Showing posts with label মুক্তমঞ্চ. Show all posts
Showing posts with label মুক্তমঞ্চ. Show all posts

Wednesday, March 21, 2018

সবুজ বন সমৃদ্ধ নগর by ড. মোহাম্মদ কামাল হোসাইন

জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর পৃথিবীর ২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়। এ দিবসের মূল তাৎপর্য হলো- পৃথিবীব্যাপী মানুষের মাঝে বনের সংরক্ষণ, উৎপাদন ও বনের মাঝে বিনোদন সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে দিবসটি পালন করে আসছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব বন দিবস উদযাপন করে। আমরা আশা করি, এ দিবসটির তাৎপর্য বন ও বনের ওপর নির্ভরশীল বিরাট জনগোষ্ঠীর মাঝে নতুনভাবে সচেতনতা সৃষ্টি করবে। এ বছর 'সবুজ বন সমৃদ্ধ নগর' প্রতিপাদ্য নিয়ে আজ পৃথিবীব্যাপী আন্তর্জাতিক বন দিবস পালিত হচ্ছে। সাধারণভাবে আমরা বলে থাকি, একটি দেশের ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায়কল্পে দেশের আয়তনের ২৫ ভাগ এলাকায় বন থাকা উচিত। পৃথিবীর স্থলভাগের তিন ভাগের এক ভাগ অর্থাৎ প্রায় চার বিলিয়ন হেক্টর এলাকায় বন আছে। অন্যদিকে বন উজাড়ও আশঙ্কাজনকভাবে বেড়েছে। অর্থাৎ প্রতিদিন পৃথিবীতে বন উজাড় হচ্ছে ৩৫,৬০০ হেক্টর, যা বছরে দাঁড়ায় ১৩ মিলিয়ন হেক্টর। বর্তমানে পৃথিবীব্যাপী মাথাপিছু বনভূমির পরিমাণ ০.৬ হেক্টর, যা ১৯৬০ সালের তুলনায় মাত্র অর্ধেক বনভূমি। অবশ্য বাংলাদেশে মাথাপিছু এ বনভূমির পরিমাণ মাত্র ০.০১৭ হেক্টর। বন বিভিন্নভাবে আমাদের জীবনে অসীম অবদান রাখে। পৃথিবীপৃষ্ঠে বনরাজি আছে বলেই পৃথিবী নামক গ্রহটা জীবজগৎ ধারণ করতে সক্ষম হয়েছে। এ ছাড়া সুস্বাধু খাবার পানি ধারণ, শোধন ও জমাকরণ, বায়ুমণ্ডলের পরিবেশ উন্নয়ন, কাঠ-পাল্পসহ বিভিন্ন কারখানার কাঁচামাল সরবরাহ, ঔষধি উদ্ভিদসহ ঔষধ শিল্পে কাঁচামাল সরবরাহ, কার্বন ডাই-অক্সাইড শোধনপূর্বক অক্সিজেন সরবরাহ ছাড়াও বিভিন্ন জনগোষ্ঠীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্যমান বনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
উষ্ণমণ্ডলীয় বনাঞ্চলে পৃথিবীর ৭০ শতাংশের বেশি জীববৈচিত্র্য বিরাজমান। পৃথিবীতে প্রায় ১৬০ কোটি মানুষ তাদের জীবন-জীবিকায় কোনো না কোনোভাবে বনের ওপর নির্ভরশীল। এ ছাড়া ৬০ মিলিয়ন আদিবাসী সম্পূর্ণরূপে জীবন-জীবিকা নির্বাহে বনের ওপর নির্ভরশীল। আরও ২৫০ মিলিয়ন উপজাতি বন এলাকায় জুম চাষের মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করে থাকে। বন ও বনজসম্পদ পৃথিবীর প্রায় মানুষের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। অনেকের জীবন-জীবিকার উৎস, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নির্মল পরিবেশ, বন্য পশুপাখির নিরাপদ আবাসস্থল তৈরিসহ সাম্প্রতিক সময়ের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলার জন্য বন ও বনভূমির অবদান অপরিসীম। বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ। দেশের আয়তন ১৪.৭৫৭ মিলিয়ন হেক্টর। দেশটির আবহাওয়া উষ্ণমণ্ডলীয় এবং বর্ষা ও শুকনো মৌসুম পৃথকভাবে বিরাজ করে। আয়তনের দিক দিয়ে বাংলাদেশ ছোট হলেও ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একসময় জীববৈচিত্র্যে প্রাচুর্যময় ছিল। এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রায় ৫৭০০ সপুষ্পক উদ্ভিদ বিদ্যমান ছিল। কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ বিপর্যয়কারী উন্নয়ন কার্যক্রম, বন উজাড়, প্রাকৃতিক সম্পদের অধিক আহরণ, আবাসস্থল ধ্বংস, আগ্রাসী প্রজাতির আগমন, বনায়নে দেশি প্রজাতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি কম গুরুত্ব দেওয়া প্রভৃতি আমাদের দেশের বনজসম্পদ হ্রাসে মুখ্য ভূমিকা পালন করে। সরকারি হিসাবমতে, বাংলাদেশের মোট ভূমির ১৭.৫ শতাংশ (অর্থাৎ ২.৫৩ মিলিয়ন হেক্টর) বনভূমি হিসেবে চিহ্নিত থাকলেও আসলে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ ৮.০ শতাংশের বেশি নয়। দেশে মোট বনভূমির পরিমাণ ২.৫৩ মিলিয়ন হেক্টর এবং জনগণের মাথাপিছু বনভূমির পরিমাণ ০.০১৭ হেক্টর, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। দেশে বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১.৫৩ মিলিয়ন হেক্টর হলে ও অশ্রেণিভুক্ত রাষ্ট্রীয় বনাঞ্চল এবং গ্রামীণ বনের আয়তন যথাক্রমে ০.৭৩ মিলিয়ন হেক্টর ও ০.২৭ মিলিয়ন হেক্টর।
বিস্তৃতি, প্রতিবেশ ও অবস্থানের দিক থেকে বাংলাদেশের বনাঞ্চলকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। পাহাড়ি বন, শালবন ও উপকূলীয় ম্যানগ্রোভ বন (সুন্দরবন)। পাহাড়ি বন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে; শালবন দেশের মধ্যাঞ্চলে এবং সুন্দরবন দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। প্রাকৃতিক বন ছাড়াও সারাদেশে বসতবাড়ির আশপাশে, নদীর পাড়ে, খালের ধারেও বৃক্ষ আচ্ছাদিত এলাকা বিদ্যমান। আমরা এই বৃক্ষ আচ্ছাদিত বনকে গ্রামীণ বন বা বসতভিটা সংলগ্ন বন বলে থাকি। দেশে গ্রামীণ বনের পরিমাণ প্রায় ০.২৭ মিলিয়ন হেক্টর। তুলনামূলকভাবে গ্রামীণ বনের পরিমাণ কম হলেও দেশের মোট সরবরাহকৃত চেরাই কাঠের ৭০ শতাংশ এবং জ্বালানি কাঠ ও বাঁশের ৯০ শতাংশ গ্রামীণ বন থেকে আসছে। সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশসহ কিছু নিম্নাঞ্চলের সম্ভাব্য বিপর্যয় সংক্রান্ত বেশ কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বনায়ন ও অবশিষ্ট বনাঞ্চল সংরক্ষণে বন বিভাগ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। বন আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় দরিদ্র জনগণের অংশগ্রহণকল্পে বন বিভাগ সামাজিক বনায়ন এবং সংরক্ষিত বনে সহ-ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে। সামাজিক বনায়নের মাধ্যমে পতিত, প্রান্তিক ও ধ্বংসপ্রাপ্ত বনভূমিতে বনজসম্পদ সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর স্থলভাগের মাত্র ২ শতাংশ এলাকায় সব শহর ও নগর অবস্থিত হলে ও নগরবাসীরা পৃথিবীর সব প্রাকৃতিক সম্পদের ৭৫ শতাংশই ব্যবহার করে থাকে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যার ৪০ শতাংশ লোকই নগরে বসবাস করে এবং যে হারে নগরায়ন বর্ধিত হচ্ছে তাতে ধারণা করা হয়, আগামী ২০৫০ সালের মধ্যেই পৃথিবীর ৭০ শতাংশ জনসংখ্যা শহর ও নগরে বসবাস করবে। এই বিপুল জনসংখ্যার সুস্থভাবে বসবাসের জন্য পরিকল্পিত নগরায়নে টেকসই উন্নয়ন অপরিহার্য। দ্রুত কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের শহুরে জীবনযাত্রায় ইতিমধ্যেই ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের আবরণ সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যেই অনেক দেশে নগর বনায়ন বিষয়টি সমাজের অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের শহরের রাস্তার পাশে, গোল চক্কর, পতিত জমি, স্কুল, কলেজ বা অন্যান্য অফিসের খালি জায়গাসহ খালপাড়, জলাভূমিতে নগর বনায়নের যথেষ্ট সম্ভাবনা আছে। এসব বনায়নে সরাসরি আমাদের খাদ্য, কাঠ, জ্বালানি সরবরাহ ছাড়া ও পরিস্কার পানি, জীববৈচিত্র্য বৃদ্ধি, মাটির ক্ষয় রোধ, ছায়া প্রদান, শব্দ ও বায়ুদূষণ কমানোসহ নগরবাসীর মানসিক ও চিত্তবিনোদনে অপরিসীম ভূমিকা রাখে। পরিকল্পিত পার্ক গড়ে তোলা হলে গাছের ছায়ায় বিশ্রাম, সামাজিক যোগাযোগের সরাসরি মিলনস্থানসহ ছেলেমেয়ে ও প্রবীণদের খেলাধুলা ও হাঁটাহাঁটির তীর্থক্ষেত্রে পরিণত হবে এই পার্ক। আমাদের কোলাহলময় শহরজীবনে গাছপালা, বায়ু ও শব্দদূষণ তাৎপর্যপূর্ণভাবে কমাতে সক্ষম।
আমরা বর্তমানে পরিকল্পিত নগর বাদ দিয়ে সুরম্য অট্টালিকা, দোকান, মার্কেটসহ রাস্তা-ফুটপাত দখলে ব্যস্ত আছি। তবে নগর বনায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থ এবং যথাযথ জায়গা পাওয়া। এই বিপুল জনসংখ্যার সুস্থভাবে বেঁচে থাকার জন্য অবশ্যই সবুজ নগরীর বিকল্প কিছু নেই আমাদের। এ ছাড়াও বাড়িঘরের ছাদে ছাদ বাগান, বিল্ডিংয়ের লন, সিঁড়ি, গ্যারেজ ও সম্ভাব্য খালি জায়গার প্রাপ্যতার আলোকে প্রজাতি নির্বাচন করা হলে সবুজের ছোঁয়া আমাদের হাতে চলে আসবে। এই সবুজায়নে যেসব বাধা বিবেচনায় রাখতে হবে- ১. সবুজায়নের জন্য সীমিত জায়গা; ২. গাছপালা জীবিত থাকা ও বৃদ্ধির জন্য অনেকাংশে প্রতিকূল আবহাওয়া ও স্থান; ৩. যথাযথ প্রজাতি নির্বাচনের সীমাবদ্ধতা ও উন্নত চারার অভাব; ৪. গাছপালা লাগানো ও পরিচর্যা বিষয়ে অনেকের অনাগ্রহ ও জ্ঞানের অভাব ও ৫. সঠিক পরিচর্যার অভাব ইত্যাদি। সবচেয়ে বড় কথা, এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলে পতিত ভূমিসহ বন বিভাগের ন্যাড়া এলাকাগুলো বনায়নে নিয়ে আসা হলে দেশের বনজসম্পদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। শহর ও শহরতলির প্রতিটি খালি জায়গায় স্থান উপযোগী উদ্ভিদ প্রজাতি নির্বাচন করে লাগানো হলে আমাদের রাষ্ট্র এই নগরজীবনকে অনেক বেশি আরাম, আনন্দদায়ক ও স্বাস্থ্যসম্মত করে গড়ে তুলবে বলে আমাদের বিশ্বাস। একটি বড় ছায়া প্রদানকারী গাছ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে বলে বিজ্ঞানীদের অভিমত। এ ছাড়াও গাছপালা শহরের পরিবেশ দূষণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আজ আন্তর্জাতিক বন দিবসে সে প্রত্যাশাই ব্যক্ত করি।
অধ্যাপক, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

Tuesday, March 20, 2018

নিজেকে জনগণের জন্য উৎসর্গ করেছিলেন by তোফায়েল আহমেদ

বঙ্গবন্ধু তার সমগ্র জীবনব্যাপী একটিই সাধনা করেছেন আর তা হচ্ছে, বাংলা ও বাঙালির মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করা। এই সাধনার শুরু ১৯৪৮ থেকে। '৪৭-এ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান সৃষ্টির পরপরই তিনি উপলব্ধি করেছিলেন, এই রাষ্ট্রকাঠামোর মধ্যে আমরা বাঙালিরা নির্যাতিত-নিষ্পেষিত হবো। তাই '৪৮-এর জানুয়ারির ৪ তারিখে গঠন করেছিলেন ছাত্রলীগ এবং '৪৯-এর জুনের ২৩ তারিখে আওয়ামী লীগ। সেই থেকে ধাপে ধাপে প্রতিটি আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। মনে পড়ে '৭০-এ বরিশাল-পটুয়াখালী-ভোলা অঞ্চলে নির্বাচনী সফরের কথা। ২৪ ফেব্রুয়ারি ছিল ভোলায় নির্বাচনী জনসভা। এদিন ভোলার ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশে বঙ্গবন্ধু আমাকে আমি যা না তার চেয়ে অনেক বড় করে তুলে ধরে বক্তৃতা দিয়েছিলেন। তিনি ছোটকে বড় করে তুলতেন। যেসব জায়গায় সফর করতেন, সেখানকার নেতাকর্মীদের কর্মকাণ্ডকে আবেগাপ্লুত বক্তৃতার মধ্য দিয়ে মানুষের কাছে বড় করে ঊর্ধ্বে তুলে ধরতেন। ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকে থানা আওয়ামী লীগের নেতা, থানা আওয়ামী লীগের নেতাকে জেলা আওয়ামী লীগের নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতাকে জাতীয় নেতায় রূপান্তরিত করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু হয়েছেন। ১৯৭১-এর ৩ জানুয়ারি। ঐতিহাসিক রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে নবনির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেদিন বক্তৃতায় তিনি বলেছিলেন, '৬ দফা ও ১১ দফা আজ আমার নয়, আমার দলেরও নয়। এ আজ বাংলার জনগণের সম্পত্তিতে পরিণত হয়েছে। কেউ যদি এর সাথে বিশ্বাসঘাতকতা করে, বাংলার মানুষ তাকে জ্যান্ত সমাধিস্থ করবে। এমনকি আমি যদি করি আমাকেও।' বঙ্গবন্ধুকে ঘিরে কত স্মৃতি। '৭১-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কথা। যে ভাষণে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছেন। ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার প্রারম্ভে তিনি বলেছিলেন, 'এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।' আমার যখন মাত্র ২৯ বছর বয়স, তখন ১৯৭২ সালের ১৪ জানুয়ারি আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় তার রাজনৈতিক সচিব নিয়োগ করেন। দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা অর্জন করি সদ্য স্বাধীন দেশের উপযোগী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। শূন্য হাতে যাত্রা শুরু করে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে তিনি গড়ে তোলেন। বিশ্বের ১১৫টি দেশের স্বীকৃতি আদায় করে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন। আজ তার জন্মদিনে মনে পড়ছে '৭১-এর রক্তঝরা মার্চের ১৭ তারিখের কথা। সেদিন ছিল বঙ্গবন্ধুর ৫২তম জন্মদিন। অসহযোগ আন্দোলন চলছে। ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা শেষে তখনকার প্রেসিডেন্ট ভবন অর্থাৎ পুরাতন গণভবন সুগন্ধা থেকে দুপুরে যখন তিনি ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে ফিরে এলেন, তখন একজন সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেন- '৫২তম জন্মদিনে আপনার সবচাইতে বড় ও পবিত্র কামনা কী?' উত্তরে স্বভাবসুলভ কণ্ঠে বলেছিলেন, 'জনগণের সার্বিক মুক্তি।' এরপর সাংবাদিকদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছার উত্তরে বেদনার্ত স্বরে বলেছিলেন, 'আমি জন্মদিন পালন করি না, আমার জন্মদিনে মোমের বাতি জ্বালি না, কেকও কাটি না। এ দেশে মানুষের নিরাপত্তা নাই। আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন। অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। আমি জনগণেরই একজন, আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি? আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু। আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি।' নিজের সবকিছুই জনগণের জন্য উৎসর্গ করেছিলেন। অতি সাধারণ জীবন ছিল তার। রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েও সরকারি বাসভবনে থাকতেন না। নিরাভরণ, ছিমছাম ৩২ নম্বরের বাড়িটিতেই আমৃত্যু থেকেছেন। বঙ্গবন্ধুর কথা এবং বক্তৃতায় প্রায় সময়ই উদ্ধৃত হতো রবীন্দ্র-নজরুল-সুকান্ত-জীবনানন্দের কবিতার চরণ। এত সাবলীল আর প্রাসঙ্গিকতায় তিনি কবিতা আবৃত্তি করতেন, মন্ত্রমুগ্ধের মতো শুনতে হতো। অগ্নিঝরা মার্চে একদিকে চলছে আলোচনার নামে ইয়াহিয়ার প্রহসন ও গণহত্যার আয়োজন এবং অন্যদিকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আসন্ন মুক্তিযুদ্ধের প্রস্তুতি। এই মার্চেই টঙ্গীতে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে বহু শ্রমিক হতাহত হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের এক বিশাল মিছিল সমবেত হয় বঙ্গবন্ধুর বাসভবনে। উত্তেজিত শ্রমিক শ্রেণির উদ্দেশে বক্তৃতাদান শেষে বিদ্রোহী কবিকে উদ্ধৃত করে তিনি বলেন, 'যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,/ অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-/ বিদ্রোহী রণ-ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।' ২৫ মার্চের থমথমে দিনটির কথা মনে পড়ে। ধানমণ্ডির ৩২ নম্বরে বিদায় নেওয়ার সময় বলি, বঙ্গবন্ধু আমার তো মনে হয় তারা অবশ্যই আপনাকে গ্রেফতার করবে। দৃঢ়-প্রত্যয়ী বঙ্গবন্ধু বলেন, 'করুক না। তাতে কী? ওরা আমাকে আগেও গ্রেফতার করেছে এবং তাতে ওদের কোনো লাভ হয় নাই। ওরা যদি আমাকে মেরেও ফেলে তাতেও ওদের কোনো লাভ হবে না। আমার মৃত্যুর বদলা নিতে বাংলার মাটিতে হাজারো শেখ মুজিবের জন্ম হবে।'
গণহত্যা শুরুর প্রাক্কালে সাংবাদিক সাক্ষাৎকারে বিষাদাচ্ছন্ন স্বরে বলেছিলেন, 'আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে- এই বাংলায়...।' তিনি অন্তরে যা বিশ্বাস করতেন দেশের মানুষকে তা-ই বলতেন। একবার যা অঙ্গীকার করতেন জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করতেন। শুধু দেশের মানুষ নয়, বিশ্বের রাষ্ট্রনায়করা বঙ্গবন্ধুকে অপরিসীম শ্রদ্ধার চোখে দেখতেন। যেখানেই গিয়েছেন মানুষ তাকে আপন করে নিয়েছে। বিশেষভাবে মনে পড়ে '৭৪-এর ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের কথা। বঙ্গবন্ধুকে প্রথমেই অনুরোধ করা হয়েছিল- 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইংরেজিতে বক্তৃতা করবেন।' কিন্তু প্রিয় মাতৃভাষা বাংলার প্রতি সুগভীর দরদ ও মমত্ববোধ থেকে বঙ্গবন্ধু বলেছিলেন, 'আমি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করতে চাই।' বঙ্গবন্ধুর ৪৫ মিনিট বক্তৃতার শেষে সভাপতি নিজেই যখন দাঁড়িয়ে করতালি দিচ্ছেন, তখন স্বতঃস্ম্ফূর্তভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধি দলের সদস্যরা বিপুলভাবে করতালি দিয়ে আলিঙ্গন করে অভিনন্দিত করেছেন বঙ্গবন্ধুকে। '৭৫-এর জানুয়ারির ১১ তারিখের কথা আমার স্মৃতির মণিকোঠায় এখনও জ্বলজ্বল করে। এদিন বাংলাদেশ সামরিক একাডেমিতে প্রথম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বিদায়ী ক্যাডেটদের উদ্দেশে এক মর্মস্পর্শী বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, '...আমি প্রধানমন্ত্রী হিসেবে এ কথা বলছি না, তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি। প্রধানমন্ত্রী অনেক হবেন, অনেক আসবেন, প্রেসিডেন্টও অনেক হবেন, অনেক আসবেন। কিন্তু জাতির পিতা একবারই হন, দু'বার হন না। জাতির পিতা হিসেবেই যে আমি তোমাদের ভালোবাসি, তা তোমরা জান। আমি তোমাদের বলছি, তোমরা সৎ পথে থাকবে, মাতৃভূমিকে ভালোবাসবে। মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানি মনোভাব না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমাদের জনগণের বাহিনী।' অতুলনীয় সংগঠক ছিলেন বঙ্গবন্ধু। দলীয় নেতাকর্মীদের প্রত্যেককে দেখতেন নিজ পরিবারের সদস্যের মতো। প্রতিটি নেতাকর্মীর বিপদ-আপদে তিনি তাদের পাশে দাঁড়াতেন পরম হিতৈষীর মতো। মমতা মাখানো সাংগঠনিক প্রয়াস নিয়ে কর্মীদের হৃদয় জয় করে নেওয়ার ব্যতিক্রমী এক ক্ষমতা ছিল তার। '৭২-এর ১৪ এপ্রিল আমি তখন গ্যাস্ট্রিক-আলসারে আক্রান্ত হয়ে হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন। বঙ্গবন্ধু আমাকে দেখতে এসেছেন। আমার একমাত্র কন্যা মুন্নী যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে, তখন টিভিতে ওর অনুষ্ঠান দেখে ওকে স্নেহাশীষ জানিয়েছিলেন। অপরিসীম ভালোবাসা ছিল শিশুদের প্রতি। ছবি তুলতে ভালোবাসতেন। ফটোগ্রাফার অনেকেই প্রশ্ন করতেন, 'বঙ্গবন্ধু, আপনি এত ছবি তোলেন কেন?' বলতেন, 'ভবিষ্যতের মানুষ যারা, ওরা বড় হয়ে দেখবে কেমন ছিল ওদের নেতা।' বঙ্গবন্ধু যখন গণভবনে যেতেন, সামনে-পেছনে দুটি গাড়ি থাকত। রাস্তায় ট্রাফিক সিগন্যাল পড়লে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ত। তখন এ রকম স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি ছিল না। একদিনের কথা খুব মনে পড়ে। একবার আমাদের গাড়ি সিগন্যালে দাঁড়ানো, হঠাৎ একটি শিশু কত বয়স হবে সাত কি আট, গাড়ির কাছে এসে বঙ্গবন্ধুকে উদ্দেশ করে বলছে, 'স্লামুআলাইকুম, মুজিব সাহেব!' তৎক্ষণাৎ বঙ্গবন্ধু শিশুটির হাত ধরে আদর করলেন, ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি পাশে বসে দেখছি একজন রাষ্ট্রনায়কের শিশুদের প্রতি কী অপার ভালোবাসা, কী অপূর্ব মমত্ববোধ। আর এ জন্যই আমরা জাতির পিতার জন্মদিনটিকে 'জাতীয় শিশু দিবস' হিসেবে পালন করি। বঙ্গবন্ধু ছিলেন পরশ পাথরের মতো। দীর্ঘ ৯ মাস ১৪ দিন কারাবাসের পর পাকিস্তানের জিন্দানখানা থেকে মুক্ত হয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে প্রত্যাবর্তন করে '৭২-এর ১০ জানুয়ারি রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) সর্বকালের সর্ববৃহৎ ঐতিহাসিক গণমহাসমুদ্রে তিনি বলেছিলেন, 'সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করোনি।' অশ্রুসিক্ত নয়নে উচ্চকিত হয়েছিলেন এই বলে যে, 'কবিগুরু, তুমি এসে দেখে যাও, তোমার বাঙালি আজ মানুষ হয়েছে, তুমি ভুল প্রমাণিত হয়েছো, তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে...।' বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে তার একটা তহবিল থাকত আমার কাছে। এই তহবিল থেকে বঙ্গবন্ধু বিভিন্ন জনকে সাহায্য-সহায়তা করতেন। এর মধ্যে দলীয় নেতাকর্মী ছাড়াও বিরোধী দলের প্রতিপক্ষীয় লোকজনও ছিলেন। কিন্তু শর্ত ছিল, যাদের অর্থ সাহায্য দেওয়া হচ্ছে তাদের নাম-ঠিকানা গোপন রাখতে হবে, প্রকাশ করা যাবে না। বঙ্গবন্ধু কখনোই মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতেন না। তার রাজনৈতিক বক্তব্য ছিল মার্জিত, কখনোই রাজনৈতিক বক্তব্যে ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দিতেন না। বঙ্গবন্ধুর সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ছিল অসাধারণ। সময়ের এক চুল হেরফের হতো না, ঘড়ি ধরে অনুষ্ঠানাদিতে যেতেন। দলের নেতাকর্মী সকলের প্রতি ছিল গভীর মমত্ববোধ। তাদের কাজের মর্যাদা দিতেন, ভালোবেসে বুকে টেনে নিতেন। অফুরন্ত প্রাণশক্তির অধিকারী বঙ্গবন্ধুর সাংগঠনিক দক্ষতা ছিল অপরিসীম। এক মুহূর্তে মানুষকে আপন করে নেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা ছিল তার। নীতির প্রশ্নে ছিলেন অটল। '৭৪-এ দলের কাউন্সিলে দলীয় পদ ত্যাগ করে সভাপতির পদটি ছেড়ে দিয়েছিলেন। তদস্থলে আসীন হয়েছিলেন শ্রদ্ধাভাজন জননেতা শহীদ কামারুজ্জামান সাহেব। '৫৭তে করেছিলেন বিপরীত কাজটি অর্থাৎ মন্ত্রিত্ব ছেড়ে দলীয় পদে বহাল করেছিলেন নিজেকে। সময়ের চাহিদা অনুযায়ী নিজস্ব অবস্থান কোথায় হওয়া উচিত সেটি যেমন বুঝতেন, তেমনিভাবে কে কোথায় যোগ্যতর আসনে অধিষ্ঠিত হবেন, তাকে সে জায়গাটিতে বসিয়ে দিতে ভুল করতেন না। বজ্রকণ্ঠের অধিকারী বঙ্গবন্ধু ছিলেন অতুলনীয় বাগ্মী। আর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল বক্তৃতায় বিভিন্ন কবির কবিতা থেকে উদ্ধৃতি চয়ন, যা আমি আগেই উল্লেখ করেছি। যে জন্য তাকে অভিহিত করা হয়েছিল 'রাজনীতির কবি' হিসেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণবাচক বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। আমার পরম সৌভাগ্য হয়েছিল ইতিহাসের এই মহামানবের একান্ত সান্নিধ্যে আসার। আমার জীবন ধন্য। বঙ্গবন্ধু ছিলেন পরশ পাথরের মতো।
আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য, বাণিজ্যমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
failahmed69@gmail.com

