Wednesday, May 17, 2017

নাটের গুরু নাঈম আশরাফ by রুদ্র মিজান

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের নাটের গুরু নাঈম আশরাফ ওরফে হাসান মো. হালিম। আরো অনেক মেয়ের সম্ভ্রমহানি করেছে এই নাঈম। সাফাতের জন্মদিনে ফুর্তি করার জন্য প্রফেশনাল না এমন নারী সঙ্গ চেয়েছিল সে। বন্ধু সাফাতকে সেভাবেই পরামর্শ দিয়েছিল। ৭ই মার্চ থেকেই টার্গেট করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে। টার্গেট অনুসারেই রেইনট্রিতে রুম নেয়া হয়। ওই দুই তরুণী হোটেল কক্ষে আসার আগেও পর্যায়ক্রমে সেখানে কয়েক তরুণীর সঙ্গে কক্ষে অন্তরঙ্গ সময় কাটিয়েছে তারা। এ সময় নাঈম আশরাফ ছাড়াও সাফাতের কয়েক বন্ধুকে হোটেলে ডেকে আনা হয়েছিল। হোটেল কক্ষে বসেই মদ পান করেছিল তারা। নির্যাতিতা এক তরুণী জানিয়েছেন, হোটেল কক্ষে মদের গ্লাস এগিয়ে দিয়েছিল নাঈম আশরাফ। মদ পান করতে অসম্মতি জানালে নাঈম জোর করেই তাদের মদ পান করায়। একপর্যায়ে নাঈমই বলেছিল শুরু করা যাক। তখন দুই তরুণী বাধা দিলে তাদের সঙ্গী বন্ধু চিকিৎসকের গার্লফ্রেন্ডকে গ্যাং র‌্যাপ করা হবে বলে হুমকি দেয়। এমনকি ওই তরুণীর হাত ধরে কাছে টেনে আনে নাঈম। ওই চিকিৎসক তখন কান্নাকাটি করে তার বান্ধবীকে রক্ষা করতে চায়। তখন ওই দুই তরুণীও চিকিৎসকের বান্ধবীকে নির্যাতন না করার অনুরোধ করে। সাফাত এতে রাজি হলেও নাঈম আশরাফ চেয়েছিল পর্যায়ক্রমে তিন তরুণীকে ধর্ষণ করতে। সাফাতের নির্দেশে শাহরিয়ার ওই তরুণীকে অন্য কক্ষে আটকে রাখে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, জিজ্ঞাসাবাদে সাফাত জানিয়েছে তার বন্ধু সাদমান সাকিফই ওই দুই তরুণীকে পরিচয় করিয়ে দিয়েছিল ৭ই মার্চ একটি অনুষ্ঠানে। অবশ্য তার আগেই তরুণীদের চিনতো নাঈম আশরাফ।
জন্মদিনের কয়েক দিন আগে গত ২৬শে মার্চ সাফাতের কেনা রেঞ্জ রোভার গাড়িতে লং ড্রাইভে যায় সাফাত আহমেদ ও নাঈম আশরাফ। গাড়িতে বসেই পরিকল্পনা করেছিল দুই তরুণীকে হোটেলে নিয়ে আসার।
নাঈম আশরাফের কয়েক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এরকম অনেক ঘটনা ঘটিয়েছে নাঈম আশরাফ। ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ইমেকার্সে কাজ করার সুবাধে সহজেই মডেল, অভিনেত্রী, উপস্থাপিকাদের সঙ্গে সখ্য গড়ে তুলতো। কিন্তু কেউ কোনো অভিযোগ করেননি। যে কারণে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। নাঈম আশরাফের নির্যাতনের স্বীকার হয়েছেন এমন একজন মডেল জানিয়েছেন, একই কায়দায় মদ পান করিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেছিল নাঈম আশরাফ। ঘটনাটি ঘটেছিল গত বছরের ১০ই মার্চ রাতে। ঢাকার আর্মি স্টেডিয়ামে সেদিন চলছিল ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্ট। ওই কনসার্টে ডেকে এনে গাড়িতে করে কাজের কথা বলেই তাকে বনানীর একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে যেতে না চাইলেও নাঈমের প্রতি বিশ্বাস থাকায় সেখানে গিয়েছিলেন।
নাঈম আশরাফের এক বন্ধু জানিয়েছেন, নাঈম আশরাফ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন এই সুবাধে তাদের সঙ্গে পরিচয়। তার অতীত সম্পর্কে কোনো ধারণা ছিল না তাদের। তবে এ ঘটনার পর তার সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন তারা। একইভাবে সাফাতের সাবেক স্ত্রী মডেল পিয়াসা বলেছেন, নাঈম আশরাফ একটা ভণ্ড, প্রতারক। সে অনেক মেয়ের সর্বনাশ করেছে। তদন্ত করলে এরকম আরো অনেক তথ্য পাওয়া যাবে।
ভালো পোশাক, পরিচ্ছন্ন চেহারার আড়ালে নাঈম আশরাফ একজন ধূর্ত প্রতারক। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে ফায়দা হাসিল করে সে। নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকে বিভিন্নস্থানে। এমনকি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে তার পোস্টার, ব্যানার রয়েছে ওই এলাকায়। সুযোগ পেলেই প্রতিষ্ঠিতদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে প্রচারণা চালায় এই প্রতারক। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের পুত্র হালিম। ছোটবেলা থেকেই নানা ধরনের প্রতারণায় সিদ্ধহস্ত হয়ে ওঠে। এসএসসি পরীক্ষার সময়ই প্রধান শিক্ষকের নাম ব্যবহার করে রাজশাহী বোর্ড থেকে প্রশ্ন এনে ফেঁসে যায় সে। এলাকার ইউপি চেয়ারম্যানের ছেলের নাম নাঈম আশরাফ। ওই নামটি নিজের নাম হিসেবে ব্যবহার করে সে। নিজের পিতা সাধারণ পেশাজীবী হওয়ার  কারণে পিতার নাম পরিচয় গোপন করে ওই চেয়ারম্যানকে নিজের পিতা হিসেবে বিভিন্নস্থানে পরিচয় দিয়ে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে পিতা পরিচয় দিয়ে প্রতারণা করতো নাঈম। এ বিষয়ে ওই এলাকার গান্দাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, হালিম নাম পরিচয় গোপন করে দুটি বিয়ে করেছিল। প্রতারণার বিষয়টি জানার পর দুটি বিয়ে ভেঙ্গে গেছে। স্কুল জীবন থেকেই সে নানা প্রতারণা করছে। প্রতারণাই তার পেশা।

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভারত

ইসরাইলের সঙ্গে বিদ্যমান শান্তিচুক্তিসহ স্বাধীন-সার্বভৌম, ঐক্যবদ্ধ ও কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র দেখতে চায় ভারত। বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মন্তব্য করেন। এ সময় তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ইস্যুতে দীর্ঘক্ষণ আলাপ হয়। পাশাপাশি পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে বিবদমান নানা সমস্যার বিষয়ে কথা কথা বলেন তারা। গত ১৪ মে চার দিনের সফরে ভারতে আসেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার সঙ্গে বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, 'আরব বসন্তের পর থেকে মধ্যপ্রাচ্যসহ এর আশপাশের এলাকায় অস্থিরতা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে।' তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আব্বাস বলেন, 'আমরা জানি ইসরাইলের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। স্বাধীন ফিলিস্তিনের প্রতিও তাদের সমর্থন রয়েছে। তাই আমরা মনে করি ফিলিস্তিনি-ইসরাইল বিরোধ নিরসনে ভারত ভালো ভূমিকা রাখতে পারে।'
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের বিরোধ নিরসনে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। আমরা সকল পক্ষের সঙ্গে শান্তির জন্য কাজ করতে রাজি রয়েছি। তবে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে নতুনভাবে এগোচ্ছে ভারত। বিশেষ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইসরাইল সফরকালে এর আগে বা পরে ফিলিস্তিন সফরে যাননি। পাশাপাশি জুলাইয়ে প্রথমবারের মতো ইসরাইল সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া জাতিসংঘে ইসরাইল বিরোধী প্রস্তাবে ভোট দেয়নি ভারত। এসব কিছুতে বোঝা যাচ্ছে ইসরাইল-ভারত সম্পর্ক অন্যমাত্রা লাভ করছে। এ অবস্থার মধ্যেই ১৪ থেকে ১৭ মে পর্যন্ত ভারত সফর করলেন মাহমুদ আব্বাস। এ সফরে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র গঠনে ভারতের সহায়তা চান তিনি।

রুশ সংযোগ তদন্ত বন্ধে চাপ দিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের রুশ সংযোগের অভিযোগের পালে নতুন হাওয়া লেগেছে। সম্প্রতি মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআইয়ের প্রধান জেমস কোমির এক লিখিত মেমো থেকে অভিযোগের পক্ষে আরও গুরুতর প্রমাণ মিলেছে। এক বৈঠক চলাকালে ওই মেমোতে কোমি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে রুশ সংযোগের তদন্ত বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে কোমিকে এ নির্দেশনা দেয়ার পর তিনি তার মেমোতে বিষয়টি লিপিবদ্ধ করে রাখেন। খবর নিউ ইয়র্ক টাইমসের। ওই মেমোতে কোমি লেখেন, 'ট্রাম্প বলেছেন- আমি (ট্রাম্প) আশা করি আপনি এ বিষয়ে তদন্ত বন্ধ করবেন।' এদিকে, এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের পর ট্রাম্প বেশ বেকায়দায় পড়েছেন। নিজ ও বিরোধী শিবিরে ট্রাম্পের রুশ সংযোগের বিষয়ে তদন্তেরও দাবি উঠেছে জোরালোভাবে।
গত মঙ্গলবার রিপাবলিকান দলের পর্যবেক্ষক দলের চেয়ারম্যান জেসন চেফেজ, ট্রাম্প ও রুশ সংযোগের বিষয়ে এফবিআই তদন্তের সকল স্মারক, নোট, সারমর্ম ও রেকর্ডিংগুলো সামনে নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ওইসব দলিলাদি সামনে আসলেই বোঝা যাবে ট্রাম্পের রুশ সংযোগ রয়েছে কিনা এবং তিনি তদন্ত কাজকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন কিনা। তবে হোয়াইট হাউজ এক বিবৃতিতে এসব অভিযোগ নাকচ তরে দিয়েছে। হোয়াইট হাউজ বলছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, জেনারেল ফ্লিন একজন ভাল মানুষ এবং যিনি দেশকে রক্ষার জন্য কাজ করেছেন। তবে প্রেসিডেন্ট কখনোই ফ্লিন বা অন্য কারও বিষয়ে তদন্ত বন্ধ করার অনুরোধ করেননি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার আগে ফ্লিন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেয়ার বিষয়ে কথা বলেছিলেন এমন খবর ফাঁস হবার পরই তাকে পদত্যাগ করতে হয়। বিষয়টি নিয়ে ফ্লিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। রাশিয়ার কাছে তথ্য ফাঁসের অভিযোগের পরপরই ফ্লিনের বিষয়ে তদন্তে বাঁধার অভিযোগ এল ট্রাম্পের বিরুদ্ধে। সমালোচকরা বলছেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং তার সহযোগীদের সঙ্গে রাশিয়ার যোগাযোগের বিষয়ে যেকোনো তদন্তে বাঁধা সৃষ্টি করতে চাইছেন ট্রাম্প।

১৪ বছরেই স্মাতক!

টেক্সাস ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয় (টিসিইউ) থেকে সবচেয়ে কম বয়সে স্মাতক সম্পন্ন করে রেকর্ড গড়েছেন কারসন উই ইও। তিনি মাত্র ১৪ বছর বয়সে এ ডিগ্রি অর্জন করেন। খবর এপির। গত রোববার বিশ্ববিদ্যালয় থেকে ২ হাজার শিক্ষার্থীকে স্মাতক ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে কারসনের বয়স ছিল সবচেয়ে কম। তার প্রধান বিষয় ছিল পদার্থ বিজ্ঞান। আর গণিত এবং চাইনিজ ছিল ঐচ্ছিক বিষয়। কারসেন ২০১৩ সালে ১১ বছর বয়সে টিসিইউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এমন অনেক প্রিয় বিষয় এখান থেকে শিখেছি, যা আগে জানতাম না। এমনকি জানতামও না যে, এসবের অস্তিত্ব আছে।' কারসেন নিজেকে একজন অতিসাধারণ শিক্ষার্থী বর্ণনা করে কোয়ান্টাম তত্ত্বে উচ্চতর ডিগ্রি নেয়ার আগ্রহের কথা জানান। এর আগে মাত্র ১০ বছর বয়সে গ্র্যাজুয়েট করে রেকর্ডের প্রথমে আছেন মাইকেল কে. কারনেই।

ইসলাম নিয়ে ভাষণ দিবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামের বিশ্বাস নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন। আসন্ন সৌদি আরব সফরে তিনি এ ভাষণ দিবেন বলে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা ও ক্ষমতা গ্রহণের পর নিজেকে চরম মুসলিম বিদ্বেষী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ছয়টি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশও জারি করেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামের মাতৃভূমি সৌদি আরব সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলাম নিয়ে ভাষণ দিবেন। এছাড়া সফরে তিনি ৫০টির অধিক মুসলিম দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নিবেন।
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার জানিয়েছেন, মুসলিম নেতাদের ওই মধ্যাহ্নভোজেই ডোনাল্ড ট্রাম্প কট্টরবাদী মতাদর্শের বিরুদ্ধে উৎসাহমূলক বক্তৃতা দিবেন। সেখানে তিনি ইসলামের শান্তিপূর্ণ আদর্শ সম্পর্কে কথা বলবেন। সৌদি আরবের সরকারি সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে রিয়াদ সফরে আসবেন। একই সময়ে দেশটিতে ৫৬টি আরব এবং মুসলিম দেশের নেতারা জঙ্গিবাদ ও এর অর্থায়ন বন্ধের কৌশল নিয়ে এক বৈঠকে মিলিত হবেন। হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হুমকি মোকাবেলা, ইয়েমেনের যুদ্ধ এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও লোহিত সাগরের উত্তেজনা বিষয়ে আলোচনা করবেন।

রেইনট্রি হোটেলের সংবাদে লাইক দেয়ায় সাংবাদিককে মারধর

রেইনট্রি হোটেল সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইক দেয়ার অভিযোগে ঝালকাঠিতে এক সাংবাদিককে মারধর করেছে উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীরা। মঙ্গলবার বিকালে কাঠালিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পেছনে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিকের নাম এইচএম বাদল। তিনি আঞ্চলিক দৈনিক বরিশাল প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাত ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও আলোচিত ঢাকার রেইনট্রি হোটেলের মালিক বিএইচ হারুনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইক দেয় সাংবাদিক বাদল। এ অভিযোগে ওই সাংবাদিককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তার সহযোগীরা। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব রহমান বলেন, আহত বাদলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান পায়ে ফ্রাকচার হতে পারে। আহত সাংবাদিক বাদল জানিয়েছেন, সাংসদ বিএইচ হারুনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেইসবুকে লাইক দেয়ার অভিযোগে তাকে কাঠালিয়া বাজার থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তার সহযোগীরা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পেছনে নিয়ে  তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা বাদলকে উদ্ধার করে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পর রাতে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার বলেন, এমপি সাহেব সম্পর্কে ফেইসবুকে বাজে মন্তব্য করায় কিছু ছাত্রলীগ-যুবলীগ নেতারা বাদলের ওপর চড়াও হয়। আমি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

