হারু মামা by আবেদীন জনী

আমাদের মেজো মামা
নাম হারু উদ্দি
পেট ভরা আছে তার
এক ছালা বুদ্ধি।


সারা দিন একটানা
ভোর থেকে সন্ধ্যা
হাত নড়ে কাজ করে
কাজে নেই মন্দা।

বুদ্ধির জোরে তিনি
সব কাজ পেরে যান
দেখেনি তো হারু মামা
কোনো কাজে হেরে যান।

মিনমিনে ভাব নেই
কাজ তার ঝটপট
কভু যদি রেগে যায়
দাঁত করে কটমট।

হারু মামা প্রিয় মামা
কিনে কিনে দেয় গজা
আমি আর টুকটুকি
খেয়ে খেয়ে পাই মজা।