Friday, May 20, 2016

‘দিদিগিরি’তে দেবশ্রী-নয়নার মুখে হাসি, রুপা-লকেট ধরাশায়ী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জিতলেও উৎসব মঞ্চে খুব একটা পাত্তা পাচ্ছেন না টালিউড তারকারা। কলকাতায় এখন একটাই স্লোগান- ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল, ঘরে ঘরে তৃণমূল। পশ্চিমবঙ্গজুড়েই এখন এখন ‘দিদি’ ‘দিদি’ রব। প্রায় অর্ধশতাব্দী পর একক দল হিসেবে ভূমিধস জয় পেয়ে সবচেয়ে বড় সেলিব্রেটি এখন মমতা ব্যানার্জি। আর সেখানে প্রচণ্ড সূর্যের আচে যেন নিভু নিভু তারা হয়ে জ্বলছে রুপালি পর্দার একদল অভিনয়শিল্পী। দিদির দিদিগিরিতে ভর করে রাজনীতির মঞ্চে নতুন চরিত্র ‘এমএলএ’ চিত্রায়ণের সুযোগ পেলেন তাদের অনেকে।
হেভিওয়েট সিপিএম প্রার্থী কান্তি গাঙ্গুলিকে হারিয়ে রায়দীঘি থেকে জিতেছেন তৃণমূলের প্রার্থী নায়িকা দেবশ্রী রায়, কংগ্রেস প্রার্থীকে উড়িয়ে দিয়ে চৌরঙ্গি থেকে জিতে এসেছেন তৃণমূলের নয়না ব্যানার্জি। দিদির হাত ধরে বালিগঞ্জ আসন থেকে জিতলেন প্রয়াত আইসিসি সভাপতি জাগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। হাওড়া উত্তর থেকে জয়ী হয়েছেন ভারতীয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা। এ ছাড়া বারাসাত থেকে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, চন্দননগর থেকে গায়ক ইন্দ্রনীল সেন, চাঁচোল থেকে গায়ক সৌমিত্র রায় এবং পান্ডুয়া থেকে ভারতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রহিম নবি জয়ী হয়েছেন। তবে তৃণমূলের প্রার্থী হয়েও শিলিগুড়ি থেকে নির্বাচনে হেরেছেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। তবে বিজেপির পক্ষের তারকা প্রার্থীদের জন্য এবারের নির্বাচন খুব একটা সুখকর হল না। দলের মতো বিজেপির তারকা প্রার্থীরাও হেরেছেন রেকর্ড ভোটে। বিজেপি থেকে লড়ে হাওড়া উত্তরে পরাজিত হলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী রুপা গাঙ্গুলী। আর বীরভূমের ময়ূরেশ্বরে হারলেন হালের পর্দা কাঁপানো অভিনেত্রী লকেট চ্যাটার্জি।

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ- এমনই মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমণ্ডলী, ট্রেডবডি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন শ্রীংলা। তিনি আরও বলেন, বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে ভারত ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। উভয় দেশের প্রাইভেট সেক্টরকে পরিপূরক হিসেবে কাজ করতে হবে। দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়ার সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচীনকাল থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত চট্টগ্রাম। সড়ক, রেল ও নৌপথে দেশের অন্যান্য অঞ্চল তথা পূর্ব ভারতীয় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে রিজিওনাল হাবে পরিণত হতে পারে এ অঞ্চল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমএ লতিফ এমপি, চেম্বার সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এমএ লতিফ এমপি বলেন,
বাংলাদেশের সক্ষমতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করে বিশ্ব বাণিজ্যে চীনের মতো স্থান দখল করা সম্ভব। ভারতের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রয়েছে বাংলাদেশের। উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কোন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে উভয় পক্ষই লাভবান হওয়া সম্ভব। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি, রোডলিংক, বন্দর সম্প্রসারণ, তথ্য প্রযুক্তি, পর্যটন, উপকূলীয় নৌপরিবহন এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয়পক্ষ উপকৃত হবে। তিনি মিরসরাই ও আনোয়ারায় বাস্তবায়নাধীন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ কামনা করেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কাঠামোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাস করা সম্ভব বলেও মন্তব্য করেন চেম্বার সভাপতি। চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম বলেন, দু’দেশের মধ্যে বর্তমানে অত্যন্ত সুসম্পর্ক বিরাজ করছে এবং পারস্পরিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি চট্টগ্রামকে বিনিয়োগের আদর্শ স্থান উল্লেখ করে চট্টগ্রামে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধিতে হাইকমিশনারের সহায়তা কামনা করেন।

