Thursday, August 18, 2011

নিউজিল্যান্ডে মৃতের সংখ্যা ৭৫ নিখোঁজ তিন শতাধিক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শক্তিশালী ভূমিকম্পে নিহত আরও ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৭৫ জনের লাশ উদ্ধার করা হলো। তিন শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য কর্তৃপক্ষ ক্রাইস্টচার্চের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাতের বেলায় কারফিউ জারি করেছে। এদিকে ভূমিকম্পের পরপরই দেশটির একটি হিমবাহ থেকে তিন কোটি টন ওজনের এক বিশাল বরফের চাঁই খসে পড়েছে।
দেশটির পাঁচ শতাধিক উদ্ধারকর্মী, পুলিশ, দমকলকর্মী, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা ধংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে সারা রাত প্রাণান্তকর চেষ্টা চালান। এমনকি কাউকে কাউকে খালি হাতেই ধংসস্তূপ সরানোর চেষ্টা করতে দেখা গেছে। সেন্টারবুরি টেলিভিশন ভবন এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের আঞ্চলিক কমান্ডার পরিদর্শক ডেভ লরি বলেন, ‘আমাদের ধারণা, এ এলাকায় ধংসস্তূপের নিচে এখন আর কেউ জীবিত নেই। এ কথাটা জানাতে আমার খুবই কষ্ট হচ্ছে। আমি সব স্বজনহারাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
পুলিশ সুপারিনটেনডেন্ট রাসেল গিবসন বলেন, ‘আমরা কোনো কোনো ধসে পড়া ভবন থেকে শব্দ শুনতে পাচ্ছি। এখন সেগুলোর দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এমন কিছু মানুষ উদ্ধার করা হয়েছে, যাদের গায়ে এতটুকু আঁচড়ও লাগেনি।’ কতসংখ্যক মানুষ আটকা পড়ে আছে বলে তিনি মনে করেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ১০০ বা তারও বেশি হতে পারে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় নিখোঁজ লোকজনের তালিকাটা সেভাবে করা যাচ্ছে না।
ক্রাইস্টচার্চের দ্বিতীয় বৃহত্তম ভবন গ্র্যান্ড চ্যান্সেলর হোটেল উদ্ধারকর্মীরা ঘিরে রেখেছেন। কারণ, ভূমিকম্পে এটি এক পাশে মিটারখানেক হেলে পড়েছে। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে। ক্যাসেল স্ট্রিট থেকে একটি আহত শিশুকে ধংসস্তূপে চাপা পড়া তার মৃত মায়ের কোল থেকে উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পের ফলে আশ্রয়হীন হয়ে পড়া লোকদের জন্য শহরের পার্ক, বিদ্যালয় ও কমিউনিটি হলে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রেডক্রস গৃহহীন লোকজনকে তাবু ও প্লাস্টিক দিয়ে তৈরি অস্থায়ী ছাউনিতে ঠাঁই করে দেওয়ার চেষ্টা করছে।
নিউজিল্যান্ডের রাষ্টপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর শোকবার্তায় নিউজিল্যান্ডবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে ভূমিকম্প আঘাত হানার কয়েক মুহূর্তের মধ্যে দেশটির আরোকি মাউন্ট থেকে বিশাল একটি বরফের চাঁই খসে পড়েছে। তিন থেকে চার কোটি টন ওজনের এ চাঁইটি বিকট শব্দে আরোকি মাউন্ট কক ন্যাশনাল পার্কে ধসে পড়ে। ওই এলাকার পর্যটন ব্যবস্থাপক ডেনিস কালেসেন জানান, বরফ খণ্ডটি গলে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হচ্ছে।

পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা প্রত্যাহার

পশ্চিমা গণমাধ্যমের কঠোর সমালোচনা করে ধারাবাহিকভাবে প্রকাশিত শেষ পাতার ব্যানার স্লোগান গতকাল বুধবার সরিয়ে নিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকাগুলো। গত চার বছরের মধ্যে এই প্রথম পত্রিকাগুলো এ কাজ করল। এর থেকে মনে হচ্ছে, বিরোধীদের কণ্ঠ রোধ করার ক্ষেত্রে নমনীয় হতে পারে বর্তমান সরকার।
মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি পত্রিকার শেষ পাতায় অর্ধেক পৃষ্ঠাজুড়ে নিয়মিত পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা প্রকাশিত হতো। এতে যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকা (ভিওএ) ও যুক্তরাজ্যের ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মিয়ানমারের ‘জনগণের মধ্যে ঘৃণার বীজ বপন’ এবং অন্যান্য পশ্চিমা গণমাধ্যম সম্পর্কে বলা হতো, তারা ‘মানুষকে ক্ষুব্ধ করে তুলছে’। দেশের জনগণকে উপদেশ দিয়ে বলা হতো, তারা যেন ওই সব ‘বিদেশি ঘাতক গণমাধ্যমের প্রচারে প্রভাবিত না হয়’।
বিবিসি, ভিওএ এবং বিদেশি আরও দুটি সংবাদ সংস্থা মিয়ানমারে স্থানীয় ভাষায় শর্ট ওয়েভ রেডিও ও স্যাটেলাইট টেলিভিশনের জন্য সংবাদ সরবরাহ করে। মিয়ানমারের অনেক মানুষের কাছে কোনো খবর জানার এগুলোই প্রাথমিক উৎস।
বিদেশি গণমাধ্যমে প্রচারিত খবর নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে মিয়ানমার সরকার; কিন্তু গত বছরের নির্বাচনের পর থেকে তারা এ ক্ষেত্রে নমনীয় হতে শুরু করে।
স্থানীয় কিছু বেসরকারি গণমাধ্যমও সম্প্রতি আইনপ্রণেতাদের উদ্ধৃত করে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা শুরু করেছে।

ভারতে হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে।
বিকেলে বিচারপতির বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন রাজ্যসভার সিপিএমের সাংসদ সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ভারতের বিচারব্যবস্থার ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্যই এই প্রস্তাব আনা হয়েছে। বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ অভিযোগ ওঠার পর তা তদন্তে ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি মুকুল মুদগল এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ফলি এস নরিম্যান। তদন্ত কমিটি বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে।
১৯৯০ সালে মামলাভুক্ত একটি সম্পত্তি বিক্রির জন্য আদালত থেকে সৌমিত্র সেনকে রিসিভার নিয়োগ করা হয়। তখন তিনি আইনজীবী ছিলেন। এ সময় তাঁর বিরুদ্ধে ওই সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে

সিরিয়ায় ব্যাপক গ্রেপ্তার অভিযান

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল বুধবার বন্দরনগর লাতাকিয়ার বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার অভিযান চালিয়েছেন। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। মানবাধিকারকর্মীরা এ কথা জানিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দক্ষিণাঞ্চলীয় রামেল নামক জায়গায় গ্রেপ্তার অভিযানে নিরাপত্তা বাহিনীর ৭০০ সদস্য অংশ নেন। এ সময় তালিকা ধরে লোকজনকে গ্রেপ্তার করা হয়।
মানবাধিকার সংগঠনটি বলেছে, বিক্ষোভকারী-অধ্যুষিত কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক গুলিবর্ষণও করা হয়েছে। ইদলিব প্রদেশের জাবাল আল-জাওইয়া গ্রামের একটি বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে।
রুকন এদ্দিন নামক এলাকায় অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় কয়েকজন মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়। রাজধানী দামেস্কের শহরতলী এলাকায় রাতভর অভিযান চালিয়ে আরও অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজর শহরে এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সহস্রাধিক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত সপ্তাহে চার দিন ধরে চলা দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে সহস্রাধিক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। গতকাল বুধবার লন্ডনের পুলিশ এ তথ্য জানিয়েছে।
ওই দাঙ্গায় জড়িত সন্দেহে ইতিমধ্যে এক হাজার ৭৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার পাঁচজনের বিরুদ্ধে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে গত সোমবার বিকেলে এক হাজার ১৭৯ জনকে আদালতে হাজির করা হয়।
মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার টিম গডউইন এএফপিকে বলেছেন, এটি একটি মাইলফলক। তবে তদন্ত শেষ হতে এখনো অনেক দূর। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহে পুলিশ কর্মকর্তারা দিনরাত কাজ করছেন।
পুলিশের গুলিতে উত্তর লন্ডনের টটেনহ্যামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি শহরে টানা চার দিন চার রাত ধরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনার পর পুলিশ সিসিটিভিতে ধারণ করা চিত্র প্রকাশ করে। দাঙ্গায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে তাদের পরিবারের সদস্য ও পরিচিতজনেরা পুলিশকে সহায়তা করেছে।

