Showing posts with label ঝিনাইদহ. Show all posts
Showing posts with label ঝিনাইদহ. Show all posts

Monday, January 5, 2026

পঙ্খিরাজ, ভাষামানিকসহ ১০ জাতের ধান সংরক্ষণ করতে চান কৃষক সোহেল by আজাদ রহমান

দাদখানি, পঙ্খিরাজ, ভাষামানিক, দোলাভোগ, এলাইসহ অসংখ্য জাতের ধান এখন আর চোখে পড়ে না। কৃষকেরাও এসব জাতের ধানের নাম ভুলে যেতে বসেছেন। হারিয়ে যেতে বসা এমনই ১০টি জাতের ধান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের ‘আদান-প্রদান’ নামের এক কৃষি খামারে চাষ করেছেন মো. সোহেল রানা।

ওই কৃষি খামারে সোহেল রানা এবার দেড় শতাংশ করে প্লট বানিয়ে ১০টি প্লটে মোট ১৫ শতাংশ জমিতে ওই ১০টি জাতের ধানের চাষ করেছেন।

সোহেল রানার ভাষায়, হারিয়ে যেতে বসা ধানগুলো বাঁচিয়ে রাখতেই তাঁর এ উদ্যোগ। এ বছর ওই সামান্য জমিতে তিনি ধান চাষ করেছেন। এরপর পর্যাপ্ত বীজ তৈরি করে ভবিষ্যতে আরও বেশি জমিতে ওই সব ধান চাষ করবেন। পাশাপাশি হারিয়ে যেতে বসা আরও একাধিক জাতের ধানবীজ সংগ্রহ করে চাষ করার ইচ্ছা আছে তাঁর।

হরিণাকুণ্ডুর দুর্লভপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে সোহেল রানা। তিনি গ্রামের স্কুল থেকে প্রাইমারি, মাধ্যমিক পড়ালেখা শেষ করে ঝিনাইদহ শহরের কেসি কলেজে ভর্তি হন। সেখান থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন। পরে তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনে চাকরি নেন। কর্মজীবনে কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে ‘টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট প্রকল্পের কো-লিডার হিসেবে কর্মরত আছেন।

সোহেল রানা বলেন, ‘দি হাঙ্গার প্রজেক্টের নানা প্রকল্পে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন আমাদের মধ্য থেকে পুষ্টিগুণে সমৃদ্ধ অনেক জাতের ধান হারিয়ে যাচ্ছে। যেগুলোর ওপর গবেষণা করলে ও আধুনিক পদ্ধতিতে চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। অথচ আমরা ভালো ফলনের কথা বলে নতুন নতুন জাতের ধান চাষ করে যাচ্ছি। জিংকসমৃদ্ধ ধান হারিয়ে ফেলতে বসেছি।’ এসব দেখে সিদ্ধান্ত নেন হারিয়ে যাওয়া ধান চাষের মাধ্যমে তিনি তা ফিরিয়ে আনবেন। সেই চিন্তা থেকেই স্থপতি খন্দকার হাসিবুল কবির, স্থপতি সুহায়েলী পারভিন, শিক্ষক আলমগীর কবিরের সহায়তায় তিনি হারিয়ে যাওয়া ওই ১০টি জাতের ধান চাষের পরিকল্পনা করেন। এই পরিকল্পনা অনুযায়ী, শুরু করেন খামার প্রতিষ্ঠা ও বীজ সংগ্রহ। নিরাপদ খাদ্য উৎপাদন, দেশি বীজ সংরক্ষণ, কৃষি পরিবেশ সুরক্ষা ও স্বনির্ভর আবাসন তৈরিতে স্থানীয় জ্ঞানের কার্যকর ব্যবহারের লক্ষ্য নিয়ে তাঁরা এই খামার গড়ে তোলেন।

মাসুদ রানা আরও জানান, প্রথমে ভাদড়া গ্রামের মাঠে ৫ বিঘা জমিতে খামার প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের নভেম্বরে শুরু হওয়া এই খামারের নাম দেন ‘আদান–প্রদান’। এরপর শুরু হয় বীজ সংগ্রহ। পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী এলাকা থেকে পঙ্খিরাজ, দাদখানি, বেগুনবিচি, ভাষামানিক, কলমকাটি, দোলাভোগ, এলাই, রানাশাইল, পরাঙ্গী, কৃষ্ণকলি নামের ১০টি জাতের বীজ সংগ্রহ করেন। বীজ পাওয়ার পর জমি তৈরি করে সেখানে চাষ শুরু করেন। চলতি আউশ মৌসুমে ১০টি প্লটে মোট ১৫ শতাংশ জমিতে ওই ১০টি জাতের ধানের চাষ করেন। বর্তমানে ধান পাকতে শুরু করেছে। অল্পদিনের মধ্যে এই ধান কেটে তাঁরা বীজ তৈরি করবেন। বর্তমানে কৃষকের খেতে যেসব জাতের ধান চাষ হচ্ছে একই নিয়মে তাঁরা ওই সব ধান চাষ করেছেন। অন্য জাতের ধান চাষের চেয়ে এই জাতগুলো চাষে খরচ কিছুটা কম হয়। ফলন বিঘায় ১৪ থেকে ১৫ মণ হয়ে থাকে। এই জাতের ধানগুলো পুষ্টিগুণসমৃদ্ধ হওয়ায় বাজারে বিক্রির মূল্য বেশি পাওয়া যায়।

মাসুদ রানা আরও বলেন, ‘রানাশাইল ধান সম্পূর্ণ লাল চাল হয়। অনেক সময় চিকিৎসকেরা এই চাল খাওয়ার পরামর্শ দেন, অথচ আমরা এই ধান হারিয়ে ফেলছি।’ প্রথম বছর এই ধান চাষ করেছেন, আশা করছেন এই চাষ থেকে অধিক পরিমাণে বীজ তৈরি করে ভবিষ্যতে আরও বেশি বেশি ধান চাষ করবেন। মূলত ’৭০-এর দশক থেকে বোরো ধান চাষ শুরু হলে এসব জাত কমতে শুরু করে। কিন্তু ৭৫ থেকে ৮৫ দিন জীবনকালের এই ধানগুলো দেশের আবহাওয়ার সঙ্গে মানানসই বিধায় এগুলো চাষ করতে রাসায়নিক সার ও কীটনাশক তেমন প্রয়োজন পড়ে না। কবি যোগীন্দ্রনাথ সরকার তাঁর কাজের ছেলে কবিতায় দাদখানি চালের কথা উল্লেখ করেছেন। বেগুনবিচি সুগন্ধিযুক্ত ধান, দেখতে বেগুনের বিচির মতো গোল। কলমকাটি লম্বা সরু ধান, যা অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার হয়।

ভাদড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, ‘আদান–প্রদান’ খামারে পুরোনো দিনের ধানের চাষ হচ্ছে জানতে পেরে তাঁরা মাঝেমধ্যেই দেখতে আসেন। খেতে ধানগাছও ভালো হয়েছে, এখন ফলন কেমন হবে, সেটা দেখার অপেক্ষায় আছেন। বাজারে বিক্রিমূল্য হিসাব করে এই ধান চাষে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হলে ভবিষ্যতে তাঁরাও চাষ করবেন বলে জানান। ইতিমধ্যে বীজ চেয়ে রেখেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ কৃষি বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান প্রথম আলোকে  জানান, ‘এসব ধানের জাতের কৃষিক্ষেত্রে বেঁচে থাকা জরুরি। ধান গবেষণায় এগুলো কাজে লাগে। তবে এ ধানের ফলন কম হওয়ায় কৃষক চাষ করতে আগ্রহী হন না। এ ছাড়া বর্তমানে আমাদের দেশের মানুষের খাদ্যের চাহিদা চিন্তা করে ধান গবেষণা বিভাগ অধিক ফলনশীল জাত আবিষ্কার করছে। তবে সোহেল রানার হারিয়ে যাওয়া ধানের চাষের উদ্যোগটা বেশ প্রশংসনীয়।’

‘আদান-প্রদান’ কৃষি খামারে ধানখেতে কৃষক সোহেল রানা
‘আদান-প্রদান’ কৃষি খামারে ধানখেতে কৃষক সোহেল রানা। ছবি : প্রথম আলো

Sunday, May 4, 2025

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর গর্ভপাত: কৃষক দল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহের শৈলকুপায় কৃষক দল নেতা ও তার ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার নারীকে ধর্ষণের ফলে গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষকের পিতা কৃষক দলের নেতাসহ চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন। শুধু ধর্ষণ আর গর্ভপাতই নয়, প্রেম ও বিয়ের অভিনয় করে ওই নারীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৭ লাখ টাকা। এদিকে নির্যাতিত ওই নারী শৈলকুপা থানায় পৃথক আরও একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ তদন্ত করে পুলিশ ঘটনার সত্যতা পান। এ খবর নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাট মণ্ডল।

মামলার এজাহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নাজমুল খন্দকার নামের এক যুবক। নাজমুল খন্দকার শৈলকুপা উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলামের ছেলে। ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নাজমুল খন্দকার নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তাদের সম্পর্কের বিষয়টি নাজমুলের গোটা পরিবার জানার পরে তারা মেনে নেয় বলে জানান ওই নারী। এরপর ওই নারী নাজমুলের বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী গর্ভবতী হয়ে পড়লে নাজমুল ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা কৌশলে ওই নারীকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার রয়েল ক্লিনিকে ভর্তি করে গর্ভপাত ঘটায়।

ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসা শেষ হওয়ার আগেই নাজমুল খন্দকার ও তার বাবা-মা ভুক্তভোগী নারীকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে নাজমুল খন্দকার ও তার বাবা-মায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও ওই নারী কোনো সমাধান পাননি। নিরুপায় হয়ে পরে তিনি শৈলকুপা থানায় মামলা দায়ের করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। নাজমুল খন্দকারের বাবা কামরুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই নারীকে নানাভাবে প্রতিদিন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

ভুক্তভোগী নারী বলেন, দুই বছর ধরে নাজমুলের সঙ্গে আমার সম্পর্ক। তার বাড়িতে আমি নিয়মিত যাতায়াত করায় পরিবারের সবাই তাকে বিয়ের আশ্বাস দিয়েছিল। কিন্তু অবাধ মেলামেশার কারণে গর্ভবতী হয়ে পড়লে ছেলের পরিবার তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তার গর্ভের সন্তান নষ্ট করে দেয়। এ বিষয়ে কৃষক দল নেতার ছেলে নাজমুল খন্দকার বলেন, ওই নারীর অভিযোগ সত্য নয়। সে একজন প্রতারক। তার নামে থানায় কোনো মামলা হয়েছে কিনা তিনি এখনো জানেন না।

