁচু রাস্তাগুলো আদৌ দেখতে পাবো কিনা। দুই সপ্তাহ অনেক সভা, ইফতার, মিডিয়ায় উপস্থিতি এবং ঢাকার যন্ত্রণাদায়ক ট্রাফিক জ্যামে কয়েক ঘণ্টা কাটিয়ে দেয়ার পর, আমি এই দেশ এবং এর অন্তর্র্বর্তী  নেতৃত্বের মুখোমুখি চ্যালেঞ্জগুলো সম্পর্কে অনেক বেশি সূক্ষ্ম ধারণা  পেয়েছি। কারণ তারা একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতকারী জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী এক ছাত্রনেতা বলেছেন, বিপ্লবের প্রথম দিকের দিনগুলোতে আমি ঢাকায় আসিনি এটা দুর্ভাগ্যজনক। এখন সাত মাসেরও বেশি সময় পরে ওই ছাত্রনেতা ও তার সহযোদ্ধারা-  যারা অনেকেই এই আন্দোলনকে ‘মুনসুন রেভ্যুলুশন’ হিসেবে অভিহিত করেন, তারা একটি নতুন বাস্তবতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছেন, যেখানে পরিবর্তন হবে আরও বেগবান ও সহযোগিতামূলক। এটা রাস্তার প্রতিবাদের পরিবর্তে একটি রাজনৈতিক প্রক্রিয়া থেকে উদ্ভূত।

যারা ‘বাংলাদেশ ২.০’-এর স্বপ্ন  দেখেছিলেন তারা কমবেশি স্বীকার করেছেন যে, অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের  নেতৃত্বে সংস্কার প্রক্রিয়া পরিমিত ফল দেবে। যদিও শিক্ষার্থীরা নিরাশ হতে রাজি নন। তারা একটি নতুন রাজনৈতিক দল গড়ে তুলতে, থিঙ্ক-ট্যাঙ্ক প্রতিষ্ঠা করতে এবং অন্য সংস্কার কর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে। বাংলাদেশের  কেউ কেউ চিন্তিত হয়ে পড়েছেন। তারা উদ্বিগ্ন এই ভেবে যে, হাসিনার  শাসনের পতন ঘটাতে ছাত্ররা যে আবেগ প্রদর্শন করেছিল, তা পুনরুত্থান ঘটতে পারে এবং তা অন্ধকার মোড় নিতে পারে। বাড়তে পারে অসহিষ্ণুতা এবং তা একটি জাতীয় পুনর্মিলনকে বাধাগ্রস্ত করতে পারে। অন্যরা যুক্তি দেখান যে, পরবর্তী সরকারের পক্ষে ছাত্রদের তুচ্ছ বিবেচনা করা বা বিরোধিতা করা সবচেয়ে খারাপ হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার- বাংলাদেশের ‘জেন-জি’ বিদায় নেবে না, বরং অব্যাহতভাবে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা অব্যাহত রাখবে।

অনেকের কাছে যা স্পষ্ট তা হলো যে, শেখ হাসিনার টানা ক্ষমতার মেয়াদে ধারাবাহিকভাবে বিরোধী দলে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্ভবত তারা পরবর্তী সরকার গঠন করবে। দলটিকে বিশ্বাস করা যায় কিনা তা নিয়ে বাংলাদেশিদের মধ্যেই নানা বিতর্ক আছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন ‘ঐকমত্য কমিশনে’ অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রকাশ্যে সংস্কারের প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও রয়েছে ধূম্রজাল। সংস্কার এজেন্ডা সমর্থন করলেও তারেক রহমান ১৭ বছর ধরে দেশের বাইরে রয়েছেন এবং অনেকেই নিশ্চিত নন যে, তিনি তার প্রতিশ্রুতি কতোটা রক্ষা করবেন।

এদিকে, অন্তর্র্বর্তী সরকারের সবচেয়ে দৃঢ় সমর্থকরাও এর দুর্বলতা স্বীকার করেন- বিশেষ করে হাসিনার অধীনে ব্যাপকভাবে রাজনীতিতে জড়িয়ে পড়া পুলিশ ও প্রশাসনের কার্যকর সংস্কারে সরকারের অক্ষমতার কারণে। ড. ইউনূসের উপদেষ্টা পরিষদের  বেশির ভাগের আপেক্ষিক অনভিজ্ঞতার সঙ্গে সিনিয়র পদে অনেকের নিয়োগ বা বরখাস্ত হওয়ার কারণে এই কাজটি জটিল হয়ে দাঁড়ায়। পুলিশ ও প্রশাসনের দুর্বলতা মোকাবিলায় অন্তর্র্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে, অন্য কোনো রাজনৈতিক দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের যেন অপ্রয়োজনে অন্তর্বর্তী সরকার কোনো রকম সমর্থন না করে। কিন্তু প্রতিদিনের উদ্বেগ দূর করতে গিয়ে যদি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ হারাতে হয়- তাহলে এই অন্তর্র্বর্তী সরকারের সংস্কারের প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হবে। হাসিনা শাসনের পতন পরপর তিনটি নির্বাচন করার সিদ্ধান্তের মধ্যে নিহিত ছিল। ওই নির্বাচনগুলোকে দেশের ভেতর থেকে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অবাধ ও সুষ্ঠু ছিল না বলে মত দিয়েছেন।  

