Monday, August 29, 2011

মরিনহোর প্রতি প্লাতিনি

সফল কোচ তিনি। বিশ্ব ক্লাব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা কোচও তাঁকে অনেকে বলবে। আর তিনিই কিনা মাঠে জড়িয়ে পড়েন হাতাহাতিতে! রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর কাছে এমন আচরণ অপ্রত্যাশিতই উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির কাছে। মরিনহোর প্রতি তাই মাঠের সাফল্যের সঙ্গে সংগতিপূর্ণ আচরণেরও আহ্বান তাঁর। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগ ম্যাচটির শেষ দিকের উত্তেজনাকর এক মুহূর্তে মরিনহো আঙুল দিয়ে খোঁচা মারেন বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার গালে আর চোখে। এই আচরণ প্রসঙ্গেই উয়েফা সভাপতি বলেছেন, ‘কেউ দোষ করলে, সে দেশের জাতীয় অ্যাসোসিয়েশন তাকে শাস্তি দেয়। কিন্তু তিনি যা করেছেন, তা না করাটাই ছিল উত্তম। তিনি শিক্ষক, কোচ হিসেবেও সম্ভবত বিশ্বের সেরা। বিশ্বের সফল লোকদের দৃষ্টান্ত স্থাপন করতে হয়। তাদের বিতর্কের ঊর্ধ্বে থাকতে হয়। সফল ব্যক্তিত্বদের এটাই সহজাত গুণ হওয়া দরকার—এটা বলতে আমার কোনো ভয় নেই।’
আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের ব্যাপারটি নিয়েও বলেছেন ফিফা সভাপতি। নিষিদ্ধ ওয়েঙ্গার দলের ম্যাচের সময় গ্যালারিতে থেকে নিয়ম ভেঙেছেন সহকারী কোচকে নির্দেশনা দিয়ে। নিষিদ্ধ থাকার সময় কোচরা কী করতে পারবেন, আর কী করতে পারবেন না, এ নিয়ে একটা আচরণবিধি তৈরির জন্য আগামী সপ্তাহেই ইউরোপের শীর্ষস্থানীয় কোচদের সঙ্গে বসবেন বলেও জানান উয়েফা সভাপতি।

পিস্টোরিয়াসকে জনসনের সমর্থন

স্প্রিন্ট কিংবদন্তী মাইকেল জনসনের সমর্থন পেলেন অস্কার পিস্টোরিয়াস। দক্ষিন আফ্রিকার এই পা-হীন অ্যাথলেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াতে কোনো সমস্যা দেখছেন না চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জনসন। দেগুতে পিস্টোরিয়াসের অংশ নেওয়াকে ‘অ্যাথলেটিক্সের ইতিহাসে যুগান্তকারী ঘটনা’ হিসেবেই দেখছেন এই মার্কিনি।
পরশু পিস্টোরিয়াসকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে জনসন বলেছেন, ‘শুরু থেকেই এই বিষয়ে আমার অবস্থান পরিষ্কার এবং এনিয়ে আমি অস্কারের সঙ্গে কথাও বলেছি। আমি অস্কারকে সমর্থন করছি কারণ আইনই বলছে সে অংশ নিতে পারবে। আমি দেখতে চাই সে তাঁর সেরাটাই করুক।’
কৃত্রিম পা ব্যবহার করে পিস্টোরিয়াসের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে বিতর্ক রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীদের রায় এটার বাড়তি কোনো সুবিধা নেই।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ এবং ৪–১০০ মিটার রিলেতে অংশ নেবেন পস্টোরিয়াস।