নাজমুলের পিতা শৈলকুপা কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী মহিলা সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। তবে সে আমার বাড়িতে আসা যাওয়া করতো এটা জানি। গর্ভপাত ও হাসপাতালে ভর্তির বিষয়ে আমি কিছু জানি না।
শৈলকুপা থানার এসআই সম্রাট মণ্ডল জানান, ওই নারীর অভিযোগ পেয়ে তিনি পারিপার্শ্বিক ও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা কিছুটা মিলেছে। তিনি জানান, এ বিষয়ে যদি আদালতের কোনো নির্দেশনা আসে তবে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান শুক্রবার রাতে জানান, এ বিষয়ে শৈলকুপা থানায় আদালতের নির্দেশে মামলা নথিভুক্ত হয়েছে, মামলা নং ০৪/২৫। তিনি জানান, ভুক্তভোগী নারী সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাকে প্রলোভনে ফেলে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে বিজ্ঞ আদালতের আদেশ হাতে পেয়েছি। আদালত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

mzamin

Wednesday, April 30, 2025

কালীগঞ্জে সাবেক চেয়ারম্যান নজরুলের ত্রাসের রাজত্ব by আমিনুল ইসলাম লিটন

নজরুল ইসলাম মোল্ল্যা। সব সময় সরকারি দলের নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিনি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে থাকেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বিএনপি’র টিকিটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি ডিগবাজি দিয়ে এমপি মান্নান গ্রুপে যোগ দেন। তখন আওয়ামী লীগের মধ্যে আনার কমিশনার আর মান্নান এমপি’র  বিরোধ ছিল তুঙ্গে। ওই ইউনিয়নের আওয়ামী লীগ সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মণ্ডলের নেতৃত্বেই চলতো দলটি। কিন্তু তিনি আনারের পক্ষের লোক হওয়ায় তাকে ঠেকাতে নজরুল মোল্ল্যাকে কাজে লাগান মান্নান এমপি। কিছুদিনের মধ্যেই তিনি মান্নান এমপি’র  হাতে ফুলের তোড়া দিয়ে রাতারাতি আওয়ামী লীগের নেতা হয়ে যান। এরপর শুরু হয় নজরুল মোল্ল্যার সন্ত্রাসী তাণ্ডব।

জানা যায়, সামাজিকতার নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যদিয়ে তিনি আধিপত্য বিস্তার শুরু করেন। যা সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মণ্ডলের নেতৃত্বাধীন নেতারাও মানতে পারেননি। ফলে মূল আওয়ামী লীগের সঙ্গে নজরুল মোল্ল্যার বিরোধ স্পষ্ট রূপ নেয়। তৎকালীন এমপি’র শক্তি কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগের মূলধারার লোকজনের ওপর অপ্রতিরোধ্য নির্যাতন চালানো শুরু করেন। হামলা, মামলা আর সন্ত্রাসী তাণ্ডবে এক সময়ে ত্যাগীরা নির্যাতনের শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। পরে ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুল আজিম আনার এমপি হন। তিনি তখন আরেক ডিগবাজি দিয়ে আনারের সঙ্গে সখ্যতা তৈরি করে রাজনৈতিক মাঠে ফেরা মোদাচ্ছেরের সঙ্গে আপস করেন। এ তরফায় তিনি নির্বাচন না করে বসে পড়েন। কিন্তু আওয়ামী লীগ আমলের শেষ নির্বাচনে মোটা অংকের টাকার বিনিময়ে দলটির মান্নান গ্রুপের প্রার্থী আব্দুর রশিদ খোকনের ট্রাকের পক্ষে ভোটে নামেন। এ নির্বাচনে আনোয়ারুল আজিম আনার এমপি নির্বাচিত হলে কোণঠাসা হয়ে পড়ে নজরুল। পরে কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আলার ঘাড়ে ভর করে রক্ষা পান তিনি। সুযোগ বুঝে সখ্যতা গড়ে তুলে আবারো ডিগবাজির মাধ্যমে হয়ে যান এমপি আনার গ্রুপের। একজন ভদ্র ও শান্ত প্রকৃতির নেতা হিসেবে সে সময়ে জনপ্রিয়তায় চেয়ারম্যান হয়ে যান মোদাচ্ছের হোসেন মণ্ডল। এরপর থেকে মোল্ল্যার তাণ্ডব কিছুটা থেমে যায়। আপস করে ফেলেন জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের মণ্ডল ও কোলা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান আলাউদ্দীন আলার সঙ্গে। জনবিচ্ছিন্ন অবস্থায় ধীরগতিতে দিন কাটছিল তার। ৫ই আগস্টে আওয়ামী লীগের পতনের পর পুনরায় ডিগবাজি মারে নজরুল। খোলস পাল্টে বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে হয়ে যান বিএনপি’র কাতারবন্দি। অথচ বিগত ১৭ বছর কোলা জামালপুর ইউনিয়নের বিএনপি’র নেতাকর্মীরা হামলা মামলার শিকার হলেও তিনি ছিলেন আনার এমপি’র পাওয়ারের গা গরম গডফাদার। আওয়ামী লীগের পতনের পর কালীগঞ্জে বিএনপি’র ৩টি গ্রুপ পৃথকভাবে রাজনীতির মাঠে ময়দানে কাজ করছে।

নতুন করে বিএনপি’র নেতা সাজতে তিনি প্রথমে মাথা গুঁজে দেন সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী মুরশিদা জামান বেল্টু গ্রুপে। সেখান থেকে আরও বেশি সুবিধা নেয়ার জন্য আবারো ডিগবাজি মেরে চলে যান আরেক গ্রুপ হামিদুল ইসলাম হামিদ গ্রুপে। এরপর এলাকায় শুরু করেন পুরনো বন্ধু আওয়ামী লীগের আলা চেয়ারম্যানের সন্ত্রাসী গ্রুপ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার। ডিগবাজির ওস্তাদ এই নেতা তার এই সন্ত্রাসী বাহিনী দিয়ে কোলা ইউনিয়নের দীর্ঘ সময়ের দুর্দিনের নেতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্যাকে কোলা বাজারে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করেন। এর পরের দিন একই ইউনিয়নের সাধারণ সম্পাদক শুকুর আলীকেও একইভাবে কুপিয়ে জখম করেন। ওই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ বনির বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালায়। তার হয়ে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মদতদাতা যেন নেতৃত্ব পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাই। প্রায়ই দুই ইউনিয়নের আওয়ামী লীগের পুরনো বন্ধুদের নিয়ে কোলা বাজারে রামদা, ঢাল, সড়কি ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় এখন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অথচ বর্তমানে বিএনপি’র নেতাদের মধ্যে চরম গ্রুপিং থাকায় পার পেয়ে যাচ্ছে নজরুল। এ বিষয়ে নজরুল মোল্লা মানবজমিনকে বলেন, আপনি আমার এলাকায় এসে দেখে যান। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

mzamin


Thursday, October 24, 2024

‘ঘরে সবই আছে কেবল রাকিব নেই’ by আমিনুল ইসলাম লিটন

এখনো ফ্রিজে জমানো রয়েছে দুধ, গুড়, নারিকেল ও পুলিপিঠার পুর। নিস্তব্ধ ঘরে প্রতিটি জিনিস পরিপাটি সাজানো। টানটান করা বিছানার উপর এক পাশে বালিশ। পড়ার টেবিলে তাকে তাকে সাজানো বই। ড্রয়িংরুমে ঠায় দাঁড়িয়ে আছে প্রিয় মোটরসাইকেল। তার পাশেই কাপড় ধোয়ার মেশিন। পানিশূন্য পানির ফিল্টারের ভেতরটা শুষ্ক, আয়রনের হালকা আস্তর।  বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯শে জুলাই রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত প্রকৌশলী মো. রাকিবুল হোসেন (২৯)। রাকিব চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। কিন্তু গ্রামের বাড়িতে তার ঘরটা সবসময় এমনই সাজানো গুছানো থাকতো তার অপেক্ষায়। বাড়িতে তিনজন মানুষের বসবাস। কিন্তু দু’জন মানুষ থাকলেও দেখে মনে হবে কোথাও যেন কেউ নেই। রাকিব নিহত হয়েছেন আজ ৯৪ দিন। কিন্তু তার পরিবারের শোকের মাতম আজও থামেনি। ঝিনাইদহ জেলার সদর পৌরসভার সার্কিট হাউজ রোডের মহিষাকুণ্ডু গ্রামের বাসিন্দা বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন অফিসার (অব.) আবু বকর সিদ্দিক (৬১) এবং হাফিজা খাতুন (৫৮) দম্পতির আদরের ধন রাকিবুল হোসেন। তিনি ঢাকার বনানী সুপার জুট মিলে চাকরি করতেন। ঢাকার মিরপুরে-১১ নম্বরে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে রাকিব ছোট। বড় ভাই ইকবাল হোসেন (৩৭) সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ঝিনাইদহ শাখায় কর্মরত। রাকিবের পিতা আবু বকর সিদ্দিক বলেন, আন্দোলনের সময় আমরা রাকিবকে ফোন করলে সে লোকজনের ভিড় থেকে সরে গিয়ে আমাদের সঙ্গে কথা বলতো। সে যে আন্দোলনে অংশ নিয়েছে, এটা সে আমাদের বুঝতে দিতে চাইতো না। এসব কথা রাকিবুলের সহকর্মীরা পরে আমাদের জানিয়েছে। মা হাফিজা খাতুন বলেন, ১৮ই জুলাই ঢাকায় যখন আন্দোলনে হামলা শুরু হয়, তখন থেকেই আমরা ভয়ে ছিলাম। শুধু ভাবতাম আমার রাকিব অফিসে যাবে কীভাবে? ১৯শে জুলাই শুক্রবার রাকিবকে ফোন করে বললাম, আব্বু অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরি এসো? প্রতি উত্তরে সে বলেছিল, ‘না মা, ফেরা যাবে না।’ তবে সে ফিরেছে লাশ হয়ে।  তিনি বলেন, ১৯শে জুলাই, শুক্রবার, বেলা আড়াইটার পরে আমার ছেলের সঙ্গে শেষ কথা হয়। রুটি আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা করেছিল রাকিব। হাফিজা খাতুন বলেন, ১৯শে জুলাই মিরপুর-১১ তে মেট্রোরেল লাইনের নিচে আন্দোলনকারীদের মাঝে আমার ছেলে পানি বিতরণ করছিল। শিক্ষার্থীদের মাঝে সে যতক্ষণ ছিল, ততক্ষণ নিরাপদেই ছিল। যখনই সে পানি বিতরণ শেষে শিক্ষার্থীদের থেকে কিছুটা আলাদা হয়ে যায়, তখনই তাকে টার্গেট করে গুলি করা হয়।