ড. ইউনূস গণতান্ত্রিক সংস্কার অর্জন এবং দৃষ্টান্তমূলক নির্বাচন সংঘটিত করার দিকে মনোনিবেশ করেছেন বলে মনে করা হচ্ছে। তার লক্ষ্য পরবর্তী সরকার যেন প্রতিকূলতার মধ্যে না পড়ে। অন্তর্র্বর্তী সরকারের সামনে সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে হাসিনা ও তার প্রধান সাঙ্গপাঙ্গদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে  দেয়া হবে কিনা। হাসিনার আওয়ামী লীগ দলের নেতারা তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি। উল্টো তারা অন্তর্র্বর্তী সরকারকে দুর্বল করার প্রয়াস অব্যাহত রেখেছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্র্বর্তী সরকারের সক্ষমতা সম্পর্কে নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন আইনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। তারা জানতে চান, পুলিশ ও প্রশাসন নির্বাচন ব্যাহত করার যেকোনো সম্ভাব্য প্রচেষ্টা মোকাবিলা করতে পারবে কিনা। অধিকাংশই মনে  করছেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আমি স্বীকার করছি যে, হাসিনা ঢাকা  থেকে পালানোর পর প্রথমদিকে কিছুটা অযৌক্তিক উচ্ছ্বাস  দেখিয়েছিলাম।  বিশ্বাস করেছিলাম  যে, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিতে পরিবর্তন আসবে। তবে আমি এই উপলব্ধি নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছি-  সংস্কারের ফলাফল অনেক  বেশি পরিমিত হবে। তবে আমি আশা ছাড়তে রাজি নই। কারণ আমি মনে করি, হাসিনার শাসনামল থেকে শিক্ষা  নেয়া পাঠগুলো মানুষ ভুলে যাবে না।

(লেখক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র ফরেন সার্ভিস অফিসার। দক্ষিণ এশিয়া সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। কূটনৈতিক কর্মজীবনে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে  ডেপুটি চিফ অব মিশন হিসেবে গুরুত্বপূর্ণ কার্যভার গ্রহণ করেন। তার এ লেখাটি  বেনার নিউজ থেকে অনুবাদ) 

mzamin

বাবার লাশ উঠানে রেখে সন্তানদের জমি ভাগাভাগি ১৬ ঘণ্টা পর দাফন

সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দ্বন্দ্ব ছিল। বাবার মৃত্যুর পর লাশ দাফনে বাধা দেয় একপক্ষ। পরে সব ছেলেদেরকে স্থানীয় রাজনীতিবিদ ও লোকজনের মধ্যস্থতায় ১৬ ঘণ্টা পর লাশ দাফন করা হয়। যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে কোটা পূর্বপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে। ওই গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী হাবিবুর রহমান হবি বিশ্বাস (৭০) বুধবার সকাল ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে রাত ১০টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাবার মরদেহ উঠানে রেখে ছেলেরা জমিজমা নিয়ে শালিসে বসে। তার ৪ স্ত্রী ৯ জন ছেলে-মেয়ে। তবে তিনি ছোট স্ত্রী ও ছোট সন্তান সোহেল বিশ্বাসের কাছে থাকতেন। সেই সুবাদে সোহেলের মাকে ৮৩ শতক জমি লিখে দেন। যা নিয়ে বেশ কয়েকবার শালিস করা হয়। কিন্তু হবি তার সিদ্ধান্তে অনঢ় থাকেন সবসময়। বাবা মারা যাওয়ার খবর শুনে ছেলে আতাউর, সুমন, আনোয়ার ও হাফিজুর কবর খুঁড়তে ও লাশ দাফনে বাধা দেয়। এভাবেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। অবশেষে সব ছেলেদেরকে নিয়ে বিকালে শালিসে বসে। একপর্যায়ে ছোট মায়ের নামে থাকা ৮৩ শতক জমির ৫০ শতক জমি সমানভাবে অন্য ছেলেদের লিখে দেয়ার মুচলেকায় কবর খুঁড়ার অনুমতি মেলে।
ছোট ছেলে সোহেল বলেন, বাবার মৃত্যুর পর কবর খুঁড়তে গেলে আমার সৎ ভাইয়েরা বাধা দেয়। পরে শালিসি বৈঠকে ৫০ শতক জমি তাদের নামে আমার মা লিখে দিতে চাইলে; তারা কবর খুঁড়ার অনুমতি দেয়। এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান মজুমদার বলেন, জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। মীমাংসা শেষে রাতে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, উভয়পক্ষের উপস্থিতিতে স্থানীয় রাজনীতিবিদ ও কতিপয় ব্যক্তি সমাধান করেছে। বিষয়টি খুব দুঃখজনক।