তবু আর্সেনালকে ভয় ফার্গুসনের

হতাশা, ক্ষোভ আর আরেকটা বিদায়ের ঘণ্টাধ্বনি নিয়ে আজ ওল্ড ট্রাফোর্ডে যাচ্ছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ তাদের। আসলে একটা পরীক্ষা। পরীক্ষা আর্সেনালের, পরীক্ষা ওয়েঙ্গারেরও।
ফ্যাব্রিগাসের বিদায়ে আর্সেনালের নেতৃত্বের বাহুবন্ধনী উঠেছে রবিন ফন পার্সির হাতে। নতুন অধিনায়কের কণ্ঠে অধিনায়কোচিত দৃঢ়তা, ‘সেস আর সামির চলে যাওয়ায় আমাদের কঠিন এক সপ্তাহই কাটাতে হচ্ছে। তবে আশা করছি, ওল্ড ট্রাফোর্ডে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ ওয়েঙ্গারের কণ্ঠেও, ‘আমার বিশ্বাস, রোববার (আজ) আমরা ভালো খেলব।’
ওল্ড ট্রাফোর্ডে আর্সেনাল ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনও। নতুনের পতাকা উড়িয়ে এগিয়ে চলা ম্যানইউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা আর্সেনালকে একটু যেন ভয়ও পাচ্ছে।
গত বুধবার উদিনেসের বিপক্ষে প্লে-অফ জিতে আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে সুযোগ করে নিয়েছে। ফার্গুসন ওই প্রসঙ্গ টেনেই বলেছেন, ‘বুধবার সবাইকে উত্তর দিয়ে দিয়েছে তারা। ওয়েঙ্গারের দল ভালো খেলেছে। ভালো ফল পেয়েছে। অনেকেই ভেবেছিল, আর্সেনাল বাদ পড়বে (চ্যাম্পিয়নস লিগ থেকে)। আমি বলেছি, তারা জিতবে। এখানেও তারা ভালো ফল পেতে চেষ্টা করবে।’
ওয়েঙ্গারও চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ জয়কেই দেখছেন ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা হিসেবে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে উঠতে পারায় দলের আত্মবিশ্বাসের পালে নতুন করে হাওয়া লেগেছে বলেই মনে করেন আর্সেনাল কোচ। এটাই তাঁকে ওল্ড ট্রাফোর্ডে দেখাচ্ছে জয়ের স্বপ্ন, ‘খুব চাপে ছিলাম আমরা। উদিনেসের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়েরা টেনশনেও ছিল। লিভারপুলের বিপক্ষেও পুরো মনোযোগ দিয়ে খেলতে পারেনি কেউ। তবে আমি নিশ্চিত, ম্যানচেস্টারে অন্য এক আর্সেনালকে দেখবে সবাই।’
আর্সেনালের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যেমন আছে, ম্যানইউর তেমনি আছে ভালো শুরুটাকে আরও ভালো রূপ দেওয়ার সংকল্প। কোচ ফার্গুসন ম্যাচ-পূর্ববতী সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেটাই, ‘আর্সেনাল ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। তবে আমরাও ভালো খেলব বলেই আশা করি।’ তাহলে ওল্ড ট্রাফোর্ডে আজ ফুটবল রোমান্টিকরা জমজমাট এক লড়াইয়ের জন্য অপেক্ষা করতেই পারে।

দ্রাবিড়ের সাহায্য নিলেন ওয়াটসন

২৭ টেস্টে ১৫টি ফিফটি করলেও সেঞ্চুরি মাত্র দুটি। শেন ওয়াটসন ভাবলেন, এভাবে আর নয়। খেলতে হবে বড় ইনিংস। অস্ট্রেলিয়ান এই ওপেনার তাই শরণাপন্ন হয়েছেন রাহুল দ্রাবিড়ের।
সিডনি মর্নিং হেরাল্ডকে ওয়াটসন বলেছেন, ‘বড় রান করাই আমার লক্ষ্য। রিকি পন্টিংয়ের সঙ্গে সামান্য কথা হয়েছে। তবে রাজস্থানের হয়ে আইপিএলে খেলার সময় আমি রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছি। লম্বা সময় ব্যাটিং করার জন্য সে কী কী করে, সেসব নিয়ে আলাপ করেছি।’ ৩০ বছর বয়সী ওয়াটসনকে দ্রাবিড় পরামর্শও দিয়েছেন। বলেছেন, লম্বা সময় ধরে ব্যাটিং করতে বা বড় ইনিংস খেলতে মানসিক শক্তি আরও বাড়াতে হবে।
শুধু দ্রাবিড়ই নয়, ওয়াটসন এ নিয়ে কথা বলেছেন আরও অনেকের সঙ্গেই। ‘পথ্য’ সবাই একই দিয়েছেন—মনোযোগ বাড়াতে হবে ব্যাটিংয়ে।
গত বছরের অক্টোবরে মোহালি টেস্টে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করেছেন ওয়াটসন। এরপর ১৩ ইনিংস খেলে ছয়টি ফিফটি করলেও সর্বোচ্চ ইনিংসটি ৯৫ রানের!

