Sunday, November 19, 2017

ভারতে র‌্যাগিংয়ের দায়ে ৫৪ ছাত্রীকে ১৩,৫০০০০ রুপি জরিমানা

ভারতের বিহার অঙ্গরাজ্যের দারভাঙ্গা শহরের এক মেডিক্যাল কলেজের ৫৪ ছাত্রীকে র‌্যাগিংয়ের দায়ে প্রত্যেককে ২৫ হাজার রুপি করে মোট ১৩ লাখ ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। এই মাসের শুরুতেও বিহারের অপর একটি মেডিক্যাল কলেজের ৩৩ জন শিক্ষার্থীকে র‌্যাগিং সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এমন জরিমানা করা হয়। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
খবরে বলা হয়, র‌্যাগিংয়ের সঙ্গে সংশ্লিষ্টরা দারভাঙ্গা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের(ডিএমসিএইচ) প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রী। দ্বিতীয় বর্ষের ছাত্রীরা প্রথম বর্ষের ছাত্রীদের ওপর র‌্যাগিং চালিয়েছে। এজন্য তাদেরকে সরাসরি জড়িত থাকার কারণে জরিমানা করা হয়েছে। আর প্রথম বর্ষের ছাত্রীরা র‌্যাগিংয়ের শিকার হলেও যারা তাদের সঙ্গে এসব কর্মকা- করেছে সেই দোষীদের চিহ্নিত করতে অস্বীকৃতি জানানোয় জরিমানার শিকার হয়েছে।
ডিএমসিএইচের প্রিন্সিপাল ড. আর কে সিনহা শনিবার বলেন, প্রথম বর্ষের এক শিক্ষার্থী ওই র‌্যাগিং নিয়ে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায়(এমসিআই) একটি অভিযোগ দায়ের করেছে। তিনি বলেন, এমসিআই শুক্রবার আমার কার্যালয়কে বিষয়টি জানায় ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলে। এরপর সিনহা তাৎক্ষনিকভাবে বিষয়টি নিয়ে একটি বৈঠক ডাকেন। কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে তদন্ত করতে মেয়েদের হোস্টেলে যায়। কিন্তু তখন, প্রথম ও দ্বিতীয় বর্ষের কোন ছাত্রীই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেনি। প্রিন্সিপাল বলেন, ‘এমতাবস্থায় এমসিআইয়ের নিয়ম অনুসারে হোস্টেলের সকল ছাত্রীকে ২৫ হাজার রুপি করে জরিমানা করা হয়। জরিমানা জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয় ২৫শে নভেম্বর। এর মধ্যে নির্ধারিত অর্থ জমা দিতে না পারলে ছাত্রীদের বিরুদ্ধে আরো পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, এই মাসের শুরুতে বিহারের ভাগলাপুরের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের প্রথম ও দ্বিতীয় বর্ষের ৩৩ শিক্ষার্থীকেও র‌্যাগিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ২৫ হাজার রুপি করে জরিমানা করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২ ডিসেম্বর

আগামী ২ ডিসেম্বর ১২ রবিউল আউয়াল শনিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান।

আনিছুর রহমান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

তিনি জানান, সোমবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। তাই মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স.) দিন সাধারণ ছুটি। যদিও এবার ঈদে মিলাদুন্নবী হবে সাপ্তাহিক ছুটির দিনে।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদের (স.) জন্ম ও মৃত্যু দিবস হিসেবে পালন করে থাকে।

ঈদে মিলাদুন্নবীর (স.) দিনে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স কর্মশালা

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে রোবটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাবের উদ্যোগে রোবটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্মশালা হয়েছে।

বিভাগের চেয়ারম্যান ও রোবটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সুদীপ্ত দেবের সভাপতিত্বে রোববার (১২ নভেম্বর) কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মোবাইল চালিত একটি রোবট তৈরির কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেন বাংলাদেশ রোবটিক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাফিজুল ইমরান। তাকে সহায়তা করেন ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মো. আমিরুল ইসলাম। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের আহবায়ক প্রভাষক অভিজিত পাঠক। সহায়তা করেন সদস্য সচিব প্রভাষক ফেরদৌস আরা।