mzamin

পবিত্র মক্কায় নয়ন জুড়ানো দৃশ্য

লাইলাতুল কদরে মক্কায় গ্র্যান্ড মসজিদে নয়ন জুড়ানো এক দৃশ্য। পবিত্র তারাবীহ ও তাহাজ্জুদ নামাজ আদায় করতে বুধবার রাতে গ্র্যান্ড মসজিদে বিশ্ব মুসলিমের মিলনমেলা বসেছিল। সন্ধ্যা নামার আগে থেকেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অন্যসব বারের রেকর্ড ভঙ্গ করে এবার লাইলাতুল কদরে নতুন রেকর্ড করেছেন মুসলিমরা। বুধবার কমপক্ষে ৪২ লাখ মুসলিম গ্র্যান্ড মসজিদে সমবেত হয়েছিলেন। আল একবারিয়া’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ইসলামে সবচেয়ে মহিমান্বিত রাত্রির মধ্যে অন্যতম লাইলাতুল কদর। এ রাতে মহান আল্লাহর তরফ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয় পবিত্র কোরআন। অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে মানুষের সামনে আলোকবর্তিকা হয়ে আসে এই মহাপবিত্র কোরআন। আরব নিউজ লিখেছে, পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। তবে এর সঠিক দিনটি জানা নেই। বেশির ভাগ মুসলিম মনে করেন ২৭তম রোজায় অর্থাৎ ২৬ রোজার দিবাগত রাতই হলো লাইলাতুল কদর। তবে শেষ ১০ দিনের মধ্যে বেজোড় রাতগুলোকেও লাইলাতুল কদর মনে করে মুসলিমরা আল্লাহর ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন। এ উপলক্ষে বুধবার রাতের প্রস্তুতির মধ্যে গ্র্যান্ড মসজিদে মাতাফ এলাকাকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে প্রতি ঘণ্টায় এক লাখ ৭ হাজার মুসলিম তা তাওয়াফ করতে পারেন। এ উপলক্ষে ৪২৮টি এক্সেলেটর, ২৮টি এলিভেটর, ১৩০০ স্পিকার সহ আধুনিক অডিও সিস্টেম ব্যবহার করে কর্তৃপক্ষ। গ্রান্ড মসজিদকে ঠাণ্ডা রাখতে ৯০ হাজার টনের শীতাতপ ব্যবস্থা সক্রিয় রাখা হয়।
mzamin

‘ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন’

বঙ্গভবনে বুধবার প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার নামাজ পড়ানোর ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন জেনারেল ওয়াকার। কেউ কেউ আবার তির্যক মন্তব্যও করেছেন। নেটিজেনদের এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু, সহকর্মী সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মো. শহিদুল ইসলাম।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন।’

স্ট্যাটাসে তিনি মিলিটারি একাডেমিতে একসঙ্গে কোর্স করার অভিজ্ঞতাও তুলে ধরেন। এতে তিনি লিখেন, ‘আমার বন্ধু জেনারেল ওয়াকারের ইমামতি প্রসঙ্গে: সেনাপ্রধান জেনারেল ওয়াকার নামাজে ইমামতি করছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। সেনাপ্রধান ইমামতি করেন? উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন? প্রশ্ন অনেকের। আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করছেন অনেকে! জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্সমেটই শুধু ছিলেন না, তিনি আমার রুমমেটও ছিলেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনে প্রশিক্ষণের দুই বছর কাটিয়েছি ১৯৮৪-৮৫ সালে। আবার তৃতীয় টার্মে দুইজন একই প্লাটুন কমান্ড করেছি। মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় টার্মে বাপ-দাদার নাম ভুলে যাওয়ার অবস্থা হয়। একটু ঘুমানোর সময় বের করা এরমধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি তৈরি করে। আমরা সবাই কোনোভাবে ঘুমাতে পারলে বাঁচি। শীতের রাতে পানি, কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা করে সোজা বিছানায়। এর মধ্যেও তদানীন্তন (ক্রমান্বয়ে) জেন্টলম্যান ক্যাডেট-ল্যান্স করপোরাল-কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে ওজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত। কাজা নামাজসহ সব আদায় করে ঘুমাতে যেত। আমিসহ আমাদের কোর্সের ৯৯ দশমিক ৯৯ শতাংশ ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারিনি। আমাকে কত যে হেদায়েতের চেষ্টা জে. ওয়াকার করেছেন! আই প্রেফারড স্লিপ!!!হি প্রেফারড প্রেয়ার!আরেকজন এমন ছিল কর্নেল নুরুল। উনিও ফাইনাল টার্মে আমার রুমমেট ছিলেন যখন দুইজনই আমরা আন্ডার অফিসার ছিলাম। ওই তরুণ-যুবক বয়সে জেনারেল ওয়াকারকে কাছে থেকে যতোটুকু দেখেছি তাতে তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ। এ নিয়ে আমরা উনাকে খেপাতাম। জুনিয়রদের যেখানে আমি কঠোর, কঠিন, মিলিটারি বুলশিট করতাম উঠতে বসতে যাতে অবধারিতভাবে স্ল্যাং থাকতো সেখানে জেনারেল ওয়াকার একটা স্ল্যাং ইউজ করতো না!’

