নতুন চলচ্চিত্রে সোহানা সাবা

নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সময়ের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। এটি তার ক্যারিয়ারের পঞ্চম চলচ্চিত্র। এর আগে ‘চন্দ্রগ্রহণ’, ‘আয়না’, ‘খেলাঘর’, ও ‘প্রিয়তমেষু’র মতো মানসম্পন্ন চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
এসব ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছেন। এর মধ্যে ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রটি পরিচালনা করেন সাবার স্বামী মুরাদ পারভেজ। রিয়াজের বিপরীতে এখানে দেখা গেছে সাবাকে। ছবিটি ছিল বেশ আলোচিত। এবার মুরাদ পারভেজ নির্মাণ করতে যাচ্ছেন আরও একটি নতুন চলচ্চিত্র। নতুন এই ছবির নাম ঠিক করা হয়েছে ‘বৃহন্নলা’। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাবা। চলতি মাসের শেষের দিকে এই চলচ্চিত্রের শুটিং শুরু হতে যাচ্ছে। এই চলচ্চিত্রটির পরিকল্পনা গত দুই বছর ধরেই করছেন মুরাদ পারভেজ। মূলত গ্রামীণ জীবন ও রাজনীতির চিত্রই তুলে ধরা হবে এ ছবিতে। এদিকে নতুন ছবিতে অভিনয়ের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত সোহানা সাবা। বিষয়টি নিয়ে তিনি বেশ উত্তেজিত ও আনন্দিত।
এ বিষয়ে সোহানা সাবা বলেন, এর আগে মুরাদের ‘চন্দ্রগ্রহণ’ ছবিতে অভিনয় করেছি আমি। সেই ছবিটি এবং ছবিতে আমার অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। ঠিক সেরকম করেই ‘বৃহন্নলা’ ছবিটিও ভিন্নধর্মী কাহিনী নিয়ে তৈরি হচ্ছে। ছবিটিতে আমার চরিত্রটিও অনেক চমৎকার। তবে আরেকটি মজার বিষয় হলো, এই ছবিতে অভিনয় ছাড়াও এর পোশাক পরিকল্পনাও আমি করছি। আমি সদ্যই ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর স্নাতক শেষ করেছি। তাই এ বিষয়টি আরও বেশি ভাল করে ছবিতে প্রয়োগ করতে পারবো বলে আশা করছি। ইতিমধ্যে নতুন নতুন অনেক পরিকল্পনা করেছি। সেগুলো এখন প্রয়োগের অপেক্ষায় আছি। সব মিলিয়ে এ ছবিটি আমার নিজের জন্য বেশ গুরুত্বপূর্ণও বটে। আশা করছি ছবিটির শুটিং ভালভাবেই শেষ করতে পারবো।