ইরানের পরমাণু-সংকট নিরসনে রাশিয়ার নতুন পরিকল্পনা

পরমাণু-সংকট নিরসনে রাশিয়া তার নতুন পরিকল্পনা ইরানের কাছে উপস্থাপন করেছে। নতুন এই পরিকল্পনা ইরানের সঙ্গে পশ্চিমাদের ভেঙে পড়া পরমাণু আলোচনা আবার শুরুতে সহায়তা করতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নতুন এই পরিকল্পনা অনুমোদন করেছেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ নতুন ওই পরিকল্পনা নিয়ে ইরানের শীর্ষ পরমাণু আলোচক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন। নতুন পরিকল্পনায় জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা আস্তে আস্তে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে ইরানকে অধিকতর স্বচ্ছতা দেওয়া হয়েছে। পরিকল্পনার ব্যাপারে দুই দেশের শীর্ষ কূটনীতিকেরাই একমত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নতুন ওই পরিকল্পনা অনুমোদনের এক দিন পর মস্কোতে ওই বৈঠক অনুষ্ঠিত হলো। প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক মন্তব্যে মাহমুদ আহমাদিনেজাদ বলেন, রাশিয়ার ওই প্রস্তাবকে ইরান স্বাগত জানায় এবং তারা এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কারণ, দেশটির বৈদেশিক নীতি ও পরমাণু ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র তাঁর হাতেই রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ নতুন ওই পরিকল্পনাটি গত জুলাইয়ে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় সর্বপ্রথম উপস্থাপন করেন। পরমাণু-সংকট সমাধানে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া এর আগে যে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেছে, তার সবগুলোই সন্দেহের দৃষ্টিতে দেখেছে পশ্চিমারা। তবে সর্বশেষ এই প্রস্তাবটির ব্যাপারে তারা ধীরে চলো নীতি গ্রহণ করে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, লাভরভের নতুন ওই প্রস্তাবটি প্রকৃত অর্থে কোনো দলিল নয়; বরং এটি একটি সিরিজ প্রস্তাব। পশ্চিমারা প্রস্তাবটি সমর্থন করেছে। তবে পশ্চিমারা ব্যক্তিগতভাবে মনে করে, লাভরভের নতুন প্রস্তাবটিও সফল হবে না এবং ইরানকে চাপে রাখার উপায় হিসেবে তারা আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপই বেছে নেবে।
উল্লেখ্য, পরমাণু-সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় সদস্যের একটি গ্রুপ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। ইরান তার বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় গত জানুয়ারিতে ওই আলোচনা ভেঙে পড়ে। পশ্চিমাদের ধারণা, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে ইরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

‘প্রকৃত অর্থনৈতিক সরকার’ চালুর প্রস্তাব সারকোজি-মেরকেলের

ইউরো অঞ্চলভুক্ত ১৭টি দেশে প্রকৃত অর্থনৈতিক সরকার চালুর প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।
গত মঙ্গলবার প্যারিসে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুই দেশের প্রধান এ প্রস্তাব দেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঋণ-সংকট লাঘবে তাঁদের এ প্রস্তাব যথেষ্ট নয়।
বৈঠক শেষে সারকোজি ও মেরকেল সাংবাদিকদের জানান, ইউরোপীয় ইউনিয়নজুড়ে (ইইউ) অর্থনৈতিক লেনদেনের ওপর করারোপের প্রস্তাব করবেন তাঁরা। একই সঙ্গে ইইউ প্রেসিডেন্ট হারম্যান ভন রমপির নেতৃত্বে ইউরো অঞ্চলের জন্য একটি প্রশাসনিক কাঠামো গঠনের চেষ্টা করবেন।
সারকোজি বলেন, ‘ইউরো অঞ্চলের অর্থনৈতিক সংহতি আরও জোরদারের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’ তবে ইউরোভুক্ত ১৭টি দেশের ঋণ একীভূত করে ‘ইউরোবন্ড’ চালুর ধারণাকে সমর্থন না করে এবং সংকট সমাধানে ৪৪০ বিলিয়ন ইউরোর উদ্ধার প্যাকেজই যথেষ্ট বলে সারকোজি ও মেরকেলের বক্তব্যে অনেকে হতাশ হয়েছেন। এর পরিবর্তে দুই নেতা বলেছেন, দেশগুলোকে কঠোর রাজস্বনীতি চালু এবং আন্তঃসীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করতে হবে।
এলিসি প্রাসাদে সারকোজি সাংবাদিকদের বলেন, জার্মানির বহুল প্রশংসিত সংবিধানকে আদর্শ ধরে দেশের জন্য সমন্বিত বাজেট প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে দেশগুলোর সরকারকে আগামী বছরের মাঝামাঝির মধ্যে নতুন আইন প্রণয়ন করতে হবে।
সারকোজির প্রস্তাব ও পরিকল্পনার প্রশংসা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো। তিনি বলেন, ইউরো অঞ্চলের প্রধান অর্থনীতির এ দুটি দেশের নেতাদের এ পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।
তবে ইউরোবন্ড চালুর ধারণাকে সমর্থন না করা এবং সংকট সমাধানে ঘোষিত উদ্ধার প্যাকেজই যথেষ্ট বলে সারকোজি-মেরকেলের ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন অনেক অর্থনৈতিক বিশ্লেষক। তাঁদের মতে, ৪৪০ বিলিয়ন ইউরোর ওই উদ্ধার প্যাকেজ মোটেই পর্যাপ্ত নয়, যখন আরও নতুন নতুন দেশ সংকটের ঝুঁকির মধ্যে আছে।
অর্থনৈতিক নীতিনির্ধারণ ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান রি-ডিফাইনের সনি কাপুর বলেছেন, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রপ্রধানদের এ বৈঠক থেকে নতুন বা কার্যকর কোনো সিদ্ধান্তই পাওয়া গেল না। তাঁরা যদি শুধু এসব কথাই বলতে চাইবেন, তাহলে এ বৈঠকের কী প্রয়োজন ছিল।
সনি কাপুর বলেন, ‘আমি বুঝতেই পারছি না, বাজেট সমন্বয়...বা আর্থিক লেনদেনের ওপর কর বসিয়ে ইউরোর এ সংকট কীভাবে সমাধান হতে পারে কিংবা ইইউয়ের দুর্বল ব্যাংক খাত কীভাবে শক্তিশালী করা যাবে।’
তবে একই সঙ্গে সনি কাপুর স্বীকার করেন, অর্থনৈতিক সংহতি জোরদার করতে ইউরো অঞ্চলের জন্য নতুন প্রশাসন কাঠামো চালুর মধ্য দিয়ে ইউরোবন্ড চালুর পথ সুগম হবে; তবে বর্তমান সংকট সমাধান এর মাধ্যমে সম্ভব হবে না।

অস্ট্রেলীয় ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

এক কিশোরীর গলায় নকল বোমা বেঁধে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এসডব্লিওএটি দল পল ডউগ পিটারস নামের এক অস্ট্রেলীয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সিডনি পুলিশ গতকাল মঙ্গলবার এ কথা জানায়। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিডনিতে নিউ সাউথ ওয়েলসের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ডেভ হাডসন সাংবাদিকদের জানান, চলতি মাসের গোড়ার দিকে ধনাঢ্য পরিবারের সন্তান মাডেলেইন পালভার (১৮) নামের এক কিশোরীর গলায় ওই নকল বোমাটি বেঁধে দেওয়া হয়েছিল। মেয়েটির পরিবার সিডনির উপশহর মোসমান এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে বাস করে। ওই বাড়িতে মুখোশধারী এক ব্যক্তি রহস্যজনকভাবে ঢোকে, পরে মেয়েটির গলায় ওই নকল ডিভাইসটি বেঁধে দেয়। এতে ১০ ঘণ্টার মতো সময় কিশোরীটি আতঙ্কে ছিল।
হাডসন জানান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই পিটারসের ব্যবসা আছে। কাণ্ডটি ঘটার পাঁচ দিনের মাথায় গত ৮ আগস্ট তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তবে এ রকম একটি কাণ্ড কেন করা হলো তার কারণ খতিয়ে দেখা হচ্ছে

