Monday, September 20, 2010

জিডিপি নির্ণয়ের ভিত্তিবছর হালনাগাদ করা হবে

গত এক যুগে রাজধানী ঢাকাসহ দেশের আনাচেকানাচে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে। আবার শুধু ঢাকাতেই গড়ে উঠেছে অর্ধশতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়, সঙ্গে অনেক ইংরেজি মাধ্যমের কলেজ ও বিদ্যালয়। আবাসন খাত এই সময়ের মধ্যেই দাঁড়িয়েছে। জাহাজ নির্মাণ শিল্প আজ অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত।
কিন্তু অর্থনীতিতে বিভিন্নভাবে অবদান রাখছে এ রকম অনেক খাতেরই সঠিক কোনো তথ্য-পরিসংখ্যান নেই সরকারের কাছে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) নির্ণয়ের ক্ষেত্রে এসব খাত থেকে যাচ্ছে উপেক্ষিত।
বরং ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে ও ১৫টি খাত বিবেচনায় নিয়ে জিডিপির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এতে অর্থনীতির প্রকৃত চিত্র যথাযথভাবে উঠে আসছে না।
এ বাস্তবতায় ভিত্তিবছর হালনাগাদ করা ও জিডিপির খাত পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিকভাবে ১০ বছর পরপর জরিপ চালিয়ে ভিত্তিবছর পরিবর্তনসহ জিডিপির খাতগুলো পুনর্বিন্যাসের নিয়ম ছিল। সে অনুযায়ী ২০০৫-০৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর ধরে জিডিপি হিসাব করার কথা। কিন্তু বাস্তবে তা হয়নি।
বিষয়টির প্রতি গুরুত্বারোপ করে ঈদের আগে এক বৈঠক ডাকে জাতীয় পরিসংখ্যান কাউন্সিল (এনএসসি)। এতে জিডিপির ভিত্তিবছর হালনাগাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) ২৫টি খাতে জরিপ চালানোর দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উৎপাদনের বিভিন্ন খাতে পরিবর্তন, উৎপাদনে নতুন কিছু খাত যুক্ত হওয়া এবং উৎপাদন থেকে কিছু খাত বাদ পড়ে যাওয়ার কারণে জিডিপির সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে না মাথাপিছু আয়ের সঠিক পরিমাণও।
ফলে অর্থনীতির গতি-প্রকৃতি বা প্রবৃদ্ধি শুধু জনগণের নয়, নীতিনির্ধারকদের কাছেও বিভ্রান্তিকর ঠেকছে। সে জন্যই হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে জিডিপির ভিত্তিবছর।
পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম প্রথম আলোকে জানান, জিডিপির ভিত্তিবছর হালনাগাদ করতে ২৫টি খাতে জরিপ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জরিপে ব্যয় হবে আট কোটি টাকা। আর সময় লাগবে দুই বছর। শিগগির অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়ে চিঠি পাঠানো হবে।
কৃষি, বড় ও ছোট শিল্পপ্রতিষ্ঠান, রপ্তানি আয়, ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান, জাহাজ নির্মাণ শিল্প, পরিবহন খাত, হাসপাতাল-ক্লিনিক, এনজিও, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ২৫টি খাতে এ জরিপ চালানো হবে বলে জানা গেছে।
জরিপ থেকে পাওয়া তথ্য-উপাত্ত সূচকে রূপান্তর করে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হবে জিডিপিতে।
উল্লেখ্য, ২০০৬ সালে জিডিপির নতুন ভিত্তিবছর নির্ধারণ ও খাত পুনর্বিন্যাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সেই কমিটির কাজে তেমন অগ্রগতি হয়নি।
যোগাযোগ করা হলে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে জানান, ‘বর্তমানে ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে জিডিপি নির্ণয় করা হয় বলে দেশের প্রকৃত জিডিপির চিত্র পেতে অসুবিধা হচ্ছে। ভবিষ্যতে দেশীয় উৎপাদনে যুক্ত হওয়া নতুন খাতগুলো জিডিপিতে অন্তর্ভুক্ত করা হবে।’
পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারাও বলছেন, গত কয়েক বছরে বিশ্বমন্দার কারণে অর্থনীতির গতিপ্রবাহ স্বাভাবিক ছিল না। অর্থনীতির স্বাভাবিক গতিপ্রবাহ না থাকলে উৎপাদনের প্রকৃত খাতগুলো উঠে আসে না।
আর তাই এনএসসির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০১০-১১ অর্থবছরকে ভিত্তিবছর বিবেচনা করতে হলে জরিপের কাজ ২০১২ সালের মধ্যে শেষ করতে হবে। জরিপকাজের জন্য বর্তমানে চার কোটি টাকা বরাদ্দ আছে। তবে বরাদ্দ বাড়িয়ে ১০ কোটি টাকা করতে হবে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের মত হলো, ‘জরিপের কাজে সরকারি তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে। জরিপ চালানোর জন্য কোনো দাতার কাছ থেকে অর্থ নেওয়া হবে না।’ অর্থমন্ত্রী এ ব্যাপারে আশ্বস্ত করছেন বলে তিনি উল্লেখ করেন।
বিশেষজ্ঞ ও বিবিএসের কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরে জাহাজ নির্মাণ শিল্পে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। বেশ কয়েকটি জাহাজ রপ্তানিও হয়েছে ইতিমধ্যে। আরও জাহাজ রপ্তানির অপেক্ষায়। এ খাতে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার লোকের। তাই নতুন করে খাতটি জিডিপিতে অন্তর্ভুক্ত করা দরকার।
ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে ১০ থেকে ১৫ বছর ধরে আবাসনশিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। প্লট ও ফ্ল্যাট ব্যবসায় লাখ লাখ মানুষ জড়িত। এর ফলে জিডিপিতে এ খাতের অবদান বেড়েছে। বর্তমানে ‘রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা’ শিরোনামে যে খাতটি রয়েছে, তা জিডিপির ৭ দশমিক ২০ শতাংশ।
বিগত জোট সরকারের আমলে বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের নিবন্ধন নিয়েছে। বর্তমান সরকার এসেও ১০টির নিবন্ধন দিয়েছে। এসব চ্যানেলে হাজার হাজার কর্মী কাজ করছেন। চ্যানেলগুলো ঘিরে প্রচুর প্যাকেজ নাটক ও অনুষ্ঠান নির্মাণ হচ্ছে। সামনে আরও হবে। সুতরাং এগুলোও আসবে জিডিপিতে।
এ ছাড়া লাভজনক এনজিও কার্যক্রমও জিডিপি নির্ধারণের নতুন ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। গত দেড় দশকে প্রতিষ্ঠিত এসব এনজিওতে কর্মরত ব্যক্তির অনেকেই মোটা অঙ্কের বেতন পাচ্ছেন।
বিবিএস কর্মকর্তারা আরও বলছেন, বেসরকারি খাতে শিক্ষাব্যবস্থা এখন একটি জনপ্রিয় ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে। বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এতে, যা এত দিন জিডিপিতে যোগ হতো না। জিডিপির নতুন ভিত্তিবছরে তাই লাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ও ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোও যুক্ত হবে।
একইভাবে বেসরকারি খাতে চিকিৎসাব্যবস্থাও এখন লাভজনক ব্যবসা। নতুন নতুন অনেক হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কাজ করছেন হাজার হাজার চিকিৎসক, সেবিকা ও বিভিন্ন শ্রেণীর জনবল। এ খাতটিও অন্তর্ভুক্ত হবে জিডিপিতে।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপি নির্ধারণের পুরোনো ভিত্তিবছর ১৯৮৪-৮৫ বাদ দিয়ে ১৯৯৫-৯৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর করা হয়। একই সঙ্গে জিডিপি খাতের সংখ্যা ১১টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়।

জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দর ১৫ বছরের সর্বনিম্ন

স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহজুড়েই বর্ধিত চাহিদার কারণে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের তেজি ভাব অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় সপ্তাহান্তে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার সাত পয়সা বাড়ে।
মূলত কয়েকটি বড় বাণিজ্যিক ব্যাংক বাজার থেকে ব্যাপক হারে ডলার কেনার কারণেই মার্কিন মুদ্রাটির দর বাড়ে। সপ্তাহের প্রথম দিনে প্রতি মার্কিন ডলার ৬৯ টাকা ৫৮ পয়সায় লেনদেন হলেও বুধবার তা ৬৯ টাকা ৬০ পয়সা ছাড়িয়ে যায়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রতি ডলার ৬৯ টাকা ৬৫ পয়সায় লেনদেন হয়।
এদিকে আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জাপানের মুদ্রাবাজারে সে দেশের কর্তৃপক্ষের হস্তক্ষেপ।
চীনের উৎপাদন খাতের আশাব্যঞ্জক খবর, যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে চাকরির তথ্য ভালো হওয়া এবং বিশ্বব্যাপী ব্যাংক নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর নতুন নীতিমালা গ্রহণের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা গত সপ্তাহের (১১ থেকে ১৭ সেপ্টেম্বর) শুরু থেকেই অধিকতর ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এতে গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের ব্যাপক দরপতন ঘটতে থাকে।
মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দলের নেতৃত্বের ভোটে জয়লাভের পর এই সরকার ইয়েনের শক্তি হ্রাসের ব্যাপারে আশু কোনো পদক্ষেপ নেবে না, এমন একটি ধারণা বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে ইয়েনের বিপরীতে ডলারের দর কমে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এ সময় প্রতি ডলার ৮২ দশমিক ৮৭ ইয়েনে নেমে পড়ে। এভাবে ইয়েনের অব্যাহত শক্তি বৃদ্ধি জাপানের অর্থনীতির জন্য হুমকি হয়ে ওঠায় বুধবার সে দেশের সরকার ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বাজার থেকে ব্যাপক হারে ডলার কিনে নেওয়ার মাধ্যমে তাদের মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে। এতে ডলারের বিপরীতে ইয়েনের দর কমতে থাকে এবং এক দিনের মধ্যেই বুধবার ডলারের দর প্রায় ৩ শতাংশ বাড়ে, যা ছিল গত দুই বছরের মধ্যে ইয়েনের বিপরীতে ডলারের দৈনিক দরবৃদ্ধির সর্বোচ্চ হার।
যা-ই হোক, সপ্তাহ শেষে প্রতি ইউরো ১ দশমিক ৩০৩৪ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫৬৩৬ ডলারে এবং প্রতি ডলার ৮৫ দশমিক ৮১ ইয়েনে লেনদেন হয়।
চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির আশাপ্রদ তথ্যে বিশ্ব-অর্থনীতির পুনরুদ্ধার বিষয়ে গত সপ্তাহের শুরুতে আস্থা ফিরে আসতে শুরু করে। এর বদৌলতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। অন্যদিকে কানাডা-যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের পাইপলাইন দীর্ঘ সময় বন্ধ থাকায় তেলের মজুদ কমার আশঙ্কাও দেখা দেয়। এ অবস্থায় অপরিশোধিত তেলের নাইমেক্স সূচক বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এ সময় তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ৩২ ডলারে উঠে যায়। তবে সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের অর্থনীতির কিছু হতাশাজনক তথ্য প্রকাশ পেলে এবং কানাডা-যুক্তরাষ্ট্র পাইপলাইন চালু হওয়ার সম্ভাবনায় তেলের দাম আবার কমতে থাকে। তবে সপ্তাহ শেষে অপরিশোধিত তেলের নাইমেক্স সূচক ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে অবস্থান করে।
এদিকে স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে ঈদ-পরবর্তী প্রথম সপ্তাহে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে স্বল্প মেয়াদে নেওয়া ধার) সুদের হার কিছুটা কমে। এই সপ্তাহে কলমানির সুদের হার ছিল ৪ দশমিক ২৫ থেকে ৯ শতাংশের মধ্যে। এর মধ্যে বুধবার ন্যূনতম ৪ দশমিক ২৫ শতাংশে কিছু লেনদেন হলেও সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ৬ থেকে ৭ শতাংশের মধ্যেই বেশির ভাগ লেনদেন হয়।
আলোচ্য সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়। এ ক্ষেত্রে ১৪২ কোটি ৪০ লাখ টাকার দরপত্রের বিপরীতে বাংলাদেশ ব্যাংক ৫৭ কোটি ৪০ লাখ টাকার পাঁচটি দরপত্র গ্রহণ করে। আর ৮২ কোটি ৬০ লাখ টাকার ট্রেজারি বন্ড প্রাইমারি ডিলারদের কাছে ডেভেলপ করা হয়। ট্রেজারি বন্ডের এই নিলামে অন্তর্নিহিত সুদের হার ৬ বেসিস পয়েন্ট বেড়ে শূন্য ৮ দশমিক ৯২ শতাংশে নির্ধারিত হয়। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে সরকারি ট্রেজারি বিলের কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি।

এ পর্যন্ত নিহত ছয় শতাধিক

ভারতের পশ্চিমবঙ্গে গত ১৪ মাসে মাওবাদীদের হামলায় ছয় শতাধিক লোক নিহত হয়েছে। গত শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা যায়। গত বছরের ১৮ জুন থেকে পশ্চিমবঙ্গের জঙ্গলমহালে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত মাওবাদী হামলায় নিহত ব্যক্তিদের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাওবাদী দমন শাখা থেকে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তালিকা চাওয়া হয়। তালিকাটির কাজ চলছে।

ব্রডব্যান্ডের পরাজয় কবুতরের কাছে!

ইন্টারনেটের এই যুগে একটি মাঝারি গতিবেগসম্পন্ন কবুতরের কাছে ব্রডব্যান্ডের গতির পরাজয় হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব ইংল্যান্ডের লিংকনশায়ার কাউন্টিতে।
একসময় বার্তা প্রেরণের অন্যতম মাধ্যম ছিল কবুতর। তারপর আসে টেলিগ্রাম, টেলিফোন এবং সবশেষে ইন্টারনেট। কিন্তু তথ্য ও ভিডিও আদান-প্রদানের ক্ষেত্রে সেই কবুতরই নতুন করে আলোচনায় উঠে আসবে, তা কজন ভেবেছিলেন? সম্প্রতি বিবিসি তেমন একটি খবর প্রকাশ করেছে। লিংকনশায়ার কাউন্টিতে একটি কবুতরের গতির কাছে পরাজিত হয়েছে দ্রুতগতির ইন্টারনেট ব্রডব্যান্ড।
পাঁচ মিনিটের ভিডিওচিত্রসংবলিত একটি মেমোরি কার্ড কবুতরের পায়ে বেঁধে দেওয়া হয়। ররি নামের কবুতরটি পূর্ব ইয়র্কশায়ারের বেভারলি থেকে র‌্যাংগেলে রওনা হয়। একই সময়ে ভিডিওচিত্রটি কম্পিউটারে আপলোড করা শুরু হয়। কবুতরটির র‌্যাংগেলে পৌঁছাতে সময় লাগে ৮০ মিনিট। অথচ তখনো ভিডিওচিত্রটির আপলোড-প্রক্রিয়া চলছিল। প্রতিবেদনে বলা হয়, উদ্যোক্তারা স্থানীয় ব্রডব্যান্ডের সমস্যা তুলে ধরতেই এ প্রতিযোগিতার আয়োজন করেছেন।