মামলার অভাবে বেকার জাপানি আইনজীবীরা

অভিনব এক সংকটে পড়েছে জাপান। সে দেশের নাগরিকরা মামলাবাজ নয়। নাগরিকদের দ্রুতবিচার নিশ্চিত করার জন্য ১৫ বছর আগে জাপান সরকার আইনজীবীর সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নেয়। কিন্তু সে অনুপাতে মামলা না বাড়ায় বহু আইনজীবী এখন কর্মহীন। ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাপানি সমাজে গতিশীলতা আনতে দেশটির নীতিনির্ধারকরা গত ১৫ বছরে পশ্চিমা আইনি ব্যবস্থার আদলে আইনজীবীর সংখ্যা দ্বিগুণ করে ফেলেছেন। কিন্তু মজার বিষয় হল ততদিনে দেশটিতে মামলার সংখ্যা রেকর্ড পরিমাণ কমে গেছে। ফলে এ পেশায় আসা পুরাতন আইনজীবীরাই আর মক্কেল পাচ্ছেন না, নতুনরা তো একেবারে বেকার বলা যায়! একটি ল’ ফার্মের সহপ্রতিষ্ঠাতা শিনিচি সাকানো বলেন, কোনো সন্দেহ নেই, এখন মক্কেল খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে। কিছু পরিসংখ্যান তুলে ধরলে জাপানে আইনজীবীদের দশাটি স্পষ্ট হবে। ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে বেসরকারি আইনজীবীদের আয় উপার্জন অর্ধেকে নেমে গেছে। অংকের হিসেবে ১ কোটি ৭৫ লাখ ইয়েন থেকে নেমে গেছে ৯০ লাখ ইয়েনে। এ পরিস্থিতিতে গত এক দশকে আইন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি আবেদনও কমেছে ব্যাপকভাবে। এর পেছনে আরও একটি বড় কারণ দীর্ঘ প্রশিক্ষণ এবং ধাপে ধাপে প্রচুর খরচ। ২০১৫ সালে জাপানে মোট আইনজীবীর সংখ্যা ছিল ৩৬ হাজার ৪১৫ জন। গত শতকের শেষের দিকের তুলনায় এটি দ্বিগুণ। এ সময়ের মধ্যে মামলা মোকদ্দমাও কমে গেছে ব্যাপকভাবে। জাপানে এখন প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে আইনজীবীর সংখ্যা ২৮৭ জন। যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ৩৭৬৯ জন। ১০ বা তার কমসংখ্যক আইনজীবী নিয়ে চলে এমন ল’ ফার্মগুলোতে চাকরি করেন ৭৮ শতাংশ আইনজীবী।
সারা দেশে মাত্র ৯টি ফার্ম আছে যারা একশ’ বা তার কিছু বেশি আইনজীবী নিয়োগ দেয়। জাপানের বৃহত্তম ল’ ফার্ম নিশিমুরা অ্যান্ড আসাহি। বিশ্বব্যাপী তাদের মোট আইনজীবীর সংখ্যা ৫২২ জন। যুক্তরাষ্ট্রে বেকার অ্যান্ড মেকেঞ্জির আইনজীবীর সংখ্যা ৪ হাজার। আইনি সহায়তায় যে উপার্জন হয় তা জাপানের মোট জিডিপির শূন্য দশমিক ১ শতাংশ বা ৫০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে এ রাজস্ব জিডিপির ১.২৭ শতাংশ, বা ২২ হাজার ১০০ কোটি ডলার। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে জাপানে ফৌজদারি মামলা কমেছে ৩৬ শতাংশ। কিন্তু দেওয়ানি মামলা বেড়েছে ২.৫ শতাংশ এবং প্রশাসনিক মামলা বেড়েছে ৯.৬ শতাংশ। ২০০৪ সালে সরকারি উদ্যোগে আইনজীবী বাড়ানোর পরিকল্পনার মধ্যে কিছু নিয়মনীতি অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে আইনের ছাত্র, বিচারক অথবা কৌঁসুলিদের দেশের ৪৩টি আইন প্রতিষ্ঠানের কোনো একটিতে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি নিতে হয়। এরপর লিগ্যাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটে ভর্তি হতে জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা দিতে হয়। এখানে এক বছর মেয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। গত এক দশকে এসব আইন প্রতিষ্ঠানে ভর্তির আবেদন উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। অনেক আইনজীবীই পেশা ছেড়ে অন্য কিছু করার কথা ভাবছেন। বিশাল অবকাঠামো এবং সম্ভাব্য বেকারত্ব নিয়ে জাপানি কর্মকর্তারাও উদ্বিগ্ন। তাছাড়া এ পেশা ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কী হবে- সেটাও তাদের ভাবাচ্ছে।

১৩৮ চিকিৎসকের বিষয়ে আদেশ রোববার

এগার বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পাওয়া ১৩৮ জন চিকিৎসকের দায়িত্বে ফেরার বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার। বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের করা পৃথক পাঁচটি আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের তারিখ নির্ধারণ করেন। আদালতে ১৩৮ চিকিৎসকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম ও কামরুল হক সিদ্দিকী। বিএসএমএমইউয়ের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুবে আলম ও তানজিব উল আলম। জানা যায়, বিএসএমএমইউ কতৃর্পক্ষ ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তির বিপরীতে কয়েকশ' চিকিৎসকও নিয়োগ দেয়া হয়।
তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা আপিলের অনুমতির আবেদন (লিভ টু আপিল) করেন। শুনানির পর আপিল বিভাগে এই আবেদন খারিজ হয়। এই খারিজের আদেশ পুনর্বিবেচনা চেয়ে ১১০ চিকিৎসক আবেদন (রিভিউ) করেন। এই আবেদনের শুনানি নিয়ে গত ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ রিভিউ গ্রহণ করে আপিল করার অনুমতি দেন। এরপর ১৩৮ জন চিকিৎসক পৃথক পাঁচটি আপিল করেন।

হোটেল রেইনট্রিকে ৬ দিন সময়

রাজধানীর বনানীর দ্য রেইন ট্রি হোটেলের মালিক শাহ মো. আদনান হারুনকে সদরদফতরে হাজির হয়ে নোটিসের জবাব দিতে ৬ দিন সময় দিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার আইনজীবীর মাধ্যমে অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হতে আরও এক মাস সময় আবেদন করেন তিনি। পরে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ ৬ দিন সময় দিয়ে আগামী ২৩ মে বেলা ১১টায় শাহ মো. আদনান হারুনকে হাজির হতে বলেছে। তার আইনজীবী মো. জাহাঙ্গীর কবির জানান, শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসার জন্য বের হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন শাহ মো.আদনান হারুন। এ সময় তিনি আমি ও অপর আইনজীবী রিয়াজ আহমেদকে পাঠিয়ে সময়ের আবেদন করতে বলেন।
শুল্ক গোয়েন্দা কার্যালয়ে এসে এক মাসের সময় চেয়ে আবেদন করা হলে আগামী ২৩ মে সাক্ষাতের নতুন সময় দেয়া হয়েছে। কাস্টমস ইন্টেলিজেন্সের ডিজি ড. মইনুল খান যুগান্তরকে জানান, শাহ মো. আদনান হারুন ২৩ তারিখে হাজির না হলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আলোচনায় আসে বনানীর দ্য রেইনট্রি হোটেল। গত রোববার হোটেলটিতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। অভিযানে তারা অবৈধভাবে রাখা ১০ বোতল বিদেশি মদ পায়। এরপরের দিন সোমবার অবৈধভাবে বিদেশি মদ রাখায় হোটেলটির মালিককে তলব করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

দুই ভাইকে নিয়ে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে সেলিম

রাজধানীর বনানীর আবাসিক হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমদ সেলিম শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়েছেন। বুধবার দুপুরের দিকে দুই ভাই গোলজার আহমেদ ও আজাদ আহমেদকে নিয়ে তিনি রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন। এছাড়া আবাসিক হোটেল 'দ্য রেইন ট্রি'র মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তাদের আইনজীবী জাহাঙ্গির কবির হাজির হয়েছেন। তিনি হোটেলটির মালিক অসুস্থ জানিয়ে তার উপস্থিত হওয়ার বিষয়ে এক মাসের সময় আবেদন করেন। গত সোমবার অবৈধভাবে স্বর্ণ ও ডায়মন্ড রাখার দায়ে আপন জুয়েলার্সের মালিক ও বিদেশি মদ রাখায় বনানীর হোটেল রেইন ট্রির মালিককে তলব করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এর আগে রোববার আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে ও রেইনট্রি হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। অভিযানে আপন জুয়েলার্সের মৌচাক, উত্তরা, জিগাতলার সীমান্ত স্কয়ার এবং গুলশানের দুটি বিক্রয় কেন্দ্র থেকে প্রায় তিনশ’ কেজি সোনা ও হীরার গহনা জব্দ করা হয়। আপন জুয়েলার্সের দলিলাদির সঙ্গে স্বর্ণালঙ্কারের গরমিল রয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পায় সংস্থাটি। ফলে রাতে অভিযান শেষে পাঁচটি শোরুম সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এছাড়া বিদেশী মদ রাখার দায়ে রেইনট্রির হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে সমন দেয়া হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলারও আদালত স্থানান্তরের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি এখন বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালতে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাও একই আদালতের বিচারকের কাছে স্থানান্তরের নির্দেশ দেন। এর ফলে এই বিচারকের অধীনে এখন এ দুটি মামলার কার্যক্রম চলবে। প্রসঙ্গত গত সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে দুদক ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে। তিনি ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎলীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। ২০১৪ সালের ১৯ মার্চ এই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকা বিশেষ জজ আদালত-৩। গত ১৩ এপ্রিল মামলাটি তার আদালত থেকে অন্য আদালতে বদলির জন্য আবেদন করলে তা খারিজ করে দেয়া হয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলেন খালেদা জিয়ার আইনজীবী।

খালেদার বিরুদ্ধে মানহানি মামলার চার্জশিট ১৫ জুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে করা মানহানি মামলার চার্জশিট দাখিলে ১৫ জুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করতে না পারায় নতুন তারিখ ধার্য করেন বিচারক ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান। গত বছরের ডিসেম্বরে মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে দেয়া ‘আপত্তিকর’ বক্তব্যের কারণে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ ওই সময় তিনি আরও বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’ অন্যদিকে, মামলার অপর আসামি গয়েশ্বর চন্দ্র রায় ওই বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন। একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন-ভাতা খেয়েছেন তারা নির্বোধের মতো মারা গেলেন? আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দেই। আবার না গেলে পাপ হয়। তারা যদি বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকলেন কীভাবে?’ তাদের এসব বক্তব্যের প্রেক্ষিতে চলতি বছরের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

সাভারে পোশাকর্মীকে ডেকে নিয়ে গণধর্ষণ

সাভারে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক নারী পোশাক শ্রমিককে ডেকে নিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ধর্ষণের শিকার এই নারী পোশাক কর্মী (২২) সাভারের রাজাশন এলাকার এমটার নেট গার্মেন্টের হেলপার। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। ধর্ষণের শিকার এই নারী পোশাক কর্মী সাভার বাজার রোড এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকার একটি বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। বুধবার ভোরে তাকে উদ্ধার করে স্থানীয়রা। সাভার মডেল থানার সার্কেল এএসপি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী পোশাক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই তরুণী জানায়, মোবাইল ফোনে তার সঙ্গে রাকিব নামের এক যুবকের পরিচয় হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাকিব কৌশলে হেমায়েতপুর এলাকার একটি বাড়িতে তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে ও তার চার বন্ধু মিলে এই নারী পোশাক কর্মীকে একটি কক্ষে আটক করে পালাক্রমে ধর্ষণ করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন বুধবার ভোরে তাকে উদ্ধার করে। এরপর স্থানীয়দের সহাতায় সে সাভার মডেল থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। সাভার মডেল থানার সার্কেল এএসপি মাহবুবুর রহমান বলেন, ওই নারী পোশাক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট আসলে মামলা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইপিজেড আইন সংশোধন হবে: বাণিজ্যমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব বিবেচনায় নিয়ে ইপিজেড আইন সংশোধনের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে দুই দিনব্যাপী ডেনিম এক্সপো-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নে মোট পোশাকের ৫৪ শতাংশ রফতানি হয়। এই বাজার আমরা বিঘ্নিত হতে দেব না। ইইউ'র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তাদের প্রস্তাব বিবেচনা করে ইপিজেড আইন সংশোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
এসডিজিস মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই'র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল রহমান, জার্মান অ্যাম্বাসেডর থমাস প্রিন্জ, নেদারল্যান্ডের অ্যাম্বাসেডর লুইলিন্যায়ার, এইচএন্ডএম গ্রুপের কান্ট্রি ডিরেক্টর গুস্তাফ অ্যাস্প প্রমুখ। ডেনিম এক্সপোর ষষ্ঠ আসরে ১২টি দেশের ৫০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছে। এই এক্সপো চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

নারায়ণগঞ্জে ২৩ আসামির ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত আওয়ামী লীগের চার কর্মী হত্যা মামলায় ২৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহারের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল বাশার কাশু, ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আবু কালাম, আহাদ আলী, ইউনুছ আলী, জহির উদ্দিন, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই, খোকন, আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন। রায় ঘোষণাকালে কারাবন্দি ১৯ আসামিকে আদালতে হাজির করা হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন- আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।
এর আগে গত ৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী বারী ভুইয়া ও খোরশেদ আলম মোল্লা। প্রসঙ্গত, ২০০২ সালের ১২ মার্চ বর্তমান আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন। এ ঘটনায় ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ আদালত এই মামলার রায় ঘোষণা করলেন।

খুন্তির ছ্যাঁকা দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন

সাভারে হোসনে আরা (১১) নামে এক শিশু গৃহপরিচারিকার ওপর  নির্মম নির্যাতন চালিয়েছে গৃহকর্ত্রী শিমু আখতার। গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে শিশুটির দু'টি স্তন পুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ এই বর্বর নির্যাতনের খবর পেয়ে ওই গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছে। সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার কাপড় ব্যবসায়ী সাইফ মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। সাভার সার্কেল এএসপি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্যাতনের শিকার ওই শিশু গৃহপরিচারিকাকে ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, সময় মতো কাজ করতে না পারায় গৃহকর্ত্রী শিমু আখতার গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে শিশুটির বুকের দু'টি স্তন পুড়িয়ে দিয়েছে। নির্যাতনের শিকার শিশুটির মা জাহানারা জানান, তার মেয়ে গত নয় মাস ধরে সাভারের রাজাশন এলাকায় কাপড় ব্যবসায়ী সাইফ মিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছিল।
মঙ্গলবার রাতে কাজে দেরি হওয়ায় ওই ব্যবসায়ীর স্ত্রী গৃহকর্ত্রী শিমু আখতার গরম খুন্তি দিয়ে তার বুকে ছ্যাঁকা দেয়। শিশুটি  যন্ত্রণায় কাতর অবস্থায় ওই বাড়ি থেকে পালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় সাভার থানায় গিয়ে বিষয়টি জানায়। পরে পুলিশ ওই বাড়ি থেকে গৃহকর্ত্রী শিমু আখতারকে আটক করে। এদিকে খবর পেয়ে ময়মনসিংহ থেকে সাভারে আসেন শিশুটির মা। সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, চিকিৎসার জন্য এস আই জামালের তত্ত্বাবধানে একজন মহিলা কনস্টেবলের সঙ্গে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে। সঙ্গে তার মা জাহানারাও আছেন। তিনি বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্য়াতন আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় গৃহকর্ত্রী ও তার মেয়েকে আসামি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে পুলিশ।

চাটমোহরে অন্ধ স্ত্রীকে হত্যা

পাবনার চাটমোহর উপজেলায় অন্ধ স্ত্রীকে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর থেকে স্বামী আ. কাদের ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। গৃহবধূ তহুরা (২৮) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঁটাখালী গ্রামের দরিদ্র ভ্যানচালক তফিজ উদ্দিনের মেয়ে ও আ. কাদের রতনপুর গ্রামের মহরম আলীর ছেলে। তিনি পেশায় ভাংড়ি ব্যবসায়ী। তহুরার বাবা তফিজউদ্দিন অভিযোগ করে বলেন, আমার মেয়ে (তহুরা) জন্ম থেকেই অন্ধ। গত ৫ বছর আগে আ. কাদেরের সঙ্গে বিয়ে দেই। কিছুদিন পর তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
এ নিয়ে একাধিকবার দুই পরিবারের লোকজন সালিশ বৈঠক করে মীমাংসা করে। বুধবার সকালে আমার জামাইয়ের বাড়ির পাশের এক প্রতিবেশী ফোন করে আমাকে বলে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আমি সেখানে গিয়ে দেখি শোবার ঘরের মধ্যে আমার মেয়ের লাশ ঝুলছে। তিনি বলেন, ‘যে মেয়ে অন্ধ, সেই মেয়ে কীভাবে আত্মহত্যা করতে পারে?’ তিনি দাবি করে বলেন, ‘আমার জামাই তহুরাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই!’ এ বিষয়ে ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম যুগান্তরকে জানান, খবর পেয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান ওসি।

