Showing posts with label মা. Show all posts
Showing posts with label মা. Show all posts

Saturday, January 7, 2012

উৎসবে আনন্দে গুলশান এভিনিউ’র ৭০০ পর্ব প্রচার উদযাপন

স্টাফ রিপোর্টার: বাংলাভিশনে প্রচার চলতি প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’র ৭০০তম পর্ব প্রচার উপলক্ষে উৎসব উদযাপন করেছেন নাটকটির অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। গুলশানস্থ নাটকটির শুটিং বাড়িতে এ উৎসবের আয়োজন করা হয়। নাটকটির প্রযোজক তুহিন বড়ুয়া বলেন, ৭০০তম পর্ব প্রচার টেলিভিশন নাটকের ক্ষেত্রে এটি একটি স্মরণীয় ঘটনা। ‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকটি তা করতে সক্ষম হয়েছে। আর একে আরও স্মরণীয় করে রাখার জন্যই এ আয়োজন। নিমা রহমানের চিত্রনাট্য ও পরিকল্পনা এবং সতীর্থ রহমানের পর্ব-পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুজাতা, রুনা খান, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, বন্যা মির্জা, মাহমুদ সাজ্জাদ, রওনক হাসান, ইউসুফ রাসেল, তানভীর, ত্রিশা, সীমানা, মিতানুর, শিরিন বকুল, শেলী আহসান, সবুজ রহমান, শাহেদ শরীফ খান, নিসা, সংগ্রাম, জোৎস্না প্রমুখ। অনুষ্ঠানে এদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। তারিক আনাম খানের উপস্থাপনায় মঞ্চে এদের বেশিরভাগই নাচ ও গান পরিবেশন করেন। ঢাকার অভিজাত এলাকার চৌধুরী পরিবারকে ঘিরে গড়ে উঠেছে গুলশান এভিনিউর মূল গল্প। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’।

Wednesday, June 16, 2010

মাতৃত্বকালীন ছুটির মেয়াদ -সুস্থ মা ও শিশুই সুস্থ জাতি গড়ে তুলতে পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার যে ঘোষণা দিয়েছেন, তাকে সবাই স্বাগত জানাবে। এ ঘোষণা নারীসমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ বলেই ধারণা করি। প্রথমে মাতৃত্বকালীন ছুটি ছিল তিন মাস। অনেক দেনদরবারের পর তা চার মাস করা হয়েছিল। কিন্তু সে সময়টি যে যথেষ্ট নয়, তা বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর বহু দেশে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দেওয়া হয়। সেই বিবেচনায় প্রধানমন্ত্রীর ঘোষণা মা ও নবজাতকের জন্য কিছুটা হলেও সুসংবাদ বয়ে আনবে। যত দ্রুত প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর হবে, ততই মঙ্গল। সুস্থ মা ও শিশুই একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারে।
তবে মনে রাখা প্রয়োজন, যেসব মা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, কেবল তাঁরাই এ সুযোগ পাবেন। যাঁরা গৃহ বা অনানুষ্ঠানিক কাজকর্মে নিয়োজিত, তাঁদের জীবনে কোনো ছুটি নেই। অতএব আমাদের সামাজিক বাস্তবতায় সুস্থ মা ও নবজাতকের জন্য ছুটিই একমাত্র সমাধান নয়। একজন মায়ের সুস্থ থাকা এবং নবজাতকের পরিচর্যার জন্য যেমন সুষম খাদ্য প্রয়োজন, তেমনই প্রয়োজন নিবিড় পরিচর্যা ও স্বাস্থ্যসেবা। দেশের অধিকাংশ মা ও শিশু সে সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ খুবই সীমিত। বাংলাদেশে শিশুমৃত্যুর হার হাজারে ৫৪ ও প্রসূতি মৃত্যুহার ৩ দশমিক ৮ শতাংশ, যা উন্নত দেশগুলোতে চিন্তাও করা যায় না।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় ২০২১ সাল নাগাদ শিশুমৃত্যুর হার হাজারে ১৫ এবং প্রসূতিমৃত্যুর হার ১ দশমিক ৫-এ নামিয়ে আনার কথা বলেছেন। এ ঘোষণা আমাদের আশাবাদী করে তুললেও বাস্তবায়ন নিয়ে সংশয় আছে। স্বাস্থ্যনীতি ও স্বাস্থ্যসেবা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এক সরকার এসে পূর্ববর্তী সরকারের কর্মসূচি পাল্টে দেওয়ার ঘটনাও কম নয়। আগের আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছিল। বিএনপি সরকার এসে বিকল্প ব্যবস্থা না করেই তা বাতিল করে দিলে গ্রামীণ স্বাস্থ্যসেবা মারাত্মক ঝুঁকিতে পড়ে। কোনো প্রকল্পে দুর্নীতি-অনিয়ম হলে তা দূর করতে হবে। তাই বলে মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার কোনো যুক্তি নেই। আবার প্রকল্প বাস্তবায়নেও স্বচ্ছতা ও জবাবদিহি থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী ১৩ হাজার নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের যে ঘোষণা দিয়েছেন, দেশবাসী দ্রুতই তার বাস্তবায়ন দেখতে চাইবে। তবে এ ক্ষেত্রেও দলীয়করণ ও আত্মীয়করণে পথ পরিহার করে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ করা হবে, সেটাই প্রত্যাশিত।