মৌরিতানিয়ায় জঙ্গিবিরোধী সেনা অভিযান

মৌরিতানিয়ায় আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখার জঙ্গিদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন জঙ্গি নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী গতকাল শনিবার এ তথ্য জানায়।
কর্মকর্তারা জানান, শুক্রবার দেশটির আরিক হিন্দির মালিয়ান শহরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে সেনাবাহিনী আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের (একিউআইএম) ১২ জঙ্গিকে হত্যা করে। এ সময় অনেকেই আহত হয়। সংঘর্ষে দুজন সেনাসদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার নাইজারের উত্তরাঞ্চলে বন্দুকধারীরা দুই ফরাসি নাগরিকসহ সাতজনকে অপহরণ করে। ধারণা করা হচ্ছে, একিউআইএমের জঙ্গিরা ওই অপহরণের সঙ্গে জড়িত। তবে এই অপহরণের সূত্র ধরেই সংঘর্ষের সূত্রপাত কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
গত জুলাই মাসে জঙ্গিরা এক ফরাসি নাগরিককে অপহরণের পর হত্যা করে।

দামেস্ক-ওয়াশিংটন সম্পর্কের ওপর নজর রাখতে চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল শনিবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার অগ্রগতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বৈঠকের দুই দিন পর বাশারের সঙ্গে আহমাদিনেজাদের এই বৈঠক হলো। বৈঠক সূত্র জানায়, সিরিয়া ও ওয়াশিংটনের সম্পর্ক গভীরভাবে পর্যবেক্ষণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইরান। কারণ ওয়াশিংটন চায়, সিরিয়া ইরানের সঙ্গে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলুক।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাশার ও আহমাদিনেজাদের বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষক আইমান আবদেল নূর জানান, সম্ভবত দুই নেতার মনোভাবে পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্র তেমন কোনো সফলতা পায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিংবা ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করলেও ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলে সিরিয়া বৈঠকে নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র সিরিয়ার সঙ্গে দ্রুত সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে পদক্ষেপ নেয়। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জর্জ মিশেল গত বৃহস্পতিবার দামেস্কতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে দেখা করেন।
বৈঠকে মিশেল বাশারকে আশ্বস্ত করে বলেন, ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা সিরিয়া-ইসরায়েল চুক্তির ব্যাপারে ওয়াশিংটনের মনোযোগ ব্যাহত করবে না।

গির্জায় শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ পোপের

পোপ ষোড়শ বেনেডিক্ট ক্যাথলিক গির্জায় শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। গতকাল শনিবার লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ ঘটনা গোটা খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য লজ্জাকর।
লন্ডনে চার দিনের সফরের তৃতীয় দিনে গতকাল ওয়েস্ট মিনস্টার ক্যাথেড্রালে প্রায় দুই হাজার মানুষের এক নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেন পোপ বেনেডিক্ট। ইংল্যান্ড ও ওয়েলসের রোমান ক্যাথলিকদের প্রধান ওই গির্জায় পোপ সবার সামনে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি মনে করি, শিশু নির্যাতন বিশেষত গির্জার ভেতরেই যাজকদের হাতে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা অমানবিক। আমি নির্যাতিত ওই নিষ্পাপ শিশুদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি।’ পোপ বলেন, ‘আমি আপনাদের সঙ্গে একমত পোষণ করছি, এই পাপের কারণেই আমরা অপমানিত হয়েছি ও লজ্জা পেয়েছি। আমাদের পাওয়া এই শাস্তিই নির্যাতিতদের সুস্থতা এবং গির্জার পরিশুদ্ধতা আনবে।’
সফরের চতুর্থ দিনে পোপ বেনেডিক্ট আজ রোববার মধ্য ইংল্যান্ডের বার্মিংহামে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও ভারপ্রাপ্ত বিরোধীদলীয় নেতা হ্যারিয়েট হারম্যানের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
লেবার সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন হ্যারিয়েট হারম্যান। তাঁর সরকারের সময় সমকামী বা অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনকারীদের ভাড়া করে আনতে গির্জা কর্তৃপক্ষকে বাধ্য করাসংক্রান্ত একটি বিল পার্লামেন্টে অনুমোদন হতে যাচ্ছিল। তখন ওই বিলের নিন্দা জানিয়েছিলেন পোপ। পরে বিলটি আর পাস হয়নি।

নেপালে মাওবাদীদের নতুন ধারা সৃষ্টির চেষ্টা

নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড বলেছেন, দেশে একটি নতুন রাজনৈতিক মূলধারা দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। প্রধানমন্ত্রীর পদ থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণার পর গতকাল শনিবার তিনি এ কথা বলেন। গত শুক্রবার তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
প্রচণ্ড বলেন, শান্তি-প্রক্রিয়ার অংশ হিসেবে মাওবাদীরা ১২ দফা চুক্তিতে সই করেছিল জাতীয় রাজনীতির মূলধারায় মিশে যাওয়ার জন্য নয়, বরং রাজনীতির একটি নতুন মূলধারা সৃষ্টি করার জন্য।
প্রচণ্ড আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচেষ্টা সাত-সাতবার ব্যর্থ হওয়ার পর ওই পদে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার আর কোনো মানে নেই।
কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনাইটেড মার্ক্সিস্ট লেনিনিস্ট বা ইউএমএল) সঙ্গে তিন দফা চুক্তির অংশ হিসেবে মাওবাদীরা এই সিদ্ধান্ত নিয়েছে। উভয় দলের মতে, প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা সাতবার ব্যর্থ হওয়ায় দেশের মানুষ হতাশ হয়েছে। কাজেই নতুন কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মাওবাদীদের দল ইউসিপিএনের পক্ষে প্রচণ্ড এবং ইউএমএলের পক্ষে দলের চেয়ারম্যান ঝালা নাথ খানাল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘প্রচণ্ড প্রধানমন্ত্রীর পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।’
জাতীয় মতৈক্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচনের নতুন একটি প্রক্রিয়া সৃষ্টি করতে রাজি হয়েছেন উভয় দলের নেতারা।
প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচেষ্টা একের পর এক সাতবার ব্যর্থ হওয়ায় নেপালের রাজনীতিতে গভীর সংকটের সৃষ্টি হয়েছে। ২৬ সেপ্টেম্বর অষ্টম দফা নির্বাচনের লক্ষ্যে পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তার আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন প্রচণ্ড।
ক্ষমতা ভাগাভাগি করতে মাওবাদীদের সৃষ্ট চাপের মুখে গত ৩০ জুন পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। এরপর থেকে দেশটিতে কোনো সরকার নেই। তখন থেকে রাজনৈতিক নেতারা নতুন একটি সরকার গঠন করে একজন প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথম দুই দফার ভোটে প্রচণ্ড এগিয়ে ছিলেন। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন না পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি।
প্রচণ্ড সরে দাঁড়ানোর ফলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়ে গেলেন পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল মধ্যপন্থী নেপালি কংগ্রেসের চেয়ারম্যান রামচন্দ্র পৌদেল। প্রধানমন্ত্রী হতে গেলে তাঁকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।

নির্বাচন বানচালের চেষ্টা করলে জেলে পাঠানো হবে

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দলের বিলুপ্তির বিরুদ্ধে কোনো ধরনের বিক্ষোভ না করার জন্য গতকাল শনিবার দলটিকে সতর্ক করে দিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। এ ছাড়া নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন কেউ ব্যাহত করার চেষ্টা করলে তাঁকে জেলে পাঠানোরও হুমকি দেওয়া হয়েছে।
গত সপ্তাহে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার-এর প্রতিবেদনে বলা হয়, একটি দল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, দলটি আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন বর্জন করতে বিক্ষোভের জন্য লোকজনকে প্রভাবিত করছে। উল্লেখ্য, দুই দশকের মধ্যে প্রথমবারের মতো সে দেশে এই নির্বাচন হতে যাচ্ছে।
এদিকে নির্বাচনের সময় কী কী তৎপরতা বা কার্যক্রম চালানো যাবে না, তার একটি তালিকা তৈরি করেছে সামরিক জান্তা। এসব তৎপরতার শাস্তি হিসেবে এক বছরের কারাদণ্ড বা এক হাজার ডলার জরিমানা করা হবে। এমনকি উভয় দণ্ডও হতে পারে।
নির্বাচন কমিশন মঙ্গলবার ঘোষণা করেছে, এনএলডিসহ যে দলগুলো নির্বাচনের জন্য নিবন্ধন করতে পারেনি, সেসব দল বিলুপ্ত করা হয়েছে। এদিকে এনএলডি তাদের দল বিলুপ্তির ব্যাপারে বলেছে, তাদের দল বিলুপ্তির এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।