ঝিনাইদহে 'জঙ্গি আস্তানা'য় অভিযান সমাপ্ত

ঝিনাইদহের সদর উপজেলায় 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়িতে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন র‌্যাব-৬ এর কমান্ডার খন্দকার রফিকুল ইসলাম। তিনি জানান, এদিন বাড়ি থেকে উদ্ধার করা সুইসাইড ভেস্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় র‌্যাব ক্যাম্পে ব্রিফিং করা হবে। সকাল পৌনে ৯টার দিকে মঙ্গলবারের স্থগিত অভিযান শুরু করে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ও কমান্ডো দল।
এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর মঙ্গলবার ভোর থেকে বাড়ি দুটিতে অভিযান চালায় র‌্যাব। সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে সেখান থেকে দুটি সুইসাইড ভেস্ট, ৫টি বোমা, ১৫টি মাইন তৈরির সরঞ্জাম, ৩০টি বোমা তৈরির ডিভাইস, ৪টি কনটেইনার, ১৮টি বোমা তৈরির জেল এবং ১৮৬টি সার্কিট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ি দুটি ঝিনাইদহ জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে। বাড়ি দুটি মহেশপুরে নিহত নব্য জেএমবি তুহিন ও তার চাচা মতিয়ার রহমানের ছোট ছেলে প্রান্তর।

আফগানিস্তানে বিস্ফোরণে হতাহত ১৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে মঙ্গলবার রাতে জোড়া বিস্ফোরণে একজন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। বুধবার প্রাদেশিক সরকারের মুখপাত্র শামীম খপালবাক একথা বলেন। তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটায় চাওক-এ-মাদাদ এলাকায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কয়েক মিনিট পর পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি তদন্ত করছে ঠিক তখন দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।’
এই ঘটনায় তিন পুলিশ ও নয় বেসামরিক লোক আহত হয়েছে। আহতদের নগরীর মীরওয়াসি হাসপাতালে পাঠানো হযেছে। নগরীটি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪শ ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংস্থা এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা অতীতে এ ধরনের হামলাই চালিয়েছে।

ভেনিজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৪২

ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে ১৭ বছর বয়সী এক কিশোর গুলিতে নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির প্রসিকিউটররা একথা জানান। এই নিয়ে দেশটিতে ছয় সপ্তাহ ধরে চলমান এই আন্দোলনে ৪২ জন প্রাণ হারাল। আন্দোলনটি ২০১৪ সালের মতো ভয়াবহ ও রক্তক্ষয়ী হয়ে উঠেছে। ২০১৪ সালের ওই সরকার বিরোধী আন্দোলনে ৪৩ জন মারা যায়। আন্তর্জাতিক অঙ্গনে মাদুরোর অন্যতম কট্টর সমালোচক অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস চিফ লুইস আলমারগো বলেন, ‘তারা মানুষকে হত্যা ও জনগণের ওপর নির্যাতন চালিয়ে যেতে পারে না। তাদের এ অধিকার নেই।’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বুধবার ভেনিজুয়েলা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানান কূটনীতিকরা।
খবর বার্তা সংস্থা এএফপি’র। যুক্তরাষ্ট্রের অনুরোধে রুদ্ধদ্বার বৈঠকটি সকালবেলা অনুষ্ঠিত হবে। গত ১ এপ্রিল বিক্ষুব্ধ বিরোধীরা নিকোলাস মাদুরোর ক্ষমতা আরো বাড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে ভেনিজুয়েলার রাস্তায় নেমে আসে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, সোমবার পশ্চিমাঞ্চলীয় পেদরাজা শহরে বিক্ষোভ চলাকালে কিশোরটি মাথায় গুলি লাগলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে মারা যায়। বিভাগটি থেকে আরো বলা হয়, ৩১ ও ৩৩ বছর বয়সী আরো দুজন লোক মারা গেছে। সান অ্যান্টোনিও ডি লোস আল্টোস ও তাচিরা নগরীতে বিক্ষোভ চলাকালে তারা গুলিবিদ্ধ হয়।

ট্রাম্পকে হুঁশিয়ার করে দিলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোযগান বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের জন্য কুর্দিদের সাথে আমেরিকার আঁতাত তিনি মেনে নেবেন না। ওয়াশিংটন সফররত এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, "আমাদের অঞ্চলে কোন সন্ত্রাসী সংগঠনের স্থান ভবিষ্যতে থাকবে না।" গত সপ্তাহে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকা কুর্দিদের অস্ত্র দিয়ে সহায়তা করবে। বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড অনুমোদনও করেছেন। সে প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বিষয়টি নিয়ে তার অসন্তোষের কথা জানালেন।
কিন্তু তারপরেও উভয় নেতা দু'দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, " আমাদের বেশ চমৎকার সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও সেটি থাকবে।" কুর্দিদের সংগঠন কার্ডিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে তুরস্ক একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। তারা সিরিয়ায় আরো ভূমি দখল করুক সে বিষয়টি চায় না তুরস্ক। এরদোগান বলেন কুর্দিদের সংগঠনগুলোকে মিত্র হিসেবে নেবার যে চেষ্টা আমেরিকা করছে সেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের সময় এরদোগান আমেরিকায় বসবাসরত তুরস্কের একজন ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের বিষয়টি তুলে ধরে। এরদোগান মনে করেন গত বছরের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য গুলেন দায়ী। তাকে তুরস্কের হাতে তুলে দেবার জানিয়ে আসছেন এরদোগান। যদিও গুলেন বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন। সূত্র : বিবিসি

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

যশোরে স্ত্রী হত্যার দায়ে অব্দুল্লাহ নামে একজনকে মৃত্যুদ- ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে দ-িতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আব্দুল্লাহ যশোর সদর উপজেলার সুলতানপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, আব্দুল্লাহ যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনকে বিয়ের পর যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করে আসছিল। দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে আব্দুল্লাহ। সর্বশেষ ২০১২ সালের ৯ জুলাই সালমাকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা কওে সে। এ ঘটনায় নিহত সালমার বাবা বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য প্রামাণে অভিযোগ পপ্রমাণিত হওয়ায় বিচারক আসামি আব্দুল্লাহকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদ- ও এক লাখ টাকা জরিমানার রায় দেন। রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বসতভিটা রক্ষা করে ময়মনসিংহ বিভাগীয় শহর গড়ার দাবি

বসতভিটা রক্ষা করে ময়মনসিংহ বিভাগীয় নতুন শহর গড়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বসতভিটা রক্ষা কমিটির একাংশ। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ঘনবসতি ও বসতভিটা রক্ষায় প্রস্তাবিত নকশা পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বসতভিটা রক্ষা কমিটির (চরঈশ্বরদিয়া) যুগ্ম-আহবায়ক হোসাইন নূর মুহাম্মদ (আনির)। বক্তব্য রাখেন চরঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর ও সংগঠনের একাংশের আহবায়ক মো. ওসমান গনি। এসময় আবুল কালাম বকুল, জিনাল উদ্দিন জিন্নাহ, নাজিমউদ্দিন ফকির, ফজর আলী মেম্বার, নুরুল হক, আব্দুল খালেক, আব্দুর রশিদ, মুন্নাবিন, জিতেনবিন, কাছম আলী, ফরহাদ আলী, মোশাররফ হোসেনসহ প্রায় অর্ধশত গ্রামবাসি উপস্থিত ছিলেন। ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে নান্দনিক বিভাগীয় শহর, স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা আনন্দিত ও উৎফুল্ল হয়েছিলাম। ভেবেছিলাম আমাদের ভাগ্যের উন্নয়ন হবে। কিন্তু আমাদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। প্রশাসনের প্রস্তাবিত নকশায় চার হাজার ৩৩৬ একর ভূমি অধিগ্রহণ করা হলে ১৭ হাজার পরিবারের ৬০ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হবে। এই বিপুল সংখ্যক মানুষের ঠাঁই কোথায় হবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রশাসন কর্তক জমির ক্রয়-বিক্রয় বন্ধ করে দেওয়ায় মানুষ জরুরি প্রয়োজনে জমিও বিক্রি করতে পারছে না। অনেকে চিকিৎসা করাতে পারছেন না। অনেকের ছেলে-মেয়ের বিয়ে-সাদী হচ্ছে না। ইহা মানুষের মৌলিক ও মানবাধিকারের লঙ্ঘণ।
এমতাবস্থায় এখানে বড় ধরণের মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে, যা জাতিসংঘ সনদের পরিপন্থী। লিখিত বক্তব্যে আরো বলা হয়, প্রস্তাবিত নকশায় ২৮ হাজার বাড়িঘর, প্রায় পাঁচশ’ পারিবারিক কবরস্থান, ৩২টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি হাইস্কুল, ২৬টি মাদরাসা, ১৪টি ঈদগাহ, সাতটি বাজার, ৫০টি মসজিদ, চারটি মন্দির, দু’টি মাজার রয়েছে। এগুলোর কী হবে জানা নেই। পক্ষান্তরে প্রস্তাবিত শহরে ৬০-৭০টি সুরম্য আবাসিক ভবন, ১২/১৩টি পার্ক, ১৮/২০টি সরকারি অফিস, ৫/৬টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি কনভেনশন সেন্টার, একটি গলফ খেলার মাঠ নির্মিত হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এ ধরণের উদ্ভট ও হেয়ালীপূর্ণ গলফ খেলার মাঠের আদৌ প্রয়োজন আছে কি-না ভেবে দেখা দরকার। সংবাদ সম্মেলনে ঘনবসতি এলাকা ও বসতভিটা রক্ষা করে নতুন শহর গড়ার দাবি মেনে নেওয়ার আহবান জানান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চরঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রী জনদরদি মানুষ। এখানে মানবিক বিপর্যয় হবে, এটা প্রধানমন্ত্রীর গোচরীভূত হওয়া দরকার। তিনি প্রকৃতচিত্র গোচরীভূত হলে প্রস্তাবিত নকশা পরিবর্তন করতে অবশ্যই নির্দেশ দিবেন। উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনায় প্রথমে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে এক হাজার দুইশত কুড়ি একর জমিতে নতুন শহর গড়ার নকশা প্রণয়ন করা হয়। পরে বিশেষ মহলের প্রভাবে ওই নকশা বাতিল করে নতুন নকশা অনুযায়ি চার হাজার ৩৬৬ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই চরাঞ্চলের মানুষ উচ্ছেদের আশঙ্কায় বসতভিটা রক্ষার দাবিতে বিগত সাত

দায়িত্ব পালনে বাধা নেই সুন্দরগঞ্জের চেয়ারম্যান মাজেদুরের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকারের দায়িত্ব পালনে বাধা নেই মর্মে হাইকোর্ট আদেশ দিয়েছেন। মঙ্গলবার রিট পিটিশন নং-১১২০০-এর আলোকে মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসাইন এবং বিচারপতি মোঃ আতাউর রহমান খান। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ এর খ (১) মোতাবেক এই আদেশ দেন। ২০১৪ সালের ২৮ নভেম্বর মামলা সংক্রান্ত জটিলতার কারণে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকারকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এনিয়ে চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। দীর্ঘদিন শুনানী শেষে মঙ্গলবার দ্বৈত বেঞ্চের বিচারপতিগণ চেয়ারম্যান মাজেদুর রহমান সরকারের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই মর্মে আদেশ প্রদান করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার জানান-হাইাকোর্টের আদেশের কাগজ হাতে পেলেই জেলা প্রশাসকের নিকট আবেদন করা হবে। অনুমতি পেলেই দায়িত্বভার গ্রহণ করব ইন্শা আল্লাহ্ । এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া জানান- উপজেলা পরিষদের চেয়াম্যান সংক্রান্ত বিষয়ে হাই কোর্টের আদেশ এখন পর্যন্ত আমার অফিসে আসেনি।

শ্যামনগরে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান লন্ডভন্ড

শ্যামনগরের কাশিমাড়ী কে,এ, আদর্শ দাখিল মাদ্রাসা ও পাতাখালী ফাজিল মাদ্রাসা ভৌত অবকাঠামো প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়েছে। কে,এ, আদর্শ মাদ্রাসার সুপার মাওঃ খবির উদ্দীন জানান, গত ১৫ মে দিবাগত গভীর রাত্রের ১ টার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে মাদ্রাসার সেমি পাকা বিল্ডিং এর চারটি শ্রেণী কক্ষ লন্ডভন্ড হয়ে গেছে। এতে শ্রেণীকক্ষের দেওয়াল, টিনের তৈরী চাল, চেয়ার, বেঞ্চ সহ অন্যান্য শ্রেণীকক্ষ ব্যবহার উপযোগী উপকরন সমূহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। যার আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আতাউর রহমান জানান,তার ইউনিয়নের পাতাখালী ফাজিল মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়েছে। ছাত্র ছাত্রীরা অন্যান্য রুমে অতি কষ্টে অর্ধবার্ষিকী পরিক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষের পূর্বেই মাদ্রাসাটি সংস্কার না হলে ছাত্র ছাত্রীরা খোলা আকাশের নিচে পাঠ গ্রহনের কার্যক্রম করতে হবে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসাটির ক্ষয় ক্ষতি পরিদর্শন করেছেন। এদিকে রাবেয়া খাতুন মহিলা দাঃ মাদ্রাসারও ক্ষতি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সাহায্যের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

‘সাজেকের খাদ্য সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে’

রাঙ্গামাটির দূর্গম সাজেক ইউনিয়নের খাদ্য সংকট মোকাবেলায় সরকার পর্যাপ্ত ত্রাণ তৎপরতা চালালেও একটি কুচক্রী মহল হীন স্বার্থ হাসিলের লক্ষ্যে সাজেকের খাদ্য সংকট নিয়ে অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। আজ বুধবার রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন, সাজেকে খাদ্য সংকটের খবর প্রকাশের পর সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ ও সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত দূর্গত এলাকায় খাদ্য শষ্য পৌছিয়ে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় ও ত্রান মন্ত্রনালয় ইতিমধ্যে সাজেকে আড়াই হাজার পরিবারের মধ্যে ৪০ মেট্রিক টন খাদ্য শষ্য ও নগদ ১১ লক্ষ টাকা বিতরণ করেছে।
দূর্গত এলাকার জন্য ত্রাণ মন্ত্রণালয় আরো ১০০ মেট্রিক টন খাদ্য শষ্য বরাদ্দ দিয়েছে। অথচ সরকারের ত্রাণ তৎপরতা সত্বেও সাজেকের খাদ্য সংকট নিয়ে একটি কুচক্রী মহল নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সাজেকের স্থানীয় অধিবাসীদের জুম চাষ করতে না দেয়ায় এবং ভারতের সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া দেয়ার কারণে স্থানীয় লোকজন সীমান্তে আগের মতো কেনা-কাটা করতে পারছে না। এ কারণে সাজেকের দুর্গম এলাকার মানুষকে খাদ্য সংকটের সম্মুখিন হয়েছে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। নেতৃবৃন্দ বলেন, সাজেকে সীমান্ত এলাকায় ভারতের সঙ্গে সীমান্ত হাটের ব্যবস্থা করা গেলে এবং স্থানীয় অধিবাসীদের জুম চাষে বাধাদানকারীদের প্রতিহত করা গেলে আগামীতে এই খাদ্য সংকট দেখা দেবে না বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