আমার ছেলের সঙ্গে থাকা সহকর্মীরা জানিয়েছে, উপর থেকে গুলি এসে তার গলায় ঢুকে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে আমার ছেলেটা মারা যায়। আবু বকর সিদ্দিক বলেন, আমার ছেলের বন্ধু পিয়াস জানিয়েছে, সে সময় একজন বয়স্ক মহিলা দৌড়ে রাস্তা পার হতে গিয়ে রাকিবের সামনে এসে পড়ে যায়। রাকিব তাকে টেনে তুলতে এগিয়ে গিয়েছিল। আর তখনই উপর থেকে নিখুঁত টার্গেটে আমার ছেলেকে গুলি করা হয়। রাকিবের মা বলেন, ১৯শে জুলাই রাত ৮টার দিকে একমাত্র ভাতিজা রাফসান (৪)-এর সঙ্গেই রাকিবের শেষ কথা হয়। রাফসান রাকিবকে ‘ছোট আব্বু’ বলে ডাকতো। ফোনে কথা বলার সময় রাফসান রাকিবকে বলেছিল- ছোট আব্বু তুমি বাড়ি চলে আসো। গাড়ি না পেলে তোমার বাইক নিয়ে চলে আসো। না হয় তুমি এম্বুলেন্সে বাড়ি চলে আসো। কে জানতো চার বছরের অবুঝ শিশুটির সেই কথাই এমন নির্মম বাস্তবে পরিণতি পেয়ে যাবে! রাকিব বাড়ি ফিরেছে ঠিকই। প্রিয় বাইক কিংবা গাড়িতে নয়, বরং নিথর দেহে এম্বুলেন্সে চেপেই শেষবারের মতো বাড়ি ফেরা হলো তার।

mzamin

Monday, October 7, 2024

৭ বছর বন্ধ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম: আ'লীগ নেতাদের দখলের দ্বন্দ্ব by আমিনুল ইসলাম লিটন

সাবেক স্বৈরশাসক আওয়ামী লীগ নেতাদের অভ্যন্তরীণ ক্ষমতা দখলের দ্বন্দ্বে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঝিনাইদহের ক্রীড়াঙ্গন ধ্বংসের দ্বারপ্রান্তে। দীর্ঘ ৭ বছর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ। নেই খেলার কোনো প্রতিযোগিতাও। ফুটবল, ভলিবল এমনকি ক্রিকেট টুর্নামেন্ট সবই দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। আওয়ামী লীগ নেতাদের পদ দখলের মামলা দিয়ে ঝিনাইদহ ক্রীড়া সংস্থার নির্বাচন ঝুলে আছে ২০১৮ সাল থেকে। মামলা জটিলতায় নির্বাচন না হওয়ায় ক্রীড়া সংস্থা চলছিল জেলা প্রশাসকের পরিচালনায়। পেশাদার খেলোয়াড়দের যাতায়াত না থাকায় জেলার একমাত্র বৃহৎ খেলার মাঠ ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামটি খাঁ খাঁ করছে। জনমানবহীন স্টেডিয়ামের কোনো সংস্কার কাজ করা হয় না। মাঠের গ্যালারি, ড্রেসিং রুম আর ক্রীড়া সংস্থার অবকাঠামোগুলো রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। স্টেডিয়ামের মেইন গেটের সামনে এখন হাঁটু পানি। সেখানে জলকেলি করে হাঁসের দল। তথ্য নিয়ে জানা গেছে, পেশাদার খেলোয়াড়দের নিয়ে বেশ ভালোই চলছি ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু ১৪ বছর আগে আওয়ামী লীগ নেতারা ক্রীড়া সংস্থা দখলে নেয়ায় ধীরে ধীরে কমতে থাকে খেলার মান। এক সময় ক্লাব ভিত্তিক সব ধরনের খেলার প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে ক্রীড়া সংস্থায় কাউন্সিলর বানানো নিয়ে যুবলীগ নেতা রাশিদুর রহমান রাসেল ও আওয়ামী লীগ নেতা জীবন কুমার বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব বাধে চরমে। সেই দ্বন্দ্ব গড়ায় উচ্চ আদালতে। মামলা হওয়ায় স্টেডিয়ামে সব ধরনের প্রতিযোগিতাসহ খেলাধুলা বন্ধ হয়ে যায়। খেলোয়াড়দের পরিবর্তে আমলাদের নিয়ে গঠিত হয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি।

এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মাঝে। এদিকে খেলাধুলা বা বড় ধরনের কোন প্রতিযোগিতার আয়োজন না থাকলেও ক্রীড়া সংস্থার খরচ থেমে নেই। ২০১৪ সালের ১০ই মে থেকে ২০২৪ সালের ২২শে সেপ্টেম্বর পর্যন্ত ক্রীড়া সংস্থার জনতা ব্যাংকে জমা হয় মোট ১ কোটি ৭৬ লাখ টাকা। ২০২৪ সালের ২২শে সেপ্টম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার টাকা। অন্যদিকে ঝিনাইদহ সোনালী ব্যাংকে ক্রীড়া সংস্থার আরেকটা অ্যাকাউন্টে জমা ছিল ১৫ লাখ ৫০ হাজার টাকা। ২০২৪ সালের ১০ই জুন একটিতে ২ লাখ ও আর একটিতে ৪ লাখ দু’টি চেকের মাধ্যমে সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে ৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এই টাকা কোন খাতে ব্যয় দেখিয়ে উত্তোলন করা হয়েছে তার হিসাব জেলা ক্রীড়া সংস্থায় নেই। দীর্ঘদিন আভ্যন্তরীণ অডিট না হওয়ায় ক্রীড়া খাতে বেশুমার লুটপাট হয়েছে এমন অভিযোগও তুলেছেন এলাকার খেলোয়াড়রা। ঝিমিয়ে পড়া ঝিনাইদহের ক্রীড়াঙ্গন নিয়ে জেলার সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান উদ্দীন আফাঙ্গীর জানান, ক্রীড়া সংস্থার নেতৃত্ব পেশাদার খেলোয়াড়দের হাতে ফিরে না আসা পর্যন্ত এই মাঠে প্রাণবন্ত পরিবেশ আর ফিরে আসবে না। ঝিনাইদহবাসীর প্রাণের দাবি দ্রুত মামলা নিষ্পত্তি করে ক্রীড়া সংস্থার নির্বাচন দিয়ে খেলার পরিবেশ সৃষ্টির ব্যবস্থা করা। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী বলেন, ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন হলে কেবল জেলা ক্রীড়ায় প্রাণ ফিরতে পারে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপও নেয়া হয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুম চলে গেলে আশা করা যায় ঝিনাইদহের ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম আবারো প্রাণবন্ত হয়ে উঠবে। আবারো এই মাঠে খেলোয়াড়দের পদচারণা শুরু হবে।

mzamin

Sunday, September 29, 2024

‘অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দ্বারা নির্বাচিত  সরকারই কেবল গণতন্ত্র ও দেশের উন্নয়নের জন্য নতুন ধারা সৃষ্টি করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। তবে এখানে একটি কিন্তু রয়েছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদের নিতে হবে। স্বৈরাচার পতনের পর দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, তাহলে ১৬ বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। গতকাল ঝিনাইদহ পায়রা চত্বরে ফ্যাসিবাদী আন্দোলনে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিবুল হত্যার প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চ্যুয়ালি তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা আজ এমন একটা পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারও কোনো ভয় নেই। আমরা আমাদের কথা বলার জন্য একইসঙ্গে আমরা অন্যের কথা শোনবার জন্য একত্রিত হয়েছি। অথচ মাত্র ক’দিন আগেও এই দেশের মানুষ দলমত নির্বিশেষে কথা বলতে পারতো না। বিগত ১৬ বছর ধরে আমরা আমাদের কষ্টের কথাও স্বাধীনভাবে বলতে পারতাম না। বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। কীভাবে বাংলাদেশের মানুষের অধিকারগুলো ছিনিয়ে নেয়া হয়েছিল, তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিল।

ঝিনাইদহ জেলায় জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী আছেন যাদেরকে আমরা হারিয়েছি। মিরাজুল ইসলাম মির্জা, দুলাল ও পলাশসহ বহু নেতাকর্মীকে হারিয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনেও এই জেলার মানুষ সাব্বির ও প্রকৌশলী রাকিবুল বুকের তাজা রক্ত দিয়েছে। দেশের মানুষ গত ৫ই আগস্ট এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে হটিয়েছে। জনগণের আন্দোলনের মুখে যে স্বৈরাচার জনগণের বুকের ওপর চেপে বসেছিল, সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষের কৃতিত্ব। তিনি বলেন, আজকে যখন স্বৈরাচার পালিয়ে গেছে, তখন দেশের জনগণের দাবি ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের। গত ১৬ বছরে এই জুলাই-আগস্টে যে মানুষগুলো আন্দোলনে গিয়েছে, যে মানুষগুলো সবকিছু উজাড় করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য জীবনবাজি রেখে যারা যুদ্ধ করেছে, তাদের এই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে, যেদিন এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। আজ আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে, বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে একটি স্বাভাবিক মঞ্চে। যা দেশের মানুষ প্রত্যাশা করে। দলমত নির্বিশেষে নিজেদের জীবনের নিরাপত্তা প্রত্যাশা করে। প্রতিটি শিশু, প্রতিটি শিক্ষার্থী নিরাপত্তা ও শিক্ষাগ্রহণের যে গ্যারান্টি চায়, প্রতিটি কৃষক তাদের অবদানের যে স্বীকৃতি চায়, এই সকল কিছু সরকার গঠনের মাধ্যমে ধীরে ধীরে সকল কিছু প্রতিষ্ঠিত করতে হবে।

ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মীর রবিউল ইসলাম লাভলু, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা বিএনপি’র আক্তারুজ্জামান আক্তার, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুর মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পপ্পু, শাহজাহন আলী, এড. শামসুজ্জামান লাকী, আলমগীর হোসেন চেয়ারম্যান প্রমুখ বক্তব্য রাখেন।

mzamin


Wednesday, September 4, 2024

ঝিনাইদহ আইএইচটি’র শতাধিক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন, পালালেন চার অভিযুক্ত

যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আই,এইচ,টি) ডেন্টাল ইন্সট্রাক্টর কার্তিক গোপাল বিশ্বাসসহ তার তিন সহযোগী পালিয়ে গেছেন। এ নিয়ে আইএইচটি’র শত শত শিক্ষার্থীর আন্দোলনের মুখে গঠিত হয় তদন্ত টিম। মঙ্গলবার একটি তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন আইএইচটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রেজিনা আহম্মেদ। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানের একাধিক ছাত্রীকে যৌন নির্যাতন, মেয়েদের পর্দার বিরুদ্ধে অবস্থান ও ছাত্রলীগ দ্বারা সাধারণ ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ দেয় আইএইচটি’র বর্তমান ও প্রাক্তন প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে তদন্ত করে দেখা যায় তাদের সব অভিযোগই সত্য। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডেন্টাল ইন্সট্রাক্টর কার্তিক গোপাল বিশ্বাস ডেন্টালের ছাত্রীদের শহরের ব্যাপারীপাড়াস্থ তার চেম্বারে ডেকে এনে হাতে কলমে প্রশিক্ষণের নামে যৌন নির্যাতন চালাতেন। যৌন কর্মে লিপ্ত না হলে মৌখিক পরীক্ষায় ফেল ও লিখিত পরীক্ষায় কম মার্ক দেয়ার কথা বলে একাধিক ছাত্রীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। তদন্ত টিম যৌন নির্যাতনের শিকার এমন শতাধিক নারী শিক্ষার্থীর বক্তব্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন তদন্ত টিম। তাছাড়া কার্তিক গোপাল ক্লাসে নারী শিক্ষার্থীদের পর্দা করার বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মানহানিকর বক্তব্য দিতেন।