পাকিস্তানের জন্য জাতিসংঘের রেকর্ড অঙ্কের সাহায্য আহ্বান

পাকিস্তানের লাখ লাখ বন্যাদুর্গত মানুষকে সহায়তা করতে ২০০ কোটি মার্কিন ডলার সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির ইতিহাসে কোনো দেশের জন্য এত বিপুল অর্থসাহায্যের নজির নেই।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন সাহায্যের আবেদনটি ঘোষণা করে বলেন, সংস্থা তার ৬৫ বছরের ইতিহাসে এ পর্যন্ত যেসব প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে, তার মধ্যে পাকিস্তানের বন্যাই সবচেয়ে ভয়াবহ।
পাকিস্তান সরকারের হিসাব অনুযায়ী, দেশটিতে ৮০ বছরের মধ্যে ভয়াবহতম বন্যায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বন্যার কারণে গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ। এ ছাড়া তারা পুষ্টিহীনতা ও মহামারির ঝুঁকির মধ্যে রয়েছে।
জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সমন্বয়বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্যালেরি অ্যামোস বলেন, ‘এ ধরনের ভয়াবহ দুর্যোগে মানুষের অবর্ণনীয় দুর্ভোগের সময় আমরা চুপ করে বসে চেয়ে চেয়ে দেখতে পারি না।’
পাকিস্তানি বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে আন্তর্জাতিক সম্প্রদায় যেন আরও বেশি সাহায্যের হাত বাড়ায়, জাতিসংঘ সে চেষ্টা করছে। পাকিস্তানের বন্যাকে হাইতির ভূমিকম্প এবং ২০০৪ সালের সুনামির সঙ্গে তুলনা করছেন কর্মকর্তারা, যদিও বন্যায় মৃতের সংখ্যা অনেক কম। এ পর্যন্ত বিদেশি সাহায্যের পরিমাণ আশানুরূপ নয়।
২০০ কোটি ডলার অর্থসাহায্য পাওয়া গেলে তা দিয়ে আগামী এক বছরে পাকিস্তানের এক কোটি ৪০ লাখ মানুষকে সহযোগিতা করা যাবে। গত জানুয়ারিতে হাইতির ভূমিকম্পের পর দেড় শ কোটি ডলার সাহায্যের আবেদন করেছিল জাতিসংঘ। সেটাই ছিল এত দিন সবচেয়ে বেশি সাহায্য।
জাতিসংঘের এই আহ্বানে প্রথম যেসব দেশ সাহায্যের হাত বাড়িয়েছে, তার অন্যতম পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত। দেশটি জাতিসংঘ সদর দপ্তরে দুই কোটি ৫০ লাখ ডলারের চেক জমা দিয়েছে।
বিভিন্ন দুর্যোগে সহযোগিতার জন্য জাতিসংঘ এ বছর এখন পর্যন্ত সদস্য দেশগুলোর কাছে এক হাজার ১০০ কোটি ডলার সাহায্যের আহ্বান জানিয়েছে। ১৯৯১ সালে জাতিসংঘ এ ধরনের কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত সাহায্যের আবেদন এক বছরে এটাই সবচেয়ে বেশি। জাতিসংঘ জানিয়েছে, পাকিস্তানে বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য খাদ্য কেনা, জরুরি আশ্রয়শিবির স্থাপন, কৃষি খাত পুনর্গঠন এবং পানীয় জল সরবরাহের ব্যবস্থা করতে বিপুল অর্থের প্রয়োজন।
বিভিন্ন সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, বন্যার কারণে পাকিস্তানে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে। হিসাব মতে, এখন পর্যন্ত সাত লাখ নয় হাজার মানুষ ডায়রিয়ায়, প্রায় ১০ লাখ চর্মরোগ, আট লাখ শ্বাসকষ্ট এবং লাখ লাখ মানুষ ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।
এদিকে বন্যাদুর্গত এলাকা সফর শেষে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড গত শুক্রবার বলেছেন, পাকিস্তানে মানবিক বিপর্যয় চরম অবস্থায় পৌঁছেছে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সেদিকে নজর দেওয়া।

রোমা সম্প্রদায়কে নিয়ে ব্রাসেলসে তীব্র বিতর্ক

গত কয়েক মাসে ইউরোপের যাযাবর রোমা সম্প্রদায়কে জোর করে ফ্রান্স থেকে বের করে দেওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে উত্তপ্ত বিতর্ক হয়েছে। তবে ফ্রান্স তার নীতি থেকে সরে আসবে না বলে জানিয়ে দিয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের শীর্ষ নেতাদের বৈঠকে মূলত পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্য এবং ভারত ও চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু রোমা সম্প্রদায়কে জোর করে ফ্রান্স থেকে বের করে দেওয়ার ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিরও তীব্র সমালোচনা করা হয় বৈঠকে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মধ্যকার তীব্র বাগিবতণ্ডার সময় অন্যান্য দেশগুলো মূলত নীরব থেকে কমিশনের প্রেসিডেন্টের বক্তব্যকেই সমর্থন করেছে।
হোসে ম্যানুয়েল বলেছেন, বিগত মাসগুলোয় রোমা সম্প্রদায়ের প্রায় আট হাজার মানুষকে ফ্রান্স থেকে বুলগেরিয়া ও রুমানিয়াতে ফেরত পাঠানোর ঘটনা অগ্রহণযোগ্য ও অমানবিক। এটা ইউরোপীয় ইউনিয়নের ন্যায়নীতির পরিপন্থী।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য যেকোনো দেশের লোক ফ্রান্সে তিন মাসের বেশি সময়ের মধ্যে কোনো কাজ বা বাসস্থানের ব্যবস্থা না করতে পারলে তাকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হবে।
ইউরোপীয় কমিশনের আইন ও বিচারবিষয়ক কমিশনার ডিশিয়ান রিডিং বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ফ্যাসিস্ট নাৎসি বাহিনী যেভাবে রোমা সম্প্রদায়ের মানুষদের নিগ্রহ করেছিল, এখনকার ঘটনা সে কথাই স্মরণ করিয়ে দেয়। তিনি ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি দেশে ফেরার আগে ব্রাসেলসে সংবাদ সম্মেলনে তাঁর সরকারের উদ্যোগকে সঠিক বলে বর্ণনা করেছেন।