কাঁঠালিয়ার কচুয়া-বেতাগী খেয়াঘাটে ৪ টাকার ভাড়ায় ২০ টাকা আদায়

কাঁঠালিয়ার কচুয়া-বেতাগী খেয়াঘাটে বিষখালী নদী পারাপারে ৪ টাকার ভাড়া ২০ টাকা আদায়, যাত্রী হয়রানী, যাত্রীদের সাথে খারাপ ব্যাবহার, অতিরিক্ত যাত্রী বহন, অদক্ষ চালক, অপর্যাপ্ত ও ত্রুটিযুক্ত ট্রলার দিয়ে নদী পারাপারসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বছরের শুরুতেই ইজারাদাররা সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে ইচ্ছেমত খেয়া পারাপার শুরু করছে। এমন কি টোল আদায়কারীরা স্কুল, কলেজ, ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথেও খারাপ আচরণ করে এবং ভাড়া কম দিতে চাইলে লাঞ্ছিত হতে হয় যাত্রীদের। সাধারণ যাত্রী পারাপারে ৪ টাকার পরিবর্তে ২০টাকা স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র ছাত্রীদের ফ্রি পারাপারের নিয়ম থাকলেও তাদের কাছ থেকেও ২০ টাকা, একটি মটরসাইকেল পারাপারে ১০ টাকার পরিবর্তে ৫০টাকা, বাইসাইকেল ৫ টাকার পরিবর্তে ৩০ টাকা, গরু, মহিষ, ছাগল ভেড়া ৫ টাকার পরিবর্তে ১০০টাকা, আসবাবপত্র ১০টাকার পরিবর্তে ৩০০টাকা ও হালকা যানবাহন সর্বনিম্ম ১০০টাকা করে আদায় করা হয়। মটরসাইকেল ভাড়া করে নিয়ে আসা যাত্রী শিকদার মোঃ কাজল, অধ্যাপক শাহজালাল সিকদার, অধ্যক্ষ মোঃ শহিদসহ অনেকে অভিযোগে বলেন, আমরা অনেক নদী মটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছি, এত বেশি ভাড়া অন্য কোথাও নেই এবং অদক্ষ চালক দিয়ে নদী পারাপার করা হয়। ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পারাপারের নিয়ম ভেঙে সন্ধ্যা ৭ টার পরেই নদী পার হতে হলে রির্জাভ ৪০০ টাকা নেয়া হয়। অনেক যাত্রী, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রী ও শিক্ষকরা জানান, দৈনিক হাজার হাজার যাত্রী এ বিষখালী নদী পারাপার হয় মাত্র ২ টি ট্রলার দিয়ে।
এতে বেশির ভাগ সময়ই ঠিক মত ক্লাস পাওয়া যায় না। স্কুল কলেজ মাদরাসার নাম প্রকাশে অনেচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, ছাত্র ছাত্রীদের নদী পারাপারে ফ্রি থাকলেও তাদের কাছ থেকেও ২০ টাকা করে টোল নেয়া হচ্ছে এবং ২টি ট্রলার থাকায় তাদের নদী পারাপারে সমস্যা হচ্ছে, পারছেনা ঠিক সময় ক্লাস করতে। এছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই এবং যান্ত্রীক ত্রুটি থাকায় গরু ও মানুষ একত্রে পারাপারের সময় দুর্ঘটনায় পতিত হতে হয়। ঘাট ইজারাদার রফিকুল ইসলাম, রুস্তুম আলী হাওলাদার ও নুরুল হক কচুয়ার স্থানীয় হওয়ায় কচুয়ার পাড় থেকে ভাড়া আদায় করেন। যাত্রীরা তাদের কাছে জিম্মি! তাদের জুলুম ও অন্যায় আচরনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন প্রতিকার পায়নি বলেও অভিযোগ রয়েছে। কাঁঠালিয়া উপজেলা প্রশাসন এ বিষয়ে নিরব থাকছেন বলে যাত্রীরা অভিযোগ করে বলেন, এর পূর্বে ২ সপ্তাহ যাবৎ ইজারা বন্দোবস্ত না হওয়ায় নির্বাহী কর্মকর্তাকে প্রতিদিন ১১হাজার টাকা করে দিয়ে ম্যানেজ করেছেন। এতে রাজস্ব আদায়ে ক্ষতি হয়েছে বলেও জানান তারা। টোল আদায়কারী নুরুল হক ২০ টাকা আদায় করার কথা স্বীকার করে বলেন, ট্রলার ভাড়া ১৫টাকা ও ঘাট টিকিট ৫টাকা, মোট ২০ টাকা নেওয়া হয়। এ ব্যাপারে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ শরীফ মুহাম্মদ ফায়েজুল আলম বলেন, ‘এর পূর্বেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।’ ইজারাদাররা আপনার দোহাই দেয় বলে অভিযোগ রয়েছে বললে তিনি বলেন, ‘এরকম ওরা বলে থাকে, তার পরও আমি আবারও ব্যবস্থা নিচ্ছি।’

সুন্দরবনের বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৪ সদস্য মুক্ত

সুন্দবন ও সুন্দরবন উপকুলবর্তী বঙ্গোবসাগরের জেলেদের কাছে মূর্তমান আতংক আত্নসমর্পনকারি বনদস্যু আলিফ ও কবিরাজ বহিনীর ২৪ সদস্য মুক্তি পেয়েছে। বুধবার দুপুরে বনদুস্যরা বাগেরহাট কারাগার থেকে মুক্তি পান। মঙ্গলবার বনদস্যুদের পক্ষে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে শুনানী শেষে আদালতের বিচারক ফজলুল হক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আলিফ বাহিনীর প্রধান আলিফ এর নামে অন্য মামলা থাকায় বাহিনী প্রধান আলিফ ছাড়া বাকি ২৪ সদস্য কারাগার থেকে মুক্তি পেয়েছে। উল্লেখ্য গেল মাসের ২৯ তারিখ পটুয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের হাতে ৩১ টি অস্ত্র ও ১ হাজার ১ শ ১০ রাউন্ড গুলি জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য আত্মসমর্পণ করে।
একইদিন বিকেলে র‌্যাব-৮ এর ডিএডি মো.আমজাদ হোসেন বাদি হয়ে দস্যুতা ও অস্ত্র আইনে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্যের নামে শরনখোলা থানায় মামলা দায়ের করেন। রবিবার বিকেলে শরনখোলা থানা পুলিশ ওই মামলায় তাদের আদালতে হাজির করলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। কারাগার থেকে মুক্ত আলিফ ও কবিরাজ সুন্দরবনের আতœসমার্পনকারী ১১ ও ১২ তম বনদস্যু বাহিনী । এর আগে বাকি ১০ টি বাহিনীর সদস্যরাও জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে।

গোপনে ২৪ হাজার ফুট উঁচুতে উঠেও শেষ রক্ষা হলো না

কোনো রকম ফি না দিয়ে গোপনে এভারেস্টে ওঠার সময় এক পর্বতারোহীকে আটক করেছে নেপালের পুলিশ। কারণ এভারেস্ট পর্বতমালায় উঠতে হলে নেপাল কর্তৃপক্ষকে ১১ হাজার ডলার ফি দেতে হয়। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত আমেরিকান রায়ান সিন ডেভি এবং তার বয়স ৪৩ বছর। বুধবার তাকে আদালতের সামনে উপস্থাপন করার কথা রয়েছে। মি: ডেভির নেপালি বন্ধুরা বলছেন, তার কাছে কোনো অর্থ না থাকার কারণে সে হেটে বেড়ায়। এখন তার কী শাস্তি হয় সেটি নিয়ে তিনি উদ্বিগ্ন। মি: ডেভি এভারেস্টের ২৪ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠেছিলেন। কিন্তু সেখানে টহলরত নেপালের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। এভারেস্টে ওঠার অনুমতি না থাকায় নিরাপত্তারক্ষীরা তার পাসপোর্ট জব্দ করে। কোন রকম সাহায্য ছাড়াই একা এভারেস্টে উঠার নজির খুবই বিরল।
পর্বতারোহীদের প্রায় সবাই এভারেস্টে উঠার সময় একজন গাইড বা পথ প্রদর্শক নিয়ে যায়। এছাড়া তাদের সাথে নানা ধরনের যন্ত্রপাতিও থাকে। মি: ডেভি বলছেন, তিনি কোন অনুমতি ছাড়াই যে এভারেস্টে উঠার চেষ্টা করেছেন এর ফলাফল কী হবে সেটি তার জানা নেই। এভারেস্টে ওঠার জন্য পর্বতারোহীদের যে ফি দিতে হয় সেটি নেপালের আয়ের একটি বড় উৎস। অনেকে মনে করেন, মি: ডেভিকে আটকের মাধ্যমে নেপালের কর্তৃপক্ষ একটি কড়া বার্তা দিতে চাইছে। এর মাধ্যমে তারা অন্য পর্বতারোহীদের বোঝাতে চাইছে যে ফি না দিয়ে এভারেস্টে উঠার চেষ্টা করলে শাস্তি পেতে হবে। সূত্র: বিবিসি

'ভারত-বাংলাদেশ সীমান্ত মেয়েদের জন্য আতঙ্কের '

ভারতে শিশুদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা বলছে,বাংলাদেশের সীমান্ত এলাকার পরিবারগুলো তাদের সন্তানদেরকে পাচারের কবল থেকে বাঁচাতে অনেকেই বাল্যবিবাহের পথ বেছে নিচ্ছেন। 'জাস্টিস এন্ড কেয়ার' নামের সংস্থাটি বলছে,শিশু-কিশোরীরা পাচার হতে পারে এই আশঙ্কা করলেও তারা পুলিশ অথবা সীমান্তরক্ষীদের না জানিয়ে ভয়ে চুপ করে থাকেন তাঁরা। পশ্চিমঙ্গের সীমান্ত এলাকার আটটি গ্রামে সংস্থাটির চালানো এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এ সমীক্ষাটি প্রকাশ করা হয়। ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী আটটি গ্রামের প্রায় তিনশ কিশোরী এবং প্রায় দেড়শ মায়ের সঙ্গে কথা বলে সমীক্ষকরা জানাচ্ছেন, মূলত প্রলোভন দেখিয়ে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলি থেকে, এবং বাংলাদেশ থেকে ভারতে, শিশু-কিশোরী পাচার হচ্ছে। 'জাস্টিস এন্ড কেয়ার' সংস্থাটির গবেষণা পরিচালক সায়ন্তনী দত্ত বলছিলেন, "আমাদের সমীক্ষার একটা উদ্দেশ্য ছিল এটা জানার যে সীমান্ত অঞ্চলের মানুষ পাচারের ব্যাপারে কতটা জানেন। আমরা দেখেছি তাঁরা সবকিছুই জানেন। কিন্তু তা স্বত্ত্বেও চুপ করে থাকতে বাধ্য হন। পুলিশ বা সীমান্তরক্ষী বাহিনীকে পাচারের ব্যাপারে জানাতে চান না ভয়ে। পাচারকারী বা তাদের দালালরা ওই এলাকাতেই ঘোরে আর তারা ভীষণ ক্ষমতাবান। তাদের যদি শাস্তি না হয়, তখন যিনি খবর দিয়েছেন, তাকেও বিপদের মুখে পড়তে হবে। এই আশঙ্কাতেই চুপ করে থাকেন সবাই।" এছাড়াও সমীক্ষায় দেখা গেছে যে সীমান্ত অঞ্চলটি মেয়েদের কাছে, বিশেষত কিশোরীদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছে। কারণ প্রলোভন দেখিয়ে পাচার করা ছাড়াও অপহরণ করে বা মাদক খাইয়েও মেয়েদের নিয়ে যাচ্ছে পাচারকারীরা। অনেক মেয়েই সমীক্ষকদের জানিয়েছে যে তারা স্কুলে বা প্রাইভেট টিউশনি পড়তে যেতেও ভয় পায়। "সমীক্ষায় দেখা গেছে যে অনেক বাবা-মা তাঁদের মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন যাতে তারা বিপদে না পড়ে, অর্থাৎ পাচারকারীদের খপ্পরে না পড়ে," বলছিলেন মিজ. দত্ত। আবার বাংলাদেশ থেকে যাদের পাচার করে ভারতে নিয়ে আসা হয়েছে, তাদের অনেকের সঙ্গে কথা বলে সমীক্ষকরা দেখেছেন যে পাচার হবার বিষয়টি তারা বুঝতেই পারেনি। কিশোরীরা অনুমান করতে পারেনি যে তাদের অন্য দেশে আনা হয়েছে। সায়ন্তনী দত্তর কথায়, "তারা হয়তো ভেবেছে বাংলাদেশেরই কোনও জায়গায় কাজের জন্য বা বিয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
রাতের বেলা যে তাদের আন্তর্জাতিক সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছে, এটা পরের দিন সকালে তারা টের পেয়েছে। কিন্তু এদেশে কার কাছে সাহায্য চাইবে, সেটা তারা জানে না।" সমীক্ষক দল ভারতীয় সীমান্তরক্ষী বাহিণী বা বিএসএফের কাছে সুপারিশ করেছে যে সীমান্তরক্ষী বাহিনীকে আরও সংবেদনশীল হতে হবে শিশু পাচারের বিষয়ে। যেভাবে সীমান্ত এতদিন পাহারা দিয়ে এসেছে, সে পদ্ধতি বদল করতে হবে। সীমান্ত চৌকিগুলিকে পাচারের শিকার হওয়া শিশু-কিশোরীদের কাছে আরও মিত্রভাবাপন্ন করে তুলতে হবে। বর্ডার গার্ডস বাংলাদেশের সঙ্গেও যৌথভাবে পাচার রোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিএসএফ'র দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল পি এস আর আঞ্জানিয়েলু বলছিলেন, "কারা পাচারের শিকার হয়ে আসছে, আর কারা অনুপ্রবেশ করছে - এই পার্থক্য করাটা বিএসএফ সদস্যদের কাছে খুবই কঠিন। পাচারের বিষয়ে কিছুটা জানা থাকলেও অনেক সময় আমাদের ভুল হচ্ছে, কারণ আমাদের ঠিকমতো প্রশিক্ষণ নেই এ বিষয়ে। সবেমাত্র এই বিষয়টা জানতে বুঝতে শুরু করেছি আমরা।" সীমান্তরক্ষীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে যাতে পাচারের শিকার হওয়া ব্যক্তিদের ব্যাপারে অনেক বেশী সংবেদনশীল করানো যায় বাহিনীকে। প্রশিক্ষনের অংশ হিসাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে সীমান্ত প্রহরীদের নিয়মিত দেখা-সাক্ষাত এবং মত বিনিময় করানো হচ্ছে সীমান্তে। স্বেচ্ছাসেবী সংগঠন জাস্টিস এন্ড কেয়ারকে দিয়ে এই সমীক্ষাটি বিএসএফই করিয়েছে। সীমান্ত অঞ্চলের মানুষদের একটা বড় অংশের মধ্যে বিএসএফের প্রতি যে একটা বিরূপ মনোভাব রয়েছে, শিশুপাচার রোধ নিয়ে কাজ করলে সেই মনোভাবও কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছে বিএসএফ। বাংলাদেশ সীমান্তের মতো একটা বন্ধুত্বপূর্ণ সীমান্তের গ্রামবাসীদের বিএসএফের প্রতি বিরূপ মনোভাব কাটিয়ে উঠার উপায় নিয়ে গবেষণা করতে দিল্লিতে একটি গবেষনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সুত্র : বিবিসি বাংলা, কলকাতা

কক্সবাজারে আকাশ থেকে পড়ল ডেমো বোমা

হঠাৎ করেই আকাশ থেকে অজানা বস্তু পড়ায় চাঞ্জল্য সৃষ্টি হয়েছে কক্সবাজারের পেকুয়া এলাকায়। মঙ্গলবার বিকাল বড় সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তু ওপর থেকে পড়ে। পরবর্তীতে জানা গেছে, বিমানবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি ‘ডেমো বোমা’ সেটি। বিমান বাহিনীর বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান থেকে ওই ডেমো বোমাটি পড়ে গেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিলিন্ডার আকৃতির ওই বস্তুটি পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় বেড়ীবাঁধে পড়ে। তবে খোলা জায়গায় পড়ায় হতাহতের কোনো ঘটনা সেখানে ঘটেনি। আকাশ থেকে বড় একটি বস্তু পড়ার খবরে তাৎক্ষণিকভাবে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। একটি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ারও গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
দেখা যায় ধাতব বস্তুটির মাঝামাঝি অংশে চারটি ছোট আকারের ডানা রয়েছে। মুখের দিকের কাচ ভেঙে যাওয়ায় ভেতরে একটি ক্যামেরা ও বিভিন্ন যন্ত্রপাতিও দেখা যায়। এসব বৈশিষ্টের কারণে কেউ কেউ সেটি বোমা অথবা বোমার খোলস হিসেবে চিহ্নিত করেন। পুলিশ পৌঁছানোর পর ওই এলাকা ঘিরে ফেলা হয়। সন্ধ্যা ৬টার পর বিমানবাহিনীর দলটি পেকুয়া পৌঁছালে তাদের কাছে ‘ডেমো বোমাটি’ হস্তান্তর করে পুলিশ। তবে সেটি কী ধরনের বোমা ছিল, কীভাবে তা বিমান থেকে পড়ে গেল- প্রসব প্রশ্নের উত্তর মেলেনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুশীলন বা মহড়ায় ‘ডেমো বোমা’ ব্যবহার করা হয়। সাধারণত শিক্ষানবীশ পাইলটদের প্রশিক্ষণের সময় এ ধরনের ‘ডেমো’ দেওয়া হয়। সূত্র: বিডি নিউজ