নারী শিক্ষার্থীদের অভিযোগ কার্তিকের এই অপকর্মে সহায়তা করতেন, আইএইচটির রেডিওগ্রাফার আলমডাঙ্গা উপজেলার সরফরাজ খান সোহাগ। সোহাগ আইএইচটির ক্যাম্পাসে মাদকের স্বর্গ রাজ্য গড়ে তোলেন। এতে অনেক সাধারণ শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে পড়েন। এদিকে গেস্ট লেকচারারের কোনো পদ না থাকার পরও ছাত্রলীগের সাবেক সভাপতি চাকলাপাড়ার তারিক মোড়ের মাহমুদুল ইসলাম লিওন ক্লাস নেয়ার নামে নারী শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিতেন। আউট সোর্সিংয়ে কর্মরত ঝিনাইদহ শহরের হামদহ দাস পাড়ার সূর্য্য দাস লিওনের সহযোগী হিসেবে কাজ করতেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। একাধিক সূত্রে জানা গেছে, কার্তিক গোপাল বিশ্বাসের দ্বৈত নাগরিক রয়েছে। ভারতের নাগরিক হওয়ায় তিনি কাউকে পরোয়া করতেন না। ফলে হাসিনা সরকারের গোটা সময় ধরে তিনি নানা অপকর্ম করে পার পেয়ে গেছেন। বর্তমানে তিনি ভারতে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ঝিনাইদহ আইএইচটিতে ৫টি ডিপার্টমেন্টে বর্তমানে ৩৫০ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠার পর ১২ বছরে শিক্ষা জীবন শেষ করে ৭টি ব্যাচের শিক্ষার্থীরা চলে গেছেন। ২০১২ সালে মাত্র ২৫ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি।

Thursday, August 29, 2024

ঝিনাইদহে বিচারবহির্ভূত হত্যার শিকার হন ৪২ জন by আমিনুল ইসলাম লিটন

ঝিনাইদহে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ ৪২ জন। এই বিভীষিকাময় হত্যাকাণ্ড চলে ২০১৩-২০১৬ পর্যন্ত। বিচারবহির্ভূত অমানবিক হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মিরাজুল ইসলাম মির্জা ছিলেন এক প্রতিবাদী যুবক। অন্যায় দেখলেই করতেন প্রতিবাদ। সাংগঠনিক দক্ষতা আর নিজ এলাকার আধিপত্যের কারণে দিনে দিনে চক্ষুশূল হয়ে ওঠে এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের। সরকার বিরোধী সকল আন্দোলনে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা রাখতেন মির্জা। আর এটাই কাল হয় দাঁড়ায় তার। মাত্র ২৫ বছর বয়সে মির্জা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। ২০১৫ সালের ১৭ই মার্চ ঝিনাইদহ শহরের একটি ছাত্রাবাস থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় মির্জাকে। ৮দিন তাকে ঝিনাইদহ জেলার বিভিন্ন পুলিশ ক্যাম্পে রেখে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না পাওয়ার কারণে ৮ দিনের মাথায় ২৫শে মার্চ মির্জার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় ঝিনাইদহ জেলার সীমান্তে চুয়াডাঙ্গা সদর উপজেলার পন্নাতলা মাঠে। মির্জার ১০৭ বছর বয়সী পিতা  জোনাব আলী একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ। ছেলে হারানোর শোক আর কান্নায় কেটে গেছে ৯ বছরেরও বেশি সময়। বয়সের ভারে আর চলাফেরা করতে পারেন না। বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ পিতা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান প্রতি মাসে অনুদানের টাকা পাঠান। এছাড়াও জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ মাঝে মধ্যেই মির্জার পরিবারের জন্য চাল, ডাল ও নগদ টাকা দিয়ে আসেন তাতেও তাদের সংসার চলে না। ফলে মির্জার মা বুলবুলি খাতুন বৃদ্ধ বয়সেও বাধ্য হয়ে পরের বাড়িতে কাজ করে সংসার চালান। শুধু মির্জাই নন, তার মতো বিচারবহির্ভূত হত্যার শিকার হন ঝিনাইদহ বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী। একই সময়ে চরমপন্থি সংগঠনের ক্যাডার নিহত হয়েছে ১৪ জন। লাশ পাওয়ার পর আজ পর্যন্ত পরিচয় মেলেনি ৮ জনের। কেন্দ্রে পাঠানো বিএনপির খুন গুমের তালিকা সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪০ মাসে জেলায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪২ জন। এরমধ্যে বিএনপির ৪ জন, জামায়াত শিবিরের ১৫ জন, সাধারণ ব্যবসায়ী একজন, সন্ত্রাসী ১৪ জন ও অজ্ঞাত রয়েছেন ৮ জন। নিহতদের মধ্যে রয়েছেন, ঢাকার শনির আখড়া এলাকার বিএনপি নেতা রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের বিএনপি নেতা গোলাম মোস্তফার ছেলে গোলাম আজম পলাশ, একই গ্রামের দুলাল হোসেন, আরাপপুর ক্যাডেট কলেজ পাড়ার ব্যবসায়ী তমুর রহমান তুরান, হরিণাকুন্ডুর রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী পান্না, শৈলকুপার শিবির কর্মী ইবি ভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম মামুন, ঝিনাইদহ শহরের জনপ্রিয় শিবির নেতা ইবনুল পারভেজ, মেধাবী ছাত্র জহুরুল ইসলাম, তারিক হাসান সজিব, কুষ্টিয়ার আনিছুর রহমান, ঝিনাইদহ শহরের শহীদ আল মাহমুদ, কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামের সোহানুর রহমান সোহান, একই উপজেলার বাকুলিয়া গ্রামের শামিম হোসেন, চাপালী গ্রামের আবুজার গিফারী, সদর উপজেলার কালুহাটী গ্রামের হাফেজ জসিম উদ্দীন, সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের মাদ্রাসা শিক্ষক ও জামায়াত কর্মী আবু হুরাইরা, কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী হাফেজ আবুল কালাম ও একই উপজেলার চাঁদপাড়া গ্রামের জামায়াত নেতা এনামুল হক বিশ্বাস। বিএনপি ও জামায়াত নেতাদের অভিযোগ সাংগঠনিকভাবে দক্ষ ঝিনাইদহের এসব কর্মীদের টার্গেট করে আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশ দিয়ে একের পর এক এসব হত্যা কাণ্ড ঘটিয়েছে। আর এ ঘটনার সঙ্গে জড়িত ছিল অতি উৎসাহী কতিপয় পুলিশ ও গোয়েন্দা বিভাগের অফিসাররা। বিশেষ করে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মদদে টার্গেট কিলিংয়ের শিকার হন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এসব নেতাদের প্রথমে পুলিশ, ডিবি বা র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হতো। কিছুদিন পর ঝিনাইদহ এবং পার্শবর্তী জেলার সীমান্তের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ লাশ পাওয়া যেত তাদের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর জানান, হাসিনা সরকারের আমলে ঝিনাইদহে জামায়াত শিবিরের ১৬ নেতাকর্মীকে খুন করা হয়েছে। কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা দিয়েছে মামলা করার। ইতিমধ্যে আমরা জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় মামলা করেছি। পর্যায়ক্রমে সব খুনের মামলা করা হবে এবং সেই প্রচেষ্টা চলছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ বলেন, হাসিনা সরকারের আমলে ঝিনাইদহে যেসব বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে সে বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে মামলা করে আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Tuesday, December 31, 2019

১৫ বছরের শিক্ষকতা জীবনে এক টাকাও বেতন পাননি

সুকুমার সাহা
ঝিনাইদহের পি ডি আর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন সুকুমার সাহা। তিনি এই বিদ্যালয়ে ১৫ বছর ধরে শিক্ষকতা শেষে অবসরে যান। কিন্তু এই ১৫ বছরে তিনি এক টাকাও বেতন পাননি।
শিক্ষাপ্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় সুকুমারকে বিনা বেতনে পাঠদান করতে হয়েছে। তাঁর জন্ম ১৯৫৮ সালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে। তাঁর বাবা মৃত ফণীন্দ্রনাথ সাহা ব্যবসায়ী ছিলেন। ব্যবসার প্রয়োজনে ফণীন্দ্রনাথ ১৯৬৭ সালে চলে আসেন ঝিনাইদহে। এই শহরের মদনমোহন পাড়ায় বসবাস শুরু করেন। আজও বাবার রেখে যাওয়া সেই বাড়িতেই সুকুমার বসবাস করছেন।
সুকুমার বলেন, বিএসসি কোর্স শেষে বাবার ব্যবসাপ্রতিষ্ঠান দেখাশোনা করতেন তিনি। বাবার তখন মুদিদোকান ছিল। ১৯৮৯ সালে তিনি পৃথক দোকান নেন। কালীগঞ্জ শহরের বিমল কুমার সাহার মেয়ে উৎপলা সাহাকে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের সংসার ভালোই চলছিল। তাঁদের ঘরে আসে সজীব কুমার সাহা ও দীপ্ত সাহা নামের দুই সন্তান। বর্তমানে তারা দুজনই পড়ালেখা করছে। সুকুমার আরও জানান, ১৯৭৫ সালে ঝিনাইদহ নিউ একাডেমি থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন তিনি। ১৯৭৮ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি ও ১৯৮১ সালে বিএসসি কোর্স সম্পন্ন করেন। ১৯৮২ সালে এমএসসি কোর্স করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৫ সাল পর্যন্ত সেখানে পড়ালেখা করে পারিবারিক সমস্যার কারণে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে বাবার ও নিজের ব্যবসা দেখাশোনা করতেন। এরই মধ্যে ২০০০ সালের ১ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিঘলগ্রাম গ্রামে প্রতিষ্ঠা করা হয় পি ডি আর (পীড়াগাতি-দিঘলগ্রাম-রূপদাহ) মাধ্যমিক বিদ্যালয়। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখানে পড়ানোর জন্য কোনো গণিতের শিক্ষক পাচ্ছিলেন না। তখন তাঁকে যোগদানের জন্য অনুরোধ করেন। কর্তৃপক্ষ ২০০৪ সালে তাঁকে নিয়োগ দেন। এরপর থেকে তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যান। কিন্তু এই চাকরির সময়ে তিনি কোনো বেতন পাননি। এমনকি বিদ্যালয়টি হতদরিদ্র এলাকায় প্রতিষ্ঠিত হওয়ায় সেখানেও তেমন আয় ছিল না। যে কারণে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তিনি কিছুই পাননি। আবার প্রতিষ্ঠানে বেশি সময় দেওয়ায় নিজে কোনো প্রাইভেট পড়ানোর সঙ্গেও যুক্ত হননি। এরই মধ্যে আরও ভালো পাঠদানের স্বার্থে ২০০৯ সালে তিনি বিএড কোর্স সম্পন্ন করেন।
সুকুমার দুঃখ করে বলেন, কর্মজীবন শেষ করলেন বেতন ছাড়া। যাওয়ার সময়ও কিছুই পেলেন না। এ অবস্থায় পরিবারের সদস্যদের সামনে মুখ দেখাতে এখন খুব কষ্ট হয়। স্ত্রী উৎপলা একটি প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা করেন। বাড়িতে কিছু বাচ্চা পড়ান স্ত্রী। স্ত্রীর টাকায় চলে সংসার। তাঁর এই কঠিন জীবন নিয়ে কারও কি কিছুই করার নেই—এ প্রশ্ন সুকুমারের।
ওই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আকরামুল কবির জানান, কিছু শিক্ষানুরাগী ২০০০ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১০০ শতক জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ২৪৫ জন ছেলেমেয়ে পড়ালেখা করছে। আটজন শিক্ষক আর তিনজন কর্মচারী রয়েছে প্রতিষ্ঠানে। রয়েছে সাতটি শ্রেণিকক্ষ, একটি শিক্ষকদের কক্ষ ও একটি শিক্ষার্থী কমন রুম। পীড়াগাতি, দিঘলগ্রাম, রূপদাহ, মান্দারতলা, করিমপুর ও আশুরহাট গ্রামের ছেলেমেয়েরা এ প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এ পর্যন্ত তাদের প্রতিষ্ঠান থেকে ১০টি ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এখান থেকে ৮৫ থেকে ৯০ শতাংশের বেশি পাসের হার। এরপরও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। যে কারণে সুকুমারকে বেতন ছাড়াই চলে যেতে হয়েছে। আরও কয়েকজন আছেন, তাঁদের অবস্থাও একই। প্রতিষ্ঠানটি দ্রুত এমপিওভুক্ত না হলে ওই শিক্ষকদের অবস্থাও সুকুমারের মতো হবে।
এ বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ খান জানান, এসব শিক্ষক নিয়ে তাঁদের কিছুই করা ও বলার নেই। তবে শিক্ষকেরা উচ্চপর্যায়ে যোগাযোগ করে দেখতে পারেন, কিছু হয় কি না।

