Friday, November 20, 2026
গাজায় ইসরাইলি হামলায় মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন্ধু নিহত
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আদম হামাউই তার বন্ধুর মৃত্যুর খবর জানান। তিনি বলেন, রিজক আবু শাইরা একজন সার্জারি চিকিৎসক ছিলেন। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তিনি দিনরাত কাজ করে যত বেশি সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন।
হামাউই লিখেছেন, ‘হতাহতের সংখ্যা যখন বাড়ছিল, তখনো তিনি অসম্ভব পরিস্থিতির মধ্যে কাজ করে গেছেন। যত বেশি সম্ভব মানুষের জীবন বাঁচাতে চেয়েছেন। একজন সার্জারি চিকিৎসক হিসেবে আমি তাকে এভাবেই স্মরণ করি।’
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক আদম হামাউই আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে তার প্রথম মেয়াদ শুরু করবেন। তিনি বলেন, কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরে প্রতিদিন কাজ করবেন।
গত ১১ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। আহত হন অন্তত ২০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক রিজক আবু শাইরাও ছিলেন।
![]() |
| ছবি: আলজাজিরা |
Thursday, November 19, 2026
গাজায় ফের ইসরাইলের স্থল অভিযান, নতুন শঙ্কায় ফিলিস্তিনিরা
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ইসরাইলি সামরিক বাহিনীর ঘোষিত প্রথম বড় স্থল অভিযান। এর আগে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’ সতর্ক করে বলেছিল, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
মধ্য গাজায় কী ঘটছে
বুধবার ইসরাইলি ট্যাংক ও বুলডোজার নুসেইরাত শরণার্থীশিবিরের পূর্ব দিকে এবং বুরেইজ শরণার্থীশিবিরের উত্তরে প্রধান সড়ক সালাহ আল-দিন স্ট্রিটের দিকে অগ্রসর হয়। এ সময় ব্যাপক গোলাবর্ষণ ও গুলির মুখে এলাকা ছাড়তে শুরু করেন ফিলিস্তিনিরা।
ইসরাইলি সামরিক বাহিনী সড়কটির ওই অংশ বন্ধ করে দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের দূরে থাকার নির্দেশ দিয়েছে।
আল-মুগরাকায় ইসরাইলি হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দেইর আল-বালাহ, নুসেইরাত ও গাজা সিটিতে পৃথক হামলায় নিহত হয়েছেন আরো তিনজন।
বুরেইজের ২৭ বছর বয়সী বাসিন্দা মাহমুদ আল-সাফিন বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এটি আরো বড় অভিযানের সূচনা। আবারো বাস্তুচ্যুতি শুরু হতে পারে। আগের যুদ্ধ ও বাস্তুচ্যুতির ক্ষতই এখনো কাটিয়ে উঠতে পারিনি।’
কী বলছে ইসরাইল
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাসের অবকাঠামো ও সেনাদের জন্য হুমকি সৃষ্টিকারী তৎপরতা নির্মূল করতে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালানো হচ্ছে। তাদের অভিযোগ, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং পুনরায় শক্তি সঞ্চয় ও অস্ত্র সংগ্রহ করছে।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না। পরিস্থিতির অবনতি হলে আরো ভূখণ্ড দখল, বাসিন্দাদের সরিয়ে দেওয়া এবং সেগুলোকে স্থায়ী নিরাপত্তাবেষ্টনীর অন্তর্ভুক্ত করার হুমকিও দিয়েছেন তিনি।
হামাসের প্রতিক্রিয়া
হামাস নতুন অভিযান ও বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। অবিলম্বে হস্তক্ষেপের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের গাজার ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনও এ অভিযানকে বৃহত্তর সামরিক আগ্রাসন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির পূর্বাভাস বলে উল্লেখ করেছে।
যুদ্ধবিরতি কতটা কার্যকর রয়েছে
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনীর হামলা, গোলাবর্ষণ ও বাড়িঘর ধ্বংস অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজার মানুষ আহত হয়েছেন। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
