অল্প স্বল্প গল্প

কারণ আলসেমি! আলসেমির কারণে অনেকের অনেক কিছু করা হয় না। কারও গালে একমুখ দাড়িগোঁফ জন্মায়। কারও চুল অবাধ্যের মতো বেড়ে যায়। কারও ঝুড়িতে জমে একতাল ময়লা জামা-কাপড়। কিন্তু আলসেমি, শুধু আলসেমির জন্য বিয়ে করা হচ্ছে না, এমনটা শুনেছেন কখনো! না শুনলে হেলেনা বনহাম কার্টারের কাছে শুনে নিন।


পরিচালক টিম বার্টনের সঙ্গে তাঁর সম্পর্কের বয়স ১১ বছর পেরিয়ে যুগপূর্তির সন্ধিক্ষণে। দুটো সন্তানও আছে তাঁদের। অথচ বিয়ের নামগন্ধ নেই! ব্রিটিশ এই অভিনেত্রী জানালেন, শুধু নাকি আলসেমি করেই বিয়েটা করা হচ্ছে না! চমকাবেন না। আরও আছে! বার্টন আর তিনি এক বাড়িতেও থাকেন না। পাশাপাশি দুটো বাড়িতে থাকেন, যে বাড়ি দুটো আবার ভেতর দিয়ে যুক্ত! এমন আলাদাভাবে বসবাসের কারণ? ‘পরিচালকরা সব সময় বেশি বেশি উত্তেজনায় ভোগে। তাদের সঙ্গে এক ছাদের নিচে থাকা যায়?’ কার্টারের ব্যাখ্যা।

লেডি একা
প্রেমিক টেলর কিনির সঙ্গে প্রেমের বিকিকিনি আর তিনি করবেন না। দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। তবে বিচ্ছেদের বিরহ পুড়ে পুড়ে ছারখার হওয়ার মতো মেয়ে লেডি গাগা নন। বরং হাসিমুখেই তিনি জানাচ্ছেন, বিরহের বেদনা নাকি একটুও স্পর্শ করে না তাঁকে। কারণ, একাকীত্বের সঙ্গে কী করে প্রেম করতে হয়, সেটা তিনি শিখে নিয়েছেন তারুণ্যের শুরুতেই। ‘আমি আমার একাকীত্বকেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে জানি। এটা আমি সেই ২০ বছর বয়স থেকেই করে আসছি,’ বলেছেন ২৬ বছর বয়সী মার্কিন সংগীত তারকা। ১৯ বছর বয়সে প্রথম সম্পর্কচ্ছেদের আগুনে পুড়েছিলেন। সেই সময় স্কুলও ছেড়ে দিয়েছিলেন। পুরো সময় থাকতেন একা। সঙ্গী ছিল পিয়ানো। আর ছিল টিভি। ‘টিভিটা সময় সময় চালু করে রাখতাম, মনে হয়, অনেকের সঙ্গেই বসে আড্ডা দিচ্ছি।’ সেই থেকেই একাকী থাকাটাও দারুণ উপভোগ করেন গাগা। প্রেমিক হিসেবে একাকিত্বই যে সবচেয়ে বিশ্বস্ত!

ভালো-মন্দ
তারার বাস এখন সুদূর আকাশে নয়। চাইলেই এখন তারাদের ছুঁয়ে দেওয়া যায়। তারা এখন নিঃশ্বাস দূরত্বে। ভক্ত আর তারকাদের মধ্যে অযুত ক্রোশের ব্যবধান এই যুগে ঘুচিয়ে দিয়েছে প্রযুক্তি। চাইলেই এখন আপনি বন্ধু হতে পারবেন আপনার পছন্দের তারকার। তারকার কাছে কোনো কিছু জানতে বা জানাতে ইচ্ছে করছে? চলে যান তাঁর ফেসবুক বা টুইটারের পাতায়। তারকারাও ভক্তদের কাছাকাছি চলে আসতে দ্বারস্থ হচ্ছেন ফেসবুক-টুইটারের। এইখানেই পিছিয়ে পড়ছেন কোর্টনি লাভ। সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহারে দক্ষ নন মার্কিন এই সংগীত তারকা। ব্যাপারটা শিখিয়ে-পড়িয়ে নিতে একজনের সাহায্যও নিচ্ছেন। কিন্তু ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে পরিচয় হতে গিয়ে দেখলেন, বিষয়টির ভালো দিক যেমন আছে, মন্দ দিকও বিস্তর। লাভের ব্যাপারেই যেমন অনেক আজেবাজে সাইট দিয়ে ভরপুর। এসব সাইট ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার জন্য একটি আইটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেছিলেন। ‘প্রতিটা পৃষ্ঠা সরিয়ে ফেলার জন্য ওরা চাইছে আ-ড়া-ই লাখ ডলার, ভাবা যায়!’ লাভের বিস্মিত প্রতিক্রিয়া।
 রা. হা., তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস

আবারও কাজল-শাহরুখ?
হিন্দি ছবির সময়ের সবচেয়ে সফল এবং জনপ্রিয় জুটি কাজল ও শাহরুখ খান আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন, অন্তত এমনটাই শোনা যাচ্ছে বলিউডের আকাশে-বাতাসে। পরিচালক এবারও করণ জোহর। করণেরই সর্বশেষ কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, মাই নেম ইজ খান ছবিতে এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে। শোনা যায়, করণই কাজল-শাহরুখকে তাঁর পরবর্তী ছবির প্রস্তাব দিয়েছেন; যে ছবির কাজ শুরু হবে আগামী বছরের শুরুতে। কারণ, করণ এ মুহূর্তে তাঁর পরিচালিত পরবর্তী ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন। শাহরুখও যশ চোপড়ার ছবিতে ক্যাটরিনার বিপরীতে কাজ করছেন। এ ছবির কাজ শেষে ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার ও রোহিত শেঠির চেন্নাই এক্সপ্রেস-এ অভিনয় করবেন শাহরুখ। আর তারপরই করণের ছবির কাজ শুরু হবে। তত দিনে কাজলও ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করবেন।
 রু. র. খা.
আপুন কা চয়েস অবলম্বনে