Wednesday, September 11, 2019

জাগ দেওয়ার পানি নেই, মাঠেই শুকিয়ে যাচ্ছে পাট by নয়ন খন্দকার

ধানের লোকসান পুষিয়ে নিতে পাট চাষে ঝুঁকেছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃষকরা। কিন্তু চলতি বছর এ উপজেলায় কম বৃষ্টিপাত হওয়ায় পাট জাগ দেওয়ার পানির সংকট দেখা দিয়েছে। এজন্য অধিকাংশ কৃষক সময় পেরিয়ে গেলেও পাট কাটেননি। কেউ কেউ কাটার পর মাঠেই ফেলে রেখেছেন। এ কারণে মাঠেই শুকিয়ে যাচ্ছে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয়ে চাষ করা এ পাট। পানির অভাবে সোনালি আশ এখন কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এক হাজার ৩৩৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলার ৮৫০ জন কৃষক এক হাজার ৩৪০ হেক্টর জমিতে পাটের আবাদ করেছেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে এবার পাঁচ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়েছে।
উপজেলার বুজরুখমুন্দিয়া গ্রামের কৃষক ইউনুচ আলী জমাদ্দার জানান, তিনি বৈশাখ মাসে দেড় বিঘা জমিতে পাটের আবাদ করেন। বীজ, সার, কীটনাশক পরিচর্যাসহ তার প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। প্রায় এক থেকে দেড় মাস আগে পাট কাটার উপযোগী হয়ে যায়। কিন্তু বৃষ্টির পানির অভাবে পাট কাটতে পারেননি। কারণ বৃষ্টি না হওয়ায় এলাকার পুকুর, খাল-বিল, খানা-গর্ত কোথাও পানি নেই। এ কারণে পাট জাগ দিতে পারছেন না। তিনি অর্ধেক জমির পাট কেটে ক্ষেতে ফেলে রেখেছেন আর অর্ধেক পাট এখনও কাটেননি।
পাট কাটার পর জাগ দিতে না পেরে মাঠেই ফেলে রাখা হয়েছে
একই গ্রামের কৃষক সবদুল হোসেন জানান, তিনি দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। কিন্তু বৃষ্টি না হওয়ায় সেগুলো জাগ দিতে পারেননি। বর্তমানে পাটগুলো শুকিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বাজারে প্রথম দিকে এক হাজার পাঁচশ’ থেকে এক হাজার আটশ’ টাকা মণ দরে পাট বিক্রি হয়েছিল। কিন্তু এখন দাম কমে এসেছে। বর্তমানে এক হাজার দুইশ’ থেকে এক হাজার তিনশ’ টাকা মণ দরে পাট বিক্রি হচ্ছে। অবশ্য গত বছর পাটের বাজার ভালো ছিল। আমরা আশা করেছিলাম, ধানের লোকসান কিছুটা হলেও পাট থেকে তুলে নেবো। কিন্তু পানির অভাবে এখন পাট কাটতেই পারছি না। ভালোভাবে জাগ দিতে না পারলে পাটের রঙ ভালো আসবে না। দামও পাবো না। বর্তমানে পাট নিয়ে আমরা চিন্তায় আছি।’
উপজেলার বুজিডাঙ্গা গ্রামের পাটচাষি আশাদুল ইসলাম বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর বাজারে পাটের দাম অনেক কম। এবার পাট চাষ করে বিপদে পড়েছি। এর আগে ধানের দাম পাইনি, এবার পাটের দামও পাবো না।’ তিনি আরও বলেন, ‘১০ কাঠা জমিতে পাট  চাষ করেছি। তাতে প্রায় চার হাজার টাকা খরচ হয়েছে। বৃষ্টি না হওয়ায় পুকুর-খালে পানি জমেনি। স্যালো মেশিন দিয়ে পুকুরে পানি ভর্তি করে পাট জাগ দিতে ঘণ্টা চুক্তিতে পানির দাম দিতে হচ্ছে। একশ বান্ডিল (১২ থেকে ১৫টিতে একটি বান্ডিল) পাট চিকাতে (ছিলতে) তিনশ’ টাকা করে দিতে হবে। সব খরচ-খরচা বাদে এবার পাটে লোকসান গুনতে হবে।’
আশাদুল, ইউনুচ, সবদুলদের মতো এখানকার অনেক চাষিই বলেন, ‘এ বছর বিভিন্ন জেলায় বন্যা ও ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু কালীগঞ্জে তেমন বৃষ্টি হয়নি। এ কারণে আমরা পাট জাগ দিতে পারছি না। পানির অভাবে এ উপজেলার অধিকাংশ কৃষকের পাট ক্ষেতেই শুকিয়ে যাচ্ছে।’
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘এবার লক্ষ্যমাত্রার চেয়ে পাটের আবাদ বেশি হয়েছে। কিন্তু পাট পচানোর জন্য পর্যাপ্ত পানিই নেই। এখন কৃষকরা গর্তের মধ্যে স্যালো মেশিনের মাধ্যমে পানি দিয়ে পাট পচাচ্ছেন। তাতে পাটের মান পড়ে যাচ্ছে।’ তিনি আরও জানান, ভালো পাট বাজারে এক হাজার আটশ’ থেকে এক হাজার নয়শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কিন্তু মান খারাপ হলে সে পাটের দাম কম পাওয়া যাচ্ছে।
সময় পেরিয়ে গেলেও পানির অভাবে কাটা হচ্ছে না পাট

Saturday, July 13, 2019

৩৫ মণ যুবরাজের দাম ১৮ লাখ টাকা by আমিনুল ইসলাম লিটন

যুবরাজের ওজন ৩৫ মণ। দাম উঠেছে ১৮ লাখ টাকা। কিন্তু মালিক ২৫ লাখ ছাড়া বিক্রি করবেন না। ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের এই যুবরাজ কোনো রাজপুত্র নন, শাহ আলম মিয়ার একটি ফ্রিজিয়ান ষাঁড়। শখ করে যার নাম রাখা হয়েছে যুবরাজ। দূর থেকে দেখলে মনে হবে এটা একটা হাতি। ইতিমধ্যে পাইকাররা যুবরাজের দাম হেঁকেছেন ১৮ লাখ টাকা। আর শাহ আলম ২৫ লাখ দাম চাচ্ছেন, কিছু কম হলেও বিক্রি করবেন।
ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম মিয়ার পৈত্রিক বাড়ি মাদারিপুর জেলার শিবচর উপজেলায়। প্রায় ৭ বছর আগে এক বন্ধুর হাত ধরে এই গ্রামে চলে আসেন। বর্তমানে এখানে স্থায়ীভাবে বসবাস করছেন। স্কুল ও কলেজ জীবন শিবচরে কেটেছে তার। পরে অর্থ উপার্জন করতে বিদেশে যান। ৫ বছর সিঙ্গাপুরে থাকার পর দেশে ফিরে আসেন। এরপর বিদেশের সঙ্গে ব্যবসা শুরু করেন। এই ব্যবসার প্রয়োজনে ৩৫টি দেশে ঘুরেছেন তিনি। পরে ঝিনাইদহে এসে গড়ে তোলেন আবদুল্লাহ এগ্রো এন্ড ডেইরি ফার্ম। প্রায় ৩৮ লাখ টাকা ব্যয় করে বাড়ি এবং বাড়ির সঙ্গে এই ফার্ম প্রতিষ্ঠা করেছেন। ৩ বছর হলো এই খামারে গরু লালন-পালন করেন। বর্তমানে তিনি এই খামারেই সময় দেন। এগুলো লালন-পালন করে যা আয় করেন তা দিয়ে সংসার চালান। শাহ আলম জানান, বর্তমানে তার খামারে ৭টি গরু আছে। সব গরুর আলাদা আলাদা নাম আছে। তিনি সবাইকে নাম ধরেই ডাকেন। আসন্ন ঈদুল আজাহায় তিনি যে তিনটি গরু বিক্রি করবেন সেগুলোর নাম যুবরাজ, রবি ও সাহেব। বাকি চারটা আগামী বছর বিক্রি করবেন বলে জানান। শাহ আলম জানান, তিন বছর তিনি এই খামার করেছেন। যুবরাজকে তিনি খামার শুরুর সময় নিয়েছিলেন। মাত্র ৬ মাস বয়সে নিয়েছিলেন, এখন তার বয়স ৩ বছর ৬ মাস। যুবরাজের পেছনে এখন পর্যন্ত তার ৯ থেকে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন প্রতিদিন শত শত মানুষ আসছেন তার এই যুবরাজ নামক গরুটি দেখতে। গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা জানান, শাহ আলম মিয়া গরুর সঙ্গে কথা বলে। সে নাম ধরে ডাক দিলেই গরু বুঝতে পারে। এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, তারা গরুটির ওজন আনুমানিক ৩৫ মণ বলে ধারণা করছেন। ঈদ আসতে এখনো কিছুদিন বাকি আছে। এরই মধ্যে আরো কিছু ওজন বাড়বে বলে মনে করছেন। অবশ্য গরুর ওজন আরো বেশি হবে বলে তিনি দাবি করেছেন।

