বাবুরাম সাপুড়ে by সুকুমার রায়

বাবুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা!
যে সাপের চোখ নেই,
শিং নেই নখ নেই,
ছোটে নাকো হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস ফাঁস,
মারে নাকো ঢুঁশ ঢাঁশ,
নেই কোন উৎপাত,
খায় শুধু দুধভাত—
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আনত?
তেড়েমেরে ডান্ডা
করে দেই ঠান্ডা।