মানবিক সহায়তা প্রবেশেও বিধিনিষেধ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, সীমান্ত বন্ধ ও দীর্ঘ নিরাপত্তা তল্লাশির কারণে প্রায় এক লাখ তাঁবু এখনো গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।
ভবিষ্যৎ কী
যুদ্ধবিরতির আওতায় ইসরাইলের সেনা প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে অগ্রগতি থমকে আছে। গাজার প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা থাকা ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটিকেও কাজ শুরু করতে দেয়নি ইসরাইল। ফলে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রক্রিয়াও আটকে রয়েছে।
‘বোর্ড অব পিস’ সতর্ক করেছে, যুদ্ধবিরতি ভেঙে পড়লে গাজায় পুনর্গঠন ও বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার কোনো কার্যকর পথ অবশিষ্ট থাকবে না।
সব মিলিয়ে, ইসরাইলের নতুন স্থল অভিযান গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে তুলেছে। একই সঙ্গে নতুন করে প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক বিপর্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
![]() |
| স্ট্রলার ঠেলে নিয়ে যাচ্ছে একজন ফিলিস্তিনি বালক। ছবি: আলজাজিরা |
Wednesday, November 18, 2026
ফিলিস্তিনিদের বাড়িঘর ও পানির কূপ গুঁড়িয়ে দিল ইসরায়েল
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বেথলেহেমের আল-ওয়ালাজা গ্রামে ইসরায়েলি বাহিনী ৫০ বর্গমিটারের একটি বাড়ি দ্বিতীয়বারের মতো গুঁড়িয়ে দিয়েছে। একই সঙ্গে আরেকটি বাড়ির অংশবিশেষও ভেঙে ফেলা হয়েছে।
গ্রাম পরিষদের প্রধান খাদর আল-আরাজ আনাদোলুকে জানান, অভিযানের সময় ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হন। এ সময় ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকেও আটক করা হয়।
অন্যদিকে, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরন এলাকার ইয়াত্তা শহরের পূর্বে আল-দিরাত এলাকায় তিনটি বাড়ি, ৬০ বর্গমিটারের একটি ভেড়ার খামার এবং একটি পানির কূপ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
এ ছাড়া সালফিতের পশ্চিমে কাফর আল-দিক এলাকায় দুটি তলাবিশিষ্ট একটি বাড়ি ও একটি পানির কূপ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
![]() |
| ছবি: আনাদোলু এজেন্সি |
Tuesday, November 17, 2026
গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গণকবরে দাফন
সম্প্রতি উদ্ধার হওয়া এসব লাশের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গাজায় জড়ো হন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা। সাদা কাফনে মোড়ানো লাশগুলো শহরের বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হয়। পরে আল-ফালুজা কবরস্থানে গণকবরে তাদের দাফন করা হয়।
দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার পর স্বজনদের কাছে ফিরেছে এসব ফিলিস্তিনির দেহাবশেষ। তাদের শেষ বিদায় জানাতে গিয়ে শোক ও কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
ইসরাইলের হামলায় গাজার অসংখ্য আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক লাশ দীর্ঘ সময় ধরে সেখানেই পড়ে ছিল। উদ্ধার হওয়া ৭০ জনের লাশ সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞেরই আরেকটি চিত্র তুলে ধরেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Saturday, November 14, 2026
বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর
শুক্রবার গাজার গণমাধ্যম কার্যালয়ের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শিশুটির মৃত্যুর খবর জানানো হয়। শিশুটির নাম কিনান আহমেদ আরকিক। শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার শিশুটিকে কুয়েতি হাসপাতাল থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে ময়নাতদন্তে অতিরিক্ত শীতের কারণে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়াকেই মৃত্যুর কারণ হিসেবে নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শীত মৌসুমে গাজায় ঠান্ডাজনিত কারণে ১০ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটির হিসাবে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ, যা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ, তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