প্রথম পর্বে রোবোটিক্স ক্লাবের সদস্যদের তৈরি লাইন অনুসরণকারী রোবট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষার্থী নাহিদা ইয়াসমীন বীথি, আফসারি সুলতানা রুবাবা, এমাজউদ্দিন টুটুল, নিশাত তহসিন তওসি ও রিফাত খান পাঠান।

লাইন অনুসরণকারী রোবট তৈরিতে সাফল্যের জন্য এসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিভাগের চেয়ারম্যান ও রোবটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সুদীপ্ত দেব।

চট্টগ্রামে ৩৪৬ কেন্দ্রে পিইসি-ইবতেদায়ি পরীক্ষা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নগরীসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানার ৩৪৬টি কেন্দ্রে শুরু হয়েছে। রোববার  সকাল ১১টায় ইংরেজি বিষয়ের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

এ বছর চট্টগ্রামের ২০ শিক্ষা থানার অধীনে ৩ হাজার ৭৯৪টি স্কুলের ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন খুদে পরীক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৭০ হাজার ৪৮৩ জন ছাত্র এবং ৮২ হাজার ৬৮ জন ছাত্রী রয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নগরীর ৬টিসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানায় ৩৪৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাহাড়তলী শিক্ষা থানার ১২৭টি স্কুলের ৮টি কেন্দ্রে ৬ হাজার ৮৫৮, ডবলমুরিংয়ের ২০২টি স্কুলের ৯টি কেন্দ্রে ১০ হাজার ৪, বন্দরের ১২৯টি স্কুলের ৬টি কেন্দ্রে ৭ হাজার ৪৭৪, পাঁচলাইশের ১৯০টি স্কুলের ১০টি কেন্দ্রে ৯ হাজার ৮৮, চান্দগাঁওয়ের ১৬৪টি স্কুলের ৯টি কেন্দ্রে ৮ হাজার ৭৩১, কোতোয়ালীর ১১২টি স্কুলের ৭টি কেন্দ্রে ৭ হাজার ৫২, বাঁশখালীর ২০৫টি স্কুলের ৩০টি কেন্দ্রে ৯ হাজার ৬২৭, রাউজানের ২৩৩টি ২৫টি কেন্দ্রে ৬ হাজার ৪৭০, সন্দ্বীপের ১৮৪টি স্কুলের ১৮টি কেন্দ্রে ৬ হাজার ৯১, ফটিকছড়ির ৩২০টি স্কুলের ৩৭টি কেন্দ্রের ১০ হাজার ৭৩৫, পটিয়ার ৩০৬টি স্কুলের ২৯টি কেন্দ্রের ১০ হাজার ৯৬৯, আনোয়ারার ১৬৩টি স্কুলের ১৪টি কেন্দ্রের ৬ হাজার ১৪২, বোয়ালখালীর ১৪৭টি স্কুলের ১৪টি কেন্দ্রের ৪ হাজার ৬৩৫, লোহাগাড়ার ১৪৩টি স্কুলের ১০টি কেন্দ্রে ৫ হাজার ৯৮৪, চন্দনাইশের ১২৪টি স্কুলের ১৬টি কেন্দ্রে ৪ হাজার ২৬৯, হাটহাজারীর ২৩৯টি স্কুলের ২০টি কেন্দ্রে ৮ হাজার ৫৪, রাঙ্গুনিয়ার ২১৭টি স্কুলের ১৮টি কেন্দ্রে ৭ হাজার ২৪, মিরসরাইয়ের ২৩২টি স্কুলের ১৮টি কেন্দ্রে ৭ হাজার ৪১৯ ও সীতাকুণ্ড থানার ১৭১টি স্কুলের ১২টি কেন্দ্রে ৮ হাজার ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।



সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সম্পাদনে প্রয়োজনীয় উদ্যোগ ও প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রামের ২০ শিক্ষা থানায় এবার ৩ হাজার ৭৯৪টি স্কুলের ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যথারীতি এবারও পিইসিতে ছাত্রীর সংখ্যা বেশি। ২০ শিক্ষা থানার ৩৪৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশ্নফাঁস রোধে একাধিক প্রশ্নের সেটসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৯ নভেম্বর) ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা হবে।

বায়োজিদে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার কূলগাঁও এলাকায় ট্রাক চাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩ টারে দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যান চালকের নাম (৪৫)। পুলিশ ট্রাকটি অক্সিজেন এলাকা থেকে জব্দ করে চালককে আটক করেছে।

