মিরপুরে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় মোতাহার মিয়া (৩৩) নামের এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবার জানায়, পিটুনিতে গুরুতর আহত মোতাহারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় দুই দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে তিনি মারা যান। মোতাহারের শ্যালক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, মোতাহার দারুস সালাম থানার মিরপুর ১ নম্বরে নীলকুঠি বাজারের নৈশপ্রহরী ছিলেন। গত শনিবার রাতে বাজারসংলগ্ন একটি বাড়ির এক বাসিন্দার মোটরসাইকেল চুরি হয়। তখন ওই বাসিন্দাসহ কয়েকজন মোতাহারকে সন্দেহ করেন। তাঁকে একটি স্থানে নিয়ে আটকে রেখে বেধড়ক পেটানো হয়। পরদিন রোববার দুপুরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। এখন এর বেশি কিছু বলতে চাই না।’