শখ-নিলয়ের-‘অল্প অল্প প্রেমের গল্প’ by সাগর মৈত্রী

দুজনের মধ্যে ছিল না কোনো পরিচয়। টিভির পর্দায় সুন্দর মুখটি দেখে নিলয় বিড়বিড় করে বললেন, মেয়েটি তো বেশ সুন্দর! তখনো নিলয়ের পড়াশোনার পাট শেষ হয়নি। খুব ইচ্ছে, রুপালি পর্দায় নিজেকে দেখবেন। স্বপ্ন যখন মনের আকাশে উড়াল দিয়েছে, নিলয় তখন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ব্যস্ত।


মুঠোফোনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে সেই প্রিয়মুখের দেখা পেলেন।
সেখান থেকেই পরিচয় এবং কাজ শুরু। প্রিয়মুখের মেয়েটি শখ।
বলা যায় অল্প অল্প গল্পেই তাঁরা এগিয়ে গেলেন। বিজ্ঞাপনচিত্র থেকে নাটক, এরপর বড় পর্দায়ও কাজ শুরু করেছেন। সিনেমার নাম অল্প অল্প প্রেমের গল্প।
কাকতালীয় কি না! শখ ও নিলয়ের পরিচয়টা যেভাবে হয়েছিল, এ চলচ্চিত্রের গল্পও যেন অনেকটা সে রকম। হঠাৎ দুজনের দেখা হয়, সেখান থেকে জানাশোনা, বন্ধুত্ব এবং ভালো লাগা।
জানতে চাইলাম, চলচ্চিত্রের এ গল্প কি বাস্তব জীবনে প্রতিফলিত হবে?
শখ হেসেই খুন। সরাসরি জবাব, ‘হলেও হতে পারে। মানুষের মন তো। একসঙ্গে কাজ করতে গিয়ে ভালো বোঝাপড়া হয়েছে। যদি আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে, তাহলে সেটা হতেও পারে।’
নিলয় অবশ্য মজা করেই আরও এক ধাপ এগিয়ে বললেন, ‘হতেও পারে। তবে এখন আমরা খুব ভালো বন্ধু। প্রথমে বিজ্ঞাপনচিত্র, এরপর নাটকে কাজ করেছি। আবার একসঙ্গে সিনেমায় অভিনয় করছি। সিনেমার প্রেম ব্যক্তিজীবনে আসাটা কি খুব অস্বাভাবিক?’
নতুন মুখের সন্ধানের মাধ্যমে নিলয় বিনোদন-ভুবনে পা রেখেছেন। দেড় বছর হলো শখের সঙ্গে জুটি করে বিভিন্ন কাজ করছেন। এত তাড়াতাড়ি জুটিটা গড়ে তুললেন কী করে?
নিলয়ের আগে শখ উত্তর দিলেন।
‘আসলে জুটিটা দর্শক ও গণমাধ্যমের জন্যই হয়েছে। যেমন—আমরা একটা কাজ করলাম, এরপর অনেকেই বলেছেন, তোমাদের দুজনের কাজটা ভালো হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। সাক্ষাৎকার দিচ্ছি। ভালোবাসা দিবসের বিভিন্ন অনুষ্ঠান, নাটক ও আড্ডায় আমাদের দুজনকে নিয়ে কাজ করা হচ্ছে। এভাবেই আমাদের জুটি গড়ে ওঠে।’
নিলয় ও শখ যে জুটি হয়ে কাজ করবেন, এমন পরিকল্পনা তাঁদের কারও মধ্যেই ছিল না। নিলয় জানান, কাজটা যখন তাঁরা শুরু করেছিলেন, তখন তাঁদের মনে হয়নি যে এরপর তাঁরা আবার একসঙ্গে কাজ করবেন। কিন্তু কীভাবে যেন একটার পর একটা কাজে দুজন ডাক পেতে থাকলেন। তিনি আরও জানান, ৩১ মার্চ পর্যন্ত তাঁরা একসঙ্গে কাজ করবেন। অল্প অল্প প্রেমের গল্পর কাজ শেষ করেই আবার নতুন নাটকের কাজ শুরু করবেন।
অবশ্য জুটির বাইরেও আলাদা কাজ করছেন নিলয় ও শখ। নিলয় রূপগাওয়াল-এর পর পায়রা নামের একটি সিনেমায় কাজ করবেন। শখ অবশ্য অল্প অল্প প্রেমের গল্প ছবির কাজ শেষ করে অন্য ছবি হাতে নিতে চান। সিনেমা ছাড়া তিনি নাটক ও নাচের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন। শখ জানান, দুজন যখন একসঙ্গে কাজ করেন না, তখন তাঁদের যোগাযোগ হয় মুঠোফোনেই।
নিলয় ও শখের সঙ্গে কথা বলে বোঝা গেল, দুজনের বন্ধুত্বের সম্পর্কটা বেশ উষ্ণ। কখনো কি ঝগড়াঝাঁটি বা মান-অভিমান হয়?
‘মোটেই না। আমরা দুজনই ভালো-মন্দ বুঝি। ফলে আমাদের মধ্যে কোনো রকম ভুল-বোঝাবুঝি এখনো হয়নি,’ বললেন শখ।
নিলয় বললেন, ‘ওর সঙ্গে ঝগড়াঝাঁটি হবে কী করে! ও তো সারাক্ষণই মিষ্টি করে হাসে, সুন্দর করে কথা বলে। বোকারা ছাড়া কেউ ওর সঙ্গে ঝগড়া করবে না।’
পরিচালক সানিয়াত শুটিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। উত্তরার রাস্তায় রাস্তায় কাজ করবেন। এরপর রাতে যাবেন এফডিসিতে। বেলা বেড়ে চলেছে। গাড়ি স্টার্ট নিল। শখ ও নিলয় অল্প অল্প প্রেমের গল্পে মেতে উঠলেন।