আমার চারপাশের জগৎ, আইন ও মানবতা by সালেহা চৌধুরী



আমি সমকালে গাছ নিয়ে কলাম লিখেছি। আজকের লেখাতেও গাছ আছে; তবে এখানে আছে গাছ নিয়ে আমার অভিজ্ঞতার গল্প। গাছ নিয়ে কিছু লিখতে যাওয়ার আগে আমার দীর্ঘদিনের লন্ডন জীবনের গাছ বিষয়ে দুটি কিংবা তিনটি গল্প না বলে পারছি না। আমাদের লন্ডনের বাড়ির পেছনে একটা বাগান আছে।
সেখানে ফুল ও সবজি ফলে। কিন্তু ঠিক তার পেছনে ছিল এক বিশাল সিকামোর গাছ। সিকামো এমন এক গাছ, যা প্রতিদিন এক ইঞ্চি বাড়ে, ঘন সবুজ পাতায় চারপাশ ছেয়ে ফেলে। প্রায় আকাশছোঁয়া গাছটা আমার পেছনের প্রতিবেশীর। সিকামোর গাছটা যেভাবে সূর্য আলোর পথ বন্ধ করে রাখে, মনে হয় না আমার বাড়ির বাগানে যতটা ফুল ফোটার কথা তা ফোটে, যতটা ফসল হওয়ার কথা তা হয়। তা ছাড়া সে এমন পাতাবৃষ্টি করে প্রায় দিনই সেগুলো ঝাড়ূ দিয়ে বিনে ফেলতে হয়। একেবারে অসহ্য অবস্থা। যেহেতু গাছটা আমার নয়, আমি কিছুই করতে পারি না। একবার জানতে পারি, আমার পেছনের সেই প্রতিবেশী সপরিবারে হলিডেতে গেছে। আমি সুযোগ বুঝে মই দিয়ে প্রথমে আমার বাগানের শেডের ছাদে উঠি। শেডের ছাদে উঠে ধারালো করাত দিয়ে যতগুলো পারি ডাল কেটে দেই। সিকামোর গাছটা বেশ নরম জাতের গাছ। আমার ডাল কাটতে তেমন অসুবিধা হয় না। এরপর সেগুলো কাউন্সিলে ফোন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে যখন মনে মনে হাসছি, একদিন আমার পেছনের সেই প্রতিবেশী এসে দরজায় বেল নাড়ে। কথোপকথন ইংরেজিতে, আমি বাংলায় লিখছি।
সাহস তো আপনার কম নয়, আমার গাছের ডাল কাটেন!
কী করব, আমার বাগান আপনার গাছের জন্য প্রাণশূন্য হয়ে উঠছে!
কিন্তু এটা আইনত অন্যায়।
না, অন্যায় নয়। কারণ যদি অন্য বাড়ির গাছ কারও বাগান শেষ করে, তার বাগানে সেই গাছের যতগুলো ডাল এসে পড়ে, তা কাটার অধিকার তার আছে।
আপনি ঠিক বলছেন না। আপনি আইন জানেন না।
জানি এবং কাটার অধিকার আমার আছে, সেটাও জানি।
আমি আপনাকে 'সু' করব। আইনানুগ ব্যবস্থা নেব।
নেবেন। আমি নির্লিপ্ত কণ্ঠে বলি।
লোকটা রাগে গরগর করতে করতে চলে যায়। আমি বসে আছি, কখন আমার কোর্টে যাওয়ার ডাক পড়ে। তিন সপ্তাহ চলে যায়। একদিন দেখি সেই প্রতিবেশী তার বাড়ির বেড়া খুলে আবার নতুন করে বেড়া বাঁধতে শুরু করেছে এবং গাছটাকে আমার বাড়ির সীমানায় দিয়ে দিয়েছে। আমি তো অবাক। এটা আবার কী হলো? গাছটা কি তিনি আমাদের দান করলেন? পরে জানি তিনি যখন তার বাড়ির মানচিত্র নিয়ে উকিলের কাছে গেছেন, উকিল নাকি দেখেশুনে বলেছেন, ও গাছ আসলে আমাদের। ভুল করে তার সীমানায় চলে গেছে। এখন নতুন করে বেড়া দিয়ে তিনি সেই ভুল শোধরালেন। পরে আমার বাড়ির দেয়ালে যখন ফাটল দেখা দেয়, গাছের সার্জন এনে পুরো গাছটাই আমাদের কাটতে হয়। এখন সেই কাটা গাছের গুঁড়িটার ওপর বসি। আমার বাগান ফুলে ফুলময়। সূর্যের আলো ঠেকায় কে? পাঁচ রঙের গোলাপে পরিপূর্ণ বাগান। গোলাপ গাছ মাত্র ১৩টি। ফুল হয় অনেক। এরপরের গল্প এমন। আমাদের বাড়ির সামনে ছিল একটা লাল পাতার গাছ। আমাদের ও পাশের বাড়ির দেয়ালে ফাটল দেখা যায়। ইন্স্যুরেন্সের লোক এসে বলে গাছটা কেটে ফেলতে। কারণ গাছের দীর্ঘ শিকড় মাটি থেকে রস টেনে এমন কাণ্ড করেছে। এসব গাছ কাটে কাউন্সিল। এটা আমাদের গাছ নয়, সরকারি। যখন কাউন্সিলকে লেখা হয় ওরা বলে, এটা আমাদের কাজ নয়, আপনি ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টকে লিখুন। ওরা তখন জানায়, এটা তাদের কাজও নয়। লেখে- আপনি সোসাল সিকিউরিটি বিভাগকে লেখেন। আসলে পৃথিবীর সব সিভিল সার্ভিসই একরকম। আঠারো মাসে বছর। আমরা যখন চিঠি চালাচালিতে ব্যস্ত হঠাৎ এক ভয়ানক ঝড় হয়। সকালবেলা দেখি গাছটা শিকড়সুদ্ধ মাটিতে পড়ে আছে। পাশের বাসার গোয়েন আর আমার আনন্দ দেখে কে? ও খুব ধর্মভীরু মেয়ে বলে- আটলাস্ট গড হাজ ডান ইট। পরে আমাদের দু'জনের বাড়িতেই 'আন্ডারপিনিং' করতে হয়। মানে পুরো বাড়ির ফাউন্ডেশন বদলাতে হয়। এখন আমাদের দু'জনের বাড়িতে আর কোনো ফাটল নেই। এই বড় ঝড়ে একটা গাছ উপড়ে পড়েছিল আরও অনেক গাছের সঙ্গে। সেই প্রিয় গাছটি আমার বাড়ির কাছে গ্রিনিচ পার্কে ছিল। ১৪৫০-৬০-এর দিকে অষ্টম হেনরির স্ত্রী অ্যান বোলিন সেই গাছের নিচে বসে পিকনিক করতেন। পরে তাকে অষ্টম হেনরি সন্দেহ করে মুণ্ডু কেটে ফেলেন। তার একমাত্র মেয়ে ভবিষ্যতের রানী দ্বিতীয় এলিজাবেথ ছোটবেলায় এই গাছ ঘিরে নাচত। পাঁচশ' বছর আগের সেই গাছকে ঘিরে রেখেছিল একটা বন্য আইভির ঝাড়। সেই আইভির গাছটা এই পুরনো গাছের প্রাণ হয়ে তাকে রক্ষা করছিল। কিন্তু ১৯৮৪ সালের সেই ভয়ঙ্কর ঝড়ে অনেক গাছ পড়ে যায়। মন খারাপ হয়েছিল একটা পাঁচশ' বছরের পুরনো গাছের মৃত্যুতে। মন খারাপ হয়েছিল বন্য আইভির সেই দুরন্ত ঝাড় সাপের ফণার মতো বাতাসে দুলে এক ভাগ্যহত রানীর কথা বারবার মনে করিয়ে দিত তাকে আর দেখব না বলে। সেই সময় কিউ গার্ডেন নামের লন্ডনের বোটানিক্যাল গার্ডেনের অনেক দুর্লভ গাছ শিকড় উপড়ে মাটিতে পড়ে। আমার বাড়িতে কোনো বিশেষ অতিথি এলে আমি তাদের আমার বাড়ির আশপাশে নিয়ে যাই। শওকত আলী যখন লন্ডনে গিয়ে আমাদের বাড়িতে অতিথি হয়ে আসেন, আমি তাকে বাড়ির আশপাশে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তার পছন্দ হয় সেসব দিগন্ত ছোঁয়া মাঠ আর গাছ। সবুজ মেডো, শান্ত-স্নিগ্ধ পরিবেশ আর নির্জনতা। ওখান দিয়ে হাঁটতে গেলে অনেক কবিতা মনে পড়ে যায়। ওয়াশিংটন ডি সিতে ইংরেজি কবিতা প্রতিযোগিতায় যে কবিতা আমাকে 'রানার্স আপ' পুরস্কার এনে দেয়, সেটাও ওখানে প্রথম মাথায় এসেছিল। কবিতাটির নাম 'মোমেন্ট অব ক্রিয়েশন'। শওকত আলী যেই বেঞ্চটাতে কিছুক্ষণের জন্য বসেছিলেন, সেখানে সাঈদ ভাইকেও (আবদুল্লাহ আবু সায়ীদ) বসতে বলেছিলাম। তিনিও কিছুক্ষণের জন্য বসেছিলেন এবং সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও আরও অনেকে। শওকত ভাই আমাকে গাছেদের নাম মুখস্থ করতে বলেছিলেন। গাছ চিনতে বলেছিলেন। ওক, বার্চ, সিলভার বার্চ, পপলার, সিকামোর, উইলো, টিক, বক্স, পাইন এমন কিছু গাছ আমি ছাড়াও আরও কিছু গাছ জেনেছিলাম। সিলভার বার্চের কাণ্ড সাদা। তাই ও সিলভার বার্চ। আমার একটি বিশেষ প্রিয় গাছ আছে। নাম তার উইপিং উইলো। যে গাছ হ্রদ বা নদীর পাশে জন্মে। ক্রন্দসী নারীর মতো সে ঝুঁকে থাকে জলের দিকে। তাই ওকে সবাই বলে 'উইপিং উইলো'। মাও সে তুং একটি কবিতায় এই উইপিং উইলোর কথা বলেছেন- 'তুমি আমার উইপিং উইলো আর আমি তোমার প্রাউড পপলার। মাও সে তুংও এমন কবিতা লেখেন? সত্যি এই পৃথিবীতে কতই না অবিশ্বাস্য ঘটনা ঘটে। রাস্তার পাশের গাছগুলোকে বছরে একবার ট্রিমিং করা হয়। শীতে পত্রশূন্য আর বসন্তে জেগে ওঠা। আমার বাড়ির কাছে আছে এক সাদা চেরি ফুলের গাছ। এক বসন্তে সেই গাছের তলা দিয়ে ছুটছিলাম একটা দরকারি ওষুধ আনতে। চেরির বৈভবীরূপে বেশ কিছুক্ষণ সেই গাছের তলায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। হাইড পার্কের মচমচে পাতার ওপর দিয়ে শরতে যে হেঁটে গেছে, সে কখনও তার সেই ঘটনার কথা ভুলে যেতে পারবে না। এবার গাছ সম্বন্ধে কিছু প্রয়োজনীয় কথা :আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গাছের প্রয়োজন অনেক। প্রতিদিন যে পরিমাণ গাছ কেটে ফেলা হয়, সে পরিমাণ লাগানো হয় না। প্রতি বছর ১৩ মিলিয়ন হেক্টর বনভূমি কেটে ফেলা হয়। যে জায়গার পরিমাণ গ্রিস দেশের সমান। বাংলাদেশের গাছ কেটে ফেলা হয় নির্মমভাবে। শালবন, সুন্দরবন সবকিছু শেষ হতে চলেছে। গাছের কারণে আমাদের পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমতে থাকে। এই সিও-২-কে গ্রিনহাউস গ্যাসও বলা হয়। প্রতিদিন যে পরিমাণ গাছ কাটা হয়, হয়তো একদিন পৃথিবী গাছশূন্য হয়ে যাবে। তখন? পৃথিবীর ধ্বংস অনিবার্য।
ব্রিটেন এ কথা জানে। তারা নিয়মিত গাছ লাগায়। তবু সেখানে গাছের সংখ্যা কমতে শুরু করেছে। এই পৃথিবীর ৩০ ভাগ বনভূমির দেশ হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, ব্রাজিল, চীন, অস্ট্রেলিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইন্দোনেশিয়া, পেরু ও ভারত। এই পৃথিবীর ৩০ ভাগ জায়গা বনভূমিতে ঢাকা। আমাদের উচিত যেখানে যতটুকু খালি জায়গা আছে গাছ লাগানো। বাড়ির সামনে-পেছনে, ছাদে-ব্যালকনিতে। কত সব গাছ আছে যা থেকে দামি ওষুধও পাওয়া যায়। উইলো থেকে আসপিরিন। অর্জুন থেকে হার্টের ওষুধ। আর্নিকা গাছ থেকে ভাঙাচোরা মেরামতির ওষুধ। আরও কত কি। আমার বাড়িতে এই গাছের গুণাগুণের একটি বিশাল কলেবর বই আছে। পড়তে পড়তে অবাক হয়ে ভাবি, এই পৃথিবীতে কেবল গাছই তো মানুষের সব অসুখ সারাতে পারে। রেন ফরেস্ট এই পৃথিবীর সবচেয়ে বড় অরণ্য। যার পরিমাণ ২.৫ মিলিয়ন স্কয়ার মাইল। একে বলা হয় পৃথিবীর ফুসফুস। কারণ আমাজনের রেন ফরেস্ট এই পৃথিবীতে যত অক্সিজেন প্রয়োজন, তার পাঁচ ভাগের এক ভাগ সরবরাহ করে। গাছ অক্সিজেন দেয়। টেনে নেয় পৃথিবীর ক্ষতিকারক গ্যাস কার্বন ডাই-অক্সাইড। এই কার্বন যত বাড়বে পৃথিবী তত বেশি ভয়াবহ জায়গা হয়ে উঠবে। এবার একটা গাছ কতটা কার্বন টেনে নেয় নিজের শরীরে বা ধরে রাখে, তার একটা হিসাব। একশ' বছরে একটা গাছ দুই টন কার্বন ডাই-অক্সাইড টেনে নেয়। ৫০ বছরে টেনে নেয় এক টন কার্বন। ২৫ বছরে টানে .৫ কার্বন ডাই-অক্সাইড। দশ বছরে টেনে নেয় ০.২ টন কার্বন এবং পাঁচ বছরে টেনে নেয় ০.১ টন কার্বন। গাছের নিচ দিয়ে হাঁটতে গেলে শরীর জুড়িয়ে যায় কেন আমাদের? ওরা আর কিছু নয়, কেবল আমাদের জন্য বিতরণ করে অক্সিজেন আর সবুজ আশ্বাস। এই গাছের ভবিষ্যৎ নিয়ে ২০০২-এর সেপ্টেম্বর মাসে একটা বড় কনফারেন্স হয় জোহানেসবার্গে। যাকে বলা যেতে পারে 'ওয়ার্ল্ড সামিট'। সেখানে প্রধান বিষয় ছিল- সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেস্ট। গাছ যেভাবে শেষ হতে চলেছে সে নিয়ে শঙ্কিত প্রায় পৃথিবীর সব দেশের মানুষ। এই সমস্যার সমাধান না হলে আমাদের ভবিষ্যৎ কার্বনময়। প্রথমে যেমন গল্প দিয়ে শুরু করেছিলাম, তেমন একটা গল্প দিয়ে আমার রচনা শেষ করি। আমার স্বামী তোফাজ্জল হোসেন চৌধুরী লন্ডনের 'হারি নীল লিমিটেডের' সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। একবার চার্চ কমিশন বিল্ডিং বানাতে গিয়ে তাদের কাজ একটা গাছের কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল। কারণ কী? কারণ সেখানে একটা পাখি বেশ কতগুলো ডিম পেড়ে সেখানে তা দিতে শুরু করেছে। ফলে গাছ কাটা বন্ধ। তারপর যখন ডিম ফুটে বাচ্চা বেরোয়, সেগুলো একসময় আকাশে উড়তে শেখে, তখন গাছ কেটে কাজ শুরু করা হয়। ক্ষতির পরিমাণ প্রায় একশ' হাজার পাউন্ড। কেবল একটা গাছ আর কয়েকটা পাখি? মনে হয় পৃথিবীতে এখনও কোথায় মানবতার চাষ হয়।
ব্রিটেন প্রবাসী কথাসাহিত্যিক