মহাকাশ ভ্রমণে যেতে স্কাইলন

মহাকাশযান, কিন্তু উড্ডয়ন করতে পারবে যেকোনো সাধারণ বিমানবন্দরের রানওয়ে থেকে। দেখতেও বিমানের মতো। গতি শব্দের গতির চেয়ে পাঁচ গুণ। আর মাত্র বছর দশেক পরই এমন মহাকাশ বিমানে করে মহাশূন্যে বেড়াতে যেতে পারবে মানুষ।
এ ধরনের একটি মহাকাশ বিমানের নকশা বানিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। ২৭০ ফুট লম্বা এই বিমানের নাম দেওয়া হয়েছে স্কাইলন। তৈরি করবে ব্রিটিশ প্রকৌশল প্রতিষ্ঠান রিঅ্যাকশন ইঞ্জিনস। খরচ পড়বে প্রায় ৭০ কোটি পাউন্ড।
সাধারণ মহাকাশযানের মতো বাইরে কোনো ইঞ্জিন নেই এই মহাকাশ বিমানের। পরিবর্তে এর ভেতর থাকবে দুটি ইঞ্জিন। জ্বালানি হিসেবে ব্যবহূত হবে হাইড্রোজেন ও অক্সিজেন। স্কাইলোনের মহাকাশ পরিভ্রমণের যাত্রাপথ দুভাগে বিভক্ত থাকবে। প্রথম ধাপ উড্ডয়নের পর থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত। এ সময় এটি চলবে বিমানের গতিতে। এরপর এটি পাবে রকেটের গতি।
২৪ জন যাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণে যেতে পারবে স্কাইলন। প্রতিটি যাত্রায় খরচ হবে প্রায় ৬৩ লাখ পাউন্ড, যা মহাকাশে রকেট পাঠানোর খরচের তুলনায় অনেক কম। মহাকাশে একটি রকেট পাঠাতে খরচ হয় প্রায় নয় কোটি ৭০ লাখ পাউন্ড।
রিঅ্যাকশন ইঞ্জিনসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কারিগরি শাখার পরিচালক রিচার্ড ভারভিল বলেন, ‘মহাকাশে যাওয়ার জন্য কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালতে হয়, যদিও পদার্থবিজ্ঞানে এমন কোনো আইন নেই। সেটাই আমাদের প্রমাণ করতে হবে।’
কক্ষপথে থাকা অবস্থায় স্কাইলোনের গতি ও অবস্থানের উচ্চতা নির্ধারণ করা হবে কম্পিউটারের মাধ্যমে। নির্মাতারা জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২ টন পর্যন্ত মালামাল এবং নভোচারী বহনে নাসার মহাকাশ খেয়াযানের পরিবর্তে একদিন এই মহাকাশ বিমান ব্যবহূত হবে।
রিচার্ড ভারভিল বলেন, ‘আমাদের কথা বিজ্ঞানের কল্পকাহিনির মতোই মনে হতে পারে। কিন্তু কল্পনা এবং তা উপভোগ করতে কোনো বাধা নেই। রিঅ্যাকশন ইঞ্জিনস আশা করছে, তারা ৭০টি স্কাইলন বিক্রি করতে পারবে।

বাগদাদে দুইটি বোমা হামলায় নিহত ৩১

বাগদাদে প্রায় একই সময় পৃথক দুইটি গাড়িবোমা হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছে। আজ রোববার উত্তর বাগদাদের এডেন জংশন ও বাগদাদের পশ্চিমে মানসুরের আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
মানসুরের বিস্ফোরণটি ঘটানো হয় একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির অফিসের সামনে। তবে ওইটিই এই গাড়িবোমা হামলার লক্ষ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। এডেন জংশনে অপর বোমা হামলাটি চালানো হয় একটি জাতীয় নিরাপত্তা দপ্তরের কাছাকাছি।
সাম্প্রতিক মাসগুলোয় ইরাকে সহিংসতা অনেক বেড়েছে। ইরাকি সেনা ও পুলিশকে লক্ষ্য করে বেশির ভাগ হামলা চালানো হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সাল থেকে এ বছরের জুলাই-আগস্ট মাসেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।
গত আগস্টে মার্কিন সেনাবাহিনী ইরাক থেকে সেনা প্রত্যাহার করে ইরাকে তাদের যুদ্ধাভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে। যদিও এখনো প্রায় ৫০ হাজার মার্কিন সেনা ইরাকি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ইরাকে অবস্থান করছে।

ভারতের গায়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের জ্বালা

জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তু বিশ্ব ফুটবল মানচিত্রে ভারতের অবস্থান তলানির দিকে। পেছাতে পেছাতে সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত বাংলাদেশের (১৪৫তম) চেয়েও ১৫ ধাপ পেছনে পড়ে গেছে, র‌্যাঙ্কিং ১৬০তম! বিরল ঘটনা।
এটি বাংলাদেশের জন্য গর্বের, ভারতের জন্য ততটাই লজ্জার। তাই নড়েচড়ে বসতে শুরু করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে যাদের ২২ ধাপ অবনমন, সেই ভারতের ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল তিন বছরের মধ্যে ভারতকে এক শর মধ্যে তুলে আনতে চান।
‘আমাদের লক্ষ্য তিন বছরের মধ্যে শীর্ষ ১০০-তে জায়গা করে নেওয়া। আমরা ক্রমেই পিছিয়ে যাচ্ছি। এই হতাশাজনক অবস্থান থেকে সরে আসতে আমাদের তৃণমূল পর্যায় থেকে উন্নতি প্রয়োজন। সামগ্রিকভাবে পেশাদারি মনোভাব তৈরি হলেই কেবল এটা সম্ভব’—বলেছেন প্যাটেল।

অনূর্ধ্ব-১৭ ক্রিকেট ক্যাম্প

আগামীকাল শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ ডেভেলপমেন্ট স্কোয়াড দলের দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প। বিকেএসপিতে এই ক্যাম্প চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ক্রিকেটারকে কাল বিকেল ৫টার মধ্যে বিকেএসপিতে গেম ডেভেলপমেন্ট লজিস্টিকস কর্মকর্তা শহীদুল ইসলামের কাছে রিপোর্ট করতে হবে।

পন্টিংয়ের কঠিনতম চ্যালেঞ্জ

রিকি পন্টিংকে হাতছানি দিচ্ছে ইতিহাস। অমরত্বের লোভ। অমৃতসুধা নিয়ে অপেক্ষা করছে বিশ্বকাপ। এবার শিরোপা জিতলে পন্টিং হয়ে যাবেন ইতিহাসের প্রথম ক্রিকেট অধিনায়ক, তিনটি বিশ্বকাপ জেতার কীর্তি হবে যাঁর। এত কাছাকাছি এসে অস্ট্রেলীয় অধিনায়ক নিশ্চয়ই চাইবেন না মুঠো গলে বেরিয়ে যাক এই দুর্লভ সুযোগ।
পন্টিং তাই বলছেন, আগামী সাতটি মাস তাঁর এবং তাঁর দলের জন্য অপেক্ষা করছে কঠিনতম চ্যালেঞ্জ। এ মাসের শেষে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। এরপর নিজ দেশে অ্যাশেজ। অ্যাশেজের উত্তাপ মিইয়ে যেতে না-যেতেই বিশ্বকাপ। ‘আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, এর চেয়ে বড় অস্ট্রেলীয় খেলোয়াড় হিসেবে আর কিছু আমরা পেতে পারি না। জিততে হয়তো আমাদের কঠিন লড়াই করতে হবে, কিন্তু তার পরও এই চ্যালেঞ্জগুলো না জেতার কোনো কারণ আমি দেখি না’—ফক্স স্পোর্টকে বলেছেন পন্টিং।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ঝড়-ঝঞ্ঝা সামলাতে হয়েছে পন্টিংকেই। দুই পূর্বসূরি মার্ক টেলর আর স্টিভ ওয়াহ পেয়েছেন অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের সব খেলোয়াড়কে। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াহ ভ্রাতৃদ্বয়সহ ছিলেন দুর্দান্ত সব ক্রিকেটার। পন্টিং নিজেও তাঁর দলে পেয়েছেন এঁদের অনেককেই। কিন্তু হুট করে একটা সময় বিশাল শূন্যতা দেখা দিল। আর সেই শূন্যতার ধাক্কা সামলাতে গিয়ে প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়া হয়ে পড়ল দুর্বল।
পন্টিং জানাচ্ছেন, এ নিয়ে বৃথা আক্ষেপ করার সময় নেই তাঁর, ‘এখন হয়তো আমাদের আগের চেয়ে বেশি লড়াই করতে হয়, কিন্তু আমি সেটা উপভোগ করি। আমরা সবাই-ই করি। আগে আমাদের প্রভাবশালী দলগুলোর তুলনায় এই দলটা অবশ্য আলাদা। কিন্তু এখনকার চ্যালেঞ্জটাও উপভোগ্য।’ এই দল নিয়েই বড় কিছু করে দেখানো সম্ভব বলেও মনে করেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।
আজই ভারতের উদ্দেশে অস্ট্রেলিয়া দেশ ছাড়বে। এর মধ্য দিয়েই শুরু হয়ে যাবে পন্টিং-কথিত সেই কঠিনতম চ্যালেঞ্জ।