কুমিল্লা বোর্ডের ৯৩০ শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ফল বিপর্যয়ের বিষয়ে জানতে চেয়ে এ বোর্ডের অধীন ছয় জেলার ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে। এ বছর এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের ছিল মাত্র ৫৯ দশমিক তিন শতাংশ। যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ কম। কুমিল্লা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন জানান, ফল খারাপ কেন হলো এর কারণ দর্শানোর জন্য কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর জেলার ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নোটিশ পাঠানো হয়েছে। একই সাথে এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী হতে পারে সে বিষয়েও তাদের নিকট পরামর্শ চাওয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন করেন। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক বলেন, কুমিল্লা বোর্ডের ফল বিপর্যয় হওয়ায় আমরা অনেকটা হতাশ। এর কারণ ও করণীয় সম্পর্কে জানতে বিদ্যালয়গুলোতে চিঠি দেয়া হয়েছে। জবাব আসার পর মাঠ পর্যায়ে গিয়ে তা সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, ভালো শিক্ষকরা শহরমুখী হওয়ায় মফস্বল পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সংকট সৃষ্টি হয়েছে।

মোখছেদুল মোমিন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ-মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোখছেদুল মোমিন মোট ৩৬,৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি-মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রভাষক শওকত হায়াত শাহ পেয়েছেন ২০,৩৯৮ ভোট। রির্টানিং অফিসার জিলহাজ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

আ'লীগের ৪ কর্মী হত্যায় ২৩ জনের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পনের বছর আগে আওয়ামী লীগের চার কর্মীকে হত্যার দায়ে ২৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার বুধবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ১৯ আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য চারজন এখনও পলাতক। অতিরিক্ত পিপি জাফরিন আহমেদ বলেন, ২০০২ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামের আওয়ামী লীগ সমর্থক চারজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আপন জুয়েলার্সের মালিক

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে হাজির হয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। তার সাথে রয়েছেন তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। অন্যদিকে দ্য রেইনট্রি হোটেলের পক্ষে হাজির হয়েছেন তাদের আইনজীবী জাহাঙ্গীর কবির। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সেখানে পৌঁছান। এর আগে এই দুই প্রতিষ্ঠানের মালিকদের হাজির হতে নোটিশ দিয়েছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জানা যায়, আপন জুয়েলার্সের সীমান্ত স্কয়ার, উত্তরা ও মৌচাক শাখার দায়িত্বে রয়েছেন দিলদার আহমেদ।
গুলজার আহমেদ দেখেন প্রতিষ্ঠানের গুলশানের ডিএনসিসি মার্কেট শাখা ও সুবাস্তু মার্কেট শাখার দায়িত্বে রয়েছেন আজাদ আহমেদ। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দ্য রেইনট্রি হোটেলের মালিক অসুস্থ থাকায় তাদের পক্ষে তাদের আইনজীবী কার্যালয়ে এসেছেন। উল্লেখ্য, আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। গত ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়।

চট্টগ্রাম বিএনপির ২ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসানকে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তারা দুজনই এখন থেকে দলের কোনো সাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত থাকতে পারবেন না। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমকে তার দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

বিএনপির ভিশন নিয়ে আ’লীগ হা-হুতাশ করছে : নোমান

দেশের মানুষ বর্তমানে এক কর্তৃত্ববাদী সরকারের অধীনে পড়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির দেয়া ভিশন নিয়ে আওয়ামী লীগ হা-হুতাশ করছে। তিনি বলেন, দেশে এখন কোনো কথা বলা যায়না। কথা বলার অধিকার নাই। সরকারের সমালোচনা করলে প্রতিনিয়ত হামলা মামলার শিকার হতে হচ্ছে। এই হলো এখন দেশের অবস্থা। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠন। আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের সোনালি ফসল হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। তা রক্ষা করা আমাদের পবিত্র আমানত। কারণ অসংখ্য মা বোনেরা রক্ত দিয়েছেন। বহু মানুষ জীবন দিয়েছেন। তা আমাদেরকে রক্ষা করতে হবে। অথচ বর্তমান সরকার সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চক্রান্ত করছে। দলের সদ্যঘোষিত ‘ভিশন-২০৩০’ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভিশন দিয়েছে দেশের উন্নয়নের জন্য। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য।
আমরা সেখানে বলেছি জনগণের অর্থনৈতিক মুক্তি আনতে রফতানি বাড়াতে হবে। মাথাপিছু আয় বাড়াতে হবে। অবৈধ সকল কালাকানুন বাতিল করা হবে। প্রধানমন্ত্রীর একক ক্ষমতার ভারসাম্য আনা হবে। আমরা এখন অপূর্ণ জিনিসগুলো পূর্ণ করবো। নোমান বলেন, আজকে আমাদের ভিশন নিয়ে আওয়ামী লীগ হা-হুতাশ করছে। তারা শঙ্কা করছে আমাদের ভিশন নিয়ে জনগণের মনে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় কিনা? আসলে জনগণ ভিশনকে একটি সমৃদ্ধির সোপান হিসেবে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। সাবেক এই মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকার দিতে হবে। এটা শুধু আমাদের দাবি নয়, আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। নেতাকর্মীদের আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঝড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টির আশংকা

দেশের কোথাও-কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের আনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু-কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সূত্র : বাসস

যেকোনো মুহূর্তে যেকোনো স্থানে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা!

নতুন করে ফের মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যা নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ছে গোটা বিশ্বে। এই অবস্থায় ফের মিসাইল পরীক্ষার হুঁশিয়ারি দিল পিয়ংইয়ং। যেকোনো স্থানে, যেকোনো সময়ে ফের পরমাণুবোমা বহনে সক্ষম আরো আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া। কিমের নির্দেশেই এই হামলা চালাতে পারে বলে জানা গেগছে। ফলে, পিয়ংইয়ংয়ের হুঁশিয়ারি মোতাবেক নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন রাষ্ট্রনেতারা। সংবাদসংস্থা রয়টার্সে প্রকাশিত খবর মোতাবেক, সদ্য পরীক্ষা করা মিসাইলটি একেবারে দেশীয় প্রযুক্তিতে সম্পূর্ণ অন্য ধরণের একটি মিসাইল বলে দাবি করেছে উত্তর কোরিয়া। কিম জং উনের নির্দেশেই এই মিসাইল হামলা হয়।
এই মিসাইলের মাধ্যমে ‘বড় ধরনের পারমাণবিক হামলা’র ক্ষমতা পরীক্ষা করেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার উত্তর কোরিয়া জানায়, তারা নতুন ধরণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাইয়ে এই পরীক্ষা চালান। তারা দেখতে চেয়েছে যে বড় ধরণের পরমাণু হামলায় ক্ষেপণাস্ত্রটি সক্ষম কিনা। এরপর চীনে নিয়োজিত উত্তর কোরীয় রাষ্ট্রদূত ঝি জোয়াও রিয়ংকে উদ্ধৃত করে কেসিএনএ জানায়, ধারাবাহিকভাবে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে চায় উত্তর কোরিয়া। ঝি জোয়াও কেএনএসএ-কে জানিয়েছেন, ‘উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্ব চাইলে যেকোনো সময়, যেকোনো স্থানে আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।’

এবার সৌদি আরবের কাছে থাড বিক্রি করবে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন সৌদি আরব সফরে রিয়াদকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’ সরবরাহের চুক্তি করার কথা ভাবছেন। এই সফরে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কয়েকশ’ কোটি ডলারের সমরাস্ত্র চুক্তি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলি। খুব শিগগিরই প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব ও ইসরাইলে যাবেন। ইসরাইল পাশাপাশি তার রিয়াদ সফর সৌদি আরবের প্রতি টাম্প প্রশাসনের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি ফুটিয়ে তুলেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার পক্ষ নেয়ার কারণে ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল রিয়াদ। সেই দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যেই মূলত ডোনাল্ড ট্রাম্প রিয়াদ সফরে যাবেন। এদিকে মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পদস্থ কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির চুক্তি করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অস্ত্র শিল্পে প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান। দৃশ্যত, তিনি এই সফরে রিয়াদকে ১০০ কোটি ডলার মূল্যের ‘লকহিড মার্টিন’ কোম্পানির তৈরি থাড ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেবেন। উত্তর কোরিয়ার সঙ্গে সৃষ্ট উত্তেজনার অজুহাতে আমেরিকা সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এই ব্যবস্থা মোতায়েন করেছে। চীন ও রাশিয়া মার্কিন সরকারের ওই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বেইজিং ও মস্কো মনে করছে, উত্তর কোরিয়াকে লক্ষ্য করে থাড মোতায়েন করা হলেও এর মূল লক্ষ্য চীন ও রাশিয়া।

রহস্যজনক বারমুডা ট্রাঙ্গেলে নিখোঁজ বিমান

আবার বারমুডা ট্রাঙ্গেলে রহস্যজনভাবে নিখোঁজ এক বিমান৷ বাহামা দ্বীপপুঞ্জের কাছে একটি ছোট বিমান কয়েকজন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে গেছে৷ এর জেরেই ছড়িয়েছে আতঙ্ক৷ কারণ বারমুডা ট্রাঙ্গেল অঞ্চল থেকেই বিমানটি নিখোঁজ হয়েছে৷ মার্কিন মুলুকের মিয়ামি এটার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, বিমানটিতে ছিলেন মোট চার যাত্রী৷ এরা একই পরিবারের৷ বিমানটির সর্বশেষ অবস্থান ছিল, সমুদ্র থেকে ২৪ হাজার ফুট উঁচুতে ও গতিবেগ ছিল ৩০০ নটিক্যাল মাইল৷ শয়তানের ত্রিভূজ নামেও এটি পরিচিত৷ আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখান বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে৷ কেনও এই ধরণের অন্তর্ধান সে নিয়ে চলছেছে জল্পনা৷ কেউ বলেন এসবই দূর্ঘটনা৷ কারও দাবি, কোনো অতিপ্রাকৃতিক কোনো শক্তি বা ভিনগ্রহের কোনো প্রাণীর উপস্থিতি। ফ্লোরিডার আটলান্টিক উপকূল, পুয়ের্তোরিকো, বারমুডা দ্বীপপূঞ্জ এবং বাহামা নিয়ে ছড়িয়ে রয়েছে রহস্যজনক বারমুডা ট্রাঙ্গেল।

এফবিআইয়ের তদন্ত 'বন্ধ করতে চেয়েছিলেন' ট্রাম্প

মার্কিন গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআই প্রধান জেমস কোমিকে তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে রাশিয়ার সম্পর্কের তদন্ত বন্ধ করতে অনুরোধ করেছিলেন। গত ফেব্রুয়ারিতে তিনি কোমিকে এই অনুরোধ করেন বলে নিউ ইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছে হোয়াইট হাউজ। প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহেই জেমস কোমিকে বরখাস্ত করে বিতর্কের মুখে পড়েছেন। খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগের মাত্র একদিন পর হোয়াইট হাউজে এক বৈঠকে এবিষয়ে তদন্ত না করার জন্য জেমস কোমিকে অনুরোধ করেন তিনি। রুশ রাষ্ট্রদূতের সাথে যোগাযোগের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করেছিলেন জেনারেল ফ্লিন। মার্কিন গণমাধ্যম বলছে, এবিষয়ে তদন্ত বন্ধ করার জন্য ট্রাম্প অনুরোধ করার পর বৈঠক শেষেই একটি নথিতে এই তথ্যটি লিখে রেখেছিলেন কোমি।
তবে হোয়াইট হাউজ এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছে। হোয়াইট হাউজ বলছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে জেনারেল ফ্লিন একজন ভাল মানুষ এবং যিনি কিনা দেশকে রক্ষার জন্য কাজ করেছেন। তবে প্রেসিডেন্ট কখনোই ফ্লিন বা অন্য কারো বিষয়ে তদন্ত বন্ধ করার অনুরোধ করেননি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার আগে ফ্লিন রুশ রাষ্ট্রদূতের সাথে দেখা করে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেয়ার বিষয়ে কথা বলেছিলেন এমন খবর ফাঁস হবার পরই ফ্লিনকে পদত্যাগ করতে হয়। বিষয়টি নিয়ে তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। রাশিয়ার কাছে তথ্য ফাঁসের অভিযোগের পরপরই ফ্লিনের বিষয়ে তদন্তে বাঁধার অভিযোগ এলো ট্রাম্পের বিরুদ্ধে। সমালোচকরা বলছেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং তার সহযোগীদের সাথে রাশিয়ার যোগাযোগের বিষয়ে যেকোনো তদন্তে বাধা সৃষ্টি করতে চাইছেন ট্রাম্প। সূত্র : বিবিস

৩০ মিনিটেই যুক্তরাষ্ট্রকে মুছে দেবেন কিম!

কিমের একটা ঠাণ্ডা গলার নির্দেশ৷ তারপরে মাত্র ৩০ মিনিট সময় লাগবে আমেরিকাকে ধ্বংস করার জন্য৷ উত্তর কোরিয়ার মিসাইলের আঘাতে গুঁড়িয়ে যাবে ওয়াশিংটন৷ এমনই খবর দিচ্ছে সংবাদ সংস্থা এপি৷ তাদের দাবি, কিমের পরমাণু হামলার সম্ভাবনায় চিন্তিত আন্তর্জাতিক মহল৷ রোববার কোরিয়ার পানিসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া৷ গবেষকদের দাবি, এটাই নাকি ভয়ঙ্করতম মিসাইল৷ কোথায় কোথায় ওই মিসাইল পৌঁছতে পারে সে নিয়ে হিসেব-নিকেশ কষেছেন অনেকেই। জানা গেছে, এই মিসাইল নাকি পৌঁছে যেতে পারে একেবারে মার্কিন মুলুক পর্যন্ত। সেই সূত্র ধরে কিছু গবেষকের দাবি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মাত্র আধঘণ্টা সময় পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তারপরই প্রবল ধ্বংসাত্মক রূপ নিয়ে সেই মিসাইল আছড়ে পড়বে মার্কিন মুলুকে৷
আধঘণ্টায় বিলীন হবে ওয়াশিংটন
মার্কিন রাজধানীর বুকে উত্তর কোরিয়ার এই মিসাইল আছড়ে পড়তে সময় নেবে ৩০-৩৯ মিনিট৷ ফলে চিন্তা বাড়ল আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের৷ কোরীয় উপদ্বীপ ঘিরে রাজনৈতিক সংকটের কালো ছায়া ঘনিয়ে এসেছে ১১ হাজার কিলোমিটার দূরে মার্কিন মুলুকে৷
সানফ্রানসিসকো ধ্বংস হবে ৩০-৩৫ মিনিট
মার্কিন মুলুক ধ্বংস করতে মাত্র আধঘণ্টা সময় নেবেন উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উন৷ রবিবার যে মিসাইল পরীক্ষা করেছে পিয়ং ইয়ং তার ক্ষমতা সম্পর্কে রীতিমতো চিন্তিত গবেষকরা৷
গুয়াম : মার্কিন মুলুকের ছোট্ট দ্বীপরাষ্ট্র৷ প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপে রয়েছে মার্কিন সেনাঘাঁটি৷ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মাত্র ২০ মিনিটেই শেষ করতে পারে সেই দ্বীপ৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশের বাইরে জাপান ও দক্ষিণ কোরিয়ার মার্কিন সেনা ঘাঁটিকে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলার পাল্লায় এনে ফেলেছে উত্তর কোরিয়া৷ ১০ মিনিটেই নিশ্চিহ্ন হবে জাপান মাত্র দশ মিনিটে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে জাপানের রাজধানী টোকিও৷ সর্বাধিক ১১ মিনিট সময় লাগতে পারে৷ এমনই হামলায় প্রস্তুত উত্তর কোরিয়া৷ পরিস্থিতি বুঝে পাল্টা প্রতিরোধে যাচ্ছে জাপান সরকার৷ উত্তর কোরিয়ায় হামলা চালানোর জন্য পাল্টা মিসাইল তৈরি রাখা হয়েছে৷ আর হাতের নাগালে থাকা দক্ষিণ কোরিয়াতে চাইলেই চোখের পলকে প্রবল আঘাত করতে পারেন কিম জং উন৷