মেসি-জাদুতে বার্সার আরেক শিরোপা

প্রায় আট বছর ছিলেন আর্সেনালে। দীর্ঘ এই সময়টায় ট্রফি জিতেছেন মাত্র দুটো। সাফল্য কে না চায়! সাফল্যের জন্য বুভুক্ষু সেস ফ্যাব্রিগাস যে-ই না বার্সেলোনায় পা দিলেন, অমনি জিততে শুরু করলেন একের পর এক শিরোপা। দুই সপ্তাহও পুরো হয়নি, এরই মধ্যে দুটো ট্রফি জিতে ফেললেন বার্সারই যুবদলের এই রত্ন। স্প্যানিশ সুপার কাপ জিতলেন কদিন আগে, পরশু জিতলেন উয়েফা সুপার কাপ।
বার্সার হয়ে সিনিয়র দলে অভিষেক তাঁর হয়েছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, বদলি হিসেবে নেমেছিলেন। পরশু মোনাকোতেও নামলেন বদলি হিসেবে। আর বার্সার জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচে ভলি থেকে দারুণ এক গোল করলেন ফ্যাব্রিগাস। পোর্তোকে ২-০ গোলে হারিয়ে বার্সা জিতল তাদের চতুর্থ উয়েফা সুপার কাপ। উয়েফার দুই টুর্নামেন্ট—ইউরোপা লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী দুটো দল মুখোমুখি হয় এই একমাত্র ম্যাচে। এই ম্যাচ দিয়ে সূচনা হয় ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম।
ফ্যাব্রিগাস গোল পেয়েছেন বলে শুরুতেই তাঁর নাম এসেছে, কিন্তু জয়ের নায়ক বরাবরের মতো লিওনেল মেসিই। ৩৯ মিনিটে পোর্তোর রক্ষণের ভুলের সুযোগ নিয়ে মৌসুমে নিজের চতুর্থ গোলটি করেন আগের রাতে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হওয়া আর্জেন্টাইন জাদুকর। দ্বিতীয় গোলটিও তাঁর দুর্দান্ত এক ক্রস থেকে। বক্সের ডান প্রান্তে ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বলটা তুলে দেন মেসি। বক্সের ভেতরে থাকা ফ্যাব্রিগাস বুক দিয়ে বল রিসিভ করে মাটিতে পড়ার আগের দারুণ শটে বল পাঠিয়ে দেন জালে। নিজের শৈশবের ক্লাবটির হয়ে গোল করতে পেরে আনন্দে মেসির কোলে গিয়ে ওঠেন ফ্যাব্রিগাস। তাঁদের ঘিরে ধরেন ইনিয়েস্তাসহ অন্যরা। মনে হচ্ছিল যেন বার্সার খামারবাড়ি ‘লা মাসিয়া’র পুনর্মিলনী হচ্ছে মাঠে!
অনেকটা জেদ করেই আর্সেনাল ছেড়ে এসেছেন। ছেড়ে এসেছেন বিশ্বের অন্যতম শীর্ষ এক ক্লাবের অধিনায়কত্ব। গানারদের নয়নের মণি হয়ে ছিলেন, সেই ফ্যাব্রিগাসের জায়গা নেই বার্সার প্রথম একাদশে! তার পরও এসেছেন। নিজেও বলেছেন, একাদশে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জটা তিনি জানেন। পরশুও যেমন মাঠে নামতে নামতে ম্যাচের ঘড়ির কাঁটা পেরিয়ে গিয়েছিল ৮০ মিনিট। শেষ ১০ মিনিট খেলেই ফ্যাব্রিগাস ‘দুশ্চিন্তা’ বাড়িয়েছেন পেপ গার্দিওলার—প্রথম একাদশে কাকে রেখে কাকে বাদ দেবেন!
ম্যাচ শেষে ফ্যাব্রিগাস জানিয়েছেন, ‘আপনাদের সবার দুর্দান্ত সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ক্যারিয়ারে আর্সেনালের অবদানের কথাও আমি ভুলব না। আর্সেনাল সব সময় আমার হূদয়ে থাকবে।’ এই ট্রফি দিয়ে গার্দিওলা শিরোপা-সংখ্যায় ছাড়িয়ে গেলেন কিংবদন্তি ইয়োহান ক্রুইফকে। তিন বছরেই ১২টি ট্রফি জেতা গার্দিওলাই এখন বার্সার সফলতম কোচ। তবে এমন সাফল্যের রাতেও দলের আসল রত্নটিকে প্রশংসা করতে ভোলেননি গার্দিওলা, ‘আমরা সবাই জানি লিও (মেসি) কী করতে পারে। এমনকি আমাদের অনুশীলনগুলোতেও ও দুর্দান্ত সব কারুকাজ করে দেখায়। জানতাম, এ ধরনের বড় ম্যাচে ও কিছু না-কিছু করবেই।’
সাফল্যে ভেসে যাচ্ছেন না গার্দিওলা, বরং এটি তাঁর সাফল্যতৃষ্ণা বাড়িয়ে দিচ্ছে আরও। সেই একই কথা বলেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাভি, ‘আমরা ইতিহাস গড়ছি। সামনেও তা করতে চাই।’

