Thursday, November 19, 2026

যুক্তরাষ্ট্রের ওপর ইরানি হামলার হুমকি বৃদ্ধির কথা স্বীকার করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে থাকা মার্কিন নাগরিকদের প্রতি ইরানের হামলার হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। বুধবার (১৮ নভেম্বর) প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে তিনি এ কথা বলেন।

শুনানিতে ক্লেটন বলেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে ইরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনা শনাক্ত, প্রতিরোধ ও মোকাবিলায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘এসব হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদেশে থাকা আমাদের নারী ও পুরুষ এবং যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা নাগরিকরা এখন আরও বেশি ঝুঁকির মুখে।’

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলা শুরুর পর থেকে দেশটিতে মার্কিন হামলা অব্যাহত রয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের ওপর হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান।

গত মাসে বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি স্মারকে ক্লেটন জানিয়েছিলেন, মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা জোরদার করেছে ইরান। মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তেহরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনাগুলোও ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি।

এ সপ্তাহে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ‘ডার্টি বোমা’ ব্যবহার করে হামলার পরিকল্পনা ইরান করছে কি না, তা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়ন করছে।

বুধবারের শুনানিতে এ প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ক্লেটন নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তবে এ ধরনের হুমকি নতুন নয় বলে স্বীকার করেন তিনি।

ক্লেটন বলেন, ‘বেসামরিক জনগণের ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে, এমন নানা ধরনের হুমকি রয়েছে। এগুলো দীর্ঘদিন ধরেই আমাদের সামনে আছে।’

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এশিয়া সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার ওই প্রতিবেদন সম্পর্কে প্রশ্নের জবাবে বলেন, ওয়াশিংটনের ওপর আসন্ন কোনো হামলার হুমকি রয়েছে বলে তিনি মনে করেন না।

এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, ইরান হামলার পরিকল্পনা করছে কি না, সেই সম্ভাবনাকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সূত্র : রয়টার্স

মার্কিন গোয়েন্দা প্রধান জে ক্লেটন। ছবি: রয়টার্স
মার্কিন গোয়েন্দা প্রধান জে ক্লেটন। ছবি: রয়টার্স

‘পাসুরি’ গায়িকাকে নিয়ে অজানা তথ্য

প্রকাশ ১০ ডিসেম্বর ২০২৫ঃ কোক স্টুডিও পাকিস্তানে ‘পাসুরি’ গেয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন তরুণ সংগীতশিল্পী শে গিল। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি গানটি প্রকাশিত হয়।

এখন পর্যন্ত গানটি ইউটিউবে ৯৩ কোটির বেশিবার দেখেছেন দর্শক। কোক স্টুডিও পাকিস্তানের ইতিহাসে ইউটিউবে সবচেয়ে বেশি ‘ভিউ’ পেয়েছে ‘পাসুরি’।

অভিনেত্রী দানানির মোবিনের ‘গার্লস অনলি’ শোতে হাজির হয়েছিলেন শে গিল। শোতে কোক স্টুডিও পাকিস্তানে সাফল্যের গল্প শুনিয়েছেন তিনি, পাশাপাশি শ্রোতাদের প্রত্যাশার চাপ নিয়েও কথা বলেছেন শে গিল।

নামের পেছনের গল্প

শে গিলের আসল নাম অনুশে গিল। শে গিল বলেন, ‘অনুশে একটি ফার্সি শব্দ, আমার এক বন্ধুর মা আমাকে বলেছিলেন, শব্দটির অর্থ “অমর”। সেই নামেরই সংক্ষিপ্ত রূপ “শে”।’

আসল নাম ছেঁটে ছোট করার গল্পটাও শোনালেন তিনি। শে গিল জানান, ‘গেম অব থ্রোনস’–এ শে নামে একটি চরিত্র আছে, চরিত্রটির চেহারার সঙ্গে নাকি তাঁর মিলও আছে। শে গিল বলেন, ‘ডাকনামটা দারুণ, “গেম অব থ্রোনস” দেখে বন্ধুরা আমাকে “শে” বলে ডাকতে শুরু করে।’

পরে ঈমান নামে এক বন্ধুর পরামর্শে “শে গিল” নামটা নেন তিনি।

অর্থনীতিবিদ হতে চেয়েছিলেন

শৈশবে একজন অর্থনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখতেন শে গিল। শে গিলের ভাষ্য, ‘ছোটবেলা থেকেই আমি একজন অর্থনীতিবিদ হতে চাইতাম। এটা আমার কাছে দারুণ লাগত।’

কাকতালীয়ভাবে সংগীতশিল্পী হয়েছেন তিনি। গান নিয়ে খুব একটা উৎসাহীও ছিলেন না। শে গিল বলেন, ‘আমি স্কুলে স্টেজে গান গেয়েছি, কিন্তু গানকে কখনো সিরিয়াসলি নিইনি।’