আমাদের উন্নয়নের পরবর্তী ধাপে যেতে হবে

মঙ্গলবার ডিবিসি টেলিভিশনের রাজকাহন অনুষ্ঠানে খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান ও ড. দেবপ্রিয় ভট্টাচার্য উন্নয়নশীল দেশ হওয়ার পথে বাংলাদেশের সামনে কী চ্যালেঞ্জ রয়েছে, সে বিষয়ে আলোচনা করেন। এখানে ঈষৎ সংক্ষিপ্ত আকারে তা প্রকাশ হলো। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নবনীতা চৌধুরী
ডিবিসি :সব ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল হওয়ার পথে রয়েছে। এ ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী? বাংলাদেশেরই-বা সে প্রস্তুতি রয়েছে কি-না?
অধ্যাপক রেহমান সোবহান : প্রথমত, এটা টেকনিক্যাল ব্যাপার। এখানে একসাইটেড হওয়ার খুব প্রয়োজন নেই। বাংলাদেশের একটা টার্গেট থাকতে হবে। এখানে কেবল আয়ের (মাথাপিছু) ব্যাপার থাকবে না। আমাদের ট্রান্সফরমেশন ইকোনমি নিয়ে আসতে হবে। দেশি-বিদেশি নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। দেশীয় বিনিয়োগ কিছু হচ্ছে; কিন্তু সেগুলো খুব নির্দিষ্ট (খাতে) হয়ে যাচ্ছে, যেমন গার্মেন্ট শিল্প। আমাদের যেহেতু উন্নয়নের পরবর্তী ধাপে যেতে হবে, সেহেতু বিনিয়োগের প্রসারণ দরকার। যেমন করেছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন। এখন ভিয়েতনাম এ পথে যাচ্ছে। মূল বিষয়টি হলো অর্থনীতির বৈচিত্র্যকরণ। সে প্রক্রিয়া এখানে পুরোপুরি শুরু হয়নি। এ ক্ষেত্রে বিশ্নেষণের ব্যাপার যে, সীমিত বৈদেশিক বিনিয়োগ কেন আসছে। এখানে সুশাসনের কথা প্রথমেই আসবে। তারপর ব্যাংক ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও যথাযথ প্রকল্প সম্পাদন ইত্যাদি।
ডিবিসি :সেগুলোর সঙ্গে তো বিনিয়োগের সম্পর্ক রয়েছে। মানে প্রকল্পে দক্ষতা বাড়ানো...
রেহমান সোবহান :হ্যাঁ, অবশ্যই আছে। এখন তো প্রকল্পে অত্যধিক খরচ করতে হয়। দেশে একটা রাস্তা তৈরি করতে খরচ বেশি হচ্ছে। আমরা যদি সর্বাধিক সুফল পেতে চাই, সেখানে দক্ষতার কোনো বিকল্প নেই। আমরা ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে বটে; কিন্তু সেখানেও আমাদের রিসোর্সেস ও ইফিসিয়েন্সি বড় চ্যালেঞ্জ।
ডিবিসি :সিপিডি বলছে, সরকারকে নানা ধরনের স্টেকহোল্ডারদের সঙ্গে বসে কৌশল প্রণয়ন করতে হবে। আসলে সমন্বিত কৌশলটা কী? আমরা তো শুনি, কোন বছর কত বিদ্যুৎ উৎপাদন করবে, কত বিনিয়োগ আসবে- সে পরিসংখ্যান সরকার তো দিচ্ছে। এখানে নতুন কৌশলের প্রয়োজন কী?
ড. দেবপ্রিয় ভট্টাচার্য :নতুন পরিস্থিতিতে নতুন কৌশলের প্রয়োজন পড়ে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আমরা যদি স্বল্পোন্নত দেশের সারি থেকে বের হই, নতুন পরিস্থিতির বিষয়ে বিবেচনা থেকেই নতুন কৌশলের কথা এসেছে। তার সঙ্গে বিদ্যমান কৌশল সামঞ্জস্য কি-না সেটাও বিবেচনা করে দেখতে হবে। আপনি উপস্থাপনায় মধ্যম আয়ের দেশের কথা বলেছেন, সে বিষয়ে কিছু বলা প্রয়োজন। আসলে আমাদের দেশ ২০১৫ সালেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেছে। আমাদের অনেক মন্ত্রী-এমপি বলেন, ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো- এটা ভ্রান্ত কথা। আসলে ২০২১ আমাদের মনের ভেতরে সুদৃঢ়ভাবে গেঁথে গেছে। তার আগেও যে আমরা করে ফেলতে পারি, এটা বোধ হয় তাদের বিবেচনায় নেই। আবার অনেকে বলেন, স্বল্পোন্নত থেকে আমরা ২০২১ সালে বেরোব- এটাও ঠিক নয়। স্বল্পোন্নত থেকে আমরা ২০২৪ সালে বেরোব। যা হোক, নতুন পরিস্থিতিটা কী। প্রথম কথা হলো, এটা থেকে বেরোলে আমাদের লাভটা কী হবে? লাভ হবে, বাংলাদেশ যে একটা বিকাশমান অর্থনীতি এবং সেটা যে তুলনীয় দেশের তুলনায় দ্রুততর হচ্ছে, সেখানে একটা আস্থার জায়গা সৃষ্টি হবে। ফলে বিদেশি যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, তাদের জন্য এটা ইতিবাচক সার্টিফিকেট বা আস্থার জায়গা সৃষ্টি হলো। এখন কথা হলো, এটাকে কীভাবে ব্যবহার করে আমরা বাস্তবে সুফল নিয়ে আসব। একটা দিক যে, হয়তো এটার ফলে আমরা শুল্ক্কমুক্ত বাজার সুবিধা হারাব। যদি তা হারাই, সে ক্ষেত্রে রেহমান সোবহান যেটা বলেছেন, একটিমাত্র পণ্যের ওপর যে আমরা নির্ভরশীল- তাহলে পণ্যের বহুবিধকরণ লাগবে। বাজারের এক্সপানশন লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার, ইউরোপীয় ইউনিয়নের বাজার বা অন্য কোনো নতুন বাজারে প্রবেশের বিষয় আসবে। চীনের বাজারে বড়ভাবে যাওয়া, ভারতের বাজারে বড়ভাবে যাওয়ার বিষয় আসবে। যেমন ইউরোপীয় ইউনিয়ন জিএসটি প্লাস। আমাদের প্লাসের ভেতরে ঢুকতে হলে আরও কিছু কাজ করতে হবে। আমাদের শ্রমিকের অধিকার দিতে হবে। মানবাধিকার লঙ্ঘন করা যাবে না ইত্যাদি বিষয়ে আমাদের আগের চেয়েও অনেক বেশি সচেতন ও সৎ হতে হবে।
ডিবিসি :বাজার সুবিধা তো আমরা ২০২৪ পর্যন্ত পাব...।
দেবপ্রিয় ভট্টাচার্য :২০২৪ নয়, ২০২৭ সাল পর্যন্ত। সে পর্যন্ত আমাদের বড় ধরনের ধাক্কা না-ও হতে পারে। আরেকটি বিষয় হলো, এখন আমরা যেভাবে অনুদান পাই, যেটা ফেরত দিতে হয় না। আমরা কীভাবে ঋণ পাই, সেটা দেখতে হবে। তখন আমাদের বিকল্প খুঁজতে হবে। চীন যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাইরে অবকাঠামোগত ব্যাংক তৈরি করেছে, সেখান থেকে কীভাবে ঋণ আনা যায়।
ডিবিসি : আমি রেহমান সোবহানের কাছে যাই। আপনাদের আলোচনাতে বারবার এ আশঙ্কা ব্যক্ত করেছেন যে, অনেকেই এ সার্টিফিকেট পেয়েছে, এলডিসি থেকে উত্তরণ ঘটিয়েছে। তারপর আর এগোতে পারেনি। সে বিপদটা কোন কোন দেশে হয়েছে এবং আটকে যাওয়ার বিপদগুলো কী?
রেহমান সোবহান :আটকে যাওয়ার অনেক বিষয় আছে। যারা এ অবস্থা পার হয়ে গেছে, তাদের দেখা দরকার। যেমন ভিয়েতনাম। তারা ডাইভারসিফাইড হয়েছে। এখন বাংলাদেশ তো ভাবছে, আমাদের ব্যাপক পরিচিতি আছে। রফতানি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। কিন্তু ভিয়েতনাম জনসংখ্যায় ছোট, জিডিপিতে ছোট। তাদের এক্সপোর্ট এখন দুইশ' বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ তারা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এমনকি তাদেরও পোশাক শিল্প রয়েছে। তারা দশ জায়গায় কম্পিট করছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করছে। ট্রাম্পের নীতি তাদের কোনো বাধা হয় কি-না সেটা দেখতে হবে। মূল বিষয় হলো, তারা ম্যানেজ করেছে। আমাদের চ্যালেঞ্জ এখানেই চলে আসে। এখন তো আমাদের হাতে প্রায় দশ বছর আছে। এই সময়ের মধ্যে কেমন করে একটা পলিসি নিতে হবে, কেমন করে সুশাসন নিশ্চিত করতে হবে- তা নিয়ে ভাবতে হবে।
ডিবিসি :আপনারা বলছেন, বাংলাদেশের পরিস্থিতিটা ইউনিক। এখানে ছোট দেশে অনেক জনসংখ্যা, আমাদের চ্যালেঞ্জও অন্যরকম...।
দেবপ্রিয় ভট্টাচার্য :হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ ভিন্ন, এর প্রকাশ ও মাত্রায় ভিন্নতা রয়েছে। কেন এ প্রশ্নটা থেকে যাচ্ছে বারবার যে, আমরা স্বল্পোন্নত থেকে বেরোচ্ছি; কিন্তু উল্লাস না করে সতর্কতা কেন। যদিও আমরা একটা সার্টিফিকেট পাচ্ছি; কিন্তু অর্থনীতির বিচারে সেটা যে খুব শক্তিশালী সূচক, তা নয়। যেটা রেহমান সোবহানও বলেছেন। শক্তিশালী সূচক হলো, যদি অর্থনীতির ভেতরে উৎপাদনশীল খাতের প্রভাবটা বাড়ে। আপনার প্রক্রিয়াকরণ খাত ছোট, অবকাঠামোর সমস্যা রয়েছে, কৃষি শিল্পায়িত হয়নি। কম বিনিয়োগে অধিক উৎপাদনশীলতার বিষয়টিতে তেমন মনোযোগ নেই। যাতে তারা কম শ্রমে বেশি মজুরি পায়। আমরা বলি, স্বল্পোন্নত থেকে বের হওয়াটাই ফিনিশিং লাইন নয় বরং এটি একটি মাইলফলক। ফিনিশিং লাইনে পৌঁছাতে হলে আপনার অর্থনীতির রূপান্তর ঘটাতে হবে। সেই রূপান্তর ঘটানো ও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা- এগুলো একসঙ্গে করার জন্য কৌশল প্রয়োজন। বাংলাদেশে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে। কিন্তু এ পরিকল্পনা স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার টার্গেট নিয়ে করা হয়নি। এর মধ্যে আসছে এসডিজি। এগুলো কোনটা বৈশ্বিক পরিকল্পনার সঙ্গে যায়, কোনটাকে অগ্রাধিকার দেব- সে নীতিমালা নেই। আমরা সে গতিশীলতা তৈরি করতে পারব কি-না সে কথাই বলা হচ্ছে। আমরা উল্লাস করছি ঠিক, উল্লাসের সঙ্গে আমাদের যে দায়িত্ব এসে পড়েছে, সে ব্যাপারে সচেতনতা নেই।
ডিবিসি :এই যে মধ্যম আয়, নিম্নমধ্যম আয়, উন্নত, উন্নয়নশীল ও নানা সূচক ইত্যাদি পরিভাষায় বাস্তব উন্নয়নের চিত্র উঠে আসে কি-না?
রেহমান সোবহান :দেখা গেল কোনো দেশ শুধু পর্যটনের ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে গেল। কিংবা একটি দেশে ডায়মন্ড থেকেই ৫০ শতাংশ জিডিপি আসছে। ভুটান ইলেকট্রিক দ্রব্য দিয়ে এগোচ্ছে। বাংলাদেশ যেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। বাংলাদেশের ছোট্ট টি-শার্ট ও তার ডাইভারসিটি যেখানে বিশ্বকে মাত করছে, সেখানে দেশটির নিশ্চয়ই আরও সম্ভাবনা রয়েছে। আমাদের গ্রামের নারী শহরে এসে ফ্যাক্টরিতে কাজ করছে, সেখানেও তো শ্রমের একটা রূপান্তর হচ্ছে। তার শ্রম দিয়েই যে আমরা বিশ্বের সঙ্গে পাল্লা দিচ্ছি, সেটা আমাদের বুঝতে হবে। উদ্যোক্তারা আছে। আবার কেবল বড় ফ্যাক্টরিই নয়, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, শহরে-গ্রামে। বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা কাজ করছে, যেটা অনেক দেশের নেই। আমাদের এত মেধা আছে, সেটা গুরুত্বপূর্ণ। জনসংখ্যার কথা আসছে। আসলে জনসংখ্যা আমাদের শক্তি। যে দেশে ১৬ কোটি মানুষ আছে, সেটা তো একটা বাজার। এই বাজার এক্সপানশনের বিষয় আছে। যদি আমি বুঝতে পারি, এই প্রোডাক্টের প্রয়োজন আছে, সে প্রোডাক্ট উৎপাদনের বিষয় আছে। বাজার বাড়বে, আয় বাড়বে। আমার মনে আছে, প্রায় ২০ বছর আগে দক্ষিণ কোরিয়া ছিলাম। ওই সময় একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলেছিলেন, ভবিষ্যতে শক্তিশালী দেশ হবে চীন। কারণ তার বড় বাজার আছে। আমার জনসংখ্যা বেশি, সে জন্য জনসংখ্যা রফতানির বিষয় আছে। যখন বিশ্বে সমস্যা দেখা দেয়, তখন আমরাও সমস্যাগ্রস্ত হই। কিন্তু চীনের অভ্যন্তরীণ বাজার আছে, ভোক্তা আছে, তার তেমন সমস্যা হয় না। কিন্তু এমনিতেই জনসংখ্যা সম্পদ হবে না।
ডিবিসি :তাহলে বছরের পর বছর ধরে যা নিয়ে কথা হচ্ছে, ব্যাপারটা কি এ রকম যে, অবকাঠামোগত উন্নয়ন হবে, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, বিনিয়োগ হবে, তারপর উন্নয়ন হবে- ব্যাপারটা কি সে রকম?
দেবপ্রিয় ভট্টাচার্য :আসলে কোনো সূচকই কিন্তু বাস্তবতাকে ধরতে পারে না, ধারণ করে না। একেকটা সূচকের একেক ধরনের গুণাবলি রয়েছে। যেমন ধরুন- আমরা বলছি, আমাদের উত্তরণ হবে; কিন্তু এখানে তো বৈষম্যের হিসাব নেই। দেশে যে আয়বৈষম্য বাড়ছে, সেটার হিসাব এর ভেতর নেই। যিনি বৈষম্যের শিকার তিনি হয়তো বলবেন, কই- আমি তো কিছু পেলাম না। আবার এর মধ্যে জিনিসপত্রের দামের হিসাব নেই। আমরা যে উত্তরণের কথা বলছি, নিশ্চয়ই কেউ না কেউ বলবে, জিনিসপত্রের দাম বাড়ছে, কিসের উত্তরণ হচ্ছে? এ জন্য অর্থনীতিবিদরা এক হাতে কথা বলেন না। দুই হাতে কথা বলেন।
ডিবিসি :একজন দর্শক বলছেন, রফতানির কথা বেশি না ভেবে যদি আমরা আমদানি পণ্য দেশে উৎপাদন করি?
দেবপ্রিয় ভট্টাচার্য :খুবই সুন্দর কথা, এটা নিঃসন্দেহে ভালো। আরেকটা কথা, অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ থাকলেও বড় কলকারখানায় উৎপাদনশীল খাতে তা কম। যেসব দেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়েছে, তাদের সবচেয়ে বড় অর্জন ছিল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কারও নীতিকথায় আসে না। তারা দেশের স্থিতিশীলতা দেখে, একটা দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখতে চায়, সুশাসন দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়, গণতান্ত্রিক স্থায়িত্ব দেখতে চায়।
ডিবিসি :ড. রেহমান সোবহান, আপনাদের সিপিডির আলোচনায় বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার সুশাসন- এই বিষয়গুলো অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে দর্শকদের সম্পূরক প্রশ্ন, দুর্নীতি, ব্যাংক লুট, রাজনৈতিক অস্থিতিশীলতা, অনিয়ম ইত্যাদির মধ্যেও দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে?
রেহমান সোবহান :আসলে আমাদের দেশে প্রত্যেকটি ব্যক্তি কাজ করে, এ জন্য এগিয়ে যাচ্ছে। এটা আমার শক্তিশালী বাংলাদেশের একটি সুবিধা। আমাদের উদ্যোক্তা, শ্রমিক, নারী, ক্ষুদ্রঋণ, তারপর প্রবাসী সবাই তো কাজ করে যাচ্ছে। আমাদের আশপাশে যা হচ্ছে, মানে অনিয়ম ইত্যাদি বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
ডিবিসি :আপনি বলেছেন- কোরিয়া, চীন, তাইওয়ান প্রভৃতি দেশ এগিয়ে যাচ্ছে। তারা যে খুব গণতান্ত্রিক তা তো নয়। তাহলে এখানে গণতন্ত্র এত প্রয়োজন কেন?
রেহমান সোবহান :না, এখানে দুই ক্যাটাগরির দেশ। চীন ও ভিয়েতনামের অন্য ইতিহাস। তাদের ওয়ান পার্টি স্টেট। কমিউনিস্ট পার্টির অনেক সমস্যা আছে, তারপরও একটা বিষয় রয়েছে, তারা সবকিছু একটা ডিসিপ্লিনে রাখতে পারছে। কোরিয়া, ইন্দোনেশিয়ায় এখন গণতন্ত্র শক্তিশালী। তার চেয়ে বড় কথা, এসব দেশে আইনের শাসন। তাদের ইতিহাস একরকম। কিন্তু বাংলাদেশের ইতিহাস তো অন্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু তো গণতন্ত্রের জন্যই লাইম-লাইটে ছিলেন। আমাদের ডিএনএর মধ্যে রয়েছে গণতন্ত্র। এই ডিএনএর মধ্যে অন্য দেশের একটা প্রক্রিয়া এখানে চলবে না। তাতে আরও নানা রকম সংকট দেখা দেবে।
ডিবিসি :ড. দেবপ্রিয়, আপনি অর্থনীতিকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার কথা বলেছেন। বাংলাদেশের সুশাসন. রাজনীতি ইত্যাদিও ঢেলে সাজানোর প্রয়োজন কি-না?
দেবপ্রিয় ভট্টাচার্য :আমি একটু আগের প্রশ্নে আসি। এত দুর্নীতি, এত স্বজনপ্রীতি, মেধার প্রতি বৈষম্য. লুটপাট ইত্যাদি যদি না থাকত, তাহলে চিন্তা করেন আমরা কোথায় চলে যেতাম? তাহলে আমরা ৫-৬ শতাংশ প্রবৃদ্ধি করছি, আরও হয়তো ২ শতাংশ অর্জন সম্ভব ছিল কিংবা আজ যেটা করছি, সেটা ১০ বছরের আগেই করতে পারতাম। আরেকটা বিষয় হলো- এগুলো যেসব দেশে ঘটে, সেখানে যেভাবে উদ্যোক্তা শ্রেণিরা এগোয় বা সাধারণ মানুষ এগোয়, সেটা তারা এক ধরনের রাজনৈতিক সমঝোতা করে এগোয়। একে ইংরেজিতে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট। এর মাধ্যমে সে একটা জিনিস অর্জন করে, দুইটা ছেড়ে দেয়। কোন জিনিসটা ছেড়ে দেব, তা সে নির্দিষ্ট করে। হয়তো সে বাকস্বাধীনতা ছেড়ে দিচ্ছে, ছেলেমেয়ের শিক্ষা নিচ্ছে। কিন্তু একটা সময় আসতে পারে, যখন সে দেখবে, সে যে গুণমানসম্পন্ন শিক্ষা চাচ্ছে; তার বাকস্বাধীনতা নেই বলে সে মান পাচ্ছে না। তখন কিন্তু সামাজিক সমঝোতা না হয়ে গণবিস্ম্ফোরণ হয়। এটাই মধ্যবিত্ত শ্রেণির ইতিহাস। বাংলাদেশে আপনি পেছনে ফিরে দেখেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস তো এটাই, একাত্তর কিংবা ঊনসত্তরের ইতিহাসও এটি।
ডিবিসি :আপনারা কেবল ব্যক্তি উদ্যোগের কথা বললেন। রাজনৈতিক উদ্যোগও তো আছে। যেমন এ সরকারের ভিশন ২০২১। তারা এর মধ্যে অনেক কিছু অর্জন করতে চায়। এ রকম রাজনৈতিক উদ্যোগ ব্যক্তি উদ্যোগের প্রেরণা কি-না?
রেহমান সোবহান :বর্তমান প্রধানমন্ত্রী ভিশনারি, সেটা ঠিক আছে। কিন্তু সে ভিশন পূর্ণ করতে সব জায়গায়ই সায় লাগে। ভিশনই যথেষ্ট নয়। তার সঙ্গে দল, প্রশাসন, রাজনীতি, অর্থনৈতিক অবস্থা সবকিছুতেই সে ভিশনের বাস্তবায়নের বিষয় থাকতে হবে। আমাদের অভাব এখানেই।
ডিবিসি :রাজনৈতিক স্থিতিশীলতা সরকারের ধারাবাহিকতা কি-না? বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে তো অনেক কিছুই বদলে যায়?
দেবপ্রিয় ভট্টাচার্য :বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা মানেই একই সরকার নয়। একই সরকার নির্বাচিত হয়ে এলেও সে নতুন সরকার তৈরি করে। স্থিতিশীলতা, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন- এগুলো এখন একসূত্রে গ্রথিত। যদি এগুলো না থাকে, তাহলে আরও বেশি অসুবিধা হচ্ছে। বিশ্ব এখন অনেক বেশি বৈরী হয়ে যাচ্ছে। ওই বৈরিতা আটকাতে হলে দেশের ভেতর স্থিতিশীলতা, রাজনৈতিক সমঝোতা যাতে না ভেঙে পড়ে, সেটা গুরুত্বপূর্ণ।

