নতুন ট্যাবলেট কম্পিউটার এনেছে ম্যাক্সিস

ম্যাক্সপ্রো নামে নতুন মডেলের একটি ট্যাবলেট কম্পিউটার বাজারে এনেছে ম্যাক্সিস মোবাইল ফোন লিমিটেড। গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে নতুন এ ট্যাবলেট কম্পিউটার অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাক্সিস মোবাইল ফোন লিমিটেডের চেয়ারম্যান নুরুননবী ও ব্যবস্থাপনা পরিচালক এম ওহাব খান। অনুষ্ঠানে ওহাব খান নতুন এ ট্যাবের বিস্তারিত উপস্থাপন করতে গিয়ে বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থা এখন অনেকটাই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। পাশাপাশি সর্বস্তরের মানুষের জন্য প্রয়োজন হচ্ছে সাশ্রয়ী দামে ভালো মানের প্রযুক্তিপণ্য। প্রায় এক বছরের বেশি সময় গবেষণার পর এ ট্যাবলেট কম্পিউটারটি বাজারে আনা হয়েছে। আশা করি, শিক্ষার্থী ও মধ্যবিত্ত শ্রেণীর লোকজন এ ট্যাব থেকে উপকৃত হবে।’
গরিলা গ্লাসের পর্দার এই ট্যাবে আছে সাত ইঞ্চির পর্দা। এর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ০.৪ আইক্রিম স্যান্ডউইচ। এতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সংযোগ ব্যবহার করা যাবে। আরও আছে ই-ডিকশনারি সুবিধা। বাজারে এর দাম ছয় হাজার ৫০০ টাকা।
—জিয়াউর রহমান চৌধুরী