সিলেট জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী

সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় অভিযানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃংখলা বাহিনী। শিগগিরই চূড়ান্ত অভিযানে যাচ্ছে তারা। শনিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত, বৃষ্টি থেমে গেছে। ফের প্রস্তুত আইনশৃংখলা বাহিনী। যেকোনো মুহূর্তে অভিযানে যাচ্ছে তারা। এদিকে ভোর রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সিলেট পৌঁছেছেন। ভোরে অভিযান শুরু হবে, এমন আভাসও দিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের একজন পদস্থ কমকর্তা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সে সময় পুরো জঙ্গি আস্তানাটি কর্ডন করা ছিল। চূড়ান্ত অভিযানের প্রস্তুতি লক্ষ্য করা গেছে আইনশৃংখলা বাহিনীর মধ্যে। ধীরে ধীরে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’র কাছে ভিড়তে দেখা গেছে প্যারা কমান্ডো ও সোয়াত বাহিনীকে।
তারা পার্শ্ববর্তী কয়েকটি ভবনের ভেতরে ও ছাদে অবস্থান নিয়েছেন। রাতে অভিযান চালালে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হবে ভেবে ভোরে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, রাতে দফায় দফায় বৈঠক ও কৌশল নির্ধারণের পর সেনাবাহিনীর প্যারা কমান্ডো এবং সোয়াত টিম অভিযানের কৌশল নির্ধারণ করেছে। অভিযানটি সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা নেয়া হচ্ছে প্যারা কমান্ডোর। কিন্তু ভোরে চূড়ান্ত প্রস্তুতি নেয়ার পরপরই আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। যুগান্তর প্রতিনিধি জানান, ভোর সোয়া ৫টার দিকে মুষলধারে বৃষ্টির পাশাপাশি আকাশের গর্জন শুরু হয়। পুরো এলাকা বিদুৎবিহীন, ঘুটঘুটে অন্ধাকার হয়ে যায়। পুলিশ-র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপদে আশ্রয় নেন। বিভিন্ন ভবনের কোণে অবস্থান নেন তারা। আতিয়া মহল ঘেরাও করা পুলিশ সদস্যদের কাকভেজা অবস্থা হয়। উল্লেখ্য, শুক্রবার ভোর থেকে আইনশৃংখলা বাহিনী সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার নতুন জঙ্গি আস্তানা আতিয়া মহল কর্ডন করে রাখে।