Tuesday, July 9, 2019

৪৪ বছর ধরে রোজা, চলেন গেলেন এক মমতাময়ী মা

আদর্শ মায়ের প্রতীক হয়ে ওঠেছিলেন সখিরণ নেছা ওরফে ভেজিরণ বুড়ি। যিনি সন্তানের মঙ্গলের জন্য প্রায় ৪৪ বছর ধরে রোজা রেখেছেন। সবার প্রিয় সেই সখিরণ নেছা চিরবিদায় নিয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে আনুমানিক ৭৫ বছর বয়সী মমতাময়ী এই মা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।
সখিরণ নেছা ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী। প্রতিবেশি মনজুর আহম্মেদ জানান, ১৫ দিন ধরে তিনি অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। রক্ত তৈরী করা কোষগুলো তার অকেজো হয়ে পড়েছিল। সোমবার রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামে আদর্শ মা সখিরণ নেছাকে দাফন করা হয়।
এলাকাবাসী জানায়, খুবই হতদরিদ্র ঘরের একজন সাধারণ মা ছিলেন তিনি। কাজ করতেন মানুষের বাড়ি, ভাজা ফ্যাক্টরিতে। কখনো ঝাল আর কলাই তুলে জীবিকা নির্বাহ করতেন। ৪৪ বছর রোজা পালন করলেও খাওয়ার ব্যাপারে তিনি ছিলেন একেবারেই সাদামাটা। কোন সময় শুধু পানি মুখে দিয়েই রোজা ভাঙতেন। দুনিয়া জোড়া মায়েদের জন্য রোল মডেল সেই মা সখিরণ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
স্থানীয় মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল বলেন, ১৯৭৫ সালে ১১ বছর বয়সে তার বড় ছেড়ে শহিদুল হারিয়ে যান। তখন থেকেই ওই সন্তানের মঙ্গল কামনা করে এক নাগাড়ে রোজা পালন করে আসছিলেন। শহিদুল বাড়ি ফিরে এলেও রোজা রাখা বন্ধ করেননি তিনি। ছেলে শহিদুলের বয়স এখন ৫৫। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে সন্তানের প্রতি তার এ মমতার কথা বাংলাদেশের গন্ডি পেরিয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।
তথ্য নিয়ে জানা গেছে, সখিরণ নেছা ওরফে ভেজিরণ বুড়ির স্বামী আবুল খায়ের ছিলেন একজন বিত্তশালী মানুষ। ৩ ছেলে ও ৩ মেয়ের জননী ছিলেন সখিরণ। স্বামীর মৃত্যুর পর পরিবারে অভাব-অনটন নেমে আসে। বড় ছেলে শহিদুল জানান, এমন মায়ের গর্ভে জন্ম নেয়া সৌভাগ্য। আমার মা ছিলেন অনুকরণীয় একজন নারী।

Sunday, June 23, 2019

লাইনে দাঁড় করিয়ে ঘুষের টাকা ফেরৎ

ঝিনাইদহে লাইনে দাঁড় করিয়ে ঘুষের টাকা ফেরৎ দিয়েছেব পল্লী বিদ্যুৎ-এর এক কর্মকর্তা। এ সংশ্লিষ্ট ছবি এবং খবর এখন টক অব দি টাউনে পরিণত হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা মানুষের মুখে মুখে।
বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে ১২৬ পরিবারের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুাপা উপজেলার এলাকা-৭ এর পরিচালক নুরুজ্জামান। পল্লী বিদ্যুৎ সমিতির অনুসন্ধানে প্রমাণিত হয় বিষয়টি। অবশেষে গ্রাহকদের চাপের মুখে ঘুষের ১ লাখ ৩৮ হাজার ১০০ টাকা তিনি ফেরত দিতে বাধ্য হন।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামের পৃথক দু’টি স্থানে আনুষ্ঠানিকভাবে ঘুষের টাকা ফেরত দেয়া হয়। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টাকা বুঝে নেন গ্রাহকরা।
এ সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শৈলকুপা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, সমিতি বোর্ডের সভাপতি হাফিজুর রহমান, সহকারি প্রকৌশলী মোতাহার হোসেন ও সহকারি জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো. রেজাউল করিম রাজিব উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন বলেন, শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ চলছে। সুযোগে বুঝে ওই এলাকার দালাল চক্রের মাধ্যমে ঘুষ নেন পরিচালক নুরুজ্জামান। ঘুষ গ্রহণের বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে গোপন অনুসন্ধান কালে খবরের সত্যতা পান জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন। ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা ৭ নং এলাকা পরিচালক নুরুজ্জামানের নাম বেরিয়ে আসে। পরবর্তীতে এই টাকা গ্রাহকদের ফেরৎ দেয়ার উদ্যোগ নেয়া হয়। লাইনে দাঁড় করিয়ে ঘুষের টাকা ফেরৎ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি।
বৃহস্পতিবার রাতে ঘুষখোর পরিচালক নুরুজ্জামান নিজেই গ্রাহকদের হাতে সেই টাকা তুলে দেন। ওইদিন দুর্নীতি বিরোধী ব্যানার ঝুলিয়ে ১২৬ পরিবারকে ১ লাখ ৩৮ হাজার ১০০ ঘুষের টাকা ফেরত দেয়া হয়।
বিষয়টি নিয়ে পরিচালক নুরুজ্জামান গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণের কথা স্বীকার করে বলেন, তিন বছর আগে খুলুমবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া ও বাগদিপাড়ার অন্তত ১৫০ জনের কাছ থেকে মিটারসহ বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে গড়ে ৭৫০ টাকা হারে ঘুষ নেন। আত্মস্বীকৃত এই ঘুষখোর শৈলকুপার হাকিমপুর গ্রামের মৃত নজির উদ্দিন মোল্লার ছেলে। এলাকা পরিচালক হওয়ার আগে তিনি পল্লীবিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত ইলেট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। এলাকা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জন্য ঢাকায় প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন জানান।

Wednesday, April 10, 2019

ঝিনাইদহে ভোটের জেরে তাণ্ডব, ঘরছাড়া শ’ শ’ পরিবার by আমিনুল ইসলাম লিটন

এক বিভীষিকাময় পরিস্থিতি চলছে ঝিনাইদহের শৈলকুপায়। চলছে মধ্যযুগীয় কারবার। কথায় কথায় লুটপাট, বড়িঘর ভাঙচুর এখানে কোনো বিষয়ই নয়। গত উপজেলা পরিষদ নির্বাচনের পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহ। এক সময় শৈলকুপা ঝগড়াপ্রবণ এলাকা হিসাবে ছিল পরিচিত। গত ক’বছরে এ তকমা থেকে তারা বেরিয়ে আসে। কিন্তু শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের পর বদলে যায় দৃশ্যপট।
পুরোনো সেই চেহারায় যেন ফিরেছে মানুষ। নির্বাচন-পরবর্তী সহিংসতা কোনোভাবেই কমানো যাচ্ছে না। তীব্র হয়ে উঠেছে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি। আওয়ামী লীগের শুত্রু হয়ে উঠেছে আওয়ামী লীগ। যখন তখন চলছে আদিম যুগের মতো সহিংসতা। হচ্ছে বাড়িঘর ভাঙচুর। জিনিসপত্র লুটপাট ও গরু-ছাগল ছিনতাই। শুধু তাই নয়, ওই ছাগল গৃহস্থের বাড়ির সামনে জবাই করে আয়োজন করা হয় ভূরিভোজেরও। এমন নির্মম অত্যাচারে শত শত পরিবার নিজ বাড়ি ছেড়ে পালিয়েছে। নিয়েছে অন্যত্র আশ্রয়।
সূত্র মতে, নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়াদ্দার দলের মনোনয়ন পান। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা। এই দুই নেতাকে ঘিরে দলের নেতা-কর্মীরা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। শুরু হয়ে যায় উপজেলা থেকে গ্রাম পর্যায়ে নেতা-র্মীদের মধ্যে রেষারেষি ও শত্রুতা। দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ মন্নু নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করেন। তার সঙ্গে ছিলেন শৈলকুপা পৌর কমিটির সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম। দলের ইউপি চেয়ারম্যানরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে প্রচারণা শুরু করেন। নির্বাচনের আগে ছোটখাটো দু-একটি সহিংসতার ঘটনা ঘটে। কিন্তু প্রশাসন তা কঠোর হাতে নিয়ন্ত্রণে আনে।
নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী শিকদার মোশাররফ হোসেন সোনা বিজয়ী হন। এরপর উপজেলায় বিভিন্ন গ্রামে সহিংসতা ছড়িয়ে পড়ে। চলতে থাকে বাড়িঘরে হামলা, ভাঙচুর, মারপিট, অগ্নিসংযোগ ও লুটপাট।
ভোট শেষে ফলাফল ঘোষণার রাতে দোহা নাগিরাট গ্রামে নৌকা সমর্থক তিন জনের বাড়িতে হামলা চালায় স্বতন্ত্র আনারস প্রতীকের সমর্থকের লোকজন। তারা ব্যাপক ভাঙচুর করে। বগুড়া গ্রামে নৌকা সমর্থক আবু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরের দিন পাঁচপাখিয়া গ্রামের ৫ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ২৫শে মার্চ গবিন্দপুর গ্রামে নৌকা সমর্থক কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে এক শিশুসহ পাঁচজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ওই দিনই উপজেলার ধর্মপাড়া গ্রামে নৌকা সমর্থকদের ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়, তুলে নেয়া হয় মাঠের ফসল। ২৬শে মার্চ রুপদা গ্রামে নৌকা সমর্থক ৫ জনকে কুপিয়ে আহত কর হয়। ২৭শে মার্চ ভুলুন্দিয়া গ্রামে নিয়ামত আলীকে পিটিয়ে আহত করে আনারস প্রতীকের সমর্থকরা। শুক্রবার রাতে তার বাড়ি থেকে একটি ছাগল লুট করা হয়। পরে তার বাড়ির সমনে ওই ছাগল জবাই করে ভূরিভোজ করে। উপজেলার পুটিমারি গ্রামে কয়েক জনের বাড়িঘরে হামলা ও বাড়িঘর ভাঙচুর লুটপাট করা হয়। ধর্মপাড়া গ্রামের টেন্টু, লিটন, কোবাদ আলী জানান, ভোটের দিন রাত থেকেই তাদের ওপর চরম অত্যাচার শুরু হয়। কেউ কেউ প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তাদের জমিতে পাকা পিয়াজ রসুন উঠাতে দিচ্ছে না সন্ত্রাসীরা। জমির ফসল জমিতেই পচে নষ্ট হচ্ছে।
ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রুপদা গ্রামে কাজী তোয়াজ উদ্দীন অভিযোগ করেন, তারা আওয়ামী লীগ করে এবং নৌকায় ভোট দিয়েছে এজন্য আনারস সমর্থকরা বাড়িতে ঢুকে তাকে ও তার ছেলে সাইদুর কাজী, নাতনি শিলাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তিনি বলেন, আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তবুও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের লোক জনের হাতেই মার খেতে হচ্ছে আবর ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াতে হচ্ছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) নেতা আবু তাহের বলেন, নির্বাচনের আগে ও নির্বাচন পরবর্তী সময়ে শৈলকুপায় দুই প্রতিন্দ্বী প্রাথী-সমর্থকদের মাঝে যে মারামারি ভাঙচুর চলছে তা কোনো সভ্য মানুষের কাম্য নয়। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী একত্রে বসে এ সমস্যা মিটিয়ে ফেলা উচিত। প্রয়োজনে প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সহিংসতায় সাধারণ মানুষের জানমালের চরম ক্ষতি হচ্ছে।
একই চিত্র  ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু উপজেলা ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের শত শত আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষ প্রাণ ভয়ে বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াচ্ছে। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সহিংসতা বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। যারা অশান্তির সঙ্গে জড়িত তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক দিন আগে হাটফাজিল বাজারে ও হাটগোপালপুর বাজারে সহিংসতা রোধে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা করা হয়েছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ সভার আয়োজন করেন। যেসব নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে তারা নির্দিষ্ট অভিযোগ না দেয়ার কারণে আমরা সন্ত্রাসীদের ধরতে পারছি না। যারা সহিংসতার সঙ্গে জড়িত, যারা শান্তি বিঘ্নিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয়া হেয়েছে এবং বলা হয়েছে সন্ত্রাসী যত ক্ষমতা ধর হোক, আর যে দলেরই হোক না কেন তাদের আটক করে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করা হবে।