ইসরাইলের চলমান সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার এখন তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আশ্রয়কেন্দ্র নির্মাণ ও ঘরবাড়ি মেরামতের প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরাইলের বিধিনিষেধ পুনর্গঠন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
![]() |
| ছবি: সংগৃহীত। |
Friday, November 13, 2026
গাজায় শীতের সঙ্গে লড়ছে শিশুরা ‘বরফের মতো ঠান্ডা হয়ে যায় হাত’
২৭ বছর বয়সি আমিরা ১৮ সদস্যের পরিবারের সঙ্গে থাকেন। পরিবারের নয়জনই শিশু। গাজা নগরীর পশ্চিমে একটি অস্থায়ী শিবিরে ত্রিপল দিয়ে তৈরি তাঁবুতে তাদের বসবাস। তাঁবুটি বৃষ্টি ও ঠান্ডা থেকে তেমন সুরক্ষা দিতে পারে না। পরিবারের সবার জন্য পর্যাপ্ত গরম পোশাক ও কম্বল জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।
ইসরাইলের যুদ্ধের শুরুর দিকে গাজা নগরীর শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হয় পরিবারটি। সম্প্রতি ভারী বৃষ্টিতে তাদের তাঁবুতে পানি ঢুকে বিছানার তোশক, বালিশ ও কম্বল ভিজে গেছে।
আমিরা বলেন, ‘আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন তাঁবুতে পানি ঢুকে পড়ে। কম্বল, তোশক ও বালিশ সব ভিজে যায়। সবকিছু পানিতে একাকার হয়ে গিয়েছিল।’
পরিবারের শিশুদের বেশির ভাগের পরনে পুরোনো ও ছেঁড়া গ্রীষ্মকালীন পোশাক। আমিরার শাশুড়ি ৬০ বছর বয়সি বাসিমা সাদেরও দুশ্চিন্তার শেষ নেই। তার ২৩ বছর বয়সি এক মেয়ে প্রতিবন্ধী। তার জন্য গরম পোশাকের পাশাপাশি ওষুধও প্রয়োজন।
বাসিমা বলেন, ‘তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তাকে গরম রাখার জন্য বিছানায় নিজের পাশে শুইয়ে রাখি। ছোট শিশুর মতো তাকে আগলে রাখি। নিজের পোশাক পরার আগেই তাকে পোশাক পরিয়ে দিই। আগে নিশ্চিত করি, সে যেন গরম থাকে।’
পরিবারটির নিয়মিত কোনো আয় নেই। খাবারের জন্য তাদের কমিউনিটি রান্নাঘরের ওপর নির্ভর করতে হয়। শীতের পোশাক ও কম্বল কেনার মতো বাড়তি টাকা তাদের হাতে নেই।
আমিরা বলেন, ‘আমার স্বামীর কোনো কাজ নেই। দুই দিন আগে তিনি ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে গিয়েছিলেন। সেখানে তার হাত ভেঙে গেছে। আমাদের অবস্থা খুব খারাপ। ঠান্ডাও অসহনীয়।’
শীত মোকাবিলায় সহায়তা প্রয়োজন লাখো মানুষের
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার ৯৪ শতাংশ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় সহায়তা প্রয়োজন। সেখানকার প্রায় ৬৫ শতাংশ পরিবার তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। শীত মোকাবিলায় গাজার ৬ লাখ ৫০ হাজার শিশুর গরম পোশাক ও কম্বলসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন।
গত সেপ্টেম্বর পর্যন্ত ত্রাণ সংস্থাগুলো মাত্র ৯ হাজার পরিবারের জন্য শীতের পোশাক এবং ৫০ হাজার পরিবারের জন্য বিছানার প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পেরেছিল। প্রয়োজনের তুলনায় এই সহায়তা খুবই কম। অর্থের অভাব শীতকালীন প্রস্তুতিতেও বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছে ওসিএইচএ।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, শীতের কারণে গাজার শিশুরা শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া (হাইপোথার্মিয়া) এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শীতে হাইপোথার্মিয়ায় অন্তত ১১ শিশুর মৃত্যু হয়েছিল।
২০২৬-২৭ সালের শীতকালীন সহায়তা কার্যক্রমের জন্য ৯ কোটি ৭৫ লাখ ডলার সংগ্রহের চেষ্টা করছে ইউনিসেফ। এ অর্থ দিয়ে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ৫ লাখ ৪০ হাজার শিশু ও তাদের পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