সম্পূরক ভিটামিন ‘এ’ হাজারো শিশুর জীবন বাঁচায়

সম্পূরকভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হলে প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোর পাঁচ বছরের কম বয়সী ছয় লাখ শিশুর জীবন বাঁচতে পারে। ব্রিটিশ ও পাকিস্তানি গবেষকেরা এই দাবি করেছেন।
ব্রিটিশ মেডিকেল জার্নালে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গবেষকেরা দুই লাখ শিশুর ওপর পরিচালিত ৪৩টি গবেষণা খতিয়ে দেখেছেন। এতে দেখা যায়, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুমৃত্যুর হার ২৪ শতাংশ কমে গেছে। এ ছাড়া ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের ফলে শিশুদের হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হারও কমে যায়।
শিশুদের স্বাভাবিক বিকাশ ও শরীরবৃত্তিক প্রক্রিয়া কার্যকর রাখতে ভিটামিন ‘এ’র প্রয়োজন হয়। সবুজ শাকসবজি, ডিম, কলিজা, পনিরে ভিটামিন ‘এ’ পাওয়া যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ১৯ কোটি শিশুর শরীরে ভিটামিন ‘এ’র ঘাটতি রয়েছে। সম্পূরকভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হলেও অনেক শিশুই এই কর্মসূচির বাইরে থেকে যাচ্ছে।
ডব্লিউএইচও জানায়, বিশ্বের অন্তত ৬০টি দেশের শিশুদের বছরে দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এই কর্মসূচিতে প্রায় ৮০ শতাংশ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো সম্ভব হচ্ছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আগা খান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাঁদের গবেষণা প্রতিবেদনে বলেন, শিশুদের শরীরে ভিটামিন ‘এ’র চাহিদা পূরণে সম্পূরক ভিটামিন ‘এ’ ক্যাপসুল দারুণ কার্যকর। তাঁরা ঝুঁকিতে থাকা শিশুদের সম্পূরক ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

