ফ্রিজে গরুর মাংস তো রয়েছেই। চটপট বানিয়ে ফেলতে পারেন নাশতার কিছু পদ। রেসিপি দিয়েছেন শাহানা পারভীন হালকা নাশতা বিকেলে

পোহে উপকরণ: চিঁড়া ১ কাপ, মাংসের কিমা ১ কাপ (সেদ্ধ করা), আলু ১টি, টমেটো ১টি, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, আদাকুচি ১ চা-চামচ, নারকেল কোরানো ২ টেবিল-চামচ, ধনেপাতা বা কারিপাতা ৮-১০টি, তেল বা ঘি প্রয়োজনমতো, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, ডিম ১টি, কাঁচা মরিচকুচি ৩টি।


প্রণালি: চিঁড়া ভালো করে ধুয়ে নিন। আলু ও টমেটো ছোট ছোট টুকরা করে নিন। কড়াইয়ে তেল বা ঘি দিয়ে তাতে কারিপাতা বা ধনেপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন। তারপর আলু, মাংসের কিমা ও টমেটো দিয়ে কষান। কষা হয়ে গেলে ধুয়ে রাখা চিঁড়া ও সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করুন। কিছুক্ষণ পর নামিয়ে আদাকুচি, ধনেপাতাকুচি, কাঁচা মরিচকুচি ও নারকেল কোরানো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

বিফ মোমো
উপকরণ (১): মাংসের কিমা ১ কাপ, আদার রস ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, ধনেপাতা ১ টেবিল-চামচ। এসব উপকরণ দিয়ে মৃদু আঁচে রান্না করে পুর তৈরি করতে হবে।
উপকরণ (২): ময়দা ৩০০ গ্রাম, লবণ সামান্য, পানি প্রয়োজনমতো। ময়দা মেখে ডো বানিয়ে ঢেকে রাখতে হবে ২০ মিনিট।
প্রণালি: ময়দার খামির দিয়ে ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। এতে কিমার পুর ভরে মোমোর আকারে গড়ে নিন। ভাপে অথবা প্রেসার-কুকারে সেদ্ধ করে নিন। সসের সঙ্গে গরম গরম মোমো পরিবেশন করুন।

মাংসের পিঠা
উপকরণ: মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, ধনেপাতা ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো, আতপ চালের গুঁড়া ৩০০ গ্রাম।
প্রণালি: সসপ্যানে লবণ ও পানি জ্বাল দিয়ে তাতে বলক উঠলে চালের গুঁড়া দিন। মৃদু আঁচে ঢাকনা দিয়ে তিন-চার মিনিট দমে রাখুন। ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে কিছুটা গরম অবস্থায় মাখিয়ে নিন। ছোট ছোট লেচি কেটে রুটি আকারে বেলে নিন।
ফ্রাইপ্যানে ৪ টেবিল-চামচ তেল দিয়ে তাতে কিমা, পেঁয়াজ, আদাবাটা, রসুনবাটা, গরম মসলা, ধনেপাতা, লবণ দিয়ে একটি পুর তৈরি করে ঠান্ডা করে নিন। রুটির টুকরোর ভিতর পুর দিয়ে পছন্দমতো আকার গড়ে ডুবোতেলে ভেজে সস দিয়ে পরিবেশন করুন।