সাম্প্রতিক বৃষ্টিতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ইউনিসেফ গত ৯ নভেম্বর জানিয়েছে, বন্যায় ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন এলাকায় বসবাস করছেন, যেগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে।
ইসরাইলের তিন বছরের বেশি সময়ের যুদ্ধে গাজায় ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর ও জীবিকার উৎস। প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকে একাধিকবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এখনো কয়েক লাখ মানুষ তাঁবু ও ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে বেকারত্ব ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন আরো কঠিন হয়ে উঠেছে। মৌলিক প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছে পরিবারগুলো। সন্তানদের শীত থেকে রক্ষা করার সামর্থ্যও অনেকের নেই।
পুরোনো পোশাকই ভরসা, কিনতে পারছেন না নতুন
গাজা নগরীর রিমাল বাজারে পোশাকের দোকান চালান ২৫ বছর বয়সি মোহাম্মদ আবু শানার। শীতের পোশাক কিনতে এসে অনেক ক্রেতাকেই দাম জিজ্ঞাসা করে খালি হাতে ফিরে যেতে দেখছেন তিনি।
মোহাম্মদ বলেন, ‘পোশাকের দাম অনেক বেশি। সবার পক্ষে এসব কেনা সম্ভব নয়। মানুষ দোকানে এসে দাম জিজ্ঞাসা করে। কিন্তু সামর্থ্য না থাকায় কিছু না কিনেই চলে যায়।’
তিনি প্রতিদিন চার থেকে ছয়টি শীতের ট্র্যাকস্যুট বিক্রি করতে পারেন। তার দোকানের আশপাশের বাস্তুচ্যুত শিবিরগুলোতে অনেক শিশুকে এখনো পাতলা পোশাক কিংবা হাফহাতা জামা পরে থাকতে দেখা যায়।
মোহাম্মদের মতে, গাজায় পণ্য প্রবেশে ইসরাইলের অব্যাহত বিধিনিষেধের কারণে বাজারে পোশাকের সংকট তৈরি হয়েছে। পাশাপাশি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এসব কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে।
তিনি বলেন, ‘প্রথমত, পণ্যের সংকট রয়েছে। পাইকারি বিক্রেতারা তাদের দাম কমাচ্ছেন না। আমাদেরও বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এসব পোশাকের দাম যদি ৪০ বা ৫০ শেকেলের পরিবর্তে ২০ বা ২৫ শেকেল হতো, তাহলে হয়তো মানুষ কিনতে পারত।’
মোহাম্মদ জানান, শীতের পোশাকের মজুত কিনতে তিনি ২০ হাজার শেকেলের বেশি বিনিয়োগ করেছেন। কিন্তু তিন সপ্তাহ ধরে বিক্রির পর তার আয় হয়েছে ৫ হাজার শেকেলেরও কম।
তবে আনাস হামাদের মতো অনেকের কাছে এই দামেও পোশাক কেনার সামর্থ্য নেই। উত্তর গাজার বেইত হানুন থেকে বাস্তুচ্যুত হয়েছেন আনাস ও তার পরিবার। যুদ্ধের আগে সেখানে তার একটি সুপারমার্কেট ছিল। তার চার ভাইও সেখানে কাজ করতেন। যুদ্ধে তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা পাঁচ ভাইয়ের কেউই এখন কর্মহীন।
কোনো আয় না থাকায় তিন সন্তানের জন্য নতুন পোশাক কিনতে পারেন না আনাস। সন্তানদের পোশাকের জন্য তাকে পুরোনো কাপড়ের বাজার ও অন্যের ব্যবহৃত পোশাকের ওপর নির্ভর করতে হয়।
তিনি একটি ঘটনার কথা স্মরণ করেন। তার পাঁচ বছর বয়সি মেয়ে জানা একদিন নতুন জামা চেয়েছিল। কিন্তু নতুন জামা কিনে দিতে না পেরে তিনি মেয়েকে তার গায়ে থাকা জামাটিই দেখিয়ে দেন। জামাটি আগে তার ভাই পরত।
প্রায় দুই বছর ধরে ছেঁড়া ও জরাজীর্ণ একটি তাঁবুতে বসবাস করছে আনাসের পরিবার। তার স্ত্রী সেলাই করে ও তালি দিয়ে তাঁবুটি মেরামতের চেষ্টা করেন। কিন্তু ওপর ও নিচ—দুই দিক দিয়েই বৃষ্টির পানি ঢোকে। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে তাদের বিছানাপত্র ও অন্যান্য জিনিসপত্র ভিজে গেছে।
আনাস বলেন, ঠান্ডায় তার তিন বছর বয়সি সন্তান কাঁপছিল। তাঁবুর ওপর বৃষ্টির শব্দে শিশুরা ভয় পেয়ে যাচ্ছিল।
তিনি বলেন, ‘আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, সন্তানদের জন্য খাবার কিনব, গরম পোশাক ও কম্বল কিনব, নাকি আসন্ন বৃষ্টি থেকে তাঁবু রক্ষার জন্য ত্রিপল কিনব। কোনটিকে অগ্রাধিকার দেব, আর কোনটি বাদ দেব, বুঝতে পারছি না।’