সাবেক সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে স্ত্রস-কান ওয়াশিংটনে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান তাঁর সাবেক সহকর্মীদের সঙ্গে দেখা করার জন্য গত শুক্রবার ওয়াশিংটনে গেছেন।
নিউইয়র্কের এক নারী হোটেলকর্মী দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর গত মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে আদালত ওই অভিযোগ খারিজ করে দেন।
স্ত্রস-কান তাঁর ওয়াশিংটনের এক অভিজাত এলাকায় অবস্থিত বাড়ির সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। হাত নেড়ে তাঁদের এড়িয়ে যান।
আইএমএফে স্ত্রস-কানের উত্তরাধিকারী ক্রিস্টিন লাগার্দ ফরাসি টেলিভিশনকে বলেন, স্ত্রস-কান তাঁর সাবেক সহকর্মীদের সঙ্গে দেখা করবেন। এটা হবে এক ধরনের ‘মিটমাট’। তবে তিনি নিজে স্ত্রস-কানের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, এ ব্যাপারে লাগার্দ কোনো ইঙ্গিত দেননি।
মে মাসে স্ত্রস-কানকে গ্রেপ্তারের পর তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছেড়ে দেন। ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার আগ পর্যন্ত ফরাসি রাজনীতিক স্ত্রস-কানকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো।
গত সপ্তাহে অভিসংশকেরা স্ত্রস-কানের মামলা খারিজ করে দেওয়ার আহ্বান জানালে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

আলজেরিয়ায় সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা নিহত ১৮

আলজেরিয়ার পশ্চিমাঞ্চলে চেরচেল সামরিক ঘাঁটিতে গত শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। হাসপাতাল সূত্র এ কথা জানায়।
ফরাসি ভাষায় প্রকাশিত দৈনিক এল ওয়াতান তাদের ওয়েবসাইটে পরিবেশিত খবরে জানায়, হামলায় আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আলজেরিয়ায় নব্বইয়ের দশকে সন্ত্রাসবাদবিরোধী প্রচারণা শুরুর পর থেকে সামরিক একাডেমিতে এটি প্রথম হামলার ঘটনা। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের ১০০ কিলোমিটার পশ্চিমে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী এ ভয়াবহ হামলা চালায়।
এল ওয়াতান জানায়, কর্মকর্তাদের মেস হলের প্রবেশপথের সামনে হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায়। দুই বোমা হামলাকারীর একজন মোটরসাইকেল আরোহী ছিল। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে ১৬ জন সেনাসদস্য ও দুজন বেসামরিক লোক।
দেশটির ইসলামি জঙ্গিরা এর আগেও অনেক সহিংসতার ঘটনা ঘটিয়েছে। ২০০৯ সালে এক হামলায় তারা আধাসামরিক বাহিনীর ১৮ সদস্য ও এক বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। এ ছাড়া ২০০৮ সালে বোমা হামলা চালিয়ে জঙ্গিরা ৪৮ জনকে হত্যা করে।

এলএইচসির পরীক্ষায় বিপাকে পদার্থবিদ্যার জনপ্রিয় তত্ত্ব

সার্ন-এর লার্জ হ্যাড্রন কোলাইডারের (এলএইচসি) পরীক্ষা ‘সুপারসিমেট্রিক’ কণিকার অস্তিত্ব পেতে ব্যর্থ হয়েছে। গবেষকেরা বলছেন, এতে করে সম্ভবত ‘সাব-অ্যাটমিক’ পদার্থবিদ্যার একটি আকর্ষণীয় তত্ত্ব মিথ্যা প্রমাণিত হতে চলেছে।
অনেক পদার্থবিদের প্রত্যাশা ছিল ‘সুপারসিমেট্রিক’ কণিকার অস্তিত্ব প্রমাণিত হলে তা এখন প্রচলিত ওই তত্ত্বটির ফাঁক পূরণ করতে পারত।
পদার্থবিদ্যার এই ক্ষেত্রটিতে কর্মরত বিজ্ঞানীরা বলছেন, তাঁদের হয়তো ওই তত্ত্বের বদলে সম্পূর্ণ নতুন কোনো ব্যাখ্যা দিতে হবে।
ভারতের মুম্বাইতে লেপটন ফোটন বিজ্ঞান সম্মেলনে এ সংক্রান্ত উপাত্ত উপস্থাপন করা হয়। সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থার (সার্ন) ভূগর্ভস্থ সুবিশাল যন্ত্র এলএইচসির চার প্রধান অংশের একটি ‘এলএইচসি বিউটি’র (এলএইচসিবি) পরীক্ষায় এসব তথ্য-উপাত্ত মিলেছে। এ গবেষণা প্রকল্পের অন্যতম মুখপাত্র যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ড. টারা শিয়ার্স বলেন, এটি ‘সুপারসিমেট্রি’ তত্ত্বকে একরকম বিপাকেই ফেলেছে।
আলোচ্য পরীক্ষাটি ‘বি-মেসনস’ নামে পরিচিত কণিকার ক্ষয় নজিরবিহীন রকম বিশদভাবে খতিয়ে দেখে। সুপারসিমেট্রিক কণিকার অস্তিত্ব থাকলে বি-মেসনের ক্ষয়ের হার অনেক বেশি হওয়ার কথা।
সুপারসিমেট্রি তত্ত্বটি ২০ বছর আগে প্রকাশ করা হয়। ব্রহ্মাণ্ডে আমরা যতটা চিহ্নিত করতে পারি, তার চেয়ে বেশি বস্তু (ডার্ক ম্যাটার) কীভাবে থাকে, তা এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। খুব সহজ ভাষায় এ তত্ত্বটি হচ্ছে: আমাদের চেনা সাব-অ্যাটমিক কণিকা ছাড়াও একটি ‘অতিকণিকা’ আছে, যা একই ধরনের হলেও এর বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন।