সেই বন্ধু ঈমানের উৎসাহেই গানের দুনিয়ায় আসেন তিনি। একের পর এক গান কাভার করতে থাকেন, সেসব গান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন ঈমান। শে গিলের সামাজিক যোগাযোগমাধ্যমে পাসওয়ার্ডও ইমানের কাছে ছিল।

ফলে সংগীতশিল্পী হওয়ার কৃতিত্বটা বন্ধুকেই দেন শে গিল।

খ্যাতির দুই দিক

শে গিলের বয়স সবে ২৫ বছর। ‘পাসুরি’ গেয়ে এই বয়সেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বিষয়টি এখনো বিশ্বাস করতে পারেন না।

জনপ্রিয়তা নিয়ে এক প্রশ্নের জবাবে শে গিল বলেন, ‘আমি বলব, যত বেশি মানুষ আপনাকে চেনে, যত বেশি অনুসারী হয়, তত বেশি সমালোচনা এবং ঘৃণাও আসে।’

জনপ্রিয়তা পাওয়ার পর মানুষের প্রশংসা পাচ্ছেন, পাশাপাশি নেতিবাচক মন্তব্যের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তিনি স্বীকার করেন, নেতিবাচক মন্তব্যে রাগ হলেও নিজেকে সামলে নেন। তবে গঠনমূলক সমালোচনায় আপত্তি নেই তাঁর।

এক্সপ্রেস ট্রিবিউন অবলম্বনে

সংগীতশিল্পী শে গিল
সংগীতশিল্পী শে গিল। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে খাবার চাইল আদিবাসীরা, বিস্মিত বিশ্ব

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম এলাকায় বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বিরল কিছু ছবি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, তারা গহিন বন থেকে বেরিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে খাবার চেয়েছেন।

এ ঘটনায় কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন আদিবাসীদের অধিকারকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির দাবি, আগের দিন ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের একটি এলাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আওয়া আদিবাসীর সাক্ষাৎ হয়। এ সময় আদিবাসীরা খাবার চান।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা এবং তাদের সঙ্গে স্থায়ী সম্পর্ক না রাখাই বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈশিষ্ট্য। তবে তারা বাইরের পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে অবগত থাকতে পারে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দশকে আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এ ধরনের যোগাযোগের ঘটনা দেখা যায়নি। তাদের ধারণা, নিজেদের ভূখণ্ডে বহিরাগতদের অনুপ্রবেশের চাপের কারণেই আদিবাসীরা খাবার চাইতে বাধ্য হয়ে থাকতে পারেন।

এদিকে, ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিবরণ তারা পর্যালোচনা করছে। এতে মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর মানুষের একটি গ্রামের সঙ্গে যোগাযোগের দৃশ্য দেখা গেছে।

ফুনাই আরও জানিয়েছে, এ ধরনের যোগাযোগের পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি কমানোই এর প্রধান লক্ষ্য। তবে সরকার ওই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না এবং তাদের ক্ষেত্রে আগের মতোই ‘যোগাযোগ না করার নীতি’ অনুসরণ করছে।

ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী উত্তর-পশ্চিম মারানহাও অঞ্চলের একটি তুপি-গুয়ারানি আদিবাসী সম্প্রদায়। তাদের একটি অংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আমাজনের অবৈধ কাঠুরে ও গবাদিপশুর খামারিদের বিরুদ্ধে আন্দোলনকারী ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামের একটি আদিবাসী গোষ্ঠীর অনুরোধে ছবিগুলো প্রকাশ করা হয়েছে। তবে রয়টার্স ছবিগুলোর স্থান ও তারিখ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সংগঠনটির পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বহিরাগতদের অনুপ্রবেশে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মুখে রয়েছে। চারদিক থেকে অনুপ্রবেশের কারণে তাদের বসবাসের বনাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

সংগঠনটির হিসাবে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। এর প্রায় ৯৫ শতাংশই আমাজন অঞ্চলে। শুধু ব্রাজিলেই রয়েছে ১২৪টি এমন জনগোষ্ঠী।

অন্যদিকে, মারানহাওয়ের আদিবাসী সংগঠন কোয়াপিমা সতর্ক করে বলেছে, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাইরের মানুষের মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের মতে, অবৈধ খনন, বন উজাড়, শিকার এবং কৃষিজমি সম্প্রসারণের কারণে আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের জীবনযাপন ও অস্তিত্ব ক্রমেই হুমকির মুখে পড়ছে।

সূত্র: রয়টার্স

আওয়া আদিবাসী গোষ্ঠীর কয়েক সদস্যকে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
আওয়া আদিবাসী গোষ্ঠীর কয়েক সদস্যকে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স