হারানো ছেলে পাওয়া গেল দেয়ালের ভেতর!

যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর থেকে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল ১৩ বছরের এক কিশোর। চার বছর ধরে খুঁজেও পুলিশ তার হদিস পায়নি। শেষ পর্যন্ত তার সন্ধান মিলল একটি বাড়ির গ্যারেজের নকল দেয়ালের ভেতরে। শুক্রবার তাকে উদ্ধার করা হয়েছে। খবর নিউইয়র্ক পোস্টের। রোববার এক প্রতিবেদনে বলা হয়, বাড়ির গ্যারেজে কাপড় দিয়ে তৈরি একটি নকল দেয়ালের পেছনে ছেলেটিকে লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকেই কোনো এক ফাঁকে সে তার মাকে মুঠোফোনে একটি বার্তা পাঠায়। সঙ্গে সঙ্গেই মা পুলিশের সাহায্য নেন। খুঁজে বের করেন ছেলেকে। উদ্ধার হওয়া ওই কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ। ক্লেটন কাউন্টির পুলিশ কর্মকর্তা কেভিন হিউজ বলেন, গত শুক্রবার রাতে তারা ছেলেটিকে খুঁজে বের করেন। পুলিশ ওই কিশোরের বাবা ও এক নারীসহ ৫ জনকে আটক করেছে। ছেলেটির বাবা ও তার সৎমা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ছেলেটির অবস্থানের ব্যাপারে তারা কিছুই জানতেন না।