হত্যা মামলার প্রধান আসামি ক্রিকেটার মুশফিকের বাবা

বগুড়ায় জাসদ নেতার ছেলে স্কুলছাত্র মাসুক ফেরদৌস মাসুক হত্যাকাণ্ডে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীম মিতুর বাবা বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মাসুকের বাবা ও জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদ। মঙ্গলবার বিকেলে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন - ক্রিকেটার মুশফিকুর রহিমের চাচা বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মেজবাহুল হামিদ (৪৫), মোঃ লাল মিয়া (৪০), মোঃ খায়রুল (৪২), আল আমিন হেলাল (৪০), ছামছুল (৪৮), মোঃ তারাজুল ইসলাম (৪২), মোঃ নাইম ইসলাম (১৮), মোঃ অনিক ইসলাম (১৯), মোঃ নাহিদ (৩২), কাঞ্চন (২৮), ফয়সাল (২২), শাকিল (২৮), সাকিব (২৪), বিটুল (২৮) ও আল মামুন(৩০)। মামলায় অভিযোগ করা হয়েছে, মাহবুব হামিদ তারা (৫৫) ও তার ছোট ভাই বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মেজবাহুল হামিদের (৪৫) সাথে পারিবারিক শত্রুতা এবং মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বাদির শত্রুতা চলে আসছিল। আসামিরা বিভিন্ন সময় বাদি ও বাদির পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে প্রতিবেশী বেলাল হোসেন ফকিরের বাড়িতে তার ছেলে নাইমকে দিয়ে মাসুক ফেরদৌস মাসুককে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।
প্রধান আসামি মাহবুব হামিদ তারা ও অপর আসামি লালমিয়া মাসুককে জাপটে ধরলে অপর আসামি ফয়সাল মাসুককে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। এসময় মাসুক মাটিতে লুটিয়ে পড়লে হত্যাকারীরা উল্লাস করে চলে যায়। অধিক রক্তক্ষরণে মাসুকের মৃত্যু হয়। এদিকে, হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হলেও সাফিন নামে এক কিশোরকে রেখে বাকি দু’জনকে পুলিশ ছেড়ে দিয়েছে। আটক সাফিন নিহত মাসুক ফেরদৌসের বন্ধু। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (ওসি) এমদাদ হোসেন জানান, মাসুকের বাবা এমদাদুল হক এমদাদ মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এদিকে, স্কুলছাত্র মাসুকের খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবিতে এলাকাবাসী মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

ঝিনাইদহে উগ্রবাদী আস্তানায় অভিযানের সমাপ্তি

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি সন্দেহভাজন উগ্রবাদী আস্তানায় আজ বুধবার দ্বিতীয় দিনের অভিযান শেষে তা সমাপ্ত করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় জারি করা ১৪৪ ধারাও উঠিয়ে নেওয়া হয়েছে।  আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতের বিরতির পর আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।
সাড়ে ১১টার দিকে র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সেখান থেকে নতুন করে কোনো কিছু পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার ওই আস্তানা ঘেরাও করে দিনভর অভিযান চালায় র‍্যাব। পরে সন্ধ্যা ছয়টার দিকে অভিযান স্থগিতের পর আজ আবার অভিযান শুরু হয়।  গতকাল অভিযানে ওই দুই আস্তানার পাঁচটি স্থান থেকে ২টি সুইসাইড ভেস্ট,৫টি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বোমা তৈরির ১৮৬টি পিভিসি সার্কিট, চার ড্রাম রাসায়নিক দ্রব্য ও একটি অ্যান্টিমাইন উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

নির্বাচন সামনে রেখে কৌশলী বিএনপি

আগামীতে সবদলের অংশগ্রহণ ও নির্দলীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আদায়ে কৌশলে এগোচ্ছে বিএনপি। নির্বাচন সামনে রেখে বিভিন্ন হিসাব কষতে শুরু করেছে দলটি। ইতোমধ্যে দলের সর্বশেষ সাংগঠনিক অবস্থা জানতে ৫১টি টিমের মাধ্যমে কার্যক্রম প্রায় সম্পন্ন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি এক দিকে দ্রুত দল গোছানোর কাজ শেষ করছে, অন্য দিকে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা আইনিভাবে লড়ার পাশাপাশি রাজনৈতিকভাবে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন দলটি একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। এই প্রত্যাশায় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলীয় মনোনয়ন পেতে সার্বিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা। সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রদলের অনেক সাবেক নেতা এমপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তারা নিজ নিজ আসনে গিয়ে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। অতীতে ছাত্রদলের অনেক সাবেক নেতা মনোনয়ন পাওয়ায় তারা আশাবাদী হয়ে উঠছেন। এ দিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে একাধিক বলয়। সম্প্রতি নামসর্বস্ব ৫৯টি দল নিয়ে জোট গঠন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদও। বিভিন্ন সভা-সমাবেশে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিও বসে নেই। দলটি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। তবে তা অবশ্যই হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। নির্বাচনের সমান সুযোগ ছাড়া বিএনপি কখনোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে না বলে একাধিক নেতা জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার নয়া দিগন্তকে বলেন, বিএনপি সরকার পরিচালনাকারী দল। নির্বাচনের জন্য আমাদের আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। ইতোমধ্যে বিএনপি ৫১টি সাংগঠনিক টিমের মাধ্যমে দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছে।
এতে দলের অবস্থান ভালো। তবে নির্বাচনের জন্য সমান সুযোগ থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন। বিএনপির একাধিক নেতার সাথে আলাপকালে জানা যায়, বিগত দিনে দলের অনেকেই এমপি-মন্ত্রী হয়ে সুযোগ-সুবিধা ভোগ করলেও দলের দুর্দিনে তাদের রাজপথে দেখা যায়নি। আগামী নির্বাচনে এসব সুবিধাবাদী মনোনয়ন দৌড়ে ছিটকে পড়তে পারেন। গত আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়ায় অনেক তরুণ নেতা বিএনপির হাইকমান্ডের নজর কাড়তে সম হন। ভবিষ্যতে দল ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া যায়Ñ এমন মেধাবী, তরুণ ও মাঠপর্যায়ের জনপ্রিয় সাবেক ছাত্রনেতাদের একটি তালিকা তৈরি করছে হাইকমান্ড। সংশ্লিষ্টরা জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রদলের সাবেক অনেক নেতাই মনোনয়ন পেতে কাজ শুরু করেন। কিন্তু বিএনপি ওই নির্বাচনে অংশ না নিলেও থেমে নেই প্রস্তুতি। তারা নিয়মিত এলাকায় যাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও ধর্মীয় উৎসবে নিজ নিজ নির্বাচনী এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার-ব্যানারে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। দলটির কয়েকজন সিনিয়র নেতা জানান, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির বিভিন্ন কার্যক্রম চলছে। নির্বাচনের আগে ২০ দলীয় জোটকে আরো সক্রিয় করা হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে অন্যান্য রাজনৈতিক জোট ও দলগুলোর সাথেও বিএনপি আলোচনা করবে। তা ছাড়া সদ্যঘোষিত বিএনপির ভিশন-২০৩০ নিয়ে দেশে-বিদেশে সভা-সেমিনারের আয়োজন করা হবে। ভিশন-২০৩০ শিরোনামে বই ছাপিয়ে তা দেশের প্রত্যেকটি ইউনিয়নে পাঠানো হবে। নেতারা বলছেন, বিএনপি মনে করছে আন্দোলন করেই নিরপে সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। জানা গেছে, সাবেক ছাত্রনেতাদের মধ্যে আবদুল লতিফ জনি ফেনী-৩, অ্যাডভোকেট রফিক সিকদার ব্রাহ্মণবাড়িয়া-৬, ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা), শেখ রবিউল আলম রবি ঢাকা-১০, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল মতিন নওগাঁ-৪, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ মুন্সীগঞ্জ-২, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ড. মিজানুর রহমান মাসুম গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী), কামাল আনোয়ার আহম্মেদ ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আবদুল লতিফ জনি বলেন, আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয়। সবসময় দলের পাশে থেকেছি। দাগনভুঁইয়া-সোনাগাজী এলাকার সর্বস্তরের মানুষ যোগ্য, সৎ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চায়।
কোনো ভাড়াটে লোককে নয়। বিএনপি তাকে মনোনয়ন দেবে বলে তিনি প্রত্যাশা করেন। কায়সার কামাল বলেন, বিগত স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের জুলুম নিপীড়ন সত্ত্বে আমার এলাকায় বিএনপির প্রার্থী পাস করেছে। আগামী জাতীয় নির্বাচনেও ইনশাআল্লাহ বিএনপির পক্ষেই মানুষ ভোট দেবে। তারা প্রস্তুত, শুধু পরিবেশ চায়। ছাত্রদলের সাবেক সহসভাপতি নূরুল ইসলাম নয়ন ভোলা-৪, ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর-২, শেখ মো: শামীম ব্রাহ্মণবাড়িয়া-২, থেকে মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন। শেখ রবিউল আলম রবি বলেন, আমি ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ঢাকা-১০ নির্বাচনী এলাকার লোকজনের সাথে আমার নাড়ির সম্পর্ক আছে। দলের দুঃসময়ে পাশে ছিলাম এখনো আছি। এখন দলই সিদ্ধান্ত নেবে কে সেখানে নির্বাচনের যোগ্য? আবদুল মতিন বলেন, চেয়ারপারসন নতুন ধারার রাজনীতি ও নতুন ধারার সরকার গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তরুণ নেতাদের আরো উদ্দীপ্ত করেছে। এলাকার জনগণ আমাকে চায়। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নের েেত্র তরুণদের অগ্রাধিকার দেবেন বলে আশা করি। আমিরুজ্জামান খান শিমুল ঝিনাইদহ-৩, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪, ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক আকরামুল হাসান নরসিংদী-৩ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আমিরুজ্জামান শিমুল জানান, তিনি ১০ বছর ধরে এলাকায় গণসংযোগ করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে বলেন, তিনবার সরকার পরিচালনাকারী দল বিএনপি নির্বাচন ও আন্দোলনের জন্য সবসময় প্রস্তুত। নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে। তবে নির্বাচনের মাঠ সমতল হতে হবে। একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ থাকতে হবে। সরকার যদি সমান সুযোগের নির্বাচনী মাঠ তৈরি না করে তাহলে বুঝতে হবে তাদের অশুভ উদ্দেশ্য আছে। আবদুস সালাম আজাদ বলেন, বিগত আন্দোলনে যাদের খুঁজে পাওয়া যায়নি তাদের মনোনয়ন দেয়া হলে জনগণ প্রত্যাখ্যান করবে। তবে ত্যাগী ও তরুণদের অগ্রাধিকার থাকবে বলে মনে হয়।

‘রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ছাই জলজ ও বন্যপ্রাণীর মারাত্বক ক্ষতি করবে’

আর্ন্তজাতিক পরিবেশ বিশেষজ্ঞ এ ডেনিস লেমলি বলেছেন, প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ছাই জলজ প্রাণী ও বন্যপ্রাণীর ওপর অবশ্যম্ভাবী মারাত্বক বিষাক্ততার সৃষ্টি করবে। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি’র উদ্যোগে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল কক্ষে “রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের কয়লার ছাই অপসারণে সম্ভাব্য বিপদাপন্ন পরিবেশ নিরূপন প্রতিবেদন” শীর্ষক গবেষনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ ডেনিস লেমলি এ আশঙ্কার তথ্য দেন। সংবাদ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল এর সভাপতিত্বে এতে মুল বক্তব্যে যুক্তরাষ্ট থেকে স্কাইেপের মাধ্যমে এ ডেনিস লেমলি, যুক্তরাষ্ট্র (গৎ. অ উবহহরং খবসষু) আরো জানান, আমেরিকা ও ভারতের কেস স্টাডি থেকে দেখা যায় যে, প্রস্তাবিত ছাই অপসারণের পদ্ধতি মারাত্বক পরিবেশগত দূষণের সৃষ্টি করবে যা বিশ্ব ঐতিহ্য সাইটের চারিদিকের বন্যপ্রাণীর জীবন জীবনকে ঝুঁকিতে ফেলবে। মাছ, বন্যপ্রাণী ও জনগণের ওপর রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্রমপুঞ্জিভুত স্বাস্থ্য ঝুঁকি স্পস্ট,গুরুতর,সহজ অনুমেয় ও অবশ্যম্ভাবী। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অর্থনৈতিক ক্ষতির পরিমান প্রতিবছর খুব সহজেই ১০০ মিলিয়ন ইউএস ডলার ছাড়িয়ে যেতে পারে কারণ বিস্তৃত ক্ষতিকর উপাদানের জন্য ,যা পরিবেশ ও জনসম্পদের ক্ষতি উভয়ের মূল্য থেকে হবে। অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম ও পরিবেশ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এম আবুল বাশার । এছাড়াও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ গবেষক, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন অংশ গ্রহন করবেন।

শাহজালালে বিদেশি সিগারেটসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ১৮৭ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ তিন যাত্রীকে আটক করা হয়েছে। আটকরা হলেন-খুরশিদ আলম, বিল্লাল হোসেন ও আব্দুর রহিম। কর্মকর্তারা জানান, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯৫১৩-তে করে খুরশিদ ও বিল্লাল শাহজালাল বিমানবন্দরে নামেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি করে ৬৮৭ কার্টন সিগারেট জব্দ করা হয়।

মগবাজার–মৌচাক ফ্লাইওভারের সোনারগাঁও অংশ আজ খুলছে

মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার হাতিরঝিল-সোনারগাঁও হোটেল (কারওয়ান বাজার) অংশটি আজ বুধবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তা উদ্বোধন করবেন। এই লুপটি দিয়ে কেবল একমুখী চলাচল করা যাবে। উড়ালসড়কের রমনা (মগবাজার) প্রান্ত থেকে উঠে হাতিরঝিল বরাবর এসে এই লুপ দিয়ে সোনারগাঁও হোটেলের কাছে নামা যাবে। গত বছরের ৩০ মার্চ এই উড়ালসড়কের সাতরাস্তা-হলি ফ্যামিলি অংশ উদ্বোধন হয়। তখনই সোনারগাঁও লুপটি চালুর কথা ছিল। ওই সময় লুপটি ছিল এফডিসির সামনের সড়ক পর্যন্ত। পরে প্রায় এক মাস ধরে আগের লুপের কয়েকটি কলামসহ নিচের অংশ ভেঙে এর দৈর্ঘ্য বাড়িয়ে পুনর্নির্মাণ করা হয়।

সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী আর নেই

সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী মারা গেছেন। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয় বলে সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী জানান। ফারুক আহমেদ চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি হৃদরোগ, কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জোহরের পর ফারুক আহমেদ চৌধুরীর লাশ তার এক সময়ের কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হবে। সেখানে একদফা জানাজার পর আসরের পর ধানমন্ডি ৭ নম্বর রোডে বায়তুল আমান জামে মসজিদে আরেক দফা জানাজা হবে।
পরে আজিমপুর কবরস্থানে বাংলাদেশের সাবেক এই কূটনীতিককে দাফন করা হবে বলে শমসের মবিন জানান। ফারুক আহমেদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরিজীবন শুরু করেন ১৯৫৬ সালে, যখন পাকিস্তান সরকার বাংলাদেশ (তখনকার পূর্ব পাকিস্তান) থেকে মাত্র দুইজনকে মেধার ভিত্তিতে এই ক্যাডারে সুযোগ দিত। বাংলাদেশের স্বাধীনতার আগে ইটালি, নেদারল্যান্ডস ও আলজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই কূটনীতিক। স্বাধীনতার পর তিনি যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও বেলজিয়ামে মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ সার পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন ফারুক চৌধুরী। পরে সরকার তাকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠায় এবং ১৯৯২ সালে অবসরের আগ পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন।