বিশেষ অলিম্পিকের বাছাই শুরু আজ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, খুলনা শাখার মাঠে আজ মেলা বসছে বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের। আগামী বিশেষ অলিম্পিকের জন্য খুলনা ও বরিশাল অঞ্চলের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের বাছাইপর্ব শুরু হচ্ছে আজ। বিশেষ অলিম্পিকে বাংলাদেশের স্পনসর গ্রামীণফোন। এই বাছাই-প্রক্রিয়ার আর্থিক সহায়তাও দিচ্ছে তারাই।
প্রাথমিকভাবে বাছাই করা বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের নিয়ে গঠন করা হবে জাতীয় ট্যালেন্টপুল। এরপর দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। তাদের উপযুক্ত করে তোলা হবে ২০১১ বিশেষ অলিম্পিকের জন্য। খুলনায় তিন দিনব্যাপী এই বাছাই-প্রক্রিয়ায় অংশ নিচ্ছে ১২টি প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন ক্রীড়াবিদ।

বোলার-দরদি ‘ছক্কা’ পোলার্ড

ছক্কা দেখতে ভালোই লাগে! কিন্তু যাঁর ওপর দিয়ে ঝড়টা যায় সেই বোলারের মনের অবস্থাটা কেমন হয় একবারও কি ভেবেছেন? কাইরন পোলার্ড বোলারের কষ্টটা ঠিকই অনুভব করেন। শুধু অনুভবই করেন না, ছক্কা মারার পর বোলারের জন্য তাঁর মায়াও হয়!
বোলারের ছক্কা খাওয়ার যন্ত্রণাটা পোলার্ড একটু বেশিই বোঝেন, কারণ ব্যাটসম্যানের বাইরে তিনিও একজন বোলার। মাঝেমধ্যে ছক্কার ঝড় তাঁর ওপর দিয়েও যায়। পোলার্ডের কথা, ‘হ্যাঁ, বোলারদের কষ্টটা আমি অনুভব করি। আপনি ছক্কা মারলে বোলারের অনুভূতিটা কেমন, একজন বোলার হিসেবে সেটা আমি জানি।’
ব্যথা বোঝেন। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমেই তিনি আমূল বদলে যান। মায়া-মমতা ঝেড়ে বদলে যেতেই হয়, কারণ সবার আগে দলকে রান জোগানোর দায়িত্ব তাঁর কাঁধে। পোলার্ড বাস্তবতা বোঝেন, ‘মাঝেমধ্যে আমার হূদয়টা নরম হয়ে যায়। কিন্তু দলের দায়িত্ব পালন করতে গিয়ে দলের ভালোর জন্য আমাকে পারফর্ম করতেই হয়।’
সেটা করতে গিয়েই গত বৃহস্পতিবার গায়ানার বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন পোলার্ড। প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস। সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে বৃহস্পতিবার গায়ানার বিপক্ষে শচীনের দলকে জিততেই হতো। পোলার্ড-তাণ্ডবে মুম্বাই জিতেছেও ৩১ রানে। পোলার্ড খেলেন ৩০ বলে অপরাজিত ৭২ রানের টর্নেডো ইনিংস। ছক্কা মেরেছেন ৯টি। একটা পেরিয়ে গেছে ১২৮ মিটার।
এই জয়েও মুম্বাইয়ের বিপদ কাটেনি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতে আজ নিজেদের শেষ ম্যাচে আইপিএলেরই আরেক দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে জিততে তো হবেই, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। সাউথ অস্ট্রেলিয়া ইতিমধ্যেই পা রেখেছে সেমিতে। গতকাল রাতে জিতে থাকলে চেন্নাই সুপার কিংস আর ওয়ারিয়র্সও শেষ চারে তাদের সঙ্গী হয়েছে। অন্যদিকে দুই দলই হারলে সেমির লড়াইটা হয়ে গেছে উন্মুক্ত।
সে যা-ই হোক, পোলার্ড কিন্তু ছক্কা মারার জন্য আলাদাভাবে অনুশীলন করেন না! কোচ বারবারই পরামর্শ দেন গ্রাউন্ড শট খেলার। কিন্তু পোলার্ড ব্যাট হাতে মাঠে নামতেই মাঠে মারা যায় কোচের পরামর্শ। পোলার্ড বলছেন, এ নিয়ে কোচের সঙ্গে তাঁর ঝামেলা লেগেই আছে। ছক্কা মারেন, কিন্তু কোনটা বড়, কোনটা ছোট তার খবর তিনি রাখেন না। শুধু ভালোবাসেন বলে জোরে হিট করতে। শেষ করেছেন অধিনায়ক শচীন-স্তুতি দিয়ে। অধিনায়ক শচীন টেন্ডুলকার কেমন, এই প্রশ্নের উত্তরে পোলার্ড বলেছেন, ‘অসাধারণ। নেতা হিসেবে তিনি দারুণ।’