সিরিয়ায় পশ্চিমাদের হস্তক্ষেপ ন্যায়সংগত নয়: ইরান

ইরানের আঞ্চলিক আরব মিত্র সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের কোনো ধরনের হস্তক্ষেপকে ন্যায়সংগত মনে করে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত গতকাল মঙ্গলবার এ কথা বলেন।
মেহমানপারাস্ত তাঁর সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ের সময় বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি হস্তক্ষেপ ন্যায়সংগত নয়। এই হস্তক্ষেপ শুধু অনেক সমস্যার সৃষ্টি করবে।
মেহমানপারাস্ত আরও বলেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। এ ছাড়া তারা বিভিন্ন অজুহাতে তাদের সেনাবাহিনীকে ব্যবহার করে ও ওই সব দেশ দখল করে নেয়।
মেহমানপারাস্ত সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে, তাহলে তাঁরা এই অঞ্চলে তাঁদের বিরোধীদের ইন্ধন জোগাবেন।
ওয়াশিংটন, ইউরোপীয় ইউনিয়ন ও সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর অভিযোগ, আন্দোলন দমাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছে ইরান। তবে তাদের এই অভিযোগ ইরান জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

ব্রেগা শহরে গাদ্দাফি বাহিনীর স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী গত রোববার সকালে বন্দরনগর ব্রেগায় বিদ্রোহীদের লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এ ঘটনায় কারও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ শুরুর পর গাদ্দাফি বাহিনী এই প্রথম স্কাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করল, তবে এ ব্যাপারে গাদ্দাফি বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তারা জানান, গত রোববার সার্তে শহর থেকে গাদ্দাফি বাহিনীর ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্র ব্রেগার ৮০ কিলোমিটার পশ্চিমে একটি মরুভূমিতে আঘাত হানে। এ ক্ষেপণাস্ত্র ৫০০ থেকে ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি প্রায় এক টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম।
ব্রেগা শহর বর্তমানে বিদ্রোহীদের দখলে রয়েছে। তবে গাদ্দাফি বাহিনী শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সেটি শনাক্ত করতে সক্ষম হয় মার্কিন প্রতিরক্ষা বাহিনী। ধারণা করা হচ্ছে, গাদ্দাফি বাহিনীর কাছে দুই শতাধিক স্কাড ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে।
এদিকে লিবিয়ার বিদ্রোহীরা গত সোমবার রসদ সরবরাহের প্রধান প্রধান সড়ক অবরোধ এবং তেলের পাইপলাইন কেটে দেওয়ার মাধ্যমে রাজধানী ত্রিপোলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। ছয় মাস ধরে চলা গৃহযুদ্ধে চলতি সপ্তাহে নাটকীয় অগ্রগতি হওয়ার পরিপ্রেক্ষিতে বিদ্রোহীরা এ হুমকি দেয়।

সিরিয়ায় উদ্বাস্তু শিবিরে সেনাদের অভিযান

সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ায় ট্যাংকবহর ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল মঙ্গলবার একটানা চতুর্থ দিনের মতো সরকারবিরোধীদের ওপর অভিযান চালিয়েছে সেনারা।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, লাতাকিয়ার ফিলিস্তিনি উদ্বাস্তু শিবির আল-রামল আল-ফিলিস্তিনি ও আল-শায়াব এলাকায় সেনারা অভিযান চালায়।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু গত সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হয় বেসামরিক লোকের ওপর সামরিক অভিযান এখনই বন্ধ, নয়তো ‘অনির্দিষ্ট’ পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দিয়েছেন।
দাভুতোগলু বলেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে, অবিলম্বে এবং কোনো ধরনের শর্ত ছাড়াই অভিযান বন্ধ করতে হবে। সিরিয়ার কর্তৃপক্ষের উদ্দেশে এটাই আমাদের চূড়ান্ত কথা। যদি এর পরও অভিযান বন্ধ করা না হয়, তবে এমন পদক্ষেপ নেওয়া হবে যে বিষয়ে আর কিছুই বলার অবকাশ থাকবে না।’
স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সেনারা ভারী মেশিনগান ও ট্যাংক নিয়ে লাতাকিয়ার সুন্নি অধ্যুষিত কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাতাকিয়ার চারপাশে অস্ত্রসজ্জিত গাড়িবহর ও ট্যাংক মোতায়েন করা হয়েছে। সেখানকার জরুরি প্রয়োজনীয় সেবার মাধ্যমগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শহরটি চারপাশ থেকে ঘিরে রেখেছে সেনারা। জনসাধারণ পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। তাঁরা সর্বোচ্চ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আত্মরক্ষার চেষ্টা চালাতে পারছে।
দ্য সিরিয়ান রেভল্যুশন কো-অর্ডিনেটিং ইউনিয়ন গ্রুপ জানিয়েছে, সোমবার লাতাকিয়ায় ছয়জন নিহত হয়েছে। এ শহরে অভিযানে মোট ৩৪ জন নিহত হয়েছে। গ্রুপটি জানায়, গত সোমবার সেনারা হোমস শহরের উত্তরে হৌলা প্লেন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে হত্যা করেছে। সেখানে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সেনারা অনেককে আটক করেছে। এ ছাড়া হোমস শহরে আরও চারজন নিহত হয়েছে।
জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, সেনা অভিযানের পর লাতাকিয়ার ফিলিস্তিনি উদ্বাস্তু শিবির থেকে হাজারো উদ্বাস্তু প্রাণভয়ে পালিয়ে গেছে। এ ছাড়া সিরিয়ার কর্তৃপক্ষও উদ্বাস্তুদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের ত্রাণ সহায়তায় নিয়োজিত জাতিসংঘের ইউএনআরডব্লিউএ সংস্থার মুখপাত্র ক্রিস্টোফার গিনেস বলেন, ‘শিবির ছেড়ে পাঁচ থেকে ১০ হাজার উদ্বাস্তু কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে, তা আমাদের জানা নেই। সেখানে পরিস্থিতি খুবই ভয়ানক।’
ফিলিস্তিনি কর্তৃপক্ষ আল-রামল শিবিরের উদ্বাস্তুদের জীবন রক্ষায় ব্যবস্থা নেওয়ার জন্য সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গত মধ্য মার্চ থেকে এ পর্যন্ত সিরিয়ায় এক হাজার ৭০০ বেসামরিক লোক নিহত হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, নিহত বেসামরিক লোকের সংখ্যা কমপক্ষে দুই হাজার। অন্যদিকে সিরীয় কর্তৃপক্ষ বলেছে, এ পর্যন্ত ৫০০ পুলিশ ও সেনাসদস্য নিহত হয়েছেন।