Sunday, February 10, 2019

২০ বছরের শিশু! by আমিনুল ইসলাম লিটন

২০ বছর বয়সী চম্পা খাতুন কেবল হাসতে আর কাঁদতে পারেন। এখনো মায়ের কোলেই চড়েন। হাটতে পারেন না। বয়স বাড়লেও বাড়েনি অঙ্গ প্রত্যঙ্গ। নেই শরীরের কোন পরিবর্তন। যে বয়সে পড়ালেখা বা বিয়ের রঙ্গিন স্বপ্ন থাকার কথা সেই বয়সেও চম্পা মানুষের কোল চেপে বসে থাকে। বহুমাত্রিক প্রতিবন্ধি হিসেবে সমাজসেবা থেকে তার নাম নিবন্ধিত হলেও এখনো ভাগ্যে জোটেনি প্রতিবন্ধি ভাতার কার্ড।
চম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের হাসেম মোল্লার মেয়ে।
চম্পা খাতুনের মা মিনুয়ারা বেগম জানান, ১৯৯৯ সালের ২৮শে এপ্রিল চম্পা খাতুনের জন্ম। জন্মের পর থেকে সে বহুমাত্রিক প্রতিবন্ধি। আচরণ করে শিশুর মতো। কোন কথা বলতে পারে না। কেবল হাসতে আর কাঁদতে পারে। সারাক্ষণ মানুষের কোলে কোলেই তার দিন কাটে।
বড় বোন ময়না খাতুন জানান, ২০ বছর বয়স হলেও চম্পা এখনো শিশুর মতোই রয়ে গেছে। তার পিতা হাসেম মোল্লার মেয়েকে চিকিৎসা করানোর মতো সঙ্গতি নেই। এ জন্য তারা চম্পার জন্য একটি প্রতিবন্ধি ভাতার কার্ড করার চেষ্টা করছেন। তিনি বলেন, ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা থেকে ২০১৬ সালে প্রতিবন্ধি হিসেবে চম্পার নাম নিবন্ধিত হলেও সেখানে মোছা. চম্পার খাতুনের স্থলে ভুলক্রমে মো. চাকমা খাতুন লেখা হয়েছে। নাম সংশোধনের চেষ্টা করা হচ্ছে বলেও ময়না খাতুন জানান।
প্রতিবন্ধি ভাতা না হওয়া প্রসঙ্গে এলাকার ইউপি মেম্বর এনামুল হক ডালু বলেন, বছরে দুইটি কার্ড পায়। কার রেখে কার দেব? তবে পর্যায়ক্রমে চম্পা খাতুনকেও দেয়া হবে বলে তিনি জানান।
২০ বছর বয়সী চম্পা খাতুন এখনো ‘শিশু’ থাকার বিষয়ে ঝিনাইদহের প্রাইভেট প্র্যাকটিশনার বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. দুলাল কুমার চক্রবর্তী জানান, অনেক সময় মস্তিস্কের অসম্পূর্ণ গঠনে এমনটি হতে পারে। তারপরও জন্মের পর থেকে শিশুটির ইতিহাস পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে।

Monday, January 14, 2019

রোগীর পেটে মিললো কাপড়ের টুকরা

ঝিনাইদহের কালীগঞ্জে রুগীর পেটের মধ্যে কাপড়ের টুকরা (মফ) রেখেই সেলাই করা হয়েছে। ঘটনা ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহরে অবস্থিত ফাতেমা প্রাইভেট হাসপাতালে। জানা যায় গত ১০ই জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোসারেফের স্ত্রী চামেলী (২৭) কে ঝিনাইদহ শহরে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন করে ডাঃ মাছুদুল হক নামের এক ডাক্তার। অপারেশন করার পর রোগীর পেটের ভিতর থেকে বেরিয়ে আসে রক্ত পরিষ্কার করার কাপড়ের টুকরা (মফ)। যাহা দেখে ডাক্তার নিজেই হতবাগ হয়ে পড়ে।
চামেলীর স্বামী মোসারফ জানায়, যে গত ডিসেম্বর মাসের ১৩ তারিখে কালীগঞ্জ বাসস্টান্ডে ফাতেমা প্রাইভেট হাসপাতালে তার স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন। তারপর বাড়ি নিয়ে যাবার পর ফের চামেলী অসুস্থ হয়ে পড়েন। পুনরায় তাকে সেখানেই ভর্তি করানো হয়। ৭৫ হাজার টাকা খরচ করার পরও অসুস্থই রয়ে যান তিনি।
তখন গত ৮ তারিখে ফাতেমা হাসপাতাল থেকে আমাদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। তখন সদর হাসপাতালের ডাক্তার জানায়, রোগীর অবস্থা ভাল না বলে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়ে দেয়। এই অবস্থায় আমার এক আত্মীয়র মাধ্যমে ঝিনাইদহ প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে ডাঃ অপারেশন করলে রোগীর পেটের মধ্যে রক্ত পরিষ্কার করা কাপড়ের টুকরা (মফ) পাওয়া যায়। সেই সঙ্গে প্রায় ২ কজি পুজ বের করেন।
এই প্রসঙ্গে অপারেশনকারী ডাঃ মাছুদুল হকের সঙ্গে কথা বললে সে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপারেশন করে চামেলির পেটের মধ্যে থেকে (মফ) পাওয়া গেছে। তাছাড়া প্রায় ২ কেজি মত পুজ পেটের মধ্যে জমা হয়ে ছিল। পূর্বে যে ডাক্তার অপারেশণ করেছিল সে ভুল বসত এই মফ রেখে সেলাই করে দেয়।
কালীগঞ্জে অবস্থিত ফাতেমা প্রাইভেট হাসপাতালের মালিক একরামুল হকের সঙ্গে কথা বললে সে বলে যে গত মাসের দিকে চামেলীকে আমার হাসপাতালে ডাক্তার আব্দুল্লাহ কাফী সিজার করে। তারপরে সে বাড়ি চলে যায় এবং ঠিক মত চিকিৎসা না হওয়ার কারণে ইউট্রাস ইনফেকশন হয়। তাছাড়া তার পেটের মধ্যে (মফ) থাকার কথা না।

Sunday, January 6, 2019

ঝিনাইদহে গাছে ঝুলিয়ে যুবককে নির্যাতন: দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হরিণাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামে টেলিভিশন চুরির অপবাদ দিয়ে রানা (২৭) নামে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল  হওয়ার পর শাহীনুর রহমান তুহিন নামে এক আওয়ামী লীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তাহেরহুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর গ্রামের শামছুল ইসলাম বাদলের ছেলে শাহীনুর রহমান তুহিন ও ধুলিয়া গ্রামের আতিয়ার কাজীর ছেলে বাবুল কাজীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রামবাসী জানায়, গত ২৭শে ডিসেম্বর শ্রপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে একটি টেলিভিশন চুরি হয়। পরদিন সকালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর রহমান তুহিন নিজ গ্রামের ছেলে রানাকে চোর সন্দেহে মাঠ থেকে ধরে আনে। পরে শ্রীপুর বাজারের একটি কাঁঠাল গাছে হাত পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেদম মারধর করেন।
নির্যাতনের ভিডিওটি কে বা কারা ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
এতে বিব্রতকর অবস্থায় পড়ে ঝিনাইদহ জেলা প্রশাসন ও পুলিশ। শুক্রবার রাতেই হরিণাকুণ্ডুতে ছুটে যান ঝিনাইদহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশ দেন। শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার হন দুই আওয়ামী লীগ নেতা তুহিন ও বাবুল কাজী। তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মনজের আলী জানান, গত ২৮শে ডিসেম্বর দুপুরে মাঠে কাজ করছিল রানা। এ সময় শাহীনুর রহমান তুহিন টেলিভিশন চুরির অভিযোগে রানাকে ধরে নিয়ে আসে। এরপর গ্রামের একটি গাছে ঝুলিয়ে অমানবিকভাবে পিটিয়ে নির্যাতন করে। নির্যাতনের পর পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়ার একটি হাসপাতালে ভর্তি করে। রানার পিতা ওমর আলী জানান, আমার ছেলে কোন চুরির সঙ্গে জড়িত না। তাকে অন্যায় ভাবে মারা হয়েছে।
পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিন বলেন, ভোটের ৫ দিন আগে নির্বাচনী অফিস থেকে রানাই টিভি চুরি করে। আমি তাকে সামান্য মেরেছিলাম। তাকে আমি চিকিৎসাও করিয়েছিলাম। কিন্তু দলীয় কোন্দল থাকায় আওয়ামী লীগের একটি পক্ষ বিষয়টা ভিন্নভাবে তুলে ধরে আমাকে হেয় করার চেষ্টা করছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান শনিবার দুপুরে গণমাধ্যমকে জানান, চুরির অপবাদ দিয়ে এভাবে নির্যাতন করা অন্যায় ও অমানবিক। তিনি বলেন পুলিশ সুপারের নির্দেশে এ ঘটনায় শুক্রবার রাতে ৪ জনের নামে মামলা হয়েছে, যার নং ৩। প্রধান অভিযুক্ত তুহিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার এসআই গোলাম সারোয়ার জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। আশা করা যায় সব আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে।

Wednesday, June 6, 2018

১৫ কিলোমিটার হাঁটলে খাবার জোটে সবজি চাচার!