গড়ে ১২ জন খুন হচ্ছে দিনে

দেশজুড়ে প্রতিদিনই ঘটছে খুনের ঘটনা। তা-ও একটি-দু’টি নয়। গড়ে প্রতিদিন প্রায় ১২টি খুনের ঘটনা ঘটছে। খুন হয়েছেন যারা তাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি, ছাত্র, ব্যবসায়ী, সাধারণ মানুষ, গৃহবধূসহ বিভিন্ন পেশা ও বয়সের মানুষ রয়েছেন। রাজশাহীর গোদাগাড়ীতে উগ্রবাদীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ফায়ার সার্ভিসের এক সদস্যকে। গতকাল মঙ্গলবার সকালে সাভারের নামা গেণ্ডা ঘাসমহল এলাকায় ট্রাকচালক একরাম আলীকে পিটিয়ে হত্যা করে তার স্ত্রী আলেয়া ও শ্বশুর আলী হোসেন। তিনি সাভারের বনগাঁও ইউনিয়নের নিকরাইল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গত ১৩ মে রাতে কিশোরগঞ্জের নিকলী উপজেলা দণি হাটি গ্রামে নুরজাহান (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে তার প্রতিবেশী কামরুল ও ইদ্রিস। হাজেরা ওই গ্রামের হাসিম মিয়ার স্ত্রী। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। গত ১১ মে রাতে খাগড়াছড়ির নুনছড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে পিটিয়ে এবং গুলি করে হত্যা করা হয় চিরঞ্জিত ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরাকে। এই ঘটনায় চিরঞ্জিতের স্ত্রী ভবে লক্ষ্মী ত্রিপুরা ও পুত্রবধূ বিজলী ত্রিপুরা গুরুতর আহত হন। স্থানীয় ইউপি সদস্য কালি বন্ধু ত্রিপুরা ও তার ছেলেরা এই ঘটনা ঘটিয়েছে বলে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত ১২ মে বগুড়া শহরের মাটিডালী হাজীপাড়া এলাকায় মাসুক ফেরদৌস (১৬) নামের এক কিশোরকে হত্যা করা হয়। সে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক ইমদাদের ছেলে। একই দিন বরগুনার সদর উপজেলায় যৌতুকের দাবিতে সুস্মিতা জাহান ইলোরা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত ইলোরা সদর ইউনিয়নের দণি হেউলিবুনিয়া গ্রামের মো: মিজানুর রহমান হিরুর স্ত্রী।
যৌতুক চেয়ে ইলোরাকে হিরু নিয়মিত মারধর করতেন বলে অভিযোগ করেছে তাদের মেয়ে নাবা (১৫)। ১২ মে কুমিল্লায় বারো বছর বয়সী মো: সাগর নামে এক শিশুশ্রমিককে অপর এক শ্রমিক পিটিয়ে হত্যা করে। চান্দিনা উপজেলার দারোরা বাজার এলাকায় একটি বেকারিতে ওই ঘটনা ঘটে। গত ৬ মে মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মো: সোহেল (২২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ৭ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে সাকিব হাওলাদার নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং পিরোজপুর ফাজিল মাদরাসার ছাত্র। গত ৯ মে কক্সবাজারের মহেশখালী উপজেলায় যৌতুকের পরিবর্তে ব্যবহৃত স্বর্ণালঙ্কার চেয়ে না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করে তার স্বামী। নিহতের নাম তসলিমা আকতার (২০)। তিনি উপজেলার বড় মহেশখালী ফকিরা ঘোনা এলাকার আবু ছৈয়দের মেয়ে। গত ১৩ মে রাজধানীর খিলগাঁওয়ে মাহামুদা আক্তার মুন্নি (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্বামী সাইফুল আল মামুনকে (৩৫) আটক করে পুলিশ। গত ৫ মে গাজীপুরের শ্রীপুরে যৌতুকের জন্য বড় ভাইয়ের সামনে নববধূ নুরুন্নাহারকে (২০) পিটিয়ে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড স্বামী। শুক্রবার বিকেলে শ্রীপুর পৌর এলাকার দণি ভাংনাহাটি গ্রামের বাবুলের বাড়িতে এই ঘটনাটি ঘটে। গত ৯ মে সম্পত্তির হিসাব চাইতে গিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাইয়ের লাঠির আঘাতে অন্তঃসত্ত্বা বোনের মৃত্যু হয়। নিহতের নাম নিলুফা ইয়াসমিন ওরফে ফারজানা (১৯)। গত ৬ মে কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা আমির হোসেন রাজনকে (৩৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ৮ মে চট্টগ্রামের মিরসরাইয়ে মো: গোলাম মোস্তাফা (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এভাবেই দেশজুড়ে চলছে একের পর এক খুনের ঘটনা। অনেক ঘটনায় দুর্বৃত্তরা ধরা পড়লেও কোনো কোনো ঘটনায় খুনিরা গ্রেফতার হচ্ছে না।

বাদীকে তলব সময় পেলেন তদন্ত কর্মকর্তা

মৃত ব্যক্তি ও ২০ দিনের শিশুকে আসামি করে মামলা করায় এর ব্যাখ্যা চেয়ে মিরপুর মধ্য পাইকপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানকে তলব করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. খুরশীদ আলম এ আদেশ দেন। মঙ্গলবার এ মামলায় চার্জশিট প্রদানকারী তদন্ত কর্মকর্তা মিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া সাব-ইন্সপেক্টর মারুফুল ইসলামের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার দিন ধার্য ছিল। এদিন অসুস্থতার কারণে তিনি সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত বাদীকে ২৩ মে ও তদন্ত কর্মকর্তাকে ২৮ মে হাজির হয়ে এর ব্যাখ্যা দেয়ার জন্য পরবর্তী দিন ধার্য করেন। আদালত সূত্র জানান, এজাহারভুক্ত আসামি মো. আরিফুর রহমান প্রায় চার বছর আগে মৃত্যুবরণ করেছেন।
আরেক আসামি মো. রুবেলের জন্ম গত বছরের ৬ জুন। অর্থাৎ ঘটনার সময় রুবেলের বয়স ছিল মাত্র ২০ দিন। শিশু সন্তানকে ৩০ বছর বয়সী দেখিয়ে মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, তদন্ত কর্মকর্তা সেই মামলা তদন্ত না করেই বাদীর কাছে প্রভাবিত হয়ে আদালতে চার্জশিট দেন। সূত্র আরও জানায়, গত বছরের ২৬ জুন মৃত ব্যক্তি ও নবজাতক শিশুসহ ২৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতদের বিরুদ্ধে চুরি ও মারামারির অভিযোগে মিরপুর থানায় মামলাটি করা হয়। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটেও ওই ২৩ জনসহ অজ্ঞাতদের আসামি করা হয়।

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারওয়ান বাজার অংশ চালু

মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার প্রকল্পের এফডিসি মোড় থেকে কারওয়ান বাজারের অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ফ্লাইওভারের এই অংশের উদ্বোধন করেন। বিজিএমইএ ভবন ও সোনারগাঁও হোটেলের মধ্যবর্তী ফ্লাইওভারের শুরুর অংশে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও ফ্লাইওভারের নির্মাতা প্রতিষ্ঠান এমসিসিসি-তমা কনস্ট্রাকশন লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরই এই অংশে যানবাহন চলাচল শুরু করে। মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশরারফ হোসেন বলেন, মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের যে অংশের কাজ বাকি আছে তা জুনের মধ্যেই শেষ হবে। এর মধ্য দিয়ে এই এলাকার যানজট নিরসন হবে।
তিনি বলেন, ফ্লাইওভার নির্মাণের কাজ করতে গেলে জায়গা লাগে ৬০ মিটার। কিন্তু ২০ মিটারের মধ্যে কাজ করতে হয়েছে। এ কারণে মানুষকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ধাপে ধাপে ব্যয় ও সময় বাড়ানো মগবাজার-মৌচাক ফ্লাইওভার মেগা প্রকল্পের বাকি অংশের নির্মাণ কাজ শেষ হবে আগামী জুনে। এরপর আর একদিন সময়ও বৃদ্ধি করবে না সরকার। সরকারের বেঁধে দেয়া সময়ের আগেই এ প্রকল্পের কার্যক্রম শেষ করতে দৃড় প্রতিজ্ঞ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এ প্রসঙ্গে মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভার প্রকল্পের পরিচালক সুশান্ত কুমার পাল গতকাল যুগান্তরকে বলেন, আগামীকাল (আজ) মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারওয়ান বাজার অংশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা দেয়া হবে। এরপর এই ফ্লাইওভার প্রকল্পের বাকি অংশ আগামী জুনের মধ্যে উন্মুক্ত করে দেয়া হবে। এরপর আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। সংশ্লিষ্টরা জানান, ২০১১ সালের ৮ মার্চ একনেক এই প্রকল্প অনুমোদন করে। প্রথমে প্রকল্পের আকার ছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। পরবর্তীতে ২০১৬ সালের ১৯ জানুয়ারি একনেক সভায় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকায় উত্তীর্ণ করা হয়। ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়নের সময় বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত করা হয়েছে। তিনটি উৎস থেকে এই প্রকল্পে অর্থায়ন করা হয়েছে, এর মধ্যে সরকার অর্থায়ন করেছে ৪৪২ কোটি ৭৩ লাখ টাকা। ৭৭৬ কোটি ১৬ লাখ টাকা অর্থায়ন করছে সউদী ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)।
১৬ ফেব্রুয়ারি ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এই ফ্লাইওভার প্রকল্পটি ঢাকা শহরের স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) অন্তর্ভুক্ত। মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্প তিনটি প্যাকেজে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। প্যাকেজগুলো হল- ডব্লিউ-৪, ৫ ও ৬। তেজগাঁও সাতরাস্তা থেকে সোনারগাঁও লেভেল ক্রসিং হয়ে মগবাজার হোলি ফ্যামিলি পর্যন্ত অংশ প্যাকেজ-ডব্লিউ-৪, শান্তিনগর থেকে মালিবাগ, রাজারবাগ, মৌচাক হয়ে রামপুরা পর্যন্ত অংশ প্যাকেজ-৫ এবং বাংলামোটর থেকে মগবাজার হয়ে মৌচাক পর্যন্ত অংশ প্যাকেজ-৬। আর এই ফ্লাইওভার প্রকল্পের আওতায় ৩টি রেল ক্রসিং-সোনারগাঁও, মগবাজার ও মালিবাগ এবং ৮টি মোড়-সাতরাস্তা, এফডিসি, মগবাজার, ওয়ারলেস গেইট, মৌাচাক, মালিবাগ, রামপুরা ও শান্তিনগর অতিক্রম করেছে। পুরো প্রকল্পের কাজ শেষ হলে এ সকল পয়েন্টের যানজট নিরসনের ফলে ওই এলাকা দিয়ে চলাচলকারীরা ভাল সুবিধা পাবেন। চারলেন বিশিষ্ট এই ফ্লাইওভার সোনারগাঁও রেলক্রসিংয়ের জন্য ৪৫০ মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে মোট দৈর্ঘ্য হয়েছে ৮. ৭০ কিলোমিটার। লেভেল ক্রসিংয়ের জন্য সর্বনিম্ন হেডরুম ৭.২ মিটার এবং সড়কে ৫.৫ মিটার রাখা হয়েছে। ঊঠা-নামার জন্য রাখা হয়েছে ১৫টি র‌্যাম।
প্রসঙ্গত : গত বছরের ৩০ মার্চ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলিফ্যামিলি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত বছরের ১৫ সেপ্টেম্বর এই ফ্লাইওভারের ইস্কাটন অংশের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আজ ১৭ মে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার দিন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার ছয় বছর পর ১৯৮১ সালের এই দিনে দেশে ফিরতে সক্ষম হন তার বড় মেয়ে শেখ হাসিনা। দলীয় সভাপতির ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সাড়ম্বরে পালন করার লক্ষ্যে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকায় বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে অন্য সদস্যদের হত্যার সময় স্বামীর চাকরি সূত্রে জার্মানিতে অবস্থান করছিলেন শেখ হাসিনা। স্বামী-সন্তানের পাশাপাশি ছোট বোন শেখ রেহানাও সে সময় জার্মানিতে তার সঙ্গে অবস্থান করায় বেঁচে যান তারা। এরপর ছয় বছর এদেশে-ওদেশে কাটিয়ে দেন শেখ হাসিনা-ড. ওয়াজেদ দম্পতি। আর শেখ রেহানা চলে যান লন্ডনে। আওয়ামী লীগের ১৯৮১ সালের সম্মেলনে দলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর দুই শিশু সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকে ছোট বোন শেখ রেহানার কাছে রেখে এ দেশে গণতন্ত্র আর প্রগতিশীলতার রাজনীতি ফেরাতে জীবনে ঝুঁকি নিয়ে ফিরে আসেন শেখ হাসিনা। কিন্তু সেদিনের দিনটি এমন নিষ্কলুষ ছিল না। রাজনীতির মতোই প্রকৃতিও সেদিন ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ। দিনটি ছিল রোববার। ছিল কালবৈশাখীর হাওয়া, বেগ ছিল ঘণ্টায় ৬৫ মাইল। প্রচণ্ড ঝড়বৃষ্টি আর দুর্যোগও সেদিন গতিরোধ করতে পারেনি গণতন্ত্রকামী লাখ লাখ মানুষের মিছিল। গ্রাম-গঞ্জ-শহর-নগর-বন্দর থেকে অধিকারবঞ্চিত মুক্তিপাগল জনতা ছুটে এসেছিল রাজধানী ঢাকায়, তাদের একমাত্র আশার প্রদীপ বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী শেখ হাসিনাকে বরণ করতে। মুষলধারার বৃষ্টি-বাদল উপেক্ষা করে তারা বিমানবন্দরে অপেক্ষা করছিল ‘নেত্রী’ কখন আসবেন। অবশেষে বিকাল ৪টায় কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে জনসমুদ্রের জোয়ারে এসে পৌঁছান শেখ হাসিনা। দীর্ঘ সাড়ে  ছয় বছর পর দেশের মাটিতে পা রাখেন তিনি। তাকে এক নজর দেখার জন্য কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত রাস্তাগুলো রূপ নিয়েছিল জনসমুদ্রে। দেশের মাটিতে পা দিয়ে লাখ লাখ জনতার সংবর্ধনার জবাবে শেখ হাসিনা সেদিন বলেছিলেন,
‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি; বঙ্গবন্ধুর নির্দেশিত পথে আমার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনকের হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।’ তার আগমন উপলক্ষে স্বাধীনতার অমর স্লোগান ‘জয় বাংলা’ ধ্বনিতে প্রকম্পিত ছিল ঢাকার আকাশ-বাতাস। জনতার কণ্ঠে বজ নিনাদে ঘোষিত হয়েছিল ‘হাসিনা তোমায় কথা দিলাম- পিতৃ হত্যার বদলা নেব’। সেদিন অবিরাম মুষলধারে বারি-বর্ষণে যেন ধুয়ে-মুছে যাচ্ছিল বাংলার মাটিতে পিতৃ হত্যার জমাট বাঁধা পাপ আর কলঙ্কের চিহ্ন। শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের পর নেতারা তার হাতে তুলে দেন দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যের সাফল্যগাথা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের পতাকা। এর পর থেকে শেখ হাসিনা দলীয় কাউন্সিলে টানা আট বার নির্বাচিত হয়ে দলের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবারসহ তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। যথাযথ প্রক্রিয়ায় বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচারও চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তার দুই সন্তানকেও সুশিক্ষিত করে তুলেছেন। ছেলে সজীব ওয়াজেদ জয় আজ তথ্য-প্রযুক্তিবিদ। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়েছেন। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিশেষজ্ঞ হিসেবে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথাযোগ্য মর্যাদায় দলীয় সভাপতির স্বদেশে ফেরার দিনটি উদযাপনের জন্য দলের সব স্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
কর্মসূচি : দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা গণভবনে গিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবেন। দুপুর আড়াইটায় দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এছাড়া ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালির আয়োজন করবে। আর সহযোগী সংগঠন যুবলীগ এ উপলক্ষে মঙ্গলবার থেকেই ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

১৪ বছরেই স্মাতক!

