Friday, July 15, 2011

বাগদাদে ক্লোরিনের বিষক্রিয়ায় ৮০০ লোক হাসপাতালে

ইরাকের বাগদাদের কাসরা-ওয়া-আতাশ জেলায় গত মঙ্গলবার রাতে পানি বিশুদ্ধকরণের একটি কারখানায় ছিদ্র হয়ে ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ে। এর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে অন্তত ৮০০ লোক।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক হাসান হাদি বলেন, ধারণা করা হচ্ছে ক্লোরিনের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে প্রায় ৮০০ লোক পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কিন্তু বেশির ভাগ লোককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়নি। তিনি জানান, অসুস্থ ব্যক্তিদের বেশির ভাগই দরিদ্র ও জনবহুল শিয়া অধ্যুষিত সদর সিটির বাসিন্দা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে ছিদ্র হয়ে ক্লোরিন গ্যাস বের হওয়ার ঘটনা ঘটে। কারিগরি দুর্ঘটনায় এটি হয়েছে, নাশকতায় নয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ক্লোরিন ছড়িয়ে পড়ার পর লোকজনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং চোখ জ্বলছিল। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে।

বিস্কাইবি কিনছে না নিউজ করপোরেশন

ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিং (বিস্কাইবি) কোম্পানির পুরো মালিকানা কিনে নেওয়ার বিতর্কিত পরিকল্পনা থেকে অবশেষে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সদ্য বিলুপ্ত পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর মালিকানা প্রতিষ্ঠান নিউজ করপোরেশন। নিউজ করপোরেশনের মালিক রুপার্ট মারডককে বিস্কাইবি কিনতে মানা করার জন্য একমত হতে যুক্তরাজ্যের পার্লামেন্টে যখন সব দলের নেতারা ভোটাভুটি করতে যাচ্ছিলেন, এর ঠিক আগে এ ঘোষণা আসে।
নিউজ করপোরেশনের ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট চেজ ক্যারি গতকাল এক বিবৃতিতে বলেন, ‘আমরা মনে করি, বিস্কাইবি ও নিউজ করপোরেশনের প্রস্তাবিত মালিকানা হস্তান্তরে উভয় কোম্পানি লাভবান হতো। তবে এটি এখন পরিষ্কার হয়েছে যে এই পরিস্থিতিতে তা বাস্তবায়ন করা খুবই দুরূহ।’
তবে চেজ ক্যারি বলেন, পুরো মালিকানা কিনে না নিলেও বিস্কাইবির একটি উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার বহু আগে থেকেই নিউজ করপোরেশনের হাতে রয়েছে এবং ভবিষ্যতেও তা থাকবে।
বিবিসির বিজনেস এডিটর রবার্ট পেসটন পরিকল্পনা থেকে সরে আসাকে নিউজ করপোরেশনের জন্য বড় ধরনের অপমানজনক ব্যাপার বলে আখ্যায়িত করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দেওয়া খবর অনুযায়ী মারডককে মানা করার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে গতকাল বুধবার পার্লামেন্টে সব দলের প্রতিনিধিদের এ-সংক্রান্ত ভোটে অংশ নেওয়ার কথা ছিল।
পার্লামেন্টে সব দলের মতৈক্য বিস্কাইবির শেয়ার কেনার ব্যাপারে মারডকের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারত। তবে আইনগত দিক থেকে তিনি এ বিষয়ে পার্লামেন্ট সদস্যদের কথা মানতে বাধ্য ছিলেন না। ইচ্ছে করলে তিনি তা কিনতে পারতেন।