'গণতান্ত্রিক একনায়কে'র যুগে বিশ্ব! by তপন মাহমুদ

ইতিহাসে 'আদিম সাম্যবাদ' বলে একটা বস্তুর হদিস পাওয়া যায়। বলতে গেলে সেটা প্রাগৈতিহাসিক আমলের কথা। তার পর নীলের পানি ভারত মহাসাগর পর্যন্ত গড়াল। কত ইতিহাস হলো! বিশ্বে গণতন্ত্র এলো। সেও তো অনেক আগের কথা। গ্রিসে নগর রাষ্ট্র উদ্ভবের মধ্য দিয়ে গণতন্ত্রের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। এরই মধ্যে দুনিয়া রাজা-বাদশাহদের যুগও দেখেছে একসঙ্গে। দেখেছে সুলতানি আমল। আর এ সময়ে রাষ্ট্রের মূল ভিত্তি ছিল ধর্ম। দুনিয়া সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভেঙে পুঁজিবাদ পর্বে ঢুকল। নতুন ভাবনা নিয়ে সমাজতন্ত্র এলো। সফল হলো, ব্যর্থ হলো। পরবর্তীকালে বিশ্ববাসী ফ্যাসিবাদ নামে একটি ধারণার সঙ্গেও পরিচিত হলো। অল্প সময়ের ব্যবধানে দু'দুটি বিশ্বযুদ্ধের মুখোমুখি হলো দুনিয়া। এর পর শুরু হলো স্নায়ুযুদ্ধের আমল। ইতিহাসের এমন ধারাবাহিকতায়, নব্বই দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন পতনের পর অবসান হলো দুই মেরুর বিশ্বের। একক নেতা হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হলো আমেরিকা। দুনিয়াজুড়ে রফতানি হতে থাকল আমেরিকান বা পশ্চিমা মডেলের গণতন্ত্র। এই একই সময়ে স্বৈরতন্ত্রের খোলস বদলে বাংলাদেশও ঢুকল গণতন্ত্রের যুগে। এর মধ্যে হঠাৎ বিশ্ব-রাজনীতির একক আধিপত্য কমতে শুরু করল। বিশ্বশক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে মাথা ঢুকাল চীন ও রাশিয়া।
অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তির উন্নয়নে আঞ্চলিক শক্তি হিসেবে বিশ্ব-রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠল ভারত, ব্রাজিল, জাপানের মতো রাষ্ট্র। শুধু বাংলাদেশেই না; নব্বইয়ের দশকের শুরু থেকে দুনিয়াজুড়ে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাড়তে থাকল। এদিক দিয়ে অবশ্য অনেক আগে থেকেই এগিয়ে ছিল ইউরোপ। তারা এক রকম গণতন্ত্রের বিকাশ ঘটাতে পেরেছিল। এর সঙ্গে এই মহাদেশের রাষ্ট্রগুলো একটা ইউনিয়ন করে সেখানেও গণতন্ত্রের চর্চা শুরু করল। বর্ণবাদী যুগের অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকাতেও শুরু হলো গণতন্ত্রের নবযাত্রা। ভারতে কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যের অবসান হতে থাকল। বিজেপিসহ আঞ্চলিক দলগুলোর গুরুত্ব বাড়তে থাকল। যদিও এর মধ্যে বহাল তবিয়তে মধ্যপ্রাচ্যজুড়ে টিকে থাকল বাদশাহ-আমিরদের শাসন। আরব বসন্ত একটা গণতান্ত্রিক ধাক্কা দিলেও শেষ পর্যন্ত খুব একটা বদলাল না আরব দুনিয়া। বাদশাহি শাসন নিয়ে টিকে আছে সৌদি আরবসহ অনেক রাষ্ট্র। আর এর বাইরে হাতেগোনা কমিউনিস্টশাসিত একদলীয় রাষ্ট্রগুলো। কিউবার সমাজতন্ত্র নিয়ে আলাপ করার মতো কিছু উপাদান থাকলেও চীনকে বলা যায় 'সমাজতন্ত্রের কাপড়ে মোড়ানো পুঁজিবাদী রাষ্ট্র'। আর উত্তর কোরিয়া হলো এমন এক রহস্যময় দেশ, যেখান থেকে ধেয়ে আসা মিসাইল ছাড়া আর কিছুই দেখা যায় না, জানা যায় না। মোটামুটি দীর্ঘ অবতরণিকা বাদ দিয়ে এবার আসল গল্পে আসা যাক। অনেক তন্ত্রমন্ত্রের মধ্যে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা দুনিয়াজুড়ে যে সবচেয়ে বেশি, তা নিয়ে খুব কম জনেরই সন্দেহ আছে। কিন্তু হালের বিপদ হলো, দুনিয়াজুড়ে গণতন্ত্রের নামেই শুরু হয়েছে একদলীয় শাসন ব্যবস্থা। দলের ভেতরে বাড়ছে একক ব্যক্তির প্রভাব; খর্ব হচ্ছে সবার সমান ক্ষমতা ও অংশগ্রহণ। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার ক্ষমতাকে দীর্ঘমেয়াদি ও একচ্ছত্র করতে শাসনতন্ত্র বদলেছেন। দুই দফার বেশি প্রেসিডেন্ট না থাকার বিধান বাতিল করেছে দেশটির ক্ষমতাসীন দল। ফলে চীনে একদলীয় শাসনে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ গণতন্ত্রটুকুও শেষ হয়ে গেল। দলের থেকে বড় হয়ে গেল ব্যক্তি। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে প্রায় একই ঘটনা ঘটছে। তথাকথিত জাতীয়তাবাদ, বিশ্বব্যাপী মোড়লগিরি, উন্নয়ন ইত্যাকার উছিলায় ক্ষমতাকে একচ্ছত্র করতে উৎসাহী নেতাদের সংখ্যা বাড়ছে। তারা শুধু দলেই একক আধিপত্য ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নেই, রাষ্ট্রক্ষমতাও তার অধীনে রাখার চেষ্টা করছে। ফলে দেশে দেশে সংকুচিত হচ্ছে গণতন্ত্র চর্চা। নানাভাবে দমন হচ্ছে ছোট-বড় বিরোধী দল ও মত। আর এসব দেশে সিভিল সোসাইটিকেও কার্যত কোণঠাসা ও নানাভাবে ভীত-সন্ত্রস্ত করে রাখা হচ্ছে। এই 'নয়া গণতান্ত্রিক মডেল'-এর জুতসই উদাহরণ বোধ হয় রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন। ২০০০ সালে ক্ষমতায় আসার পর, চেয়ার ওলটপালট করে তিনিই একবার প্রেসিডেন্ট, পরেরবার প্রধানমন্ত্রী। তবে যে পদেই থাকুন না কেন, ক্ষমতার নাটাই তার হাতেই ছিল। স্টালিনের পর তিনিই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন। ১৮ মার্চ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও পুতিন অপ্রতিদ্বন্দ্বী। কার্যত তা হতেই দেননি তিনি। এবার পুতিন তার প্রধান বিরোধী আলেক্সেই নাভালনিকে নির্বাচনে প্রার্থী হতেই দেননি। ইকোনমিস্ট লিখেছে, পুতিন নিজেকে রাশিয়ার রক্ষাকর্তা হিসেবে তুলে ধরছেন, যিনি কিনা বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করছেন এবং 'বৃহৎ শক্তি' হিসেবে বিশ্বের সামনে নতুন রাশিয়াকে হাজির করেছেন। পুতিনের ডেপুটি চিফ অব স্টাফের অমর বাণী 'নো পুতিন, নো রাশিয়া'র মধ্যেই হয়তো লুকিয়ে আছে এই নির্বাচনেও ষষ্ঠবারের মতো ক্ষমতাসীন হওয়ার মন্ত্র। কিন্তু এর ফলে, দেশের গণতন্ত্রের যে মৃত্যু ঘটল, তার কি কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া হবে না, আজ কিংবা কাল? পুতিন মডেলের এমন অনেক উদাহরণও মিলবে বিশ্বজুড়ে। ২০১৭ সালের ডিসেম্বরে হঠাৎ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করলেন, যেসব দল মেয়র ইলেকশনে অংশ নেয়নি, তারা পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবে না।
তিনি বললেন, রাজনৈতিক মানচিত্র থেকে বিরোধী দলগুলো অদৃশ্য হয়ে গেল! ক্ষমতাকে একচ্ছত্র করতে কি অকাট্য যুক্তি! এর আগে ওই বছরের নভেম্বরে, নির্বাচনের আগমুহূর্তে, কলম্বিয়ার সর্বোচ্চ আদালত সে দেশের প্রধান বিরোধী দলকে ভেঙে দিয়েছে। কারণ, ক্ষমতাসীন দল সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করেছে- বিরোধী দল আমেরিকার সঙ্গে যোগসাজশ করে ক্ষমতায় আসার চক্রান্ত করেছে। আদালত শুধু দলকেই ভেঙে দেননি; সংসদে থাকা ১১৮ জন বিরোধী সদস্যকেও পাঁচ বছরের জন্য বহিস্কার করেছে। এর ফলে ক্ষমতায় আসার পথে আর কোনো বাধাই থাকল না তিন দশকের বেশি ক্ষমতায় থাকা পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হু সেনের। মানবাধিকার সংগঠন এ ঘটনাকে আখ্যা দিয়েছেন 'কলম্বিয়ায় গণতন্ত্রের মৃত্যু' হিসেবে। নিজের ক্ষমতাকে একচ্ছত্র করতে প্রয়োজনীয় সবকিছু করারই নজির দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। গণভোটের মাধ্যমে তিনি তার নির্বাহী ক্ষমতাকে অগাধ করে নিয়েছেন। আর তিনিও যে দীর্ঘমেয়াদে প্রেসিডেন্ট থাকতে চান, তার রাস্তা পরিস্কার করতে তার বিরুদ্ধে থাকা বিরোধী শিবিরকে, তথাকথিত অভ্যুত্থানের অভিযোগে 'সাইজ' করে দিয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। প্রায় আট হাজার পুলিশ সদস্যকে তাদের পদ থেকে বহিস্কার করা হয়েছে। ৩০ জন গভর্নর ও অন্তত ৫০ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ প্রায় ১০ হাজার মানুষ বিভিন্নভাবে এ ঘটনার বলি হয়েছেন। বিশ্নেষকরা বলছেন, অভ্যুত্থান সামনে রেখে সামরিক ও বেসামরিক বাহিনী, সরকারি অফিস- সবখানে শুদ্ধি অভিযান চালিয়ে নিজের মতের বাইরের লোকদের সরিয়ে নিজের ক্ষমতাকে নিস্কণ্টক ও একচ্ছত্র করেছেন এরদোগান। আমাদের পার্শ্ববর্তী ভারত 'বৃহত্তম গণতান্ত্রিক' দেশ হিসেবে স্বীকৃত হলেও হালে সেখানে মোদি হাওয়া বইছে। দলের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ আসলে নরেন্দ্র মোদি। পরিবারতন্ত্র ও একক নেতৃত্বের যে অভিযোগ এতকাল কংগ্রেসের বিরুদ্ধে করে আসছিল বিজেপি, সে দলেও এখন দিন দিন ব্যক্তির প্রভাব বেশি দৃশ্যমান। আর নরেন্দ্র মোদি তার ক্ষমতাকে যেভাবে উপভোগ করছেন, বিশ্বশক্তি হিসেবে নিজেদের আসন আরও শক্ত করার যে স্বপ্ন দেখছেন, তা মেটাতে তিনিও যে ক্ষমতাকে দীর্ঘমেয়াদি করতে চাইবেন না, সেটা খুব সহজে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশেও টানা দু'মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ ও তার জোটভুক্ত দলগুলো। এ সময়ে অর্থনীতিতে অনেক এগিয়েছে বাংলাদেশ। কিন্তু রাজনীতিতে 'প্রকৃত বিরোধী দল' বলে কিছু নেই। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলেও আওয়ামী লীগের 'যোগ্য বিকল্প' হিসেবে যে দাঁড়াতে পারবে, সেটা বলা মুশকিল। ফলে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারে বর্তমান ক্ষমতাসীন জোট। এমতাবস্থায়, আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনা কোন পথে হাঁটেন, সেটাই দেখার বিষয়। ফলত, দেশে দেশে গণতন্ত্রের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। অথচ একটি রাষ্ট্রের সঠিক বিকাশ ও টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের একটা অপরিহার্যতা আছে। আর গণতন্ত্র নিশ্চিত হতে পারে, দলের অভ্যন্তরে 'সবার সমান অংশগ্রহণমূলক চর্চা' ও রাষ্ট্রের সব দলের সমান অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে। পৃথিবীতে এমন গণতন্ত্রেরও নজির আছে, যেখানে অংশগ্রহণমূলক ও দলীয় ব্যবস্থার মধ্য দিয়েই নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটেছে। একক দল ও ব্যক্তির দীর্ঘমেয়াদে থাকার প্রয়োজন হয়নি। সহকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়

Tuesday, March 13, 2018

সহিংসতা নয়, চাই নারীর মর্যাদা by দিলরুবা খানম প্রধান

ব্যক্তির সুষ্ঠু বিকাশ, কাঙ্ক্ষিত ও সুস্থ জীবনের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। সামাজিকীকরণের প্রথম ও শক্তিশালী ক্ষেত্র হলো পরিবার। পরিবার মানুষের সবচেয়ে নিরাপদ আবাসস্থল। কিন্তু সেই পরিবারেই নারীর প্রতি সবচেয়ে বেশি সহিংসতা ও নির্যাতনের ঘটনা সংঘটিত হচ্ছে। পরিবারের সদস্য, বিশেষ করে স্বামীর দ্বারা জীবনের কোনো না কোনো সময় নির্যাতনের শিকার হচ্ছেন নারী। বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাকের ২০১৭ সালে সংঘটিত নারী নির্যাতন সংক্রান্ত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে :নির্যাতনের শিকার নারীদের মধ্যে ৮২ শতাংশ বিবাহিত, ১৭ শতাংশ অবিবাহিত এবং অন্যান্য এক শতাংশ। দেখা যাচ্ছে, বিবাহিত নারীরা বেশি নির্যাতনের শিকার হয়েছেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ২০১৭ সালে মোট ১০ হাজার ৫৯৬টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। যার মধ্যে ৭৭ শতাংশ পারিবারিক নির্যাতন। ২০১৫ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এক জরিপে দেখা যায়, বাংলাদেশে ৮০ শতাংশ নারী বিবাহিত জীবনে একবার হলেও নিজ গৃহে নির্যাতিত হন। এক থেকে ৩৫ বছর বয়সী নারীরা বেশি নির্যাতনের শিকার হয়েছেন।
নির্যাতনের ধরন : যৌতুকজনিত, যৌন, শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক নির্যাতন। এর মধ্যে যৌতুকজনিত যৌন ও শারীরিক নির্যাতনের মাত্রা ভয়াবহ মাত্রায়। ২০১৭ সালে সংঘটিত নির্যাতনের ঘটনাগুলোর বিশ্নেষণে দেখা যায়, ৩২ শতাংশ ঘটনাই ঘটেছে যৌতুকজনিত কারণে আর পারিবারিক সংঘাতজনিত কারণে ২৪ শতাংশ নির্যাতন হয়েছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে ৮৯৪ জন নারীশিশু (১৮ বছরের নিচে) যৌন নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের ধরনগুলো হলো :ধর্ষণ, জখম, পর্নোগ্রাফির শিকার। যার মধ্যে ৫৯৩ জন ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর শিশুহত্যা বা শিশুর আত্মহত্যার ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়ছে। নারীশিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই নিকটাত্মীয়, প্রতিবেশী বা পরিচিত মানুষ দ্বারাই নির্যাতিত হচ্ছে। সমাজের একেবারে নিম্নস্তর থেকে উচ্চতর পর্যন্ত এসব সহিংসতার চিত্র ফুটে উঠছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ২০১৭ সালে সারাদেশে নারী-শিশু নির্যাতনের ঘটনায় ১৭ হাজার ৭৩টি মামলা হয়েছে। বিবিএসের জরিপে আরও দেখা গেছে, বাংলাদেশে ৮০ শতাংশ নির্যাতনের বিপরীতে মাত্র ২.৬ শতাংশ বিবাহিত নারী নির্যাতনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। নির্যাতিত নারীরা সামাজিক মর্যাদা, আইনি জটিলতা, মানবিকতা সর্বোপরি বৃহত্তর পারিবারিক স্বার্থে পুরুষের পাশবিকতা ও নিষ্ঠুরতা সত্ত্বেও উদার হচ্ছেন, তাদের ক্ষমা করছেন, বস্তুত পুরুষকে করুণা করছেন। নারীরা মেনে নিয়ে বা মানিয়ে নিয়ে সমাজে চলছেন। যখন কোনো নারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সঙ্গে তার পরিবার, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক জরিপে দেখা গেছে, নারী নির্যাতনের কারণে বছরে মোট জিডিপির ২.১৩ শতাংশ ক্ষতি হচ্ছে। প্রভাব পড়ছে রাষ্ট্রের উন্নয়নের ওপরও। অন্যদিকে বর্তমানে নারীর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক সফলতা ও অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। আজকের নারীরা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন। নারীরা শুধু ঘর আর সন্তান সামলানো নয়, বিভিন্ন পেশায়, নীতিনির্ধারণী, সাহিত্য, ক্রীড়া এমনকি পর্বতারোহণের মতো চ্যালেঞ্জিং কাজেও সফলতা দেখাচ্ছেন। পোশাক শিল্পে নারীর অবদান গর্ব করার মতো। পুরুষের পাশাপাশি নারীরা নানা প্রতিকূলতা অতিক্রম করে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের টেকসই উন্নয়নে আত্মনিয়োগ করছেন, সহযাত্রী হিসেবে কাজ করছেন। সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন, 'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।' নারীদের যাবতীয় প্রতিবন্ধকতা দূর করে নারী-পুরুষে সমতা আনয়ন করতে হবে। এর জন্য প্রয়োজন পুরুষশাসিত সমাজে নারীর ক্ষমতায়ন। আর নারীর ক্ষমতায়নের প্রধান শর্ত হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বতা। এই স্বাধীনতা ভোগ করছেন নারী সমাজের ক্ষুদ্র অংশ, বিস্তৃত অংশ নানাভাবে নিপীড়ন ও নির্মমতার শিকার হচ্ছেন। বর্তমান যুগে নারীর অনেক প্রাপ্তি নারীর সামনে এগিয়ে চলাকে সাফল্যের দ্বারে পৌঁছে দিচ্ছে; অন্যদিকে নারীর প্রতি সহিংসতা নারীর পথচলাকে ও অগ্রসরতাকে বাধাগ্রস্ত করছে।
নারীরা এখন অনেক আত্মসচেতন ও প্রতিবাদী হয়েছেন। বর্তমান সময়ে নারীদের ভোগ্যপণ্য ভাবার সুযোগ নেই। তারা এখন অনেক আত্মপ্রত্যয়ী। নারী-পুরুষ সম্পর্কের প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টির অর্ধেক হলো নারী আর নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী সমাজকে যখন সামাজিক কুসংস্কার, অশিক্ষা, ধর্মীয় গোঁড়ামির শৃঙ্খলে আবদ্ধ করে অন্ধকারে, অন্তরালে রাখা ছিল, তখন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী সমাজকে জাগ্রত করে সভ্যতার আলোয় উদ্ভাসিত করতে এগিয়ে আসেন। তিনি যথাযথ বলেছেন- 'নারী-পুরুষ একটি গাড়ি দুটি চাকা।' নারী-পুরুষ সমঅধিকার ও ক্ষমতায়নের বিষয়ে আমাদের পবিত্র সংবিধানে সুস্পষ্ট বিধান রয়েছে। পরিবার যেহেতু প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার থেকেই ছেলেসন্তানটিকে নারীর প্রতি ইতিবাচক ও শ্রদ্ধাশীল হতে শেখাতে হবে। পুরুষশাষিত সমাজে পুরুষের কর্তৃত্বপরায়ণতা ও পিতৃতান্ত্রিক মানসিকতা পরিহার করে বন্ধুত্বপূর্ণ হতে হবে। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে নারীর প্রতি পুরুষের সনাতন দৃষ্টিভঙ্গি, আচার-আচরণে পরিবর্তন আনতে হবে। নারী নির্যাতন সংক্রান্ত বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠানাদিতে পুরুষকে সম্পৃক্ত করতে হবে এবং প্রচার-প্রচারণার মাধ্যমে গণসচেতনতা বাড়াতে হবে। যদিও নারী সংগঠনগুলো বহুমুখী পদক্ষেপ নিচ্ছে এবং বর্তমান সরকারও নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারপরও সর্বোপরি রাষ্ট্রকে শুধু আইন প্রণয়ন বা সংশোধন নয়, প্রয়োগেও কঠোর হতে হবে। নারীর প্রতি সহিংসতার ধরন, কৌশল ও নির্যাতনের মাত্রা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে, ঘটছে নিষ্ঠুরতম ঘটনা। নারীর প্রতি আর সহিংসতা নয়, সর্বাগ্রে আপনারা মানুষ হন, তাদের মানুষ ভাবুন এবং তাদের প্রতি মানবিক ও শ্রদ্ধাশীল হোন। নারী-পুরুষ একসঙ্গে একটি সুস্থ ও সুন্দর পরিবার, সমাজ ও উন্নয়নশীল রাষ্ট্র বিনির্মাণে এক কাতারে আসুন। আর নারীর প্রতি যে ১৮ শতাংশ পুরুষ মানবিক, শ্রদ্ধাশীল, সংবেদনশীল ও দায়িত্বশীল আছেন, শ্রদ্ধা রইল তাদের প্রতি। এ বছর আন্তজার্তিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল-'সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা', যা বর্তমান প্রেক্ষাপটে খুবই সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী।
ডেপুটি কিউরেটর, শহীদ স্মৃতি সংগ্রহশালা রাজশাহী বিশ্ববিদ্যালয়