![]() |
| ছবি: এএফপি |
Wednesday, November 11, 2026
গাজাবাসীর পাশে দাঁড়াতে বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক হামাসের
এক বিবৃতিতে হামাস আরব ও মুসলিম বিশ্বের পাশাপাশি অন্যান্য দেশের মানুষের প্রতি নিজ নিজ শহরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানায়। শুধু সপ্তাহান্তেই নয়, পরবর্তী দিনগুলোতেও এ প্রতিবাদ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলের অব্যাহত অবরোধ, খাদ্যসংকট ও সামরিক হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।
এছাড়া ধর্মীয় নেতা, মসজিদের ইমাম ও গির্জার যাজকদের প্রতি গাজাবাসীর দুর্দশা নিয়ে ধর্মীয় বক্তব্য, প্রার্থনা ও বিশেষ আয়োজন করার আহ্বান জানিয়েছে হামাস।
বিবৃতিতে বলা হয়, গাজায় লাখ লাখ শিশু, নারী ও বয়স্ক মানুষ ভয়াবহ জীবনযাপন করছেন। বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবুতে বৃষ্টির পানি ঢুকে পড়ছে। শীত থেকে বাঁচার মতো পর্যাপ্ত আশ্রয়, উষ্ণ পোশাক ও খাবারও পাচ্ছেন না অনেকে। ফলে পরিস্থিতি দিন দিন আরও বিপর্যয়কর হয়ে উঠছে।
হামাসের এই আহ্বান এমন সময়ে এসেছে, যখন ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ১ হাজার ৬২২ জন নিহত হয়েছেন। হামলা ও মানবিক সহায়তার সংকটের মধ্যে গাজাবাসীর জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
এ অবস্থায় গাজার মানুষের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আন্তর্জাতিক পর্যায়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছে হামাস।
ছবি: আল জাজিরা
![]() |
| মধ্য গাজার নুসেইরাত শিবিরে দাতব্য রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি: এএফপি |
তাঁবুতে পানি, মাথার ওপর ছাদ নেই; গাজায় দুর্ভোগে পাঁচ লক্ষাধিক শিশু
সেভ দ্য চিলড্রেনের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার পাঁচ লাখের বেশি শিশু ছেঁড়া তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে চতুর্থবারের মতো শীত পার করছে। শীত থেকে বাঁচতে অনেক পরিবার আবর্জনা পুড়িয়ে আগুন জ্বালাতে বাধ্য হচ্ছে। অথচ ঠান্ডা ও বন্যা থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরায়েলি বিধিনিষেধ বাধা হয়ে দাঁড়িয়েছে।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবুতে পানি ঢুকে পড়ে। এ সময় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দেয়ালও ধসে যায়। রোববার (৮ নভেম্বর) রাতে দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
প্যালেস্টাইন শেল্টার ক্লাস্টারের সাম্প্রতিক মূল্যায়নের বরাতে সেভ দ্য চিলড্রেন জানায়, গাজার প্রায় ৫৮ শতাংশ মানুষ, অর্থাৎ ১২ লাখ বাসিন্দা- বর্তমানে আশ্রয়ের সংকটাপন্ন বা বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। তাদের মধ্যে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি শিশু।
সংস্থাটি বলেছে, এক বছরেরও বেশি আগে ঘোষিত কথিত যুদ্ধবিরতিতে তাঁবুর বিকল্প হিসেবে দীর্ঘস্থায়ী আশ্রয়কেন্দ্র বা ক্যারাভান প্রবেশের কথা থাকলেও ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার তা আটকে দিয়েছে। ফলে হাজার হাজার পরিবারকে আবারও শীতের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।
শেল্টার ক্লাস্টারের জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক পরিবার জানিয়েছে, রান্নার কাজে প্লাস্টিক, টায়ার, আবর্জনা কিংবা কার্ডবোর্ড পোড়াতে হচ্ছে। ৮৪ শতাংশ পরিবারের আশ্রয়কেন্দ্রে তাপের ব্যবস্থা নেই। এসব উপকরণ পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া, শ্বাসকষ্ট, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া, অগ্নিকাণ্ড ও দগ্ধ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