তালেবানের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান কারজাইয়ের

গুলিতে নিহত আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎভাই আহমেদ ওয়ালি কারজাইয়ের মরদেহ গতকাল বুধবার দাফন করা হয়েছে। কান্দাহারের কার্জ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শোকাভিভূত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বে কঠোর নিরাপত্তাব্যবস্থায় কয়েক হাজার মানুষ নিহতের জানাজায় অংশ নেন। এদিকে তালেবান আহমেদ ওয়ালির হত্যাকাণ্ডের দায় শিকার করা সত্ত্বেও প্রেসিডেন্ট কারজাই তাদের প্রতি শান্তি প্রতিষ্ঠান আহ্বান জানিয়েছেন।
আহমেদ ওয়ালির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট কারজাই নিহত ভাইয়ের বাড়িতে পৌঁছান। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্দাহারের সরকারি অতিথিশালা মান্দিগাক প্যালেসে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নেতৃত্ব দেন হামিদ কারজাই। পরে ২০ কিলোমিটার দূরে পারিবারিক গোরস্তানে ওয়ালি কারজাইয়ের মরদেহ দাফন করা হয়। এ সময় উচ্চ স্বরে কেঁদে ফেলেন আফগান প্রেসিডেন্ট।
এর আগে কারজাই সমবেত উপজাতি নেতা ও সরকারি কর্মকর্তাদের এক সমাবেশে তালেবান জঙ্গিদের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘যদিও তালেবান বলছে তারাই আমার ভাইকে হত্যা করেছে, তার পরও আমি তাদের বলছি, আসুন ভাইয়েরা, আমরা সম্মিলিতভাবে শান্তি প্রতিষ্ঠা করি।

উত্তর আয়ারল্যান্ডে সাম্প্রদায়িক দাঙ্গায় ২২ পুলিশ আহত

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে গত সোমবার রাতে ক্যাথলিক দাঙ্গাকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতেও এ দাঙ্গা চলে। বেশ কয়েকজন দাঙ্গাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার বেলফাস্ট শহরের ক্যাথলিক-অধ্যুষিত পশ্চিমাঞ্চলে অন্তত ২০০ ক্যাথলিক দাঙ্গাকারীকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। এ ছাড়া ৫১টি প্লাস্টিক বুলেট ছোড়ে। এর জবাবে দাঙ্গাকারীরা ইট ছুড়ে ও পেট্রল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় আহত ২২ পুলিশ কর্মকর্তার মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়।
গতকাল বুধবার পুলিশ এএফপিকে জানায়, গত মঙ্গলবার রাতে বেলফাস্ট শহরের উত্তরাঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গাকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা, ইট, বোতল ও আতশবাজি ছোড়ে। জবাবে পুলিশ লাঠিপেটা করে জলকামান ব্যবহার করে।
শহরের দক্ষিণাঞ্চলেও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রোটেস্টান্ট রাজা দ্বিতীয় উইলিয়াম ১৬৯০ সালে ক্যাথলিক রাজা দ্বিতীয় জেমসকে পরাস্ত করেন। এর দুই বছর আগে উইলিয়াম জেমসকে ক্ষমতাচ্যুত করেন। প্রতিবছর ১২ জুলাই আয়ারল্যান্ডের হাজার হাজার প্রোটেস্টান্ট খ্রিষ্টান দিনটি উদ্যাপন করতে রাস্তায় নেমে শোভাযাত্রায় অংশ নেয়। উত্তর আয়ারল্যান্ডের পূর্ব বেলফাস্টে দুই সপ্তাহ আগে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়।

সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে

থাইল্যান্ডের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বলেছেন, তাঁর দলের বিরুদ্ধে আনা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গের সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। যথাসময়ে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে তাঁকে। গতকাল বুধবার রাজধানী ব্যাংককে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সে দেশের নির্বাচন কমিশন (ইসি) গত মঙ্গলবার নবনির্বাচিত ৫০০ জনের মধ্যে ৩৫৮ জনকে অনুমোদন দেয়। কিন্তু ইংলাকসহ ১৪২ জনের অনুমোদন দেয়নি। ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ইংলাকের পুয়ে থাই পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে। নিয়ম অনুযায়ী তিনিই হতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু অনুমোদনবিষয়ক জটিলতার কারণে প্রধানমন্ত্রী হিসেবে ইংলাকের নিয়োগ পাওয়ার প্রক্রিয়ায় বিলম্ব ঘটছে।
বিদায়ী প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার ডেমোক্র্যাট পার্টির অভিযোগ, পুয়ে থাই পার্টি নির্বাচনী প্রচারণায় ‘থাকসিন ভাবেন, আর পুয়ে থাই পার্টি তা কার্যকর করে’—এমন স্লোগান দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে।
কারণ, ২০০৬ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে উৎখাত করা থাকসিন সিনাওয়াত্রা দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি।
তবে ইংলাক বলে আসছেন, নির্বাচনী স্লোগানে তাঁর বড় ভাই থাকসিনের নাম ব্যবহার করে কোনো দোষ করেনি তাঁর দল। থাকসিনের কাছ থেকে তিনি শুধু দিকনির্দেশনা পেয়েছেন, অন্য কিছু নয়।
ইসির অনুমোদন পেতে বিলম্বিত হওয়ার বিষয়ে ইংলাক বলেন, ‘আমি আশাবাদী ইসি আমার ও আমার দলের প্রতি ন্যায়বিচার করবে।’
সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদে ৫০০ আসনের মধ্যে ইংলাকের পুয়ে থাই পার্টি ২৬৫ আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেছে। এ সময়ের মধ্যে ছয়টি দলের জোট গঠন করেছেন ইংলাক। নিম্নকক্ষে তাঁর জোট তিন-পঞ্চমাংশ আসন নিয়ন্ত্রণ করবে।
ইংলাকের বড় ভাই থাকসিন সিনাওয়াত্রার প্রতিষ্ঠিত থাই র‌্যাক থাই (টিআরটি) পার্টি ও পিপলস পাওয়ার পার্টি নিষিদ্ধ ঘোষণা করেন সে দেশের সুপ্রিম কোর্ট। পরে দলের নেতা-কর্মীরা পুয়ে থাই পার্টির নামে সংঘবদ্ধ হন।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ

উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর না করার জন্য আদালতে নতুনভাবে করা আবেদনের শুনানি শেষ করেছেন তাঁর আইনজীবীরা। তাঁকে রক্ষার জন্য আইনজীবীরা এবার কিছুটা ‘নমনীয়’ কৌশল নিয়েছেন।
যৌন নিপীড়নের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অ্যাসাঞ্জকে সুইডেনে চান সে দেশের আইনজীবীরা। তবে তা ঠেকাতে গত ফেব্রুয়ারিতে আদালতে তাঁর আইনজীবীরা বলেছিলেন, সুইডেন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে এবং তখন তাঁকে গুয়ানতানামো কারাগারে ভরে রাখতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু লন্ডনের একটি নিম্ন আদালত তাঁর আবেদন খারিজ করে দেন।
এরপর লন্ডনের হাইকোর্টে আবেদন করেন অ্যাসাঞ্জ। একই সঙ্গে তিনি নতুন আইনজীবী নিয়োগ করেন তাঁর পক্ষে লড়ার জন্য। গত মঙ্গল ও গতকাল বুধবার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। দুই দিনই আদালতে উপস্থিত ছিলেন অ্যাসাঞ্জ। গণমাধ্যমের কর্মীরা এ সময় তাঁর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি নীরব ছিলেন।
অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক সামারস গতকাল আদালতে বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে সুইডেন যে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এর কোনো বৈধতা নেই। কারণ তিনি দোষী সাব্যস্ত হননি, তাঁকে কেবল জিজ্ঞাসাবাদ করা হবে।
ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি খতিয়ে দেখেছে ইউরোপীয় কমিশন। তারা বলেছে, যেখানে আরও সহজ বিকল্প আছে, সেখানে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রয়োজন নেই।