Monday, March 12, 2018

অলিম্পিক গেম ও দুই কোরিয়ার সম্পর্ক by মোহাম্মদ জমির

দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক-২০১৮-এ উত্তর কোরিয়ার অংশগ্রহণে বিশ্বের প্রতিক্রিয়া খুবই কৌতূহলোদ্দীপক। কেউ বিচিত্রময় খেলার আয়োজনে চোখ রেখেছেন আবার কেউ উত্তর কোরিয়ার প্রশাসনের জনসংযোগে ভারসাম্যপূর্ণ তৎপরতাকে সতর্কভাবে বিশ্নেষণ করেছেন। দক্ষিণ কোরিয়ার গাংনেয়াং থেকে সিএনএনের সাংবাদিক এমি লুইস দেখিয়েছেন, ঐক্যবদ্ধ কোরিয়ার অংশগ্রহণে হকি দল এটা প্রমাণ করেছে যে, 'জেতাই সবকিছু নয়।' এটা বলা প্রয়োজন, এবার অলিম্পিকে দুই কোরিয়ার ঐক্যবদ্ধ হকি দলের সূচনা হয়েছে। কিন্তু তাদের হার বিশ্বের কাছে এ বার্তা দিয়েছে যে, জয় সর্বদা সবকিছু নয় কিংবা সব শেষও নয়। দুই কোরিয়ার ঐক্যবদ্ধ এ নারী দলের পুনর্মিলনের একটি উপলক্ষ হয়েছে। দক্ষিণ কোরিয়ার সব প্রজন্মের মানুষ উচ্ছ্বসিত হয়ে ঐক্যবদ্ধ কোরীয় উপদ্বীপের পতাকা নাড়িয়েছে। এক বছর আগেও পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে সৃষ্ট শত্রুতার পর আবার এই অলিম্পিক কোরীয় উপদ্বীপের দুই দেশকে আলোচনার টেবিলে এনেছে। কেউ কেউ অবশ্য ২০১৭ সালের শুরুতে এ রকম পরিবর্তনের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করেছিলেন উত্তর কোরিয়ার আলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর পিয়ংইয়ংয়ের শাসকগোষ্ঠীর কোনো সদস্যের এটাই ছিল প্রথম দক্ষিণ কোরিয়া সফর। যা হোক, কোরিয়ার হকি দল সুইজারল্যান্ডের কাছে হারার পর ম্যাচ শেষে কোরিয়ানরা ঐক্যবদ্ধ দল হিসেবে পরস্পরের সঙ্গে ভাববিনিময় করেছে এবং একত্রে ছবি তুলেছে। দক্ষিণ কোরিয়ার অনেকেই সংবাদমাধ্যমের কাছে বলেছে- তারা আশা করেছিল, ঐক্যবদ্ধ দল দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে আরও উন্নয়ন ঘটবে। তারা একে আশা ও শান্তির বার্তা হিসেবে বিবেচনা করে। এই প্রচেষ্টা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জনহপকিন্স ইউনিভার্সিটির মার্কিন-কোরীয় ইনস্টিটিউটের ভিজিটিং স্কলার মিচেল ম্যাডেন বলেন, দুই কোরিয়ার ঐক্যবদ্ধ হকি দল কোনো পদক জিততে না পারলেও তারা একটি ভালো প্রচার পেয়েছে। তিনি আরও বলেছেন, এ জন্য উত্তর কোরিয়া কোনো অর্থ পাচ্ছে না। এমনকি তারা যদি কোনো জয়ও না পায়, তাতে ব্যথিত হওয়ার কিছু নেই। আর উত্তর কোরিয়া কখনোই তাদের হকির ক্ষেত্রে খুব শক্তিশালী দল মনে করে না। সেখানে হয়তো হাড্ডাহাড্ডি খেলা হয়নি; তবে খেলায় অংশ নিয়েই তারা খুশি। তিনি আশান্বিত এ কারণে যে, এটি অনেক নেতিবাচক ধারণা ও চিন্তার অবসান ঘটাতে যাচ্ছে। সিএনএনের সাংবাদিক জ্যামি তারাবে স্মরণ করছেন, ১৯৮৮ সালে যখন দক্ষিণ কোরিয়া অলিম্পিকের আয়োজন করে, তখন তারা চায় উত্তর কোরিয়া যাতে অংশ নেয়। পিয়ংইয়ং তখন সেখানে অংশগ্রহণে অস্বীকার করে এবং আন্তর্জাতিকভাবে তা বয়কটের ঘোষণা দেয়। তারা সফল হয়নি। কারণ তখন খেলাটির পৃষ্ঠপোষক ছিল কমিউনিস্ট চীনের বেইজিং ও রাশিয়ার মস্কো। অন্যদিকে ১৯৮৯ সালে উত্তর কোরিয়া কয়েক বিলিয়ন ডলার খরচ করে সেখানে একটি বিশ্ব তরুণ সম্মেলনের আয়োজন করে তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য। সেখানে ১৭০টিরও অধিক দেশের প্রতিনিধিদের নিয়ে সপ্তাহব্যাপী সেমিনার, প্রতিযোগিতা ও সঙ্গীত আসরের আয়োজন হয়। তারা ১০৫ তলাবিশিষ্ট হোটেল, মার্বেল পাথরের পাতাল রেল, ফ্রান্সের আর্ক দ্য ট্রিয়েমফের আদলে একটি স্মৃতিসৌধ এবং দেড় লাখ দর্শকের আসনবিশিষ্ট একটি স্টেডিয়াম নির্মাণ করে। বিদেশিদের জন্য তখন এক হাজার অত্যাধুনিক গাড়ি আমদানি করা হয়। এতে উত্তর কোরিয়ার কেবল অর্থনৈতিক ক্ষতিই হয়নি বরং তাতে সে রকম সাফল্য অর্জিত না হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এটা বলা প্রয়োজন যে, পিয়ংইয়ংয়ের ১০৫ তলা রিউগইয়ং হোটেলের কাজ শুরু হয় ১৯৮৭ সালে; কিন্তু আজও হোটেলটির কাজ শেষ হয়নি। যা হোক, এ সময় উত্তর কোরিয়া এ শিক্ষা পেয়েছে যে, অর্থই সবকিছু নয়। এখন আমরা দেখছি, দক্ষিণ কোরিয়ার তরফ থেকে ইতিবাচক পরিবর্তন। তাতে মার্কিন যুক্তরাষ্ট্র-জাপানসহ অন্যরা নড়েচড়ে বসেছে।
দক্ষিণ কোরিয়ার প্রশাসন ও দেশটির প্রেসিডেন্টের উদ্যোগকে উত্তর কোরিয়া ইতিবাচকভাবেই নিয়েছে। এর মাধ্যমে দেশটি দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। স্মরণ করা যেতে পারে- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন তার নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, তিনি নির্বাচিত হলে দুই কোরিয়ার শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নেতৃত্বের ভূমিকা পালন করবেন। ফলে তার সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বোন কিম ইয়ং জংয়ের সাক্ষাৎ খুব একটা চমকপ্রদ ঘটনা নয়। বোনের মাধ্যমে মুন জা-ইনকে উত্তর কোরিয়া সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দেন দেশটির নেতা কিম জং উন। ২০০৭ সালে কিম জং উনের পিতা কিম জং ইলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মু হিউনের সাক্ষাতের পর একে বলা হয় কোরীয় উপদ্বীপের প্রথম ও ঘটনাবহুল সম্মেলন। এ রকম একটি প্রতীক্ষিত সফরকে কোরিয়ার বিশ্নেষকরা মুনের জন্য কূটনৈতিক ক্যু হিসেবে ব্যাখ্যা করেছেন। যে সফর তার রক্ষণশীল পূর্বপুরুষদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কার্যকর ভূমিকা পালন করছে। এমনকি এ সম্পর্ক দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কেও টান পড়বে। এ রকম প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল যখন উষ্ণ আতিথেয়তা পায় এবং বিষয়টি যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সামনে সাংবাদিকরা তুলে ধরেন, তখন সেটি পেন্সের কাছে যেন অস্বস্তির বিষয় ছিল। অবশ্য উত্তর কোরিয়ার নিমন্ত্রণে মুন জা ইনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল কিছুটা সতর্ক। তার কার্যালয়ের তরফ থেকে বলা হয়, দুই দেশের মধ্যে এ ধরনের বৈঠক একটি ভালো ফলই আনবে। তাতে আরও বলা হয়, উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও বৈঠক হওয়া প্রয়োজন। এ কথা এটা ইঙ্গিত করে যে, কূটনৈতিক কৌশলের মাধ্যমেই মুন সামনে এগোতে চান। মুন অবশ্য জোর দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সংলাপের ব্যাপারে একটা জনমত তৈরি হয়েছে। যে সংলাপ আসলে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে সহায়ক হবে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দপ্তরের প্রতিক্রিয়া জানা যায় মুখপাত্র অলিসা ফারার মাধ্যমে- 'আমাদের ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের প্রতি কৃতজ্ঞ; কারণ মুন বৈশ্বিক অবস্থানের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং পারমাণবিক অবরোধের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।' পেন্স আরও বলেছেন- মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হলো, আমরা সর্বতোভাবে উত্তর কোরিয়ার প্রতি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে যাব, যতক্ষণ না দেশটি তার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ না করে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ১০ ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের অবস্থান একই। দৃশ্যত এটা বলা যায় যে, উত্তর কোরিয়ার প্রশাসন পুরো পরিস্থিতি সতর্কতার সঙ্গেই অবলোকন করছে। আর সেটা উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জো ইয়ং স্যামের কথায় বোঝা যায়। তবে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উনের একটি আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মে মাস নাগাদ দু'জনের মধ্যে বৈঠকটি হতে পারে। গোটা পরিস্থিতির আলোকে এ উপসংহার টানা যায় যে, পারমাণবিক আকাঙ্ক্ষার আক্রমণাত্মক কর্মসূচি বনাম প্রচারণা- এ উভয়ের মধ্যে অলিম্পিকের খেলা সমান্তরালভাবে দাঁড়িয়ে গেছে। শীতকালীন অলিম্পিক খেলা যেহেতু শেষ, সামনে কী হয়, সেটাই দেখার বিষয়।
সাবেক রাষ্ট্রদূত
muhammadzamir0@gmail.com

প্রশ্ন নিয়ে কিছু জরুরি প্রশ্ন by আমিরুল আলম খান

হালে দেশের মানুষ দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বলে আমার বিশ্বাস। দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শিক্ষা এবং আর্থিক খাত ভেঙে পড়েছে। আমি আদার বেপারী, তাই আর্থিক খাত নিয়ে কথা বলব না। আমার আলোচনার বিষয় ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা। ফেব্রুয়ারিতে শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার সব প্রশ্নের বহু নৈর্বাচনিক অংশ এবার আগেভাগেই ফাঁস হয়েছে। ফলে গোটা পরীক্ষাই প্রশ্নবিদ্ধ। স্বীকার করতেই হবে, ফাঁস হওয়া প্রশ্নপত্র সবাই পায়নি, পেয়েছে অল্প কিছুসংখ্যক পরীক্ষার্থী। ফলে সুযোগের সমতা বিনষ্ট হয়েছে। এখন পরীক্ষার ফলে এর যে প্রভাব পড়বে, তা হবে অত্যন্ত মারাত্মক। সবচেয়ে বেশি সংকট হবে আস্থার। এ বছর যারা পাস করবে, বিশেষ করে যাদের ফল ভালো হবে, তাদের সবাইকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের গায়ে ফাঁস হওয়া প্রশ্নের গন্ধ লেগে থাকবে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ না নিয়েও সারা জীবন অনেককেই এই অপবাদ সহ্য করতে হবে; কিন্তু কোন অধিকারে তাকে দায়ী করব আমরা? বেশ কিছুকাল ধরে বাংলাদেশে সর্বক্ষেত্রে হুটহাট সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা বেড়েছে। কেন এমন হুটহাট সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার কোনো সন্তোষজনক জবাব জাতি জানতে পারছে না। কোনো রকম বিশেষজ্ঞ পরামর্শ ছাড়াই কিছু অতি উৎসাহী মানুষ একের পর এক ভুল সিদ্ধান্ত দিচ্ছে আর তার মূল্য দিয়ে চলেছে দেশের সাধারণ মানুষ। কিন্তু ভুল কাজের জন্য কাউকে শাস্তি পেতে হচ্ছে না। শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাপনা দুটি ভিন্ন বিষয়। শিক্ষার সঙ্গে যুক্ত সুদূরপ্রসারী পরিকল্পনা। একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় শিক্ষা ব্যবস্থার ওপর। অন্তত আগামী ৫০ বছরে দেশি ও বৈদেশিক চাহিদা অনুমান ও বৈশ্বিক অবস্থা বিবেচনা করে শিক্ষার ভিত তৈরি করতে হয়। শিক্ষার ভিত্তি হলো কারিকুলাম। সে কারিকুলামের লক্ষ্য অর্জনে তাকে ভাগ করা হয় শ্রেণিভিত্তিক সিলেবাসে। কাজটি খুবই জটিল ও দীর্ঘমেয়াদি। তাই পৃথিবীর কোনো দেশেই কারিকুলাম-সিলেবাসে যখন-তখন হস্তক্ষেপ করা হয় না। বিশেষজ্ঞরা এসব নিয়ে নিরন্তর গবেষণা করেন এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্তন, বর্জন ইত্যাদি করে থাকে। শিক্ষার কোন স্তরে কী পড়ানো হবে, কতক্ষণ পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে, কীভাবে শিখনফল যাচাই করা হবে, কোন ধরনের প্রশ্ন করে তা যাচাই করা হবে, কোন কর্তৃপক্ষ কীভাবে তা যাচাই করবে, সে জন্য কত সময় ও নম্বর বরাদ্দ করা হবে ইত্যাদি যাবতীয় বিষয় পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা থাকে সিলেবাস-কারিকুলামে। তাই কারিকুলাম ও সিলেবাসকে বলা হয় শিক্ষার মস্তিস্ক। আমাদের দেশে নব্বই দশকে বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা নেওয়া চালু হয়। প্রথমে ৫০০ প্রশ্নের একটি প্রশ্নব্যাংক করে তা থেকে প্রশ্ন করা হয়েছিল। তখন বহু নৈর্বাচনিক প্রশ্নে নম্বর ছিল ৫০। তার ফল শুভ হয়নি। পরে প্রশ্নব্যাংক উঠিয়ে দেওয়া হয়। ১৯৯৬ সালে বহু নৈর্বাচনিক প্রশ্ন উঠিয়ে দেওয়া হয়। পরে আবার চালু করা হয়। মোট নম্বরের ৪০ ভাগ ছিল বহু নির্বাচনী প্রশ্ন। এখন তা ৩০ ভাগে নামিয়ে আনা হয়েছে। ২০১০ সাল থেকে পর্যায়ক্রমে সনাতন পদ্ধতির পরিবর্তে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করা হয়। এবার মাধ্যমিক প্রশ্নের ৭০ ভাগ ছিল সৃজনশীল। কিন্তু শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ না দিয়েই এ পদ্ধতি চালু করায় নানা জটিলতা সৃষ্টি হয়েছে। শিক্ষকরা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াতে পারছেন না। অভিভাবকরাও সন্তানদের পড়ায় সাহায্য করতে পারছেন না। ফলে দেশে নোট-গাইডের বান ডেকেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রশ্ন ফাঁস। এবার নাকি শুধু বহু নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্ন ফাঁস হয়েছে। সৃজনশীল অংশ নাকি ফাঁস হয়নি। এ বিষয়টি নিরপেক্ষ ও নিরাসক্তভাবে পর্যালোচনার দাবি রাখে। প্রত্যেক বিষয়ে বহু নৈর্বাচনিক প্রশ্ন করা হয় চার সেট। সেখানে একই প্রশ্নের ক্রমপরিবর্তন করে দেওয়া হয়, যাতে পরীক্ষা হলে পরস্পর বলাবলি করে কেউ উত্তর দেওয়ার সুযোগ না নিতে পারে। ধরা যাক, বাংলার কোনো পত্রের বহু নির্বাচনী প্রশ্ন ফাঁস হলো। তাহলে যদি চার সেট প্রশ্নই ফাঁস না হয়, তার যে সমাধান দুর্বৃত্তরা সরবরাহ করবে, সে উত্তর এক-চতুর্থাংশ পরীক্ষার্থীর কাজে লাগলেও বাকিদের উত্তর ভুল হবে এবং কম্পিউটার প্রযুক্তির সাহায্যে মূল্যায়নের ফলে সেই ভুল সংশোধনের কোনো উপায়ও থাকবে না। মিডিয়ায় বহু নির্বাচনী প্রশ্ন ফাঁসের যেসব খবর বেরিয়েছে, তাতে আমরা নিশ্চিত নই চার সেট প্রশ্নই ফাঁস হয়েছে কিনা। এদিকে এটা বলা হচ্ছে যে, সৃজনশীল প্রশ্ন ফাঁস হয়নি। তাই দাবি উঠেছে, বহু নৈর্বাচনিক প্রশ্ন বাদ দিতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে, ২০১৯ সাল থেকে মাধ্যমিকে ৩০ নম্বরের বহু নির্বাচনী অংশ থাকবে না। তবে কি আগামী বছর থেকে শতভাগ সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে? আগামী বছর যদি সৃজনশীল প্রশ্ন ফাঁস হয়, তখন কি সৃজনশীল পদ্ধতি বাদ দেওয়া হবে? এমন সিদ্ধান্ত স্রেফ মূর্খতা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কি পদ্ধতিগত সমস্যা? আমি মনে করি, এটি একটি ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা। তার সঙ্গে যুক্ত মূল্যবোধ বা নৈতিকতার সংকট। আরও স্পষ্ট করে বললে, দুর্নীতির সীমাহীন বিস্তারের সমস্যা। কিন্তু কিছু লোক পরামর্শ দিচ্ছেন, বহু নৈর্বাচনিক পরীক্ষা ব্যবস্থাই এ জন্য দায়ী। এ দেশে তো সরকারি কর্মকমিশন থেকে সব চাকরিক্ষেত্রে বহু নৈর্বাচনিক অভীক্ষা নেওয়া হয়। তাহলে শিক্ষার্থীদের বহু নির্বাচনী প্রশ্নে দক্ষ করে তোলা হবে না কোন যুক্তিতে? এই পদ্ধতির সুবিধা, অসুবিধা দুটিই আছে। কারও কারও মতে, এ পদ্ধতির সবচেয়ে বড় ত্রুটি এটা অনেকটা স্মৃতিনির্ভর। কিন্তু স্মৃতিতে ধারণ করা শিক্ষাক্ষেত্রে অস্বীকৃত কোনো পন্থাও নয়। এমনকি ব্লুম টেক্সোনমিতে ১৯৫৬ সালে যাকে 'জ্ঞান' বলা হয়েছিল স্বয়ং ব্লুমের নেতৃত্বে ১৯৯৯ সালে তা সংশোধন করে 'স্মরণ করা' বলা হয়েছে এবং ২০০১ সাল থেকে তার চর্চাও হচ্ছে বিশ্বব্যাপী। বহু নৈর্বাচনিক অভীক্ষার আরেকটি বিপদ হলো, পরীক্ষার্থীরা সুযোগ পেলে পরস্পর আলোচনা করে উত্তর দিতে পারে। সেটি প্রতিরোধে একই প্রশ্নের ক্রমপরিবর্তন করে চার সেট আলাদা আলাদা প্রশ্ন তৈরি করা হয়। তাছাড়া এমনভাবে আসন বিন্যাস করে একই সেটের পরীক্ষার্থীদের দূরে দূরে বসানো হয়, যাতে একে অন্যের উত্তর দেখে বা বলাবলি করে উত্তর দিতে না পারে। এ বিষয়ে ওপরে আলোচনা করা হয়েছে। অন্যদিকে সুবিধা হলো, এই পদ্ধতিতে সিলেবাসের সবকিছুই মনোযোগ দিয়ে শিখতে হয়। বহু নৈর্বাচনিক অভীক্ষার কিছু বিজ্ঞানভিত্তিক সূত্র আছে। সেগুলো অনুসরণ করলে এই অভীক্ষায় শিক্ষার্থীর শিখনফল নৈর্ব্যক্তিকভাবে যাচাই করা যায়। তাছাড়া এই পদ্ধতিতে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে অতি অল্প সময়ে সঠিক মূল্যায়ন ও ফলাফল তৈরি করা যায়। তাই সারা পৃথিবীতেই বহু নৈর্বাচনিক অভীক্ষা চালু আছে। কিন্তু আমাদের দেশে বৈজ্ঞানিক ভিত্তিতে বহু নৈর্বাচনিক প্রশ্ন তৈরি করা হয় না, যেটি করা জরুরি ছিল। দেখা যাচ্ছে, বহু নির্বাচনী অভীক্ষার দুর্বলতা দূর করার বিজ্ঞানসম্মত উপায় আছে। কাজেই বহু নির্বাচনী অভীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণ নিশ্চয়ই পদ্ধতির ত্রুটি নয়; ব্যবস্থাপনা ও নিরাপত্তাঘটিত ত্রুটি। তাহলে ব্যবস্থাপনা, মূল্যবোধ বা নিরাপত্তা সংক্রান্ত ত্রুটির দায় শিক্ষার্থীরা কেন বহন করবে? এর কারণ উপযুক্ত প্রশিক্ষণ অভাবের। সে দায় শাসন ব্যবস্থার, প্রশাসনের, শিক্ষকের, আইন প্রয়োগে শৈথিল্যের। শিক্ষায় যে কোনো পরিবর্তন করার বিষয়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হলো জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কিন্তু এ সম্পর্কে তারা কোনো কথা বলছে না। যেসব জনপ্রিয় শিক্ষাবিদ বহু নির্বাচনী অভীক্ষা তুলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন, তাদের কেউই শিক্ষাবিজ্ঞানী বা কারিকুলাম বিশেষজ্ঞ নন। আমলারাও কেউ কারিকুলাম বিশেষজ্ঞ নন। আমাদের দেশে শিক্ষাকে বিজ্ঞান বলেই স্বীকৃতি দেওয়া হয় না। তেমনি পার্থক্য করা হয় না শিক্ষক ও শিক্ষাবিজ্ঞানীদের মধ্যেও। এখানে জনতুষ্টিবাদের জয়জয়কার। জনতুষ্টিবাদীদের পরামর্শ কোনো সঠিক পথ প্রদর্শনে সফল হয় না। তাছাড়া মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্ন নিয়ে শিক্ষার্থী ও জনমনে নিদারুণ উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। সে কারণে শতভাগ সৃজনশীল প্রশ্ন জনচিত্তে ক্ষোভ সঞ্চার করতে পারে। আমরা মনে করি, বহু নির্বাচনী অভীক্ষা পুরোপুরি তুলে দেওয়া সঠিক নয়। তবে নম্বর কিছু কমিয়ে ১৫ থেকে ২০ করা যায় কিনা সে বিষয়ে শিক্ষাবিজ্ঞানীদের পরামর্শ নেওয়া যেতে পারে। যা কিছুই করা হোক, তা করতে হবে যথোপযুক্ত ব্যক্তিদের পরামর্শে ও ধীরেসুস্থে; তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত বুমেরাং হতে বাধ্য।
amirulkhan7@gmail.com
যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান

Thursday, March 8, 2018

স্বাস্থ্য খাতে যে মানবসম্পদ প্রয়োজন

গত ১৫ ফেব্রুয়ারি সমকালে 'কোথায় যাবেন এত চিকিৎসক' শিরোনামে প্রকাশিত সংবাদ পড়ে মনে হওয়া স্বাভাবিক, দেশে এখন চিকিৎসকের সংকট তো নেই-ই বরং প্রাচুর্য আছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের একটি সমীক্ষার প্রেক্ষাপটে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, ১৬ কোটি মানুষের বিপরীতে চিকিৎসকের চাহিদা ছিল ৬৩ হাজার ৩৯৫ জন, অথচ জোগান ছিল ৭৪ হাজার ৯২৪। সে হিসাবে ১১ হাজার ৫২৯ জন চিকিৎসক 'উদ্বৃত্ত' ছিলেন। এটা চিকিৎসকদের জন্য উদ্বেগের ব্যাপার হলেও রাষ্ট্রের জন্য আনন্দের। যেখানে বিশ্বের উন্নত দেশগুলোতে পর্যন্ত চিকিৎসকের প্রচণ্ড সংকট আছে, সেখানে বাংলাদেশে কি-না চিকিৎসক 'উদ্বৃত্ত' আছে- এটা আশা জাগানিয়া বিষয় বটে! তবে বিআইডিএসের সমীক্ষা গভীরভাবে খতিয়ে দেখলে এতে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যাবে। প্রতি ২৫২২ জনের জন্য একজন চিসিৎসক হিসাব করার কারণে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, আমাদের বোধ হয় অনেক চিকিসৎক আছেন। কোন যুক্তিতে ২৫২২ জনের জন্য একজন চিকিসৎক প্রয়োজন, সেটা স্পষ্ট হওয়া দরকার ছিল। কারণ 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' অর্জনের জন্য প্রতি ১০০০ জন মানুষের বিপরীতে ৪.৪৫ জন স্বাস্থ্য সেবাদানকারী প্রয়োজন। সেই দলে চিকিৎসকের সংখ্যা হতে হবে গড়ে ১.৫৬ জন। সে হিসাবে উল্লিখিত ২৫২২ জনের জন্য প্রায় চারজন (৩.৯৩) চিকিৎসক প্রয়োজন আর ১৬ কোটি মানুষের জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ চিকিৎসক। বাংলাদেশে বর্তমানে মেডিকেল ও ডেন্টাল মিলিয়ে মোট চিকিৎসকের সংখ্যা এখন এক লাখের নিচে। কাজেই এখনও আমাদের চিকিৎসকের ঘাটতি আছে এবং উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের আরও চিকিৎসক প্রয়োজন। দেশে শুধু চিকিৎসকই নয়, অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মীরও তীব্র ঘাটতি রয়েছে। বাংলাদেশ বিশ্বের বিরলতম দেশগুলোর একটি, যেখানে ডাক্তারের সংখ্যা নার্স সংখ্যার প্রায় দ্বিগুণ। সঠিক উপায়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য একটি স্বাস্থ্য কাঠামোতে চিকিৎসকের সঙ্গে আনুপাতিক হারে নার্সও থাকতে হবে। তা ছাড়া দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, কমিউনিটি স্বাস্থ্যসেবা দানকারীসহ বিভিন্ন শ্রেণির যে সংকট বিরাজমান, সেটা নিরসনে আমাদের একটি সুনির্দিষ্ট স্বাস্থ্য মানবসম্পদ নীতি থাকা প্রয়োজন। কেবল জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নয়, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য জরুরি বিষয়, যেমন রোগের ধরন পরিবর্তন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, সামাজিক প্রগতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন- এসব নানা দিক বিবেচনায় রেখে আমাদের ভাবতে হবে, আগামীর বাংলাদেশে আমরা কেমন স্বাস্থ্যসেবা চাই এবং সেটা নিশ্চিত করতে আমাদের ঠিক কী পরিমাণে জনশক্তি প্রয়োজন।
এ পরিমাণটি ঠিক করা গেলে আমাদের ভাবতে হবে, আগামীর বাংলাদেশে আমরা কেমন স্বাস্থ্যসেবা চাই এবং সেটা নিশ্চিত করতে আমাদের ঠিক কী পরিমাণে জনশক্তি প্রয়োজন। এই পরিমাণটি ঠিক করা গেলে আমাদের ভাবতে হবে, আমরা কীভাবে এই জনশক্তিকে গড়ে তুলব। আমাদের নজর দিতে হবে স্বাস্থ্যশিক্ষার দিকে। সরকারি ও বেসরকারি সব মেডিকেল, ডেন্টাল, নার্সিং ও অন্যান্য বিদ্যাপীঠে যেন সঠিক মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয়- সেটা নিশ্চিত করতে হবে। আগামীর স্বাস্থ্য খাতের সেনানীরা যদি পেশাগতভাবে দক্ষ না হন, তাহলে দেশের ভেতরে কিংবা বাইরে কোথাও তাদের দ্বারা কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে না। স্বাস্থ্যশিক্ষা বিশ্বের সর্বত্র একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে স্বীকৃত। কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের বিবেচনায় রাখতে হবে। পরিমাণ ও গুণগত মান- এই দুটি যথেষ্ট পরিমাণে বজায় রেখে জনশক্তি উৎপাদন করার পর তাদের এমনভাবে দেশের অভ্যন্তরে কাজের সুযোগ করে দিতে হবে, যাতে জনগণ তাদের প্রাপ্য সেবাটি বুঝে নিতে পারে। দেশের স্বাস্থ্য অবকাঠামোর সিংহভাগ শহরে অবস্থিত, অথচ মোট জনসংখ্যার সিংহভাগ গ্রামে থাকে- এ এক চরম বৈষম্য। স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ না করা গেলে চিকিৎসক ও রোগী- উভয়ের শহরমুখিতা বাড়বে। তাতে শহরের যানজট বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার অবনতি ছাড়া আর কিছু হবে না। কীভাবে স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানগুলোকে দেশের বেশিরভাগ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়, সে জন্য সহজ অথচ কার্যকর উদ্যোগ নিতে হবে। আমাদের স্বাস্থ্যসেবায় আরেক সমস্যা ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য। একই শহরে হৃদরোগে আক্রান্ত বিত্তবান মানুষটি যে সেবা নিতে পারেন, একজন বিত্তহীনের পক্ষে তা ভাবা দুস্কর। বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, আমাদের দেশে স্বাস্থ্যসেবা নিতে গেলে প্রায় ৬৭ শতাংশ ব্যয়ভারের জন্য আমাদের কোনো প্রস্তুতি থাকে না। এই ব্যয়বহুল চিকিৎসা থেকে লব্ধ অর্থের সিংহভাগ চলে যায় গুটিকতক বেসরকারি খাতের ক্লিনিক ও হাসপাতাল মালিকদের পকেটে। ফলে 'স্বাস্থ্যসেবা' বাংলাদেশে একটি লাভজনক বাণিজ্যে রূপ নিয়েছে এবং শব্দটির 'সেবা' অংশটি যেন আজকাল উপহাসে পরিণত হয়েছে। এই পরিস্থিতির আশু নিয়ন্ত্রণ প্রয়োজন। দেশের সিংহভাগ মানুষের আয়ের সঙ্গে যেন চিকিৎসা ব্যয়ের সঙ্গতি থাকে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে দক্ষ সেবাদানকারীর সেবা গ্রহণযোগ্য খরচে রোগীর কাছে পৌঁছায়, তা না হলে দেশে যতই চিকিৎসক-নার্স থাকুক তার সুফল জনগণ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে যদি আমরা দেশের ভেতরে সংখ্যায় ও মানে যথেষ্ট চিকিৎসা-জনশক্তি গড়ে তুলতে পারি এবং তাদের সেবা সুলভে জনগণের কাছে পৌঁছে দিতে পারি, তখন আমাদের সুযোগ সৃষ্টি হবে দেশের ভেতরে 'চিকিৎসা পর্যটন' গড়ে তোলার। এতে দেশের জনশক্তি দেশে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। প্রয়োজনে টেলিমেডিসিনের মাধ্যমে অন্যান্য উন্নয়নশীল দেশের চিকিৎসা-পরামর্শ প্রদান থেকে শুরু করে নানাভাবে আমাদের জনশক্তিকে বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত করা সম্ভব। আমাদের চিকিৎসা শিক্ষাকে যদি উন্নত দেশের সমমানে উন্নীত করা যায়, তাহলে দেশের বিদেশি শিক্ষার্থীদের পড়তে আসা এবং দেশের চিকিৎসকদের বিদেশে চিকিৎসা দেওয়া সহজতর হবে। তবে দেশের মানুষের চাহিদা অপূর্ণ রেখে এসব ভাবা কোনোক্রমেই সমীচীন হবে না। আমাদের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত দায়িত্বশীল সবাইকে মনে রাখতে হবে, একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্যহীন জনমুখী রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেটার সংবিধান অনুসারে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। সেই সেবা দিতে আমাদের একটি সময়োপযোগী স্বাস্থ্য মানব সম্পদনীতি প্রণয়ন আবশ্যক। সেটা সঠিক পরিমাণে সঠিক গুণগত মানের জনশক্তি গড়ে তুলবে এবং তাদের মাধ্যম বাংলার প্রতিটি মানুষকে তার প্রাপ্য স্বাস্থ্যসেবার অধিকারটুকু বুঝিয়ে দেবে। আজীবন সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং গবেষণা কর্মকর্তা ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ, ভারত
mahbub321@gmail.com

Wednesday, March 7, 2018

কালোত্তীর্ণ ভাষণ by অধ্যাপক ড. মীজানুর রহমান

১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এই জনপদে ও বাঙালির ইতিহাসে প্রথম স্বাধীন জাতিরাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্রের স্থপতি। জার্মান দার্শনিক ফ্রেডরিখ হেগেলের (১৭৭০-১৮৩১) ভাষায়, 'মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে রাষ্ট্র সৃষ্টি করা।' বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল ইতিহাসের অনিবার্যতা। ৭ মার্চ ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর একটি। অনেকেই ধরে নিয়েছিলেন, বঙ্গবন্ধু ওইদিন স্বাধীনতার ঘোষণা দেবেন। ৬ মার্চ বিশ্ববিখ্যাত 'দি ডেইলি টেলিগ্রাফ' পত্রিকার এক নিবন্ধে বলা হয়, শেখ মুজিব একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারেন। অনেক তথাকথিত বিশ্নেষক তাদের লেখায় ও বক্তৃতায় এখনও বলেন, শেখ মুজিব যদি ৭ মার্চ স্বাধীনতা ঘোষণা দিতেন, তাহলে লাখো জনতা ঢাকা সেনানিবাস আক্রমণ করত; এতেই অনেক কম মূল্যে আমরা স্বাধীনতা পেয়ে যেতাম। বঙ্গবন্ধুর ইতিহাস সচেতনতা এবং আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতার সম্যক ধারণা এত প্রগাঢ় ছিল যে, তিনি কোনো অবস্থাতেই একতরফা স্বাধীনতা ঘোষণা করে আমাদের স্বাধীনতার সংগ্রামকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের তকমা লাগানোর সুযোগ দেননি। বিশ্ব পরিস্থিতি আমাদের কতটা প্রতিকূল ছিল, তা বোঝার জন্য বলছি- আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকা, চীন ও ইসলামিক দেশগুলো বিরোধিতা করেছে। ৭ ডিসেম্বর (১৯৭১) জাতিসংঘের ভোটাভুটিতে আমাদের বিপক্ষে ভোট দিয়েছিল ১০৪টি দেশ, পক্ষে মাত্র ১১টি, ভোটদানে বিরত ছিল ১০টি দেশ। ২৫ মার্চের রাতে বাঙালি যখন পাকিস্তানিদের একতরফা যুদ্ধের শিকার হলো, তিনি স্বাধীনতা ঘোষণা করেন। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু সবই বলেছিলেন, শুধু একতরফা স্বাধীনতার ঘোষণাটি ছাড়া। '...তোমাদের কাছে অনুরোধ রইল। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা (আক্রমণ নয়) করতে হবে। ... আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো...।' যেমনটি পাওয়া যায় উইনস্টন চার্চিলের ৪ জুন ১৯৪০-এর 'উই শ্যাল ফাইট অন দি বিচেস' বক্তৃতায়, '...আমরা সাগরে লড়ব, মহাসাগরে লড়ব... আমরা অবশ্যই লড়ব... আকাশে, আমরা আমাদের দ্বীপকে সুরক্ষা দেব... এতে যত ত্যাগই স্বীকার করতে হয়।' বঙ্গবন্ধুর ভাষণ এখন শুধু বাঙালির নয়,
সারাবিশ্বের তথা মানবসভ্যতার অহঙ্কার। এ ভাষণ কালোত্তীর্ণ বিশ্ব ক্লাসিক। বঙ্গবন্ধুর ভাষণে অনেক কিছুই রয়েছে, যা চলমান সমসাময়িক বিশ্বে খুবই প্রাসঙ্গিক। বিশ্বের দেশে দেশে আঞ্চলিক ও গোষ্ঠী-দ্বন্দ্ব নিরসনে সমঝোতাকে প্রথমে বেছে নিতে হবে। সমঝোতার সব পথ রুদ্ধ হলেই অন্য পথ ধরতে হবে। গণতন্ত্র মানেই সংখ্যাগরিষ্ঠের মতকে প্রাধান্য দেওয়া নয়, এটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণের অন্যতম একটি শিক্ষা। বেশিরভাগ লোক যা বলবে তাই গণতন্ত্র, এটা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক উপলব্ধি ছিল না। বঙ্গবন্ধুর ভাষায়- '...যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব।' একটা সমাজের সংখ্যাগুরুদের দায়িত্ব হচ্ছে ক্ষুদ্র জনগোষ্ঠীর হেফাজত করা। যদিও মূলত পাকিস্তানিদের পক্ষাবলম্বনকারী বিহারিদের উপলক্ষ করেই বঙ্গবন্ধু বলেছিলেন, '... এই বাংলায় হিন্দু-মুসলিম, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের ওপর, আমাদের যেন বদনাম না হয়।' বঙ্গবন্ধুর ভাষণের এই অংশটুকু কতটা কালোত্তীর্ণ তা আজকের বিশ্বের দিকে তাকালেই বোঝা যায়। ইরাক ও তুরস্কের কুর্দিদের বা মিয়ানমারের রোহিঙ্গাদের দুরবস্থার দিকে তাকালে আরও বেশি স্মরণে আসবে বঙ্গবন্ধুর ভাষণ। রামু, নাসিরনগর বা গাইবান্ধার ঘটনা পুনরাবৃত্তি রোধেও প্রয়োজন বঙ্গবন্ধুর এই দার্শনিক উক্তির অনুসরণ। বঙ্গবন্ধু এক বাক্যে বাঙালির ভবিষ্যৎ রচনা করে বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। তাঁর শুধু একটি উদাহরণ পদ্মা সেতু। দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে কাল্পনিক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংক যখন সরে গেল, তখন এডিবি, জাইকাসহ আরও নানা উন্নয়ন সহযোগী পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যায়। কিন্তু বঙ্গবন্ধুকন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবেন অনেকটা যেন বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্যেরই প্রতিফলন, '...৭ কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না।' ভাষণে 'স্বাধীনতা' শব্দটি একবার উচ্চারিত হলেও 'মুক্তি' শব্দটি ব্যবহার করেছেন কয়েকবার। স্বাধীনতা লাভের মাধ্যমে পরাধীনতার অবসান হলেও মানুষ অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করে না। মুক্তি বলতে সব বঞ্চনা, বৈষম্য, শোষণ, সংকীর্ণতা, কূপমণ্ডূকতা, চেতনার দীনতা থেকে মুক্তিকে বুঝিয়ে ছিলেন বঙ্গবন্ধু। অর্থনৈতিকভাবে আমরা দ্রুত এগোচ্ছি। এ বছরই আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাচ্ছি। ২০৪১ সালে আমরা উন্নত দেশে পরিণত হবো, তবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে দৃঢ়ভাবে না ধরলে এ উন্নয়ন টেকসই হবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের মুক্তিসংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে মানুষের মুক্তির সংগ্রাম অব্যাহত থাকুক- এটাই আজকের প্রত্যাশা।
উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Tuesday, March 6, 2018

