হইচই by দন্ত্যস রওশন

পাঞ্জাবিতে বাবা
মা পরেছেন শাড়ি
পহেলা বৈশাখে
পান্তা ভাতের হাঁড়ি।


হাঁড়িতে কি ওটা
কালো কোলা ব্যাঙ
অশথ গাছের নিচে
আটকে গেছে ঠ্যাং।

ঠ্যাং কার হায় ঠ্যাং কার
আমার বাবা ব্যাংকার
ব্যাংকে অনেক টাকা
কাকার পকেট ফাঁকা।

কাকা মাঠের চাষি
তার মুখে নেই হাসি
হাসি গেল কই
তাই তো হইচই।