চাঁদপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা

 চাঁদপুর শহরে মঙ্গলবার বিকেলে হাসান আলী স্কুল মাঠে বিএনপির স্মরণসভায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকসহ দু’গ্রুপের ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজিব আল রশীদ বাদী হয়ে বুধবার দুপুরে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ, জনমনে ভয়ভিতি ও ত্রাস সৃষ্টির কথা উল্লেখ করা হয়। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোরশেদ জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে ১০ আসামি আটক করা হয়েছে।