ত্বকীর কাছে আমাদের দায় by মুজাহিদুল ইসলাম সেলিম

তানভীর মুহাম্মদ ত্বকী নামটা এখন সারাদেশের মানুষের কাছে পরিচিত। তার নির্মম-নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশবাসী গত ৫ বছর ধরে সংগ্রাম করছে। দেশের ক্ষমতাসীন শক্তির ঘনিষ্ঠ ও মদদপুষ্ট খুবই প্রভাবশালী একটি মহল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সে কারণেই হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হচ্ছে বলে দেশবাসীর বিশ্বাস। এসব কারণে ত্বকী হত্যাকাণ্ড একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে সবাইকে আলোড়িত করে চলেছে। সাড়া জাগানো এই আন্দোলনকে জাগিয়ে রাখতে হবে ততদিন পর্যন্ত, যতদিন না ত্বকী হত্যাকাণ্ডের বিচার সুসম্পন্ন হয়। মেধাবী ও স্বপ্নবান কিশোর ত্বকীর মৃত্যুর চেয়ে তার স্বল্পকালের জীবন কম চাঞ্চল্যকর ও সম্ভাবনাময় ছিল না। ধারণা করা অমূলক নয় যে, তার চাঞ্চল্যকর অকালমৃত্যুর মধ্য দিয়ে নয়, তার জীবনের জন্যই একসময় সে সারাদেশে অবশ্যই পরিচিতি পেত। কিন্তু প্রস্টম্ফুটিত হওয়ার আগেই ফুলটা ঝরে গেল! একটা সম্ভাবনাকে নির্মমভাবে হত্যা করা হলো। ১৭ বছরের এই দুর্দান্ত কিশোর সমাজ ও রাষ্ট্রকে কতক গুরুতর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তার এভাবে চলে যাওয়ার দায় আমরা কিছুতেই এড়াতে পারি না। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মী ত্বকীর জীবন-ভাবনা ছিল বেশ স্পষ্ট। তার লেখায়, কবিতায় তার প্রগতিশীল চিন্তা ফুটে ওঠে। সাম্যের সমাজের স্বপ্ন দেখত সে। 'সাম্য' কবিতায় সে লিখেছে, 'ঘরে ঘরে জ্বলে উঠবে/ জ্ঞান-প্রীতির আলো,/ থাকবে না হিংসা বিদ্বেষ/ মানুষে সাম্য হবে/ সকলেই এক হবে/সকলের জ্ঞান হবে/ আকাশ চূড়ায়।' শান্ত ও অনেকটা অন্তর্মুখী স্বভাবের ত্বকী ছবি আঁকত, গান গাইত। বই ছিল তার নিত্যসঙ্গী। মৃত্যুর পর মেধাবী এই তরুণের 'এ' লেভেল পরীক্ষার ফল প্রকাশিত হয়। পদার্থবিদ্যায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর ও রসায়নে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পায় সে। কিন্তু পাঠ্যবইয়ে ডুব দিয়ে থাকেনি সে, প্রগতিশীল সাহিত্যের সঙ্গে ছিল তার দৈনন্দিন যোগাযোগ। সত্যিকারের মানুষ হতে চেয়েছিল সে। আত্মসর্বস্ব প্রতিষ্ঠা নয়, সবাইকে নিয়ে উন্নত, মানবিক সমাজ গড়তে চেয়েছে। সে তার কবিতায় মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলেছে। সত্যিকারের মানুষ হতে সে নিয়মিত নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারে যেত। সন্ত্রাসীরা যখন তাকে অপহরণ করে, তখন সে সুধীজন পাঠাগারে যাচ্ছিল। ত্বকীর হত্যাকাণ্ড ছিল নির্মম, বীভৎস। তার সুন্দর চোখ দুটি থেঁতলে দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল মাথায়। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছিল। তারপর তার দেহ ফেলে দেওয়া হয়েছিল শীতলক্ষ্যা নদীতে।
দু'দিন পর ত্বকীর দেহ পাওয়া গিয়েছিল শীতলক্ষ্যা নদীতে। ১৭ বছরের এক কিশোরকে হত্যা করতে ঘাতকরা তাদের আয়োজনে কোনো ফাঁক রাখেনি। নিষ্পাপ এই কিশোরের কথা মনে পড়লেই তার নিষ্পাপ চোখ দুটি ভেসে ওঠে। ত্বকীকে কেন ঘাতকদের টার্গেট হতে হলো? কারণ হয়তো এই যে, স্পর্ধাকে ঘাতকরা সহ্য করতে পারে না, স্পর্ধাকে ওরা ভয় পায়। কবি সুকান্ত লিখেছিলেন, 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।' ত্বকী যেন তার মায়াবী মুখ আর দুর্দান্ত সাহস নিয়ে নেমে এসেছিল নারায়ণগঞ্জের বুকে- এ দেশের বুকে। ঘাতকরা তাকে ছিনিয়ে নিয়ে সেই সাহসী আগমনকে রুখতে চেয়েছিল। কিন্তু মৃত্যুর পর সে এখন অনেক বেশি জীবন্ত। ত্বকী এক দ্বিধাহীন কিশোর। সে লিখেছে, 'ভয় কিসের? দ্বিধা কেন মৃত্যুতে'। মৃত্যুর মধ্য দিয়ে সে বুঝিয়ে দিয়ে গেছে যে, সে কতটা দ্বিধাহীন ও ভয়মুক্ত। ত্বকী চলে গেছে; কিন্তু মানুষকে জাগিয়ে দিয়ে গেছে সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ত্বকী এখন ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। ত্বকী যেন একালের প্রমিথিউস। গ্রিক পুরাণের দেবতা প্রমিথিউস স্বর্গ থেকে আগুন চুরি করে মানুষকে দিয়েছিল। আগুন পেয়ে মানুষের সভ্যতা অনেক অগ্রসর হয়েছিল। এর জন্য প্রমিথিউসকে নির্মম শাস্তি পেতে হয়েছিল। ত্বকী যেন ঠিক তেমনি নারায়ণগঞ্জকে মানুষের বাসযোগ্য করার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে মশাল জ্বালিয়ে দিয়ে গেছে। আর তার বিনিময়ে তাকে আলিঙ্গন করতে হয়েছে মৃত্যুকে। নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার বিপরীতে একটি পরিবার এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই পরিবার একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের 'টর্চার সেল' এক মহাআতঙ্কের নাম। কত মানুষকে যে এই 'টর্চার সেলে'র মুখোমুখি হতে হয়েছে তার হিসাব নেই। সরকার এই পরিবারকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। ত্বকীর খুনিরা চিহ্নিত। সবাই তাদের চেনে, জানে। আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করা আছে। সে কথা প্রকাশিতও হয়েছে। এমন জবানবন্দির পরেও পাঁচ বছর অতিবাহিত হলো; কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না। সরকার খুনিদের রক্ষা করে চলছে। ত্বকীর কথা বলতে গেলে তার বাবা রফিউর রাব্বির কথা বলতেই হয়। ছাত্র ইউনিয়নের সাবেক নেতা রাব্বি নারায়ণগঞ্জের প্রগতিশীল আন্দোলনের পরিচিত মুখ। জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনে, নাগরিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তার এই সাহসীপনা সন্ত্রাসী-গডফাদারদের কায়েমি স্বার্থে আঘাত করেছে। পিতার কাঁধে পুত্রের লাশ অনেক ভারী। তাঁর পুত্রকে হত্যা করে সেই বীর পিতার ঔদ্ধত্যকে স্তব্ধ করা যাবে- এ কথা মনে করে রফিউর রাব্বির পুত্র ত্বকীকে ঘাতকরা হত্যা করেছিল। কিন্তু এ ক্ষেত্রে হত্যাকাণ্ডের ফলাফল হয়েছিল উল্টো। কিশোর পুত্রের হত্যায় রফিউর রাব্বি মুষড়ে পড়েননি। শোককে তিনি শক্তিতে পরিণত করেছেন। 'সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ' গঠন করে অন্ধকারের শক্তির প্রতি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সব বাধা, সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এমন ত্বকী, এমন বাবার সংখ্যা যত বেশি হবে, সমাজ ততই অগ্রসর হবে। ত্বকীকে আমরা বাঁচাতে পারিনি। ত্বকীদের আমরা নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা দিতে পারিনি। বর্তমানের এবং আগামী দিনের ত্বকীদের জন্য নিরাপদ আশ্রয় আমাদের তৈরি করতে হবে। তার জন্য চলমান লড়াইকে জোরদার করতে হবে। ত্বকীর কাছে এ হলো আমার-আপনার দায়।
সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

Monday, March 5, 2018

তিনি শাবিপ্রবির ব্র্যান্ডনেম by অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল পড়ন্ত বিকেলে ছিলেন মুক্তমঞ্চে। বাংলাদেশের গর্বের প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শনিবার ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের সমাপনী অনুষ্ঠানে তিনিই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের তৈরি রোবটের মধ্যে চলছিল ফাইট। প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শেষ হয়েছে কেবল। এ সময়ে সামান্য বৃষ্টি হচ্ছিল। অনুষ্ঠানে সাময়িক বিরতি। একজন শিক্ষক পরীক্ষার জন্য চলে যাওয়ার বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করছিলেন। এমন সময় অতর্কিতে সেই ভয়ঙ্কর হামলা। ছুরিকাঘাত করা হয়েছে পরপর কয়েকটি। মাথার পেছন দিকে খুব সংবেদনশীল স্থানেই ছুরি চালানো হয়। বলা যায়, ভালো প্রশিক্ষণ না থাকলে এ ধরনের আঘাত করা যায় না। ছাত্র ও শিক্ষকরা সক্রিয় হয়ে তাদের প্রিয় শিক্ষককে রক্ষার জন্য এগিয়ে যান। অনুষ্ঠানস্থলে উপস্থিত পুলিশও তৎপর হয়। তিনি রক্তাক্ত ছিলেন; কিন্তু সবাইকে শান্ত থাকতে বলেন। এমনকি আটক দুর্বৃত্তের নিরাপত্তা নিশ্চিতের জন্যও অনুরোধ করেন। ছাত্র-শিক্ষকরা হামলাকারীকে আটক করেন। তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দেওয়া হয়। কেউ কেউ বলছেন, সেখানে একাধিক হামলাকারী থাকতে পারে। এ বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানের বিষয়। বাংলাদেশের সর্বত্র জাফর ইকবাল নন্দিত। তিনি দেশের সেরা শিক্ষকদের একজন হিসেবে গণ্য হন। লেখক হিসেবে জনপ্রিয়। সব বয়সের পাঠক তার বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তবে বিশেষভাবে তরুণদের মধ্যে তিনি আইডল, অনুকরণীয়-অনুসরণীয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কাজে তিনি সর্বদা অগ্রণী। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে তার অবদান অতুলনীয়। তার স্ত্রী ড. ইয়াসমিন হকও বরেণ্য শিক্ষক। গবেষণা কাজে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উৎসাহ অপরিসীম। অন্যদেরও অনুপ্রাণিত করার কাজ তিনি করেন পরম আন্তরিকতায়। তাকে আমরা বলে থাকি বিশ্ববিদ্যালয়ের 'ব্র্যান্ডনেম'। তার পরিচয়েই অনেকে এ বিশ্ববিদ্যালয়কে চেনেন। তিনি মুক্তবুদ্ধির চর্চা করেন। মুক্তিযুদ্ধের কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করেন। বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিরূপ সমালোচনাও করা হয়েছে। কিন্তু তিনি পিছু হটতে জানেন না। অপশক্তির কাছে হার মানতে জানেন না।
দেশের কল্যাণ ও মঙ্গল যারা চায় না, তাদের সঙ্গে আপস করতে জানেন না। লেখনীতে, আলোচনা অনুষ্ঠানে, ব্যক্তিগত আলাপচারিতায় দেশের জন্য, দশের জন্য তার আকুলতার প্রকাশ ঘটে। তাকে হত্যার জন্যই আক্রমণ চালানো হয়েছিল- এটা সহজেই বুঝতে পারি। হামলা আকস্মিক ছিল না। মুহূর্তের উত্তেজনায় কিছু করে ফেলেনি হামলার সময় আটক দুর্বৃত্ত ফয়জুর রহমান। সে বয়সে যুবক। যতটা জানা গেছে, তার পিতা মাদ্রাসার শিক্ষক। সে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। উৎসবে অংশগ্রহণকারীদের সঙ্গে তার আসারও কোনো কারণ ছিল না। এটা ধরে নিতে পারি যে, পূর্বনির্ধারিত মিশনেই সে এসেছিল। সে কি নিজে থেকেই দেশের বরেণ্য একজন শিক্ষাবিদকে হত্যা করতে পরিকল্পনা এঁটেছিল, নাকি তার পেছনে রয়েছে সুসংগঠিত কোনো চক্র- সেটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে জানা যাবে। এর আগে কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আনসারউল্লাহ বাংলা টিম নামের একটি ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত। তাদের কেউ কেউ বাংলা একাডেমির বই মেলায় ড. অভিজিৎ রায়ের হত্যায় জড়িত ছিল বলে জানা যায়। সিলেটে ব্লগার অনন্ত বিজয়ের হত্যাকাণ্ডেও তাদের কারও কারও সংশ্নিষ্টতা ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের কয়েকজন গ্রেফতার হয়েছে। কেউ কেউ নিখোঁজ রয়েছে। অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলায় জড়িত ফয়জুর রহমানের সঙ্গে এসব সন্ত্রাসীর যোগাযোগ রয়েছে কি-না সেটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে জানা যাবে। আনসারউল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত থাকার কারণে যারা আটক হয়েছিল, তাদের কেউ কেউ জামিনে মুক্ত হয়েছে বলে জানা গেছে। এ বিষয়টি এখন অনুসন্ধানের আওতায় আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গিবাদসহ যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যেন জড়িত না হয়, সে বিষয়ে আমরা সচেতন রয়েছি। কেউ একনাগাড়ে অনেক দিন শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকলে তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পরিবারকে প্রয়োজনে জানানো হয়। কেউ কেউ হঠাৎ করে জঙ্গি হয়ে যায় না। সাধারণত এটা একটি প্রক্রিয়ার ব্যাপার। কারও মধ্যে এ ধরনের পরিবর্তন দেখা দিলে সেটা পরিবারের সদস্যরা ধরতে পারেন, বন্ধু ও সহপাঠীদের নজরে পড়ে। ফয়জুর রহমান নামের যে দুর্বৃত্ত হামলায় জড়িত, সে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। কিন্তু সে তো আমাদের সমাজেরই একজন। কাজেই আমাদের সচেতন থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে। এদের কারণে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। হলি আর্টিসানে হামলায় ইতালি ও জাপানের কয়েকজন নাগরিক খুন হয়েছিলেন। এর প্রভাব পড়ার শঙ্কা ছিল আমাদের রফতানি বাণিজ্যে। বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে এ ধরনের সন্ত্রাসবাদ দমনের চেষ্টা করে যাচ্ছে। এ কাজে সব মানুষের সহায়তা গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় ক্যাম্পাসে যেন সন্ত্রাসী-জঙ্গিবাদী কেউ আশ্রয়-প্রশ্রয় না পায়, সেটা নিশ্চিত করব। এ পথ ভুল। এতে নিজের ক্ষতি হয়, পরিবার ও সমাজ বিপন্ন হয়। আমি গতকাল রোববার ঢাকার সিএমএইচে অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা বলছেন, তিনি ঝুঁকিমুক্ত। তার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি অচিরেই তার প্রিয় ক্যাম্পাসে ছাত্র ও সহকর্মীদের কাছে ফিরে আসবেন- এটাই কামনা। আগেই বলেছি, তাকে দিয়েই আমাদের এ বিশ্ববিদ্যালয়কে অনেকে চেনে। আমরা দেশের ভেতরে কিংবা বাইরে কোথাও গেলে অনেক সময় তার পরিচয়ের কারণেই আমাদের চেনাতে হয়। একজন শিক্ষকের চেয়ে এর চেয়ে সম্মান ও মর্যাদার আর কিছু হতে পারে না। তিনি সবার ভালোবাসায় সিক্ত। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক গুণী শিক্ষক ও গবেষক আছেন। কিন্তু দেশ-বিদেশে প্রথমেই আসে জাফর ইকবালের কথা। তিনি আমাদের গর্ব। ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা। সবাইকে তিনি উজ্জীবিত করতে পারেন। যেখানে যান বিশেষভাবে কিশোর-তরুণরা তার সান্নিধ্য হয়। তার সঙ্গে কথা বলে আনন্দ পায়। দেশের জন্য তার যে অপরিসীম ভালোবাসা, মুক্তিযুদ্ধ নিয়ে তার যে গর্ব, সেটা তিনি সহজেই অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই তাকে ভালোবাসেন। আমরা দ্রুত তাকে আমাদের মাঝে ফিরে পেতে চাই। আর যে হিংস্র দানবশক্তি তার ওপর হামলা চালিয়েছে, তার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকলের চাই দৃষ্টান্তমূলক শাস্তি।
উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Sunday, March 4, 2018

