কিম জং নামকে হত্যার জন্য উত্তর কোরিয়াই দায়ী: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং নামকে মালয়েশিয়ার বিমানবন্দরে ভিএক্স নার্ভ নামের রাসায়নিক গ্যাস দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হত্যাকাণ্ডটি উত্তর কোরিয়ার সরকারের নির্দেশেই হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল পিয়ংইয়ং সফর করে আসার পরপরই এই তথ্য জানা গেল। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই কাজের জন্য উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে এ ধরনের কোনো কাজে জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কুয়ালালামপুর বিমানবন্দরে মারা যান কিম জং ন্যাম। ভিডিও ফুটেজে দেখা যায় যে, দুই তরুণী মুখে কিছু একটা চেপে ধরছে। তাকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় ওই দুই তরুণীর বিচার চলছে। অবশ্য তাদের দাবি, তারা মনে করেছিল যে, একটি প্রাঙ্ক টেলিভিশন অনুষ্ঠানের জন্য তারা কাজ করছে।