দিল্লিতে পাকিস্তান ও ভারতের সাংসদদের বৈঠক কাল শুরু

বন্দীদের মুক্তি ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উপায় উদ্ভাবনসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার লক্ষ্যে ভারত ও পাকিস্তানের সাংসদেরা দুই দিনের বৈঠকে মিলিত হবেন। পাকিস্তানের ২০ জন সাংসদের সমন্বয়ে গড়া একটি প্রতিনিধিদল দিল্লি সফরকালে ১৮ ও ১৯ আগস্ট এই বৈঠক হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকের এক মাসের কম সময়ের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে।
বৈঠকে যোগ দিতে পাকিস্তানি প্রতিনিধিদলের আজ বুধবার নয়াদিল্লি পৌঁছার কথা। এতে নেতৃত্ব দেবেন সিনেটের ডেপুটি চেয়ারম্যান জান মোহাম্মদ খান জামালি ও জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ফয়সাল করিম কুন্দি।
বৈঠকে কো-চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন ভারতের সাবেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী বিজেপির সাংসদ যশবন্ত সিনহা ও পাকিস্তানের সাবেক আইনমন্ত্রী এস এম জাফর। গত মার্চে মোহালিতে পাকিস্তান ও ভারতের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলা দেখার আমন্ত্রণ পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ভারত সফর করেন। এ সময় মনমোহন সিং এ ধরনের একটি পার্লামেন্টারি প্রতিনিধিদলকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানি সাংসদেরা ভারত সফরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
দুই দিনের বৈঠকে উভয় পক্ষ আস্থার ঘাটতি আছে, এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে একটি মূল বিষয় হচ্ছে, ভারত ও পাকিস্তানের কারাগারে আটক দুই দেশের বন্দীদের মুক্তি।
গত সপ্তাহে মানবিক কারণে পাকিস্তানের কারাগারে আটক সরবজিৎ সিংকে মুক্তি দেওয়ার অনুরোধ জানায় ভারত। এদিকে মনমোহন সিং পার্লামেন্টে বলেন, আজমির কারাগারে বন্দী যাবজ্জীবন দণ্ড পাওয়া পাকিস্তানি চিকিৎসক খলিল চিশতির মুক্তির ব্যাপারে রাজস্থানের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের কারাগারে এখন ৫৫৮ জন ভারতীয় নাগরিক বন্দী রয়েছেন। এর মধ্যে ২৩২ জন বেসামরিক নাগরিক, ২৫২ জন জেলে ও ৭৪ জন নিখোঁজ সেনাসদস্য। সেনাদের মধ্যে ৫৪ জন যুদ্ধবন্দী ১৯৭১ সাল থেকে আটক রয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তান তাদের কারাগারে ৭২ জন বেসামরিক নাগরিক ও ২৩৭ জন জেলে আটক থাকার কথা স্বীকার করেছে।

আল-শাবাব মানবাধিকার লঙ্ঘন করছে

সোমালিয়ার আল-শাবাব জঙ্গিগোষ্ঠী দেশটির খরা ও দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে বিদেশি সংস্থাগুলোর খাদ্যদ্রব্য বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা ধর্মীয় মূল্যবোধের ধোঁয়া তুলে সেখানে প্রায় ২০টির মতো মানবিক সাহায্য দানকারী সংগঠনকে নিষিদ্ধ করেছে।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে দিয়েছে আল-শাবাব জঙ্গিরা। এ ছাড়া সেখানকার স্থানীয় বাসিন্দাদের ফসল ও গবাদিপশু কেড়ে নিচ্ছে তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
মানবাধিকার সংগঠনটি গত সোমবার ওই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেশী কেনিয়ার উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া সোমালিদের কাছ থেকে গত এপ্রিলে নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শাবাব জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ফসল ও গবাদিপশু লুট ছাড়াও তাদের ওপর কর আরোপ করেছে, যে কারণে তাদের এখন বেঁচে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিরা আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে ‘নাস্তিক’ অভিহিত করে স্থানীয় বাসিন্দাদের সৃষ্টিকর্তার ওপর ভরসা করার আহ্বান জানিয়েছে। ক্ষুধার জ্বালায় যারা দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে, তাদের পালাতেও বাধা দিচ্ছে জঙ্গিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শাবাব জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকায় খাদ্যসহায়তার ওপর নিষেধাজ্ঞার ফল সেখানকার অধিবাসীদের ওপর খুবই মারাত্মক।
শাবাব জঙ্গিদের নিয়ন্ত্রিত সাকোহ এলাকা থেকে পালিয়ে আসা একজন বলেছেন, ‘আমার মতে, তারা (জঙ্গিরা) চাইছে সবাই মারা যাক।’
আফমাদৌ এলাকার একজন বলেছেন, ‘জঙ্গিরা প্রচার করছে, “যারা ত্রাণ বিতরণ করছে, তারা নাস্তিক। আমরা তাদের কিছুই নিতে চাই না।”’
দুর্ভিক্ষপীড়িত অঞ্চল থেকে আসা আরও একজন বলেছেন, জঙ্গিরা তাদের বিদেশি ত্রাণকর্মীদের ওপর নির্ভরশীলতার কথা ভুলে যেতে এবং শুধু সৃষ্টিকর্তার ওপর নির্ভর করতে বলেছে।
নিরাপত্তার কারণে প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া উদ্বাস্তুদের নাম প্রকাশ করা হয়নি।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণকারী শাবাব জঙ্গিরা এর আগে গত মাসে ঘোষণা দিয়েছিল, তারা ত্রাণ সংস্থাগুলোর খাদ্য বিতরণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে। কিন্তু পরে তারা তা আর করেনি।
সম্প্রতি খরাপীড়িত সোমালিয়ার পাঁচটি এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করে জাতিসংঘ। এ ছাড়া পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নেবে বলেও সতর্ক করে জাতিসংঘ। হিউম্যান রাইটস ওয়াচের মতে, শাবাব গোষ্ঠীর আরোপিত করের কারণেই দক্ষিণ সোমালিয়ার পরিস্থিতির অবনতি হয়েছে।

পাকিস্তানে সামরিক-সহায়তা স্থগিতই রাখবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, পাকিস্তানকে ৮০ কোটি ডলার সামরিক-সহায়তা স্থগিত রাখার যে সিদ্ধান্ত তারা নিয়েছে, তা তারা বহাল রাখবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের এ কথা জানান।
নুল্যান্ড যুক্তরাষ্ট্রের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইসলামাবাদকে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, পাকিস্তানে বেসামরিক-সহায়তা অব্যাহত রয়েছে। কিন্তু নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে সহায়তার বিষয়টি পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সামরিক-সহায়তা অব্যাহত রাখতে হলে পাকিস্তানে আমাদের সামরিক প্রশিক্ষকের অবস্থান নিশ্চিত করতে হবে।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, ওই প্রতিবেদনে নতুন কিছু নেই। আমাদের চাওয়া হলো, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে আফগানিস্তান ও পাকিস্তান একসঙ্গে কাজ করবে। আমাদের এই আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। এই কারণে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে আমরা তাদের সহায়তা করে থাকি। নুল্যান্ড বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ধরে রাখা ‘খুব সহজ নয়’। কিন্তু দেশটির সঙ্গে সম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ।
গত মাসে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ বিল ডালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক-সহায়তা হিসাবে ওই ৮০ কোটি ডলার সহায়তা স্থগিত রাখার কথা জানান। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান অবশ্যই যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র। সন্ত্রাসবিরোধী যুদ্ধ করতে গিয়ে দেশটিকে অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু এখন পাকিস্তান এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যাতে তাদের প্রতি মার্কিন-সহায়তা স্থগিতের প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেন, পাকিস্তান দেশটি থেকে মার্কিন প্রশিক্ষক-সেনাদের সরিয়ে দিয়েছে এবং দেশটির অভ্যন্তরীণ জঙ্গিদের দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া থেকে দূরে সরে এসেছে। ইসলামাবাদের এই আচরণ ওয়াশিংটনের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্বিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি।
গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযানে নিহত হন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। পাকিস্তানকে না জানিয়ে এই অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। বিষয়টি নিয়ে পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এর একপর্যায়ে পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ইসলামাবাদে থাকা মার্কিন সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। বিষয়টি নিয়ে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের অবনতি ঘটে। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানে সামরিক-সহায়তার ওই ৮০ কোটি ডলার স্থগিতের ঘোষণা দেয়।

নতুন অধিনায়ক ফন পার্সি

আর্সেনালের অধিনায়ক হলেন রবিন ফন পার্সি। সেস ফ্যাব্রিগাসের উত্তরসূরি হিসেবে গতকাল ঘোষণা করা হয় এই ডাচ তারকার নাম। তবে অধিনায়ক হলেও গত রাতে হয়ে যাওয়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচটা খেলতে পারেননি নিষেধাজ্ঞা থাকায়। আগামী রোববার এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষেই তাই অধিনায়কত্বের অভিষেক হচ্ছে তাঁর। সাত বছর ধরে গানার্সদের পক্ষে খেলা ফন পার্সি আর্সেনালের ওয়েবসাইটে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আপনি হচ্ছেন ক্লাবের দূত এবং আমি এ জন্য প্রস্তুত।