মিয়ানমারে রাজবন্দীদের সাধারণ ক্ষমার আহ্বান পার্লামেন্ট সদস্যদের

সেনা প্রভাবিত মিয়ানমার পার্লামেন্টের সদস্যরা রাজবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত রাজনৈতিক বিবেচনায় কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণার আহ্বান জানানোর পর পার্লামেন্টের সদস্যরা ওই আহ্বান জানালেন।
দৈনিক নিউ লাইট অব মিয়ানমার-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সাধারণ ক্ষমার বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। দৃঢ়ভাবে বিশ্বাস করা হচ্ছে যে প্রেসিডেন্ট বিষয়টি বিবেচনা করবেন এবং রাজবন্দীদের সাধারণ ক্ষমার নির্দেশ জারি করবেন।
দেশটিতে প্রায় দুই হাজার রাজবন্দী রয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ১০ বছরেরও বেশি সময় ধরে বন্দীজীবন কাটাচ্ছেন। দেশটিতে অন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং গণতান্ত্রিক সংস্কারের সঙ্গে রাজবন্দীদের বিষয়টিও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান উদ্বেগের বিষয়।
গত মার্চ মাসে দেশটিতে নামেমাত্র বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম পার্লামেন্টের সামরিক সদস্যরা রাজবন্দীদের সাধারণ ক্ষমার বিষয়ে আলোচনায় অংশ নিলেন। দেশটির পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন সামরিক বাহিনীর জন্য বরাদ্দ রয়েছে।
বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকারকে তার ভাবমূর্তি উজ্জ্বল করতে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। সম্প্রতি সেনাবাহিনীর সাবেক জেনারেল ও বর্তমান প্রেসিডেন্ট থিন সেইন গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সু চির সঙ্গে বৈঠক করেছেন।
গত বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত দূত টমাস ওজেয়া কুইনতানা মিয়ানমারে তাঁর সফর শেষ করেন। পাঁচ দিনের সফরের সময় তিনি ইয়াঙ্গুনে অবস্থিত কুখ্যাত কারাগার ইনসেইন পরিদর্শন করেন। বন্দীদের আটকের সময় তাদের ওপর যে নির্যাতনের অভিযোগ রয়েছে, সে ব্যাপারে তিনি আশঙ্কা প্রকাশ করেন। কুইনতানা বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় আটক রাখা ব্যাপকসংখ্যক বন্দীদের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায় এবং আমার কাছে মূল উদ্বেগের বিষয়।’

সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

সিঙ্গাপুরে গতকাল শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে গত ১৮ বছরের মধ্যে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্য ২৩ লাখ।
স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল রাত আটটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর বিজয়ীর নাম জানা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পার্লামেন্ট নির্বাচনের তিন মাস পর পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) আধিপত্য হ্রাস পেতে শুরু করেছে। দলটি ১৯৫৯ সাল থেকে দেশটি শাসন করছে। অনলাইনে বিভিন্ন ফোরামে সরকারবিরোধী চিন্তাভাবনা অব্যাহত রয়েছে। বর্তমানে এটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

রাজীব গান্ধী হত্যায় জড়িত তিনজনের ফাঁসি ৯ সেপ্টেম্বর

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় জড়িত মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামির ফাঁসি আগামী ৯ সেপ্টেম্বর কার্যকর করা হবে। সংশ্লিষ্ট কারা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।
এলটিটিইর মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন সদস্য মুরুগান, সানথান ও পারারিভালারন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি তাঁদের আবেদন নাকচ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ এই তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
আসামিরা বর্তমানে ভেলোর কেন্দ্রীয় কারাগারে আছেন। কারা সূত্র জানিয়েছে, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে কারা তত্ত্বাবধায়ক আসামিদের ফাঁসি কার্যকরের এই তারিখ নির্ধারণ করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে তিন আসামির প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার কাগজপত্র তারা পেয়েছে। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের কাছে এ-সংক্রান্ত পত্র পৌঁছে দেওয়া হয়েছে। তাঁরা স্বাভাবিকভাবেই তা গ্রহণ করেছেন।
কারা সূত্র জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর সূর্যোদয়ের আগেই তিনজনের ফাঁসি কার্যকর করা হবে। এ উপলক্ষে কারাগার এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের আইনজীবীরা তাঁদের মক্কেলদের পক্ষে জরুরি পুনর্বিবেচনার আবেদন করে দণ্ড স্থগিত করার পরিকল্পনা করছেন। মৃত্যুদণ্ডের বিরোধী মানবাধিকারকর্মী, আইনজীবী ও আইনের শিক্ষার্থীরা গতকাল শনিবার বিভিন্ন স্থানে এই মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য মানববন্ধন করেছেন।
১৯৯১ সালে মাদ্রাজের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় রাজীব গান্ধী নিহত হন।

বিদ্রোহীরা এখনো লিবিয়ার বৈধ কর্তৃপক্ষ নয়: জুমা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, বিদ্রোহীরা এখনো লিবিয়ার বৈধ কর্তৃপক্ষ নয়। কারণ, মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গতকাল শুক্রবার এ মন্তব্য করেন জুমা। আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তি ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রেসিডেন্ট জুমা বলেন, ‘বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) ত্রিপোলির দায়িত্ব নেবে। এর একটি প্রক্রিয়া আছে, কিন্তু দুই পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। তাই বিদ্রোহীরাই লিবিয়ার বৈধ কর্তৃপক্ষ—এটা আমরা বলতে পারি না।’
পুলিশ বাহিনী পাঠানোর কথা বিবেচনা করছে জাতিসংঘ: জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, লিবিয়ায় আন্তর্জাতিক পুলিশ বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বাহিনীর কাছে হালকা অস্ত্র থাকবে। গতকাল আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন, এইউ কমিশনের ডেপুটি চেয়ারম্যান ইরাসতাস এমওয়েনচা ও ওআইসির মহাসচিব একমেলেদ্দিন এহসানেগলুর সঙ্গে আলোচনা করেন বান কি মুন।
জাতিসংঘের মহাসচিব বলেন, যুদ্ধ বন্ধ এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। লিবীয় কর্তৃপক্ষ চাইলে আমরা দেশটির পুলিশের সামর্থ্য বাড়াতে সেখানে আন্তর্জাতিক পুলিশ বাহিনী পাঠানোর প্রস্তুতি নিতে পারি। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর প্যারিসে লিবিয়া প্রসঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তিনি বিষয়টি নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করবেন।
প্যারিসেই লিবিয়ার এনটিসির প্রধান মুস্তাফা আবদেল জলিলের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে বান কি মুনের। বান কি মুন এইউ ও লিবিয়ার বিদ্রোহী সরকারের মধ্যে সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্যারিস বৈঠকে যোগ দেবেন কানাডার প্রধানমন্ত্রী: কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার আগামী ১ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠেয় লিবিয়াবিষয়ক বৈঠকে যোগ দেবেন। গত শুক্রবার তিনি এ কথা জানান।
বিশ্বের ৩০টি দেশের নেতাদের ওই বৈঠকে যোগ দেওয়ার কথা। এতে গাদ্দাফি-পরবর্তী লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

