কাটরিনার প্রতিবাদ

কাটরিনা কাইফ যশরাজ ফিল্মসের পরবর্তী ছবিগুলোতে থাকছেন না- এমন খবরই গত কয়েক দিন ধরে ভেসে বেড়াচ্ছে বলিউড পাড়ায়।
যশরাজের ব্যানারে ‘এক থা টাইগার’ এবং ‘জাব তাক হে জান’ ছবিতে কাজ করে ব্যাপক সফলতা পেয়েছেন এই অভিনেত্রী। সামনেই একই ব্যানারে নির্মিত ‘ধূম-৩’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আরও এই ব্যানারের বেশ কিছু ছবিতে অভিনয়ের কথা রয়েছে কাটরিনার। কিন্তু হঠাৎ করেই কাটরিনাকে এ ব্যানারের পরবর্তী ছবিতে আর দেখা যাবে না বলে খবর প্রকাশ পায়। সঙ্গে জুড়ে দেয়া হয় যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার মন্তব্যও। কিন্তু এর তীব্র প্রতিবাদ সম্প্রতি করেছেন কাটরিনা। তিনি এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উড়িয়ে দিয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ খবর প্রকাশ করা হচ্ছে বলেও মিডিয়াকে জানিয়েছেন বর্তমান সময়ের শীর্ষ এই অভিনেত্রী। আগামী মার্চ থেকেই যশরাজ ফিল্মসের নতুন ছবিতে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে কাটরিনা বলেন, এ ধরনের খবর মানুষ কোথায় পায় সেটা আমি বুঝি না। খবর প্রকাশ হওয়ার পর পরই আদিত্য চোপড়ার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এ বিষয়ে কোন মন্তব্যই মিডিয়ার কাছে করেননি বলে জানিয়েছেন। মার্চে আদিত্যর নতুন ছবিতে আমি কাজও করতে যাচ্ছি। তিন তিনটি ছবি করবার পর এখন অনেক বেশি ভাল সম্পর্ক আমার হয়েছে যশরাজ ফিল্মসের সঙ্গে। এই বিষয়টাই হয়তো অনেকে মেনে নিতে পারছেন না, তাই এরকম খবর রটাচ্ছেন। তবে মিডিয়ার এ বিষয়ে আরও সচেতন হতে হবে। না জেনেশুনে এরকম বিষয়ে সংবাদ পরিবেশন করা ঠিক নয়। এদিকে জানা গেছে, যশরাজ ফিল্মসের একটি নয় আরও তিন তিনটি নতুন ছবিতে চলতি বছরেই চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন কাটরিনা। তবে বিষয়টি পাকাপাকি হলেই তা প্রকাশ করা হবে। এছাড়াও কাটরিনা বর্তমানে ব্যস্ত রয়েছেন সালমান খান ও শাহরুখ খানের বিপরীতে দুটি ছবি নিয়ে।