অভিষেকেই চমক আগুয়েরোর

ম্যাচের প্রথম ৬০ মিনিট বসে ছিলেন বেঞ্চেই। সার্জিও আগুয়েরোর অভিষেক কি হবে না? প্রশ্নটা যখন জমাট বাঁধছিল, সেই সময় তাঁকে নামিয়ে দিলেন কোচ রবার্তো মানচিনি। আর মাঠে নেমেই আগুয়েরোর জাদু। অষ্টম মিনিটেই করলেন প্রথম গোল। ৯০ মিনিটে আরেকটি।
আগুয়েরোর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করল ম্যানচেস্টার সিটি। নবাগত সোয়ানসি সিটিকে উড়িয়ে দিল ৪-০ গোলে। ৭১ মিনিটে ডেভিড সিলভার গোলটিও আগুয়েরোর বানিয়ে দেওয়া। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে প্রথম গোলটি করেছিলেন এডিন জেকো। সিলভা আর গ্যারেথ ব্যারির দুটো শট বারে লেগে ফিরে না এলে আধা ডজন গোলই করতে পারত শিরোপার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা সিটি।
দুটো গোল করা, একটি করানো—প্রথম ম্যাচেই আগুয়েরো বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে কিনতে সিটি রেকর্ড ৩ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ করেছে। কোচ মানচিনি অবশ্য বললেন, ‘আগুয়েরো যা খেলল, তাতে আমি মোটেও বিস্মিত নই। ও দুর্দান্ত এক স্ট্রাইকার। সোয়ানসির বিপক্ষে যা খেলেছে, তার চেয়েও ভালো খেলা ওর পক্ষে খুবই সম্ভব। এখনো সে শতভাগ ফিট নয়। আমাদের সঙ্গে অনুশীলনও করেছে মাত্র ১০ দিনের মতো। ওর পক্ষে আরও ভালো খেলা সম্ভব।’
ফর্মের তুঙ্গে থাকা আগুয়েরোকে তাহলে কবে দেখা যাবে? মানচিনির উত্তর, ‘মাত্র তিন সপ্তাহ আগে ও কোপা আমেরিকা শেষ করেছে। তাই ওকে সেই ধকল সামলে উঠতে হবে। শতভাগ ফর্মে ফিরতে আর দুই থেকে তিন সপ্তাহ লাগবে। ও বয়সেও তরুণ। আমাদের জন্য দারুণ এক খেলোয়াড়ই হতে যাচ্ছে সে।’
সেই ইঙ্গিত ২৩ বছর বয়সী ম্যারাডোনার জামাই ভালোমতোই দিলেন। কথায় বলে প্রভাত দেখেই দিনটি কেমন যাবে বোঝা যায়। এমন নয়, আগুয়েরো প্রতি ম্যাচেই জোড়া গোল করবেন। তবে শুরুতেই এমন ছন্দ পাওয়া তাঁকে প্রচণ্ড আত্মবিশ্বাস এনে দেবে নিশ্চিত। বিশেষ করে, তাঁরই স্বদেশি কার্লোস তেভেজের অনুপস্থিতি আগুয়েরো বুঝতে দেবেন না বলেই মনে হচ্ছে। এখনো সিটির খেলোয়াড় হয়ে থাকলেও তেভেজকে দলে নেননি কোচ। তবে পরের ম্যাচে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। ‘কার্লোস এখনো আমাদেরই খেলোয়াড়। হয়তো বোল্টনের বিপক্ষে পরের ম্যাচেই ওকে পাব আমরা’—বলেছেন মানচিনি।
তেভেজের বদলে নেতৃত্বের বাহুবন্ধনী পরছেন ভিনসেন্ট কোম্পানি। নতুন অধিনায়ক স্বীকার করে নিলেন, আগুয়েরো চমকে দিয়েছেন তাঁকে, ‘ও বিরাট এক বিস্ময় হয়ে এসেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে, ও কিন্তু নিচে নেমে এসে রক্ষণভাগের হয়েও কাজ করেছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আগুয়েরো যে পুরোদস্তুর দল অন্তঃপ্রাণ, সেটি বুঝিয়ে দিয়েছেন ম্যাচ শেষে দেওয়া প্রতিক্রিয়াতেও, ‘সব মিলে আমি খুশি। শুরুটা আসলেই ভালো হয়েছে। আমি এভাবেই খেলে যেতে চাই। এটা দারুণ। আমি খেলার সুযোগ পেয়েছি, খেলাটা উপভোগ করেছি। এভাবেই দলকে সাহায্য করে যেতে চাই, আজকের মতো খেলা ভবিষ্যতেও খেলতে চাই।’

ফ্যাব্রিগাসকে সস্তায় পেয়েছে বার্সা!

ফ্যাব্রিগাসকে ফিরিয়ে আনতে বার্সেলোনাকে কম চেষ্টা করতে হয়নি। গত মৌসুম থেকেই একের পর এক প্রস্তাব পাঠিয়েছে। মনঃপূত না হওয়ায় সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে আর্সেনাল। শেষ পর্যন্ত আর্সেনালের চাওয়া পূরণ করেই ঘরের ছেলেকে ঘরে তুলেছে বার্সেলোনা। চুক্তি অনুযায়ী বার্সা দুই কোটি ৯০ লাখ পাউন্ড দেবে ইংলিশ ক্লাবটিকে। ফ্যাব্রিগাস বার্সেলোনায় সফল হলে অঙ্কটা বেড়ে হতে পারে তিন কোটি ৫০ লাখ পাউন্ড। আর্সেন ওয়েঙ্গার বলছেন, ফ্যাব্রিগাসকে সস্তায়ই পেয়েছে বার্সেলোনা।
আর্সেনাল কোচের দাবির পেছনে যুক্তি আছে। ফ্যাব্রিগাস বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে যেতে চাননি। কিন্তু ওয়েঙ্গার জানেন, অন্য কোনো ক্লাবকে নিলামে যুক্ত করতে পারলে চাহিদার অঙ্কটা আরও বড় হতো। ওয়েঙ্গারই বলছেন, ‘আমরা সেসকে কম মূল্যে বিক্রি করেছি। যদি সে অন্য যেকোনো ক্লাবে যেতে চাইত, আরও বড় অঙ্কের টাকা পেতাম। কিন্তু সে শুধুই বার্সেলোনায় যেতে চেয়েছে।’
এদিকে ফ্যাব্রিগাসের বার্সেলোনায় আসার ফায়দা লুটতে পারে ইতালিয়ান ক্লাব এস রোমা। ফ্যাব্রিগাস আসায় স্বাভাবিকভাবেই বার্সেলোনার একাদশে তরুণ মিডফিল্ডার থিয়াগো আলকানতারার জায়গাটা অনিশ্চিত হয়ে গেল। স্কাইয়ের খবর, রোমার কোচ লুইস এনরিক স্পেনের তরুণ মিডফিল্ডারের সঙ্গে ধারে খেলানোর চেষ্টা চালাতে পারেন। কারণ হেনরিক জানেন, আলকানতারা খেলোয়াড় হিসেবে দারুণ, বার্সেলোনার ‘বি’ দলে এই তরুণকে কোচিংও করিয়েছেন। আর আলকানতারাও সাবেক বার্সা সতীর্থ বোজান কিরকিচের সঙ্গে যোগ দিতে পারেন ইতালিতে। এক অর্থে সেটা হবে ফেরা। কারণ, ২০ বছর বয়সী আলকানতারার জন্ম ইতালিরই বারিতে।

হংকংয়ে পৌঁছেছে সৌরশক্তিচালিত সবচেয়ে বড় জাহাজ

পরিবেশবান্ধব বিকল্প জ্বালানিচালিত বিশ্বের সর্ববৃহ ৎ ও সর্বাধুনিক জাহাজ টিউরানর প্লানেট স্টার। ১০০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্থের জাহাজটি দুই কোটি ৬০ লাখ ডলার ব্যয়ে নির্মিত হয়েছে জার্মানিতে।
ঘণ্টায় সর্বোচ্চ ১৫ মাইল বেগে চলতে সক্ষম জাহাজটি সূর্যের আলো থেকে নিজের জ্বালানি নিজেই তৈরি করতে পারে। এ জন্য দুই কাঠামোবিশিষ্ট সাদা রঙের জাহাজটিতে বসানো হয়েছে পাঁচ হাজার ৩৮০ বর্গফুট বিশিষ্ট সৌর প্যানেল।
জাতিসংঘের হিসাবমতে, সারা বিশ্বে যে পরিমাণ ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, তার ৪ দশমিক ৫ ভাগের জন্য দায়ী বাণিজ্যিক জাহাজগুলো। তাই সৌরশক্তিচালিত এ জাহাজ পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে।
সুইজারল্যান্ডের পতাকাবাহী জাহাজটি বিশ্বভ্রমণের অংশ হিসেবে গতকাল সোমবার ফিলিপাইন থেকে হংকংয়ে পৌঁছায়। সর্বোচ্চ ৫৯ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজটি গত সেপ্টেম্বরে মোনাকো থেকে যাত্রা শুরু করে।
জাহাজটির নির্মাণ প্রকল্পের প্রধান রাফায়েল ডমজান বলেন, ‘সৌরশক্তিচালিত জাহাজের সামনে বিশাল সম্ভাবনার দ্বার খোলা রয়েছে। সবকিছু বদলে দেওয়ার প্রযুক্তি আমাদের রয়েছে এবং আমরা এ নিয়ে আশাবাদী।’

স্টিলথ হেলিকপ্টার পরীক্ষায় চীনকে আমন্ত্রণ জানায় পাকিস্তান!

আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের বাসভবনে মার্কিন অভিযানকালে বিধ্বস্ত স্টিলথ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা করতে পাকিস্তানের গোয়েন্দারা সম্ভবত চীনের সেনা প্রকৌশলীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে গত রোববার এ কথা বলা হয়।
লাদেনের অ্যাবোটাবাদের ওই বাসভবনে গত ২ মে যুক্তরাষ্ট্র অভিযান চালায়। এ সময় একটি মার্কিন স্টিলথ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল।
ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, ওই স্টিলথ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষার জন্য পাকিস্তানের গোয়েন্দারা চীনা প্রকৌশলীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। লাদেনের বাসভবনে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। মার্কিন ওই হামলায় ওসামা বিন লাদেন নিহত হন। লাদেনের অ্যাবোটাবাদের ওই বাসভবনটি পাকিস্তানের সামরিক একাডেমির কাছেই অবস্থিত।

ইরাকে হামলায় নিহত ৬৬

ইরাকের বেশ কয়েকটি শহরে গতকাল সোমবার বোমা হামলায় কমপক্ষে ৬৬ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু, নারী, পুলিশ সদস্যও রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এসব হামলার দায় কেউ স্বীকার করেনি।
সবচেয়েভয়াবহ হামলাটি হয় রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুত শহরে। নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল আটটার দিকে শহরটির কেন্দ্রে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটে। এর মিনিট খানেক পর পাশেই আরেকটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। ওয়াসিত প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক ধিয়াউদ্দিন জলিল বলেন, হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ৬৮ জনেরও বেশি আহত হয়েছে।
কারামা হাসপাতালে চিকি ৎ সাধীন ২৬ বছর বয়সী দোকানি সাদুন মুফতিন বলেন, ‘আমি প্রতিদিনের মতো বাজারে আমার দোকানে যাচ্ছিলাম, হঠা ৎ অনুভব করলাম আমাকে মাটিতে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এরপর ক্ষতবিক্ষত অবস্থায় নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পাই।’
পুলিশ জানায়, গতকাল বাগদাদ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে দিয়ালা প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়।

ভাবমূর্তি পুনরুদ্ধারে ওবামার বাস সফর শুরু

নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে গতকাল সোমবার থেকে তিন দিনের বাস সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিন দিনে মিনেসোটা, আইওয়া ও ইলিনয় অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকা সফর করবেন তিনি।
এক জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করে দেশ ভুল পথে চলছে। চলতি মাসে রিয়ালক্লিয়ার-পলিটিকসের চালানো এক জরিপে এ তথ্য পাওয়া যায়। এ ছাড়া সিএনএনের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০ ভাগ মানুষ মনে করে, দেশের অর্থনীতির গতি এখনো নিম্নমুখী।
গতকাল সোমবার মিনেসোটা অঙ্গরাজ্যের ক্যানন ফলসে এক বৈঠকে বক্তব্য দেওয়ার কথা ছিল ওবামার। এরপর তিনি আইওয়ার ডেকোরাহ্র উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে পরের দিন মঙ্গলবার আইওয়ার পেওস্তায় গ্রামীণ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেবেন। আগামীকাল বুধবার ওয়াশিংটনে ফেরার আগে তিনি ইলিনয়েসের আটকিনসন ও আলফায় বৈঠক করবেন।
তিনটি অঙ্গরাজ্যে ওবামার এই বাস সফর ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর দলের অবস্থা ও তৃণমূল পর্যায়ের ভোটারদের মনোভাব বুঝতে সহযোগিতা করবে। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই তিন রাজ্যেই বিজয়ী হয়েছিলেন ওবামা। তবে বর্তমানে এ অঞ্চলে রিপাবলিকানদের অবস্থা ভালো।
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এ সফরের মধ্য দিয়ে ওবামা বর্তমান অর্থনীতি ও চাকরির বাজার কীভাবে চাঙা করা যায়, সে সম্পর্কে সরাসরি মতামত শুনবেন। সফরকালে গুরুত্বপূর্ণ কোনো নীতি বা অর্থনৈতিক ক্ষেত্রে নেওয়া নতুন কোনো পদক্ষেপ সম্পর্কে বিশেষ ঘোষণা দেওয়ার পরিকল্পনা নেই ওবামার।

দুর্নীতি মোকাবিলায় অনশন কাজে আসবে না: মনমোহন

ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল ১৫ আগস্ট। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় এই দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দুর্নীতি মোকাবিলায় অনশন কোনো কাজে আসবে না। দুর্নীতি রুখতে তাঁর সরকার ‘সম্ভাব্য সবচেয়ে কঠোরতম’ পদক্ষেপ নিচ্ছে।
দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে প্রখ্যাত সমাজকর্মী আন্না হাজারের আমরণ অনশন শুরুর এক দিন আগে এই মন্তব্য করলেন মনমোহন সিং। নয়াদিল্লির জেপি পার্কে আজ মঙ্গলবার থেকে হাজারের অনশন শুরু হওয়ার কথা। কিন্তু গতকাল সোমবার অনশন নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।
গতকাল সকালে বৃষ্টির মধ্যে লালকেল্লার অনুষ্ঠানে মনমোহন বলেন, ‘বিশ্বের অন্যতম সম্ভাব্য অর্থনৈতিক শক্তি হিসেবে আজ বিশ্ব আমাদের স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের সামনে সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি। কাজেই দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে কঠোরতম সম্ভাব্য পদক্ষেপ নিচ্ছে সরকার।’
তবে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এমন কোনো জাদুদণ্ড নেই, যার ছোঁয়ায় নিমেষেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তাই অধিকতর স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাওয়া, কার্যকর বিচারব্যবস্থা চালু করা, সরকারি ক্রয়ের জন্য নতুন নীতিমালা প্রণয়ন এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচার ও তদন্তের জন্য লোকপাল নিয়োগের প্রতিশ্রুতি দেন মনমোহন সিং।
দুর্নীতি প্রতিরোধে লোকপাল নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সুপরিচিত সমাজকর্মী আন্না হাজারে। তিনি বেশ কয়েকবার টানা অনশনও করেছেন। এই অবস্থায় বাধ্য হয়ে সরকার কিছুদিন আগে লোকপাল বিলের খসড়া উপস্থাপন করেছে পার্লামেন্টে। কিন্তু এতে প্রধানমন্ত্রী ও বিচারপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই আইনের বাইরে রাখা হয়েছে। কিন্তু আন্না হাজারে এই খসড়া বিলকে দেশের মানুষের সঙ্গে ‘নির্মম পরিহাস’ বলে উল্লেখ করে আজ মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরুর ঘোষণা দিয়েছেন।
কিন্তু সরকার গত রোববার বলেছে, হাজারে অনশন শুরু করলে তা হবে অগণতান্ত্রিক এবং পার্লামেন্টের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে ক্ষমতাসীন দল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, আন্না হাজারে নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁর বেসরকারি সংস্থা অবৈধভাবে অর্থ খরচ করেছে এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে তাঁর সঙ্গে যাঁরা সঙ্গী হয়েছেন, তাঁদের অনেকেও সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তবে হাজারে এসব অভিযোগ অস্বীকার করে তদন্ত করে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় আমরণ অনশন নিয়ে আন্না হাজারে ও সরকার প্রায় মুখোমুখি অবস্থানে চলে এসেছে।
আর গতকালের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘লোকপাল বিল নিয়ে অনেকের ভিন্ন মত আছে, তা আমি জানি। যাঁরা এর সঙ্গে একমত হতে পারছেন না, তাঁরা বিষয়গুলো পার্লামেন্টে তুলতে পারেন, সে রাজনৈতিক দল বা গণমাধ্যম হোক। আমি মনে করি, বিষয়টি নিয়ে তাঁরা অনশন বা আমরণ অনশন শুরু করতে পারেন না।’
এদিকে, আন্না হাজারের অনশন কর্মসূচি গতকাল নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। নয়াদিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত জানিয়েছেন, ‘অনশনের জন্য অনুমতি দেওয়া হয়নি। কেননা, তাঁরা যেখানে অনশন কর্মসূচি পালন করতে চান, সে পার্কটি কেন্দ্রীয় গণপূর্ত অধিদপ্তরের অধীনে। অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আন্না হাজারে এবং তাঁর সমর্থকেরা তিন দিনের জন্য পার্কটি পেতে পারেন এবং সেখানে পাঁচ হাজারের বেশি মানুষ জড়ো হতে পারবে না।
ভারতের প্রথম শীর্ষ নারী-পুলিশ কর্মকর্তা এবং বর্তমান সমাজকর্মী কিরণ বেদি আছেন আন্না হাজারের আন্দোলনের পক্ষে। গতকাল তিনি বলেছেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্না হাজারে এবং তাঁর সমর্থকেরা মঙ্গলবার অনশনে যাবেন। পুলিশ যদি তাঁদের গ্রেপ্তার করে তার পরও তাঁরা কর্মসূচি শুরু করবেন।