Thursday, June 10, 2010

পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ ‘মা’ by শিখ্তী সানী

সকালে ঘুম ভাঙে আম্মুর ডাকে। তার পর থেকে দৌড়। এত বড় হয়েছি, তবু খাওয়া নিয়ে পেছন পেছন ছুটতে থাকেন আম্মু। এরই মধ্যে এ কাগজ খুঁজে পাই না, সে কাগজ খুঁজে পাই না। হাতের কাছে জিনিস রেখেও ‘আম্মু আম্মু’ করি। তারপর ঘর উল্টিয়ে-পাল্টিয়ে অগোছালো করে যাই বিশ্ববিদ্যালয়ে। সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। ভুলেই গেছি মাকে ফোন করার কথা। একলা মা আমার খাবার নিয়ে তখনো বসে। ঘরে ঢুকে দেখি সবকিছু টিপটপ। ফিটফাট। মা আগ্রহী হয়ে শুনতে চাইবেন, কী করলাম সারা দিন। অকৃতজ্ঞ আমি তখন ভীষণ ক্লান্ত। এই আমার মা। ‘মা, আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে।’ বলেই ব্যস। অস্থির মন সে কথা কখন হজম করে ফেলেছে। কিন্তু খাওয়ার টেবিলে গরম খিচুড়ি দেখে চোখ ভিজে যায় জলে।
গল্পটা বেশ পুরোনো। শাহবাগে হাজারো গাড়ির ভিড়ে হঠাৎ চোখ চলে গেল হতদরিদ্র এক নারীর দিকে। আলুথালু চুল, রক্তবরণ চোখ। ঊর্ধ্বশ্বাসে রাস্তার এ-পাশ ও-পাশ ছুটছেন। ফুটপাতের ওপর আছড়ে পড়ছেন। আবার জলদি উঠে রমনা পার্কের ভেতর ঢুকছেন। ঘটনার আকস্মিকতায় অবাক আর কৌতূহলী দৃষ্টিতে আমি মলিন চেহারার নারীটির কাণ্ডকীর্তি দেখছিলাম। হঠাৎ পার্কে হারিয়ে গেলেন, আবার হঠাৎ বেরিয়ে এলেন। এবার সঙ্গে আরও কজন উৎসুক মানুষ। কজন নারী জোর করে আটকে ধরে রাখলেন তাঁকে। গগনবিদারী চিৎকারে ভেঙে পড়লেন তিনি, চিৎকার আর কান্নার রেশটা চরমভাবে আঘাত হানে বুকের মধ্যে। ওই নারী তাঁর শিশুসন্তানটিকে শুইয়ে রেখে ফুল বিক্রি করতে গিয়েছিলেন। চোখের আড়াল হতেই হারিয়ে গেছে শিশুটি। পরের ঘটনাগুলো খুব সাধারণ—থানায় জিডি হয়েছিল। ব্যস, এতটুকুই। বেশ কদিন পর আবার খোঁজ করে নারীটিকে জিজ্ঞেস করলাম, খোঁজ পেয়েছেন কি না। নীরবতা। ফোঁপাতে ফোঁপাতে চলে গেলেন। হঠাৎ মনে পড়ল আমার নানুমণির পোষা বিড়ালটার কথা। নানুমণি মহা বিরক্ত বিড়ালটার ওপর। প্রতিবছর চার-পাঁচটা বাচ্চা দিয়ে সব কটি হারিয়ে ফেলে বিড়ালটা। তারপর গোঙাতে থাকে সারা বেলা। বিড়ালটার কাতর আওয়াজের সঙ্গে নারীটির আর্তনাদের কোথায় যেন একটা মিল আছে। পার্থক্য শুধু একটাই—একজন মানুষ আর অন্যটি প্রাণী। কিন্তু উভয়ই মা। পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ ‘মা’। শব্দটা যেন এক মহৌষধ! তাই রোগে-শোকে-দুঃখে চরম বিপদে স্বভাবতই মুখ থেকে বেরিয়ে আসে ‘মা’। আজ বিশ্ব মা দিবস। বিশ্বের সব মাকে সম্মান আর ভালোবাসায় রাঙিয়ে দেওয়ার জন্যই এ আয়োজন। তবে একটা দিনে কি কিছু হয়? মায়ের জন্য যে বাঁধভাঙা ভালোবাসা, সেটা তো সারা জীবনেও পুরিয়ে দেওয়া যাবে না। আমাদের সব অর্জন, সব সফলতা আর সব প্রাপ্তি—সবটুকুই তো ‘আমাদের আদরের