মাঠে চাষাবাদের কোনও জমি নেই। ভারি কাজও করতে পারেন না। বেঁচে থাকার তাগিদে কলার মোচাসহ নানা সবজি বিক্রি করেন ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামের তাহাজ মণ্ডল (৬৫)। কালীগঞ্জ শহরের বিভিন্ন বাসাবাড়িতে কলার মোচা, কলাগাছের ভেতরের নরম শাঁস, বিভিন্ন প্রকারের সবজি বিক্রি করেন তিনি।  সবজি বিক্রি করতে গড়ে প্রতিদিন তাকে ১০/১৫ কিলোমিটার পথ হাঁটতে হয়। এখান থেকে যা আয় হয় তা দিয়ে ৫ সদস্যের সংসার চালান তিনি। তবে যেদিন কাজে যেতে পারেন না সেদিন পাতে খাবার জোটে না।
পাড়ায় পাড়ায় ঘুরে সবজি বিক্রি করায় তাহাজ মণ্ডল শহরের অনেকের কাছে সবজি চাচা হিসেবে পরিচিত। শারীরিকভাবে দুর্বল হওয়ায় রোজগারের জন্য পাড়ায় পাড়ায় হেঁটে সবজি বিক্রি করেন তিনি। তাহাজ উদ্দিনের ৪ ছেলে ও ২ মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে তোফাজ্জেল মণ্ডল (৩৮) গ্যাংরিন রোগে আক্রান্ত । বাকি ৩ ছেলে ওবাইদুল (৩২), শহিদুল (৩০) ও মোত্তাকিন (১৮) পরের জমিতে কাজ করে। ওবাইদুল ও শহিদুল আলাদা থাকেন। তোফাজ্জেল ও মোত্তাকিন বাবা-মার সঙ্গে থাকেন।
তাহাজ মণ্ডল জানান, তিনি যা আয় করেন তাতে সংসারই চলে না, তার ওপর অসুস্থ ছেলের ওষুধ খরচের টাকা জোগাড় করতে গিয়ে তাকে হিমশিম খেতে হয়। তাই এ বয়সেও কাজ করেন তিনি। কলার মোচাসহ বিভিন্ন সবজি দুটি ঝুড়িতে সাজিয়ে ঘাড়ে করে শহরের ১০/১৫ কিলোমিটার পথ হেঁটে বাড়িতে সবজি বিক্রি করেন। ৩০/৪০টি মোচা বিক্রি করতে তাকে অন্তত একশ বাড়িতে ঘুরতে হয়। একইসঙ্গে তিনি কলাগাছের ভেতরের নরম অংশসহ বিভিন্ন সবজিও বিক্রি করেন। তবে প্রত্যেক দিন সব সবজি বিক্রি হয় না তার। যেদিন সবজি বিক্রি কম হয় সেদিন তিন বেলা খাবার জোটে না।
তিনি জানান, কলার মোচা সংগ্রহ করতে তাকে বিভিন্ন গ্রামের কলাচাষিদের কাছে ধরনা দিতে হয়। চাষিরা মোচা বাবদ কোনও টাকা-পয়সা নেন না। মোচা কাটার সময়ে বিভিন্ন ক্ষেত থেকে তিনি বিনামূল্যে এগুলো সংগ্রহ করেন। কিন্তু সব সময় কলার মোচা পাওয়া যায় না। এজন্য বর্ষার মৌসুমে কলমিশাক, হেলেঞ্চা শাক ও শাপলা বিক্রি করেন।
সদা হাস্যোজ্জ্বল সবজি চাচা বলেন, ‘জীবনের বাকি সময়টুকু সুস্থ শরীরে এভাবেই কাটাতে চাই। তবে বেশি দিন হয়তো আর এভাবে ঘুরতে পারবো না। তাই স্থায়ী কোনও ব্যবসার ব্যবস্থা যদি কেউ করে দিতো তাহলে হয়তো অসুস্থ ছেলেকে নিয়ে বাকি জীবন নিশ্চিন্তে কাটাতে পারতাম।’

Saturday, June 2, 2018

এক বাগানে আম, লিচু, পেয়ারা, খেজুর, ড্রাগন ফল by নয়ন খন্দকার

সুরত আলীর বাগানে পেয়ারা গাছ
গুটি কয়েক ফসলের বদলে ফল চাষ করা কৃষকদের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জের সুরত আলী একজন। আম, লিচু, পেয়ারা, খেজুর, ড্রাগন, নারকেলসহ নানা ফলের গাছ নিয়ে গড়ে তুলেছেন বাগান। আবহাওয়া ও মাটির কারণে বিদেশি ফল ফলতে দেরি হওয়ায় প্রথমে লোকসানের আশঙ্কা করেছিলেন তিনি। পরে দেরিতে হলেও গাছে ফল আসতে শুরু করায় লাভের আশা করছেন ফল চাষি সুরত আলী। এরই মধ্যে চারা বিক্রি করে আয় শুরু হয়েছে। ফল বিক্রি করে এ বছরেই লগ্নি করা টাকার অর্ধেক টাকা উঠে আসবে বলে ধারণা করছেন তিনি।
কালীগঞ্জের শিবনগর দাসপাড়ার এই ফার্মে  ড্রাগন, আম, লিচু, পেয়ারা, খেজুর, লটকন, নারিকেল, রামবুটান প্রভৃতি ফলের বিভিন্ন জাতের গাছ রয়েছে। এরমধ্যে রয়েছে ৫ প্রকারের ড্রাগন,  আম্রপালি, হিমসাগর, ল্যাংরা আমের গাছ, মোজাফ্ফর লিচু, ভারত থেকে আনা খোরমা খেজুর, থাইল্যান্ডের বিভিন্ন প্রকার পেয়ারা ও নারিকেল গাছ।
বিদেশি নারকেল গাছবিদেশি নারকেল গাছ
সুরত আলী জানান, প্রায় ১২ একর জমিতে বিদেশি বিভিন্ন ফলের চাষ করেছেন। এর মধ্যে ৩ একর জমি নিজের এবং বাকি জমি লিজ নেওয়া। বিঘা (৩৩ শতাংশ) প্রতি বছরে ১০ হাজার টাকা করে ৯ একর জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে এ কৃষি ফার্মটি গড়ে তুলেছেন।
তিনি জানান, দেশি ফসল চাষে খরচ কম এবং স্বল্প সময়ে খরচের টাকা উঠে লাভের মুখ দেখা যায়। কিন্তু বিদেশি ফল চাষে সময় লাগে বেশি এবং খরচ হয় বেশি। গাছে ফল আসতে শুরু করায় এখন তিনি আশাবাদী। ভিন্ন ধরনের এ জাতীয় ফলের চাষ শুরু করতে তাকে উদ্বুদ্ধ করেছেন তারই ভাগ্নে কৃষিবিদ ড. রুস্তম আলী।
খোরমার গাছখোরমার গাছ
২০১৬ সালের শেষের দিকে নিজের বাড়ির পতিত জমি, শিবনগর ভাটা সংলগ্ন মাঠ ও দাসপাড়ার মাঠের ৪ একর জমিতে পেয়ারা, ৫ একর জমিতে ড্রাগন, দেড় একর জমিতে আম, প্রায় ২ বিঘা জমিতে লিচু এবং বাকি জমিতে রামবুটান, লটকন, খেজুর, নারিকেল ও কলার চাষ করেন। এ ফল চাষে তার প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে। ফার্মে এখন প্রতিদিন ৭/৮ জন শ্রমিক প্রতিনিয়ত কাজ করেন।
গাছে ড্রাগর ফল ধরেছেগাছে ড্রাগর ফল ধরেছে
ড্রাগন চাষ নিয়ে তিনি জানান, দেড় বছর বয়সে তার লাগানো গাছে ফল আসতে শুরু করেছে। জুলাই-আগস্টের মধ্যে ফল পাকতে শুরু করে। সাধরণত ফুল আসার ৪০-৪৫ দিনের মাথায় ফল পেকে যায়। একটি পরিপুষ্ট পাকা ফলের ওজন প্রায় ৩০০-৪০০ গ্রাম হয়। বছরে প্রায় ৩-৪ মাস ফল সংগ্রহ করা যায়। ড্রাগন গাছ একবার লাগালে ওই গাছ থেকে কমপক্ষে ১০ বছর ফল পাওয়া যায়। স্থানীয় বাজারে ড্রাগন কেজিপ্রতি ৩০০-৩৫০ টাকায় বিক্রি করা যায়। ঢাকার বাজারে এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে।
সুরত আলী আরও জানান, ড্রাগন চাষ করে এরই মধ্যে উপজেলার বোরহান ও স্বপন নামের দুই চাষি ভালো মুনাফা পেয়েছেন। 
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, বাংলাদেশে ড্রাগন ফলের চাষ এখনও সেভাবে শুরু হয়নি। কালীগঞ্জ উপজেলায় কয়েকজন চাষি ক্যাকটাস প্রজাতির এ ফলের চাষ শুরু করেছেন। উপজেলায় বর্তমানে প্রায় ১২ একর জমিতে ড্রাগন চাষ হচ্ছে। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ক্যারোটিন (ভিটামিন এ) ও আয়রন আছে।
তিনি জানান, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস ড্রাগন চাষিদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এবং নিয়মিত খোঁজ-খবর রাখছে। প্রযুক্তি ব্যবহার করে শীতের সময়ও এ  ফল পাওয়া সম্ভব। আগামী বছর উপজেলার ড্রাগন চাষিদের প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে অফসিজনেও এ ফল পাওয়া যাবে। লাভজনক এ ফল চাষে কৃষকেরা আগ্রহী হলে কৃষি অফিস তাদের সব ধরনের সহায়তা দেবে।

Wednesday, May 9, 2018

ঝিনাইদহে ৪ মাসে ৩০ জনের ধর্ষণজনিত ডাক্তারী পরীক্ষা

ঝিনাইদহে আশংকাজনক হারে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনা বেড়েছে। গত চার মাসে ঝিনাইদহ জেলার ৫টি উপজেলায় ৩০ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপুর্ব কুমার জানান, চার মাসে বেশি ধর্ষণজনিত ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে মহেশপুর ও ঝিনাইদহ সদরে। এই দুই উপজেলায় ১৮ জনের ডাক্তারী পরীক্ষা করা হয়। এছাড়া হরিণাকুন্ডুতে ৪জন, কোটচাঁদপুরে ১ জন ও আদালতের নির্দেশে ৫ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
আরএমও অফিসের রেজিষ্টার ক্লার্ক ফেরদৌস জানান, অন্যান্য বছরে সারা বছরেও ৩০টি ডাক্তারী পরীক্ষা হয় না। অথচ ২০১৮ সালের জানুয়ারী থেকে ৩রা মে পর্যন্ত ৩০ জনের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে এই চার মাসে সবচেয়ে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটে হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে। স্থানীয় দশম শ্রেনীর স্কুল ছাত্রী গনধর্ষণের শিকার হয়। গত ২৫শে জানুয়ারী মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে একই গ্রামের নবিছদ্দির ছেলে মিল্টন, ঝান্টুর ছেলে মিন্টু, আনিছুর রহমানের ছেলে সেলিম ও ইমরুলের ছেলে রাজন দশম শ্রেণীর ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় মামলা হলে এক ধর্ষককে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। বাকীরা এখনো পলাতক রয়েছে। পরবর্তীতে ধর্ষিত ওই ছাত্রীকে আবারো অপহরণ করা হয়। সেই মামলায় ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আসাদুজ্জামান জানান।