সিঙ্গুরের ৪০ একর জমির মালিকদের সন্ধান মিলেছে

পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটাকে যে ৪০০ একর জমি ইজারা দেওয়ার বিরোধিতা করে এতকাল আন্দোলন চলছিল, তার মধ্যে মাত্র ৪০ একর জমির ৩১০ জন মালিকের সন্ধান মিলেছে।
নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে মূল ভূমিকা রেখেছে সিঙ্গুরের ওই আন্দোলন। মমতা বলে এসেছেন, সিঙ্গুরে টাটাকে ন্যানো গাড়ির কারখানার জন্য ইজারা দেওয়া ৯১০ একর জমির মধ্যে ৪০০ একর জমি মালিকেরা দিতে রাজি হননি। এমনকি তাঁরা জমির জন্য টাকাও নেননি।
সিঙ্গুরের যেসব কৃষক জমি দিতে অনিচ্ছুক ছিলেন, ক্ষমতায় এসে মমতা তাঁদের জমি ফিরিয়ে দিতে আইন তৈরি করেন। অধিগ্রহণ করেন টাটাকে ইজারা দেওয়া জমি। এ ছাড়া বিজ্ঞপ্তি জারি করে জমি ফেরত পেতে ইচ্ছুক কৃষকদের ২২ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিসে আবেদন করতে বলেন। এতে সাড়া দিয়ে দুই হাজার ২০০ জন কৃষক আবেদন করেন। তবে কাগজপত্র যাচাই করে মাত্র ৩১০ জন প্রকৃত দাবিদার খুঁজে পাওয়া গেছে। তাঁদের জমির পরিমাণ ৪০ একর।
রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জানিয়েছে, জমিসংক্রান্ত আইনি জটিলতার কারণে ৫১ একর জমির মালিক তাঁদের ক্ষতিপূরণ নিতে পারেননি।

সিরিয়ার হোমস প্রদেশে ট্যাংক নিয়ে ঢুকে পড়েছে সেনারা

সরকারবিরোধী বিক্ষোভ দমনে সিরিয়ার সেনাবাহিনী গতকাল সোমবার ট্যাংকের সহায়তায় সংঘাতপূর্ণ প্রদেশ হোমসে ঢুকে পড়েছে। সেনাসদস্যদের উপস্থিতিতে এদিন প্রদেশের বেশ কয়েকটি শহরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে কয়েকটি স্থানে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হোমসের হুলা শহরে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া লাতাকিয়ায় নিহত হয়েছেন আরও একজন।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, হুলা শহরের বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়েছে। সেনাসদস্যরা গুলিবর্ষণের মাধ্যমে ভীতি ছড়িয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং সন্দেহভাজন লোকজনকে গ্রেপ্তার করছেন।
আরেকটি মানবাধিকার সংস্থা বলেছে, বিপুলসংখ্যক ট্যাংক আজ (সোমবার) সকালে হুলা শহরে প্রবেশ করেছে। সংস্থাটি আরও বলেছে, হুলা শহরের প্রতিটি প্রবেশমুখে নিরাপত্তা বাহিনী চৌকি বসিয়েছে। শহরের বাসিন্দাদের ভীতসন্ত্রস্ত করতে তারা ফাঁকা গুলি ছুড়তে শুরু করেছে। ঘরে ঘরে তল্লাশি অভিযান চালিয়ে লোকজনকে গ্রেপ্তার করছে তারা।
বন্দর নগর লাতাকিয়ায় যুদ্ধজাহাজ ব্যবহার করে ২৬ জনকে হত্যার এক দিনের মাথায় হোমস প্রদেশে সশস্ত্র অভিযান শুরু করল সেনাবাহিনী। গত ১৫ মার্চ দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এটাই ছিল সমুদ্র থেকে সেনাবাহিনীর প্রথম হামলা চালানোর ঘটনা।
গতকাল ভোরে লাতাকিয়ার অনেক বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছে। সেনাসদস্যরা তাদের পালিয়ে যেতে সুযোগ দিলেও একটি তল্লাশি চৌকিতে ফাঁকা গুলি ছুড়েছেন তাঁরা। এতে অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
গতকাল স্পেনের একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চলমান এ সহিংসতার অবসান ঘটাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাজি করাতে স্পেন গত মাসে দামেস্কে একজন বিশেষ দূত পাঠিয়েছে।
সৌদি বাদশা আবদুল্লাহ ও তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল গত রোববার জেদ্দায় বৈঠক করেছেন। সৌদি বার্তা সংস্থা এসপিএ গতকাল এ তথ্য জানিয়ে বলেছে, দুই শীর্ষ নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর সরকারের দমনপীড়নের কথা তাঁরা বৈঠকে সরাসরি উল্লেখ না করলেও এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

সুন্দর মুখের মানুষ স্বার্থপর হতে পারে

সুন্দর মুখের জয় সবখানে। এ প্রবাদ হয়তো অনেক ক্ষেত্রেই সত্যি। কারণ, সুন্দর মুখ সহজেই অন্যদের প্রভাবিত করে। তবে স্কটিশ গবেষকেরা সুন্দর নারী ও পুরুষের ওপর খুব বেশি নির্ভর করতে বারণ করেছেন। কারণ, গবেষণায় নাকি তথ্য মিলেছে যে অনেক ক্ষেত্রেই তারা স্বার্থপর হতে পারে।
স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ গবেষণা করেন। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ইকোনমিকস অ্যান্ড হিউম্যান বায়োলজি সাময়িকীতে। চলতি মাসের শেষের দিকে জার্মানিতে নোবেল বিজয়ীদের একটি অনুষ্ঠানে এ গবেষণার ফলাফল তুলে ধরা হবে।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ২৯২ জন ব্যক্তির ওপর গবেষণাটি চালান। দীর্ঘ সময় ধরে এসব ব্যক্তিকে পর্যবেক্ষণ করা হয়।
বিভিন্ন বিষয়ে গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের পরীক্ষা করা হয়। এতে বৈষয়িক লাভ-ক্ষতি ও সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাঁদের মানসিকতা প্রকাশিত হয়। এর ভিত্তিতে কে কোন ধরনের মানসিকতার, তা ধরা পড়ে। এরপর অংশগ্রহণকারীদের চোখ, নাক, মুখ, কানসহ মুখমণ্ডলের ১৫টি অংশ আলাদা-আলাদাভাবে বিশ্লেষণ করে সবচেয়ে নিখুঁত মুখের মানুষকে চিহ্নিত করা হয়।
এতে দেখা গেছে, যাঁদের মুখশ্রী সব মিলিয়ে সুন্দর নয় এবং স্বাস্থ্য ভালো নয়, শৈশবে তাঁরা অনেকেই বঞ্চনার শিকার হয়েছেন। পুষ্টির অভাব, শারীরিক অসুস্থতা, ধূমপান ও পরিবেশদূষণের বিরূপ প্রভাব তাঁদের চেহারায় প্রভাব ফেলেছে। তাঁদের মধ্যে কেউ কেউ হতদরিদ্র অবস্থা থেকে ধনকুবের হয়েছেন ঠিকই, কিন্তু চেহারার দৈন্য ঘোচেনি।
অন্যদিকে সুন্দর চেহারার যেসব মানুষের নাক, মুখ, চোখ ইত্যাদি নিখুঁত, তাঁরা অনেকেই অন্যদের চেয়ে বেশি স্বাবলম্বী। এ ক্ষেত্রে তাঁদের চেহারার ইতিবাচক ভূমিকা লক্ষণীয়। তবে গবেষণায় দেখা গেছে, সুদর্শন পুরুষ ও সুন্দরী নারীরা অনেকে অন্যদের সহযোগিতা করতে চান না।

