নতুন বছর আসছে by ফয়েজ রেজা

পথের ধুলো দুঃখগুলো
গায়ের তাপে পুড়িয়ে
নতুন বছর আসছে ধেয়ে
বাতাসে পাল উড়িয়ে।


মত্ত সাগর পাড়ি দিয়ে
নতুন বছর আসছে
অতীত স্মৃতি ঢেউয়ে ঢেউয়ে
শ্যাওলা হয়ে ভাসছে।
ঝড়ের বেগে গাছের পাতায়
নেচে শরীর দুলিয়ে
রাতের গাঢ় অন্ধকারে
সাহসে বুক ফুলিয়ে—
নতুন বছর আসছে দেখো
নতুন বছর আসছে
স্বপ্নগুলো চোখের কোণে
রোদের মতো হাসছে।