উত্তর-পূর্ব রাজ্যের ভোট by গৌতম লাহিড়ী

'চলো পাল্টাই' স্লোগানে ত্রিপুরায় ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-বিজেপি সভাপতি অমিত শাহ। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের রীতিমতো চমকপ্রদ ঘটনা ২৫ বছরের সিপিএম-লালদুর্গের পতন এবং গৈরিক বিজেপির ক্ষমতা দখল। একই সঙ্গে উত্তর-পূর্বের অন্য দুই রাজ্যেও বিজেপির প্রভাব বিস্তার। এই তিনটি রাজ্যই প্রতিবেশী বাংলাদেশের সীমান্ত লাগোয়া। এই ফলে ভারতের বাংলাদেশ নীতির কোনো প্রভাব পড়ে কি-না তাও দেখার বিষয়। তবে বিজেপি আসামে যেমন বাংলাদেশিদের বিরুদ্ধে প্রচার করেছিল; এখানে তা করেনি। বরং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ত্রিপুরার আর্থিক উন্নয়নে সহযোগিতা করছেন- সেই প্রচার ছিল প্রধানমন্ত্রী মোদির। ভারতের সব রাজ্যের মধ্যে অতি সাধারণ দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে সুনাম কুড়িয়েছিলেন মানিক সরকার। কিন্তু তার ব্যক্তিগত ভাবমূর্তি গেরুয়া-ঝড়ে দলের ধরাশায়ী হওয়াকে রুখতে পারেনি। পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়েছে আগেই। এবার লালদুর্গ ত্রিপুরার পতন। একমাত্র কেরালায় সিপিএমের শাসন রয়েছে। তাও কেরালায় পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয়ে থাকে। সার্বিকভাবে ভারতের রাজনীতিতে বাম রাজনীতির ক্ষয়িষুষ্ণ হয়ে যাওয়া এবং হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতির কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত হওয়াই এখন রাজনীতির ধারা হিসেবে প্রতিষ্ঠিত হলো। ভারতের ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি লক্ষ্য স্থির করেছিল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো। লোকসভা নির্বাচনে বিজেপি যেসব রাজ্য থেকে সর্বাধিক আসনে জয়ী হয়েছিল, সেখানে আগামী নির্বাচনে সাফল্য নাও পেতে পারে। তাই যেসব রাজ্যে বিজেপি কখনোই প্রভাব বিস্তার করেনি, সেসব রাজ্যকেই গুরুত্ব দিয়েছিলেন মোদি-অমিত শাহ জুটি। সিকিমকে যোগ করলে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের মোট ২৫টি লোকসভা আসন রয়েছে। বিজেপি পাখির চোখ করেছে এসব রাজ্যে। টার্গেটে রয়েছে পশ্চিমবঙ্গ। ত্রিপুরার 'ভদ্র বাঙালি' যদি বিজেপিকে সাদরে গ্রহণ করে, তাহলে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়তে পারে। এটা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই তিনি ভোটের ফল প্রকাশের আগে বিধানসভায় সিপিএম নেতাদের উদ্দেশে বলেছিলেন, 'আপনারা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করেন না। কিন্তু আমি চাই ত্রিপুরায় সিপিএম জিতুক। যদিও আপনারাই যাই যাই করছেন।' এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের মধ্যে ছয়টিতেই বিজেপি সরাসরি অথবা স্থানীয় আঞ্চলিক দলের সহযোগিতায় সরকারে থাকছে। নাগাল্যান্ড- আঞ্চলিক ন্যাশনাল প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির সহযোগিতায় সরকার গড়ছে। মেঘালয়ে শেষ পর্যন্ত বিজেপি শরিকদের সঙ্গে সরকার গড়তে পারে। একদিকে এই নির্বাচন যেমন বামদের অপ্রাসঙ্গিক করে দিয়েছে, তেমনি একদা প্রভাবশালী কংগ্রেসকেও প্রভাবহীন করে দিয়েছে। গেরুয়া-ঝড়ে তেরঙ্গাও ম্লান। ত্রিপুরা ও নাগাল্যান্ডে কংগ্রেসের ঝোলায় আসন সংখ্যা শূন্য।
একদা ত্রিপুরায় কংগ্রেসই বামপন্থিদের হারিয়েছিল। তারাই ছিল প্রধান বিরোধী দল। গত নির্বাচনেও যখন নরেন্দ্র মোদি গোটা ভারতে জয়-পতাকা উড়িয়েছিলেন, ত্রিপুরায় বামপন্থিদের দুর্গ ছিল অটুট; বিজেপি ভোট পেয়েছিল মাত্র দেড় শতাংশ। সেই বিজেপি ৫০ শতাংশ ভোট কুড়িয়ে নিল মাত্র চার বছরের মধ্যে। আদিবাসী সংগঠন নিয়ে আসন পেতে চলেছে দুই-তৃতীয়াংশ। ত্রিপুরার মতো রাজ্যে বাম ব্যতীত তৃণমূল কংগ্রেসকেও অপ্রাসঙ্গিক করে তোলা নিঃসন্দেহে বিজেপির উষ্ণীষে নয়া পালক বলতে হবে। ত্রিপুরায় বামপন্থিদের একটানা বাম শাসনের একটা একঘেয়েমি এসেছিল ঠিকই; একে সিপিএম ধরতে পারেনি। এ ছাড়া গত দু'বছর ধরে আরএসএস লাগাতার বুথ স্তরে সংগঠন তৈরির কাজ করেছে। দিল্লি থেকে আরএসএস নেতারা ঘাঁটি গেড়ে বসে ছিলেন আগরতলায়। এর সঙ্গে অমিত শাহর কুশলী সাংগঠনিক দক্ষতাকে অস্বীকার করা যায় না। তিনি বুঝতে পেরেছিলেন ত্রিপুরার আদিবাসী এলাকার অসন্তোষ। ইনডিজেনাস আদিবাসী ফ্রন্ট প্রথমে পৃথক রাজ্য গড়ার ডাক দিয়ে আদিবাসীদের ঐক্যবদ্ধ করেছিল। একে সিপিএম-কংগ্রেস বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দিলেও মোকাবেলা করতে পারেনি। বিজেপি যদিও বলেছিল, তারা পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করে না; কিন্তু প্রকারান্তরে সেই আন্দোলনকেই প্রশ্রয় দিয়েছিল। আদিবাসী ছাড়াও ত্রিপুরার সাধারণ চাকরিজীবীদের মন জয় করতে বিজেপি ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে বাম প্রভাব খর্ব করতে পেরেছে। কেননা, ত্রিপুরায় সিপিএম সরকার এখনও চতুর্থ বেতন কমিশন অনুযায়ী বেতন দিচ্ছে। উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যই বাংলাদেশ সীমান্ত লাগোয়া। এখানে যেমন বাংাদেশের সঙ্গে সড়ক, বিদ্যুৎ ও রেল যোগাযোগ বাড়িয়েছে, তেমনি সীমান্ত হাট খুলে স্থায়ী বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী হওয়ার পরেই নরেন্দ্র মোদি পূর্বের সরকারের 'লুক ইস্ট' নীতির পরিবর্তন করে 'অ্যাক্ট ইস্ট' নীতির বাস্তবায়ন করছে। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের নীতি অনুযায়ী আসামের বিজেপি সরকার নাগরিক পঞ্জিকরণের নামে যেমন বিদেশি বলে মুসলিমদের চিহ্নিত করে বাংলাদেশকে উদ্বিগ্ন করে তুলেছে; ত্রিপুরার মতো রাজ্যে সেই নীতি রূপায়ণ করলে ফের অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। তাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বিঘ্নিত হতে পারে। বিশেষ করে এই বছরের শেষে বাংলাদেশেও সাধারণ নির্বাচন। কোনো অপ্রীতিকর ঘটনা শেখ হাসিনার সরকারকে বিব্রত করতে পারে। তবে একটা কথা বলে নেওয়া ভালো, উত্তর প্রদেশসহ হিন্দি বলয়ে বিজেপি যেভাবে উগ্র হিন্দুত্ববাদী আদর্শের প্রচার করেছে, সে ধরনের কোনো প্রচার এই তিন রাজ্যে করেনি। ত্রিপুরায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্যতম স্টার প্রচারক ছিলেন। তার কারণ তার রাজ্যের গোরক্ষপুরে যে হিন্দু মঠ রয়েছে, তাদের প্রভাব রয়েছে ত্রিপুরাতেও। নাথ সম্প্রদায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নির্বাচনে। ফলে এখানে নরম হিন্দুত্ব প্রচার করেছে বিজেপি। তেমনি মেঘালয় ও নাগাল্যান্ডে খ্রিষ্ট ধর্মের প্রভাব থাকলেও বিজেপির প্রভাব বিস্তার করতে অসুবিধা হয়নি। এমনকি এখানে গোমাংস প্রধান  খাদ্য হওয়া সত্ত্বেও বিজেপি নিষিদ্ধ  করার কোনো ডাক দেয়নি, বরং বিজেপি নেতারা বলেছেন- এখানে গোমাংস নিষিদ্ধ করা হবে না। ফলে যেখানে যেমন তেমন ভোটের রণনীতি প্রয়োগ করছে বিজেপি। এটা ঠিকই, উত্ত-পূর্ব ভারতে প্রভাব বিস্তার করায় বিজেপি এখন কেবল গো-বলয়ের পার্টি বলা যাবে না; তারা আসন্ন কর্ণাটকের নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে। দক্ষিণ ভারত থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিজেপির ব্যাপ্তি ব্যাপক। এসব রাজ্যে নিজেদের দলীয় নেতা না থাকলেও অন্য দল থেকে নেতাদের শামিল করে প্রভাব বিস্তার করছে। ভারতের কূটনীতিবিদদের বক্তব্য- উত্তর-পূর্ব ভারতে যোগাযোগ বিস্তার করার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ সহযোগী রাষ্ট্র। এখানে নরেন্দ্র মোদির দল এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে দুই দেশের সম্পর্ক বিনষ্ট হয়। এর দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। এই মুহূর্তে ভারতের সঙ্গে অন্য প্রতিবেশীদের সম্পর্ক উন্নত নয়। কোনো কারণে বাংলাদেশের স্থিতাবস্থা বিনষ্ট হলে ভারতেরই বিপদ- এটা প্রধানমন্ত্রী বোঝেন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য স্লোগান দেওয়া আর সরকার পরিচালনা করা পৃথক বিষয়।

Saturday, March 3, 2018

মস্তিস্ক ঠিক রাখার ৪০ উপায় by সালেহা চৌধুরী

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার আমাদের ব্রেন। কিন্তু শরীরের মতো আমাদের মস্তিস্কেরও ব্যায়াম দরকার। এখানে ৪০টি বিভিন্ন ব্যায়ামের কথা বলা হলো, যার ফলে আমাদের মস্তিস্ক দীর্ঘকাল সক্রিয় থাকতে পারে। মায়েদের কাছে অনুরোধ রচনাটি পড়ার। কারণ এই রচনা কেবল বড়দের নয়, এটি ছোটদের জন্যও বটে।
১. ড. রাচেল ভিকার্স বলেছেন, আমাদের প্রচুর মাছ খেতে হবে। মাছের দেশের লোকের জন্য এ সংবাদ অবশ্যই সুখবর। তৈলাক্ত ছোট মাছ মস্তিস্কের জন্য সবচেয়ে উপকারী। এখানে আছে প্রচুর পরিমাণে ওমেগা তিন ফ্যাটি এসিড আছে, যা আমাদের মস্তিস্ককে তাজা ও সক্রিয় রাখতে সাহায্য করে। তাতে আমাদের মনোসংযোগ ক্ষমতা বাড়িয়ে দেয়। এখানে ছোট শিশুদের ওপর ওমেগা তিনের পরীক্ষা করা হয়েছে। ছয় সপ্তাহ তাদের ওমেগা তিন দেওয়ার পর দেখা গেছে, তাদের মনে রাখার ক্ষমতা বেড়ে গেছে।
২. সবচেয়ে দরকারি খাবার হলো সকালের খাবার; যা আমাদের মস্তিস্কের জন্য অত্যন্ত ভালো। দশ-বারো ঘণ্টা না খেয়ে থাকার পর মস্তিস্ক ও শরীরে জ্বালানির দরকার হয়। সকালের খাবার না খাওয়া কেবল আমাদের মেটাবলিজমের জন্যই খারাপ নয়, তা আমাদের মস্তিস্ককে একেবারে ভোঁতা বানিয়ে দিতে পারে। যে শিশু সকালে নাশতা খেয়ে স্কুলে যায়, সে খুব ভালো মনোসংযোগ করতে পারে।
৩. সবকিছু একরকম নয়, অন্যরকম করে করতে হবে। একদিন সকালে ঘুম থেকে উঠে বাঁ হাত দিয়ে দাঁত মাজার চেষ্টা করা উচিত। কম্পিউটার মাউস বাঁ হাত দিয়ে ধরা। টেবিলের খাবারগুলো একটু অন্যরকম করে সাজানো। বাড়ি ফিরতে গিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসা। হাঁটতে গিয়ে পথ হারিয়ে ফেলা। তাতে আমাদের ব্রেনের সেলগুলো সক্রিয় হয়ে ওঠে।
৪. তরকারিতে যে হলুদ আছে তা আমাদের আলঝেইমার থেকে বাঁচায়। কাজেই দেখা গেছে, পশ্চিমের লোকেরা আলঝেইমারে ভোগে বেশি। পশ্চিমে 'কারি' এবং হলুদের ট্যাবলেট এখন অত্যন্ত জনপ্রিয়। শিশুরা ছোট থেকে হলুদ দেওয়া তরকারি খাবে, ভালো কথা।
৫. আমাদের নতুন কিছু শেখা প্রয়োজন। শেখার কোনো বয়স থাকে না। নতুন ভাষা, নতুন মিউজিক, বাদ্যযন্ত্র, নাটক বা যে কোনো বিষয়ে শেখা আমাদের ব্রেন সেলগুলোকে সক্রিয় রাখে। কাজেই গান শেখা বা শোনা, ভাষা শেখা, অরিগামি, ইকিবানার সঙ্গে আমাদের হাঁটাচলার গতিও বাড়িয়ে দিতে হবে। শিশুরা অনায়াসে দুই-তিনটি ভাষা শিখতে পারে।
৬. লাল মদ নাকি আমাদের ব্রেনের জন্য ভালো। এটা হারাম। তাই পাকা টমেটোর রস একই ফল দেবে।
৭. বিশ্বাস করুন আর না-ই করুন, গান করার ক্ষমতা আমাদের ব্রেনের শক্তি বাড়িয়ে দেয়। গান আমাদের ব্রেনে অনেক বেশি অক্সিজেন বহন করে নিয়ে যায়। আর যখন গান বা কবিতার চরণ আমরা মুখস্থ করি, তা মস্তিস্কের একটি ভালো ব্যায়ামের কাজ করে।
৮. প্রোটিন ব্রেনের জন্য ভালো। এসব ভালো প্রোটিনের ভেতর বরবটি, ডিম, চর্বিবিহীন মাংস, বাদাম, ডাল এবং মাছ প্রধান। অনেক প্রোটিনে আছে আমিনো এসিড এবং টিপটোফ্যান, যা আমাদের 'নিউরোট্রানফিটার' বাড়াতে সাহায্য করে। এই নিউরোট্রানফিটার আমাদের মুড ভালো করে দেয়।
৯. অল্পবিস্তর ক্যাফিন আমাদের ব্রেনের জন্য ভালো। দিনে তিন কাপ চা বা কফি আমাদের ব্রেনকে জাগিয়ে রাখতে পারে। এর মধ্যে যে নিউরোট্রানফিটার বিরাজ করে, তা ডোপামাইন নামে পরিচিত। এ জিনিস আমাদের জাগায়।
১০. সঙ্গীত বিশেষত ধ্রুপদী সঙ্গীত আমাদের মস্তিস্কের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। বিদেশে এর অনেক পরীক্ষা হয়েছে। অল্প বয়স থেকে যে শিশু গান শোনে, তার মনোসংযোগ ক্ষমতা বেড়ে যায় ও সে ধীরস্থির হয়।
১১. একটা হবি থাকা ভালো। দেখা গেছে, যেসব বয়স্ক মানুষ মধ্য বয়সেও একটি হবি নিয়ে ভাবছে, তাদের আলঝেইমারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে গেছে। টিকিট জমানো, সেলাই, জিগস, ক্রশওয়ার্ড পাজল, বাগান করা এসব থাকতে পারে।
১২. যে কোনো হার্বস বা গাছগাছড়া মানুষের জন্য অত্যন্ত উপকারী। যুগ যুগ ধরে স্মরণশক্তি বাড়ানোর জন্য এসব গাছগাছড়া ব্যবহার করা হয়। ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, নিমপাতা, সেজ, মিন্ট এবং আরও যাবতীয় গাছগাছড়া আমাদের খাদ্য তালিকায় সংযুক্ত করা প্রয়োজন।
১৩. বারবার বলা হয়েছে টেলিভিশন কম দেখতে। যখন টেলিভিশন দেখা হয়, ব্রেনের তেমন কিছু করার থাকে না। তখন ব্রেন চলে যায় নিউট্রাল অবস্থায়। ক্লিভল্যান্ডের ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন পরীক্ষা করে দেখেছে, ব্রেন হেলথের জন্য টেলিভিশনের চেয়ে বাজে জিনিস আর কিছু নেই।
১৪. বাড়ির পুরনো অ্যালবাম দেখা এই কারণে ভালো, যা আমাদের দীর্ঘদিনের নানা স্মৃতি মনে করিয়ে দেয়; যা ব্রেনের জন্য উপকারী। এর ফলে ব্রেনের মধ্যে অনেক বেশি উপকারী 'সেরোটিন' উৎপাদিত হতে পারে।
১৫. হাঁটা ও দৌড়ানো ব্রেনের জন্য অত্যন্ত ভালো। কারণ হাঁটা ব্রেনের গ্লুকোস এবং অক্সিজেন বাড়িয়ে দেয়। বৃদ্ধ-বৃদ্ধারা ঘরে বসে থাকেন আর টেলিভিশন দেখেন। দেখা যায়, বুড়ো বয়সের সমস্ত রোগ এতে বেড়ে গেছে। হাঁটার বিকল্প নেই। কেবল একটু আলস্য ত্যাগ। তাতে যা লাভ হয় তা হাজার হাজার টাকার ওষুধেও হয় না।
১৬. ঘুম আমাদের সেই জিনিস, যা আমাদের শরীরের ব্যাটারিগুলোকে চার্জ করে তাকে সক্রিয় করে তোলে। এক রাত ভালো ঘুমের বিকল্প নেই। এতে আমাদের মনোসংযোগ ও শেখার ক্ষমতা বেড়ে যায়। যে ছাত্র পরীক্ষার আগের রাতে ভালো করে ঘুমোয়, তার পরীক্ষা ভালো হতে বাধ্য। কারণ, সে তখন অনেক বেশি মনোসংযোগ করতে পারছে।
১৭. প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল আমাদের ব্রেনের জন্য ভালো। কেবল ব্রেনের জন্যই ভালো নয়, শরীরের জন্যও ভালো। এ হলো 'আন্টিওক্সাইডান্ট' নামের প্রয়োজনীয় জিনিসের সরবরাহকারী। এ শরীরের টক্সিন বা বিষ বের করে দিতে সাহায্য করে। যেসব বিষ বা টক্সিন আমাদের ব্রেনকে ড্যামেজ করে দেয়।
১৮. নানা জায়গায় ঘোরা এবং এক্সপ্লোর করা আমাদের ব্রেনের জন্য ভালো। নতুন পরিবেশ, নতুন মানুষ সবকিছুই ব্রেনের স্বাস্থ্যের জন্য ভালো। পশ্চিমে হলিডের যে নিয়ম আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মাঝে মাঝে 'স্টাডিটুরে' যাওয়া জরুরি।
১৯. ক্রশওয়ার্ড পাজল আমাদের ব্রেনের একটি উপকারী ব্যায়াম। এ ব্রেনের ক্ষমতা বাড়ায় ও আমাদের ভাষার শব্দভাণ্ডারকেও সমৃদ্ধ করে।
২০. সুডোকো নামের যে খেলা এখন বাজারে, বিশেষজ্ঞের অভিমত- এ আমাদের ব্রেনের জন্য উপকারী। এ হলো সমস্যা সমাধানের গেম বা কঠিন ভাবনার গেম।
২১. বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা ও কথা বলা আমাদের ব্রেনের ক্ষমতা বাড়িয়ে দেয়। যে লোক সমাজের নানা লোকজনের সঙ্গে মেলামেশা করে, দেখা যায় তাদের স্মরণশক্তি অনেকখানি বেড়ে গেছে। যে শিশু বাড়িতে একা বড় হয়, তার সঙ্গে যারা স্কুলে যায় তার পার্থক্য থাকে।
২২. কোনো একটি নতুন ইলেকট্রিক গ্যাজেট সম্বন্ধে জানা ভালো। ইন্টারনেট জানা ও বোঝা ভালো। কম্পিউটার, সার্ফিং সব ভালো। যারা মনে করে, এই বয়সে এসব শিখে আর কী হবে, তারাই নিজের ক্ষতি করে বেশি।
২৩. নাচ একটি ভালো জিনিস। ঘরের দরজা বন্ধ করে গান ছেড়ে দিয়ে নাচতে থাকুন। যদি মনে করেন, নাচটাচ আমাকে দিয়ে হবে না, হাঁটুন।
২৪. প্রচুর পানি পান করতে হবে। যখন শরীর শুকিয়ে যায় পানির অভাবে, তা গিয়ে মাথায় আঘাত করে। আমাদের ব্রেন তৈরি হয়েছে আশিভাগ পানি দিয়ে। কাজেই খুব কম করে হলেও আমাদের প্রতিদিন দুই লিটার পানি পান করতে হবে।
২৫. গিংকোবিলোবা নামের যে জিনিসটি ওষুধের দোকানে পাওয়া যায়, তা আমাদের সারা শরীরের রক্ত চলাচল ভালো রাখে। ভালো রক্ত চলাচল ক্ষমতা আমাদের ব্রেনের জন্য অত্যন্ত দরকারি।
২৬. সঠিক ওষুধ খেতে হবে। ডাক্তারদের অভিমত, ডোনেপেজিল নামের যে ওষুধটি আলঝেইমার সারাতে ব্যবহার করা হয়, তা একটি ভালো ওষুধ। এ হলো স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা, মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। আমপাকিনসও আর একটি ভালো ওষুধ। একটি নতুন ঘুমের ওষুধ বের হয়েছে, যার নাম ওরেকসিন আর-এ-ওয়ান, যা আমাদের ঘুমের ভেতর নানা স্বপ্ন এনে আমাদের স্মৃতিশক্তিকে প্রখর করে। (চেষ্টা করিনি) এসব শিশুদের জন্য নয়।
২৭. ধূমপান একেবারে বর্জন করতে হবে। ভালোবেসে কেউ কাউকে সিগারেট উপহার দেবেন না। বিদেশে এখন লুকিয়ে এ কাজ করে, যে করতে চায়।
২৮. ব্লাডপ্রেসারের সমস্যা না থাকলে লেবু চিপে শরবত, মিছরির শরবত, আখের গুড়ের শরবত আমাদের জন্য অত্যন্ত ভালো। কারণ আমাদের ব্রেনের মাঝে মাঝে মিষ্টির দরকার হয়।
২৯. স্যাচুরেটেড ফ্যাট কম খাওয়া ভালো। স্যাচুরেটেড ফ্যাট আমাদের কলেস্টেরোল লেভেল বাড়িয়ে দেয়। বেশি কলেস্টেরোল হার্টের সমস্যা।
৩০. মদ ভালো নয়। আমাদের ধর্মে নেই। ওকে ফিরিয়ে আনার দরকার নেই।
৩১. লবণ বেশি খাবেন না। বিশেষ করে যারা পাতে লবণ খান, তা বাদ দিতে হবে। লবণে 'ভাসকুলার ডিমেনশিয়া' বাড়ে। মানে হাত জানে না বা ভুলে গেছে, তাকে কী করতে হবে আর পা জানে না, তাকে কী করতে হবে।
৩২. বিয়ে করুন। শোনা গেছে, যারা বিবাহিত ও সুখী, তাদের ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি লোপ কম হয়।
৩৩. ব্লাডপ্রেসার এবং আমাদের শরীরের গ্লুকোস কেমন আছে, তার পরীক্ষা করা প্রয়োজন। অনেকে বুঝতেও পারে না তার রক্তে ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে। আমি ব্রিটেনে প্রচুর 'চাইল্ড ডায়াবেটিক' দেখেছি।
৩৪. প্রচুর হাসুন। প্রাণ খুলে হাহা করে। শরীর ও মনের জন্য ভালো।
৩৫. মাথায় যেন কোনো আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। মাথায় হঠাৎ করে আঘাত লাগলে তা ভালো করে পরীক্ষা করাতে হবে। আজ যা কিছু না, পরে তা ব্রেনের কঠিন সমস্যা।
৩৬. স্ট্রেস বা চাপ থাকা ভালো। মানে স্বাস্থ্যকর চাপ। তবে খুব বেশি চাপ ক্ষতিকর।
৩৭. হরমোন খাবার আগে সাবধান। ওসট্রেজন বা টেসটসটেরোন আলঝেইমার থেকে রক্ষা করে, এমন কথা অনেকে বলে থাকেন। কিন্তু ভালো ফল পেতে হলে একজনের জন্য সঠিক ডোজ খেতে হবে।
৩৮. ভালোমতো ধর্মচর্চা আমাদের আত্মশক্তি বাড়িয়ে দেয়। তবে অন্ধত্ব আমাদের জন্য ভয়াবহ ফল আনতে পারে। হরমোনের মতো ধর্মের সঠিক ডোজ কতটুকু হবে, জানা দরকার।
৩৯. কিছু জটিল গেম চর্চা ভালো। কনট্রাক্ট ব্রিজ, দাবা, ব্যাকগেমন এমন কোনো খেলা আমাদের চিন্তা করার ক্ষমতাকে বাড়ায়। ফলে নতুন ব্রেন সেল জেগে ওঠে।
৪০. একটু সৃষ্টিশীল হোন। কল্পনাশক্তি বাড়ূক। তাতে আপনার ব্রেনের জন্য ভালো। মায়েরা খেয়াল রাখবেন, সকালে বাচ্চারা যেন নাশতা খেয়ে স্কুলে যায়। আর যেসব কথা লেখা হয়েছে মন দিয়ে পড়া এবং শিশুদের বড় করে তোলা।
ব্রিটেন প্রবাসী কথাসাহিত্যিক