তিনি লিখেন, ‘নবী, রাসুল ছাড়া সব মানুষের মধ্যে পাপ, দোষত্রুটি আছে। জেনারেল ওয়াকার তার ব্যতিক্রম নন। তাকে নিয়ে রাজনৈতিক সমালোচনা আছে, থাকবে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু ব্যক্তি ওয়াকারের ইমামতি দেখে অবাক হওয়ার কিছু নেই! উনি যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন! আমি কোর্সমেট, রুমমেট হিসেবে অন্তত উনার এই দিকটা নিয়ে দৃঢ়তার সঙ্গে বলতে পারি। খুব কষ্ট লাগে তার এই ইমামতি দেখেও কিছু অতি হাইপার অতি নিম্নমানের কথাবার্তা বলছেন দেখে! আমার বন্ধু জেনারেল ওয়াকারকে নিয়ে অনেক কথা লেখার থাকলেও তিনি সেনাপ্রধান হওয়ার পর থেকে ব্যক্তিগত কোনো প্রসঙ্গ কখনো পাবলিকলি সামনে নিয়ে আসিনি। একদিনও তার কাছে যাইনি। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে এই যা। ৫ আগস্টের পর রক্তের দাগ না শুকাতেই বন্যার স্রোতের মতো তদবির নিয়ে এসেছেন অনেকে। একটা তদবিরও করিনি। জেনারেল ওয়াকার আমাদের সকলকে তদবির না করার অনুরোধ করেছেন। এই ইমামতি প্রসঙ্গেও লিখতাম না। কিন্তু ওই যে ছ্যাঁচড়ার দল! সবকিছুতেই রাজনীতি খোঁজা অভব্যের দল! একেকজন কতো বড় বড় স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ হয়ে গেছে! খালেদা জিয়ার চাইতে বড় রাজনীতিবিদ হয়ে গেছে! তাদের বেহেশত কনফার্ম হয়ে গেছে এমন ভাব চলে এসেছে! এসব দেখে দেখে আমি ক্লান্ত। আল্লাহ যে সবের বিচার করবেন তা এখন এই সবজান্তা শমসেররা নিজেরাই করছেন! তারাই সব! সীমা ছাড়ানো অসভ্যতা বটে।’

আবু রুশদ মো. শহিদুল ইসলাম লিখেন, ‘সমালোচনা করেন ভালো। সমালোচনার অধিকার সবার আছে। আমরা যখন গণতন্ত্র চাই তখন সমালোচনা থাকবেই, কিন্তু সেটা তো সভ্যভাবেও করা যায়। শালীন ভাবেও করা যায়। কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, আছে অকল্পনীয় অসভ্যতা, চরম বেয়াদবি, অশালীন ভাষা প্রয়োগ। জানি না এখন পরিবারে, মাদ্রাসায়, স্কুলে এসব শিখানো হয় কিনা?! জেনারেল ওয়াকার নামাজ পড়ে আসছেন বয়স অনুযায়ী সেটা তার ওপর ফরজ হওয়ার পর থেকে। এখনো পড়ছেন, ইমামতিও করছেন। আমি, আমরা বেশিরভাগ সেটা পারিনি। পার্থক্য এখানেই। আর নামাজ,রোজা, হজ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আল্লাহর সঙ্গে ফয়সালা। ধন্যবাদ’।

mzamin

হান্নানের সম্পদের খোঁজে দুদক by মারুফ কিবরিয়া

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি লাপাত্তা। বিমান বাহিনীতে থাকা অবস্থায় নামে-বেনামে সম্পদ গড়েছেন বলে একগুচ্ছ অভিযোগ রয়েছে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে। সেসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে রাজধানীতে তার একটি বাড়ির সন্ধান পেয়েছে অনুসন্ধান দল। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র বলছে, বিমান বাহিনীতে চাকরি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন শেখ আব্দুল হান্নান। গত ৫ই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হলেও এবার সম্পদের খোঁজ করছে দুদক।