লন্ডন হামলার পরিকল্পনায়ও জড়িত ছিলেন বিন লাদেন

২০০৫ সালে লন্ডনে বাসে ও পাতাল রেলে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন আল-কায়েদার নিহত প্রধান ওসামা বিন লাদেন। এটাই ছিল তাঁর পরিকল্পনায় সর্বশেষ সফল হামলা। মার্কিন বিশেষজ্ঞরা এ দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা আরও জানিয়েছেন, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রগামী বিমানে বোমা হামলার ব্যর্থ পরিকল্পনার বিষয়টিও আগেভাগেই জানতেন বিন লাদেন। লন্ডনে ওই পরিকল্পনা হয়েছিল।
পাকিস্তানের অ্যাবোটা-বাদের বাড়ি থেকে উদ্ধার করা তথ্য ও অন্যান্য তথ্য-প্রমাণ থেকে এর প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। গত ২ মে অ্যাবোটাবাদের ওই বাড়িতে মার্কিন কমান্ডোদের হামলায় নিহত হন বিন লাদেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘২০০৫ সালে লন্ডনে হামলা ও ২০০৬ সালে বিমানে হামলার পরিকল্পনাসহ আল-কায়েদার অধিকাংশ হামলা পরিকল্পনার বিষয়ে বিন লাদেন আগেভাগেই জানতেন। এ কথা বিশ্বাস করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে।’
লন্ডন হামলার সঙ্গে বিন লাদেনের জড়িত থাকার বিষয়টি মার্কিন কর্মকর্তারা বলছেন বিশ্লেষণের ভিত্তিতে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো প্রমাণ তাঁদের হাতে নেই। দুজন কর্মকর্তা বলেন, বিন লাদেনই যে লন্ডন হামলার পরিকল্পনা করেছিলেন, এমন দাবি করার মতো যথেষ্ট প্রমাণ নেই।
তারপর এসব হামলার বিষয় নিয়ে আল-কায়েদা জঙ্গিদের সঙ্গে বিন লাদেনের ঘনিষ্ঠ যোগাযোগ যে ছিল, তা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ রয়েছে বলে জানান ওই দুই কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা। একজন কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি, এসব পরিকল্পনার ক্ষেত্রে বিন লাদেন সব সময় আগেভাগে জানতেন।’
অপর একজন কর্মকর্তা বলেন, ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে তিনটি পাতাল রেলস্টেশন ও একটি দোতলা বাসে বোমা হামলায় চারজন আত্মঘাতী হামলাকারীসহ ৫৬ জন নিহত হন। আহত হন কয়েক শ মানুষ। আর এটাই ছিল বিন লাদেনের সরাসরি তত্ত্বাবধানে সর্বশেষ সফল হামলা।
বিন লাদেন কয়েক বছর অ্যাবোটাবাদের গুপ্ত আস্তানায় থাকলেও ওই সময় বিশ্বজুড়ে আল-কায়েদার নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ঠিক ছিল। মার্কিন প্রশাসনের এ বক্তব্যের সমর্থন মিলল মার্কিন ও অন্যান্য পশ্চিমা কর্মকর্তার সর্বশেষ এ মূল্যায়নে।
তবে অ্যাবোটাবাদের বাড়ি থেকে যেসব নথি উদ্ধার করা হয়েছে, তা থেকে বিন লাদেনের সরাসরি তত্ত্বাবধানে সাম্প্রতিক কোনো সন্ত্রাসী পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়নি।

ভিন্ন ধারার মার্কিন কূটনীতিক ক্রিস্টি কেনি

কখন গলা ব্যথা করছে, কখন খেতে ইচ্ছা করছে লাচ্ছি, কখন ট্রাফিক জ্যামে আটকে পড়ে ত্যক্তবিরক্ত—নিজের এসব ব্যক্তিগত খবর ছড়িয়ে দিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের মাধ্যমে সাধারণ মানুষ জানছে তাঁর কথা। অথচ একজন কূটনীতিক সাধারণত এভাবে নিজেকে প্রকাশ করেন না।
তিনি থাইল্যান্ডে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টি কেনি। কূটনীতিকেরা সাধারণত যে কেতাদুরস্ত ভাব নিয়ে রাখঢাকের ভেতর থাকেন, ক্রিস্টি তেমন নন। ৫৬ বছর বয়সী এই নারী কূটনীতিক বলেছেন, ‘কূটনীতি হচ্ছে সম্পর্কের উন্নয়ন। অবশ্য তা দুটি দেশের মধ্যে। এ ছাড়া দুই দেশের মানুষের মধ্যেও হূদ্যতা বাড়াবেন তাঁরা।’
কেনির প্রতিদিনের কাজের ব্যাপারে টুইটারের মাধ্যমে প্রায় ২০ হাজার লোক খোঁজখবর রাখে। কেনি বলেন, ‘সাধারণ লোকজনের সঙ্গে এভাবেই আমার চেনাজানা হয়। এর মাধ্যমে তারা বুঝতে পারে, একজন কূটনীতিককেও কাছে পাওয়া যায়। তারা বুঝতে পারে, একজন কূটনীতিক একটি বড় ভবনের মধ্যে আটকে থাকা কোনো ব্যক্তি নন।’
গত বছর আলোচিত ওয়েবসাইট উইকিলিকস প্রকাশিত গোপন তথ্য অনুযায়ী, ব্যাংককে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এরিক জন এক তারবার্তায় থাইল্যান্ডের রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। গত জানুয়ারিতে কেনিকে থাই রাষ্ট্রদূত হিসেবে ব্যাংককে পাঠায় ওয়াশিংটন।
থাইল্যান্ডের মানুষের কাছাকাছি যেতে কেনি সে দেশের ভাষা শিখেছেন। থাই ভাষায় দারুণ পারদর্শিতার জন্য এক মাস আগে তাঁকে পুরস্কার দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। শুধু তাই নয়, কেনি ইন্টারনেটের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের আরও কাছাকাছি যেতে সে দেশের কৃষ্টি-সংস্কৃতিও রপ্ত করছেন। কূটনীতির ক্ষেত্রে কেনির এই সামাজিক কর্মকাণ্ড ও যোগাযোগ কোনো উপকারে আসবে কি না, তা সময়ই বলে দেবে।

মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে ‘মানবঢাল’ করা হচ্ছে বন্দীদের

মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে বন্দীদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ কথা উল্লেখ করে মিয়ানমারের সেনাবাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। জাতিসংঘের নেতৃত্বে তারা এ অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে।
এইচআরডব্লিউ মিয়ানমারের অনেক নাগরিকের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করে। এর মধ্যে নৃশংসতার শিকার হয়ে পালিয়ে আসা অপরাধীরাও আছে। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে দেশটির পূর্বাঞ্চলে সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে আসে তারা।
‘ডেড ম্যান ওয়াকিং’ শীর্ষক এই প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায়, মিয়ানমারে দণ্ডিত অপরাধীদের ওপর নির্মম ‘নৃশংসতা’ চালানো হচ্ছে। জাতিগত বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ওই অপরাধীদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। দণ্ডিত অপরাধীদের এভাবে ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে এইচআরডব্লিউ।
এইচআরডব্লিউর এশিয়া মহাদেশের উপপরিচালক এলেইন পিয়ারসন গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী মূলত দণ্ডিত অপরাধীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। মাইন পেতে রাখা হয়েছে—এমন এলাকাগুলোতে যুদ্ধের জন্য ব্যবহূত ভারী সরঞ্জাম আনা-নেওয়ার কাজে তাদের বাধ্য করা হচ্ছে।’
পিয়ারসন বলেন, যুদ্ধাপরাধের এমন অপরাধ মিয়ানমারে জরুরিভিত্তিতে আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে। তিনি বলেন, দণ্ডিত অপরাধীদের সামনে রাখা তাদের যুদ্ধাপরাধের অনেক উদাহরণের মধ্যে একটি। সেখানে বেসামরিক নাগরিকদের আবাসস্থল শহর ও গ্রামে নির্বিচার হামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বাড়িঘর থেকে উচ্ছেদ, নির্যাতন, ধর্ষণ ও যুদ্ধে শিশুদের ব্যবহারের মতো যুদ্ধাপরাধ করা হচ্ছে।
মিয়ানমারে প্রায় ৫০ বছর ধরে সামরিক শাসন চলার পর গত মার্চে নামমাত্র বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সামরিক জান্তা। ১৯৪৮ সালের স্বাধীনতার পর থেকে মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সশস্ত্র আন্দোলনের কারণে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

