‘দেহরক্ষী’র হট ববি

চলচ্চিত্র নিয়েই এখন সব ভাবনা চলছে ববির। প্রথম চলচ্চিত্র ‘দ্য সার্চ’ এ অভিনয় করার পর দীর্ঘদিন আর কোন ছবিতে অভিনয় করেননি তিনি। ‘দ্য সার্চ’ ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।
মনসুন ফিল্মসের প্রযোজনায় এ ছবিতে ববির নায়ক ছিলেন অনন্ত। অনেকদিন পর একই পরিচালকের পরের ছবিতে অভিনয় করেন ববি। ছবির নাম ‘দেহরক্ষী’। এ ছবিতে ববির নায়ক হিসেবে আছেন কাজী মারুফ এবং ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ইতিমধ্যেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ছবিটির শুটিং-ডাবিং এরইমধ্যে শেষ হয়েছে বলে পরিচালক জানিয়েছেন। ববি অভিনীত ‘দেহরক্ষী’ ছবির কালার কারেকশন এবং চূড়ান্ত সম্পাদনার কাজ চেন্নাইতে করা হয়েছে। ছবির সংগীত পরিচালনা করেছেন অদিত। গত বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছবির অডিও প্রকাশ পেয়েছে। বর্তমানে সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে ছবিটি। ববি বলেন, এ ছবিটি নিয়ে আশা অনেক। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ছবিটি নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই ছবির ট্রেইলর ফেইসবুক এবং টিভিতে প্রচারে বেশ সাড়া পেয়েছি। সেই সঙ্গে আরও একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসছে প্রতিদিন। এদিকে ববি এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ‘না বলা ভালবাসা’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য। সেলিম রেজার পরিচালনায় ছবিটির আসছে মাসে শুটিং শিডিউল রয়েছে। ছবিতে ববির নায়ক হিসেবে আছেন নীরব।