প্রত্যাঘাত পরিহারে লিবিয়ার সব পক্ষের প্রতি আহ্বান

লিবিয়ায় সরকার ও বিদ্রোহীদের লড়াইয়ে প্রত্যাঘাত পরিহার করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন (এইউ), আরব লিগ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন গত শুক্রবার এ কথা জানিয়েছেন।
ক্যাথেরিন অ্যাস্টন বলেন, চলতি সপ্তাহে বিদ্রোহীরা ত্রিপোলির দখল নেওয়ার পর লিবিয়া এখন একটি ঐতিহাসিক ক্রান্তিকালীন প্রক্রিয়া শুরু হয়েছে। এ সময় সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে।
অ্যাস্টন আরও বলেন, ‘ক্ষমতা ছেড়ে দিয়ে এবং অনুগত সেনাবাহিনীকে অস্ত্র ত্যাগ করার নির্দেশ দিয়ে গাদ্দাফির উচিত আরও কোনো রক্তপাত পরিহার করা এবং বেসামরিক লোকজনকে রক্ষা করা।’
তথাকথিত কায়রো গ্রুপের সঙ্গে বৈঠক শেষে অ্যাস্টন বলেন, ‘সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাতে জাতিসংঘের নেতৃত্বে আজ আমরা সবাই একমত হয়েছি। সবার উচিত প্রতিঘাত, প্রতিহিংসায় না যাওয়া।’ বৈঠকে সভাপতিত্ব করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
ত্রিপোলিতে গত কয়েক দিনের লড়াইয়ের মধ্যে গাদ্দাফির অনুগত বাহিনী এবং বিদ্রোহী পক্ষ পরস্পরকে মারধর, হত্যা ও সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড দিচ্ছে।
ইইউর পররাষ্ট্র-প্রধান অ্যাস্টন বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে লিবিয়ার নেতৃত্ব ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে হবে। প্রতিটি কর্মকাণ্ডের উদ্দেশ্য হতে হবে জাতীয় ঐক্য জোরদার করা।’
অ্যাস্টন জানান, লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদুল জলিলকে বলা হয়েছে, দেশজুড়ে রাজনৈতিক শক্তি জোরদার করাই হবে অন্তর্বর্তী পরিষদের প্রধান কাজ। কায়রো গ্রুপের বৈঠকে ‘নতুন লিবিয়া’ ও এনটিসিকে সহযোগিতার বিষয়েই আলোচনা হয় বলে তিনি জানান।
অ্যাস্টন বলেন, এখন প্রধান কাজ হবে সাধারণ জনগণের জন্য ওষুধ, পানি ও জ্বালানির মতো অত্যাবশ্যকীয় সেবাগুলো নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশে জব্দ থাকা লিবিয়ার সম্পদ এখন ছেড়ে দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে তিনি জানান।
অ্যাস্টন বলেন, মুক্ত ও সংহত লিবিয়া গঠনের কাজ শুরু করার জন্য এখন সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, ‘লিবিয়াকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য আমরা জাতিসংঘের নেতৃত্বে কাজ করে যেতে রাজি হয়েছি।’
মালয়েশিয়ার স্বীকৃতি: লিবিয়ার বৈধ কর্তৃপক্ষ হিসেবে বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) স্বীকৃতি দিয়েছে মালয়েশিয়া। গত শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান বলেন, ‘আমরা আশাবাদী, লিবিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংহতি প্রতিষ্ঠা ও পুনর্গঠন কাজে এনটিসি সফলভাবে অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব দিতে সক্ষম হবে।