রাঙ্গুনিয়ায় জনসভা ॥ প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন কাল, উসবমুখর পরিবেশ

 প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার দিনব্যাপী সফরে চট্টগ্রামে আসছেন। তিনি ব্যস্ত সময় অতিবাহিত করবেন পুরোদিন। চট্টগ্রাম সার্কিট হাউসে ক’টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর যাবেন রাঙ্গুনিয়ায়। সেখানে বক্তব্য রাখবেন জনসভায়। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রচার ও প্রস্তুতি চলছে রাঙ্গুনিয়ায়। বিশাল সাইজের ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণে ছেয়ে যাচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার বাজার ও সড়ক। শনিবার প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন রাঙ্গুনিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায়। একই দিনে তিনি উদ্বোধন করবেন রাঙ্গুনিয়ায় অবস্থিত বিজেএমসির আওতাধীন কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট মিলের কারখানা। তাছাড়া তিনি চট্টগ্রামের স্বাস্থ্য খাতে প্রায় আড়াইশ’ কোটি টাকার গুচ্ছ প্রকল্পও উদ্বোধন করবেন।
উৎসবমুখর পরিবেশে রাঙ্গুনিয়ায় একটি সফল সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আশাবাদী আওয়ামী লীগ নেতৃবৃন্দ।