জয়ের আনন্দ ছাপিয়ে নতুন বিতর্ক

আবদুল রাজ্জাকের বলে জেমস অ্যান্ডারসন বোল্ড হতেই ‘বিশ্বজয়ের’ আনন্দ করেছে পাকিস্তান। চোটের কারণে বাইরে চলে যাওয়া কামরান আকমল ও বোলিং স্পেল শেষ করে বাইরে যাওয়া শোয়েব আখতার ড্রেসিংরুমে জড়াজড়ি ধরে লাফাচ্ছিলেন। স্পট ফিক্সিংয়ের অভিযোগে মানসিকভাবে ক্ষতবিক্ষত দলের বহু কাঙ্ক্ষিত জয়—উল্লাসটা বাঁধভাঙাই হওয়ার কথা। কিন্তু ২৩ রানের দারুণ এক জয়ে সিরিজে টিকে থাকা বা উমর গুলের ক্যারিয়ার-সেরা বোলিং (৬/৪২), সবকিছুই এখন পানসে লাগতে পারে পাকিস্তানিদের কাছে। পরশু ওভালের এই ম্যাচ নিয়েই যে নতুন করে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে!
নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর পর এবার বোমা ফাটিয়েছে একই মালিকানাধীন আরেক ট্যাবলয়েড দ্য সান। স্পট ফিক্সিংয়ের চেয়েও নতুন অভিযোগটি আরও সুনির্দিষ্ট। দ্য সান-এর দাবি, তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান ইনিংসের গতিপথ নির্ধারিত ছিল আগেই! দুবাইভিত্তিক এক কুখ্যাত ম্যাচ পাতানোর কারিগর ও দিল্লির এক বাজিকরের টেলিফোন কথোপথকন থেকে পত্রিকাটির ‘আন্ডারকাভার টিম’ পুরো ব্যাপারটা জানতে পারে। জানার পরপরই সাবেক পুলিশ প্রধান স্যার রোনি ফ্ল্যানাগানের নেতৃত্বাধীন আইসিসির দুর্নীতি দমন বিভাগকে ব্যাপারটা জানায় দ্য সান। পত্রিকাটি বারবার জানানোর পর আইসিসি পাকিস্তানি ক্রিকেটারদের সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ততক্ষণে ম্যাচ শুরু হয়ে যায়।
দ্য সান আইসিসিকে যা যা বলেছিল, পাকিস্তানের ইনিংসটাও ঠিক সেভাবেই এগিয়েছে। পাকিস্তানে ইনিংস চলার সময় পত্রিকাটির দাবির সপক্ষে প্রমাণ পাওয়ার পর ইনিংস শেষ হওয়ার আগেই তদন্ত শুরু করে দেয় আইসিসি। প্রাথমিকভাবে তদন্ত এগোচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে পাকিস্তানের রান করার ধরন ও নির্দিষ্ট দুটি ওভারকে কেন্দ্র করে। ধারণা করা হচ্ছে, দলে একজন নাটের গুরু আছেন যিনি বাজিকরদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাহিদামতো খেলতে সবাইকে সংগঠিত করেন। তবে তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি দ্য সান বা আইসিসি।
তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। তবে তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল সতর্ক, ‘একটি সূত্র দ্য সানকে জানিয়েছিল, ম্যাচের নির্দিষ্ট কিছু পর্যায়ে রান করার ধরন হবে নির্দিষ্ট এবং খোলামেলাভাবে বলতে গেলে, সত্যি সত্যি তাই হয়েছে। ব্যাপারটা নিয়ে তদন্ত করা তাই আমাদের অবশ্যকর্তব্য, তবে এখনই আমরা বলছি না অনভিপ্রেত বা অপ্রীতিকর কিছু ঘটেছে।’ তথ্য দেওয়ার জন্য দ্য সানকে ধন্যবাদ জানিয়েছেন লরগাত। দ্য সান-এর দাবি, শুধু এই ম্যাচ নয়, গত জুলাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়ার একটি টেস্ট নিয়েও নাকি তদন্ত করছে আইসিসি। ওই টেস্টে বাজিকরদের নির্দেশনা অনুযায়ী খেলার জন্য কয়েকজনকে নাকি ৭ লাখ পাউন্ড দেওয়া হয়েছিল।
নতুন ‘কলঙ্ক’ জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসবকে ‘ফালতু অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। অনেকটা একই সুর ছিল পিসিবির প্রধান ইজাজ বাটের কণ্ঠেও, ‘এগুলো প্রমাণহীন সব অর্থহীন অভিযোগ। সবকিছুই বানোয়াট, কোনো সত্যতা নেই। আইসিসি এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। পত্রিকার প্রতিবেদন আমি পড়িনি, তাই আর কোনো মন্তব্য করতে চাই না।’ কোনো মন্তব্য করতে রাজি হননি পাকিস্তানের ম্যানেজার ইয়াওয়ার সাঈদও। পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী আইজাজ জাখরানি। ভারতীয় টিভি চ্যানেল সিএনএন-আইবিএনকে জাখরানি বলেছেন, ‘আইসিসির ক্ষমতা আছে, দুর্নীতি দমন বিভাগ আছে, তারা আগে এগিয়ে যাক। তারা যদি কিছু প্রমাণ করতে পারে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
এমন অভিযোগ সত্ত্বেও কাল জরুরি সভায় বসে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নিয়েছে সিরিজটি চলবে। আরও স্বস্তির দিক, সন্দেহ শুধু পাকিস্তানের ইনিংস নিয়েই, ম্যাচের ফলাফল নিয়ে নয়। পাকিস্তানের জয় বা উমর গুলের ৬ উইকেটকে তাই বলা যায় মাঠের পারফরম্যান্সের ফসল, আগে থেকেই তৈরি করা চিত্রনাট্যের বাস্তবায়ন নয়। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।
কলঙ্কিত ক্রিকেট
পাকিস্তানের ইনিংসের নির্দিষ্ট কিছু সময়ে রান করার ধরন আগে থেকেই নির্ধারিত বলে ম্যাচের আগেই আইসিসিকে জানিয়েছিলদ্য সান। পরে সত্যিই হয়েছে তাই।
পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার আগেই তদন্তে নেমেছে আইসিসি। ধারণা করা হচ্ছে, দলে একজন নাটের গুরু আছেন যিনি বাজিকরদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাহিদামতো খেলতে সবাইকে সংগঠিত করেন।
সন্দেহ শুধু পাকিস্তানের ইনিংস নিয়ে, ম্যাচের ফলাফল নিয়ে নয়।

ম্যারাডোনা এবার রাষ্ট্রপতি ভবনে

বিশ্বকাপ থেকে ফিরে শোকার্ত মুখে সমর্থকদের দিকে হাত নেড়ে ঘরে ঢুকে গিয়েছিলেন। তার পর থেকে হাতেগোনা কয়েকবারই দেখা দিয়েছেন। ভেনেজুয়েলায় যাতায়াতের সময় দুবার বিমানবন্দরে দেখা গেছে। আরেকবার নিজে সংবাদ সম্মেলন ডেকেছিলেন।
অবশেষে আরেকবার প্রকাশ্যে দেখা গেল ডিয়েগো ম্যারাডোনাকে। শুক্রবার দেখা করতে গিয়েছিলেন দেশের সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনারের সঙ্গে। ফুটবল-ভক্ত কির্চনারের সঙ্গে অলভিওসের রাষ্ট্রপতি ভবনে গিয়ে বেশ লম্বা সময় ধরে বৈঠকে করেছেন ম্যারাডোনা। উল্লেখ্য, বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের স্বামী বলে নেস্টর এখনো রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা!
এই বৈঠকটা ঠিক কী নিয়ে হলো, সে ব্যাপারে ম্যারাডোনা বা কির্চনার কেউ মুখ খোলেননি। কির্চনারের মুখপাত্র হুয়ান ম্যানুয়েল আবাল মেদিনা শুধু বলেছেন, ‘তাঁরা দুজন ফুটবল নিয়ে, ইতিহাস নিয়ে কথা বলেছেন। আসলে সবকিছু নিয়েই কথা হয়েছে। মজার স্মৃতিচারণা করেছেন। বলতে পারেন, দুই বন্ধুর সাক্ষাৎ ছিল এটা।’ এই বন্ধুত্বপূর্ণ সাক্ষাতেই কির্চনারের হাতে নিজের সই করা জাতীয় দলের একটা জ্যাকেট তুলে দিয়েছেন ম্যারাডোনা।
প্রকাশ্য কারণ বন্ধুত্ব হলেও ভেতরে অন্য কারণ থাকলেও থাকতে পারে। এর আগেই ম্যারাডোনার রাজনীতিতে নামার কথা শোনা গিয়েছিল। রাজনীতিতে এলে বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক কোচ নেস্টরের দলের হয়েই মাঠে নামবেন। এমনও গুজব আছে, পরবর্তী নির্বাচনে আবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া নেস্টরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করবেন ম্যারাডোনা! অনেকে অবশ্য অনুমান করছে, কির্চনার ম্যারাডোনাকে দেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিতে বলবেন।
সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ম্যারাডোনার এই সাক্ষাৎ আরেকটা গুঞ্জনও তুলেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। অনুমান, এই সৌজন্য সাক্ষাৎ ম্যারাডোনার উদ্যোগেই হয়েছে। ম্যারাডোনা নাকি তাঁকে আবার জাতীয় দলে ফেরানোর ব্যাপারে কিছু একটা করার অনুরোধ করতে পারেন।