দুদক সূত্র জানায়, সংস্থাটির উপ-পরিচালক তানজির হাসিব সরকারের  নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন হয় শেখ আব্দুল হান্নানের সম্পদ অনুসন্ধানে। দুদকের কাছে অভিযোগ ছিল রাজধানীর নিকুঞ্জে দুটি ফ্ল্যাটের মালিক সাবেক এই বিমান বাহিনী প্রধান। কিন্তু অনুসন্ধান দল সরজমিন খোঁজ নিয়ে জানতে পারে দুটি ফ্ল্যাট নয়। পুরো চারতলা ভবনই শেখ আব্দুল হান্নানের।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, বিমান বাহিনীর এই সাবেক প্রধানের আরও সম্পত্তি রয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। সাত তলাবিশিষ্ট এই বাড়িটি শেখ আব্দুল হান্নানের নামে না থাকলেও তিনিই অর্থায়ন করেছেন। তবে এখন পর্যন্ত বাড়িটির মূল্য নির্ধারণ করতে পারেনি দুদক।

অনুসন্ধান দলের এক কর্মকর্তা মানবজমিনকে জানান, চলতি মাসে অনুসন্ধান শুরুর পরপর জেলা রেজিস্ট্রার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেয়া হয়েছে। এখন পর্যন্ত চিঠির জবাব আসেনি। তবে শেখ আব্দুল হান্নানের ধারণার বাইরেও অনেক সম্পদ রয়েছে বলে মনে করছে অনুসন্ধান দল।
দুদকের অপর এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তা পুরো অনুসন্ধানের জন্য পর্যাপ্ত নয়। চেষ্টা করছি- সব তথ্য এক করে একটি ভালো অনুসন্ধান শেষ করার।

দুদক সূত্র বলছে, বিমান বাহিনীর প্রধান থাকা অবস্থায় পুরনো ১৪টি ভবন এক আদেশে ভেঙে নতুন কাজের আদেশ দেন শেখ আব্দুল হান্নান। আর তার দায়িত্ব দেন একজন  ঠিকাদারকে। সেই আদেশে ঠিকাদারের সঙ্গে চুক্তি ছিল ‘কমিশন মানি’ ৫-৩০% পর্যন্ত। এ ছাড়া বাহিনীতে নিয়োগেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে।

গত ৫ই ফেব্রুয়ারি অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করে দুদক। সেদিন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান সংবাদ সম্মেলনে।

মো. আক্তার হোসেন বলেন, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তার এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর  আড়ালে চলে যান শেখ আব্দুল হান্নান। দুদকের কর্মকর্তাদের ধারণা বিমান বাহিনীর সাবেক এই প্রধান বর্তমানে কাতারে অবস্থান করছেন। তার এক সন্তান কানাডায় পড়াশোনা করেন। 

mzamin

ইসরায়েলের গণতন্ত্র ও স্বাধীনতাই এখন হুমকির মুখে by দ্রোর মিশানি

আমাদের, ইসরায়েলিদের জীবন এখন নির্ভর করছে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালানো থামানোর ওপর। এই সরল সমীকরণটা সম্প্রতি সপ্তাহগুলোতে আরও পরিষ্কার হয়েছে। আমরা যদি ফিলিস্তিনিদের হত্যা করতে থাকি, তাহলে ডেভিড কুনিও, মাতান জাঙ্গুকার, গ্যালি ও জিভ বারম্যান, অ্যালান ওহেল এবং গাজায় আটক অন্য সব জিম্মির জীবন এখনকার চেয়ে আরও বেশি বিপন্ন হয়ে পড়বে। যেসব জিম্মি ইতিমধ্যে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন, তাঁরা কিন্তু এমনটাই সাক্ষ্য দিয়েছেন।

তবে উক্ত সমীকরণের প্রভাব আরও অনেক ব্যাপক ও গভীর—আমাদের জীবন এখন নির্ভর করছে ফিলিস্তিনিদের হত্যা থামানোর ওপর। আকাশ ও সমুদ্র থেকে উড়োজাহাজ ও মিসাইলের মাধ্যমে বোমা নিক্ষেপ বন্ধ করতে হবে। পরিচয়, বয়স ও নিরপরাধের মাত্রার প্রতি ভ্রুক্ষেপ না করে যাদের হত্যা করা হয়েছে, তাদের কথা ভাবতে হবে।

আমরা যদি হত্যাযজ্ঞ না থামাই,  এখানে, ইসরায়েলে, আমাদের শিশুদের জীবন বিপদের মুখে পড়বে। তাদের অনেককেই জীবন দিয়ে ৭ অক্টোবরে সংঘটিত হত্যাকাণ্ডের দেড় বছর পরেও  প্রতিশোধের এই অশেষ লিপ্সা ও হিংস্র ক্ষুধার মূল্য পরিশোধ করতে হবে।