বার্সা-পরিবারে ফ্যাব্রিগাস

বার্সেলোনার ঘরের ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষার অবসান হলো। প্রায় দুই বছরের দেনদরবার শেষে ছেলেবেলার ক্লাব বার্সেলোনায় ফিরেছেন আর্সেনালের সেস ফ্যাব্রিগাস।
পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনা যখন রিয়াল মাদ্রিদের মুখোমুখি, কাতালানদের অপেক্ষার অবসানের খবরটি আসে তখনই। ২৪ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে আর্সেনাল-বার্সেলোনা সমঝোতায় পৌঁছায়। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার তাঁর ক্লাবের ওয়েবসাইটে ফ্যাব্রিগাসের বার্সায় যাওয়ার ব্যাপারটা জানিয়ে দিয়েছেন, ‘সেসের নিজের শহরের ক্লাব বার্সেলোনায় যাওয়ার আকাঙ্ক্ষাটা আমরা বুঝতে পেরেছি। বার্সেলোনার প্রস্তাবটিও তাই আমরা গ্রহণ করেছি।’
ফ্যাব্রিগাসের বার্সেলোনায় যাওয়া নিয়ে আলোচনার শুরু গত মৌসুমের শুরুর দিকে। স্পেন বিশ্বকাপ জয়ের পর তো তাঁর স্প্যানিশ সতীর্থ পিকে-জাভিরা বিশ্বকাপ-উদ্যাপন মঞ্চে বার্সেলোনার জার্সি পরিয়ে দিয়েছিলেন ফ্যাব্রিগাসকে। তখন মনে হচ্ছিল, ফ্যাব্রিগাসের বার্সায় যাওয়া শুধুই সময়ের ব্যাপার।
কিন্তু আর্সেনাল তাঁকে বিক্রি করতে চায়নি কিছুতেই। ‘ফ্যাব্রিগাস বিক্রির জন্য নহে’—এই ট্যাগ ঝুলিয়ে দিয়েছিল ‘গানার’রা। গত মৌসুমের অনিষ্পন্ন চুক্তিটি এবার আলোচনায় আসে জোরেশোরে। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে উঠে-পড়ে লাগে বার্সা। কিন্তু মিলছিল না টাকাপয়সার হিসাব। বার্সেলোনা ফ্যাব্রিগাসের জন্য যা দিতে রাজি হয়েছিল, তা আর্সেনালের চাওয়ার ধারেকাছেও ছিল না। আর্সেনালের চাওয়াই পূরণ করেছে বার্সা। ধারণা করা হচ্ছে, চুক্তিটি ৫৭ মিলিয়ন ডলারের।
কাল ডাক্তারি পরীক্ষাটাও হয়ে গেছে ফ্যাব্রিগাসের। আগামীকাল ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুপার কাপের দ্বিতীয় লেগে বার্সেলোনায় তাঁর অভিষেক হতে পারে। অথচ এটা হতে পারত অনেক আগেই। অন্য সবার সঙ্গে বার্সার খেলোয়াড় তৈরির কারখানা ‘লা মাসিয়া’তেই জন্ম ফুটবলার ফ্যাব্রিগাসের।
বার্সেলোনা জুনিয়র দলে থাকতেই আর্সেনালের স্কাউটদের চোখে পড়েন। ২০০৩ সালে পাড়ি জমান ইংল্যান্ডে। ১৬ বছর বয়সেই আর্সেনাল-অভিষেক হয়, যা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্সেনালের শুরুর একাদশে জায়গা করে নেওয়ার রেকর্ডও। আর্সেনালের অধিনায়কত্বও করেন ফ্যাব্রিগাস। বলতে পারেন বার্সার সেই ছোট্ট ফ্যাব্রিগাস তাঁর ঘরে ফিরেছেন পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে।
বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোসেল ও কোচ পেপ গার্দিওলার কণ্ঠেও ঘরের ছেলেকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস। ‘প্রায় দুই বছরের ব্যাপার এটি। অনুভূতিটা এ রকম যেন ছেলে অনেক দিন পর বাড়ি ফিরে আসছে। আমরা তো তাকে আমাদেরই একজন মনে করি’—বলেছেন রোসেল। গার্দিওলার কথা, ‘সবকিছুর সমাধান হয়েছে এবং তাকে এখানে স্বাগত।’

সেমিফাইনালে ব্রাজিল ও ফ্রান্স

ম্যাচটাকে দেখা হচ্ছিল ‘আসল ফাইনাল’ হিসেবে। কারণ এবারের যুব বিশ্বকাপের সেরা দুটি দলই পরশু মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল ও স্পেনের শেষ আটের লড়াইটাও হয়েছে ফাইনালের মতোই, যাতে জয়ী চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। স্পেন পেনাল্টি শুটআউটে হেরে গেছে ৪-২ গোলে।
৯০ মিনিটে ১-১ গোলে সমতার পর অতিরিক্ত সময় শেষে ২-২। দুবারই পেছন থেকে সমতায় ফেরে স্প্যানিশরা। প্রথমার্ধের ৩৫ মিনিটে উইলিয়ানের গোলে পিছিয়ে পড়া স্পেন ৫৭ মিনিটে ম্যাচে ফেরে রদ্রিগোর গোলে। ১০০ মিনিটে ডুডুর করা গোলটিকে ব্রাজিল ধরে রাখতে পারে মাত্র ২ মিনিট। আলভেরো ভাজকুয়েজের গোলেই ম্যাচটাকে টাইব্রেকারে নিয়ে যায় স্পেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ভাজকুয়েজের এটা পঞ্চম গোল।
পরশু আরেকটি নাটকীয় ম্যাচে নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ইনজুরি সময়ের গোলে সমতায় ফেরে ১-০ গোলে পিছিয়ে থাকা নাইজেরিয়া। অতিরিক্ত সময়ে হয় বাকি গোল তিনটি।
আগামী বুধবার সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। শেষ চারের অন্য ম্যাচে আরেক শিরোপাপ্রত্যাশী পর্তুগাল খেলবে এবারই প্রথম সেমিফাইনালে ওঠা ফ্রান্সের সঙ্গে।

ঘুরে দাড়ানোর চেষ্টা জিম্বাবুয়ের

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে পূরণে শুরুটা মোটামুটি ভালোই হয়েছে সফরকারীদের। মাত্র ৩৯ রানের মধ্যেই দুই জিম্বাবুইয়ান ওপেনার ব্রেন্ডন টেলর ও ভুসি সিবান্দাকে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশের পেসাররা। কিন্তু তৃতীয় উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুড়ে দাড়ানোর চেষ্টা চালাচ্ছেন হ্যামিল্টন মাসাকাদজা ও টাটেন্ডা টাইবু। ৩৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দুই উইকেটে ১২৮ রান। মাসাকাদজা ৪৬ রান নিয়ে ব্যাট করছেন। ৪৯ রান করে অপরাজিত আছেন টাইবু।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর তাঁর সেই সিদ্ধান্তের যৌক্তিকতা বেশ ভালো মতোই প্রমাণ করেছেন তিন বাংলাদেশি পেসার শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও রুবেল হোসেন। ইনিংসের সপ্তম ওভারেই টেলরকে সাজঘরমুখী করেছিলেন শাফিউল। ৩৯ রানের মাথায় বিপজ্জনক ব্যাটসম্যান সিবান্দাকেও ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে কিছুটা শক্ত অবস্থানে নিয়ে গেছেন রুবেল।