বার্সায় মেসির এক দশক

১৭ সেপ্টেম্বর, ২০০০। আর্জেন্টিনার রোজারিও থেকে স্পেনের বার্সেলোনা শহরে এসেছিল খর্বাকৃতির ছেলেটি। লোকমুখে বার্সেলোনা ফুটবল ক্লাবের কর্মকর্তারা আগেই ছেলেটির জাদুকরি ক্ষমতার কথা শুনেছিলেন। সামনাসামনি দেখে আর তর সইল না কার্লেস রেক্সাসের। বার্সেলোনায় জনশ্রুতি, হাতের কাছে একটা টিস্যু পেপার পেয়ে তাতেই ছেলেটিকে দিয়ে একটি সই করিয়ে রেখেছিলেন।
সে টিস্যু পেপার হোক ছেঁড়া কাগজ; এই একটা সই করানোর জন্য রেক্সাসের কাছে সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে যেতে হবে বার্সেলোনা সমর্থকদের। কারণ ঠিক ১০ বছর আগে ভদ্রলোক যাঁকে সই করিয়েছিলেন, খর্বাকৃতির সেই ছেলেটি আজকের দুনিয়া কাঁপানো ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি।
গত ১৭ সেপ্টেম্বর মেসির ১০ বছর পূর্তি হলো বার্সেলোনায়। ১০ বছর আগে রোজারিও থেকে যখন বার্সেলোনায় এসেছিলেন, তখন ছিলেন বিরল হরমোন রোগে আক্রান্ত একটি অস্বাভাবিক শিশু। এই ১০ বছরে নিজেকে পরিণত করেছেন একজন অসাধারণ ফুটবলারে।
মেসিকে নিয়ে আর্জেন্টিনার আক্ষেপ থাকাটা স্বাভাবিক। সেই বালক বয়সে একটা যুব বিশ্বকাপ আর গত অলিম্পিকের সোনা ছাড়া জাতীয় দলকে এমন বলার মতো কিছু এনে দিতে পারেননি এই খুদে জাদুকর। কিন্তু ২০০৩ সালে বার্সেলোনার মূল দলে খেলা শুরু করার পর থেকে ট্রফি আর ট্রফিতে ভেসে যাওয়ার জোগাড় মেসির শোকেস। মেসির বাসার ঔজ্জ্বল্য এতে যেমন বেড়েছে, তেমনই বার্সেলোনাকে চড়িয়ে দিয়েছেন সাফল্যের বর্ণিল এক জয়রথে।
বার্সেলোনার হয়ে মেসি এই সময়ে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন; যার শেষটিকে একেবারেই মেসিময় বলা চলে। বার্সেলোনার হয়ে এ ছাড়া ৪টি লা লিগা, একটি কোপা ডেল রে, ৪টি স্প্যানিশ সুপার কাপ, একটি উয়েফা সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন।
এসব পরিসংখ্যান বার্সার মেসিকে হয়তো পুরোপুরি চেনাতে পারেনি। এই সময়ে যাঁরা দলের সঙ্গে ছিলেন, শিরোপাগুলো তো সবাই-ই জিতেছেন! তাহলে মেসির বিশেষ কৃতিত্ব কোথায়? সেটা আসলে তিন-চার মৌসুম ধরে ম্যাচের পর ম্যাচ মেসির অতিমানবীয় খেলা না দেখলে বোঝা কঠিন। তার পরও গোল করা ও করানোর পরিসংখ্যান দিয়ে কিছুটা বোঝার চেষ্টা করা যেতে পারে।
বার্সেলোনার হয়ে ১০ বছরের এই ক্যারিয়ারে মেসি ২১৯ ম্যাচে ১৩৩টি গোল করেছেন, ৫৪টি করিয়েছেন। হিসাবটা আরও একটু নির্দিষ্ট করা যাক। ২০০৮-০৯ মৌসুম থেকে সর্বশেষ ম্যাচ পর্যন্ত মেসি বার্সেলোনার হয়ে ১০৯ ম্যাচে ৯১ গোল করেছেন; করিয়েছেন ৩৪টি। এর মধ্যে সর্বশেষ মৌসুমে ৪৭ গোল করে এক মৌসুমে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন।
বার্সেলোনার বর্তমান খেলোয়াড়দের মধ্যে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল তাঁর এবং ক্লাবের সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকায় তাঁর নাম এখন ৭ নম্বরে। সম্প্রতি রিভালদোকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা (২৯) হয়েছেন। সব ধরনের আন্তর্জাতিক ক্লাব ফুটবলে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হতে মেসির দরকার আর মাত্র ৩ গোল।
বয়স মাত্র ২৩! এখনই মেসি তৃপ্তির একটা ঢেকুর তুলতে পারেন। বার্সেলোনায় নিজের ১০ বছর পূর্তিতে আয়েশি ভাব নিয়ে প্রশ্ন করতে পারেন, কি জিতিনি আমি?
কিন্তু এখনো যে আসল জিনিসটাই জিততে পারলেন না—বিশ্বকাপ!

প্রাথমিক রিপোর্টে শঙ্কামুক্ত মুশফিকুর

চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে আজ। তবে কাল অ্যাপোলো হাসপাতালে এমআরআই করানোর পর প্রাথমিক রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি মুশফিকুর রহিমের ডান কাঁধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস চৌধুরীর আশা, মুশফিকুর শঙ্কামুক্ত। এক সপ্তাহের মধ্যেই হয়তো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান।
‘প্রাথমিক রিপোর্টে চিকিৎসকেরা জানিয়েছেন, মুশফিকুরের কাঁধে একটা মাসল টিয়ার দেখা গেছে। তবে এটা পুরোনো ইনজুরির কারণেও হতে পারে। ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে’—বলেছেন চিকিৎসক দেবাশিস। গত পরশুর চেয়ে কাল মুশফিকুরের অবস্থা অনেকটাই ভালো ছিল বলে জানিয়েছেন তিনি। ব্যথা অনেক কমে গেছে। এমআরআই রিপোর্টে যেহেতু বড় কোনো সমস্যা ধরে পড়েনি, মুশফিকুর এক সপ্তাহের মধ্যেই অনুশীলনে ফিরতে পারবেন বলে আশাবাদী বিসিবির চিকিৎসক, ‘কাঁধের জয়েন্টে একটু পানি জমেছে। এসব ক্ষেত্রে এটা হয়, আবার চলেও যায়। যেহেতু লিগামেন্ট ছেঁড়ার মতো গুরুতর কিছু হয়নি, আশা করি সাত দিন বিশ্রাম নিলেই ও অনুশীলনে ফিরতে পারবে। ফিজিও মাইক হেনরিও এ ব্যাপারে আশাবাদী। এই সাত দিন হালকা কিছু এক্সারসাইজ করতে হবে মুশফিকুরকে।’
গত পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং প্র্যাকটিসের সময় ডান কাঁধে চোট পান মুশফিকুর রহিম এবং এ নিয়ে খুবই শঙ্কিত হয়ে পড়েছিল বিসিবি।

‘বেড়াতে’ আসেনি জর্ডানের মেয়েরা

ফটোসাংবাদিকেরা দীর্ঘক্ষণ অপেক্ষায় রইলেন ছবি তোলার জন্য। জর্ডানের মেয়েরা এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে খেলতে এই প্রথম বাংলাদেশের মাটিতে এসেছে—ছবি তো প্রার্থিতই।
মুসলিম দেশ জর্ডানের মেয়েরা কীভাবে ফুটবল খেলে? কেমন খেলে? আগামীকাল কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ, ভারত, ইরান ও জর্ডানকে নিয়ে শুরু টুর্নামেন্টে মিটবে এই কৌতূহল। তবে কাল ঢাকায় নেমে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করতে আসা দলটি প্রথম দর্শনেই চোখ কেড়েছে।
জর্ডান যুব মহিলা ফুটবল দলের কয়েকজন খেলোয়াড় দীর্ঘদেহী। মাঝারি উচ্চতার বেশ কয়েকজন। বাংলাদেশের মেয়েদের গড়পড়তা উচ্চতা যেমন, সে রকমও আছে কয়েকজন। তবে উচ্চতায় সবাই সমান না হলেও শারীরিকভাবে সবাই শক্ত-সমর্থ। শুটিং, রানিং, বল নিয়ন্ত্রণ বেশ ভালো।
সবচেয়ে বেশি চোখ কেড়েছে দলটির ব্যবস্থাপনা। দলের সঙ্গে কোচ আছেন তিন-চারজন। ১৯ খেলোয়াড়ের সঙ্গে এসেছে কর্মকর্তাসহ ১০ জনের বড় বহর। তবে তারা যে স্রেফ বেড়াতে আসেনি, ভালো করেই তা বোঝা গেছে দলের সঙ্গে প্রত্যেকেরই একাত্মতা দেখে।
প্রধান কোচ মেহের আবু হানতাস জানান, ২০০৬ সালে এই টুর্নামেন্টে প্রথম খেলে জর্ডান বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল। এবারও তেমন আশাবাদী হানতাস বলে দিলেন, ‘আমরা কিন্তু এখানে বেড়াতে আসিনি!’