ইসরায়েলে আমাদের গণতন্ত্র ও স্বাধীনতাও নির্ভর করছে ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করার ওপর। এটি বন্ধ না হলে হাইকোর্ট বা অ্যাটর্নি জেনারেল এবং নিশ্চিতভাবে শিন বেতের [অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের] প্রধান আমাদের সহায়তা করতে পারবেন না।
যে রাষ্ট্র এক রাতে বাছবিচারহীনভাব ফিলিস্তিনিদের হত্যা করতে পারে এবং হামলার জন্য এখন আর কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে না, সে রাষ্ট্র এখানেই থামবে না।
কিন্তু আমরা যে দেশে এখন বসবাস করি, সে দেশের ভাষা এখন এমন হয়ে গেছে যে এখানে এখন আর কোনো মানুষের বাস নেই, আছে শুধু নামহীন শত্রু। এ যেন এক লজ্জাহীন দেশ, যার বৈধতার লজ্জাও নেই, নেই নৈতিক লজ্জা।

বহিঃশত্রুকে নির্মূল করার জন্য হত্যাযজ্ঞ চালানো হচ্ছে আর মরছে হাজারে হাজারে। হামলাকারী আর নিরীহ জনসাধারণের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না। আমরা হয়তো ধরে নিতে পারি যে এটা নিরন্তর চলবে না। তবে যে শাসকগোষ্ঠীর গাজা যুদ্ধে আত্মসচেতনতার প্রবল ঘাটতি, সে শাসকগোষ্ঠী এখন না হলেও অদূর ভবিষ্যতে ক্ষমতা প্রয়োগে একই রকম আচরণ করবে। যে দেশ গাজার লাখ লাখ নিরীহ বাসিন্দাকে বিমানবিকীকরণ (ডিহিউম্যানাইজড) করতে পারে, সে দেশ নিজের নাগরিকদেরও সামনে তাই করবে।

এক জায়গায় ক্ষমতার সীমাহীন প্রয়োগের বিরোধিতা করে আরেক জায়গায় তা ঠান্ডা মাথায় মেনে নেওয়া হলে প্রকৃতপক্ষে এই বিরোধিতা অসম্ভব হয়ে পড়ে।

ফিলিস্তিনি জনগণকে আমরা বিমানবিকীকরণ করেছি, তাঁদেরকে মানুষ মনে করছি না। হাজার হাজার ফিলিস্তিনি যুদ্ধের শুরু থেকে প্রাণ দিয়ে আর লাখ লাখ ফিলিস্তিনি আহত ও নিজেদের ঘরবাড়ি থেকে উৎখাত হয়ে এখন পর্যন্ত এই বিমানবিকীকরণের মূল্য চুকাচ্ছে।

কিন্তু এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে আমরা নিজেরাও নিজেদের জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করতে যাচ্ছি এবং ভবিষ্যতে চড়া মূল্য দেব। অল্প কিছু মানুষ আমাদের বছরের পর বছর এ নিয়ে সতর্ক করেছিলেন। আমরা তো রাষ্ট্রীয় সহিংসতার সঙ্গে বোঝাপড়া করে নিয়েছি। ৭ অক্টোবরের পর অনেকে একে উৎসাহিত করেছেন ও উসকানি দিয়েছেন। আর এখন তো এই সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিয়ন্ত্রণহীন এই ক্ষোভের আগুন তো পথে যা পাচ্ছে তাই পুড়িয়ে দিচ্ছে।
তবে এখন সম্ভব অনুশোচনা করার ও আমাদের মানসিকতা পরিবর্তনের।

প্রতিশোধস্পৃহার এই উদগ্র বাসনা গোটা ইসরায়েল রাষ্ট্রকে গ্রাস করলেও তা থামানোর চেষ্টা করা যেতে পারে, যদিও তা অনেক দেরি হয়ে গেছে। আমাদের বাইরে বেরিয়ে আসতে হবে ও বিক্ষোভ-মিছিলে যোগ দিতে হবে। না। এবার আর শুধু জিম্মিদের মুক্তির দাবিতে নয়, নয় প্রতিহিংসাপরায়ণ ও সীমাহীন সহিংসতার এই সরকারের পতনের দাবিতে, বরং ফিলিস্তিনিদের এভাবে জবাই করা যাবে না—এই দাবিতে।

আমরা যদি শুধু এই দাবিতেই সবাই রাস্তায় নেমে আসি, সবার আগে শুধু গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ বন্ধ করার দাবিতে—তাহলে হয়তো আমরা জিম্মিদের জীবন বাঁচাতে ও ঘরে ফিরিয়ে আনতে পারব।

এখনো এ দেশে যে অল্প আশা আছে, যা নিয়ে আমরা বেঁচে আছি, তাতে এমন কোনো শাসকগোষ্ঠীর সুযোগ নেই, যার একমাত্র ভাষা হলো সহিংসতা এবং যে মানব অস্তিত্ব স্বীকার না করে শুধু হামলার লক্ষ্যবস্তু খুঁজে ফেরে।