আম্মুর জন্যই’। আমাদের দিন শুরু সেই আম্মুকে ঘিরে, দিনের শেষও আম্মুকে ঘিরে। যাঁকে ঘিরেই আমাদের পুরো জীবন। প্রথম বোলটিও তাই—‘মা’। আমাদের প্রথম হাসিটাও সেই মায়ের জন্যই। হাসলে মায়ের কাছে আদর পাওয়া যায়, এটা হলো আমাদের প্রথম শেখা পাঠ। তার পর থেকে হাঁটতে শেখা, বড় হওয়া, প্রথম অক্ষর শেখা—সবকিছুতে মায়ের উপস্থিতি সারাক্ষণ, সারাবেলা। শুধু কি তাই, রাজ্যের রাগ, অভিমান আর কষ্ট—সবকিছুতে মা। বিপদে পড়েছি, সেখানেও মা। মায়ের কথা মনে না থাকলেও অবুঝ মা যেন সব বুঝতে পারেন, মনে রাখেন সবকিছু। মায়ের সঙ্গে এই আমাদের সম্পর্ক। কত ভুল করেও শেষ আশ্রয় হয়েছে মায়ের কাছেই। অপরাধ করেছি, বকা খেয়ে গাল ফুলিয়ে কাঁদতে কাঁদতে টের পেয়েছি, চোখের পানি মুছে দিচ্ছেন সেই কোমল মা। মাকে ঘিরে সবার সব গল্পই তাই সব সময় মিলেমিশে একাকার হয়ে যায়। চোখ ভিজে যায় পানিতে। প্রতিবছরের মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় ‘মা দিবস’। মা দিবস উদ্যাপনের ধারণাটি প্রথম মাথায় আসে মার্কিন সমাজকর্মী জুলিয়া ওয়ার্ডের। তবে প্রবর্তক হিসেবে খেতাবটা যায় আনা জার্বিসের নামে। ১৯০৮ সালের ১০ মে জার্বিসের পরিচালনায় ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটনে সর্বপ্রথম দিবসটি পালন করা হয়। দিবসটি মানুষের মনে ঠাঁই করে নেয়। শেষমেশ ১৯১৪ সালে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। সেই থেকেই শুরু। নয় বছর পর অবশ্য খোদ জার্বিস রাষ্ট্রীয়ভাবে মা দিবস পালনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন। তাঁর বক্তব্য ছিল, দিবসটি পালন করা উচিত পারিবারিকভাবে। তবে তাঁর বক্তব্য টেকেনি। প্রতিবছর বিভিন্ন দেশে মহা আড়ম্বরে পালন হয়ে আসছে মা দিবস। পুঁজিবাদী অর্থনীতির ঢাকের শব্দে প্রতিবছর দিবসটি পালনে হাজির হয় নানা উপহার আর অসংখ্য ফুলের রাজি। নিন্দুকেরাও থেমে নেই। তবে বাণিজ্যের লাগামকে তো আর ধরে রাখা যাবে না। এ বাণিজ্য যেখানে জায়গা পায়, সেখানেই জোর দখল করে বসে। কিন্তু শুধু বাণিজ্য দিয়েই তো মাকে স্পর্শ করা যায় না। প্রাণের সঙ্গে প্রাণের মিলন হলেই সার্থক হয় মা দিবস।
তাই বিশ্ব মা দিবসে পৃথিবীসমান ভালোবাসা আমাদের সব মায়ের জন্য। সেই মা আমার হোক না দরিদ্র কিংবা ধনী। হোক না পথের কিংবা অট্টালিকার। এই সীমাহীন ভালোবাসা আমার মায়ের জন্য, তাঁর মায়ের জন্য; যে মা কখনো মা হতে পারেননি, তাঁর জন্য; যে মাকে সবাই ভুলে গেছে, তাঁর জন্য; রত্নগর্ভা মায়েদের জন্য, ম্যাক্সিম গোর্কির মায়ের জন্য, সাহিত্যে স্থান পাওয়া সব মায়ের জন্য। মায়ের কি কোনো শ্রেণীবিভাগ আছে। মা তো মা-ই! সারা বছর তো বলি, মন দিয়েও তো অনুভব করি, তবু আজকের দিনটিতে সময় দিই আমার সেই মমতাময়ী মাকে, তাঁকে বলি—মা, তোমাকে খুব খুব ভালোবাসি।