ঘটনাস্থল থেকে বায়োজিদ বোস্তামী থানার এস আই সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, ৩টার দিকে অক্সিজেন কূলগাঁও গারোয়া দীঘির পাড় এলাকায় একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ভোলা লাল মোহন এলাকার বাসিন্দা ভ্যানচালক বাহাদুর মারা যায়। চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় অক্সিজেন মোড় থেকে ট্রাকটি চালকসহ আটক করেছি।

ভ্যানচালক বাহাদুরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘রঙিন পাতা’য় নীরব ও এফ আই দীপু

 বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’ আজ রোববার রাত ৯ টা ৫ মিনিটে দেখানো হবে এনটিভিতে।  অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেতা নীরব এবং সাংবাদিক এফ আই দীপু।
কাজী মোহাম্মদ মোস্তফা’র পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পারিহা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।

চ্যানেলটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরা-খবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে।

দেশ বিদেশের বিনোদন দুনিয়ার সমস্ত খবর প্রকাশিত হয় এইসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারন পাঠকের রয়েছে ব্যাপক কৌতুহল। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

১৫০০ টাকায় বিমানে ভ্রমণ!

পর্যটন মৌসুমে আকাশপথে ভ্রমণ আরো সাশ্রয়ী করতে ‘অবিশ্বাস্য’ অফার দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন এ অফারের আওতায় বর্তমানের ভাড়ার এক তৃতীয়াংশ খরচ করেই পাওয়া যাবে বিমান ভ্রমণের সুযোগ।

ঘোষণা অনুযায়ী, মাত্র দেড় হাজার টাকা ভাড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে বিমানে করে যাওয়া যাবে। এ সুযোগ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ বিমানের এই দুই রুটে  নির্ধারিত ভাড়া প্রায় ৪০০০ টাকার কাছাকাছি। কিন্তু ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ দুই রুটে ১৫০০ টাকা খরচ করেই এই দুই রুটে বিমান ভ্রমণ করা যাবে। যা এ দুই রুটে চলাচল করা বিলাসবহুল বাস ভাড়ার কাছাকাছি।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, যাত্রীদের জন্য সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ওয়ানওয়ে মাত্র ১ হাজার ৫০০ টাকায় (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ) ভাড়া ঘোষণা করছে। তবে ফিরতি টিকিটের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ হবে। এই অফার আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত বহাল থাকবে।

বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ অথবা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড অথবা রকেটের মাধ্যমে টিকিট কেনার সুবিধা থাকছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম রুটে ২৮টি এবং ঢাকা-সিলেট রুটে ৩৫টি ফ্লাইট বোয়িং উড়োজাহাজের মাধ্যমে পরিচালনা করছে।

সাংবাদিক রিয়াজ হায়দারের শয্যাপাশে জোবায়ের

সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে  দেখতে যান সাতকানিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাতকানিয়া সমিতির সদস্য সচিব মোহাম্মদ জোবায়ের।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে  দেখতে গিয়ে মেয়র   মো. জোবায়ের বলেন, রিয়াজ ভাইয়ের মত সজ্জন ব্যক্তির উপর এ হামলা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এধরণের অনৈতিক কর্মকান্ড করার সাহস পাবেনা দুষ্কৃতিকারীরা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্ত্তী বিজয়, সাবেক ছাত্রনেতা মো. আব্দুল্লাহ, মিরা সুলতানা, ইসরাত জাহান জ্যোতি প্রমুখ।

চট্টগ্রামে ১০ পাসপোর্ট দালাল আটক

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পাসপোর্ট দালালীর অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৭০টি পাসপোর্ট জব্দ করা হয়।

রোববার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

আটকরা হলেন, প্রদীপ চৌধুরী, মো. ওসমান, কামরুল হাসান, মো. জসিম, বিক্রম সিংহ, রাশেদ উদ্দিন, বাবলা সরকার এবং আবদুল মান্নান।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, পাঁচলাইশ জাতিসংঘ পার্কের সামনে এসব দালালরা প্রকাশ্যেই ছিল। তারা পাসপোর্ট করতে আগ্রহীদের সাথে দরদাম করছিল। বিষয়টি নজরে আসার পর তাদের গ্রেফতার করা হয়।