টেক্সাস ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয় (টিসিইউ) থেকে সবচেয়ে কম বয়সে স্মাতক সম্পন্ন করে রেকর্ড গড়েছেন কারসন উই ইও। তিনি মাত্র ১৪ বছর বয়সে এ ডিগ্রি অর্জন করেন। খবর এপির। গত রোববার বিশ্ববিদ্যালয় থেকে ২ হাজার শিক্ষার্থীকে স্মাতক ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে কারসনের বয়স ছিল সবচেয়ে কম। তার প্রধান বিষয় ছিল পদার্থ বিজ্ঞান। আর গণিত এবং চাইনিজ ছিল ঐচ্ছিক বিষয়। কারসেন ২০১৩ সালে ১১ বছর বয়সে টিসিইউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এমন অনেক প্রিয় বিষয় এখান থেকে শিখেছি, যা আগে জানতাম না। এমনকি জানতামও না যে, এসবের অস্তিত্ব আছে।' কারসেন নিজেকে একজন অতিসাধারণ শিক্ষার্থী বর্ণনা করে কোয়ান্টাম তত্ত্বে উচ্চতর ডিগ্রি নেয়ার আগ্রহের কথা জানান। এর আগে মাত্র ১০ বছর বয়সে গ্র্যাজুয়েট করে রেকর্ডের প্রথমে আছেন মাইকেল কে. কারনেই।

রুশ সংযোগ তদন্ত বন্ধে চাপ দিয়েছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের রুশ সংযোগের অভিযোগের পালে নতুন হাওয়া লেগেছে। সম্প্রতি মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআইয়ের প্রধান জেমস কোমির এক লিখিত মেমো থেকে অভিযোগের পক্ষে আরও গুরুতর প্রমাণ মিলেছে। এক বৈঠক চলাকালে ওই মেমোতে কোমি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে রুশ সংযোগের তদন্ত বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে কোমিকে এ নির্দেশনা দেয়ার পর তিনি তার মেমোতে বিষয়টি লিপিবদ্ধ করে রাখেন। খবর নিউ ইয়র্ক টাইমসের। ওই মেমোতে কোমি লেখেন, 'ট্রাম্প বলেছেন- আমি (ট্রাম্প) আশা করি আপনি এ বিষয়ে তদন্ত বন্ধ করবেন।' এদিকে, এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের পর ট্রাম্প বেশ বেকায়দায় পড়েছেন। নিজ ও বিরোধী শিবিরে ট্রাম্পের রুশ সংযোগের বিষয়ে তদন্তেরও দাবি উঠেছে জোরালোভাবে। গত মঙ্গলবার রিপাবলিকান দলের পর্যবেক্ষক দলের চেয়ারম্যান জেসন চেফেজ, ট্রাম্প ও রুশ সংযোগের বিষয়ে এফবিআই তদন্তের সকল স্মারক, নোট, সারমর্ম ও রেকর্ডিংগুলো সামনে নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন,
ওইসব দলিলাদি সামনে আসলেই বোঝা যাবে ট্রাম্পের রুশ সংযোগ রয়েছে কিনা এবং তিনি তদন্ত কাজকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন কিনা। তবে হোয়াইট হাউজ এক বিবৃতিতে এসব অভিযোগ নাকচ তরে দিয়েছে। হোয়াইট হাউজ বলছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, জেনারেল ফ্লিন একজন ভাল মানুষ এবং যিনি দেশকে রক্ষার জন্য কাজ করেছেন। তবে প্রেসিডেন্ট কখনোই ফ্লিন বা অন্য কারও বিষয়ে তদন্ত বন্ধ করার অনুরোধ করেননি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার আগে ফ্লিন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেয়ার বিষয়ে কথা বলেছিলেন এমন খবর ফাঁস হবার পরই তাকে পদত্যাগ করতে হয়। বিষয়টি নিয়ে ফ্লিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। রাশিয়ার কাছে তথ্য ফাঁসের অভিযোগের পরপরই ফ্লিনের বিষয়ে তদন্তে বাঁধার অভিযোগ এল ট্রাম্পের বিরুদ্ধে। সমালোচকরা বলছেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং তার সহযোগীদের সঙ্গে রাশিয়ার যোগাযোগের বিষয়ে যেকোনো তদন্তে বাঁধা সৃষ্টি করতে চাইছেন ট্রাম্প।

মামলার অভাবে বেকার জাপানি আইনজীবীরা

অভিনব এক সংকটে পড়েছে জাপান। সে দেশের নাগরিকরা মামলাবাজ নয়। নাগরিকদের দ্রুতবিচার নিশ্চিত করার জন্য ১৫ বছর আগে জাপান সরকার আইনজীবীর সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নেয়। কিন্তু সে অনুপাতে মামলা না বাড়ায় বহু আইনজীবী এখন কর্মহীন। ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাপানি সমাজে গতিশীলতা আনতে দেশটির নীতিনির্ধারকরা গত ১৫ বছরে পশ্চিমা আইনি ব্যবস্থার আদলে আইনজীবীর সংখ্যা দ্বিগুণ করে ফেলেছেন। কিন্তু মজার বিষয় হল ততদিনে দেশটিতে মামলার সংখ্যা রেকর্ড পরিমাণ কমে গেছে। ফলে এ পেশায় আসা পুরাতন আইনজীবীরাই আর মক্কেল পাচ্ছেন না, নতুনরা তো একেবারে বেকার বলা যায়! একটি ল’ ফার্মের সহপ্রতিষ্ঠাতা শিনিচি সাকানো বলেন, কোনো সন্দেহ নেই, এখন মক্কেল খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে। কিছু পরিসংখ্যান তুলে ধরলে জাপানে আইনজীবীদের দশাটি স্পষ্ট হবে। ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে বেসরকারি আইনজীবীদের আয় উপার্জন অর্ধেকে নেমে গেছে। অংকের হিসেবে ১ কোটি ৭৫ লাখ ইয়েন থেকে নেমে গেছে ৯০ লাখ ইয়েনে। এ পরিস্থিতিতে গত এক দশকে আইন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি আবেদনও কমেছে ব্যাপকভাবে। এর পেছনে আরও একটি বড় কারণ দীর্ঘ প্রশিক্ষণ এবং ধাপে ধাপে প্রচুর খরচ। ২০১৫ সালে জাপানে মোট আইনজীবীর সংখ্যা ছিল ৩৬ হাজার ৪১৫ জন। গত শতকের শেষের দিকের তুলনায় এটি দ্বিগুণ। এ সময়ের মধ্যে মামলা মোকদ্দমাও কমে গেছে ব্যাপকভাবে। জাপানে এখন প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে আইনজীবীর সংখ্যা ২৮৭ জন।
যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ৩৭৬৯ জন। ১০ বা তার কমসংখ্যক আইনজীবী নিয়ে চলে এমন ল’ ফার্মগুলোতে চাকরি করেন ৭৮ শতাংশ আইনজীবী। সারা দেশে মাত্র ৯টি ফার্ম আছে যারা একশ’ বা তার কিছু বেশি আইনজীবী নিয়োগ দেয়। জাপানের বৃহত্তম ল’ ফার্ম নিশিমুরা অ্যান্ড আসাহি। বিশ্বব্যাপী তাদের মোট আইনজীবীর সংখ্যা ৫২২ জন। যুক্তরাষ্ট্রে বেকার অ্যান্ড মেকেঞ্জির আইনজীবীর সংখ্যা ৪ হাজার। আইনি সহায়তায় যে উপার্জন হয় তা জাপানের মোট জিডিপির শূন্য দশমিক ১ শতাংশ বা ৫০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে এ রাজস্ব জিডিপির ১.২৭ শতাংশ, বা ২২ হাজার ১০০ কোটি ডলার। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে জাপানে ফৌজদারি মামলা কমেছে ৩৬ শতাংশ। কিন্তু দেওয়ানি মামলা বেড়েছে ২.৫ শতাংশ এবং প্রশাসনিক মামলা বেড়েছে ৯.৬ শতাংশ। ২০০৪ সালে সরকারি উদ্যোগে আইনজীবী বাড়ানোর পরিকল্পনার মধ্যে কিছু নিয়মনীতি অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে আইনের ছাত্র, বিচারক অথবা কৌঁসুলিদের দেশের ৪৩টি আইন প্রতিষ্ঠানের কোনো একটিতে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি নিতে হয়। এরপর লিগ্যাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটে ভর্তি হতে জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা দিতে হয়। এখানে এক বছর মেয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। গত এক দশকে এসব আইন প্রতিষ্ঠানে ভর্তির আবেদন উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। অনেক আইনজীবীই পেশা ছেড়ে অন্য কিছু করার কথা ভাবছেন। বিশাল অবকাঠামো এবং সম্ভাব্য বেকারত্ব নিয়ে জাপানি কর্মকর্তারাও উদ্বিগ্ন। তাছাড়া এ পেশা ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কী হবে- সেটাও তাদের ভাবাচ্ছে।

'তিন তালাক আইন দিয়ে নিষিদ্ধ করার বিষয় নয়'

'তিন তালাক মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের ব্যপার, এটা আইন দিয়ে নিষিদ্ধ করার বিষয় নয়।' ভারতের সুপ্রিমকোর্টে এভাবেই তিন তালাকের পক্ষে যুক্তি তুলে ধরেন দেশটির মুসলিম ল' বোর্ডের নেতারা। খবর এনডিটিভি'র। তারা বলেন, চৌদ্দশ' বছর ধরে এই রীতিই চলে আসছে। অযোধ্যায় রামের জন্ম হয়েছিল বলে হিন্দুরা যেমন বিশ্বাস করে, তিন তালাকেও মুসলমানদের একই রকম বিশ্বাস। কাজেই মুসলমানদের এই ধর্মীয় বিশ্বাস আইন দিয়ে নিষিদ্ধ করার বিষয় নয়। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিসহ শীর্ষ পাঁচ বিচারপতির গঠিত বেঞ্চে মঙ্গলবার 'তিন তালাক' মামলার শুনানিতে আইনজীবী হিসেবে সর্বভারতীয় মুসলিম ল'বোর্ডের পক্ষে এ যুক্তি তুলে ধরেন সাবেক আইনমন্ত্রী কাপিল শিবাল।
আদালতে তিনি আরও বলেন, তিন তালাক কোনো অমুসলিম বিধান নয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সময় থেকে এ বিধান ইসলাম ধর্মের অংশ হয়ে আছে। চাইলেই এটাকে তুলে দেয়া যায় না। এসময় প্রধান বিচারপতি জেএস শেখর প্রশ্ন করেন, ই-তালাক গ্রহণযোগ্য কি না? কারণ অনেক মুসলিম নারী অভিযোগ করেছেন, তাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে তালাক দেয়া হয়েছে। জবাবে মুসলিম ল' বোর্ডের আইনজীবী বলেন, 'হ্যাঁ- সামাজিক যোগাযোগ মাধ্যমেও তালাক দেয়া যেতে পারে।' সুপ্রিমকোর্টে গত তিন দিন ধরে তিন তালাক মামলার শুনানি চলছে। মঙ্গলবার চতুর্থ দিনে আদালত জানিয়ে দেয়, এটা যদি ইসলামের বিধান হয়ে থাকে- তাহলে আদালত এতে নাক গলাতে চায় না। সুপ্রিমকোর্টের ওই বেঞ্চে আরও ছিলেন, বিচারপতি কুরিয়ান জোসেফ, বিচারপতি নরিমন, বিচারপতি উদয় উমেশ ললিত এবং আবদুল নাজির।

উত্তর কোরিয়াকে ‘ভয়ভীতি’ দেখাবেন না : পুতিন

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পিয়ংইয়ংকে ‘ভয়ভীতি’ দেখানোর বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে বেল্ট অ্যান্ট রোড শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বক্তব্যে পুতিন কোরিয়া উপদ্বীপে চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমি এটি নিশ্চিত করেই বলতে চাই যে, আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্রের প্রসার ঘটার বিরোধী। আমরা এটাকে ক্ষতিকারক এবং বিপজ্জনক বলেই মনে করি। কিন্তু উত্তর কোরিয়াকে ভয়ভীতি প্রদর্শন করাও প্রহণযোগ্য নয়। এটি বন্ধ করতে হবে এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে।’ রোববার উত্তর কোরিয়া হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এটি প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় উঠে ৭৮৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এ ক্ষেপণাস্ত্রটি ‘নতুন ধরনের’ বলে জানিয়েছে জাপান। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রটির পাল্লা সাড়ে ৪ হাজার কিলোমিটার। এটি যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে আঘাত হানতে সক্ষম।
গুয়ামে আছে যুক্তরাষ্ট্রের এন্ডারসন বিমান ঘাঁটি। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পিয়ংইয়ং দেখিয়ে দিয়েছে যে, ওয়াশিংটন তাদের পরমাণু কর্মসূচি বন্ধে কোনো সামরিক ব্যবস্থা নিলে পাল্টা আঘাত হানার মতো শক্তিশালী উপায় তাদেরও আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে পিয়ংইয়ংয়ের কাছে প্রতিশ্রুতি দাবি করেছে যে, এরপর উত্তর কোরিয়া এ ধরনের আর কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে না। বিবৃতিতে উত্তর কোরিয়ার ‘তাৎক্ষণিকভাবে তাৎপর্যপূর্ণ পদক্ষেপের মাধ্যমে পরমাণু অস্ত্রের নির্মাণ ও উন্নয়ন বন্ধ করার আন্তরিক প্রতিশ্রুতি’ দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর ছয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের এ পদক্ষেপের আগে একই দিন উত্তর কোরিয়া জানিয়েছে, রোববার তারা যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে তা বড় ধরনের পরমাণু বোমা বহনে সক্ষম নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র। এটি ‘নতুন করে বানানো ব্যালিস্টিক রকেটের’ পরীক্ষা ছিল বলে দাবি করেছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার এ দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

ঘুমন্ত ছেলেকে কোলে নিয়েই অটো চালান সাঈদ!

একহাতে শক্ত করে ধরা অটোর হ্যান্ডেল। অন্য হাতে জড়িয়ে দু’বছরের ছেলে। সারা দিনের ক্লান্তিতে ঘুমিয়ে রয়েছে ছেলেটি। তাকে আগলেই হাসিমুখে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন ২৬ বছরের বাবা। নাম মুহাম্মদ সাঈদ। সংসারের একমাত্র রোজগারকারী ব্যক্তি। স্ট্রোকে পঙ্গু হয়ে শয্যাশায়ী স্ত্রী। তাই ছেলেকে কোলে নিয়েই অটো চালান তিনি। সারা দিন ছেলেকে কোলে নিয়েই চলে তার কাজ। নিরুপায় সাঈদ বলেন, ‘সংসারটা তো চালাতে হবে!’ মুম্বাইয়ের ভারসোভায় দু’বছরের ছেলে, তিন মাসের মেয়ে আর ২৪ বছরের স্ত্রী ইয়াসমিনকে নিয়ে ছোট্ট সংসার সাঈদের। সপ্তাহ দুয়েক আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গেছে ইয়াসমিনের। সেই থেকে একা হাতে ঘর-বাহির দু’দিকই সামলাচ্ছেন সাঈদ। ছেলে কোলে কাজে বের হতে হয়। বাধ্য হয়েই মেয়েকে রেখে আসেন প্রতিবেশীর ঘরে।
কেমন করে এতসব সামলান? এমন প্রশ্নে সাঈদের জবাব, ‘অনেকেই আমার কোলে ছেলেকে দেখে আর অটোতে উঠতে চান না। এমনও হয়েছে সারা দিন কোনো যাত্রী পাইনি। রাতে খালি হাতে ফিরেছি বাড়িতে। কিন্তু ছেলেমেয়েরা খালি পেটে শুতে গেলে সহ্য করতে পারি না যে!’ সম্প্রতি ছেলে কোলে সাঈদের একটি ছবি টুইট করেন বিনোদ কাপরি নামের এক পরিচালক। সেখানে সাঈদের নাম, ফোন নম্বর, ব্যাংক হিসাব নম্বর, আইএফএসসি কোডও লিখে দিয়েছিলেন বিনোদ। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছবিটি। সাহায্য করতে চেয়ে এরপর থেকেই একের পর এক ফোন আসছে সাঈদের কাছে। যোগাযোগ করেছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও। অনেকে উদ্যোগী হয়ে টাকাও পাঠিয়ে দিয়েছেন তার অ্যাকাউন্টে। সবার সাহায্যে মুখে একটু একটু হাসি ফুটছে। আনন্দবাজার পত্রিকা।