* দ্রোর মিশানি ইসরায়েলি সাহিত্যিক। হারেৎজ–এ প্রকাশিত লেখাটি ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করেছেন তানিম আসজাদ

গাজায় হত্যাকাণ্ড বন্ধে তেলআবিবে ইসরায়েলিদের বিক্ষোভ
গাজায় হত্যাকাণ্ড বন্ধে তেলআবিবে ইসরায়েলিদের বিক্ষোভ। ছবি: এএফপি

বৃটিশ এমপিদের ধারণা বাংলাদেশের অর্থপাচার তদন্তে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে একটি মহল

বাংলাদেশ থেকে বৃটেনে অর্থপাচার তদন্তে শীর্ষস্থানীয় এক ব্যক্তিকে হেয় করতে ভুল তথ্য দিয়ে বৃটিশ এমপিদের টার্গেট করা হচ্ছে বলে মনে করছেন বৃটিশ এমপিরাই। তারা মনে করছেন এর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে, বিশেষত বৃটেনে- সে সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে তৎপর একটি মহল। বাংলাদেশ থেকে বৃটেনে পাচার হওয়া অর্থের তদন্তে নেতৃত্ব দেয়া ‘ব্যক্তিকে’ প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালানো হতে পারে বলে মনে করছেন তারা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্পর্কে একাধিক ই-মেইল পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন বৃটিশ এমপিরা। গত বছর ছাত্র-জনতার আন্দোলনে কর্তৃত্ববাদী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান মনসুর। হাসিনার মিত্রদের পাচার করা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ খুঁজে বের করতে বৃটিশ সরকার এবং বেসরকারি কোম্পানিগুলোর সহায়তা চাইতে আহসান মনসুর এখন লন্ডনে আছেন।

তিনি বিশ্বাস করেন, পাচারের অর্থ বৃটেনে সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত হয়েছে। গার্ডিয়ানের মতে, মনসুরের এই সফর এমন সময় হচ্ছে, যখন হাসিনার বোনঝি এবং সাবেক বৃটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুর্নীতিতে জড়িত থাকার বিষয়ে একটি ক্রমবর্ধমান বিতর্ক চলছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করার পর টিউলিপ এ বছর পদত্যাগ করেন। যদিও টিউলিপ সব অভিযোগ অস্বীকার করেছেন।
বৃটিশ এমপিরা আশঙ্কা করছেন, বাংলাদেশে দুর্নীতি তদন্তের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ আহসান মনসুরকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।
দায়িত্বশীল ৪৭ সদস্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) এমপিরা গত সোমবার মনসুরের সঙ্গে একটি বৈঠকের আগে ই-মেইল পেয়েছেন। প্রেরক নিজেকে সাংবাদিক বলে দাবি করেছেন। ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে একটি ওয়েবসাইটের লিঙ্কও পাঠিয়েছেন ই-মেইলে। সেখানে মনসুরের মেয়ের সম্পদের হিসাব এবং সেগুলোর বিরুদ্ধে তদন্ত না হওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে প্রতিবেদনগুলোর কথিত লেখকদের কেউ সাংবাদিক নন।

গার্ডিয়ান জানতে পেরেছে, এদের মেইলে ব্যবহৃত ছবিগুলো আসলে স্টক ইমেজ। মনসুর এবং বৃটিশ এমপিরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ইমেলগুলো একটি সমন্বিত অপপ্রচারের অংশ। মনসুর  একজন সাবেক আইএমএফ কর্মকর্তা। এর আগে তিনি ওয়াশিংটনে কাজ করেছেন। তিনি বিশ্বাস করেন যে, অর্থপাচারের জন্য তদন্তের আওতায় থাকা লোকজনই তার সুনাম ক্ষুণ্ন করতে তাকে টার্গেট করার চেষ্টা করছে। মনসুর  জানিয়েছেন, তার মেয়ে একজন মার্কিন নাগরিক, যার বাংলাদেশের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই।

বৃটিশ সর্বদলীয় সংসদীয় গ্রুপ-এপিপিজি’র একজন সদস্য রূপা হক পালাটাইন কমিউনিকেশন্স নামে বৃটেনের একটি পাবলিক রিলেশন্স ফার্ম থেকে আলাদা একটি ইমেইল পেয়েছেন। সেখানেও এই জাতীয় ভুয়া প্রতিবেদনের লিঙ্ক পাঠানো হয়। ইমেলটিতে বলা হয়েছে, মনসুর যদি টিউলিপ সিদ্দিকের সততা নিয়ে প্রশ্ন তোলেন, তবে তাকে এবং তার পরিবারকেও তদন্তের মুখোমুখি হতে হবে। মনসুর বলেছেন, সিদ্দিককে নিয়ে তিনি কখনো কোনো মন্তব্য করেননি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

