৩৩ ঘণ্টার সফল অস্ত্রোপচারে আলাদা রাবেয়া-রুকাইয়া

৩৩ ঘণ্টার অস্ত্রোপচারের পর সফলভাবে আলাদা করা হলো মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া ও ‍রুকাইয়াকে। চূড়ান্তভাবে আলাদা করার পর দুই বোনের অবস্থা স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই অস্ত্রোপচার শেষ হয়। এর আগে ১ আগস্ট জটিল এই অস্ত্রোপচারটি শুরু হয়। ৩৩ ঘণ্টা চলে অস্ত্রোপচার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার চাটমোহরের রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির তিন বছর ১৫ দিন বয়সের এই দুই বাচ্চা ২০১৭ সাল থেকেই প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে আসছিল। হাংগেরি সরকারের মাধ্যমে ‘একশন ফর ডিফেন্সলেস পিপল’ নামক সংগঠন সক্রিয় সহায়তা প্রদান করে।
অস্ত্রোপচারের সবচাইতে জটিল অংশটি ‘জমজ মস্তিষ্ক’ আলাদা করার কাজটি প্রধানমন্ত্রীর নির্দেশনায় সম্মিলিত সামরিক হাসপাতালে করা হয়। এই অস্ত্রোপচারে হাংগেরি বিশেষজ্ঞদের সঙ্গে সিএমএইচের নিউরো এ্যানেসথেসিওলজিস্টদের তত্ত্বাবধানে, নিউরো ও প্লাস্টিক সার্জনসহ ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরো সাইন্স ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের প্রায় শতাধিক সার্জন ও এ্যানেসথেসিওলজিস্ট অপারেশনে অংশগ্রহণ করেন।
শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক সামন্ত লাল সেন বিষয়টির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এর আগে শিশু দুটির দুই স্তরে ‘এন্ডোভাস্কুলার সার্জারি’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৪৮টি ছোট বড় অপারেশন হাংগেরিতে সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা। উপমহাদেশে এরকম অস্ত্রোপচার এটিই প্রথম। এই অস্ত্রোপচারটি দেশে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরো বৃদ্ধি পেল। এ ধরনের চিকিৎসা সহায়তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও হাংগেরির জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে।
ঢাকা সিএমএইচ কর্তৃপক্ষ জানায়, এ অস্ত্রোপচার অত্যন্ত জটিল। আর সাফল্যের হার খুব বেশি নয়। এ ধরনের অস্ত্রোপচার পরবর্তী ঝুঁকি এবং জটিলতা অত্যন্ত বেশি।
দুই বোন রাবেয়া-রুকাইয়া
দুই বোন রাবেয়া-রুকাইয়া