ক্রুইফকে পেয়ে খুশি খেলোয়াড়রা

জামাল ভূঁইয়ার যোগ দেয়ার মধ্যদিয়ে পূর্ণতা পেল জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে গত ১২ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ডাক পাওয়া সব ফুটবলারকে এতদিন একসঙ্গে পাননি সহকারী কোচ সাইফুল বারী টিটু। প্রথমদিন অনুশীলন করেছিলেন ২১ জন। বৃহস্পতিবার ডাচ কোচ ডি ক্রুইফ পেয়েছেন ৩৫ জনকে। ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ইনজুরিতে থাকায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
জামাল ভূঁইয়া বৃহস্পতিবার সকালে ডেনমার্ক থেকে ঢাকায় ফিরেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিকেলে অনুশীলনেও অংশ নেন তিনি। এদিকে পুরনো ডাচ কোচ ক্রুইফকে পেয়ে উজ্জীবিত জাতীয় দলের ফুটবলাররা। দীর্ঘ ভ্রমণ করে দেশে ফেরা জামালের চোখেমুখে ক্লান্তির ছাপ ছিল না। অনুভূতি জানতে চাইলে জামাল বলেন, ‘কোনো সমস্যা নেই। সব ঠিক আছে।’ শুধু জামালই নন, ক্রুইফকে পেয়ে দারুণ খুশি ডিফেন্ডার ওয়ালী ফয়সাল, রায়হান হাসান, রেজাউল করিম, মিডফিল্ডার মাসুক মিয়া, গোলকিপার মাজহারুল ইসলাম হিমেল, রাসেল মাহমুদ লিটনরা। হিমেলের কথা, ‘অনুশীলন খুব ভালো হচ্ছে। তাজিকিস্তান ভালো দল। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে আমরা ওদের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ ড্র করেছি।
ওদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে আমরা জানি।’ ক্রুইফ ক্যাম্পে যোগ দিয়েই বলেছেন, পুরনো ফুটবলারদের ওপর আস্থা রাখবেন। যেহেতু পুরনোদের নিয়েই ভাবছেন কোচ, তাই নতুন ফুটবলারদের ভাবনা চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে। জুনিয়র ফুটবলাররা সতর্ক। টিম ম্যানেজমেন্টের নিষেধাজ্ঞার কারণে তাদের মুখে কুলুপ আঁটা। কৌশিক বড়ুয়া, মান্নাফ রাব্বি, নুরুল আবসার, মো. সবুজ, সৈয়দ রাশেদ তূর্যরা মুখ ফুটে কিছু বলতে চান না। অন্যদিকে ইনজুরিতে আক্রান্ত হয়ে ক্যাম্প ছেড়ে যাওয়া মিশু বলেন, ‘ইনজুরি লুকিয়ে খেলতে চাই না আমি। তাজিকিস্তানের ম্যাচ দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই, যারা ম্যাচে শতভাগ দিতে পারবে, তারাই যেন চূড়ান্ত দলে থাকে। শুধু শুধু
ইনজুরি নিয়ে দলের বোঝা হয়ে পড়ে থেকে লাভ কি?’

ভক্তদের সঙ্গে সিনেমা দেখবেন কুমার বিশ্বজিৎ

ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন চিরসবুজ কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। ১ জুন তার জন্মদিন। এ দিন সাধারণত পরিবারের সঙ্গেই কাটান তিনি। কিন্তু এবারের দিনটি একটু অন্যভাবে উদযাপন করার পরিকল্পনা করেছেন এ শিল্পী। ভক্ত-শ্রোতাদের সঙ্গে দিনটি উদযাপনের পাশাপাশি ৪ জুন তার প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’ সিনেমা হলে বসে একসঙ্গে উপভোগ করবেন তিনি।
 এতে অংশগ্রহণের জন্য কিছু নিয়ম-কানুন রয়েছে। ‘সারাংশে তুমি’র গান বাংলালিংকের গ্রাহকরা ডাউনলোড করার সুযোগ পেয়েছেন। যারা সবচেয়ে বেশি ডাউনলোড করে ফিল্মটি দেখেছেন তাদের মধ্যে বাছাইকৃত ২৫০ জনকে নিয়ে কুমার বিশ্বজিৎ ও ‘সারাংশে তুমি’র পুরো টিম ৪ জুন রাজধানীর বুসন্ধরা স্টার সিনেপ্লেক্সে সন্ধ্যায় পুরো মিউজিক্যাল ফিল্মটি উপভোগ করবেন। এরই মধ্যে এ মিউজিক্যাল ফিল্মটি সেন্সর সার্টিফিকেট লাভ করেছে।