২০১৩ সালে রাশিয়ার সঙ্গে হওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত একটি চুক্তি নিয়ে তদন্ত করছে দুদক। টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত করছে তারা। এমপি রূপা হক বলেছেন, এ ধরনের ই-মেইল ভয় দেখানো এবং এমপিদের স্বাভাবিক কাজে হস্তক্ষেপ করার জন্য করা হয়েছে।
এপিপিজির কয়েকজন এমপি ই-মেইলগুলো বৃটিশ পার্লামেন্টের সাইবার নিরাপত্তা পরামর্শদাতাদের কাছে পাঠিয়েছেন এবং পার্লামেন্টের পররাষ্ট্র কমিটির নজরে এনেছেন। তারা এই বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ে তদন্ত করছে।

বৃটিশ এমপি ফিল ব্রিকেল বলেন, এটি যদি আমাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচারণা হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে এই প্রচারণার পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্যে কী।

পালাটাইন কমিউনিকেশন্সের একজন মুখপাত্র বলেছেন, আমি সংশ্লিষ্ট সংসদীয় কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার আহ্বান জানাচ্ছি- আমাদের এটা জানতে হবে যে, এসবের জন্য কে অর্থ প্রদান করেছে এবং কেন করছে। আমরা যেন নিজেদের সুরক্ষার সর্বোত্তম উপায় খুঁজে বের করতে পারি।

তিনি আরও বলেন, এই প্রতিবেদনের লেখক সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এবং এতে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে এটিকে আমরা নির্ভুল বলে দাবি করিনি। অনেক গণমাধ্যমের মতোই, এটি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে, যা এমপিদের বিবেচনার যোগ্য বলে আমরা মনে করি।
ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিবেদনের প্রকৃত লেখক নাম প্রকাশ করতে চাননি। তবে তারা প্রকাশিত তথ্যকে যথেষ্ট সঠিক বলে মনে করেন।

mzamin

সহায়তা বন্ধে সংকট তীব্র হচ্ছে, শঙ্কায় লাখ লাখ রোহিঙ্গা

মার্কিন উন্নয়ন সংস্থা ইউএআইডি ভেঙে দিয়ে বিদেশি সহায়তা স্থগিত করে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যার নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী ওপর। ইতিমধ্যেই রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া লাখ লাখ শরণার্থীদের সংকট আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এভাবে আকস্মিক সহায়তা বন্ধের ফলে তারা এখন কোথায় যাবেন; এতে উদ্বিগ্ন রোহিঙ্গা শরণার্থীরা।

মিয়ানমার থেকে পালিয়ে আসা একজন রোহিঙ্গা শরণার্থী নারী মাজুনা খাতুন। তাকে তার ছয় মাসের ছোট শিশুকে নিয়ে বেশ চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়ান দেশগুলোর সহায়তা স্থগিতের ঘোষণায় নিজ বাচ্চার জীবন নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন মাজুনা খাতুন। সহায়তা বন্ধ হয়ে গেলে তিনি কোথায় যেয়ে উঠবেন- সে প্রশ্নও তুলেছেন ওই নারী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। যাদের সকলেই প্রতিবেশী দেশ মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে এসেছেন। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা আশঙ্কা করছেন, সহায়তা বন্ধের ফলে খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি আরও জটিল হয়ে উঠবে। যার ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতাও বাড়তে পারে।

বর্তমানে শরণার্থী শিবিরে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকও নেই। ২৪ বছর বয়সী মোহাম্মদ সাদেক নামের এক রোহিঙ্গা শরণার্থী জানিয়েছেন, বর্তমানে ক্যাম্পে চিকিৎসকের সংখ্যা একদমই কম। এছাড়া রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদেরও বরখাস্ত করা হয়েছে। এতে শরণার্থী শিবিরের মানুষের ভোগান্তি বেড়েছে বহু গুন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যার পরিমাণ প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

শরণার্থী শিবিরে তত্ত্ববধানকারী বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান গত মাসে বলেছেন, তহবিল স্থগিত করার ফলে মার্কিন অর্থায়নে পরিচালিত পাঁচটি হাসপাতাল তাদের পরিষেবা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান জানিয়েছেন, এ পর্যন্ত ১১টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রসহ প্রায় ৪৮টি কেন্দ্রে স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে অনেক শরণার্থী প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের অগ্রাধিকার হচ্ছে- সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সহায়তা দেয়া। বিশেষ করে নারী, মেয়ে এবং শিশুদের সুরক্তার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
কক্সবাজারে এনজিওগুলোর প্রচেষ্টা তদারককারী ইন্টার-সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের প্রধান সমন্বয়কারী ডেভিড বাগডেন বলেছেন, স্বাস্থ্যসেবা পরিষেবায় ব্যাঘাতের কারণে প্রায় ৩ লাখ শরণার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

mzamin