নাজিরপুরে অন্যের জমি দখল করে ঘের করেছেন ইউপি চেয়ারম্যান

পিরোজপুরের নাজিরপুরে ইউপি চেয়ারম্যান অন্যের জমি অবৈধভাবে দখল করে ঘের তৈরি করেছেন। এতে বাধা দিলে গত বুধবার সকালে ওই চেয়ারম্যানের ভাড়াটিয়া বাহিনী জমির মালিক নাজমুল মোল্লাকে (২৭) কুপিয়ে আহত করে।
স্থানীয়দের অভিযোগ, এরশাদ শিকদারের সাবেক সহযোগী বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমান নাজিরপুর উপজেলার বানিয়ারীতে ইটভাটা ও হরিপাগলার গোদাড়ায় ঘের তৈরির জন্য জমি ক্রয় করে দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয়দের জমি দখল করে। জমির মালিক নাজমুল মোল্লার স্ত্রী দেলোয়ারা পারভীন জানান, তাদের ক্রয় করা ৮০ শতাংশ জমি কিছু দিন আগে ওই চেয়ারম্যান দখল করে নিয়েছে। গত বুধবার চেয়ারম্যান ঘের তৈরির জন্য মাটিকাটা শুরু করে। নাজমুল এতে বাধা দিতে গেলে মুজিবের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। প্রত্যদর্শী স্থানীয় রবেজান বিবি জানান, চেয়ারম্যানের লোকজন অস্ত্র নিয়ে নাজমুলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি খালেক হাওলাদার জানান, এ ঘটানায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সংঘর্ষে উভয় পরে তিনজন আহত হয়েছেন।