শেষ আটে আর্জেন্টিনা-উরুগুয়ে

গত বিশ্বকাপের পর থেকেই ফর্মটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপেই যেন না খেলার খেলে ফেলেছেন গোল্ডেন বল বিজয়ী ডিয়েগো ফোরলান। উরুগুয়ের এই তারকা জাতীয় দলের জার্সি গায়ে অবশেষে আবারও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। গোল পাননি, তবে গতকাল মেক্সিকোর বিপক্ষে উরুগুয়ের ১-০ গোলে জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। ১৪ মিনিটে আলভারো পেরেইরার গোলটা ফোরলানেরই বানিয়ে দেওয়া। তাঁর একটি শটও পোস্টে লেগে ফিরে এসেছে।
ফোরলানের জন্য ম্যাচটা ছিল বিশেষ কিছু। এই ম্যাচ দিয়েই ছুঁয়ে ফেললেন উরুগুয়ের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ (৭৯টি) খেলার রেকর্ড। উপলক্ষ স্মরণীয় করে রাখতেই যেন জ্বলে উঠেছিলেন ফোরলান। শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানে জিতলেও পুরো ম্যাচে ছিল উরুগুয়ের দাপট। এই জয় কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে দিল কোপা আমেরিকার সবচেয়ে সফল দলটিকে।
শেষ আটে অবশ্যই অগ্নিপরীক্ষাতেই পড়তে হচ্ছে। প্রতিপক্ষ অবশেষে স্বরূপে দেখা দেওয়া স্বাগতিক আর্জেন্টিনা। রোববার বাংলাদেশ সময় ভোররাত সোয়া ৪টায় শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ।
ওদিকে আরেক ম্যাচে চিলির কাছে দুর্ভাগ্যজনকভাবে ১-০ গোলে হেরে গেছে পেরু। খেলা শেষের বাঁশি বাজার একদম আগমুহূর্তে, ৯২ মিনিটে আন্দ্রে কারিল্লোর আত্মঘাতী গোলে এই পরাজয়। অবশ্য হেরেও তৃতীয় সেরা দল হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পেরু।
দুই দলেরই শেষ আট মোটামুটি নিশ্চিত ছিল আগে থেকেই। ম্যাচটায় সেই অর্থে অতটা উত্তাপ ছড়ানোর কথা ছিল না। কিন্তু ‘প্রশান্ত মহাসাগরীয় ক্লাসিকো’ ঠিকই তার নাম রেখেছে। ৬১ মিনিটে বাদাদুবাদে জড়িয়ে পড়ে দুই দলের দুই খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। চিলি হারিয়েছে জ্যঁ বোশেজো, পেরু জিয়ানকার্লো কারমোনাকে। পেরুর চার খেলোয়াড় হলুদ কার্ডও দেখেছে। ফলে শেষ আটে অনেক খেলোয়াড়ই দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ভুগবে।
এই পরাজয়ের পর পেরুর কোচ সার্জিও মার্কারিয়ানের ক্ষুব্ধ প্রতিক্রিয়াই প্রত্যাশিত ছিল। তবে অপ্রত্যাশিতভাবে সংবাদমাধ্যম, প্রতিপক্ষ কোচ আর রেফারি কেউই তাঁর সমালোচনার হাত থেকে রক্ষা পাননি। সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ পেরুকে রক্ষণাত্মক দল হিসেবে আখ্যায়িত করায়। আর রেফারির ওপর তাঁর খেলোয়াড়দের এত কার্ড দেখানোয়। মার্কারিয়ান যেটিকে বলেছেন ‘হাস্যকর’।
সংবাদমাধ্যমকে একহাত নিয়ে বলেছেন, ‘কাউকে আক্রমণাত্মক আর কাউকে রক্ষণাত্মক লেবেল দেওয়ার এই প্রথায় আমি একেবারেই বিরক্ত। যেসব মিডিয়া, সাংবাদিক আর কোচরা এসব কথা বলেন, তাদের ওপর আমার ঘেন্না ধরে গেছে। কোনো কোনো কোচ আছে যাদের আক্রমণাত্মক বলা হয়, কোনো কোচ আছে যাদের বলা হয় রক্ষণাত্মক। এটা সবখানে সব দেশেই হয়। আপনার কাছে তেমন খেলোয়াড় ও ঐতিহ্য থাকলে নিজেকে আক্রমণাত্মক কোচ হিসেবে জাহির করাই যায়। আমি আসলেই এসব নিয়ে বিরক্ত।’
উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই। তাঁর একটাই আক্ষেপ, জাতীয় দলের জার্সি গায়ে এক বছর পর গোলের দেখা পেতে পেতেও পেলেন না ফোরলান। ম্যাচ শেষ হতে না-হতেই অবশ্য ভাবতে শুরু করেছেন আর্জেন্টিনাকে নিয়ে, ‘এটা আমাদের জন্য কঠিন একটা ম্যাচ হতে চলেছে। টুর্নামেন্ট এখন দারুণ জমে উঠেছে। এই ম্যাচটা আমাদের জন্য মারো নয় মরো ম্যাচ।

বেকহামের স্বপ্ন মরিনহো

কোচ হিসেবে হোসে মরিনহোর ভক্ত আর নিন্দুকের সংখ্যা বোধ হয় সমান। তবে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচের ভক্তের তালিকায় আছে বড় বড় নাম। তাঁদেরই একজন ডেভিড বেকহাম।
রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বলছেন, ‘কোচ মরিনহোর অধীনে খেলা যেকোনো ফুটবলারের জন্য স্বপ্ন এবং অবশ্যই আমারও স্বপ্ন সেটি।’ আগামী শনিবার বেকহামের এলএ গ্যালাক্সি আর রিয়াল মুখোমুখি হবে প্রীতি ম্যাচে। রিয়াল ছাড়ার পর এই প্রথম সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন বেকহাম। ইংলিশ মিডফিল্ডারকে তাই ছুঁয়ে যাচ্ছে আবেগ।