‘মিয়ানমার সেনাদের নৃশংসতা মানবাধিকার লঙ্ঘন’

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা যুদ্ধাপরাধের শামিল এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘন। বললেন আমেরিকার সিনেটররা।

রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন জেফ ম্যার্কলি’র নেতৃত্বে বাংলাদেশ সফররত আমেরিকার সিনেটররা।

সিনেটররা বলেন, প্রত্যেক দেশের এই অপরাধ ও জাতিগত নিধনের নিন্দা জানানো উচিত। এই সংকটের সমাধান ও উদ্বাস্তুদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সোচ্চার হতে হবে।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তারা বলেন, আমেরিকা উদ্বাস্তু সমস্যা সমাধানে সবধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। উদ্বাস্তুদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি তারা সন্তুষ্ট।

মিয়ানমার সেনাবাহিনীর ভয়ঙ্কর নিপীড়নের বর্ণনা দিয়ে জেফ ম্যার্কলি বলেন, তারা কক্সবাজারের শরণার্থী শিবিরে নির্যাতিতদের কাছ থেকে সরাসরি নিপীড়নের তথ্য সংগ্রহ করেছেন।

এসময় শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নির্মম নিপীড়নের শিকার হয়ে জীবন বাঁচাতে বাংলাদেশের লাখ লাখ মানুষের ভারতে আশ্রয় নেয়ার কথা স্মরণ করে মানবিক কারণে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার শিকার নাগরিকদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের রিপোর্টের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন আমেরিকার সিনেটর রিচার্ড ডারবিন, কংগ্রেসওম্যান বেট্টি ম্যাক কল্লাম, জন সেহকোশি ও কংগ্রেসম্যান ডেভিড সিসিল্লিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।

সৌদিতে অভিযানে আটক ২৪ হাজার বিদেশি

সৌদি আরবে ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে ২৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) শনিবার জানিয়েছে, গেলো তিনদিনে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খবর সৌদি গেজেট, আরব নিউজের।

ওই ব্যক্তিদের মধ্যে ১৫ হাজার সাতশ দুই জনকে ইকামার অর্থাৎ বসবাসের নিয়ম ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে। তিন হাজার আটশ ৮৩ জনকে সীমান্ত নিরাপত্তা এবং চার হাজার তিনশ ৫৩ জনকে শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় তিনশ ৯৪ জনকে আটক করা হয়েছে।

দেশটির প্রবাসী প্রশাসন জানিয়েছে, নিয়ম ভঙ্গের অভিযোগে তারা আট হাজার চারশ ৩৩ জনকে আটক করেছে। এদের মধ্যে সাত হাজার চারশ ৯১ জন পুরুষ এবং নয়শ ৪২ জন নারীও রয়েছে।

ওই প্রবাসীদের আশ্রয় দেয়ার অভিযোগে ২৫ জন সৌদি নাগরিককে আটক করা হয়েছে।

অধিকাংশ ব্যক্তিকেই মক্কা থেকে আটক করা হয়েছে। এছাড়া রিয়াদ, আসির, জাজান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতেও অভিযান চালানো হয়।

এদিকে সৌদি আরবে অবস্থানরত বিদেশিরা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফেরার জন্য অতিরিক্ত ৬০ দিন সময় পাবেন বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর।

দেশটির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জিডিপি) দাপ্তরিকভাবে বিষয়টি অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিদেশিদের ভিসা কঠোর করেছে সৌদি আরব সরকার।

সাতকানিয়ায় ইয়াবা মদসহ আটক ৩


নিজস্ব প্রতিবেদন: চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ১০ লিটার চোলাইমদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটক আসামীরা হলেন, জাহানারা বেগম (৩৫), সর্চিং মার্মা (২৬) এবং মংক্রপ্রীই মার্মা (২১)।

সাতকানিয়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের  কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া এলাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশ।  গাড়ি থেকে পালানোর সময় কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা দুদু মিয়ার স্ত্রী জাহানারা বেগমকে  ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া ১০ লিটার চোলাইমদসহ বান্দরবান থানার বাসিন্দা সর্চিং মার্মা ও মংক্রপ্রীই মার্মাকে আটক করা হয়।

সাতকানিয়া থানার এসআই মো.শহিদুল ইসলাম, এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো.মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।