সেভ দ্য চিলড্রেন আরও জানিয়েছে, তাঁবু, ত্রিপল, প্লাস্টিকের চাদর, কম্বল, জ্বালানি, রান্নার গ্যাস ও আশ্রয়কেন্দ্র মেরামতের নির্মাণসামগ্রী প্রবেশেও বিধিনিষেধ রয়েছে। গত বছর গাজায় ১১ শিশুর হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া) মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক আহমাদ আলহেন্দি বলেন, গাজার শিশুদের দুর্ভোগ কেবল খারাপ আবহাওয়ার ফল নয়। প্রয়োজনীয় তাঁবু, আশ্রয় উপকরণ ও জ্বালানি সীমান্তে আটকে থাকায় শিশুরা বন্যার পানিতে ঘুমাতে বাধ্য হচ্ছে। তার অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষের বিধিনিষেধের মূল্য দিতে হচ্ছে শিশুদেরই।
সূত্র: আনাদোলু এজেন্সি
![]() |
| গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে বসবাস করছেন। ছবি: আনাদোলু এজেন্সি |
বৃষ্টিতে প্লাবিত ৭০ হাজারের বেশি তাঁবু, মানবেতর জীবন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৭ নভেম্বর) রাতে গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় জাবের আল-কাসিহের তাঁবুতে পানি ঢুকে পড়ে। এতে ঘুম ভেঙে যায় তার পরিবারের সদস্যদের। মুহূর্তেই ভিজে যায় বিছানা, কার্পেট ও খাবার। জাবের বলেন, তাঁবুর বাইরের পুরো এলাকা সুইমিংপুলের মতো হয়ে গেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত থেকে ভারী বৃষ্টিতে ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয় নিয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় ৬০ হাজার অস্থায়ী আবাসন ও দুই লাখ তাঁবু প্রবেশের কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি পেয়েছে। অনেক অস্থায়ী ঘর এখনো মিসর সীমান্তে আটকে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) হিসাব অনুযায়ী, গাজায় প্রায় ১ লাখ ২১ হাজার তাঁবু এবং ৫ লাখ ৬১ হাজার ত্রিপল প্রয়োজন। কিন্তু সরবরাহ রয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম।
বাস্তুচ্যুত নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। জিহাদ দাওয়াস নামে এক ফিলিস্তিনি জানান, বৃষ্টিতে তার সন্তানদের বিছানা ভিজে যাওয়ায় তারা দাঁড়িয়ে রাত কাটিয়েছে। সকালে কয়েকজন শিশু ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে।
এদিকে মানবাধিকার সংগঠনের অভিযোগ, ইসরায়েলি বিধিনিষেধের কারণে তাঁবু, ক্যারাভান ও জরুরি আশ্রয় উপকরণ সীমান্তে আটকে রয়েছে। ফলে যুদ্ধবিরতির পরও গাজার লাখো মানুষের আবাসন সংকট কাটেনি।
সূত্র: আল জাজিরা
![]() |
| শীতের বৃষ্টি ও ঠান্ডা থেকে বাঁচতে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি ভিত্তিতে ক্যারাভান, তাঁবু ও আশ্রয় উপকরণ প্রয়োজন। ছবি: আল জাজিরা। |
Sunday, November 1, 2026
গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। কয়েক বছর আগে এলাকাটিকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল ইসরাইলি সামরিক বাহিনী।
এ ছাড়া গাজার উত্তরাঞ্চলেও হামলা চালানো হয়েছে। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই এলাকায় অবস্থিত তাজ মলও হামলার লক্ষ্যবস্তু হয়।
সূত্র: আলজাজিরা
![]() |
| ছবি: সংগৃহীত। |
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2668)
-
▼
November
(254)
-
▼
Nov 20
(10)
- ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব ...
- গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার...
- গাজায় ইসরাইলি হামলায় মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন...
- ক্যান্সার সৃষ্টিকারী জিনে আক্রান্ত দাতার শুক্রাণু ...
- ইরানে রহস্যময় শত শত বাঁধ নির্মাণ, গোপন অস্ত্রের সন...
- সৌদি আরবে নতুন খননকাজ, খুঁজে দেখা হচ্ছে প্রাচীন মু...
- পাল্টাপাল্টি আগুনে পুড়ছে নেতাদের বাড়ি-অফিস: বাড়ছে ...
- ‘নিষ্ক্রিয়’ নেতারাও গ্রেপ্তারের তালিকায়, কারও ছাড় ...
- ট্রাম্পের চাপে চীন ও রাশিয়ার সঙ্গে ইরান: ইরানের বড়...
- গ্রামে প্রেম করিনি...
-
▼
Nov 20
(10)
-
▼
November
(254)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...








